মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড

ডেস্ক নিউজঃ ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র ও নদ-নদীতে টহল, জেলেদের সচেতন করা এবং নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইলিশ সংরক্ষণে কাজ করছে সংস্থাটি।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে ইলিশের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে বাংলাদেশ কোস্ট গার্ডের চারটি জোনের আওতাধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে নদ-নদী, উপকূলীয় এলাকা ও সমুদ্রসীমায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

তবে, নিষেধাজ্ঞার এ সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য প্রতি ২৫ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। তার মধ্যে- ঢাকা বিভাগে ৬৫ হাজার ৭১৭ জন, বরিশাল বিভাগে ৩ লাখ ৫৮ হাজার ৫১৬ জন,  চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৫৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৬৩ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৬২ জন, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৪১১ জন এবং রংপুর বিভাগে ১৬ হাজার ১২৬ জন।

কোস্ট গার্ড সূত্র জানায়, সংস্থাটির আওতাধীন ১৬টি জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত ও বিশেষ টহল এবং সন্দেহজনক নৌযান ও মাছ ধরার বোটে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরে তুলনামূলক বেশি অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানে জাল, মাছ ও নৌকা জব্দ

নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এসব ঘটনায় জড়িত ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাল বিনষ্ট করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ আহরণ করতে না পারে, সেজন্য টহলরত জাহাজগুলোকে সতর্ক অবস্থানে রেখে দায়িত্ব পালন করা হচ্ছে।

দুর্গম এলাকায় অবৈধ মাছ শিকার ঠেকানো বড় চ্যালেঞ্জ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কোস্ট গার্ড।

সংস্থাটি জানিয়েছে, এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

জেলেদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ

শুধু অভিযান পরিচালনা নয়, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করার ওপরও গুরুত্ব দিচ্ছে কোস্ট গার্ড। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।

নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকলে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে জেলেদের বোঝানো হচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং জেলেরাও বেশি পরিমাণে ইলিশ আহরণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের মতে, ইলিশের প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ রাখা এবং প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞার সময় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো প্রয়োজন।

নিষেধাজ্ঞা লঙ্ঘন বা এ-সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযানের সফলতা নির্ভর করছে আইন প্রয়োগের পাশাপাশি জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর। প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধির পথ আরও সুগম হবে।

এ বিষয়ে ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বলেন, ইলিশের উৎপাদন ও বংশবিস্তার বৃদ্ধির লক্ষ্যে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন হবে। এতে জেলেরাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি উপকৃত হবেন। এ সময়ে জেলেদের জীবনযাত্রায় যেন কষ্ট না হয়, সেজন্য সরকার খাদ্যসহায়তাও প্রদান করছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় ও জনকল্যাণমূলক উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। তবে ইলিশের প্রজনন সুরক্ষা আরও কার্যকর করতে নিষেধাজ্ঞার মেয়াদ ২২ দিন থেকে বাড়িয়ে এক মাস করা প্রয়োজন। কারণ, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায়।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে কোস্ট গার্ডের ভূমিকা প্রশংসনীয়। নিষেধাজ্ঞা চলাকালে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে ইলিশ শিকারে নামেন। এ সময়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ বন্ধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করা হচ্ছে।

তিনি বলেন, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবাই মিলে নিষেধাজ্ঞা মেনে চলি এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি।




বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই- রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। দেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং ভবিষ্যতেও সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচারের সমালোচনা করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, পূজার মূল দর্শনের সঙ্গে বাংলাদেশের মানুষের অসুরের বিরুদ্ধে বিজয়ের বিষয়টি জড়িত। অতীতেও বাংলাদেশে অসুরের আবির্ভাব হয়েছে এবং এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে অসুরের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে অপব্যাখ্যা ও অপপ্রচার চালানো হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ দেশের মানুষ দৃঢ় কণ্ঠে বলতে পারে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের অন্য কোথাও নেই। বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন করা সম্ভব হচ্ছে। তিনি এ বাস্তবতাকে দেশের সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেন।

পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে এবং একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, একইভাবে দলের নেতাকর্মীদেরও এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্যোগী হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ন রাখতে আমরা সব সময় সচেষ্ট থাকব।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্রীয় নিয়ম ও আনুষ্ঠানিকতার কারণে ভক্তবৃন্দের সবাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, যা কিছুটা দুঃখ দিয়েছে। এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকলে এবং তাদের মধ্য দিয়ে পূজামণ্ডপে আসতে পারলে আমি আরও খুশি হতাম।

ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও স্বাভাবিক ও শিথিলভাবে পরিচালনা করে যাতে এ ধরনের অনুষ্ঠান ও পূজা উদযাপন করা যায়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এমন পরিবেশ তৈরি হবে, যেখানে পূজা উদযাপনের জন্য অতিরিক্ত কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন হবে না।




রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওয়াসায় দুর্নীতির অভিযোগ, আবু সাঈদের সম্পদ ও পদায়ন নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দায়িত্ব পালন, রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায়, অবৈধ সম্পদ গঠন এবং অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেওয়া অভিযোগ ও সংশ্লিষ্ট নথির বরাতে এসব তথ্য সামনে এসেছে। অভিযোগে রাজধানীর আফতাব নগরে বহুতল ভবন, একাধিক গাড়ি, কুমিল্লায় জমি ও বাংলো বাড়ি এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ জমা রাখার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের ওপর।

আবু সাঈদের রাজনৈতিক যোগাযোগ নিয়েও অভিযোগে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। তার স্ত্রীও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগে দাবি করা হয়। তার বড় বোন নুরজাহান মজুমদার কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ছিলেন বলে উল্লেখ রয়েছে। ছোট বোন ঢাকা মহানগর উত্তর আওয়ামী মহিলা লীগের সহসভাপতি, বড় ভাই কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সহসভাপতি এবং বাবা নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলেও অভিযোগে বলা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন নাছিম তার মামাশ্বশুর বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিচিতি ও প্রভাব কাজে লাগিয়েই তিনি দীর্ঘদিন ওয়াসায় নিজের অবস্থান শক্তিশালী রেখেছিলেন।

রাজস্ব বিভাগে মাসোহারা আদায়ের অভিযোগ

দুদকে জমা দেওয়া অভিযোগ অনুযায়ী, ঢাকা ওয়াসার রাজস্ব বিভাগের অধীন বিভিন্ন জোনে কর্মরত রাজস্ব পরিদর্শকদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হতো। অভিযোগে বলা হয়েছে, আবু সাঈদ এ অর্থ সংগ্রহের কাজে যুক্ত ছিলেন এবং ওয়াসার তৎকালীন প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম মোস্তফা কামাল মজুমদারের সঙ্গে সমন্বয় করে কাজ করতেন। বিভিন্ন জোন থেকে সংগৃহীত অর্থের একটি অংশ এস এম মোস্তফা কামাল মজুমদারের কাছে পৌঁছে দেওয়া হতো বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য, এভাবে রাজস্ব বিভাগের ভেতরে একটি প্রভাবশালী চক্র গড়ে উঠেছিল, যার মাধ্যমে অধীনস্থ কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হতো। তবে কতজন কর্মকর্তার কাছ থেকে কী পরিমাণ অর্থ আদায় করা হয়েছে, অর্থ লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ কী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে অর্থ ভাগাভাগির বিষয়টি তদন্তে কতটা প্রতিষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত যাচাই প্রয়োজন। এস এম মোস্তফা কামাল মজুমদার ও মোহাম্মদ আবু সাঈদের বক্তব্যও এ বিষয়ে গুরুত্বপূর্ণ।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন তাদের বিরুদ্ধে কার্যকর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি আবু সাঈদের রাজনৈতিক ও পারিবারিক যোগাযোগের প্রভাব খাটিয়ে দুদকের অনুসন্ধানও বাধাগ্রস্ত করা হয়েছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন। তবে অনুসন্ধানের নথি, তদন্তের অগ্রগতি এবং কোনো তদন্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ দাবির সত্যতা নিশ্চিত করা যায় না।

আফতাব নগরে সাততলা ভবন, দুটি গাড়ি ও কুমিল্লায় সম্পদের অভিযোগ

আবু সাঈদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, ওয়াসায় চাকরি করে অর্জিত বৈধ আয়ের তুলনায় তার ও পরিবারের সম্পদের পরিমাণ অনেক বেশি। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর আফতাব নগরের এল-ব্লকের ২ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়িতে তিনি সাততলা ভবন নির্মাণ করেছেন। এ ছাড়া তার ব্যবহারের জন্য ঢাকা মেট্রো-খ ১২-০৩৬৮ এবং ঢাকা মেট্রো-চ ৫৩-৮৫০৩ নম্বরের দুটি গাড়ি থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, নিজ জেলা কুমিল্লায় জমি কেনার পাশাপাশি সেখানে বড় আকারের একটি বাংলো বাড়ি নির্মাণ করেছেন তিনি। নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার স্থায়ী আমানত বা এফডিআর রয়েছে বলেও দাবি করা হয়েছে। অভিযোগকারীদের মতে, এসব সম্পদের বৈধ উৎস, ক্রয়ের সময়কাল এবং আয়কর নথির সঙ্গে সম্পদের হিসাব মিলিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া অভিযোগে দাবি করা হয়েছে, সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে আবু সাঈদ নিজের নামে সম্পদ না রেখে স্ত্রী ও সন্তানদের নামে জমি, বাড়ি ও আর্থিক সম্পদ রেখেছেন। পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও সম্পত্তির দলিল যাচাই করলে সম্পদের প্রকৃত মালিকানা এবং অর্থের উৎস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে অভিযোগকারীরা মনে করেন। তবে সংশ্লিষ্ট দলিল, ব্যাংক হিসাব, আয়কর বিবরণী ও সম্পদ বিবরণী যাচাই ছাড়া এসব সম্পদ অবৈধভাবে অর্জিত বা অন্যের নামে গোপন করা হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

দুদকের নথিতে স্মারক নম্বর জালিয়াতি ও পদ বাণিজ্যের অভিযোগ

দুদকের প্রধান কার্যালয়ে প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা একটি অনুসন্ধানী নথির তথ্যও অভিযোগে তুলে ধরা হয়েছে। নথি নম্বর ০০.০১.০০০০.৫০১.০১.০১৪.২২ এবং ই/আর নম্বর ৬২/২০২২ উল্লেখ করে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বিভিন্ন উন্নয়ন ও রাজস্ব কার্যক্রমে স্মারক নম্বর জালিয়াতি এবং পদ বণ্টনকে কেন্দ্র করে অর্থ আদায়ের অভিযোগ অনুসন্ধানের বিষয় ছিল। অভিযোগে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। তবে নথিতে অভিযোগের উল্লেখ থাকা মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। স্মারক নম্বর জালিয়াতির সুনির্দিষ্ট ঘটনা, সংশ্লিষ্ট আদেশ বা নথি, অর্থের পরিমাণ এবং আবু সাঈদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। অনুসন্ধানটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কোনো প্রতিবেদন জমা পড়েছে কি না কিংবা এ বিষয়ে কোনো মামলা বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে কি না, তা-ও স্পষ্ট হওয়া দরকার।

বিদেশে অর্থ পাচার ও দেশ ছাড়ার প্রস্তুতির দাবি

আবু সাঈদের বিরুদ্ধে বিদেশে অবৈধ সম্পদ গড়ে তোলা এবং অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দেশে অর্জিত অর্থের একটি অংশ বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি প্রতিকূল হলে দেশ ছাড়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে বিদেশে সম্পদ বা অর্থ পাচারের দাবির পক্ষে নির্দিষ্ট দেশ, ব্যাংক হিসাব, সম্পত্তির দলিল, আর্থিক লেনদেনের রেকর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের নিশ্চিত তথ্য এখানে উল্লেখ নেই। ফলে এ অভিযোগের সত্যতা যাচাই করতে আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা প্রয়োজন।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও পদায়ন, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ

রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ওয়াসার যেসব কর্মকর্তা-কর্মচারী আগের সময়ে বঞ্চনা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন, তাদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আবু সাঈদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে ওয়াসার প্রশাসন বিভাগ-১-এ উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এ পদায়নকে ঘিরে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগও উঠেছে।

অভিযোগকারীদের প্রশ্ন, গুরুতর অভিযোগের বিষয়গুলো যথাযথভাবে যাচাই না করে কীভাবে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হলো। তবে পদায়নের সিদ্ধান্তের পেছনে অনিয়ম বা অর্থ লেনদেন হয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আদেশ, প্রশাসনিক নথি এবং সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের বক্তব্য প্রয়োজন।

সব মিলিয়ে, মোহাম্মদ আবু সাঈদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ঢাকা ওয়াসার রাজস্ব ব্যবস্থাপনা, সম্পদের উৎস এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া জরুরি। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য ও নথিপত্র যাচাই করে অভিযোগের সত্যতা নির্ধারণ করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ প্রমাণিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থানও যথাযথভাবে তুলে ধরা উচিত।




গণপূর্তের নির্বাহী প্রকৌশলীদের পদায়নে ‘লটারি প্রহসনের’ অভিযোগ: আগে থেকেই নির্ধারিত ছিল ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগ, ১২০ কোটি টাকা অবৈধ আয়ের দাবি ঘিরে তোলপাড়

বিশেষ প্রতিবেদকঃ মাসিক সর্বসাকুল্যে বেতন পান মাত্র ৫৪ হাজার টাকা। কিন্তু তাঁর জীবনযাপন রাজকীয় এবং বসবাস আলিশান অট্টালিকায়। দিনাজপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশিদের বিরুদ্ধে সম্প্রতি উঠে এসেছে অঢেল সম্পদের চাঞ্চল্যকর তথ্য। ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সরকারি চাকরি করলেও তাঁর গতিবিধি এবং কাজকর্ম রাজনৈতিক প্রভাবশালী নেতাদের মতো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি গড়ে তুলেছেন এক শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে এই কর্মকর্তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য মিলেছে। মো. শাহনুর রশিদ বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে একের পর এক দুর্নীতির বিস্তার ঘটান। তবে পটপরিবর্তনের পর তিনি রাতারাতি বিএনপি সমর্থক সেজে নিজের অবস্থান রক্ষার চেষ্টা করছেন। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত এই কর্মকর্তা নিজের ও স্ত্রীর নামে গড়েছেন সম্পদের পাহাড়। দুর্নীতি দমন কমিশনের তদন্তের আঁচ পেয়ে ব্যাংক থেকে প্রায় পাঁচ কোটি টাকা তুলে তা আত্মীয়দের কাছে সরিয়ে রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

সরকারি পদে থেকে নানা অনৈতিক উপায়ে সুবিধা আদায় করাই যেন তাঁর মূল কাজে পরিণত হয়েছিল। দিনাজপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্ব পালনকালে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে নিম্নমানের কাজ করানো এবং নির্দিষ্ট সিন্ডিকেটকে কাজ পাইয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন তিনি। সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে দরপত্রের শর্ত এমনভাবে তৈরি করতেন, যাতে পছন্দের ঠিকাদার ছাড়া অন্য কেউ অংশ নিতে না পারে। এ থেকে প্রতিটি কার্যাদেশের বিপরীতে বড় অঙ্কের কমিশন তিনি নিজের পকেটে পুরতেন।

দিনাজপুরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা থেকে নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মূলত এসব অনৈতিক সুবিধা ও সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি গড়ে তোলেন অবৈধ সম্পদের বিশাল সাম্রাজ্য। পরবর্তীতে উপসহকারী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ার পর তাঁর দুর্নীতির মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করে।

সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশিদের স্থাবর সম্পদের তালিকায় রয়েছে একাধিক জমি, প্লট ও ফ্ল্যাট। ২০১০ সালের ২৪ আগস্ট তিনি বিরামপুরে অর্ধকোটি টাকা মূল্যের দুটি দোকান ও গোডাউন ক্রয় করেন, যার দলিল নম্বর ৪৫৯০। একই বছর ১০ অক্টোবর বিরামপুর মৌজায় ৩ শতাংশের একটি প্লট ক্রয় করেন, যার দলিল নম্বর ৩১৪৩। ২০১১ সালের ২২ জুন বাঁশবাড়িয়া মৌজায় ৫১.৫ শতাংশ জমি কেনেন, যার দলিল নম্বর ২৮৮৫।

সম্পদ অর্জনের ধারাবাহিকতায় ২০১১ সালের ২৪ আগস্ট বিরামপুর মৌজায় ৪০৮৩ নম্বর দলিলে ৭.৫ শতাংশ জমি কেনেন শাহনুর রশিদ। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বাঁশবাড়িয়া মৌজায় ৫০৯৯ নম্বর দলিলে কেনেন আরও ৩৩ শতাংশ জমি। পরবর্তীতে ২০১৮ সালের ১ জানুয়ারি রংপুরের সাতগাড়া মৌজায় ১২৭৫/১৮ নম্বর দলিলে ৪.০৮ শতাংশ জমি এবং ২০২০ সালে একই মৌজায় ৮৩৮৮ নম্বর দলিলে ১৪ লাখ ২০ হাজার টাকায় আরও একটি প্লট ক্রয় করেন।

তাঁর অর্জিত অন্যান্য সম্পদের মধ্যে রয়েছে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ৮৭৪ নম্বর দলিলে ২৫ লাখ টাকায় কেনা বিরামপুর মৌজার ১১.৫ শতাংশ জমি। এ ছাড়া বিরামপুরের কানিকাঠাল মৌজায় ৩১৭৬ ও ৩১৭৭ নম্বর দলিলে যথাক্রমে ৯৭.৫ শতাংশ এবং ৯১.৭৫ শতাংশ জমি ক্রয় করেন। রাজধানীর খিলগাঁওয়ের উত্তর মেরাদিয়ায় ২০২৩ সালের ১৩ ডিসেম্বর একটি ফ্ল্যাট কেনেন তিনি। ২০২৪ সালের ৫ ডিসেম্বর পল্লবীর বাউনিয়ায় ৯৮৭৫ নম্বর দলিলে কেনেন আরও একটি ফ্ল্যাট।

সরকারি চাকরি, কৃষি ও দোকানভাড়া থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে তিনি তাঁর আয়কর নথিতে উল্লেখ করেছেন। তবে স্বল্প আয়ের চাকরিতে থেকে এত কম সময়ে কীভাবে এই সম্পদের মালিক হলেন, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে নথিপত্র সরবরাহের নোটিশ পাঠানো হলেও অনুসন্ধান প্রক্রিয়া থামানোর জন্য রাজনৈতিকভাবে নানা তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।




ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

নাটোর প্রতিনিধিঃ দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান। ছবির মতো সুন্দর এই পল্লীতে বছরে শুধু অ্যালোভেরাই উৎপাদন হচ্ছে প্রায় ১৫ হাজার টন। এছাড়া শিমুল মূল, অশ্বগন্ধাসহ ১৪০ ধরনের ভেষজ উদ্ভিদ উৎপাদন হয়, যার মোট বাজার মূল্য অন্তত শত কোটি টাকা।

চারপাশে মাঠের পর মাঠ সবুজ অ্যালোভেরা। তার পাশের জমিতে চাষ হচ্ছে শতমূল, ঘৃতকাঞ্চন, মিছরিদানা, আলকুশি, অশ্বগন্ধা ও রোজেলা। প্রতিটি বাড়ির উঠানের আঙিনায় রয়েছে নানা প্রজাতির ঔষুধি উদ্ভিদ। এসব উদ্ভিদ উৎপাদন করে দেশের একমাত্র ঔষুধি পল্লী হিসেবে ঐতিহ্য অর্জন করেছে নাটোরের লক্ষ্মীপুর ও খোলাবাড়িয়া ইউনিয়নের মানুষরা।

সবার কাছে ‘ঔষুধি গ্রাম’ নামে সুপরিচিত এ পল্লী। এখানকার ১৬ গ্রামে চাষ হয় ১৫০ পদের ভেষজ ঔষুধি উদ্ভিদ। আর এসব ভেষজ উদ্ভিদ বাজারজাতকরণে এখানে গড়ে উঠেছে শতাধিক ভেষজ দোকান। ভেষজ উৎপাদন ও বিক্রির সঙ্গে এখানকার যুবকরা বেকারত্বকে দূরে সরিয়ে ভেষজ বিপ্লব ঘটিয়ে বদলেছেন নিজেদের ভাগ্য। এ বিপ্লবের ফলে গ্রামীণ অর্থনীতিতে বছরে এসেছে শত কোটি টাকা। ভেষজ উৎপাদন, বাজারজাত, পরিবহন কাজে এলাকার ১০ হাজার মানুষ সম্পৃক্ত রয়েছে।

নাটোর কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই এলাকায় প্রায় ১৫৫ হেক্টর জমিতে চাষ হয় ভেষজ উদ্ভিদের। যার মধ্যে ৭৫ হেক্টর জমিতেই শুধুমাত্র চাষ হয় অ্যালোভেরা। প্রতি বছরে প্রায় ১৫ হাজার মেট্রিকটন অ্যালোভেরা উৎপাদন হয় এখানে। শিমুলমূল চাষ হয় ৫০ হেক্টর জমিতে। বাকি ৩০ হেক্টর জমিতে করা হয় বিভিন্ন ভেষজ ঔষুধ। এখানকার অ্যালোভেরা প্রতিদিন ট্রাকযোগে চলে যায় দেশের বিভিন্ন জেলাতে। ঔষুধ, প্রসাধন, জুস ও শরবত তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয় এ অ্যালোভেরা। ময়মনসিংহের ভালুকাতে জুস তৈরির একটি কারখানা অ্যালোভেরার বড় ক্রেতা। এসব প্রতিষ্ঠানে পল্লীর ভেষজ গাছ থেকে উৎপাদিত ঔষুধ ও প্রসাধনী রপ্তানি হচ্ছে বিদেশেও। বছরে ১০০ কোটি টাকার ভেষজ ঔষুধ বিক্রি হয় এই পল্লী থেকে।

এই ঔষুধি গ্রামের মূল নায়ক কবিরাজ আফাজ উদ্দিন পাগলা। ১৯৯৫ সালের দিকে খোলাবাড়িয়া নিজ বসতবাড়িতে শুরু করেন ভেষজ ঔষুধ চাষ। নিজের বসতবাড়ির আশপাশে রোপণ করেন নানা জাতের ভেষজ। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব ভেষজ উদ্ভিদ সংগ্রহ করতেন তিনি। তার হাত ধরেই গ্রামের পর গ্রাম ছড়িয়েছে এ ভেষজ চাষ। তার কাছ থেকে এলাকার মানুষ উদ্বুদ্ধ হয়ে ভেষজ উৎপাদন শুরু করেন।

এখন দুই ইউনিয়নের ১৬ গ্রামে চাষ হয় এসব ভেষজ। ওই এলাকার প্রধান অর্থকরী ফসলে রুপ নিয়েছে এটি। এক সময়ে অভাব ও দারিদ্র্যে থাকা পল্লীর পরিবারে ফিরেছে সচ্ছলতা। ভেষজ চাষে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। ইব্রাহিমপুর, নতুনবাজার, হাজীগঞ্জ, আমিরগঞ্জ, গাবতলী, লক্ষীপুর গ্রামের প্রতিটি বাড়ির আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে-ঘৃতকাঞ্চন, শতমূলী, শিমুল, মিসরি দানা, ভুঁইকুমড়া, আলকুচি, বাসক, তুলসী, হরিতকী, বহেরা, তেলাকুচ, কেশরাজ, ধুতরা, পুদিনা, যষ্টিমধু, নিম, অর্জুন, ওলটকম্বল, লজ্জাবতী, হস্তী পলাশ, নিশিন্দা, রাজকণ্ঠ, নীলকণ্ঠ, হিমসাগর, দুধরাজ, ঈশ্বর মূল, রাহু চান্দাল, রক্ত চান্দাল, ভাই চান্দাল, বোন চান্দাল, ভুঁইকুমড়া, আমরুল, কেয়ামূলসহ শত রকমের ঔষধি গাছ। সেই আফাজ উদ্দিন পাগলার ছোট প্রচেষ্টা আজ দেশের একমাত্র ভেষজ পল্লী হিসেবে গড়ে উঠেছে। আফাজ উদ্দিনের মৃত্যু হলেও তার দেখানো পথ অনুসরণে পুরো এলাকায় মানুষের ভাগ্য পাল্টেছে।

রোজেলা চাষি শহিদুল ইসলাম জানান, ২০১৭ সালে প্রথম আমি রোজেলা চাষ শুরু করি। এ বছর ২ একর জমি চাষ করেছি। আমার এ চাষ দেখে স্থানীয় অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে চাষ করেছেন।

হাফিজুল ইসলাম নামে আরেক চাষি জানান, ১০ বছর থেকে অ্যালোভেরা চাষ করছি। অ্যালোভেরা চাষ অনেক লাভজনক। সঠিক পরিচর্যা করলে অ্যালোভেরার ফলন ভালো হয়। বছরে ১ বিঘা জমি থেকে ৩০ হাজার টাকা লাভ থাকে। আমাদের পুরো এলাকায় কম বেশি অ্যালোভেরা চাষ হয়। অনেক ব্যবসায়ী জমি থেকে অ্যালোভেরা কিনে নিয়ে ঢাকায় বিক্রি করেন।

ভেষজ চাষি রুস্তম আলী জানান, সর্বপ্রথম আমাদের এলাকায় ভেষজ ঔষুধ চাষ শুরু করেন আফাজ উদ্দিন। তার মাধ্যমে সবাই এ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। পুরো এলাকার মানুষ এ পেশায় যুক্ত। অনেক কৃষক এ ভেষজ চাষ করে হয়েছেন স্বাবলম্বী, অনেক পরিবারে সচ্ছলতা এসেছে। এই এলাকায় অ্যালোভেরা চাষ বেশি হয়ে থাকে। অ্যালোভেরা চাহিদা অনেক। পাশাপাশি দিনে দিনে রোজেলা চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক।

লক্ষ্মীপুর বাজারের ভেষজ পণ্য ব্যবসায়ী মোবারক হোসেন জানান, আমাদের নিজস্ব উৎপাদিত ভেষজ উদ্ভিদ প্রক্রিয়াজাত করে পাউডার ও হালুয়া তৈরি করি। এসব ভেষজ পণ্য শরীরের দুর্বলতা, পেটের সমস্যাসহ বিভিন্ন রোগ নিরাময় করে। প্রাকৃতিক উপায়ে এসব ভেষজ পাউডার সারাদেশে বিক্রি করি। চাহিদা অনেক, ফলে প্রতিদিন ব্যবসায়ীরা কিনতে আসেন। আমার মতো এলাকার অসংখ্য মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িত।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম বলেন, ভেষজ উদ্ভিদ চাষ করে ১৫/১৬ গ্রামের ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানকার চাষকৃত ঔষুধ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। বিশেষ করে অ্যালোভেরা প্রচুর উৎপাদন হয়ে থাকে। এটা কাঁচামাল হিসেবে শরবতের খুব জনপ্রিয়। ভেষজ উদ্ভিদ সংরক্ষণে গবেষণা ও কৃষকদের প্রশিক্ষণের আওতায় আনা হলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।




এবার ‘দ্য কিং’ সিনেমায়

বিনোদন ডেস্কঃ আবারও চলচ্চিত্রের গানে জুটি বাঁধলেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। নতুন এই গানের শিরোনাম ‘তুমি আমার প্রেম’। ‘দ্য কিং’ নামের চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গত বুধবার রাতে ঢাকার মগবাজারের ভেলোসিটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

মাসখানেকের মধ্যে এর শুটিং শুরুর কথা রয়েছে। বালাম ও কোনাল প্রথম একসঙ্গে গেয়েছিলেন ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ও প্রিয়তমা’ গানটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির এই গান দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলা চলচ্চিত্রের গান হিসেবে এটি গ্লোবাল টপ চার্টের ৩৪ নম্বরে জায়গা করে নেয়। এরপর ‘রাজকুমার’ চলচ্চিত্রের টাইটেল গানেও একসঙ্গে কণ্ঠ দেন তাঁরা। গানটিও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এই দুই চলচ্চিত্রের পর আরও দুটি চলচ্চিত্রে একসঙ্গে গান গেয়েছেন বালাম ও কোনাল। এর মধ্যে ‘দরদ’ মুক্তি পেয়েছে, অন্য একটি চলচ্চিত্রের শুটিং এখনো শুরু হয়নি। ‘দ্য কিং’ চলচ্চিত্রের ‘তুমি আমার প্রেম’ গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। রেকর্ডিংয়ের সময় গানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গানটি নিয়ে আশাবাদী শওকত আলী ইমন। তিনি বলেন, ‘বালাম-কোনাল দুজনই পরীক্ষিত শিল্পী।  যাঁর যাঁর জায়গায় আলোকিত। চলচ্চিত্রে তাঁরা দুজন দারুণ কয়েকটি গান উপহার দিয়েছেন। আমিও চেয়েছিলাম, একটি গানে তাঁদের একসঙ্গে করতে। সুন্দর একটি গান তৈরির পর দুজনকে প্রস্তাব দিই। তারাও সানন্দে রাজি হন। দুজনই অসাধারণ গেয়েছেন।’




অনিরুদ্ধ-কাব্যের বিয়ের জল্পনায় সিলমোহর, কবে বসবে আসর?

বিনোদন ডেস্কঃ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও আইপিএলের ক্রিকেট দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান। দুই পরিবারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই সেই খবর প্রকাশ্যে আনলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আগামী নভেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ ও স্থান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাদের বিয়ের সংবর্ধনা আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংবর্ধনার তারিখ জানান। তিনি লেখেন, সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও তার স্ত্রী কাভেরি মারান হায়দরাবাদের জুবিলি হিলসে তার বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পোস্টে অনিরুদ্ধ ও কাব্য সংবর্ধনার কথা প্রকাশ্যে আসার পর তাদের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে অনিরুদ্ধ ও কাব্য নিজেরা এখনো বিয়ের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানাননি।

অনিরুদ্ধ ও কাব্যকে ঘিরে বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৫ সালে প্রথম তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। গত বছরের জুনে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। সে সময় তিনি হাস্যরসের ছলে ভক্তদের গুজব না ছড়ানোর অনুরোধ জানান।

পরে চলতি বছরের জুনে অনিরুদ্ধের কাকা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে তাদের বিয়ের জল্পনায় নতুন করে ইন্ধন দেন। তার বক্তব্যে বিয়ের আয়োজন নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

অনিরুদ্ধ রবিচন্দ্র দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘লিও’, ‘ইন্ডিয়ান ২’, ‘ভেত্তাইয়ান’, ‘বিদামুয়ার্চি’ ও ‘কুলি’র মতো আলোচিত চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন তিনি। তার সুর ও গান তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়।

অন্যদিকে, কাব্য মারান সান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক হিসেবেও পরিচিত তিনি।

দীর্ঘদিনের গুঞ্জনের পর এবার কাব্যের পরিবারের পক্ষ থেকে সংবর্ধনার আমন্ত্রণের খবর প্রকাশ্যে এসেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।




পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিজম বোর্ডকে নির্দেশনা

পর্যটন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৭ অক্টোবর) মন্ত্রী ট্যুরিজম বোর্ডকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আয়োজন এবং সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

নির্দেশনায় মন্ত্রী অগ্নিকাণ্ডের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠাতে বলেছেন।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে পর্যটন কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নি নিরাপত্তা জোরদারকরণ এবং জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে।

এদিকে দুপুরে দেওয়া এক বিবৃতিতে কক্সবাজারের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী।

মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সাথে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, ‘এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।’




বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন

বিশেষ প্রতিনিধি, বগুড়াঃ বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে দ্বিতীয় একটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।

জানা গেছে, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ডাউন কলেজ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এতে মরদেহটি আরও ক্ষতিগ্রস্ত হয়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি বর্তমানে স্টেশনে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




কমিশন বাণিজ্য ও বিপুল সম্পদের অভিযোগে আলোচনায় গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই-এম) মো. কায়কোবাদকে ঘিরে কমিশন বাণিজ্য, প্রভাব খাটানো এবং বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। দপ্তরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের দাবি, বিভিন্ন সময়ে অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি ঠিকাদারদের কাছ থেকে কাজের বিনিময়ে কমিশন আদায়ের একটি ব্যবস্থা গড়ে তুলেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, তার পর দায়িত্ব পালন করা মোহাম্মদ শামীম আখতার এবং বর্তমান প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানের সময়েও কায়কোবাদ গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন। দপ্তরের ভেতরে তিনি ‘ক্যাশিয়ার’ নামে পরিচিত বলেও দাবি করেছেন কয়েকজন। তাদের অভিযোগ, প্রভাবশালী ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হয়। একটি সার্কেলের বার্ষিক কাজের হিসাব ধরলেও এই হার অনুযায়ী বড় অঙ্কের অর্থ আদায়ের সুযোগ তৈরি হয় বলে তাদের দাবি। তবে নির্দিষ্ট কোনো প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগের পক্ষে যাচাইযোগ্য নথি বা চূড়ান্ত তদন্তের ফলাফল এখানে পাওয়া যায়নি।

কায়কোবাদের অধীন বিভিন্ন সার্কেলে প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই পুরো বিল তুলে নেওয়ার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে বাস্তবে কাজ না করেও শতভাগ বিল উত্তোলন করা হয়েছে। এ ধরনের অভিযোগের সঙ্গে নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাসের নামও এসেছে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এরপরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর কিংবা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।

এই পরিস্থিতিতে অধীন কর্মকর্তাদের বিরুদ্ধে কাজ না করে বিল তোলার অভিযোগ থাকলে তদারকির দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কায়কোবাদ সংশ্লিষ্ট সার্কেলগুলোর দায়িত্বে থাকাকালে প্রকল্পের কাজ, বিল অনুমোদন এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া যথাযথভাবে তদারকি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা নির্ধারণে প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিলের নথি, পরিদর্শন প্রতিবেদন এবং অর্থ পরিশোধের রেকর্ড পরীক্ষা করা জরুরি।

কায়কোবাদের বিরুদ্ধে ওঠা আরেকটি গুরুতর অভিযোগ হলো, সরকারি চাকরি থেকে পাওয়া আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হওয়া। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তার ও পরিবারের সদস্যদের নামে একাধিক ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে রাজধানীর ইকবাল রোডের ‘এ’ ব্লকে ‘আমেনাস ড্রিম’ ভবনে আনুমানিক সাত কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া উত্তরায় দুটি, ধানমন্ডিতে একটি এবং বনানীতে দুটি ফ্ল্যাট থাকার তথ্য দিয়েছেন সূত্রগুলো।

সম্পদের তালিকায় পূর্বাচলের আমুলিয়া প্রজেক্টে ৪০ কাঠা জমি থাকার অভিযোগও রয়েছে। একই সঙ্গে ঢাকার ধামরাইয়ে একটি ১০ তলা ভবন এবং কায়কোবাদের নিজ জেলা শেরপুরে নামে-বেনামে বিপুল পরিমাণ জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি থাকার দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের আরও অভিযোগ, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের নাম ব্যবহার করেও সম্পদ রাখা হয়ে থাকতে পারে। তবে এসব সম্পত্তির দলিল, খতিয়ান, নিবন্ধন নথি কিংবা প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবারের ব্যবহারের জন্য নতুন মডেলের একটি টয়োটা এক্সিও গাড়ি থাকার কথাও উল্লেখ করেছেন সূত্রগুলো। তাদের দাবি, গাড়িটি আলআমিন নামের এক চালকের নামে রয়েছে। তবে গাড়িটির নিবন্ধিত মালিকানা, অর্থের উৎস এবং কায়কোবাদ বা তার পরিবারের সঙ্গে এর আর্থিক সম্পর্ক সম্পর্কে কোনো যাচাই করা তথ্য পাওয়া যায়নি। এ কারণে গাড়িটিকে তার সম্পদ হিসেবে নিশ্চিতভাবে উল্লেখ করার আগে সংশ্লিষ্ট নথি পরীক্ষা করা জরুরি।

কায়কোবাদের কর্মজীবনের বিভিন্ন পর্যায় নিয়েও আলোচনা রয়েছে। সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সময় তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই-এম) হিসেবে গণপূর্তের ই-এম প্ল্যানিং সার্কেলে কর্মরত ছিলেন। পরে চট্টগ্রাম ই-এম সার্কেলে দায়িত্ব পালন করে ঢাকার গুরুত্বপূর্ণ ই-এম সার্কেল-২-এর দায়িত্ব পান। কয়েকজন সহকর্মীর অভিযোগ, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা নিয়েছেন। তবে এই অভিযোগের পক্ষে নির্দিষ্ট লেনদেনের নথি বা কোনো তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিবেদনে নেই।

সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কায়কোবাদের সম্পদ ও আয়ের উৎসও একইভাবে খতিয়ে দেখা হচ্ছে কি না। তবে কায়কোবাদকে ঘিরে ওঠা অভিযোগের কারণে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য নিরপেক্ষ অনুসন্ধান এবং প্রমাণভিত্তিক মূল্যায়ন প্রয়োজন।

সংশ্লিষ্টদের দাবি, কায়কোবাদের নামে ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বৈধ উৎস, প্রকল্পের বিল অনুমোদন, ঠিকাদারদের সঙ্গে আর্থিক লেনদেন এবং তার অধীন সার্কেলগুলোর কাজের বাস্তব অগ্রগতি খতিয়ে দেখা হোক। অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে অভিযোগে নাম আসা কর্মকর্তাদের বক্তব্য নেওয়া এবং অভিযোগগুলোর নথিভিত্তিক যাচাই নিশ্চিত করাও জরুরি।

প্রতিবেদন তৈরির সময় গত ৪ ও ৫ অক্টোবর মো. কায়কোবাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়। হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠিয়ে তার বক্তব্য জানার চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে যুক্ত করা হবে।