‘কর্মসংস্থান ও শিল্প চাহিদার সামঞ্জস্যে পূর্ণাঙ্গ টিভেট ইকোসিস্টেম গড়ে তুলছে বাংলাদেশ’

বিশেষ প্রতিবেদকঃ বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটালাইজেশন ও সবুজ প্রযুক্তিনির্ভর পরিবর্তিত শ্রমবাজারের চাহিদা মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণকে (টিভেট) প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ।

প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে কারিগরি শিক্ষার আধুনিকায়ন এবং শিল্প চাহিদার সামঞ্জস্যে একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।

শুক্রবার চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’- এর উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপনকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেন।

তিয়ানজিন মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘টিভেট: পরিবর্তনকে যৌথভাবে গ্রহণ, যৌথভাবে মানদণ্ড প্রতিষ্ঠা এবং যৌথভাবে ভবিষ্যৎ নির্মাণ’। উচ্চপর্যায়ের এই বৈশ্বিক সম্মেলনে ৪০টিরও বেশি দেশের শিক্ষামন্ত্রী, ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধিদল, ইউনেস্কোর উচ্চপদস্থ প্রতিনিধি, শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রধান এবং কারিগরি শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং, চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং, তিয়ানজিনের মেয়র ঝাং গং, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন নেতৃত্ব উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অধিবেশনের প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান সম্পদ তার জনগণ এবং মানবসম্পদই জাতীয় অগ্রগতির প্রধান ভিত্তি।’

তিনি টিভেটকে এমন এক অপরিহার্য সেতুবন্ধন হিসেবে অভিহিত করেন, যা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কর্মসংস্থানের সঙ্গে, একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে এবং তরুণদের সম্ভাবনাকে উৎপাদনশীল অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত করে।

ভবিষ্যতের অর্থনীতির চাহিদা পূরণে কেবল একাডেমিক শিক্ষা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সঙ্গে ব্যবহারিক, প্রযুক্তিগত এবং ডিজিটাল দক্ষতার সমন্বয় অপরিহার্য।

বাংলাদেশের টিভেট সংস্কার কর্মসূচি কেবল নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম গড়ে তুলছি, যেখানে পাঠ্যক্রম বাস্তবভিত্তিক শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে; শিক্ষকরা দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে নিজেদের নিয়মিত হালনাগাদ রাখবেন; শিক্ষার্থীরা হাতে-কলমে শিল্প-সংযুক্ত অভিজ্ঞতা অর্জন করবে; এবং জাতীয় যোগ্যতা কাঠামো সরাসরি কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরি করবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থাকে উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক জাতীয় উন্নয়নের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করা।

গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, উভয় দেশ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ চীনের সফল অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে দেশের টিভেট খাতকে আধুনিকায়ন, শিল্প-প্রতিষ্ঠান সংযোগ জোরদার, শিক্ষকদের সক্ষমতা উন্নয়ন এবং শিল্প-সংযুক্ত ব্যবহারিক শিক্ষার প্রসারে কাজ করছে।

সম্মেলনের বৈশ্বিক প্রতিপাদ্যের আলোকে শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি সুনির্দিষ্ট আহ্বান জানান।

১. উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থাগুলোকে আরও অভিযোজনক্ষম ও গতিশীল করা।

২. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা।

৩. সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত, নিয়োগদাতা, আন্তর্জাতিক সংস্থা এবং তরুণ সমাজকে অংশীদারিত্বমূলক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণ করা।

চীন-বাংলাদেশ যৌথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব:

সম্মেলনের ফাঁকে শিক্ষামন্ত্রী মিলন চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বিদ্যমান বাংলাদেশি কারিগরি প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে একটি ‘বাংলাদেশ-চীন যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার পরিকল্পনাসহ বিভিন্ন সহযোগিতা বিষয়ক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষ এসব অগ্রাধিকারমূলক সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণে সম্মত হয়।




পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে হবে। মানুষ যত বেশি সচেতন হবে, কাজ তত সহজ হবে। এজন্য পরিবেশ ও বন রক্ষায় নেওয়া সিদ্ধান্ত এবং পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমের পৃথক পরিকল্পনা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি (বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ মাতৃগাছ) চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত হয়।

গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা, রোপণ করা চারা বেঁচে আছে কি না, তা নিজস্ব লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা এবং পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর উপায় খুঁজে বের করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষের প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জায়গা কম। এ ধরনের জায়গা বাড়াতে হবে। পাশাপাশি ছাদবাগান, স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে। এটি দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনি আপনার যেটা ডিউটি, তার থেকে আপনি কিন্তু একটু বেশি করার সক্ষমতা আপনার রয়েছে।

তিনি বলেন, দেশের জন্য কাজ করার সুযোগ সবার কাছে আসে না। যারা এখন দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, তাদের সেই সুযোগ রয়েছে। শুধু নির্ধারিত দায়িত্ব পালন করে থেমে গেলে হবে না, দেশের মানুষের জন্য আরও কিছু করার চেষ্টা থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আল্লাহ তা’আলা আমাদের একটা সুযোগ দিয়েছেন এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছুটা করার। আপনি ৯টা-৫টা অফিস করতেই পারেন। এরপরে যদি আপনি কিছু না করেন, কেউ কিছু বলবে না। কিন্তু পরিবেশটা যদি খারাপ হয়ে যায়, ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনার পরবর্তী প্রজন্ম তো দেশেই থাকবে।

তিনি বলেন, দেশের পরিবেশ ভালো রাখতে হলে সবাইকে নিজ নিজ দায়িত্বের বাইরে গিয়েও কিছুটা বেশি কাজ করতে হবে। পরিবর্তন আনতে চাইলে নিজের সক্ষমতা কাজে লাগিয়ে এগিয়ে আসতে হবে।

২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করতে পারলে এর সুফল দেশের সব মানুষ পাবে। সবাই এগিয়ে এলে সম্মিলিতভাবে দেশের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও তদারকি নিশ্চিত করতে হবে।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন মৌসুমের শুরুতেই পুরোনো তিক্ততা ও দুই সুপারস্টারের মধ্যকার ঐতিহাসিক দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে নিয়ে এলেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। জনপ্রিয় এই চ্যাট শোয়ের নবম মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হয়ে সঞ্চালক করণ জোহরকে উদ্দেশ করে সালমান এমন এক প্রশ্ন ছুড়ে দেন, যা নিয়ে ইতিমধ্যেই বিনোদন দুনিয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

সম্প্রতি জিও হটস্টারে প্রিমিয়ার হওয়া শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক করণ জোহর স্বীকার করেন যে সালমানের সামনে এলে তিনি আজও একধরনের অস্বস্তি ও স্নায়ুর চাপে ভোগেন। করণ বলেন, অন্য কেউ আমাকে এতটা চাপে বা নার্ভাস করে না, যতটা আপনি করেন। জানি না কেন, এই অনুভূতি আজও বদলায়নি। করণের এই কথার জবাবে বিন্দুমাত্র সময় না নিয়ে সালমান পাল্টা প্রশ্ন করেন, এই ভয়ের পেছনে কি কেবল করণ নিজেই দায়ী, নাকি এর সঙ্গে অন্য কেউ জড়িত? এরপর নিজেই সেই রহস্যের বরফ গলিয়ে সালমান বলেন, এখন আর তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে।

তবে অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে সালমান আরও যোগ করেন, একসময় কিন্তু পরিস্থিতি এমন ছিল না। তিনি বলেন, সে সময় আমি বুঝতেই পারতাম যে তুমি আসলে আমাকে নয়, বরং শাহরুখ খানের কথা ভেবেই ভয় পেতে। সালমানের এই অকপট মন্তব্যে স্টুডিওতে হাসির রোল উঠলেও, তা দর্শকদের মনে করিয়ে দেয় বলিউড ইন্ডাস্ট্রির দুই মহাতারকা—শাহরুখ খান ও সালমান খানের বহুল চর্চিত সেই পুরোনো দ্বন্দ্বের দিনগুলোর কথা।

উল্লেখ্য, ২০০৮ সালের জুলাই মাসে মুম্বাইয়ে ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে এক তীব্র বাগবিতণ্ডার জেরে দুই খানের সম্পর্কে ব্যাপক ফাটল ধরেছিল। সে সময় তাদের নিজ নিজ টেলিভিশন রিয়ালিটি শো এবং সালমান খানের সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে হওয়া কিছু মন্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জানা যায়, সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকা করণ জোহর ঝামেলার পর শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের সঙ্গেই পার্টি ছেড়ে চলে গিয়েছিলেন। এরপর দীর্ঘ বছর একে অপরের মুখ দেখাদেখি বন্ধ রাখলেও, ২০১৩ সালে রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে এক ঐতিহাসিক আলিঙ্গনের মাধ্যমে তাদের সম্পর্কের বরফ গলে। পরবর্তীতে তারা কেবল নিজেদের মধ্যকার দূরত্বই ঘুচিয়ে আনেননি, বরং একে অপরের সিনেমাতেও ক্যামিও বা বিশেষ চরিত্রে অভিনয় করে বন্ধুত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।




বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ

ডেস্ক নিউজঃ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে।

সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।




এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

বিনোদন ডেস্কঃ ভিউ, লাইক কিংবা সামান্য অর্থ উপার্জনের আশায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। শুধু তা-ই নয়, এসব কনটেন্ট শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতাকেও সামাজিক সমস্যা হিসেবে দেখছেন তিনি।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। সেখানে তিনি প্রশ্ন তোলেন, ভিউ, লাইক, শেয়ার কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।

মেহজাবীনের ভাষ্য, এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তাকে হেয় করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া বিনোদনের পর্যায়ে পড়ে না; এটি অপরাধ। এ ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করেন, তখন এর দায় শুধু নির্মাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং এমন কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের মানসিকতা ও দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তৈরি হয়।

কাউকে মানুষ হিসেবে সম্মান করার জন্য তিনি নিজের পরিবারের সদস্য হতে হবে কেন, সেই প্রশ্নও তুলেছেন মেহজাবীন। কারও মা কিংবা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো, শুধু এ ধরনের যুক্তির ওপর নির্ভর না করে সবার প্রতি স্বাভাবিক সম্মানবোধ বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী। তার বক্তব্য, অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম। মানুষের সংগ্রাম ও বাস্তবতা সম্পর্কে তিনি সচেতন। কিন্তু অন্য একজনকে অপমান ও অসম্মান করে সেই পরিস্থিতিকে উপার্জনের উপায় হিসেবে ব্যবহার করা কতটা ন্যায়সংগত, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

মেহজাবীনের পর্যবেক্ষণ, ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতা এখন আর নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর প্রতিযোগিতায় যে কেউ এমন কনটেন্ট ছড়ানোর অংশ হয়ে উঠতে পারেন। একইভাবে, যে কেউ এর শিকারও হতে পারেন।

শুধু বানোয়াট কনটেন্ট তৈরি করাই নয়, সেগুলো স্বেচ্ছায় শেয়ার করা, সেগুলো নিয়ে আলোচনা করা এবং আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন মেহজাবীন।

ফেসবুক পোস্টের শেষাংশে অভিনেত্রী অপরাধমূলক কর্মকাণ্ডে পরোক্ষভাবে অংশ নেওয়ার বিষয়ে সবাইকে আত্মসমালোচনার আহ্বান জানান। তার বক্তব্যের মূল কথা, একজন অপরাধীর কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, তা প্রত্যেকেরই ভেবে দেখা উচিত।




বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

বিনোদন ডেস্কঃ মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির বিদেশি নিবন্ধন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। তিনি বলিউড তারকা আমির খানের ভাতিজা। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তার অভিযোগের পর বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইমরানের কাছে ওই নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। মুম্বাইয়ের খার এলাকায় বসবাস করেন এই অভিনেতা।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। ওই সময় অভিনেতা, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং আত্মীয় জাইন মেরিসহ প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।

পরে জাইন অভিযোগ করেন, আটকের সময় পুলিশ তাকে মারধর ও হেনস্তা করেছে। একটি ভিডিওতে তিনি দাবি করেন, তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। এদিকে বিজেপি নেতা সোমাইয়া ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানান। একই সঙ্গে তার নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, বিদেশি নাগরিক হয়ে কেউ রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না।

তবে বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান জানিয়েছেন, কোনো সংগঠনের প্রতিনিধি হিসেবে কিংবা নির্দিষ্ট কোনো দাবি নিয়ে তিনি সেখানে যাননি। মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

ইমরানের ভাষ্য, তার সেখানে যাওয়ার পেছনে কোনো নির্দিষ্ট দাবি ছিল না। তিনি এই শহরে থাকেন এবং একজন নাগরিক হিসেবে সেখানে গিয়েছিলেন। মানুষের চলাচলের স্বাধীনতা কেন সীমিত করা হচ্ছে এবং কেন তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তা দেখতেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পান বলিউড অভিনেতা ইমরান খান, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জায়েন মারি খান। মুক্তির পর আটকের অভিজ্ঞতা তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা। তাদের অভিযোগ, আটকের কারণ জানানো হয়নি, এমনকি বাড়ি ফেরার পথেও বাধার মুখে পড়তে হয়।




উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩৪০০ কোস্টগার্ড সদস্য মোতায়েন

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড। সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকার ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। আগামী ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ ছাড়া বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম বাড়ানো হবে। পাশাপাশি স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করা হবে।

কোস্ট গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটির দায়িত্বপূর্ণ এলাকার চারটি জোনে মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জোনে ৩৭টি, পূর্ব জোন বা চট্টগ্রামে ৬৩টি, পশ্চিম জোন বা মোংলায় ১৪৪টি এবং দক্ষিণ জোন বা ভোলায় ৩৭১টি মন্দির ও পূজামণ্ডপ রয়েছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সাম্প্রদায়িক উসকানি, গুজব ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ড প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিমা বিসর্জনের সময় নৌপথে দুর্ঘটনা এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান চলাচল বন্ধ রাখা, নৌযানে থাকা সবার লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের স্থানে নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে।

কোস্ট গার্ড জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে সংস্থাটির জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।




‘জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য সাইফ’, কেন এমনটা শুনতে হলো অভিনেতাকে

বিনোদন ডেস্কঃ এতদিন সোশ্যাল মিডিয়ার দুনিয়া থেকে সম্পূর্ণ দূরত্ব বজায় রাখলেও অবশেষে ইনস্টাগ্রামে অফিশিয়াল অ্যাকাউন্ট খুলে ভক্তদের চমকে দিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ব্যক্তিগত জীবনকে বরাবরই প্রচারের আলোর বাইরে রাখতে পছন্দ করা এই তারকা অবশেষে ফটো শেয়ারিং এই প্ল্যাটফর্মে পা রাখায় উচ্ছ্বসিত তার ভক্তরা। সাইফ ইনস্টাগ্রামে যোগ দেওয়ার পর থেকেই তার প্রথম পোস্ট ও অ্যাক্টিভিটির দিকে নজর ছিল নেটিজেনদের।

বলিউড ডিভা ও স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে বিবাহিত সাইফের নিজস্ব কোনো পাবলিক অ্যাকাউন্ট এতদিন ছিল না। ভক্তরা সাধারণত কারিনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই তাদের পারিবারিক জীবনের নানা মুহূর্তের ঝিলিক পেতেন। তবে এবার সাইফের এই ইনস্টাগ্রাম ডেবিউয়ের ফলে অভিনেতার দৈনন্দিন জীবনের আরও কাছাকাছি পৌঁছানোর সুযোগ পেলেন অনুরাগীরা। বিশেষ করে সাইফ এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পর প্রথম যাকে ফলো করেছেন, তিনি হলেন তার স্ত্রী কারিনা কাপুর খান এবং কারিনাও তাকে সঙ্গে সঙ্গেই ফলো ব্যাক করেছেন। এ ছাড়া সাইফের ফলোয়ারদের তালিকায় তার বোন সোহা আলি খানের নামও যুক্ত হয়েছে।

ইনস্টাগ্রামে নিজের প্রথম পোস্টে পারিবারিক ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে বিখ্যাত পাটুয়াড়ি লাইব্রেরি বা রাজকীয় গ্রন্থাগারের একটি ছবি বা প্রসঙ্গ তুলে ধরেছেন সাইফ। তার এই প্রথম পোস্টটি আসার সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে শুভেচ্ছা ও ভালোবাসার বান ডেকেছে ভক্তরা। কেউ তাকে স্বাগত জানিয়ে লিখেছেন ‌‘স্বাগতম ইনস্টাগ্রামে’, আবার কেউ লিখেছেন ‘রাজা এসে গেছে এবং চিরতরে থাকবে’। এমনকি এক অনুরাগী রসিকতা করে মন্তব্য করেছেন যে, জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য অবশেষে ইনস্টাগ্রামে যোগ দিলেন।

এদিকে, পেশাগত দিক থেকেও বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন সাইফ আলি খান। সম্প্রতি তাকে প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’ সিনেমায় দেখা গেছে, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। এর মাধ্যমে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন সাইফ ও অক্ষয়। এর আগে, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাশান’ সিনেমায় এই দুই তারকাকে শেষবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল।




৪০ বছর পর একসঙ্গে, কেমন জমল হৃতিক-রজনীকান্ত রসায়ন

বিনোদন ডেস্কঃ সিনেমা হলে ভক্তদের চরম উন্মাদনা আর উল্লাসের মধ্য দিয়ে আজ মুক্তি পেল রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। এর আগে থেকেই গুঞ্জন ছিল যে সিনেমাটিতে মোহনলাল, জ্যাকি শ্রফ ও বিজয় সেথুপতির মতো তারকারা ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে হৃতিক রোশনের উপস্থিতি ভক্তদের জন্য সম্পূর্ণ এক দারুণ চমক হয়ে এসেছে।

এই ছবির সুবাদে দীর্ঘ ৪০ বছর পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে আবারও বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন। ১৯৮৬ সালের হিন্দি সিনেমা ‘ভগবান দাদা’-য় শিশুশিল্পী হিসেবে অভিনয় করার চার দশক পর এবার এক পরিণত ও আকর্ষণীয় লুকে রজনীকান্তের তামিল ছবিতে ক্যামিও করলেন হৃতিক।

চলচ্চিত্রটি মুক্তির সঙ্গে সঙ্গেই হৃতিকের অনস্ক্রিন এন্ট্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রেক্ষাগৃহে ঝড় উঠেছে। সিনেমা হলের পরিবেশ কেমন ছিল তা বর্ণনা করতে গিয়ে এক ভক্ত লিখেছেন, থিয়েটার ফেটে পড়ার উপক্রম হয়েছিল! একপাশে রজনীকান্ত স্যারের সিগনেচার চশমা ফ্লিপ করা ও স্লো-ওয়াক, অন্যপাশে হৃতিকের র সোয়াগ আর তার এন্ট্রিতে অনিরুদ্ধের গান যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে এমন এক আবহ তৈরি করেছিল। পর্দায় সত্যিই আগুন লেগে গেছে! অপর এক অনুরাগী হৃতিককে চুলবুল পান্ডের স্টাইলে কলারের পেছনে সানগ্লাস ঝুলিয়ে রাখার ভঙিমাটি নকল করতে দেখেছেন বলে উল্লেখ করেন। রজনীকান্ত ও হৃতিক রোশনের এই বিশাল কম্বো বড় পর্দায় দেখার অভিজ্ঞতাকে এক অনন্য প্রাপ্তি বলে অভিহিত করছেন দর্শকরা।

২০১৭ সালে ‘কাবিল’ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে হৃতিক জানিয়েছিলেন, যখন তিনি মাত্র ১২ বছরের শিশুশিল্পী হিসেবে ‘ভগবান দাদা’-র শুটিং করছিলেন, তখন রজনীকান্ত আগে থেকেই ভারতের এক বিশাল সুপারস্টার ছিলেন। সে সময় রজনীকান্ত তার সঙ্গে একজন বন্ধুর মতো মিশতেন। শুটিংয়ের সময় ছোট হৃতিক কোনো ভুল করলে বা সংলাপ ভুলে গেলে তার দাদু তথা পরিচালক জে ওম প্রকাশ যখন শট কেটে দিতেন, তখন রজনীকান্ত নিজে এগিয়ে এসে বলতেন, ‘সরি, আমার ভুল হয়ে গেছে।’ খুদে হৃতিকের আত্মবিশ্বাস যাতে কোনোভাবেই ভেঙে না যায়, সে জন্য রজনীকান্ত নিজের ঘাড়ে দোষ নিয়ে তাকে সব সময় স্বস্তি দিতেন—এই কথাটি আজও মনে রেখেছেন হৃতিক।

উল্লেখ্য, ১৯৮৬ সালের সেই সিনেমাটিতে হৃতিকের দাদু জে ওম প্রকাশের পরিচালনায় রাকেশ রোশন, শ্রীদেবী, পরেশ রাওয়াল এবং ড্যানি ডেনজংপার মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় এবং কালানিথি মারানের সান পিকচার্সের ব্যানারে নির্মিত ‘জেলার ২’ হলো ২০২৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েল। এবারের এই সিক্যুয়েলে রজনীকান্তের পাশাপাশি রাম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মোহনলাল, বিদ্যা বালান, সুরজ ভেঞ্জারমুডু এবং মিঠুন চক্রবর্তীর মতো প্রথিতযশা শিল্পীরা অভিনয় করেছেন। ছবিটির দুর্দান্ত সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন, চিত্রগ্রহণ করেছেন বিজয় কার্তিক কন্নন এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আর নির্মল।

দীর্ঘ চার দশক পর রজনীকান্তের সঙ্গে হৃতিকের এই স্ক্রিন শেয়ার এবং ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিতে তার আকস্মিক উপস্থিতি ছবিটির উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।




মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

ডেস্ক নিউজঃ মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া।

সরকারের মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশটির শ্রমবাজারে আরও উন্মুক্ত ও অংশগ্রহণমূলক নিয়োগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে কাজ করছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ ও সীমিত হয়ে যাওয়া বৈদেশিক শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে এজেন্সির সংখ্যা ৩৩৮টি।

মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

এ ছাড়া বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে মালয়েশিয়া। সরকারের মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশটির শ্রমবাজারে আরও উন্মুক্ত ও অংশগ্রহণমূলক নিয়োগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি নির্বাচন ও তালিকাভুক্ত করার বিধান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এজেন্সিগুলোর যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। ওই প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ার সঙ্গে ধারাবাহিক আলোচনা চালানো হয়। প্রধানমন্ত্রী তার প্রথম সরকারি বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেন এবং সফরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার অনুমোদিত এজেন্সিগুলো চাকরির চাহিদাপত্র সংগ্রহ ও কর্মী নির্বাচন করবে। এরপর কলিং ভিসা, ই-ভিসাসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ায় বোয়েসেল ও তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি সহায়তা করবে। মালয়েশিয়ায় নিয়োগের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।

প্রতিটি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনে কর্মীদের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিতে পারবে। এ ক্ষেত্রে বোয়েসেল ও ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সরকার। মন্ত্রণালয় বলেছে, নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কর্মীদের অতিরিক্ত আর্থিক বোঝা থেকে সুরক্ষা দিতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে দেশের আইন মেনে এবং কর্মীদের স্বার্থ রক্ষা করে নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করবে দুই দেশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া এখনো চলমান। বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী, এ তালিকা চূড়ান্ত করার দায়িত্ব বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশের।

মন্ত্রণালয় জানায়, শ্রমবাজার দ্রুত চালুর স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিকেল সেন্টার পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। তবে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শনের পর নতুন তালিকার চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা রয়েছে।

এ প্রক্রিয়ায় সময় প্রয়োজন হওয়ায় মালয়েশিয়া সরকারের অনুমোদিত বিদ্যমান তালিকা থেকে বিতর্কিত ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলো বাদ দিয়ে অবশিষ্ট সেন্টারগুলোর মাধ্যমে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসে নতুন নীতিমালার আলোকে মেডিকেল সেন্টার যাচাই-বাছাই করবে।

মন্ত্রণালয় আরও জানায়, মালয়েশিয়ার সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলো বাংলাদেশের কর্তৃপক্ষ নিয়মিত যাচাই করবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট সেন্টারের কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হবে। পর্যায়ক্রমে নতুন মেডিকেল সেন্টার তালিকায় যুক্ত করা হবে এবং সংশোধিত তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগকে দুই দেশের শ্রম সহযোগিতার নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সম্মিলিতভাবে এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।