গ্রেপ্তার হলে বাতিল হবে মার্কিন ভিসা, দূতাবাসের সতর্কবার্তা

ডেস্ক নিউজঃ কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমনকি গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছে দূতাবাস।

শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।

পোস্টে বলা হয়, ‘আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। আপনাকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।’

এর আগে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে তথ্য জানিয়েছিল দূতাবাস।

ওই পোস্টে বলা হয়, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে পর্যটন, অবকাশযাপন, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং সভা ও সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে বি১/বি২ ভিসা সাধারণত যুক্তরাষ্ট্রে চাকরি বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার অনুমতি দেয় না।




স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্ত্রী, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্কঃ ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে শেষ পর্যন্ত হাড় ভাঙার কারণ হতে পারে, তা হয়তো কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর মৃদু জড়িয়ে ধরাতেই ভেঙে গেছে স্ত্রীর পাঁচটি পাঁজর, ফাটল ধরেছে আরও একটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা এ ঘটনার পর স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে, ওই নারী তীব্র ‘অস্টিওপোরোসিস’ বা হাড়ক্ষয় রোগে ভুগছিলেন। 

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগছে জানানোয় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির ওই ব্যক্তি। তবে আলিঙ্গনের মুহূর্তেই হাড় ভেঙে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তীব্র যন্ত্রণায় কাতর হয়ে স্ত্রী তাৎক্ষণিকভাবে মাটিতে বসে পড়েন।

স্বামীর দাবি, তিনি কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি; স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। বিষয়টি যে এতটাই গুরুতর রূপ নিতে পারে, তা আঁচ করতে পারেননি ওই দম্পতি। ফলে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করে পরদিন সকালে তারা হাসপাতালে যান। সেখানে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, তার পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় (হেয়ারলাইন ফ্র্যাকচার) ধরেছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ওয়াং জানান, তার স্ত্রীর হাড় অত্যন্ত ভঙ্গুর হয়ে যাওয়ার মূল কারণ অস্টিওপোরোসিস। তিনি জানান, ৪৫ থেকে ৫০ কেজি ওজনের তার স্ত্রী মাত্রাতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। এ ছাড়া তিনি সূর্যালোকের সংস্পর্শেও আসতেন না বললেই চলে। বাসা থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে অবস্থিত পারিবারিক দোকানেই তার বেশির ভাগ সময় কাটত।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অস্থিশল্য বিশেষজ্ঞ (অর্থোপেডিক ফিজিশিয়ান) ইয়ান ইয়ানসিয়াং বলেন, সাধারণত তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। ব্যক্তির অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সঙ্গে হাড়ের এই অস্বাভাবিক দুর্বলতার গভীর যোগসূত্র রয়েছে।

তিনি আরও জানান, পাঁজরের এই ধরনের ভাঙনে ফুসফুস বা ফুসফুসের পর্দায় কোনো জটিলতা তৈরি না হলে সচরাচর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। সে কারণে চিকিৎসকেরা ওই নারীকে কোনো অস্ত্রোপচার না দিয়ে ওষুধ, বিশেষ প্যাচ এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে নিরাময়ের পরামর্শ দিয়েছেন।




বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, নৌযানকে সতর্কবার্তা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে—এমন পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এ জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।




যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের জরুরি রসদ রাখার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারনেটের সফটওয়্যার ক্রুটিজনিত সমস্যা, রেকর্ড তাপমাত্রা, খরা এবং দাবানলের মতো সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি পরিবারকে ঘরে অন্তত তিন দিনের জন্য প্রয়োজনীয় রসদ মজুত রাখার পরামর্শ দিয়েছে ব্রিটেন সরকার। শুক্রবার (২৩ অক্টোবর) এই খবর জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি শুরু হওয়া ‘বি রেডি’ প্রচারণার অংশ হিসেবে নাগরিকদের ঘরে বোতলজাত পানি ও পচনশীল নয় এমন খাদ্যসামগ্রী সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিরাপত্তা ত্রুটি উন্মোচিত হওয়ার পর বিশ্বজুড়ে কোটি কোটি হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়, যা অনেক অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য করে।

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দাবানল মোকাবিলা সংক্রান্ত এক সভায় জানান, অতীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে ব্রিটেন কিছুটা ধীর গতিতে সাড়া দিয়েছে, তবে এখন থেকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দাবানল প্রতিরোধে সামরিক বিমান ব্যবহারের একটি নতুন পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিবিসির ‘কোশ্চেন টাইম’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং মন্তব্য করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহজলভ্য হওয়ায় এ ধরনের সাইবার হামলা বৃদ্ধি পাবে। ইউক্রেন সংকট, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের কারণে বর্তমানে দেশটিতে যে মাত্রার ঝুঁকি তৈরি হয়েছে তা তার জীবনের যেকোনো সময়ের চেয়ে বেশি। একই ধরনের নির্দেশনায় ইউরোপীয় কমিশনও গত বছর তাদের নাগরিকদের ঘরের ভেতর ৭২ ঘণ্টার জরুরি কিট রাখার পরামর্শ দিয়েছিল।

সূত্র: রয়টার্স




রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, অনুমোদনের অপেক্ষায় পাওয়ার স্টার্টআপ

ডেস্ক নিউজঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মূল্যায়নের পূর্ণাঙ্গ প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে হস্তান্তর করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরপরই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক ধাপ ‘সি স্টেজ’ বা পাওয়ার স্টার্টআপে প্রবেশ করবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২৫ অক্টোবরের দিকেই পরীক্ষামূলক পাওয়ার স্টার্টআপ শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে পুরো বিষয়টি বায়েরার আনুষ্ঠানিক অনুমোদনের ওপর নির্ভরশীল।

এদিকে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি মূল্যায়নে বাংলাদেশ সফররত রাশিয়ার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীকে প্রথম ইউনিটের রিয়্যাক্টরের ক্রিটিক্যাল পর্যায়সহ বিভিন্ন কারিগরি অগ্রগতির বিষয়ে অবহিত করেন। শুক্রবার ঢাকায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের ওই বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় আলোচনায় কেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী দিনে যৌথভাবে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রথম ইউনিটের কারিগরি অগ্রগতির বিষয়ে এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বি-২ ধাপের সব জটিল পরীক্ষা ও ফিজিক্স টেস্ট শতভাগ সফল হয়েছে। বুধবার এর আনুষ্ঠানিক প্রতিবেদন বায়েরার কাছে জমা দেওয়া হয়েছে। রুশ প্রতিনিধিদলও সরকারের উচ্চপর্যায়ে প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়ের সফলতার বিষয়টি তুলে ধরেছে। এখন শুধু নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের অপেক্ষা। এটি মিললেই ইউনিটটি ‘সি স্টেজে’ উন্নীত হয়ে পাওয়ার স্টার্টআপের প্রক্রিয়ায় চলে যাবে।

তিনি আরও উল্লেখ করেন, পাওয়ার স্টার্টআপের প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। পরবর্তী প্রতিটি ধাপের ফলাফল সন্তোষজনক হওয়ার সঙ্গে সংগতি রেখে উৎপাদনক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে।

প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যাশা, ইউনিটটির উৎপাদনক্ষমতা ধাপে ধাপে ৩০ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা সম্ভব হলেই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু করা যাবে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পুরো প্রক্রিয়াটি প্রতিটি ধাপের নিখুঁত সাফল্য ও সংশ্লিষ্ট সব সংস্থার চূড়ান্ত ছাড়পত্রের ওপর নির্ভর করছে।




সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজঃ সম্প্রতি সচিবালয়ে একটি মন্ত্রণালয়ের অধীন হঠাত্ একযোগে ১১টি উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন ওঠেছে। প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ না করে আকস্মিকভাবে একটি জুম মিটিং করে প্রকল্প পরিচালক পরিবর্তনের প্রস্তাব তৈরি করা হয়। বর্তমান প্রকল্প পরিচালকদের কর্মদক্ষতা, প্রকল্পের অগ্রগতি কিংবা তাদের পরিবর্তনের প্রয়োজনীয়তা যথাযথভাবে মূল্যায়ন না করেই নতুন পরিচালকদের নাম প্রস্তাব করা হয়। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট মন্ত্রী প্রস্তাবটি আটকে দেন।

এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সচিবালয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, মূলত ক্ষমতাসীন দলের একটি অঙ্গসংগঠনের এক শীর্ষ নেতাসহ দুই জন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে একটি তালিকা ধরিয়ে দিয়ে পিডি পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন। সূত্র জানায়, পিডি পদে পছন্দের কর্মকর্তাদের বসানোর জন্য কোটি কোটি টাকা লেনদেনের গোপন চুক্তিও হয়। এমনকি কয়েক জন কর্মকর্তার কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, যারা সচিবকে পিডি পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন, তারা প্রায় প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের পিএসের রুমে বসে থাকেন। সচিব কিংবা মন্ত্রীর রুমে কোন ফাইল যাচ্ছে তার ওপর নজর রাখেন। সচিবের রুমে ফাইল ঢোকার আগে তারা সেটা দেখতেন, তাদের জানার বাইরে কোনো ফাইল যাচ্ছে কি না। কোনো ফাইল তাদের পছন্দ না হলেই সেটি আর আলোর মুখ দেখত না। এছাড়া ব্যক্তিগত পদায়ন ও বদলি-বাণিজ্যের তদবির তো আছেই। এসব কার্যক্রম দেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা অসন্তুষ্ট। শুধু কর্মকর্তারা নন, সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবও খুবই বিরক্ত ও বিব্রত। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছেন না। জানতে চাইলে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, একটা মানুষ প্রায় প্রতিদিন সকাল থেকে অফিস ছুটি হওয়া পর্যন্ত এখানে বসে থাকেন। আমরা সবই দেখি এবং বুঝি। কিন্তু কিছু বলতে পারছি না। কিছু বলতে গেলে তো আমাদেরই চাকরি যাওয়ার ভয় আছে। কারণ তারা তো ক্ষমতার সর্বোচ্চ শিখরে।

এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কোনো কিছু না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে একটি উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। পরে বিষয়টি জানতে পেরে চরম বিরক্ত ও ক্ষুব্ধ হন মন্ত্রী। ক্ষুব্ধ মন্ত্রী প্রথমে মৌখিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেন তার এপিএসকে। এক সপ্তাহ পর সরানো হয় ব্যক্তিগত কর্মকর্তাকে। ঐ সফরে কয়েক জন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে। গত সপ্তাহের এই ঘটনায়ও সচিবালয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। একইভাবে সম্প্রতি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় মন্ত্রণালয়ের প্রভাবশালী প্রতিমন্ত্রীর পিএস ও এপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এক কর্মকর্তা বলেন, তাদের দুই জনের বিরুদ্ধেও তদবির ও বদলিবাণিজ্যের অভিযোগ ওঠেছিল।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের প্রতিশ্রুতি ছিল প্রভাবমুক্ত, স্বচ্ছ একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলার। কিন্তু সচিবালয়ের ভেতরে বদলি-বাণিজ্য, তদবির ও প্রভাব বিস্তারের অদৃশ্য রাজনীতি যেন অনেকটা আগের ছন্দেই চলছে। কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রভাবশালী পিএস, এপিএস ও ঘনিষ্ঠ সহকারীদের ঘিরে গড়ে ওঠা অঘোষিত এই ক্ষমতার বলয় নিয়ে নানা অভিযোগ রয়েছে। বদলি, পদায়ন ও পদোন্নতি থেকে শুরু করে টেন্ডার নিয়ন্ত্রণ, নিয়োগে প্রভাব, ফাইল নিষ্পত্তি ও কমিশন আদায়ের মতো বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়মিতই সামনে আসছে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার মধ্যেও সচিবালয়ে প্রতিদিন ভিড় করছেন তদবিরকারী, দালাল ও সুবিধাভোগী চক্রের লোকজন।

গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে এসব নিয়ে বিস্তর সমালোচনা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়েও প্রশাসনের ভেতরে একই ধরনের অভিযোগ ওঠে। এখন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও প্রশাসনের সেই চিরচেনা সংস্কৃতি বদলের বার্তা এখনো স্পষ্ট নয়। প্রশাসনের ভেতর দীর্ঘদিনের অনানুষ্ঠানিক প্রভাব কাঠামো ও সুবিধাভোগী চক্র ভাঙা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সরেজমিন দেখা যায়, সচিবালয়ে বর্তমানে বিভিন্ন ধরনের সুপারিশ, তদবির ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কাজের জন্য প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘোরাঘুরি করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন ভবনের করিডর, মন্ত্রীর দপ্তরের সামনে কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কক্ষের আশপাশে অপেক্ষা করতে দেখা যায় তাদের।

সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে এক ধরনের অনানুষ্ঠানিক তদবির সংস্কৃতি দীর্ঘদিন ধরেই গড়ে উঠেছে। রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অনেকেই বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। বিশেষ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টাদের পিএস, এপিএস এবং ঘনিষ্ঠ স্টাফদের আশপাশে এসব তদবিরকারীদের আনাগোনা বেশি দেখা যায়।

সচিবালয় সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে ফাইল দ্রুত করানো, নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়া বা প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এতে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তারাও নানা ধরনের অঘোষিত চাপের মুখে পড়েন।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ঠিকাদারদের অভিযোগ, ফাইল ছাড়, বদলি কিংবা গুরুত্বপূর্ণ পদায়নে এসব ব্যক্তিদের ‘সবুজ সংকেত’ ছাড়া অনেক ক্ষেত্রে কাজ এগোচ্ছে না। তবে ব্যতিক্রমও আছে কয়েকজন মন্ত্রীর ক্ষেত্রে। জানা গেছে, কয়েক জন মন্ত্রী অনাকঙ্ক্ষিত বিতর্ক ও সমালোচনা এড়াতে এবং নিজের ও মন্ত্রণালয়ের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে পিএস ও এপিএস নিয়োগ দেননি। তাদের কাজ মন্ত্রণালয়ের নিয়মিত কর্মকর্তারাই করছেন।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক নিয়োগে স্বচ্ছতা, পিএস-এপিএসদের ক্ষমতার সীমা নির্ধারণ, সম্পদের বাধ্যতামূলক হিসাব এবং প্রশাসনিক সিদ্ধান্তে ডিজিটাল ট্র্যাকিং না আনলে একই চিত্র বারবার ফিরে আসবে। এ বিষয়ে সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার ইত্তেফাককে বলেন, এই সময়ে প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ, নিয়োগ কিংবা বদলি বাণিজ্যের অভিযোগ থাকাটা দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বাংলাদেশে প্রতিটি সরকারের সময়ই ক্ষমতার কেন্দ্র ঘিরে একটি ‘অদৃশ্য প্রভাব বলয়’ ছিল, যারা রাষ্ট্রীয় সিদ্ধান্তে অনানুষ্ঠানিক প্রভাব খাটিয়েছেন। কিন্তু বর্তমান সরকারকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হতে হবে। প্রধানমন্ত্রী যদি প্রশাসনকে সুশৃঙ্খলভাবে রাখতে চান, তাহলে এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। সাবেক এই সচিবের মতে, প্রশাসনের ভেতরে যদি অদৃশ্য প্রভাব বলয় গড়ার সুযোগ কেউ পায়, তাহলে গণঅভ্যুত্থান, পরিবর্তন কিংবা নির্বাচনি প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত জনগণের কাছে আস্থাহীনতায় পরিণত হবে।




সাজেকে ৩০ থেকে ৪০ রাউন্ড গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ: আইএসপিআর

ডেস্ক নিউজঃ রাঙ্গামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্যরা স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর এর এক বার্তায় বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলাকালে সকাল আনুমানিক ১০টায় গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পর্যটকবাহী যানবাহনের চলাচল বন্ধ করে দেয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশের টহল দল পর্যটকদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে অবরোধকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। আলোচনা চলাকালে সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইউপিডিএফের প্ররোচনায় অবরোধকারীরা আকস্মিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের মাধ্যমে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে এবং পুনরায় পর্যটকবাহী যানবাহনের চলাচলের ব্যবস্থা গ্রহণ করে।

পরবর্তীতে সকাল আনুমানিক ১১টায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ সময় সেনাবাহিনীর টহল দল আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আইএসপিআর আরও জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ইউপিডিএফ কর্তৃক ওই অবরোধ ও সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত বলে জানা যায়। স্থানীয় জনগণকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবরোধে অংশগ্রহণে বাধ্য করা এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। মূলত, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকটা কোণঠাসা হয়ে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে বলে জানা যায়।

এ ধরনের সহিংস কর্মকাণ্ড পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি পর্যটনশিল্প এবং স্থানীয় জনগণের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে। বিশেষ করে নিরীহ পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলা এবং সাধারণ জনগণকে জোরপূর্বক অবরোধ কর্মসূচিতে সম্পৃক্ত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।




সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক নিউজঃ সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পতাকা ব্যবহারের অধিকার না থাকা সত্ত্বেও তা প্রদর্শন, সূর্যাস্তের পরও পতাকা ঝুলিয়ে রাখা এবং নির্ধারিত আকার, অনুপাত ও রং অনুসরণ না করার মতো অনিয়মের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা বা ব্যক্তি জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী না হয়েও অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে পতাকা প্রদর্শন করছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী, মোটরগাড়ি, জলযান ও বিমান ছাড়া জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রদর্শনের বিধান রয়েছে। কিন্তু কিছু অফিসে দিন-রাত সার্বক্ষণিক পতাকা ঝুলিয়ে রাখার বিষয়টি নজরে এসেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় পতাকার নির্ধারিত আকার, অনুপাত ও রং বজায় না রেখে অফিস কক্ষের সাজসজ্জা, অলংকরণ কিংবা ব্যক্তিগত ও দাপ্তরিক পটভূমি হিসেবে ব্যবহারের ঘটনাও তুলে ধরা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক আদেশ, ১৯৭২ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর সরাসরি লঙ্ঘন।

জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি অধীন দপ্তর, সাংবিধানিক প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে।




বিজয়া দশমীর রাতে বিজেপি কর্মীকে কুপিয়ে-গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের মালদহে সামীর ঘোষ নামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর তাকে খুব কাছ থেকে পরপর গুলি করা হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এর আগে, বুধবার রাতে মালদহের ইংরেজবাজার থানার অন্তর্গত রামকেলি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলার উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, কারা এই হত্যাকাণ্ডে জড়িত এবং এটি পূর্বপরিকল্পিত কিনা—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ করেন, বিজয়া দশমীর রাতে এলাকার মানুষ যখন প্রতিমা বিসর্জনে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সুযোগে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতকারী সামীর ঘোষের বাড়িতে ঢুকে পড়ে। সে সময় তিনি বাড়িতে একাই ছিলেন। দুষ্কৃতকারীরা প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং পরবর্তীতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে সামীরের ভাইয়ের দাবি, বিজেপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই তার ভাইকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হয়েছিল।

কিন্তু হুমকি সত্ত্বেও তিনি ভিটেমাটি ছেড়ে যাননি বলে জানান সামীরের ভাই।

এদিকে পরিবারের তরফ থেকে এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় শাসকদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতকারীদের দায়ী করা হয়েছে।

নিহতের ভাই অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা দীর্ঘদিন ধরেই সামীরকে হত্যার ছক কষছিল। তবে পরিবারের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

এদিকে হত্যাকাণ্ডের পেছনে সরাসরি কোনো রাজনৈতিক শত্রুতা রয়েছে কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।

একইসঙ্গে দশমীর রাতে এমন নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল পরিকল্পনাকারী ও ঘাতকদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।




সৌদিতে ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, রয়েছেন বাংলাদেশিও

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের প্রথম ছয় মাসে সৌদি আরবে অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ৫৯ জনই বিদেশি নাগরিক, যাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, এ সময়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৯ জন সৌদি নাগরিক। বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সোমালিয়া, মিসর, নাইজেরিয়া, বেনিন, ইরাক, কুয়েত, কেনিয়া, উগান্ডা ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন।

সম্প্রতি মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে তারা প্রথম ছয় মাসের ১০৮ জনের তালিকায় অন্তর্ভুক্ত নন।

ইএসওএইচআরের তথ্য বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল মাদক-সংশ্লিষ্ট অপরাধ। প্রথম ছয় মাসে এ ধরনের অপরাধে ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা মোট সংখ্যার প্রায় ৬৬ শতাংশ। হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২৫ জনের। এ ছাড়া রাজনৈতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট মামলায় ৯ জন এবং অন্যান্য অপরাধে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মাদক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৯ জনই বিদেশি নাগরিক। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরও সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের উচ্চ হার অব্যাহত রয়েছে।

ইএসওএইচআর আরও জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে। সংস্থাটির দাবি, সৌদি আরবের আগের শাসনামলগুলোর তুলনায় এ সংখ্যা সর্বোচ্চ।

প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তথ্য প্রকাশের ঘাটতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। সংস্থাটির হিসাবে, ১০৮টি ঘটনার মধ্যে ৯১টির বিষয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে তারা বা সংশ্লিষ্ট অন্য কোনো সংস্থা তথ্য জানতে পারেনি। এসব ঘটনা মোট সংখ্যার ৮৪ দশমিক ২ শতাংশ।

রাজনৈতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট মামলাতেও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে সৌদ আল-ফারাজের মৃত্যুদণ্ড কার্যকরের কথা উল্লেখ করা হয়। তার আটকাদেশকে জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ আগে বেআইনি ও অযৌক্তিক বলে বিবেচনা করেছিল।

এ ছাড়া মাত্র ১২ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে দণ্ডিত আলী আল-সুবাইতির মৃত্যুদণ্ড গত ৯ এপ্রিল কার্যকর করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি।

ইএসওএইচআরের দাবি, শৈশবে সংঘটিত কথিত অপরাধের জন্য অন্তত পাঁচজন এখনো মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অভিযোগে দণ্ডিত আরও ৪৯ জনের মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে। তাদের মধ্যে শেখ সালমান আল-আওদা ও শেখ হাসান আল-মালিকিও রয়েছেন।

সংস্থাটি বলছে, সৌদি আরবের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা বন্দীদের অনেকেই পর্যাপ্ত আইনি সহায়তা, পেশাদার দোভাষী এবং আত্মপক্ষ সমর্থনের কার্যকর সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন। বন্দীদের কয়েকজনের ভাষ্য, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাদের বিচ্ছিন্ন রাখা হয় এবং বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

ইএসওএইচআর-এর মতে, মৃত্যুদণ্ড কার্যকরের এই প্রবণতা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।