সারা দেশে ভারি বর্ষণের আভাস

আবহাওয়া প্রতিবেদকঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও তা পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার এই বিদায়লগ্নেও দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী রোববার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।




শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

বিশেষ প্রতিবেদকঃ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি নাঈম ও সাজ্জাতের অন্য আদালতে মামলা থাকায়, তাদের আদালতে হাজির করা হয়নি। এজন্য রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। হোসেন পেশায় ট্রাকচালক ছিলেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন।




গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। বৈঠকে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণপরিবহনের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।




স্বামী-স্ত্রীকে দুই প্রান্তে বদলি, আমলাতন্ত্রের খামখেয়ালিপনায় ক্ষোভ রিজভীর

বিশেষ প্রতিবেদকঃ চাকরির কারণে স্বামী-স্ত্রীকে দূরবর্তী দুই স্থানে বদলি করাকে আমলাতান্ত্রিক জটিলতা, উদাসীনতা ও খামখেয়ালিপনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, স্বামীকে এক জায়গায় রেখে স্ত্রীকে বান্দরবান বা নাইক্ষ্যংছড়ির মতো দূরবর্তী স্থানে বদলি করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সিদ্ধান্ত একটি পরিবারকে নানা ধরনের সংকটের মধ্যে ফেলে দেয়। বিশেষ করে শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বামী-স্ত্রী যেন কাছাকাছি থাকতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, বিভিন্ন বিভাগে স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে তাঁদের কাছাকাছি রাখার বিষয়ে নিয়মকানুন রয়েছে বলে তিনি জানেন। কিন্তু শিক্ষকদের বদলির ক্ষেত্রে অনেক সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়, যা তাঁদের পারিবারিক জীবনে সংকট তৈরি করে। এ ধরনের আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা বন্ধ হওয়া উচিত।

শিক্ষকদের দাবির বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষকদের অনেক দাবি পূরণ হয়েছে। এখনো যেসব ন্যায্য দাবি রয়েছে, সেগুলো প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে তিনি বিশ্বাস করেন। শিক্ষকেরা তাঁদের যৌক্তিক দাবি থেকে বঞ্চিত হবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে শিক্ষাবান্ধব, শিক্ষকবান্ধব ও শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে রিজভী বলেন, শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে। শিক্ষকদের ন্যায্য দাবি এবং তাঁদের জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে বলে তিনি মনে করেন।

দেশের শিক্ষাব্যবস্থার মান নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, অতীতে শিক্ষাকে অতিরিক্ত রাজনীতিকীকরণ করা হয়েছে। এর ফলে শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষায় না লিখেও শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। পাসের হার বাড়ানোর প্রবণতা শিক্ষার প্রকৃত উদ্দেশ্যকে ব্যাহত করেছে।

তিনি বলেন, শিক্ষা শুধু বাংলা, ইংরেজি, গণিত বা অন্যান্য বিষয় শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মাধ্যমে একজন মানুষ নৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন। তাই শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতির মেরুদণ্ড শক্তিশালী হতে পারে না।

শিক্ষকদের উদ্দেশে রিজভী বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর প্রতিও গুরুত্ব দিতে হবে। শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে গুণগত পরিবর্তন আনার ওপরও জোর দেন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া সংসদ সদস্য ও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




অভিষেককে ক্যারিয়ার নিয়ে কী শিখিয়েছিলেন শাহরুখ? জানালেন পুরোনো গল্প

বিনোদন ডেস্কঃ বলিউডে অভিষেক বচ্চনের পথচলায় শাহরুখ খানের প্রভাব যে বেশ গভীর, তা নতুন করে জানালেন খোদ অভিষেক। অভিনয়ে পা রাখার আগেই শাহরুখের কাছ থেকে পাওয়া একটি সহজ পরামর্শ আজও মেনে চলেন তিনি। শুধু পরামর্শই নয়, ক্যারিয়ারের কঠিন সময়ে শাহরুখ ব্যক্তিগতভাবে তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অভিষেক জানান, অভিনয়ে আসার আগে প্রায় প্রতি রবি আদিত্য চোপড়ার বাড়িতে ক্রিকেট খেলতেন তারা। সেই আড্ডায় থাকতেন উদয় চোপড়া, হৃতিক রোশন, সিকন্দর খেরসহ আরও অনেকে। সেখানে নিয়মিত দেখা হতো শাহরুখের সঙ্গেও।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহরুখ তাদের কাছে অনেকটা বড় ভাইয়ের মতো হয়ে ওঠেন। সেই সম্পর্ক এখনও অটুট। অভিষেক জানান, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে শাহরুখ তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। এমনকি আসন্ন ‘কিং’ সিনেমার ক্ষেত্রেও পাশে দাঁড়িয়েছেন বলিউডের বাদশা।

অভিষেকের ভাষায়, আমার কেরিয়ার নিয়ে শাহরুখ বেশ কয়েক বার ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়েছেন। ‘কিং’-এর ক্ষেত্রেও তাই করেছেন।

তবে শাহরুখের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় ‘উপহার’ সম্ভবত তার সেই পরামর্শ, যা এখনও বয়ে বেড়াচ্ছেন অভিষেক।

অভিষেক জানান, একদিন তিনি শাহরুখকে প্রশ্ন করেছিলেন—তার নিজের প্রিয় সিনেমা কোনটি? শাহরুখের উত্তর শুনে অবাক হয়েছিলেন তিনি। বাদশা বলেছিলেন, তিনি যে সিনেমায় তখন কাজ করছেন, সেটিই তার প্রিয় সিনেমা।

শাহরুখের যুক্তি ছিল, যে কাজটি এখন করছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতে কী হয়েছে, সেটি নিয়ে পড়ে না থেকে বর্তমান কাজের প্রতিই পুরো মনোযোগ দেওয়া উচিত। কারণ কোনো সিনেমা নিজের প্রিয় না হলে সেটিতে কাজ করার অর্থই বা কী!

শাহরুখের সেই কথাই যেন মন্ত্রের মতো মনে গেঁথে গেছে অভিষেকের। বছরের পর বছর ধরে নিজের কাজের ক্ষেত্রে সেই দর্শনই অনুসরণ করে আসছেন তিনি। আর এবার সেই পরামর্শের বাস্তব প্রয়োগই দেখা যাবে ‘কিং’-এ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ ও অভিষেককে একসঙ্গে দেখা যাবে। ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানেরও।

‘কিং’-এ আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা, জয়দীপ অহলাওয়াত ও অরশদ ওয়ারসী। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।




সালমান খানের নামে আকাশচুম্বী ভবন

বিনোদন ডেস্কঃ বলিউডের সুপারস্টার সালমান খানের নাম এবার যুক্ত হতে যাচ্ছে ভারতের চণ্ডীগড়ের এক বিশাল ও বিলাসবহুল আবাসিক প্রকল্পের সঙ্গে। স্থানীয় ও আন্তর্জাতিক আবাসন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সেখানে নির্মাণাধীন একটি বহুতল ভবন ও আবাসন কমপ্লেক্সের নাম রাখা হতে পারে এই জনপ্রিয় অভিনেতার নামেই।

এ সংক্রান্ত একটি প্রজেক্টের বিষয়ে আগামী বৃহস্পতিবার বাণিজ্য নগরী মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।

দ্য ফ্রি প্রেস জার্নাল-এর একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চণ্ডীগড়ের প্রস্তাবিত এই বহুতল আবাসন প্রকল্পটির জন্য ইতিমধ্যে তিনটি সম্ভাব্য নাম নিবন্ধন করা হয়েছে। এই তালিকাভুক্ত নামগুলো হলো ‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সালমান টাওয়ার্স’ এবং ‘সালমান খান টাওয়ার্স’। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বহুতল এই ভবনটির নাম এই তিনটি নামের যেকোনো একটি অথবা এর কাছাকাছি অন্য কোনো নামে নির্ধারিত হতে পারে।

প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, বহুতল এই আবাসন প্রকল্পটি কেবল একটি সাধারণ আবাসিক টাওয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটিকে আধুনিক সমস্ত নাগরিক সুযোগ-সুবিধা-সংবলিত একটি পূর্ণাঙ্গ টাউনশিপ কিংবা স্যাটেলাইট টাউনের আদলে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। বিশাল পরিসরের এই নতুন আবাসন কমপ্লেক্সটি চণ্ডীগড়ের আবাসন খাতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির বিশালত্ব ও রূপরেখা তুলে ধরে জানা গেছে, ভারতের একটি স্থানীয় এবং একটি বিদেশি রিয়েল এস্টেট বা আবাসন নির্মাতা প্রতিষ্ঠান যৌথভাবে এই প্রকল্পের কাজে যুক্ত রয়েছে। প্রকল্পটির মূল রূপরেখা, চূড়ান্ত নাম এবং এর সামগ্রিক পরিধি সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।




প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী

চবি প্রতিনিধিঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ এবং ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ কৃতী শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৯ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৯ জন শিক্ষার্থী। তারা হলেন- আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, ওশানোগ্রাফি বিভাগের রাইয়ান আহমেদ ও এমবিবিএসের আফসানা আক্তার।

আরও জানা যায়, ২০২০ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। তারা হলেন- আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার ও এমবিবিএসের ইসরাত পারভীন।

এ ছাড়া ২০২১ সালের শিক্ষার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৮ জন শিক্ষার্থী। তারা হলেন- ফারসি ভাষা ও সাহিত্যের আশরাফুন নেসা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের নুসরাত জাহান, অর্থনীতির মিন্টু বড়ুয়া, আইনের তনিকা ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞানের মো. মেহেদী হাসান ও এমবিবিএসের মো. আদিবুল হক নাফিস।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার। ২০০৫ সালে ইউজিসি এ পদক প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীদের এ পদক দেওয়া হয়। এবারে প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারা দেশ থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।




বিশ্বনাথে দুই পক্ষের সমাবেশের জেরে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এলাকাটিতে সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। লাঠি, কোনো প্রকার অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন করা যাবে না। নিষিদ্ধ থাকবে পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েত। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেছে উপজেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী সফির আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দেয় উভয় পক্ষ।

এদিকে চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় ডাকবাংলো এলাকায় প্রতিবাদ মিছিল ও সভার ডাক দেয় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদণের নেতাকর্মীরা। অন্যদিকে একই স্থানে ও একই সময়ে ওই ঘটনায় দায়ের করা মামলার প্রতিবাদে ‘উপজেলার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ঘোষণা দেয়া হয়। এ কারণে জনস্বার্থ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।




কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল

নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবনসংলগ্ন বিস্তৃত প্রাঙ্গণে এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় আয়োজিত এ কার্নিভালে দিন ও রাতে পর্যটকদের জন্য থাকছে নানা ধরনের বিনোদন, খেলাধুলা, খাবার, সাংস্কৃতিক আয়োজন, অ্যাডভেঞ্চার ও পারিবারিক কার্যক্রম।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, কক্সবাজারে প্রতিবছর দেশি পর্যটকের সংখ্যা বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা আশানুরূপ বাড়ছে না। পর্যটকদের অন্যতম অভিযোগ-সমুদ্রসৈকত উপভোগের পর বিশেষ করে সন্ধ্যার পর বিনোদনমূলক কার্যক্রমের সুযোগ সীমিত। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো তিন মাসব্যাপী দিন-রাতের নানা আয়োজন নিয়ে এ কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্নিভালে থাকছে ফুড জোন, মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজ, ওয়েলনেস জোন, কিডস জোন এবং ক্যাম্পিং জোন। ফুড জোনে দেশি-বিদেশি খাবার, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম ও জুসের আয়োজন থাকবে।

মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজে পোশাক, অলংকার, মাটির পণ্য এবং স্থানীয় কারিগরদের হাতে তৈরি বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। ওয়েলনেস জোনে সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশনের আয়োজন করা হবে। শিশুদের জন্য কিডস জোনে থাকবে আর্ট, নিরাপদ রাইডসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।

ক্যাম্পিং জোনে থাকছে নাইট-স্টে ক্যাম্পিং, ওপেন-স্কাই লাইব্রেরি, সেলফ-বারবিকিউ, হ্যামক, ক্যাম্পফায়ার এবং টেলিস্কোপে তারাভরা আকাশ দেখার সুযোগ।

এ ছাড়া কার্নিভালে থাকছে লাইভ আর্ট ও ফটো গ্যালারি, ওপেন-স্কাই মুভি থিয়েটার, ভিআর জোন, সার্কাস টেন্ট, কায়াকিং, লাইভ বাস্কিং, গো-কার্ট, বিচ ফুটবল, বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কাবাডি, ব্যাডমিন্টন ও স্যান্ড স্কাল্পচার।

বিশেষ দিনগুলোতে বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে থাকছে বিশেষ আয়োজন। পাশাপাশি বিচ ভিউ ওপেন থিয়েটারে ‘ওয়েভ অব মিউজিক’ শীর্ষক সংগীতানুষ্ঠানে সমুদ্রের সামনে সূর্যাস্তের আবহে সংগীত উপভোগের সুযোগ থাকবে।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. গনী উল আজম। তিনি কার্নিভালের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

তিনি বলেন, ‘আমরা শুধু একটি কার্নিভাল আয়োজন করতে চাই না। আমরা চাই, কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতায় একটি নতুন মাত্রা যুক্ত হোক। সমুদ্র থাকবে, সূর্যাস্ত থাকবে, ঝাউবন থাকবে-এর সঙ্গে যুক্ত হবে খাবার, সংগীত, খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীলতা, অ্যাডভেঞ্চার এবং পারিবারিক বিনোদন।’

তিনি জানান, কার্নিভালের বিভিন্ন আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, বৃহত্তর কক্সবাজার অঞ্চলের সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুল আরেফিন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কার্নিভালের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বাংলাদেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয়ভাবে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতেই এ কার্নিভালের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে উপস্থাপনের মাধ্যমে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক মানের এ আয়োজন কক্সবাজারে পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে।

চেয়ারম্যান আশা প্রকাশ করেন, তিন মাসব্যাপী এ আয়োজনের ফলে পর্যটকরা সমুদ্র উপভোগের পাশাপাশি দিন ও রাতে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও এ আয়োজন ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘কক্সবাজারকে একটি প্রাণবন্ত, বৈচিত্র্যময়, নিরাপদ, টেকসই এবং আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে নতুনভাবে ব্র্যান্ডিং করতে এই কার্নিভাল আয়োজন করা হচ্ছে।’

মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, মহাব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ

ইসলামিক ডেস্কঃ পথভোলা মানুষকে আল্লাহর পথে আনার কাজই দাওয়াতে তাবলিগের কাজ। এ কাজ কোনো ব্যক্তি বা দলের নয়। এ কাজ মহান আল্লাহ কর্তৃক প্রেরিত মহাপুরুষ নবী-রসুলদের কাজ। বিদায় হজের ভাষণে নবীজি (সা.) বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। মূলত তখন থেকেই নবীওয়ালা কাজটি উম্মতের জিম্মায় চলে আসে। সে থেকেই একদল মর্দে মুমিন দুনিয়ার সব ধরনের লোভলালসা, আরাম-আয়েশ ত্যাগ করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে দাওয়াতে তাবলিগের মেহনত করে আসছেন।

এই মেহনতের মূল লক্ষ্য মানুষের জীবনে ইমান ও আমলের চেতনা জাগিয়ে তোলা। মানুষ যেন তার সৃষ্টিকর্তাকে চিনতে পারে, তাঁর নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে পারে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পাশাপাশি আখিরাতের স্থায়ী জীবনের প্রস্তুতি নিতে পারে-এটাই দাওয়াতের মূল কথা। তাই এ মেহনত কোনো শ্রেণি-পেশা বা এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের সর্বস্তরের মানুষের কাছে দীনের কথা পৌঁছে দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য।

নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগদাওয়াত ও তাবলিগের এই মেহনত মূলত আত্মশুদ্ধি ও সংশোধনেরও একটি পথ। অন্যকে দীনের কথা বলার পাশাপাশি নিজের ইমান, আমল, আখলাক ও চরিত্রকে সংশোধনের চেষ্টা করা হয়। নামাজ, ইলম ও জিকিরের প্রতি যত্নশীল হওয়া, মানুষের সঙ্গে উত্তম আচরণ করা, আল্লাহর ওপর ভরসা করা এবং রসুল (সা.)-এর সুন্নাহকে জীবনে ধারণ করার চেষ্টা-এসবই এ মেহনতের গুরুত্বপূর্ণ দিক। এভাবে ব্যক্তি পরিবর্তিত হলে পরিবার, সমাজ এবং বৃহত্তর পরিসরেও তার ইতিবাচক প্রভাব পড়ে। দুনিয়ার ব্যস্ততা ও ভোগের প্রতিযোগিতার মধ্যে মানুষ যখন ধীরে ধীরে তার সৃষ্টিকর্তা ও আখিরাতের কথা ভুলে যায়, তখন দীনের এই মেহনত মানুষকে আবার তার মূল পরিচয়ের কথা স্মরণ করিয়ে দেয়। সম্পদ, পদপদবি কিংবা দুনিয়ার সাফল্য নয়-মানুষের প্রকৃত সফলতা আল্লাহর সন্তুষ্টির মধ্যে, এই উপলব্ধিই দাওয়াতের কেন্দ্রীয় বার্তা। সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে যুগের পর যুগ মুমিনরা নিজেদের সময়, শ্রম ও সামর্থ্য ব্যয় করে আসছেন।

যারা এই নবীওয়ালা কাজের আনজাম দেবেন তাদের একটি আশ্চর্য শক্তির অধিকারী হতে হয়। সেই শক্তিটির নাম হলো ধৈর্যশক্তি। সবর ছাড়া দাওয়াতের মেহনতে সফল হওয়ার কোনো সম্ভাবনা তো নেই-ই, উল্টো প্রতি পদক্ষেপে শয়তানের ওয়াসওয়াসার চোরাবালিতে পড়ে গুনাহের গর্তে হারিয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। তাই যারা সবরের মতো কঠিন গুণটি আয়ত্তে আনতে পারেননি বা পারবেন বলে মনে হয় না, অন্তত সবরের ওপর অবিচল থাকার চর্চা যাদের মধ্যে নেই, দাওয়াতের এই নবীওয়ালা কঠিন কাজটি কোনোভাবেই তাদের জন্য নয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাজিনা সবারু, ওয়ামা ইউলাক্কাহা ইল্লা জুহাজ্জিল আজিম। অর্থ : দাওয়াতের কঠিন কাজের আনজাম তারাই দিতে পারে, যারা চরম ধৈর্যশীল। দাওয়াতের কাজে সফল তারাই হয়, যারা পরম সৌভাগ্যবান’ (সুরা হামিম সেজদাহ-৩৬)। ধৈর্যের অনেক অর্থ আছে, অনেক রূপ আছে। দাওয়াতের কাজ যারা করেন তাদের ন্যূনতম এতটুকু ধৈর্য থাকতে হবে যে কেউ তাদের গালি দিলে জবাবে তারা হাসি দেবে, যে তার পথ আটকে দেবে, সে তার জন্য পথ খুলে দেবে, যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তার জন্য যে সে ষড়যন্ত্রের জাল কেটে দেবে, যে তার ঘর ভেঙে দেবে, আশ্রয় ছিনিয়ে নেবে, দায়ি ওই ব্যক্তির ঘর করে দেবে, আশ্রয় খুঁজে দেবে। এসব সুন্দর আচরণ যে শুধু কাফের-মুশরিকদের সঙ্গেই দেখাতে হবে তা না, বরং নিজ সাথি ভাইদের সঙ্গে আরও বেশি করে দেখাতে হবে। নবীজি (সা.)-এর পুরো জীবন খুঁজলে এমনটিই আমরা দেখতে পাই। নবীজি (সা.) এই দাওয়াতি আচরণ শিখলেন কোত্থকে? তিনি শিখেছেন তাঁর প্রভু আল্লাহ রাব্বুল আলামিন থেকে। তাঁর উম্মত যেন নবীর মতোই মহৎ চরিত্রের অধিকারী হতে পারে, বিশেষ করে যারা নবীওয়ালা কাজের আনজাম দেবে তাদের উদ্দেশ করে আল্লাহ বলছেন, ‘ইদফা বিল্লাতি হিয়া আহসান। ফাইজাল্লাজি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামিম। তোমার সঙ্গে যারা মন্দ আচরণ করে তাদের সঙ্গে সবচেয়ে ভালো আচরণটি কর। তাহলে দেখবে যে তোমার জানের দুশমন ছিল সে তোমার জানের দোস্ত হয়ে গেছে’ (সুরা হামিম সেজদাহ-৩৪)। খুব গভীরভাবে লক্ষ করুন, এখানে বলা হয়নি কোনো কাফের-মুশরিকের সঙ্গে তুমি সবচেয়ে ভালো আচরণ কর, বরং বলা হয়েছে, যে ব্যক্তিই তোমার সঙ্গে মন্দ আচরণ করবে, সে যে-ই হোক না কেন-তার সঙ্গে চরমতম ভালো আচরণ কর। তাহলেই সে তোমার সবচেয়ে কাছের হিতাকাক্সক্ষী-শুভাকাক্সক্ষী-বন্ধু হয়ে যাবে।