আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর

ডেস্ক নিউজঃ শারদীয় উৎসবের বিজয়া দশমী আজ। দিন শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্ত-পূণ্যার্থীরা।

বুধবার (২১ অক্টোবর) এর মধ্যদিয়ে, সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। আজকের দিনে দেবী দুর্গাকে বিসর্জন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

উপাসনাকারীদের চোখের জলে ভাসিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। আর তাইতো মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর।

মা দুর্গা চলে যাওয়ার এই মুহূর্তে ভক্তদের মধ্যে বিদায়ের কষ্ট দেখা যায়। এছাড়া অনেক ভক্তদের চোখে থাকবে বেদনার জল। দেবী মার বিদায়ের সময় ঢাক ও শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর বাজবে ।

এদিন সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর হবে দর্পণ ও বিসর্জন।

বিজয়া দশমীতে সারাদেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেওয়া হবে প্রতিমা বিসর্জন। হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।

এছাড়া দেবী দুর্গার বিদায়ের আগে, এদিন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন সনাতনী নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা।

শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন তারা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন তারা।

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোটকে (ঘোড়া) চড়ে এবং গমন করছেন নৌকায়। দেবী দুর্গার আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা।




ঢাকা বন বিভাগে বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগ, ডিএফও বশিরুলকে ঘিরে প্রশ্ন

বিশেষ প্রতিবেদক: ঢাকা বন বিভাগের বিভিন্ন এলাকায় সংরক্ষিত বনভূমি দখল, গাছ কেটে রাস্তা নির্মাণ, অবৈধ ঘরবাড়ি ও দোকানপাট তৈরি এবং এসব কর্মকাণ্ডে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কোথাও কোথাও অর্থের বিনিময়ে সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে। আবার অভিযান চালিয়ে জমি উদ্ধারের পরও কিছুদিনের মধ্যে তা পুনরায় দখল হয়ে যাচ্ছে। এসব ঘটনায় ঢাকা বন বিভাগের ডিএফও বশিরুলসহ একাধিক কর্মকর্তা-কর্মচারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, চন্দ্রা, মৌচাক, রাথুরা, কাশিমপুর ও বাড়ইপাড়া বনবিটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বনভূমি দখল এবং অবৈধ স্থাপনা নির্মাণ চলছে। স্থানীয়দের দাবি, এসব কাজে জড়িত ব্যক্তিদের একটি অংশ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। কোথাও অর্থ লেনদেনের মাধ্যমে ঘর নির্মাণের অনুমতি পাওয়ার অভিযোগ রয়েছে, আবার কোথাও গাছ কেটে রাস্তা ও বাণিজ্যিক স্থাপনা তৈরির ঘটনাও সামনে এসেছে। এসব বিষয়ে অভিযোগ জমা পড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা বিট এলাকায় বনভূমি দখলের একাধিক অভিযোগ পাওয়া গেছে। চন্দ্রা স্পিনিং মিলের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন কারিগরপাড়ায় আশরাফ হোসেন ইটের দেয়াল দিয়ে চার কক্ষের একটি অর্ধপাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, চন্দ্রা টাওয়েল টেক্সের কাছের সংরক্ষিত বনভূমিতে আকাশমণি গাছ কেটে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে তৌহিদুল ইসলাম সিদ্দিকীর বিরুদ্ধে। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ মার্চ তাঁর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়েছে। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে। বন বিভাগের সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

কালিয়াকৈরের ভুলুয়া, কালামপুর, কুঁচপাড়া, বটতলা ও চান্দরা মৌজায় বনভূমিতে ঘরবাড়ি ও দোকান নির্মাণের অভিযোগ আরও বিস্তৃত। অভিযোগ অনুযায়ী, ভুলুয়া এলাকায় শাকিল প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা দিয়ে বনভূমিতে বাড়ি নির্মাণ করছেন। কালামপুরে সামাদ বিটের কর্মীদের ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে তিন কক্ষের একটি টিনশেড ঘর তুলেছেন বলে দাবি করা হয়েছে। কুঁচপাড়ায় রতন নামের এক দালালের মাধ্যমে ২ লাখ ৯০ হাজার টাকা দিয়ে রনজিত পাঁচ কক্ষের একটি ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে। বটতলায় সাবেক কমিশনার ইসমাইলের ছেলে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে একটি পাকা দোকান নির্মাণ করেছেন বলেও অভিযোগ উঠেছে।

চান্দরা মৌজায় রিমা নামের এক নারী প্রায় ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে তিন কক্ষের টিনশেড ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর পাশেই শাহীন ও মাহবুবের বিরুদ্ধে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ৪০ হাত লম্বা একটি পাটের গোডাউন নির্মাণের অভিযোগ উঠেছে।

চন্দ্রা বিটের শিল্প কুঞ্জ পার্কের কাছেও দোকান নির্মাণ নিয়ে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোতালেব ডাক্তার বিট কর্মকর্তা ইকবাল হোসেনকে প্রায় ৪ লাখ টাকা দিয়ে পাকা দেয়াল তুলে দোকান নির্মাণ করছেন। সকিনার মোড়ে জাকিরের বিরুদ্ধে প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা দিয়ে পাঁচ কক্ষের একটি ঘর নির্মাণের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে ইকবাল হোসেন, লুৎফর, মামুন ও লতিফের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজটি করা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন। অভিযোগ ওঠার পর ইকবাল সামান্য একটি বারান্দা ভেঙে দিলেও মূল ঘরটি রয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

চান্দরা খেলার মাঠসংলগ্ন এলাকায় শাহিনের মামার আগুনে পুড়ে যাওয়া ঘর নতুন করে নির্মাণের ঘটনাও আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, সেখানে প্রায় ৩০ থেকে ৪০টি কক্ষ তৈরি করা হয়েছে। এ কাজের সঙ্গে ইকবাল, লুৎফর, মামুন ও লতিফের একটি চক্রের নাম উঠে এসেছে। মাটিকাটা ইনক্রেটেবল ফ্যাক্টরির কাছাকাছি সাবেদ ওরফে পীর সাহেবের বিরুদ্ধে প্রায় ১ লাখ টাকা দিয়ে বনভূমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। একই এলাকার ভুলুয়া মৌজায় কফিল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ওরফে ব্ল্যাক আনোয়ারের বিরুদ্ধে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে ইটের দেয়াল তুলে বাড়ি নির্মাণের অভিযোগ করা হয়েছে।

মৌচাক বনবিটের ভান্নারা সাব-বিটেও বনভূমি দখল এবং অবৈধ দোকান নির্মাণের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, বনফুল বাজার এলাকায় নতুন করে ৩৪টি দোকান নির্মাণ করা হয়েছে। প্রতিটি দোকানের জন্য ৩০ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। আলিফ কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানার বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগ রয়েছে। ওই কারখানার বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম ঠেকাতে বিট কর্মকর্তা শাজাহান মিয়ার মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা লেনদেনের অভিযোগও সামনে এসেছে।

মাঝুখান মৌজায় আজিজুল ডাক্তার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে বিপুলসংখ্যক গজারি ও আকাশমণি গাছ কাটার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব গাছ কাটার ফলে ওই এলাকার বনভূমির ক্ষতি হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটা ও জমি দখলের অভিযোগ সত্য হলে তা পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব পালনে গুরুতর ব্যর্থতার ইঙ্গিত দেয়।

শ্রীপুর রেঞ্জের রাথুরা বিটেও গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গত ৪ জুন রাতে রাথুরা বিটের সিএস ১৩৬৯ ও ১৩৭১ দাগের জমি থেকে ১০টি বড় গজারি গাছ কেটে মোজাম্মেল নামের এক ব্যক্তির কাছে মাত্র ৮ হাজার টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় বিট কর্মকর্তা শেখ ইমদাদ হোসেনের নাম এসেছে। আরও অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ৩ নভেম্বর তাঁকে রাথুরা এলাকা থেকে সিলেটে বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু বন সংরক্ষকের গাড়িচালক বিল্লাল ও প্রধান অফিস সহকারী আতিয়ার রহমানের মাধ্যমে অর্থ লেনদেন করে তিনি একই এলাকায় থেকে যান বলে দাবি করা হয়েছে।

রাথুরা বিটের বেলতলী এলাকায় বশির হোসেনের বিরুদ্ধে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে বনভূমিতে ঘর নির্মাণের অভিযোগ রয়েছে। কবরঘাটা এলাকায় রফিকুল ইসলামও অর্থের বিনিময়ে বনের জমিতে ঘর তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে। এসব স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বন বিভাগের অনুমতি ছিল কি না, জমির প্রকৃত শ্রেণি কী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কাশিমপুর বিটের মাধবপুর এলাকায় ইমরান নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিট কর্মকর্তা চান মিয়াকে ম্যানেজ করে দুই কক্ষের একটি আধাপাকা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। অন্যদিকে, রাজেন্দ্রপুর রেঞ্জের নিশ্চিন্তপুরে আউলিয়ার টেক মাজারের সামনে বনাঞ্চলের গাছপালা কেটে নতুন পিচঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কালীগঞ্জের এক প্রভাবশালী ঠিকাদারের কাছ থেকে অর্থ নিয়ে এ কাজ করা হচ্ছে। বনভূমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অনুমোদন ছিল কি না এবং পরিবেশগত ক্ষতির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছিল কি না, তা যাচাই করা প্রয়োজন।

মৌচাক বিটের ভান্নারা মৌজায় আগে উদ্ধার করা জমি আবারও দখল হওয়ার অভিযোগ বিশেষভাবে সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালে সেখানে অভিযান চালিয়ে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের জমির প্রায় ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে কাঁটাতারের বেড়া ও খুঁটি কেটে ওই জমিতে আবারও মার্কেট নির্মাণের কাজ শুরু হয়। বনপ্রহরী আমিনুল, জামাল ও মোবারকের সহযোগিতায় রাতের বেলায় পুনরায় দখল কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। সরকারি সার্ভেয়ার রনি হোসেন সরেজমিনে জমি মেপে দখলের প্রমাণ পেয়েছেন বলেও দাবি করা হয়েছে। তারপরও গত দুই মাসে সেখানে উচ্ছেদ অভিযান না চালানোর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রশ্ন করতে গেলে বিট কর্মকর্তা শাজাহান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বাড়ইপাড়া বনবিটে প্রায় এক হাজার বিঘা বনভূমি দখলের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাহ আলম নামের এক ব্যক্তির বক্তব্যও আলোচনায় এসেছে। অভিযোগ অনুযায়ী, তিনি ক্যামেরার সামনে বনভূমিতে ঘর নির্মাণের জন্য বিট অফিসে ২০ হাজার টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর বক্তব্যের অর্থ হলো, টাকা না দিলে সেখানে ঘর নির্মাণ করা সম্ভব নয়। একইভাবে আশরাফ নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে চার কক্ষের পাকা বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। তিনি বন বিভাগকে ম্যানেজ করে স্থাপনা নির্মাণের কথা প্রকাশ্যে বলেছেন বলে দাবি করা হয়েছে।

এসব ঘটনার সামগ্রিক চিত্রে ঢাকা বন বিভাগের ডিএফও বশিরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন বিটে অনিয়ম ও বনভূমি দখলের ঘটনা চলতে থাকলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সরকারি বন বিভাগের গেস্টহাউস আত্মীয়স্বজন নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নথিপত্র, গেস্টহাউস ব্যবহারের রেজিস্টার, দাপ্তরিক নির্দেশনা এবং অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য যাচাই করা প্রয়োজন। মাঠপর্যায়ের কোনো কর্মকর্তা অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়।

বনভূমি দখল, গাছ কাটা এবং অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগগুলো সত্য হলে তা শুধু সরকারি সম্পত্তির ক্ষতিই নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্যও বড় হুমকি। বিশেষ করে উদ্ধার করা জমি আবারও দখল হয়ে যাওয়ার ঘটনা বন বিভাগের নজরদারি ও আইন প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি করে। তাই চন্দ্রা, মৌচাক, রাথুরা, কাশিমপুর ও বাড়ইপাড়া বনবিটের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি উঠেছে।

অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক), বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রয়োজন হলে স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট জমির রেকর্ড, উচ্ছেদ অভিযানের নথি, গাছ কাটার ঘটনা, বদলির আদেশ, অবৈধ স্থাপনার তালিকা এবং কথিত অর্থ লেনদেনের তথ্য যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে ডিএফও বশিরুল, সংশ্লিষ্ট বিট কর্মকর্তা-কর্মচারী এবং দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া এবং প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণের মাধ্যমে সরকারি বনভূমি উদ্ধার ও সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।




বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

ডেস্ক নিউজঃ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অত্যন্ত বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পূজায় আমি হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ইস্যুতেও সন্তুষ্টি প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।




পে স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ডেস্ক নিউজঃ নবম জাতীয় বেতনকাঠামোর আওতার বাইরে থাকা সরকারি চাকরিজীবীদের কিছু ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, মূল বেতনের শতাংশের ভিত্তিতে দেওয়া এসব ভাতা পরবর্তী আদেশ না আসা পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনের মূল বেতন অনুযায়ী হিসাব করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে রবিবার (১৮ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৯ অক্টোবর) এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যেসব কর্মচারী মূল বেতনের শতাংশভিত্তিক প্রচলিত ভাতা পান, কিন্তু সেসব ভাতা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতাভুক্ত নয়, তাঁদের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে।

অর্থাৎ নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এর আওতার বাইরে থাকা ভাতাগুলো নতুন মূল বেতনের ভিত্তিতে বাড়বে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতেই এসব ভাতা দেওয়া হবে।

এর আগে দীর্ঘ ১১ বছর পর গত ১৯ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নতুন বেতনকাঠামো ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে বিদ্যমান মূল বেতনের ভিত্তিতে নতুন বেতন সমন্বয় করা হবে।

তবে নতুন প্রজ্ঞাপনের ফলে বেতনকাঠামোর আওতার বাইরে থাকা শতাংশভিত্তিক ভাতাগুলো আপাতত আগের মূল বেতনের হিসাবেই বহাল থাকবে।




দক্ষিণ বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজঃ রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে মুহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর দিয়ে পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। বেলা ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ওই ভবনের নিচতলার ভাড়াটিয়ার বন্ধ দরজার কক্ষ ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করি। নিহত যুবকের বাড়ি পাকিস্তানের মুলতানের জামালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তার বাবার নাম নাজির আহমেদ। পরিবার নিয়ে দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন তিনি।




নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন, ছেলে গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশার টাকা না পেয়ে নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আইবুর নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন গ্রামে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, আইবুর নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে তিনি তার বাবা আব্দুল আউয়ালের বাড়িতে আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ঘরের লেপ, তোশক ও খাট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার পর আইবুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।




ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

ডেস্ক নিউজঃ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে এ কথা লেখেন মাহদী আমিন।
ওই পোস্টে মাহদী আমিন লেখেন, ‘এক সপ্তাহের জন্য পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। এখান থেকে জানতে পারলাম, প্রিয় ভাই ও রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।’
তিনি বলেন, ‘ইশরাক হোসেনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। একসঙ্গে অনেক স্মৃতি ও পথচলা। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে তার ভূমিকা ও গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্য সম্পর্কে আমরা সবাই জানি। পাশাপাশি বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, ডিপ্লোমেটিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমকে তিনি যেভাবে নিজের বিশ্বাসে ধারণ করেন, তা সত্যিই অনন্য। তার সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও মতভিন্নতা থাকতে পারে।
তবে যে উদ্যোগকে কেন্দ্র করে এত আলোচনার সৃষ্টি হয়েছে, সেটির লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার অবকাশ নেই।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা লেখেন, ‘প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় কিংবা আত্মত্যাগকে পরিমাপ করা যায় না। সাময়িক যেকোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তার অবদান এবং আন্তরিক অবস্থান অনেক বেশি অর্থবহ।’
তিনি লেখেন, ‘জনগণের সরকারের বার্তা এখানে অনেকটা স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, ত্যাগী ও জনপ্রিয় একজন তরুণ নেতার সাহসী ও জনবান্ধব উদ্যোগের বাস্তবায়নেও যদি কোনো বিতর্কের অবকাশ থাকে, সেখানেও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।

আমরা বিশ্বাস করি, রাষ্ট্র বিনির্মাণের পথযাত্রায় সামনের দিনগুলোতেও, সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতার ধারা বজায় থাকবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র লেখেন, ‘ইশরাক হোসেনের এ ঐতিহাসিক, অভূতপূর্ব পদত্যাগ মোটেই কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তার জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে, ইনশাআল্লাহ।’




ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজন আরব মুসলিম নাগরিকদের ভোট। নেতানিয়াহু সরকারকে উৎখাত করতে আগামী সপ্তাহের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নাগরিকদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির আরব নেতারা।

ইসরায়েলের জনসংখ্যার ২১ শতাংশ হলো আরব সংখ্যালঘু, যারা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনি মুসলিম কিন্তু নাগরিকত্বে ইসরায়েলি। এই জনগোষ্ঠীর ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেলে জটিল রাজনৈতিক সমীকরণ সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন নেতানিয়াহু-বিরোধী জোটের অনুকূলে যেতে পারে।

ইউনাইটেড আরব লিস্ট পার্টির প্রধান মনসুর আব্বাস এবং জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি নতুন পরিবর্তনশীল সরকার গঠনে আরব ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

নির্বাচনী জরিপ অনুযায়ী, ১২০ আসনবিশিষ্ট নেসেটে গাদি আইজেনকোটের জোট ৫২টি আসন পেতে পারে, অন্যদিকে নেতানিয়াহুর ধর্মীয়-জাতীয়তাবাদী জোট ৫০টি আসন পেতে পারে। মনসুর আব্বাসের দল পাঁচটি এবং যৌথ আরব জোট জয়েন্ট লিস্ট আটটি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে সরাসরি সরকার গঠনে অনীহা দেখালেও আব্বাস বিশ্বাস করেন, ভোটের পর রাজনৈতিক বাস্তবতার কারণে জোট গঠনের সম্ভাবনা তৈরি হবে।

অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং পুলিশ মন্ত্রী ইতামার বেন-গভীরের চরমপন্থার কারণে আরব ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধির আভাস মিলছে। স্ট্যাট-নেট রিসার্চ ইনস্টিটিউটের মতে, এবার আরবদের ভোটদানের হার বেড়ে ৬৩ শতাংশে পৌঁছাতে পারে, যা ২০২২ সালে ছিল ৫৬ শতাংশ। আসন্ন ২৭ অক্টোবরের এই নির্বাচন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার পর প্রথম নির্বাচন এবং এটিকে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর একটি গণভোট হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স




হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

ডেস্ক নিউজঃ হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন চিহ্নিত করে তা ধ্বংস করার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে সংবাদের সত্যতা প্রকাশ করেছে।
আইআরজিসির বিবৃতির বরাতে জানানো হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে পরিচালিত আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।
সূত্র: আল জাজিরা



রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা থেকে একটি সামরিক বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে বাসযোগে সড়ক পথে বিমানবন্দর থেকে রংপুরের পথে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময়ে তিনি বাস থেকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

সফর সূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন। পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।