মৌসুমীকে নিয়ে অপপ্রচারে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুত্র ফারদিনের

বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তার ছেলে ফারদিন এহেসান স্বাধীন। নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত কনটেন্ট সরিয়ে না নিলে উকিল নোটিশ পাঠানোর পাশাপাশি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর পুত্র ফারদিন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ সতর্কবার্তা দেন ফারদিন। স্ট্যাটাসে তিনি লেখেন, ২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেট করে বাসায় যাও। এইসব ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।

ফারদিনের ওই পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা যায়। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। পোস্টের সঙ্গে একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি। তবে লিংকটিতে প্রবেশ করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মৌসুমীকে নিয়ে একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন অভিনেতা ওমর সানী।

ওমর সানী জানান, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি মিথ্যা ও বানোয়াট।

এদিকে, ফারদিনের ফেসবুক পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে ছেলেকে ধন্যবাদ জানিয়েছেন ওমর সানী। মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ফারদিনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।




আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

ইসলামিক ডেস্কঃ اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي رِزْقِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি লি ফি রিজকি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি। 

অর্থ: হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি (সা.)-কে রাতে উল্লিখিত দোয়া পাঠ করতে শোনেন। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫০০)

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়-রোজগার বাড়ার জন্য এই দোয়া শিখিয়ে দিয়েছেন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘তিনিই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক: ১৫)

আয়-রোজগার বাড়ার বেশ কিছু আমল রয়েছে। তবে এ কথা মনে রাখতে হবে অঢেল আয়-রোজগারেই সুখ ও মানসিক শান্তি নেই। এর জন্য বেশকিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে, অল্পতেও অনেক তৃপ্তি ও মানসিক প্রশান্তি মেলে।

তাকওয়া অর্জন করা

তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহর ভয়। এটি আয়-রোজগার লাভের অন্যতম একটি উপায়, এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)।

হাফেজ ইবনে কাসির (রহ.) উপরোক্ত আয়াত দুটির তাফসির প্রসঙ্গে বলেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলি পালন করে এবং তার নিষিদ্ধ কার্যাবলি থেকে বিরত থেকে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তায়ালা তার জন্য সব বিপদাপদ থেকে মুক্ত হওয়ার পথ করে দেবেন এবং যেখান থেকে সে রিজিক লাভ করার কথা স্বপ্নেও চিন্তা করে না; সেখান থেকে তাকে রিজিক দেবেন। (তাফসিরে ইবনে কাসির ৪/৪০০)

পাপাচার থেকে মুক্ত থাকা

সবসময় পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা। কারণ নেক আমল ও ভালো কাজে যেমন মানুষের জীবন-জীবিকায় বরকত আসে, তেমনি পাপ কাজ জীবন-জীবিকার বরকত নষ্ট করে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে, নেক কাজে আয়ু বাড়ে আর বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২২৪১৩)

হালাল পন্থায় আয়

রিজিকে বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হালাল পন্থায় আয় করা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ।’ (শুআবুল ইমান, বায়হাকি; কানযুল উম্মাল: ৯২০৩)।

দান করা

দান-সদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। মহান আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে (অর্থাৎ প্রাচুর্য আসবে)।’ (বুখারি: ৫৩৫২)




ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গু ডেস্কঃ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৩৩১ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ সাত হাজার ২৫৯ জন।

চলতি বছরে এ যাবত মোট এক লাখ এক হাজার ৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে এক হাজার ৮৩০ জন।




ব্যাটিং বিপর্যয়ে লজ্জার হার বাংলাদেশের মেয়েদের

খেলাধুলা ডেস্কঃ নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৮ উইকেটের বড় জয় পায় লঙ্কান মেয়েরা।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি টাইগ্রেসরা। ওপেনার মাইমুনা নাহার ২৬ বলে ২৩ রান করেন। বাকিরা ক্রিজে এসেই বিদায় নিয়েছেন। পুরো ইনিংসে মাইমুনা বাদে আর কেউ ২০ রান করতে পারেননি। দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু সাদিয়া আক্তার। ২৬ বলে ১৭ রান করেছেন তিনি। ১৭.৩ ওভারের খেলা শেষে ৫৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট নেন লিমানসা। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় শ্রীলঙ্কা। ওপেনার উমায়াঙ্গানা পেইরিসের উইকেট হারিয়েছে তারা। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন ফারজানা ইয়াসমিম মেধা।

আরেক ওপেনার বিমোক্ষা ১৮ বলে ২২ রানের ক্যামিও খেলেছেন। শেষ দিকে নেথমি এবং লিমানসা মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ৫৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ফারজানা ইয়াসমিম মেধা এবং তিথি দাস অপর্ণা।
এই ম্যাচে হারলেও ফাইনালে আগেই চলে গেছে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।




৩-১ গোলে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে রোমার মাঠে এক স্মরণীয় প্রত্যাবর্তন দেখল ফুটবল বিশ্ব। শেষ ৮ মিনিটে তিন গোল করে রিয়াল মাদ্রিদ বুধবার চ্যাম্পিয়নস লিগে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এদিন ২০ মিনিটে স্বাগতিকদের প্রথম গোলটি করেন মার্থেন ডি রুন। ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট থিবো কোর্তোয়াকে পরাস্ত করে জালে ঢোকে।

তবে এর পাঁচ মিনিটের মধ্যেই ভুলের মাশুল দিতে হয় রোমাকে। এরমোসো একটি বল কাটতে গিয়ে ভুল করেন। কিলিয়ান এমবাপ্পে ফাঁকা পথ পেয়ে যান। তার শট গিয়ে আছড়ে পড়ে জালে। এটি ছিল এমবাপ্পের চ্যাম্পিয়নস লিগে ১০০তম ম্যাচ। এই গোল ছিল টুর্নামেন্টে তার ৭২তম। এতে তিনি রিয়ালের কিংবদন্তি রাউল গনজালেসকে ছাড়িয়ে সর্বকালের সেরা পাঁচে ঢুকে পড়েছেন। বিরতির আগে মার্ক কুকুরেইয়া ও জুড বেলিংহ্যামও গোলের কাছে যান, তবে গোল আর পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডনিয়েল মালেন ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করলে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ম্যাচ থেকে ছিটকে পড়ার উপক্রম হয়; রোমা তখন দুর্দান্ত দাপট দেখাচ্ছিল। তবে শেষ ছয় মিনিটে হোসে মরিনহোর শিষ্যরা তিনটি গোল করে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। প্রতিটি গোলই আসে কর্নার কিক থেকে।

কর্নারের পর হেডে ফিরে আসা বল কাছ থেকে জালে পাঠান কার্লোস এসপি। ব্যবধান কমে ২-৩। এর দুই মিনিট পর আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন এন্ড্রিক। ম্যাচ ৩-৩ হয়ে যায়। ৯০তম মিনিটে শেষ আঘাত হানেন রোমার সাবেক ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। মার্কারকে পেছনে ফেলে তিনি কাছ থেকে বল জালে পাঠান। রিয়াল ৪-৩ গোলে জিতে নেয়। স্তম্ভিত হয়ে পড়ে স্তাদিও অলিম্পিকো।

ম্যাচ শেষে মোরিনহো বলেন, বলা যেতে পারে, একই ম্যাচে যেন দুটি আলাদা খেলা হয়েছে। শুরুর দিকে রোমা সব দিক থেকেই ভালো খেলেছিল। যখন স্কোর ৩-১ ছিল, তখন সবাই সম্ভবত ভেবেছিল ম্যাচ শেষ। রোমার দায়িত্বে আড়াই বছর থাকাকালীন মোরিনহো কনফারেন্স লিগের শিরোপা জয় এবং ইউরোপা লিগের ফাইনালে দলকে পৌঁছে দিয়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সাত বছরেরও বেশি সময় পর রোমার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে, স্বাগতিক দর্শকরা ব্যানার প্রদর্শন ও স্লোগান দিয়ে এই পর্তুগিজ কোচকে সম্মান জানান।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্যায়ে নিজেদের প্রথম দুই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ছয় পয়েন্ট, অন্যদিকে রোমার ঝুলিতে রয়েছে এক পয়েন্ট।




আবারও হোবার্টের হয়ে বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

খেলাধুলা ডেস্কঃ আবারও অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ মাতাবেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য তাকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোবার্ট এবার অস্ট্রেলিয়ার মূল লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও দলে নিয়েছে। অর্থাৎ আগামী মৌসুমে হোবার্টে জাম্পা-রিশাদ জুটি দেখা যাবে।

হোবার্ট হারিকেন্সে অভিষেক আসরেই সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন রিশাদ। পরিসংখ্যানেও দেখা গেছে তার প্রতিফলন। গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন রিশাদ হোসেন। হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনিই। হয়েছিলেন হোবার্টের সেরা খেলোয়াড়ও।

বিগ ব্যাশের ১৪তম আসরের ড্রাফটে রিশাদকে প্রথমবারের মতো দলে নিয়েছিল হোবার্ট। তবে বিপিএলের ব্যস্ততার কারণে সেবার দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তার। পরে গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেক হয় রিশাদের, আর প্রথম সুযোগেই নিজের কার্যকারিতা প্রমাণ করেন।




টানা তৃতীয়বার এমএলএসের প্লে-অফে মেসির মায়ামি

খেলাধুলা ডেস্কঃ নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার সকালে নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটে হার্মান বের্তেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল। তার গোলের পেছনে ছিল মেসির দারুণ এক সহায়তা।

গোল না পেলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে এখন পর্যন্ত ২৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। টানা তৃতীয়বার এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন মেসি। গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও তার অবস্থান শক্ত।

অন্যদিকে, মায়ামির জয়ে বড় অবদান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের। ম্যাচের শেষ দিকে পেনাল্টিসহ চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। প্রতিপক্ষ ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি।

গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দলটি। আগামী ১৮ নভেম্বর শুরু হবে প্লে-অফের লড়াই।




সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন, ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতায় সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় ব্যয় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

তারেক রহমান বলেন, ‘আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই, একই সাথে আপনাদের সহযোগিতা দরকার এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য। আমরা একসাথে হয়েই ১৯৭১ সালে এই দেশকে স্বাধীন করেছিলাম। আমরা সকলে একসাথে ১৯৯০-এর সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকেও সফল করেছিলাম। আবার সকলস্তরের মানুষ একত্রিত হয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানকেও সফল করেছিলাম। আমরা যদি এতগুলো কাজ পারি, তাহলে কেন আমরা দেশের অন্য যে সকল সমস্যা আছে, সকলে মিলে যদি একটু একটু করে আমরা কন্ট্রিবিউট করি, একটু একটু করে যদি আমরা অংশগ্রহণ করি, কেন পারব না?’

তিনি বলেন, ‘আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই সেটি হচ্ছে ডেঙ্গু। আমরা পত্রিকার পাতা খুললেই প্রায় দেখি যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ মারা গিয়েছেন, বিভিন্ন মানুষ অসুস্থ হয়ে গিয়েছেন। যার আপনজনটি হারিয়ে গিয়েছে সেই কষ্টটা বুঝে। কিন্তু আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে অনেক মানুষকে আমরা সাহায্য করতে পারব, এই আপনজন হারানোর বেদনা থেকে রক্ষা করতে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীদের যদি আমরা সংখ্যা বিবেচনা করি প্রায় আড়াই কোটির মতন। এর বাইরেও বিভিন্ন সংগঠন যেমন বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড, রেড ক্রিসেন্টের মেম্বার যারা আছেন, রেড ক্রসের মেম্বার যারা আছেন, আমরা যদি এগুলো বিবেচনা করি তাও প্রায় ৪০ লাখ। এই যে সদস্যগুলো, এরা গত প্রায় এক মাস ধরে প্রতি শনিবার চেষ্টা করছে সমগ্র দেশের সবগুলো জেলায়, উপজেলায় যতটুকু সম্ভব চারদিকে যে আবর্জনা-ময়লা সেটিকে কিছুটা হলেও যতটুকু সম্ভব পরিষ্কার করার জন্য। আমরা সকলেই জানি, আপনারাও প্রত্যেকে যারা দেখছেন এই ভিডিও কমবেশি সকলেই জানেন যে, এই ডেঙ্গুর যে এডিস মশা, এটির উৎপত্তিস্থল হচ্ছে কিন্তু জমে থাকা পানি। সেটি ঘরের আনাচে-কানাচে হোক, সেটি রাস্তার বিভিন্ন পথে-ঘাটে বিভিন্ন জায়গায় হোক, যে আনাচে-কানাচে পানি জমে আছে অথবা যেভাবে ময়লা ও বিভিন্ন জায়গায় জমে থাকছে তার ফলে পানি জমে থাকছে, সেই পানিগুলোতে এই মশাগুলো জন্ম নিচ্ছে।’

তিনি বলেন, ‘ডেঙ্গুর একটি টিকা আবিষ্কার হয়েছে বইকি, তবে বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে যে টিকাটা খুব বেশি কার্যকর নয়। ডেঙ্গু যদি কারো হয়, তার সেই রোগ সারাতে টিকাটা খুব বেশি কার্যকর নয়। সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে যে জন্মস্থল ডেঙ্গুর, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে জমে থাকা পানি বা জমে থাকা ময়লা, এটাকে পরিষ্কার করে ফেলতে যদি আমরা পারি তাহলেই সবচেয়ে বেশি আমরা সফল হবো ডেঙ্গুকে প্রতিরোধ করতে।’

তারেক রহমান বলেন, ‘আপনাদের কাছে আজকে আমার আহ্বান, আপনাদের কাছে আজকে যে সহযোগিতা আমি চাই— আসুন না, আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পরিবার সপ্তাহে অন্তত দুই দিন করে যদি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দেই আমাদের ঘর, ঘরের আশপাশে এবং আমাদের চলার পথে যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, বংশবিস্তার করতে পারে, এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করে ফেলি, যাতে করে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে না পারে।’

‘একটি সরকার তখনই সফল হয় যখন সকলকে একসাথে নিয়ে কাজ করে দেশের জন্য। প্রিয় দেশবাসী, আমার সরকার, আমরা দেশের সকল মানুষকে নিয়ে একসাথে দেশের সমস্যার সমাধান করতে চাই। দেশের সমস্যার সমাধান মানে— আপনার, আমার, আমাদের সকলের সমস্যার সমাধান। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি। সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই আগামী দিনের এই ডেঙ্গুর অভিশাপ থেকে আমরা বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।’




আজকের স্বর্ণের দাম

ডেস্ক নিউজঃ দেশের বাজারে সবশেষ মঙ্গলবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সেদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

​নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫২ হাজার ৭৯৮ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়।




গণপূর্তের নির্বাহী প্রকৌশলীদের পদায়নে ‘লটারি প্রহসনের’ অভিযোগ: আগে থেকেই নির্ধারিত ছিল ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগ, ১২০ কোটি টাকা অবৈধ আয়ের দাবি ঘিরে তোলপাড়

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাম্প্রতিক বদলি ও পদায়ন ঘিরে গুরুতর অনিয়ম, পক্ষপাতিত্ব, সরকারি চাকরির বিধিবিধানের অবমূল্যায়ন এবং বিপুল অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, লটারির মাধ্যমে পদায়নের কথা বলা হলেও ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে আগে থেকেই পছন্দের কর্মকর্তাদের পদায়নের পরিকল্পনা করা হয়েছিল। পরে একাধিক বাক্সে পছন্দের কর্মকর্তাদের নাম রেখে লটারির নামে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে অভিযোগকারীদের দাবি। এ ঘটনায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সরোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরোয়ার জাহান এবং পদায়নপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজন নির্বাহী প্রকৌশলীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, পদায়নের তালিকায় কর্মকর্তাদের ব্যাচ, জ্যেষ্ঠতা, পূর্ববর্তী কর্মস্থল এবং ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পাওয়ার ধরন বিশ্লেষণ করে প্রশ্ন উঠেছে—লটারি আদৌ নিরপেক্ষ ছিল, নাকি এর আড়ালে আগে থেকে নির্ধারিত পদায়ন কার্যকর করা হয়েছে? অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট নথি প্রকাশের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

লটারির নামে প্রহসন, আগে থেকেই নির্ধারিত ছিল গুরুত্বপূর্ণ পদায়ন?
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের পদায়নের ক্ষেত্রে ঢাকার চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে কাদের দায়িত্ব দেওয়া হবে, তা আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। এ জন্য একাধিক বাক্সে কয়েকটি করে পছন্দের নাম অন্তর্ভুক্ত করে লটারির মাধ্যমে পদায়নের একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

WhatsApp Image 2026 10 14 at 7.04.16 PM

অভিযোগের কেন্দ্রে রয়েছে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ ও বিভাগ-২, ঢাকা গণপূর্ত বিভাগ-১, ঢাকা গণপূর্ত বিভাগ-৩ ও বিভাগ-৪, ঢাকা মেডিকেল কলেজ বিভাগ এবং রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মস্থল। এসব বিভাগের কয়েকটিতে অপেক্ষাকৃত নবীন কর্মকর্তাদের পদায়ন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের ঢাকার বাইরে পাঠানোর বিষয়টি লটারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
তবে লটারিতে অনিয়ম হয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাচ ও জ্যেষ্ঠতার পাশাপাশি পদায়নের যোগ্যতা, বিভাগভিত্তিক শূন্যপদ, পছন্দক্রম, লটারির মূল তালিকা, ব্যবহৃত বাক্সের বিবরণ এবং কার্যবিবরণী যাচাই করা প্রয়োজন।

অভিযোগকারীদের দাবি, মন্ত্রণালয়ের মন্ত্রীর অগোচরে লটারির নামে এই প্রক্রিয়া পরিচালিত হয়েছে। তাঁদের অভিযোগ, অতিরিক্ত সচিব সরোয়ার আলম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরোয়ার জাহানের সংশ্লিষ্টতায় পদায়নপ্রক্রিয়াটি পরিচালিত হয়। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এবং মন্ত্রণালয়ের ব্যাখ্যা পাওয়া গেলে তা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

৩২ ও ৩৩ ব্যাচের কর্মকর্তাদের ঢাকায় গুরুত্বপূর্ণ পদায়ন : জ্যেষ্ঠদের জেলা পর্যায়ে
পদায়নের তালিকা এবং অভিযোগকারীদের সরবরাহ করা তথ্য অনুযায়ী, ৩২ ও ৩৩ ব্যাচের কয়েকজন কর্মকর্তা ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, ২৪, ২৭, ৩০ ও ৩১ ব্যাচের কয়েকজন কর্মকর্তা ঢাকার বাইরে পদায়ন পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঢাকা গণপূর্ত বিভাগ-২-এ মাসুম বিল্লাহ (৩৩তম ব্যাচ), ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এ কামরুল হাসান (৩২তম ব্যাচ), গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন-১ শাখায় জ্যোতিময় ভট্টাচার্য (৩৩তম ব্যাচ), প্রকল্প বিভাগ-৫-এ মনিরুজ্জামান জিতু (৩২তম ব্যাচ), ঢাকা মেট্রো জোনে স্টাফ অফিসার হিসেবে মাহমুদুল হাসান লিমন (৩৩তম ব্যাচ) এবং ঢাকা রক্ষণাবেক্ষণ বিভাগে রেজা তাইমুর মালিকের (৩২তম ব্যাচ) পদায়নের তথ্য দেওয়া হয়েছে।

এ ছাড়া মহাখালী গণপূর্ত বিভাগের দায়িত্বে ইমরান (৩৩তম ব্যাচ) এবং সার্ভে-সংশ্লিষ্ট দায়িত্বে কাওসারের (৩২তম ব্যাচ) নাম অভিযোগকারীদের দেওয়া তালিকায় রয়েছে।

অন্যদিকে, ২৪তম ব্যাচের স্বর্ণেন্দু শেখর মণ্ডলকে মেহেরপুর গণপূর্ত বিভাগে, ২৭তম ব্যাচের আতিকুল ইসলামকে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগে এবং ২৭তম ব্যাচের আব্দুস সাত্তারকে লালমনিরহাট গণপূর্ত বিভাগে পদায়নের তথ্য উল্লেখ করা হয়েছে। ২৭তম ব্যাচের মোহসিনকে ফেনী এবং জোয়ারদার তাবেদুন নবীকে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তালিকায় উল্লেখ রয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার বিবেচনায় এসব পদায়ন কতটা যৌক্তিক ছিল? ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে পদায়নের ক্ষেত্রে কোন মানদণ্ড অনুসরণ করা হয়েছে, তা প্রকাশ করা হলে বিতর্কের অবসান হতে পারে। তবে সরকারি চাকরিতে পদায়নের ক্ষেত্রে শুধু ব্যাচ বা জ্যেষ্ঠতাই একমাত্র বিবেচ্য বিষয় নয়। প্রশাসনিক প্রয়োজন, পদায়নযোগ্যতা, অভিজ্ঞতা, শূন্যপদ এবং প্রযোজ্য বিধি বিবেচনায় নেওয়া হয়েছে কি না, তা যাচাই করেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো প্রয়োজন।

ই/এম শাখায়ও একই প্রশ্ন ? সদ্য পদোন্নতিপ্রাপ্তদের ঢাকায় পদায়ন : গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) শাখার নির্বাহী প্রকৌশলীদের পদায়ন নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩২তম ব্যাচের জুবায়েরকে ঢাকা ই/এম বিভাগ-২, রুহুল আমিনকে ঢাকা ই/এম বিভাগ-১০ এবং সামিরাকে ঢাকা ই/এম বিভাগ-১২-তে পদায়ন করা হয়েছে। তাঁদের তিনজনই সদ্য নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, ২৮তম ও ৩০তম ব্যাচের কয়েকজন জ্যেষ্ঠ ই/এম কর্মকর্তা ঢাকায় পদায়ন পাননি বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা রাজধানীর গুরুত্বপূর্ণ কর্মবিভাগে দায়িত্ব পেলেও জ্যেষ্ঠ কর্মকর্তারা কেন একই ধরনের সুযোগ পেলেন না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, ই/এম শাখায় পদায়নের ক্ষেত্রেও স্বচ্ছ ও অভিন্ন মানদণ্ড অনুসরণ করা হয়নি।

পদায়নপ্রক্রিয়ার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধেই স্বার্থের সংঘাতের অভিযোগ :
অভিযোগে বলা হয়েছে, পদায়নের জন্য কর্মকর্তাদের ক্যাটাগরি বা গ্রেডিং নির্ধারণের দায়িত্বে ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব, নির্বাহী প্রকৌশলী আ ন ম মাজহারুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযোগকারীদের দাবি, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা নিজেদের জন্য উচ্চতর ক্যাটাগরি নির্ধারণ করে গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়ন নিয়েছেন।
আ ন ম মাজহারুল ইসলামকে নির্বাহী প্রকৌশলী, সংস্থাপন-১ এবং মো. জিয়াউর রহমানকে নির্বাহী প্রকৌশলী, সংস্থাপন-২ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের ভূমিকা এবং পদায়নের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের কোনো সংঘাত ছিল কি না, তা যাচাই করার দাবি উঠেছে।
অভিযোগকারীদের ভাষ্য, পদায়নপ্রক্রিয়ায় যাঁদের নিরপেক্ষতা ও ন্যায্যতা নিশ্চিত করার দায়িত্ব ছিল, তাঁদের বিরুদ্ধেই যদি নিজেদের সুবিধা নিশ্চিত করার অভিযোগ ওঠে, তাহলে পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।

এ ক্ষেত্রে গ্রেডিংয়ের মূল নথি, কর্মকর্তাদের দেওয়া নম্বর, ক্যাটাগরি নির্ধারণের মানদণ্ড, দায়িত্ব বণ্টনের আদেশ এবং লটারির কার্যবিবরণী প্রকাশের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে এসব নথিই হতে পারে গুরুত্বপূর্ণ প্রমাণ।

শেরেবাংলা নগরের গুরুত্বপূর্ণ দুটি বিভাগে পদায়ন নিয়ে প্রশ্ন : অভিযোগে আ ন ম মাজহারুল ইসলাম ও মো. জিয়াউর রহমানের পদায়নকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, লটারির দায়িত্বে থাকা দুই কর্মকর্তাই শেষ পর্যন্ত শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১ ও বিভাগ-২-এর মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন। শেরেবাংলা নগর এলাকার এসব বিভাগের আওতায় জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্যদের আবাসনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কাজ রয়েছে। ফলে এ ধরনের কর্মবিভাগে পদায়নের ক্ষেত্রে অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং স্বচ্ছতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের পূর্ববর্তী রেকর্ড যাচাই করলে পদায়নের যৌক্তিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা নির্ধারণে স্বাধীন তদন্ত প্রয়োজন।

একই কর্মকর্তার বারবার গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের অভিযোগ : ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে কয়েকজন কর্মকর্তার ধারাবাহিক পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগে বলা হয়েছে, রাজিবুল ইসলাম আগে ঢাকা গণপূর্ত বিভাগ-১, রাজউকে অথরাইজড অফিসার এবং রাজধানীর গুরুত্বপূর্ণ উপবিভাগে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি মহাখালী গণপূর্ত বিভাগ থেকে আবার ঢাকা গণপূর্ত বিভাগ-১-এ পদায়ন পেয়েছেন বলে অভিযোগকারীরা উল্লেখ করেছেন। আ ন ম মাজহারুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা গণপূর্ত বিভাগ-৩, রেলওয়ে ডিভিশন-সংশ্লিষ্ট উপবিভাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

অন্যদিকে, মাসুদ রানার ক্ষেত্রেও দীর্ঘদিন ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে দায়িত্ব পালনের পর পুনরায় রাজধানীর গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের তথ্য অনুযায়ী, তিনি আগে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩ এবং পরে ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ গণপূর্ত বিভাগে পদায়ন করা হয়েছে বলে তালিকায় উল্লেখ রয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, একই কর্মকর্তাদের বারবার গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে ? তাঁদের অতীত পদায়নের ধারাবাহিকতা, দায়িত্ব পালনের মেয়াদ এবং অন্য কর্মকর্তাদের তুলনায় সুযোগ পাওয়ার ধরন যাচাই করা হলে বিষয়টি স্পষ্ট হতে পারে। একইভাবে, পুনরায় পদায়নের ক্ষেত্রেও বিধি ও প্রশাসনিক প্রয়োজনের বিষয়টি যাচাই করা জরুরি।

রাশেদা হাসানের পদায়ন নিয়েও অভিযোগ :
অভিযোগকারীদের দেওয়া তথ্যে রাশেদা হাসান নামের এক কর্মকর্তার পদায়ন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগে তাঁকে সাবেক মন্ত্রী শরিফ আহমেদের ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁদের দাবি, তিনি ময়মনসিংহে দায়িত্ব পালন করার পর মিরপুরে পদায়ন পান এবং পরবর্তী সময়ে আজিমপুরে দায়িত্ব পেয়েছেন। এ কারণে তাঁর পদায়নকে রাজনৈতিক প্রভাবের ফল হিসেবে নিশ্চিতভাবে উপস্থাপন করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সময়ে তাঁর পদায়ন আদেশ, প্রশাসনিক সুপারিশ এবং যোগ্যতার মূল্যায়ন যাচাই করলেই অভিযোগটির গ্রহণযোগ্যতা নির্ধারণ করা সম্ভব।

ঢাকার বাইরে জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদায়ন: ২৭তম ব্যাচের কর্মকর্তারাও আলোচনায় : প্রাপ্ত তালিকায় ঢাকার বাইরে বিভিন্ন কর্মবিভাগে পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ২৭তম ব্যাচের আতিকুল ইসলাম (কুড়িগ্রাম), আব্দুস সাত্তার (লালমনিরহাট), মোহসিন (ফেনী) এবং জোয়ারদার তাবেদুন নবী (ব্রাহ্মণবাড়িয়া)। অন্যদিকে, ২৪তম ব্যাচের স্বর্ণেন্দু শেখর মণ্ডলের মেহেরপুরে পদায়নের তথ্যও দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য, একদিকে ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগে অপেক্ষাকৃত নবীন কর্মকর্তাদের পদায়ন, অন্যদিকে জ্যেষ্ঠদের জেলা পর্যায়ে পাঠানোর ঘটনা পদায়নের নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে অসংগতি থাকলে তার ব্যাখ্যা দেওয়া প্রশাসনের দায়িত্ব।

নিয়োগবিধি ও পদোন্নতির মানদণ্ড কি উপেক্ষিত ?
বদলি-পদায়ন বিতর্কের পাশাপাশি সরকারি চাকরির নিয়োগবিধি, পদোন্নতির শর্ত এবং প্রশাসনিক ন্যায্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, ব্যাচ, জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার তুলনামূলক মূল্যায়ন ছাড়াই কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ কর্মবিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বদলি-পদায়ন এবং নিয়োগ বা পদোন্নতি এক বিষয় নয়। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির গুরুতর ব্যর্থতা হিসেবে বিবেচিত হতে পারে।

১২০ কোটি টাকার অভিযোগ : পদায়নপ্রক্রিয়াকে কেন্দ্র করে ১২০ কোটি টাকা অবৈধভাবে আয়ের যে অভিযোগ উঠেছে, সেটিই পুরো ঘটনাকে আরও গুরুতর করে তুলেছে। অভিযোগকারীদের দাবি, ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগ এবং অন্যান্য পছন্দের পদে কর্মকর্তাদের পদায়নকে কেন্দ্র করে অনিয়মের সুযোগ তৈরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের সম্পদ, ব্যাংক লেনদেন, আর্থিক বিবরণী, পদায়নের নথি এবং অভিযোগকারীদের দেওয়া তথ্য যাচাই করা যেতে পারে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ : গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি ও পদায়ন নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষাপটে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন অভিযোগকারীরা।

তাঁদের দাবি, পদায়নের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে যাচাই করে দেখা হোক—লটারি কীভাবে পরিচালিত হয়েছে, কারা নাম অন্তর্ভুক্ত করেছেন, ক্যাটাগরি নির্ধারণের মানদণ্ড কী ছিল এবং ঢাকার গুরুত্বপূর্ণ কর্মবিভাগে পদায়নের সিদ্ধান্ত কোন ভিত্তিতে নেওয়া হয়েছে।
একই সঙ্গে অভিযোগকারীদের উত্থাপিত ১২০ কোটি টাকা অবৈধ আয়ের দাবির সত্যতা যাচাই, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা এবং প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ক্ষেত্রে প্রয়োজন হতে পারে – লটারির মূল তালিকা, বাক্সভিত্তিক নামের তালিকা ও কার্যবিবরণী সংগ্রহ করে যাচাই।
কর্মকর্তা-ভিত্তিক ব্যাচ, জ্যেষ্ঠতা, পদোন্নতির তারিখ, পূর্ববর্তী কর্মস্থল ও বর্তমান পদায়নের তুলনামূলক বিশ্লেষণ।
ক্যাটাগরি নির্ধারণ ও গ্রেডিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা পর্যালোচনা।
ঢাকার গুরুত্বপূর্ণ বিভাগে পদায়নের প্রশাসনিক কারণ এবং সংশ্লিষ্ট শূন্যপদের বিবরণ প্রকাশ।
১২০ কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগের পক্ষে আর্থিক ও অন্যান্য প্রমাণ যাচাই এবং প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অনুসন্ধান।
এবং অভিযোগে নাম আসা কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ এবং তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ।

জবাবদিহি নিশ্চিত হবে কি ?
গণপূর্ত অধিদপ্তর সরকারের গুরুত্বপূর্ণ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে। এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মবিভাগে পদায়ন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠা স্বাভাবিকভাবেই জনস্বার্থের বিষয়। বিশেষ করে যেসব বিভাগের আওতায় জাতীয় সংসদ ভবন, সরকারি আবাসন, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ পরিচালিত হয়, সেখানে দায়িত্ব বণ্টনের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
অভিযোগগুলো সত্য হলে তা শুধু বদলি-পদায়নের অনিয়ম নয়; বরং প্রশাসনিক জবাবদিহি, সরকারি চাকরির বিধিবিধানের যথাযথ প্রয়োগ এবং সরকারি অর্থ ব্যবস্থাপনার ওপরও প্রশ্ন তুলবে। আর অভিযোগগুলো অসত্য হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও নথির ভিত্তিতে তা পরিষ্কার করার সুযোগ থাকা উচিত।

সুতরাং, লটারির নামে অনিয়ম, পক্ষপাতমূলক পদায়ন এবং ১২০ কোটি টাকা অবৈধ আয়ের অভিযোগের নিরপেক্ষ তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা—অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে নথিভিত্তিক যাচাই, প্রয়োজনীয় ব্যাখ্যা এবং প্রমাণসাপেক্ষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করা হবে।