দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজঃ দুর্যোগপরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে আগাম সচেতনতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিটি ঘরকেই দুর্যোগ মোকাবিলার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। দুর্যোগের প্রথম আঘাত যেহেতু পরিবার ও বাসাবাড়ির ওপর আসে, তাই দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যক্তি ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত দুর্যোগপ্রবণ দেশ। ভৌগোলিক অবস্থানের কারণে ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও ভূমিকম্পের মতো দুর্যোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব। সম্প্রতি নেপালে হিমবাহধসে হাজারো মানুষের প্রাণহানির ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ একটি দেশের জীবন-জীবিকা কতটা তছনছ করে দিতে পারে, তা নেপালের ঘটনাই প্রমাণ করে।
বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধি এখন আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। জলবায়ু পরিবর্তনের পেছনে বাংলাদেশের ভূমিকা একেবারেই নগণ্য হলেও এর সবচেয়ে বড় শিকার হতে হচ্ছে এ দেশের মানুষকে। জলবায়ুজনিত ঝুঁকির কারণে দেশের প্রায় ১৭ শতাংশ মানুষকে চরম মূল্য দিতে হবে এবং উপকূলীয় অঞ্চলের এক বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অতীতে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অনেক বাড়লেও এখনো অনেক ক্ষেত্রে উন্নয়নের সুযোগ রয়েছে। বিশেষ করে দুর্যোগকালীন সম্মুখসারির যোদ্ধা স্বেচ্ছাসেবকদের জন্য এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট আইনি কাঠামো নেই। এ কারণে জরুরি ভিত্তিতে স্বেচ্ছাসেবকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
ভূমিকম্পের ঝুঁকি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনার কারণেই মূলত ভূমিকম্পে প্রাণহানির আশঙ্কা বহুগুণ বাড়ে। তাই ভবন ও আবাসন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড মেনে চলার ওপর জোর দিতে হবে। একই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা ও দূষণ বন্ধ করে মানবসৃষ্ট দুর্যোগ কমিয়ে আনার আহ্বান জানান তিনি।



গাজায় বেসামরিক ভবনে ড্রোন হামলার অবাধ অনুমোদন ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা ভূখণ্ডে বসবাসকারী ফিলিস্তিনিদের এলাকা ছাড়ার পূর্ব কোনো নোটিশ বা সতর্কবার্তা দেওয়া ছাড়াই বেসামরিক বাসিন্দাদের উপস্থিতিতে ভারী বোমা ফেলার নির্দেশ পেয়েছিলেন বলে স্বীকার করেছেন চারজন ইসরায়েলি সামরিক গোয়েন্দা সদস্য। সোমবার (১৩ অক্টোবর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামরিক গোয়েন্দা সদস্যদের প্রদত্ত জবানবন্দিতে দেখা গেছে, গাজায় নির্বিচারে হামলা চালানো এবং সংঘাত চলাকালে বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যুর হার বা পারপার্শ্বিক ক্ষতি বিবেচনা করার নীতিমালায় চরম শিথিলতা আনা হয়েছিল। হামাসের একজন মাঠপর্যায়ের ব্যাটালিয়ন কমান্ডার ইব্রাহিম বায়ারিকে হত্যার উদ্দেশ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে করা হামলায় আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছিলেন, যেখানে তাদের সরে যাওয়ার কোনো সুযোগই দেওয়া হয়নি।

অন্য এক জবানবন্দিতে বলা হয়েছে, হামাস কমান্ডার আলী কাদীকে লক্ষ্য করে চালানো হামলায় একটি পরিবারের সব সদস্য মারা গেলেও সেই কমান্ডার অলৌকিকভাবে বেঁচে যান। এছাড়া ড্রোন দলের সেনা সদস্য ও অন্য গোয়েন্দা কর্মীরা জানান, প্রায় ২০ জন পর্যন্ত বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঝুঁকি থাকলেও জ্যেষ্ঠ কর্মকর্তার অনুমতি ছাড়াই ড্রোন আক্রমণের অবাধ অনুমোদন ছিল এবং ২৪ লাখ মানুষের এই ভূখণ্ডে সেনা নিরাপত্তার অজুহাতে বেসামরিক মানুষের প্রাণহানিকে প্রতিনিয়ত উপেক্ষা করা হয়েছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক নাদাব ওয়েইম্যান সামরিক বাহিনীর এই আচরণের কড়া সমালোচনা করে বলেছেন, একজন ব্যাটালিয়ন কমান্ডার বা ট্রাক চালককে মারার জন্য শত শত নিরপরাধ মানুষকে হত্যা করা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না এবং ঊর্ধ্বতনদের এই অপরাধের দায় নেওয়া উচিত।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এই যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার শুনানি চলছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর




সংসদ সদস্যের গাড়িতে অতিরিক্ত যাত্রী সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজঃ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও প্রবেশের অনুমতি থাকছে না। সচিবালয়ের নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গেলো ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবালয়ের নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সভায় সংশ্লিষ্ট কয়েকজন সচিব ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নিতে পারবেন বলে সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করে প্রবেশের ব্যবস্থা করতে হবে।

সচিবালয়ে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে একাধিক ব্যক্তির প্রবেশের বিষয়টি নিরাপত্তা ব্যবস্থাপনায় উদ্বেগ তৈরি করেছে। অনেক সময় একটি গাড়িতে চার থেকে পাঁচজনকে নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন সংসদ সদস্যরা। তাদের সবাই সংশ্লিষ্ট কাজে অনুমোদিত কি না, তা যাচাই করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বিশেষ করে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে পারেন না বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচিবালয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এখানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। অনুমোদন ছাড়া বা প্রয়োজনীয় যাচাই ছাড়াই অতিরিক্ত ব্যক্তির প্রবেশ নিরাপত্তা ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি করতে পারে।

এ কারণে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে প্রবেশকারীদের সংখ্যা সীমিত করার পাশাপাশি তাদের পরিচয় ও অনুমোদন যাচাই বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা কার্যকর হলে সংসদ সদস্যদের ব্যক্তিগত গাড়িতে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।




হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

ডেস্ক নিউজঃ সৌদি আরবের দাম্মাম যাওয়ার পথে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে কাতারের দোহায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

রোববার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে পরবর্তী সময়ে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে বিজি-৩৪৯ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে দাম্মামে পৌঁছায়।

এদিকে, দাম্মাম থেকে ঢাকাগামী বিমানের ফিরতি ফ্লাইট বিজি-৩৫০ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ঘটনায় যাত্রীদের যাত্রায় অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।




ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূতকে কেন বরখাস্ত করতে চাইছেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে বরখাস্ত করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসার পর এ বিষয়ে ভাবছেন ট্রাম্প।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গিলফয়েল মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক বাগদত্তা। প্রায় চার বছর তাদের বাগদান ছিল। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় গিলফয়েল বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন এবং মার্কিন প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ চেয়েছেন- এমন অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন পর্যবেক্ষণ করছেন ট্রাম্প।

প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এ ঘটনায় অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন গ্রিসের রাজধানী এথেন্স সফরে ছিলেন, তখনই অভিযোগগুলো সামনে আসে। ওই সফরে তিনি এথেন্সের অ্যাক্রোপলিস থেকে পশ্চিমা গণতন্ত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

বিষয়টি সম্পর্কে অবগত ওই ব্যক্তির ভাষ্য, গিলফয়েলকে বরখাস্ত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। তবে অভিযোগ সামনে আসার পরও তার পক্ষে প্রকাশ্যে জোরালো অবস্থান নেননি মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার সিএনএনের পক্ষ থেকে অভিযোগগুলো নিয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, “আমি বিষয়টি সম্পর্কে এইমাত্র শুনেছি। এটা দুঃখজনক।”

তিনি আরও বলেন, “আমি এ সম্পর্কে সামান্যই শুনেছি। বিস্তারিত কিছু জানি না। তবে তিনি সব সময়ই আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছেন।”

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

এক লাখ ডলার চাওয়ার অভিযোগ
গিলফয়েলের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের বিষয়ে সিনেটে অনুমোদন পাওয়ার ঠিক আগে তিনি সাবেক ট্রাম্প-সমর্থক এরিক ডিটার্সের কাছে এক লাখ ডলার চেয়েছিলেন।

ডিটার্সের দাবি, সিনেটে গিলফয়েলের নিয়োগ নিশ্চিত হওয়ার কয়েক দিন আগে তিনি তাকে একটি খুদে বার্তা পাঠান। সেখানে আমেরিকান এক্সপ্রেসের একটি ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধের জন্য এক লাখ ডলার পাঠাতে বলা হয়েছিল। তবে সে সময় হাতে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় ডিটার্স শেষ পর্যন্ত তাকে ওই অর্থ পাঠাননি।

ঘটনাটি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে ওই বার্তাগুলোর কথা উঠে আসে। গিলফয়েলের আইনজীবী পত্রিকাটিকে জানিয়েছেন, বার্তাগুলোর সত্যতা নিয়ে আপত্তি জানিয়েছেন তার মক্কেল।

বিষয়টি সম্পর্কে অবগত ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রশাসনের কর্মকর্তাদের কাছেও গিলফয়েল দাবি করেন, তিনি ওই বার্তাগুলো পাঠাননি।

অর্থ চাওয়ার অভিযোগ এবং বার্তাগুলোর সত্যতা নিয়ে বিরোধের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা এখনও স্পষ্ট নয়।

ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা
ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন গিলফয়েল। পরে তাকে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

ট্রাম্প ও তার ছেলের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি সিএনএনকে বলেছেন, পুরো ঘটনাটি তাদের জন্য বিব্রতকর। তবে অভিযোগের পরিণতিতে গিলফয়েলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়।

ট্রাম্প এর আগে একাধিকবার স্পষ্ট করেছেন, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে কেউ আর্থিক সুবিধা নিলে তিনি তা পছন্দ করেন না। গিলফয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ক্ষেত্রে এই অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আগাম বিচার করতে চান না ভ্যান্স
শুক্রবার এ বিষয়ে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। গিলফয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি না, সে বিষয়ে সরাসরি কোনও সিদ্ধান্তমূলক মন্তব্য করেননি তিনি। তার বক্তব্য, জনমতের আদালতে কাউকে বিচার করার চেষ্টা করতে চান না।

তবে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার বিষয়ে নিজের অস্বস্তির কথা স্পষ্ট করেছেন ভ্যান্স।

তিনি বলেন, “অবশ্যই অন্য কোনও সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে কাউকে অর্থ নিতে দেখলে আমি তা পছন্দ করব না। বিশেষ করে সেই কর্মকর্তা যদি সরকারের উচ্চপর্যায়ের কেউ হন।”

ভ্যান্স আরও বলেন, “সত্যটা কী, তা দেখা যাক। আর সত্যিই যদি খারাপ কিছু ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই তার পরিণতি ভোগ করতে হবে।”

গিলফয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত বা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত এখনও জানা যায়নি। ট্রাম্প তাকে বরখাস্ত করবেন কি না, তা নির্ভর করছে অভিযোগগুলো সম্পর্কে তার চূড়ান্ত মূল্যায়নের ওপর। সূত্র: সিএনএন




নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ডেস্ক নিউজঃ আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। 

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের জন্য তার সময় পাওয়া যাবে।

উদ্বোধনের তারিখ সম্পর্কে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন এবং ২৯ অক্টোবর দেশে ফিরবেন। এরপর তার সময় অনুযায়ী উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।

কক্সবাজার থেকে কোন কোন এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, তা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশের এয়ারলাইনসের কান্ট্রি হেডরা সভায় উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সম্ভাব্য গন্তব্য নির্ধারণ করা হবে।




ডি মারিয়ার জোড়া গোলে শীর্ষে রোসারিও

খেলাধুলা ডেস্কঃ আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার জোড়া গোলে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোসারিও সেন্ট্রাল। ঘরের মাঠে এমন বড় জয়ে আর্জেন্টিনার লিগা প্রফেশনালের ‘বি’ অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে দলটি। একই সঙ্গে শিরোপার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করেছে রোসারিও।

রবিবার রাতে গিগান্তে দে আরোইয়িতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা দি মারিয়া।

প্রথমার্ধের শেষ দিকে গ্যাস্টন আভিলার ওপর ফাউল করে লাল কার্ড দেখেন ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়ার অ্যালেক্স আর্সে। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের। এই ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দি মারিয়া। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে রোসারিও। বাকি গোলগুলো করেন জামিন্টন কামপাজ, এনজো কোপেত্তি ও মার্কো রুবেন।

৫-০ গোলের এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে রোসারিও সেন্ট্রাল। এখন পর্যন্ত ১২ ম্যাচে ছয় জয়, চার ড্র ও দুই হারে দলটির অর্জন ২২ পয়েন্ট।

গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়াই রোসারিওর অন্যতম লক্ষ্য। শিরোপার দৌড়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে ব্যবধান গড়তে এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরবর্তী ম্যাচে মনুমেন্টাল হোসে ফিয়েরো স্টেডিয়ামে আতলেতিকো তুকুমানের মুখোমুখি হবে রোসারিও সেন্ট্রাল। অন্যদিকে, ঘরের মাঠে তিগ্রের বিপক্ষে খেলবে ইন্ডিপেন্ডিয়েন্টে রিভাদিয়া।




আবুধাবি টেস্ট: বাংলাদেশের লিড চারশো ছাড়ল

খেলাধুলা ডেস্কঃ আবুধাবি টেস্টে টাইগারদের লিড চারশো ছাড়িয়েছে। সোমবার টেস্টের চতুর্থ দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করেছে শান্তবাহিনী। এতে লিড দাড়িয়েছে ৪০৬ রান।

লিটন দাস ৫৭ ও মিরাজ ৩৫ রানে ব্যাট করছেন। ছয় উইকেটে ৩২৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা। এর আগে গতকাল তৃতীয় দিন হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আড়াইশোর আগেই গুটিয়ে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। সব কয়টি উইকেট হারিয়ে ২৪০ রান করে তারা। এতে করে ১০৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ।

হাসান মাহমুদ ও এবাদত হোসেন মিলে শিকার করেন ৯ উইকেট। ক্যারিয়ারের স্মরণীয় পাঁচ উইকেটের সঙ্গে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েন হাসান। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৪৬ রান।

তৃতীয় দিনের শুরুটা স্বপ্নের মতো রঙিন হয় বাংলাদেশ দলের। চার উইকেটে ২১১ রান নিয়ে দিন শুরু করা আফগানিস্তানকে প্রথম ধাক্কাটা দেন এবাদত হোসেন চৌধুরী।

১০৩ বলে ৩২ রান করা ইকরাম আলিখিলকে ফেরান এবাদত। পরের ওভারেই কারিশমা দেখিয়েছেন হাসান মাহমুদ। ৮৩তম ওভারের ৩য়, ৪র্থ এবং ৫ম বলে একে একে ফিরিয়েছেন ইসমাত আলম, কাইস আহমেদ এবং জিয়াউর রহমানকে। ইসমাতকে এক রানে ফেরালেও বাকি দুইজন মেরেছেন গোল্ডেন ডাক। তিন বলে তিন উইকেট নিয়ে দারুণ এক হ্যাটট্রিক তুলে নেন হাসান মাহমুদ।

হ্যাটট্রিকের পর হাসান ফিরিয়েছেন ইয়ামিন আহমেদ জাইকে। তুলে নেন দারুণ এক ফাইফার। টেস্টে দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে ছুঁয়ে ফেলেন ৫০ উইকেটের মাইলফলকও। পরে টিকে থাকা আফগান অধিনায়ক রহমত শাহ পেয়েছেন সেঞ্চুরি। ২১৬ বলে ১০৩ রান করে টিকে ছিলেন রহমত। মোহাম্মদ সেলিমকে ফিরিয়ে আফগান ইনিংসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এবাদত হোসেন। ২৪০ রানেই থেমেছে আফগানিস্তান।

হাসান পাঁচটি, এবাদত চারটি ও মেহেদী হাসান মিরাজ নিয়েছে একটি উইকেট।

এদিন বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। পেসারদের মধ্যে প্রথম। এর আগে টেস্টে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক ছিল অলক কাপালি ও সোহাগ গাজীর। তার দুজনেই ছিলে স্পিনার।




১৫ বছর পর ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, থাকছেন কি বিদ্যা?

বিনোদন ডেস্কঃ দীর্ঘ ১৫ বছর পর বড় পর্দায় ফিরতে চলেছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন ছবিতে প্রথম কিস্তির অভিনেত্রী বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনো স্পষ্ট করেননি তিনি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নারী, যৌনতা, খ্যাতি ও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মানও পান তিনি।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে নিজের আগামী সিনেমার পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর প্রসঙ্গ তোলেন একতা কাপুর। তিনি জানান, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন। তবে এত দিন এমন কোনো গল্প খুঁজে পাননি, যা তাঁকে নতুন করে এই সিনেমার জগতে ফিরতে অনুপ্রাণিত করবে।

একতা কাপুরের ভাষ্য, অবশেষে এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান। তাঁর পরিকল্পনায় এটি অন্যতম বড় সিনেমা। প্রায় ১৫ বছর পর সিক্যুয়েলটি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তিনি।

তবে নতুন সিনেমার গল্প কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রযোজক। আগের ছবির মতো এবারও কোনো বাস্তব ব্যক্তির জীবনকাহিনি তুলে ধরা হবে কি না, তা নিয়েও রয়েছে কৌতূহল।

প্রথম সিনেমায় বিদ্যা বালনের পাশাপাশি অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বিদ্যার অনবদ্য অভিনয় ছবিটিকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল।

এবারের সিক্যুয়েলে বিদ্যা বালন ফিরবেন কি না, সেটিই এখন দর্শকদের অন্যতম বড় প্রশ্ন। একতা কাপুর জানিয়েছেন, নতুন ছবিতেও একজন মানুষের জীবনকাহিনি থাকবে। তবে সেই চরিত্রের পরিচয় কিংবা অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

ফলে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্প, অভিনয়শিল্পী ও মুক্তির সময় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।




‘এই চেহারা নিয়ে নায়িকা হবেন কীভাবে’, কটাক্ষ শুনেছিলেন রাধিকা

বিনোদন ডেস্কঃ মা হওয়ার পর শারীরিক পরিবর্তনের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার তাঁর পাশে দাঁড়িয়ে শরীর নিয়ে সমালোচনার মুখে পড়ার নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা মদন। একসময় ওজন বেড়ে যাওয়ায় তাঁকেও শুনতে হয়েছিল, এমন চেহারা নিয়ে কীভাবে নায়িকা হবেন!

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে রাধিকাকে। এতে তাঁর স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

রাধিকার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘পটাখা’। এই সিনেমার চরিত্রের প্রয়োজনে প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। পরে ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ের সময় সেই ওজন কমানোর চেষ্টা করেন অভিনেত্রী।

কিন্তু কাজের ব্যস্ততার মধ্যেই ওজন কমানোর চাপ সামলাতে গিয়ে নানা সমস্যার মুখে পড়েন তিনি। এ সময় নিজের শারীরিক গঠন নিয়ে কটাক্ষও শুনতে হয় তাঁকে। রাধিকার কথায়, তখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই চেহারা নিয়ে কীভাবে নায়িকা হবেন।

অভিনেত্রী জানান, ওজন কমানোর চেষ্টা করতে করতে একপর্যায়ে তাঁর শরীর অত্যন্ত রোগা হয়ে পড়ে। একের পর এক সিনেমার শুটিংয়ের পাশাপাশি শারীরিক পরিবর্তনের চাপ সামলানো কঠিন হয়ে উঠেছিল। ধীরে ধীরে এর প্রভাব পড়ে তাঁর স্বাস্থ্যের ওপরও। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

ক্যাটরিনাকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার প্রেক্ষাপটে রাধিকার এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে বিনোদনজগতের অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে সমাজের কঠোর প্রত্যাশার বিষয়টি। ওজন বাড়লে যেমন কটাক্ষের শিকার হতে হয়, তেমনি ওজন কমলেও সমালোচনা থেকে রেহাই মেলে না এমন অভিজ্ঞতা বহু অভিনেত্রীরই রয়েছে।