পূজার আগে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

ডেস্ক নিউজঃ আসন্ন দুর্গাপূজার ছুটি সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। পূজার ছুটি টানা পাঁচ দিন নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভা বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সরকারের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার ও ২৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

তবে টানা এই ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর শনিবারকে কর্মদিবস হিসেবে রাখা হয়েছে। ওই দিন সরকারি অফিস-আদালত নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

অতিরিক্ত এক দিনের ছুটির ফলে সরকারি চাকরিজীবীদের জন্য এবারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।




ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন

ডেস্ক নিউজঃ ১৯৪৭ সালে ভারতভাগের পর প্রথমবারের মতো ভারতের আসাম থেকে আন্তর্জাতিক নৌপথে ঢাকার উদ্দেশ্যে সরাসরি মালবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার আসামের ডিব্রুগড় জেলার ব্রহ্মপুত্র নদের বগিবিল টার্মিনাল থেকে ৫৪০ মেট্রিক টন মিথানলবোঝাই একটি বার্জ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে বন্ধ থাকা ডিব্রুগড়ের ঐতিহাসিক নদীবন্দর ও নৌপথ পুনরুজ্জীবিত হলো।

ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক অনুষ্ঠানে জাহাজটির যাত্রার উদ্বোধন করেন। অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও বিধায়ক উপস্থিত ছিলেন। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজনে যুক্ত হন।

নমরূপের রাষ্ট্রীয় মালিকানাধীন আসাম পেট্রো-কেমিক্যালস লিমিটেডের (এপিসিএল) উৎপাদিত মিথানল নিয়ে বার্জটি ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছে। জাহাজটি ব্রহ্মপুত্র নদের ওপর জাতীয় জলপথ-২ ধরে প্রায় ৭৬৮ কিলোমিটার পথ অতিক্রম করে ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছাবে। সেখান থেকে ইন্দো-বাংলাদেশ প্রোটোকল রুট (আইবিপিআর) অনুসরণ করে ঢাকার নারায়ণগঞ্জে যাবে। ডিব্রুগড়ের বগিবিল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত জাহাজটিকে মোট ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

উত্তর-পূর্ব ভারতের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে ব্রহ্মপুত্র নদ বাণিজ্যিক করিডোর হিসেবে কতটা অর্থনৈতিক ও ব্যবহারিক সম্ভাবনা রাখে, এই পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে তা যাচাই করা হচ্ছে।

অনুষ্ঠানে সর্বানন্দ সোনোয়াল বলেন, আমাদের দাদু-ঠাকুরমারা ডিব্রুগড় ঘাটে স্টিমারের বাঁশির শব্দ শুনে বড় হয়েছেন। ৭০ বছর ধরে সেই বাঁশি স্তব্ধ ছিল, জাহাজ আসাও বন্ধ হয়ে গিয়েছিল। আজ ডিব্রুগড় থেকে ফের বিশ্বের উদ্দেশ্যে একটি জাহাজ রওনা হলো। নদী কখনো আমাদের হতাশ করেনি, যা অভাব ছিল তা হলো নদীপথ পুনরুজ্জীবিত করার রাজনৈতিক সদিচ্ছা।

তিনি আরও বলেন, নমরূপে উৎপাদিত আসামের নিজস্ব পণ্য এখন আসামের নদীপথ ব্যবহার করেই আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। উত্তর-পূর্ব ভারত আর প্রান্তিক কোনো এলাকা নয়, এটি এখন ভারতের পূর্বমুখী বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। এটি প্রথম যাত্রা, তবে এটিই শেষ নয়।

ঐতিহাসিকভাবে ডিব্রুগড় একসময় পূর্ব ভারতের অন্যতম ব্যস্ততম নদীবন্দর ছিল। ১৮৫৬ সালের মধ্যেই তৎকালীন ক্যালকাটা (বর্তমান কলকাতা) থেকে সরকারি স্টিমার ডিব্রুগড়ে পৌঁছাত। ১৮৮২ সালে ডিব্রুগড় স্টিমার ঘাট থেকে ‘ডিব্রু-সাদিয়া রেলওয়ে’র কার্যক্রম শুরু হয়। ১৯১৩ সালের দিকে আসামের চা, কাঠ ও যাত্রী পরিবহন করে প্রতিদিন ব্রহ্মপুত্র নদ দিয়ে ডিব্রুগড়ে স্টিমার চলাচল করত।

তবে ১৯৪৭ সালের দেশভাগ এই নৌযোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে আসামের পণ্য কলকাতায় পাঠাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্য দিয়ে পরিবহনে বাধ্য হতে হয়। পরবর্তীতে ১৯৫০ সালের ভয়াবহ ভূমিকম্পে ডিব্রুগড়ের নদীগর্ভ ক্ষতিগ্রস্ত হয়। ১৯৫৪ সালে ডিব্রুগড় ঘাট থেকে নিয়মিত বুকিং বন্ধ হয়ে যায়। রেলপথে চা পরিবহন শুরু হওয়ায় ১৯৫৬ সালের ১৫ অক্টোবর ঘাটটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর আন্তঃসীমান্ত নদীবাণিজ্য সম্পূর্ণ স্থগিত হয়ে যায়।

স্বাধীনতার পর ১৯৭২ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম নদীবাণিজ্য প্রোটোকল স্বাক্ষরিত হয়। ১৯৮৮ সালে সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ৮৯১ কিলোমিটার অংশকে ‘জাতীয় জলপথ-২’ হিসেবে ঘোষণা করা হয়। তবে এ জলপথে নিয়মিত কার্গো সেবা শুরু হতে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়। ওই সময় পান্ডু থেকে ধুবড়িতে সিমেন্ট পরিবহন শুরু হয়।

সর্বানন্দ সোনোয়াল জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ডিব্রুগড়কে তার ঐতিহ্যবাহী সম্মান ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বগিবিল টার্মিনাল, কাস্টমস ও ইমিগ্রেশন কমপ্লেক্স এবং ‘জলবাহক’ প্রকল্পের অধীনে নিয়মিত কার্গো সেবা চালুর মাধ্যমে শহরটিকে আন্তর্জাতিক মানের অবকাঠামো দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই নৌপথে বাণিজ্যিক কার্যক্রম গতি পেয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে টাটা স্টিলের বার্জ বাংলাদেশের মধ্য দিয়ে পান্ডুতে পৌঁছায়। ২০২৩ সালে নদীভিত্তিক প্রমোদতরী ‘এমভি গঙ্গা বিলাস’ বারাণসী থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ডিব্রুগড়ে যায়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বগিবিল প্যাসেঞ্জার ও কার্গো টার্মিনাল উদ্বোধন করা হয়। আর ২০২৪ সালের ডিসেম্বরে চালু করা হয় ‘জলবাহক’ কার্গো প্রণোদনা কর্মসূচি।

ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে ভারতের জাতীয় জলপথে যেখানে মাত্র ১৮ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহন হতো, ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২১৮ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে। বর্তমানে উত্তর-পূর্ব ভারতের জলপথ উন্নয়নে ৬৮ বিলিয়ন রুপি (প্রায় ৭৭ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাতীয় জলপথ-২-এর উন্নয়ন, পান্ডুতে জাহাজ মেরামত কারখানা নির্মাণ এবং পান্ডু বন্দরের সংযোগ জোরদার করা।

সোনোয়াল বলেন, নদীপথে প্রতি টন পণ্য পরিবহনের অর্থ হলো কম জ্বালানি পোড়ানো এবং মহাসড়কে ট্রাকের চাপ কমানো। আঞ্চলিক জলপথ সংযোগ বাড়াতে ভারত এখন বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ঐতিহাসিক এই নৌযাত্রায় ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (আইডব্লিউএআই), আসাম পেট্রো কেমিক্যালস, কোচিন ব্যাংকার্স প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের সহযোগী অংশীদারেরা যৌথভাবে অংশগ্রহণ করেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।




দিনে ১০-১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন রাশমিকা, জানালেন বিজয়

বিনোদন ডেস্কঃ ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে নিয়মিত অনুভূতি প্রকাশের ওপর গুরুত্ব দেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রতি নিজের ভালোবাসার কথা নাকি দিনে ১০ থেকে ১৫ বারও বলেন তিনি। শুধু নিজেই ভালোবাসার কথা জানান না, বিজয়কেও তার অনুভূতি মুখে প্রকাশ করতে মনে করিয়ে দেন রাশমিকা।

সম্প্রতি প্রখর গুপ্তর একটি পডকাস্টে একসঙ্গে হাজির হয়েছিলেন বিজয় ও রাশমিকা। সেখানে তাদের সম্পর্ক, বিয়ে এবং দাম্পত্য জীবনে ভালোবাসা ধরে রাখার নানা বিষয় নিয়ে কথা বলেন তারা।

রাশমিকার মতে, সম্পর্ক যত পুরোনোই হোক না কেন, একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের অভ্যাস ধরে রাখা জরুরি। অনেক সময় দীর্ঘদিনের সম্পর্কে মানুষ ধরে নেন, সঙ্গী এমনিতেই জানেন যে তিনি ভালোবাসেন। কিন্তু এভাবেই ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।

স্ত্রীর এই অভ্যাসের কথা জানাতে গিয়ে বিজয় বলেন, রাশমিকা তাকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন। একই সঙ্গে তাকেও নিজের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত করেন তিনি।

বিজয়ের ভাষ্য, তিনি মনে মনে সবসময়ই অনুভব করেন যে রাশমিকাকে ভালোবাসেন। তাই আলাদা করে বারবার তা বলার প্রয়োজন আছে বলে মনে করতেন না। তবে রাশমিকা তাকে বুঝিয়েছেন, ভালোবাসা শুধু অনুভব করলেই হয় না, কখনো কখনো তা মুখেও প্রকাশ করা প্রয়োজন।




‘ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, এখন পুরো টাকা ফেরত চাই’

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার সহশিল্পী ‘রূপা’ ছবির অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে বিনোদনপাড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গোবিন্দ ও কোমলকে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার মণ্ডপে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জোর জল্পনা-কল্পনা শুরু হয়।

এর ধারাবাহিকতায় গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার পাশে দাঁড়িয়ে এবার সরাসরি কোমল রানি স্বর্ণকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ‘ড্রামা কুইন’ খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

গত শনিবার নিজের ও গোবিন্দের মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের জবাবে কোমল একটি বেশ কড়া বার্তা পোস্ট করেন। মুম্বাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোমলের সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাখি এবং তাকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় রাখি গোবিন্দের ওপর নিজের চরম ক্ষোভ প্রকাশ করেন। এমনকি ছেলেবেলা থেকে প্রেক্ষাগৃহে গিয়ে গোবিন্দের সিনেমা দেখার পেছনে যে টাকা খরচ হয়েছে, তাও ফেরত চান তিনি। রাখি বলেন, আমি মারাত্মক রেগে আছি। গোবিন্দাজি, প্রথম কথা হলো আমার ৬৫,৯৯৯ রুপি ফেরত দিন। ছোটবেলা থেকে আপনার সব সিনেমা দেখেছি, আপনি আমার প্রিয় নায়ক ছিলেন। কিন্তু এখন আমি টিকিটের সমস্ত টাকা ফেরত চাই। সুনীতাজির সঙ্গে আপনি যা করছেন তা চরম অন্যায়। আমি সত্যিই অত্যন্ত মর্মাহত। এমনকি তিনি আমার সম্পর্কেও কথা বলেছেন এবং বলেছেন যাদের ডিভোর্স হয়েছে তাদের এই বিষয়ে মন্তব্য করা উচিত নয়। আমার জীবনকাহিনি অনেক কষ্টের এবং আমি এক কঠিন বিচ্ছেদের মধ্য দিয়ে গেছি। কিন্তু আপনি নিজের এক সুন্দর সুখী দাম্পত্যজীবন ছেড়ে কাদায় কমল দেখতে চলে গেলেন! চিচি ভাইয়া, এটি আপনাকে মোটেও মানায় না।

গোবিন্দের এই পদক্ষেপ দেশের অসংখ্য মানুষকে ব্যথিত করেছে উল্লেখ করে তার চার দশকের দাম্পত্যজীবনের কথা মনে করিয়ে দেন রাখি। তিনি গভীর ক্ষোভের সঙ্গে বলেন, একদম গুরুত্ব দিয়ে বলছি গোবিন্দাজি, পুরো দেশ আজ আপনার ওপর অসন্তুষ্ট। যে নারী আপনাকে বিয়ে করে দুটো সন্তানের জন্ম দিলেন এবং দীর্ঘ ৪০ বছর ধরে আপনার সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকলেন, আপনি তাকে এভাবে ফেলে দিলেন?

চলমান বিতর্কে কোমলের উপস্থিতি ও অন্যান্য তারকাদের নিয়ে তার মন্তব্য প্রকাশের কঠোর সমালোচনা করেন রাখি। কোমলকে উদ্দেশ করে তিনি বলেন, আর এই কোমল আবার কে? সে আমাকে নিয়ে বাজে কথা বলছে এবং অন্যান্য তারকাদের সম্পর্কেও নোংরা মন্তব্য করছে। চিচি ভাইয়াই তো তাকে ওড়ার জন্য ডানা দুটো মেলে দিয়েছেন। শোনো কোমল, আমার সঙ্গে একদম লাগতে এসো না। আমি কিন্তু সুনীতা নই, তোমাকে একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলব। শান্তিতে নিজের সিনেমার কাজ করো রাক্ষসী, স্বামী চোর! তুমি একটা মানুষের ভরা সংসার ভেঙে তছনছ করে দিলে।

গোবিন্দ সুনীতার প্রতি বিশ্বস্ত থাকতে না পারলে কোমলের প্রতি কীভাবে অনুগত থাকবেন—এমন প্রশ্ন তুলে রাখি আরও বলেন, তুমি ভেবেছো একজন ধনী লোককে পটিয়ে গোল্ড ডিগার বনে যাবে, তার টাকা নিয়ে সিনেমা বানাবে আর কপালে তার নামের সিঁদুর পরবে? যে মানুষটি সুনীতার সঙ্গে বিশ্বস্ত থাকতে পারল না, সে তোমার সঙ্গে কীভাবে বিশ্বস্ত থাকবে?

এর আগেও গোবিন্দের এই বিতর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন রাখি। তখন তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, সুনীতা আহুজার সঙ্গে তার ব্যক্তিগতভাবে ফোনে কথা হয়েছে এবং গোবিন্দ নাকি কোমলকে বিয়ে করার পরিকল্পনা করছেন—এমন গুঞ্জন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

এদিকে গোবিন্দ, সুনীতা ও কোমল রানি স্বর্ণকারকে ঘিরে তৈরি হওয়া এই হাইপ্রোফাইল বিতর্ক ঘিরে বলিউডের অন্যান্য তারকারাও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। গত সপ্তাহেই অভিনেত্রী কাশ্মীরা শাহ ‘সংসার ভাঙনে যুক্ত ব্যক্তিদের’ নাম না করে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেন। এ ছাড়া প্রযোজক ও অভিনেত্রী দিব্যা খোসলাও সম্প্রতি এই বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন।




‘বিগ থ্রি’-র আপত্তির মুখে সরে এলো আইসিসি

খেলাধুলা ডেস্কঃ দীর্ঘদিন ধরে আলোচনা পরও ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ চালুর পরিকল্পনা থেকে সরে এলো আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিরোধিতার কারণে এই শীর্ষ সংস্থার পরিকল্পনাটি অন্তত ২০৩১ সাল পর্যন্ত আটকে গেছে। এর কারণে তারা অন্য কোনো বহুপাক্ষিক টুর্নামেন্টও চালু করবে না।

বিট্রিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড উল্লেখ করেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’-র মতো একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে, যেখানে বিশ্বের প্রধান ঘরোয়া লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের মুখোমুখি হবে। আইপিএল, পিএসএল, বিবিএল, এসএ২০ এবং ‘দ্য হান্ড্রেড’-এর মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল।

তবে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড এই তিনটি বোর্ড ২০২৭-২০৩১ মেয়াদের ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম’ (এফটিপি) বা ভবিষ্যৎ সফরসূচি আগেই চূড়ান্ত করে ফেলেছে। ফলে এই চক্রের মধ্যে ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের কোনো সুযোগ থাকছে না। আইসিসি এবং অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে বেশ কয়েক মাস ধরে এ নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলেছে। গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির অপারেশনস মিটিংয়ে নিশ্চিত করা হয়েছে, নতুন কোনো টুর্নামেন্ট বা ইভেন্ট আয়োজন করা হবে না।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রে একটি পরিবর্তন দেখা যেতে পারে, আর তা হলো প্রতিযোগিতায় দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা। ফলে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মতো নতুন কিছু দল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। তবে শীর্ষ বোর্ড এখনো এই পরিকল্পনা ও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি এবং কমিটির সদস্যদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে এবং নিজস্ব আয়ের উৎস তৈরির লক্ষ্যে আইসিসি নতুন নতুন প্রতিযোগিতার পরিকল্পনা করছে। এই উদ্যোগের ফলে তথাকথিত ‘বিগ থ্রি’ (ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড)-এর সাথে তাদের মতপার্থক্য বা উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই টানাপড়েন সত্ত্বেও একটি বিষয় লক্ষণীয়, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাই বিশ্বব্যাপী ক্রিকেটের মোট আয়ের ৭০ শতাংশ জোগান দেয়; যা একটি বোর্ড হিসেবে তাদের অসামান্য প্রভাব বা ‘সুপারপাওয়ার’ অবস্থানেরই প্রমাণ।

আইসিসি নতুন ধরনের টুর্নামেন্ট ও সিরিজের কিছু প্রস্তাবনা বা ধারণা সামনে এনেছে। এর মধ্যে রয়েছে ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ এবং আন্তর্জাতিক দলগুলোর অংশগ্রহণে চারটি দলের সমন্বয়ে আয়োজিত টি-টোয়েন্টি ‘কোয়াড্রাঙ্গুলার সিরিজ’ (চার দলের সিরিজ)। তবে এ ধরনের টুর্নামেন্ট বা সিরিজ আয়োজনের জন্য খেলার সূচিতে নতুন একটি সময় বা ‘উইন্ডো’ প্রয়োজন, যা বর্তমানে ‘বিগ থ্রি’-র জন্য পাওয়া অসম্ভব।

নব্বইয়ের দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকে ত্রি-দেশীয় সিরিজ বেশ জনপ্রিয় ছিল, কিন্তু ২০১০ সালের পর এর আকর্ষণ কমে যায়। তবে এটি আবারও শুরু হতে যাচ্ছে; ইংল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে, যেখানে শ্রীলঙ্কাও অংশ নেবে। পাশাপাশি আইসিসি আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে চার দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে। এরপরও ‘বিগ থ্রি’ তাদের সিদ্ধান্তে অনড়। তবে অন্যান্য ছোট দেশগুলো এই নতুন টুর্নামেন্ট ও সিরিজগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।




টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান। সদ্য সাবেক অধিনায়ক সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন তিনি।

শাহিবজাদাকে নতুন অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফদের মতো তারকারদের। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই।

এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তোলার পুরস্কারই যেন পেলেন শাহিবজাদা। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের। বিপরীতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।

অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদিই নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।

দুই সংস্করণে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক হয়ে ওঠা রাজাউল্লাহ।

সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। বাকি দুই ম্যাচ ১১ ও ১৩ অক্টোবর। সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে। এরপরেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল

শাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।




‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের শিবিরে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। সতীর্থদের কথায় উঠে আসছে মেসির সঙ্গে কাটানো সময়ের স্মৃতি, ভালোবাসা ও বিদায়ের কষ্ট। বাংলাদেশ সময় বুধবার (০৬ অক্টোবর) ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামের এই ম্যাচটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

বুয়েনস এইরেসে আর্জেন্টিনা দলের ক্যাম্পে এখন চলছে মেসিকে বিদায় জানানোর প্রস্তুতি। গত পরশু বুরকিনা ফাসোর বিপক্ষে ৭ গোলে জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই বড় জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে দলের ভেতরে এখন বেশি আলোচনায় মেসির শেষ ম্যাচ।

মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, মেসির শেষ সময়টা সতীর্থদের সঙ্গে আনন্দে কাটাতে চান তারা। তিনি বলেন, তারা একসঙ্গে বারবিকিউ খাবেন এবং মেসির সঙ্গে এই দিনগুলো উপভোগ করবেন। মেসির বিদায়টা দারুণ হোক এবং তিনি যেন শেষ ম্যাচটি উপভোগ করতে পারেন, সেটিই সতীর্থদের চাওয়া।

মেসির সঙ্গে আগে কখনো একই ড্রেসিংরুম ভাগ না করা ২২ বছর বয়সী ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রোর কাছে এই মুহূর্তটি আরও বিশেষ। ছোটবেলা থেকে মেসিকে দেখে বেড়ে ওঠা এই তরুণ বলেছেন, মেসিই তাকে ফুটবলের প্রতি ভালোবাসা এবং জাতীয় দলের জার্সির গুরুত্ব বুঝতে শিখিয়েছেন। তবে মেসির বিদায় তাকে একই সঙ্গে আনন্দিত ও দুঃখিত করছে।

রাইটব্যাক অগাস্তিন হিয়াইয়ের কাছেও মেসির বিদায়ের রাতটি হবে আবেগের। তার মতে, দিনটি যেমন দুঃখের, তেমনি আনন্দেরও। কারণ মেসি তার প্রাপ্য সম্মান নিয়ে জাতীয় দলকে বিদায় জানাতে পারছেন।

মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিয়ানি অবশ্য মেসির বিদায়ের বিষয়টি এখনো সহজভাবে নিতে পারছেন না। মেসিকে দেখে বড় হওয়া এই ফুটবলার বলেছেন, জাতীয় দলে মেসির অনুপস্থিতি বড় শূন্যতা তৈরি করবে।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড মাতিয়াস সুলের কাছেও মেসির শেষ ম্যাচে উপস্থিত থাকা সৌভাগ্যের। একই ড্রেসিংরুম ভাগ করার অভিজ্ঞতাকে বিশেষ উল্লেখ করে তিনি বলেছেন, মেসি পুরো বিশ্বের একজন আদর্শ এবং আর্জেন্টিনা জাতীয় দলের নায়ক। তাই তার বিদায়ের মুহূর্ত একই সঙ্গে দুঃখের ও চমৎকার।

মেসির ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও আবেগ ধরে রাখতে পারেননি। কথা বলার সময় চোখ মুছতে দেখা যায় তাকে। মার্তিনেজ বলেন, মেসি যেন শেষ ম্যাচটি যতটা সম্ভব উপভোগ করতে পারেন, সেটি নিশ্চিত করতে সতীর্থরা তাকে ভালোবাসায় ভাসিয়ে দিতে চান। আনন্দের সঙ্গে বিদায় নেওয়ার মতো পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার শিরোপা, গোল ও রেকর্ডে সমৃদ্ধ। বিশ্বকাপ জয় থেকে কোপা আমেরিকা, জাতীয় দলের জার্সিতে তিনি পেয়েছেন অসংখ্য সাফল্য। তবে বিদায়ের আগে সতীর্থদের চাওয়া খুব বেশি নয়। শেষ ম্যাচে তাঁকে শুধু হাসতে দেখতে চান তারা।

জাতীয় দলের সঙ্গে মেসির দীর্ঘ পথচলার শেষ মুহূর্তে তাই মনুমেন্টালে প্রতিপক্ষ বেনিনের চেয়ে বড় হয়ে উঠছে বিদায়ের আবেগই। সেই রাতে সতীর্থদের চোখে পানি থাকবে, মেসিও হয়তো আবেগ ধরে রাখতে পারবেন না। দীর্ঘদিনের পরিচিত বাড়ি ছেড়ে যাওয়ার রাতে যেমনটা হয়।




সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজঃ সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৬) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

গত রবিবার সেখানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে কর্মরত তার বন্ধু আল আমিন স্বজনদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে সৌদি আরবে যান সজিব। তিনি দীর্ঘদিন ধরে দেশটির জুবাইল শহরে কর্মরত ছিলেন।
সজিব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য।

নিহতের চাচা আবুল কাশেম জানান, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পারিবারিকভাবে দাফনের জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, আমরা জানতে পেরেছি, সৌদি আরব সময় রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। তার মরদেহ দ্রুত দেশে আনতে এলাকার সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, নিহতের পরিবার যোগাযোগ করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করা হবে। এরই মধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের সব তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।




কাস্টমসের ৯৯ কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের ৯৯ জন রাজস্ব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ সোমবার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটসহ বিভিন্ন কমিশনারেটে পদায়ন করা হয়েছে।




বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ডেস্ক নিউজঃ বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মার্কিন ডলারের দাম বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হলেও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় দরপতন সীমিত পর্যায়েই থেকেছে। 

সোমবার (৫ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সকাল ১০টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩১ দশমিক ৬১ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বর মাসের ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৫৯ দশমিক ৩০ ডলারে দাঁড়ায়।

এদিন মার্কিন ডলার সূচক ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ফলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। এর পাশাপাশি আগের দুই মাসের নন-ফার্ম পে-রোলের হিসাবেও বড় ধরনের সংশোধন এসেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “দুর্বল শ্রমবাজারের তথ্য অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমিয়েছে। এতে স্বর্ণের দামে কিছুটা সমর্থন মিলছে। তবে অক্টোবরে সুদ না বাড়লেও ফেডের সামগ্রিক সুদ বৃদ্ধির চক্র অব্যাহত থাকবে বলে বাজার এখনো ধারণা করছে।”

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন মাত্র ১৮ শতাংশ। অন্যদিকে ডিসেম্বরে সুদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে ৮৮ শতাংশ।

গত মাসে ফেড তিন বছরের মধ্যে প্রথমবারের মতো নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। রোববার ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে তারা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেলের দাম ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। এতে স্বর্ণের বাজারেও অস্থিরতা বাড়তে পারে। তেলের দাম, বন্ডের সুদ ও ফেডের নীতির প্রত্যাশায় ওঠানামা থাকায় স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেল সরবরাহ এবং জি-৭ দেশগুলোর মজুত থেকে তেল ছাড়ার উদ্যোগে অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে।

এছাড়া অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৯৪ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম বেড়েছে ০ দশমিক ৫ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ দশমিক ১৮ ডলারে। প্যালাডিয়ামের দাম অবশ্য ০ দশমিক ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৪০ ডলার।