তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানাল বাংলাদেশ

ডেস্ক নিউজঃ তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।

এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন আরও জানান, বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বলেছেন, বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের এখনই উপযুক্ত সময়। পানিসম্পদ ব্যবস্থাপনা, আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র। ফলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

নেদারল্যান্ডসের মন্ত্রী স্যোয়ার্ড স্যোয়ার্ডসমার পানিসম্পদ ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার, চর উন্নয়ন এবং অভিযোজনক্ষম নদীব্যবস্থাপনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে মুক্ত বাণিজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডসের মন্ত্রী মুক্ত বাণিজ্যের বিষয়ে তার আগ্রহের কথা জানান।

এ সময় ইইউর সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করে।

বৈঠকে নেদারল্যান্ডসের মন্ত্রী বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক পরিকল্পনার প্রশংসা করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ বলেছে, এ সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও সেখানেই নিহিত। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।

এ সংকট সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

পাশাপাশি কৃষিখাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। দেশটির অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি অতীতে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এ অভিজ্ঞতার আলোকে তাঁর সরকার দেশে মানবাধিকার সুরক্ষা ও সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকের শেষ পর্যায়ে তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান স্যোয়ার্ড স্যোয়ার্ডসমা।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




পায়ে গুরুতর চোট, হাসপাতালে ভর্তি সিদ্ধার্থ?

বিনোদন ডেস্কঃ পায়ে চোট পেয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে চোট পাওয়ার খবর জানিয়েছেন তিনি। ছবিতে অভিনেতার পায়ে ব্যান্ডেজ ও ওয়াকিং বুট দেখা গেছে। তবে চোটের ধরন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে মজার ছলে সিদ্ধার্থ লিখেছেন, ‘‘আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম।’’ অভিনেতার এই মন্তব্য থেকেই তাঁর চোটের বিষয়টি সামনে আসে। তবে ঠিক কীভাবে তিনি আহত হয়েছেন, তা জানাননি।

সম্প্রতি ‘দ্য বন’ ছবিতে দেখা গেছে সিদ্ধার্থকে। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন এই অভিনেতা। কিছুদিন আগেই স্ত্রী কিয়ারা আডবাণী ও কন্যা সারায়াহকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রথম কন্যাসন্তানের বাবা-মা হন এই তারকা দম্পতি। তাঁদের মেয়ের নাম সারায়াহ মলহোত্রা।

বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে আলাপচারিতায় বাবা হওয়াকে জীবনের অন্যতম সেরা অনুভূতি বলে উল্লেখ করেন তিনি।

এদিকে পায়ে চোট পাওয়ার পর অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে তাঁর চোট কতটা গুরুতর এবং সুস্থ হতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।




মেক্সিকোতে ঘূর্ণিঝড় র‌্যাচেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় র‌্যাচেলের আঘাতে সৃষ্ট ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ও দুইজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। ঝড়ের কারণে সৃষ্ট বন্যার পানিতে ডুবে তাঁদের মৃত্যু হয়েছে।




শেয়ারবাজারে ধস, তবু ভারতে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শেয়ারবাজারে দরপতন এবং বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থ প্রত্যাহারের মধ্যেও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়িয়েছেন দেশটির অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা।

গত সেপ্টেম্বরে ভারতীয় ইকুইটি মিউচুয়াল ফান্ডে নিট বিনিয়োগ পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে ক্ষুদ্র ও মাঝারি মূলধনি কোম্পানির শেয়ারে বিনিয়োগ এবং নিয়মিত কিস্তিভিত্তিক বিনিয়োগেও (এসআইপি) নতুন রেকর্ড হয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশীয় বিনিয়োগকারীদের ধারাবাহিক অংশগ্রহণ ভারতীয় শেয়ারবাজারকে বৈশ্বিক অস্থিরতার ধাক্কা সামলাতে সহায়তা করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে অর্থ তুলে নিলেও স্থানীয় বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ দেশটির পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভারসাম্য তৈরি করছে।

ভারতের মিউচুয়াল ফান্ড শিল্পের নিয়ন্ত্রক সংস্থা অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার (অ্যামফি) তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

ইকুইটি ফান্ডে বিনিয়োগ ৪০০ কোটি ডলার
সেপ্টেম্বর মাসে ভারতের ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোতে নিট বিনিয়োগ এসেছে ৩৮ হাজার ৩০৭ কোটি রুপি, যা প্রায় ৪০০ কোটি ডলারের সমান। আগের পাঁচ মাসের মধ্যে কোনও এক মাসে এত বেশি বিনিয়োগ আসেনি।

এ নিয়ে টানা ৬৭ মাস ভারতীয় ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোতে নিট বিনিয়োগ ইতিবাচক রয়েছে। অর্থাৎ, পাঁচ বছরেরও বেশি সময় ধরে এসব ফান্ডে বিনিয়োগ প্রত্যাহারের তুলনায় নতুন বিনিয়োগের প্রবাহ বেশি থাকছে।

বাজারে দরপতনের মধ্যেও বিনিয়োগকারীদের এই ধারাবাহিক অংশগ্রহণ ভারতের পুঁজিবাজারে দেশীয় অর্থের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরছে।

সেপ্টেম্বরে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে ৩৭৫ কোটি ডলার প্রত্যাহার করেন। বিপরীতে, দেশীয় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবাহ বাজারে অর্থের জোগান বজায় রাখতে সহায়তা করেছে।

ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির ফান্ডে রেকর্ড বিনিয়োগ
সেপ্টেম্বরে ক্ষুদ্র মূলধনি বা স্মল-ক্যাপ ফান্ডে নিট বিনিয়োগ এসেছে ৯ হাজার ৩৯ কোটি রুপি। মাঝারি মূলধনি বা মিড-ক্যাপ ফান্ডে এসেছে ৭ হাজার ৮৪৫ কোটি রুপি। উভয় শ্রেণির ফান্ডেই এটি রেকর্ড পরিমাণ বিনিয়োগ।

সাধারণত ক্ষুদ্র ও মাঝারি মূলধনি কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তবে দীর্ঘমেয়াদে বেশি মুনাফার সম্ভাবনায় এসব ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

নিয়মিত কিস্তিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পদ্ধতি এসআইপিতেও নতুন রেকর্ড হয়েছে। সেপ্টেম্বরে এ পদ্ধতিতে বিনিয়োগের পরিমাণ আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৩২ হাজার ৪৯০ কোটি রুপিতে দাঁড়িয়েছে। ডলারের হিসাবে এর পরিমাণ প্রায় ৩৩৯ কোটি।

এসআইপির মাধ্যমে বিনিয়োগকারীরা নির্দিষ্ট বিরতিতে নির্ধারিত অঙ্কের অর্থ মিউচুয়াল ফান্ডে জমা দেন। এতে এককালীন বড় অঙ্কের বিনিয়োগের পরিবর্তে নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে বাজারে অংশ নেওয়া যায়।

অ্যামফির প্রধান নির্বাহী ভেঙ্কট চালাসানি বলেছেন, মূল্যস্ফীতির চাপ, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের বন্ডের উচ্চ সুদহার সত্ত্বেও দেশীয় বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে অর্থ বিনিয়োগ করছেন। বিশেষ করে এসআইপির মাধ্যমে বিনিয়োগে স্থিতিশীল প্রবাহ খুচরা বিনিয়োগকারী ও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

নিফটি ৫০ সূচকে বড় পতন
দেশীয় বিনিয়োগের প্রবাহ ইতিবাচক থাকলেও ভারতের শেয়ারবাজারে চাপ রয়েছে। সেপ্টেম্বরে দেশটির প্রধান শেয়ারসূচক নিফটি ৫০ কমেছে ৬ দশমিক ১ শতাংশ। ২০২৬ সালের শুরু থেকে সূচকটির পতনের পরিমাণ প্রায় ১৪ দশমিক ৪ শতাংশ।

তবে বাজারের সব অংশে একই ধরনের দরপতন দেখা যায়নি। চলতি বছরে স্মল-ক্যাপ সূচক ৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে, মিড-ক্যাপ সূচক কমেছে ২ দশমিক ৭ শতাংশ, যা নিফটি ৫০-এর পতনের তুলনায় অনেক কম।
বাজার বিশ্লেষকদের মতে, দেশীয় বিনিয়োগকারীদের ধারাবাহিক অর্থপ্রবাহ বাজারের পতন পুরোপুরি ঠেকাতে না পারলেও দরপতনের চাপ সামলাতে সহায়তা করছে।

বিশেষজ্ঞদের ধারণা, এসআইপির মাধ্যমে বিনিয়োগের ধারাবাহিক বৃদ্ধি ভারতের বিনিয়োগব্যবস্থায় দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরলে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সমর্থন বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা বা ‘বুল রান’ তৈরিতে ভূমিকা রাখতে পারে।

স্বর্ণ ও রুপার ফান্ডেও বাড়ছে আগ্রহ
শেয়ারবাজারে অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুভিত্তিক ফান্ডের প্রতিও আগ্রহ বাড়িয়েছেন।

সেপ্টেম্বরে গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ আগের তুলনায় ৭১ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৫১ কোটি রুপিতে পৌঁছেছে। একই সময়ে সিলভার ইটিএফে বিনিয়োগ এসেছে ১ হাজার ৯৭৪ কোটি রুপি।

সাধারণত বাজারে অস্থিরতা বাড়লে কিছু বিনিয়োগকারী ঝুঁকি সামলাতে স্বর্ণ ও রুপার মতো সম্পদে বিনিয়োগ বাড়ান। মূল্যবান ধাতুভিত্তিক ফান্ডে অর্থপ্রবাহের এই বৃদ্ধি বিনিয়োগকারীদের বিকল্প সম্পদের প্রতি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।

সব মিলিয়ে, বিদেশি বিনিয়োগ প্রত্যাহার এবং শেয়ারসূচকের পতনের মধ্যেও ভারতের মিউচুয়াল ফান্ডে দেশীয় বিনিয়োগের প্রবাহ শক্তিশালী রয়েছে। বিশেষ করে নিয়মিত কিস্তিভিত্তিক বিনিয়োগের বিস্তার দেশটির পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের ভূমিকা বাড়াচ্ছে। তবে এই প্রবণতা ভবিষ্যতে শেয়ারবাজারের স্থিতিশীলতা কতটা নিশ্চিত করতে পারবে, তা নির্ভর করবে অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক সুদের হার, জ্বালানির দাম এবং বিদেশি বিনিয়োগকারীদের আচরণের ওপর। সূত্র: রয়টার্স




প্রেমিকের নির্যাতন ও পরিচালকের লালসা, জীবনের অন্ধকার অধ্যায় জানালেন নীতি

বিনোদন ডেস্কঃ স্কুলজীবনে সহপাঠীদের বুলিং, চার বছরের প্রেমের সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং সিনেমায় অভিনয়ের সুযোগের বিনিময়ে পরিচালকের শারীরিক সম্পর্কের প্রস্তাব—জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর। তার অভিযোগ, সাবেক প্রেমিকের হাতে মারধরের শিকার হওয়ার পাশাপাশি শরীরে সিগারেটের ছ্যাঁকাও সহ্য করতে হয়েছে তাকে। অন্যদিকে, সিনেমায় কাজের সুযোগ দিতে গিয়ে এক পরিচালক তার কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’ ও ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া নীতি সম্প্রতি ‘হটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান। সেখানে স্কুলজীবনের হয়রানি, প্রেমের সম্পর্কে নির্যাতন, কাস্টিং কাউচ এবং শুটিংয়ের সেটে সহকর্মীর সঙ্গে বিরোধের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

নিজের স্কুলজীবনকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি বলে বর্ণনা করেছেন নীতি। তার ভাষ্য অনুযায়ী, বান্ধবীদের প্রেমিকদের প্রতি আগ্রহ না দেখানোর পর কয়েকজন ছেলে তাকে বার্তা পাঠাতে শুরু করেন। তাদের কেউ কেউ প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি বলে মনে করেন তিনি। এর পর থেকেই তাকে ঘিরে অপমান ও হয়রানি শুরু হয়।

নীতি জানান, স্কুলের শৌচাগার ও বাসস্টপসহ বিভিন্ন জায়গায় তার বাড়ির ফোন নম্বর লিখে রাখা হতো। এর ফলে বাড়ির ল্যান্ডফোনে আসতে থাকত আপত্তিকর কল। সহপাঠীদের কেউ কেউ তাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করত, গায়ে পানি ও খাবার ছুড়ে মারত এবং বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ কথাও লিখে রাখত।

এসব ঘটনার প্রভাব কতটা গভীর ছিল, তা বোঝাতে গিয়ে নীতি বলেন, স্কুলবাসে বসে প্রায় প্রতিদিনই কাঁদতেন তিনি। পরে বাবা-মাকে বিষয়টি জানান। তবে তারা তাকে পরীক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন এবং পরীক্ষা শেষ হলে শহর ছেড়ে যাওয়ার আশ্বাস দেন।

‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’র প্রথম মৌসুমের শুটিংয়ের সময় একটি নির্যাতনমূলক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানান অভিনেত্রী। তার অভিযোগ, সাবেক প্রেমিক তার পোশাক, চলাফেরা এবং অন্যদের সঙ্গে মেলামেশা নিয়ে প্রায়ই আপত্তি তুলতেন। একবার প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে অস্বস্তি বোধ করায় বান্ধবীদের সঙ্গে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিক তাকে যেতে বাধা দেন।

নীতি জানান, পরে বাড়ির বাইরে তাদের মধ্যে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। তার অভিযোগ, প্রেমিক তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি চড়ও মেরেছিলেন। ঘটনাটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছিল বলেও দাবি করেন তিনি।

শুধু মারধর নয়, ওই সম্পর্কে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগও করেছেন নীতি। তার ভাষ্য, সেই ক্ষতের চিহ্ন এখনো শরীরে রয়ে গেছে। ত্বকে সহজেই কেলয়েড তৈরি হওয়ায় দাগটি স্পষ্টভাবে দেখা যায় বলেও জানান তিনি।

শারীরিক নির্যাতনের পাশাপাশি নিয়মিত অপমানজনক মন্তব্যের শিকার হওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। নীতির দাবি, সাবেক প্রেমিক তাকে খাটো, মোটা ও দেখতে খারাপ বলে কটাক্ষ করতেন। এসব আচরণে নিজের চেহারা ও যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি।

সম্পর্কটি টিকিয়ে রাখতে প্রেমিকের জন্য নানা কাজও করতেন বলে জানান নীতি। তার ঘর পরিষ্কার করা, রান্না করা কিংবা প্রেমিকের বাবা-মা বেড়াতে এলে তাদের ঘুরতে নিয়ে যাওয়ার মতো দায়িত্বও পালন করতেন তিনি। চার বছর পর ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে বুঝতে পারেন, দীর্ঘদিনের নির্যাতন তার আত্মসম্মান ও আত্মবিশ্বাসের ওপর গভীর প্রভাব ফেলেছে।

নীতি বলেন, এখনো কেউ তার সৌন্দর্যের প্রশংসা করলে তা বিশ্বাস করতে তার কষ্ট হয়। তার মতে, বেড়ে ওঠার সময় থেকেই নিজের মূল্য বুঝতে শেখা প্রয়োজন। অন্য কাউকে নিজের আত্মসম্মান নষ্ট করার সুযোগ দেওয়া উচিত নয়।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করার সময় কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন নীতি। তার অভিযোগ, দুটি সিনেমায় অভিনয়ের পর প্রথম ছবির পরিচালক তাকে নতুন একটি সিনেমায় কাজের প্রস্তাব দিয়েছিলেন। তবে ওই চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে বলে তাকে জানানো হয়।

এমন প্রস্তাবে হতবাক হয়ে যান নীতি। তিনি জানান, ফোন কেটে দিয়ে ওই পরিচালকের নম্বর ব্লক করেন এবং বিষয়টি মাকে জানান। ঘটনাটি তাকে এতটাই মানসিকভাবে আঘাত করেছিল যে, এরপর আর সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

‘গুলাম’ ধারাবাহিকে অভিনয়ের সময় এক সহশিল্পীর সঙ্গে বিরোধের কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন নীতি। তার ধারণা, ধারাবাহিকে তিনি যে মনোযোগ পাচ্ছিলেন, তা ওই সহশিল্পী ভালোভাবে নেননি। নীতি জানান, তারা একই মেকআপশিল্পীর কাছ থেকে সাজসজ্জার কাজ করাতেন। কিন্তু ওই সহশিল্পী দরজা বন্ধ করে রাখতেন, যাতে মেকআপশিল্পী তার কাছে যেতে না পারেন। একবার মেকআপশিল্পীকে নিজের ঘরে আটকে রাখার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া শুটিংয়ের সেটে তার আচরণ নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের বিষয়েও ক্ষোভ জানিয়েছেন নীতি। তার ভাষ্য, এসব প্রতিবেদনে সেটে দেরিতে আসা ও উদ্ধত আচরণের অভিযোগ করা হয়েছিল। তবে তার দাবি, তিনি সব সময় সময়মতো উপস্থিত থাকার চেষ্টা করতেন।

জীবনের বিভিন্ন পর্যায়ে ঘটে যাওয়া এসব ঘটনা তুলে ধরে নীতি বোঝাতে চেয়েছেন, দীর্ঘদিনের হয়রানি ও নির্যাতন একজন মানুষের আত্মবিশ্বাস এবং নিজের প্রতি দৃষ্টিভঙ্গিকে কতটা বদলে দিতে পারে।




‘ব্রেকিং ব্যাড’ অভিনেতার আত্মহত্যা

বিনোদন ডেস্কঃ পর্দায় প্রতিবন্ধকতাকে জয় করে যিনি হয়ে উঠেছিলেন লাখো দর্শকের প্রিয়, সেই অভিনেতা আরজে মিটকে ঘিরে ছড়িয়ে পড়েছে শোকের খবর। জনপ্রিয় মার্কিন ধারাবাহিক ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন এই অভিনেতা। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিনিধিরা।

হলিউডের টেলিভিশন অঙ্গনে পরিচিত মুখ আরজে মিটের মৃত্যুর খবর তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে।

২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পান মিটে। সিরিজটিতে তিনি ছিলেন ব্রায়ান ক্র্যানস্টনের অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলে। চরিত্রটির সরলতা, পারিবারিক টানাপোড়েন এবং ব্যক্তিগত লড়াইয়ের মধ্য দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ধারাবাহিকটির পাঁচটি মৌসুমেই অভিনয় করেন এই তারকা।

তবে অভিনয়ের বাইরেও মিটের জীবনের গল্প ছিল অনুপ্রেরণাদায়ক। পর্দায় যে শারীরিক অবস্থার মধ্য দিয়ে তার চরিত্রকে দেখা গেছে, বাস্তব জীবনেও সেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন তিনি। ছোটবেলায় শারীরিক জটিলতার মুখোমুখি হলেও নিজের সীমাবদ্ধতাকে স্বপ্নপূরণের পথে বাধা হতে দেননি। বরং ব্যক্তিগত অভিজ্ঞতাকেই অভিনয়ের শক্তিতে পরিণত করেছিলেন।

শুধু অভিনয় নয়, প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিনোদনজগতে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও সরব ছিলেন মিটে। পর্দায় প্রতিবন্ধী চরিত্রের উপস্থাপন যেন বাস্তবসম্মত হয় এবং তাদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা বদলায়, সে লক্ষ্যেই কাজ করেছেন তিনি। নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখিয়েছেন, শারীরিক প্রতিবন্ধকতা কারও প্রতিভা কিংবা সম্ভাবনার শেষ কথা নয়।

মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম নেওয়া এই অভিনেতার শৈশবও ছিল নানা চ্যালেঞ্জে ভরা। জন্মের সময় মস্তিষ্কে ক্ষতি হওয়ায় শারীরিক জটিলতা দেখা দেয় তাঁর। তিন বছর বয়সে সেরিব্রাল পালসি শনাক্ত হওয়ার পর দত্তক পরিবারের কাছে বেড়ে ওঠেন তিনি। জীবনের প্রতিকূলতা পেরিয়ে অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করেন মিটে।

‘ব্রেকিং ব্যাড’-এর সাফল্যের পর একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেতা।

জনকল্যাণমূলক কাজেও যুক্ত ছিলেন মিটে। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি নিজের দাতব্য সংস্থা ‘মিটে ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিভিন্ন উদ্যোগে অংশ নেন। প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিই ছিল তাঁর কাজের অন্যতম উদ্দেশে।

মৃত্যুর আগেও নতুন চলচ্চিত্র ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন মিটে। ছবিটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেপ্টেম্বরের শেষ দিকে ছবিটির প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি অক্টোবরের শুরুতে নিউ মেক্সিকোর আলবুকার্কে একটি অনুষ্ঠানেও দেখা যায় তাকে।

ব্যক্তিগত জীবনেও নতুন স্বপ্ন বুনছিলেন এই অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা কেনেডি সুয়ারেজের সঙ্গে ২০২৫ সালে বাগদান হয় তার। ২০১৮ সালে শুরু হয়েছিল তাদের সম্পর্ক।




১৩ অক্টোবর: আজকের নামাজের সময়সূচি

ইসলামিক ডেস্কঃ মঙ্গলবার (১৩ অক্টোবর), ২৮ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-

ফজর- ০৪:৩৯ মিনিট

জোহর- ১১:৪৯ মিনিট

আসর- ০৩:৫৭ মিনিট

মাগরিব- ০৫:৩৯ মিনিট

এশা- ০৬:৫২ মিনিট

ফজর (আগামীকাল)- ০৪:৪১ মিনিট।

সূর্যোদয়: সকাল ৫:৫৪ মিনিটে

সূর্যাস্ত: বিকেল ৫:৩৪ মিনিটে




ফেব্রুয়ারিতে রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ডেস্ক নিউজঃ হিজরি বছরের হিসাব অনুযায়ী প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতরের সময় পরিবর্তিত হয়। খ্রিষ্টীয় ক্যালেন্ডারের চেয়ে ইসলামী ক্যালেন্ডার প্রায় ১১ দিন ছোট এবং এটি সাধারণত ৩৫৪ দিনের হয়ে থাকে। ফলে প্রতি বছরই রমজান মাস গ্রেগরিয়ান বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। 
এই হিসেব অনুসারে ২০২৭ সালে কবে নাগাদ পবিত্র রমজান শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে, সে বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ২০২৭ সালের রমজান মাসের চাঁদ দেখার জন্য ওই বছরের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হবে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই মধ্যপ্রাচ্যের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে।
তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত এর একদিন পর রোজা শুরু হয়ে থাকে। সেই হিসেবে, বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য ৮ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় আকাশে নজর রাখা হতে পারে। ওই দিন সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তবে সেদিন রাতেই এ দেশের মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন এবং পরদিন ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে প্রথম রোজা পালন শুরু হবে।



ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৩৯৬ জন। চলতি বছরে এ যাবত মোট ৯৭ হাজার ২৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট মৃত্যু হয়েছে ৩১৬ জনের।




রংপুরে কিশোরী অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের মিঠাপুকুরে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের মামলায় প্রধান অভিযুক্ত মো. সাঈদ মিয়াকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে ঢাকা জেলার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাঈদ মিয়া মিঠাপুকুর উপজেলার গিরাই গ্রামের হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ১১ জুন ফুফুর বাড়িতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের সদস্যরা কিশোরীকে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, গত ১১ জুন সাঈদ মিয়া কয়েকজন সহযোগীকে নিয়ে একটি অটোরিকশায় করে তাকে অপহরণ করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে এ বিষয়ে কথা বলতে কিশোরীর বাবা অভিযুক্তের বাড়িতে গেলে সাঈদের বাবা-মা কিশোরীর সঙ্গে সাঈদের বিয়ের কথা বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে কিশোরীর পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও জানা গেছে।

এ ঘটনায় গত ১১ অক্টোবর কিশোরীর বাবা মিঠাপুকুর থানায় অপহরণের মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে এসআরবি-১৩, রংপুর এবং এসআরবি-৪-এর সিপিসি-৩, মানিকগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সোমবার সাভারের রংপুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাঈদ মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।