‘প্রধানমন্ত্রীর নির্দেশে সেই স্কুলশিক্ষককে সসম্মানে নিরাপদে বাসায় পৌঁছে দেয় পুলিশ’

ডেস্ক নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরেন তিনি।

পোস্টে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুল শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্য কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি উল্লেখ করেন, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে জানিয়ে মাহদী আমিন বলেন, প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে।




ফেরদৌসী আহমেদ মিষ্টি এমপিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ মিরপুর-১ এ রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়ায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী রোববার সকালে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদ মাধ্যমকে একাধিক দলীয় সূত্র জানিয়েছে।

জ্যেষ্ঠ নেতাসহ বেশ কয়েকজন দলীয় নেতা বিএনপির শীর্ষ নেতৃত্বকে এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণিত যে কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এদের মধ্যে মিষ্টিও রয়েছেন, হামলা সংক্রান্ত অভিযোগে যার নাম উঠে এসেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মিষ্টিকে এখন তার সংসদীয় আসন থেকে পদত্যাগ করতে বলা হয়েছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সাংসদ বলেছেন, ‘আমি শুনেছি যে তাকে পদত্যাগ করতে বলা হবে’।

তিনি আরও বলেন, ‘কিন্তু এই সিদ্ধান্তটি শীর্ষ পর্যায় থেকে আসতে হবে। কোনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আমি অবগত নই।’

মিষ্টি বিএনপির সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাঈদুর রহমান নিউটন ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা, যিনি ২০০২ সালে নিহত হন।

গত ২৫শে সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সাম্প্রতিক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ঘটনা এবং এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই মিষ্টির এমপি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত এলো।



শেনজেন ভিসা নিয়ে সুইডিশ দূতাবাসের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজঃ বাংলাদেশ থেকে শেনজেন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সুইডিশ দূতাবাস। নতুন নির্দেশনা অনুসারে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না। এরপর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস।

সুইডেন দূতাবাস জানায়, এ পরিবর্তনের কারণে আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার আবেদন জমা দিতে হবে।

শেনজেন ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।




কমলাপুর আইসিডি কাস্টম হাউসে সহকারী কমিশনার অনিককে ঘিরে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কথিত দালালচক্রের সঙ্গে যোগসাজশের দাবি

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর ঢাকা আইসিডি কমলাপুর কাস্টম হাউসে কর্মরত সহকারী কমিশনার মো. আসিফ আহমেদ অনিককে ঘিরে ঘুষ, দুর্নীতি, ব্যবসায়ীদের হয়রানি এবং কথিত দালালচক্রের সঙ্গে যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, কাস্টমস কার্যক্রমে অনৈতিক অর্থের দাবি, পণ্য খালাসে জটিলতা সৃষ্টি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগের কারণে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড অব্যাহত থাকলে সরকারের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি অনুসন্ধানে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে এসব অভিযোগের কথা জানা গেছে। তাঁদের অভিযোগ, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগকে কেন্দ্র করে অনিকের সঙ্গে একটি কথিত দালালচক্র সক্রিয় রয়েছে। আমদানি করা পণ্য খালাস এবং কাস্টমস-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে ওই চক্রের মাধ্যমে অনৈতিক অর্থ দাবি করা হয় বলে অভিযোগ তাঁদের।

অভিযোগকারীদের ভাষ্য, দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে কোনো কোনো ক্ষেত্রে ফাইল বা পণ্য ছাড়ের প্রক্রিয়ায় জটিলতা তৈরি করা হয়। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগও রয়েছে।

‘টাকা না দিলে ফাইল আটকে থাকে’—ব্যবসায়ীদের অভিযোগ : নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘আমরা ব্যবসায়ীরা নিয়ম অনুযায়ী সরকারকে রাজস্ব দিতে আগ্রহী। কিন্তু কাস্টমস কার্যক্রমে অনৈতিক অর্থের দাবি করা হলে ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।’ ওই ব্যবসায়ীর দাবি, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হবেন না, সরকারি রাজস্ব আদায়েও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আরেক ব্যবসায়ী অভিযোগ করেন, আইসিডিতে কোনো পণ্য আটকে থাকলে বিভিন্ন পর্যায়ে অনৈতিক অর্থ দেওয়ার চাপ তৈরি করা হয়। তাঁর দাবি, পণ্য খালাসের প্রক্রিয়াকে জটিল করে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়ের সুযোগ তৈরি করা হচ্ছে। ওই ব্যবসায়ী আরও অভিযোগ করেন, এ কাজে একটি কথিত দালালচক্র যুক্ত রয়েছে এবং সহকারী কমিশনার অনিক নিজেই তাঁদের সঙ্গে রেখেছেন। তাঁর ভাষ্য, কাস্টমসের বিভিন্ন কার্যক্রমে কথিত এই চক্র প্রভাব বিস্তার করে থাকে।

সম্পদের উৎস নিয়েও প্রশ্ন :
সহকারী কমিশনার মো. আসিফ আহমেদ অনিকের কথিত সম্পদের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
তাঁদের দাবি, অনিকের নামে-বেনামে বিপুল সম্পদ রয়েছে, যার একটি অংশ ঘুষের অর্থে গড়ে তোলা হয়েছে বলে তাঁদের অভিযোগ। বিশেষ করে ঢাকা ও মুন্সীগঞ্জে তাঁর সম্পদের বিষয়ে অনুসন্ধান ও যাচাই প্রয়োজন বলে দাবি করেছেন তাঁরা। অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন, সম্পদের বিবরণ এবং কাস্টমস কার্যক্রমের রেকর্ড যাচাই প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৪০তম বিসিএসের কর্মকর্তা অনিক : মো. আসিফ আহমেদ অনিক ৪০তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি ৬ ডিসেম্বর ২০২২ তারিখে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট গেজেটে তাঁর যোগদানের তারিখ ৪ ডিসেম্বর ২০২২ উল্লেখ থাকলেও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাঁর যোগদান ৬ ডিসেম্বর ২০২২ থেকে কার্যকর করা হয় বলে জানা গেছে।

বক্তব্য পাওয়া যায়নি :
উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সহকারী কমিশনার মো. আসিফ আহমেদ অনিকের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর লিখিত বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

তদন্তের আওতায় আনার দাবি : ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকা আইসিডি কমলাপুর কাস্টম হাউসের মতো গুরুত্বপূর্ণ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা কিংবা কথিত দালালচক্রের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি বা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে তা কেবল অভিযোগ হিসেবে ফেলে না রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। অভিযোগকারীরা সংশ্লিষ্ট নথি, আর্থিক লেনদেন, পণ্য খালাসের রেকর্ড, মামলা-সংক্রান্ত তথ্য এবং দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীদের বক্তব্য, তাঁরা নিয়ম অনুযায়ী সরকারকে রাজস্ব দিতে চান এবং কাস্টমস কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে চান। একই সঙ্গে সহকারী কমিশনার মো. আসিফ আহমেদ অনিকের বিরুদ্ধে ওঠা ঘুষ-দুর্নীতির অভিযোগ, কথিত দালালচক্রের ভূমিকা এবং তাঁর সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআরের দৃষ্টি আকর্ষণ : অভিযোগকারীরা অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, অভিযোগগুলো খতিয়ে দেখতে প্রয়োজনীয় প্রশাসনিক ও তদন্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে তাঁরা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানিয়েছেন, প্রয়োজনে কাস্টমসের নথিপত্র, পণ্য খালাসের রেকর্ড, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সম্পদের হিসাব যাচাই করে নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হোক।

অভিযোগগুলোর সত্যতা তদন্তে প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত না হলে তা স্পষ্ট করার মাধ্যমেই কেবল কমলাপুর আইসিডি কাস্টম হাউসের কার্যক্রমে আস্থা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।




ধানমন্ডি ৩২-এর ই/এম দায়িত্বে প্রায় ১০ বছর, কথিত সম্পদের পাহাড়—আবুল বাশারের বিরুদ্ধে দুদকের তথ্য তলব, নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ততার নথিও সামনে

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবুল বাশারকে ঘিরে উঠেছে অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং সরকারি দায়িত্বের অপব্যবহারের একের পর এক গুরুতর অভিযোগ। বর্তমানে লটারির মাধ্যমে তাঁর কর্মস্থল ভোলা গণপূর্ত বিভাগে হলেও অভিযোগের বড় অংশ তাঁর দীর্ঘদিনের কর্মকাল ও রাজনৈতিক সংশ্লিষ্টতাকে ঘিরে। অভিযোগ রয়েছে, প্রায় এক দশক ধরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও সংশ্লিষ্ট স্থাপনার ইলেকট্রো-মেকানিক্যাল কাজের দায়িত্বে থাকার সুযোগকে কাজে লাগিয়ে আবুল বাশার বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। তাঁর নামে-বেনামে রাজধানীর জুরাইনে পাঁচতলা বাড়ি, নিউ মার্কেটে স্বর্ণের দোকান, বরিশাল শহরে বাড়ি, বাকেরগঞ্জে বিশাল ইটভাটা এবং কয়েকশ বিঘা জমিসহ অর্ধশতাধিক কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ উঠেছে। এসব সম্পদের উৎস, আয়-ব্যয়ের সামঞ্জস্য এবং তাঁর বৈধ আয়ের সঙ্গে কথিত সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি। আরও অভিযোগ রয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবুল বাশার নিজের পূর্ববর্তী রাজনৈতিক অবস্থান আড়াল করতে নতুন রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করছেন। অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অর্থায়ন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলে নিজেকে নতুন রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন।

ধানমন্ডি ৩২-এর দায়িত্বে প্রায় এক দশক : অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ডিপ্লোমা প্রকৌশলী আবুল বাশার ২০১৫ সালের শুরু থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘর ও সুদাসদনের ইলেকট্রো-মেকানিক্যাল কাজের দায়িত্বে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই দায়িত্বের সুবাদে নিজ এলাকা বরিশালের বাকেরগঞ্জে তাঁর ব্যাপক প্রভাব তৈরি হয় বলে স্থানীয় সূত্রের দাবি। বিশেষ করে বাকেরগঞ্জের ৭ নম্বর কবাই ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রের ভাষ্য, ওই সময়ে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল, সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে তিনি বিপুল অঙ্কের নগদ অর্থ দিয়ে সহায়তা করতেন। এ কারণে এলাকায় তিনি আওয়ামী লীগের একজন ‘ডোনার’ হিসেবেও পরিচিত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের লিখিত স্বীকারোক্তি ? আবুল বাশারের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তাঁর নিজ এলাকায় অবস্থান। অনুসন্ধানী দলের হাতে আসা নথি অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে ই/এম-২ গণপূর্ত বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম আবুল বাশারের কাছে কৈফিয়ত তলব করেন। এর পরিপ্রেক্ষিতে উপসহকারী প্রকৌশলী মো. আবুল বাশার ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত জবাব দেন।

ওই জবাবে তিনি উল্লেখ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভোটকেন্দ্রে উপস্থিতির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি নিজ এলাকায় অবস্থান করেছিলেন। শুধু তাই নয়, নির্বাচনের পর বিজয়ী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিকের বিজয় সংবর্ধনা ও বিজয় র‍্যালিসহ একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনিও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন বলে ওই লিখিত জবাবে উল্লেখ করা হয়। চিঠির নিচে উপসহকারী প্রকৌশলী মো. আবুল বাশারের স্বাক্ষর রয়েছে বলে অনুসন্ধানী দলের হাতে থাকা নথিতে দেখা গেছে। ফলে প্রশ্ন উঠেছে—একজন সরকারি কর্মচারী কীভাবে চাকরির দায়িত্বের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিলেন ? তাঁর নিজের স্বাক্ষর করা জবাবেই যদি নির্বাচনী কর্মকাণ্ডে থাকার বিষয়টি উঠে আসে, তাহলে বিষয়টি নিয়ে বিভাগীয়ভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল—সেই প্রশ্নও এখন সামনে এসেছে।

জুলাইয়ের আন্দোলন দমনে অর্থ দেওয়ার অভিযোগ
অভিযোগ রয়েছে, জুলাইয়ের আন্দোলনের সময়ও আবুল বাশার নিজ এলাকা বাকেরগঞ্জে আওয়ামী লীগের পক্ষে কয়েক লাখ টাকা ব্যয় করেছিলেন। আন্দোলন দমনে তাঁর অর্থনৈতিক সহায়তার অভিযোগও রয়েছে স্থানীয়ভাবে। তবে ৫ আগস্টের পর তাঁর রাজনৈতিক অবস্থানে দৃশ্যমান পরিবর্তন আসে বলে অভিযোগকারীদের দাবি।

তাদের ভাষ্য, কিছুদিন আত্মগোপনে থাকার পর ২০২৫ সালের শুরু থেকেই তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতে শুরু করেন। এমনকি অর্থ ব্যয়ের মাধ্যমে কিছু বিএনপি নেতার সঙ্গে ছবি তুলে নিজেকে বিএনপির কর্মী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীরা এই আচরণকে রাজনৈতিক পরিচয় পরিবর্তনের চেষ্টা হিসেবে দেখছেন।

দুদকের নজরেও আবুল বাশার : শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নয়—আবুল বাশারের কথিত সম্পদ ও চাকরিসংক্রান্ত তথ্য নিয়েও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের উদ্যোগের তথ্য পাওয়া গেছে। দুদক আবুল বাশারের বিষয়ে তথ্য চেয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর ২০ এপ্রিল ২০২৫ তারিখে একটি চিঠি দেয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের সংস্থাপন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহাবুব হাসান আবুল বাশারের জাতীয় পরিচয়পত্রের কপি, পাসপোর্ট, টিআইএন, চাকরির বেতন ও অন্যান্য সুবিধাদি, চাকরির বিবরণী এবং ঝিগাতলা অফিসার্স কোয়ার্টার নির্মাণ প্রকল্পসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন নথি দুদকের কাছে সরবরাহ করেন বলে জানা গেছে।

তবে পরবর্তীতে অভিযোগ রয়েছে, কয়েক দফায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দুদকের তদন্ত কার্যক্রম ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগের সত্যতা যাচাই এবং দুদকের অনুসন্ধান বর্তমানে কোন পর্যায়ে রয়েছে—তা নিশ্চিত হওয়া জরুরি। অভিযোগটি সত্য হলে এটি শুধু একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নয়; বরং দুর্নীতি দমন সংস্থার অনুসন্ধান প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগও বটে।

জমি দখলের অভিযোগও গুরুতর : ২০২৫ সালের মার্চে আবুল বাশারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ তুলে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেখানে লিখিত বক্তব্যে ভুক্তভোগী কুদ্দুস মিয়া অভিযোগ করেন, ২০১৫ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বৈদ্যুতিক দায়িত্বে থাকা আবুল বাশার আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাঁর এবং তাঁর বোনের ৭০ শতাংশ জমিসহ অন্যান্য প্রতিবেশীর জমি অবৈধভাবে দখল করে নিয়েছেন। অভিযোগটি অত্যন্ত গুরুতর। জমির মালিকানা, দখল, দলিল, খতিয়ান, নামজারি ও ভূমি রেকর্ড যাচাই করলেই এ অভিযোগের প্রকৃত সত্যতা নির্ণয় করা সম্ভব।

প্রশ্ন এখন মন্ত্রণালয়ের কাছে :
একজন সরকারি উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে যদি অর্ধশতাধিক কোটি টাকার সম্পদের অভিযোগ ওঠে, রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ থাকে, নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে নিজের স্বাক্ষর করা লিখিত জবাব থাকে, জমি দখলের অভিযোগ থাকে এবং একই সঙ্গে তাঁর সম্পদ ও চাকরিসংক্রান্ত তথ্য দুদক চেয়ে থাকে—তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব থাকার সুযোগ কতটা ? আরও বড় প্রশ্ন হলো, দীর্ঘদিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনার ইলেকট্রো-মেকানিক্যাল দায়িত্বে থাকা একজন সরকারি কর্মচারীর আয় ও সম্পদের উৎস কি কখনো স্বাধীনভাবে যাচাই করা হয়েছে ? অভিযোগের ভিত্তিতে যদি তদন্ত হয়ে থাকে, তার ফলাফল কী? আর তদন্ত না হয়ে থাকলে কেন হয়নি?

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের দৃষ্টি আকর্ষণ : আবুল বাশারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্য-মিথ্যা নির্ধারণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

অভিযোগগুলো খতিয়ে দেখতে তাঁর— চাকরির পুরো সার্ভিস রেকর্ড ও পোস্টিং ইতিহাস, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালনের নথি, ২০২৪ সালের নির্বাচনের সময় কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি, ১৫ জানুয়ারি ২০২৫-এর লিখিত জবাব, নামে-বেনামে থাকা কথিত বাড়ি, জমি, ইটভাটা ও ব্যবসা, নিউ মার্কেটের স্বর্ণের দোকানের মালিকানা; আয়কর নথি, টিআইএন ও সম্পদ বিবরণী, দুদকের ২০ এপ্রিল ২০২৫-এর তথ্য চাওয়ার চিঠি এবং তার পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের দেওয়া নথি;
জমি দখলের অভিযোগ; এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ স্বাধীন ও নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

কারণ, অভিযোগ সত্য হলে বিষয়টি কেবল একজন উপসহকারী প্রকৌশলীর ব্যক্তিগত দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; সরকারি দায়িত্ব, রাজনৈতিক প্রভাব, অবৈধ সম্পদ অর্জন এবং প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্নও এর সঙ্গে জড়িয়ে যাবে।

অন্যদিকে অভিযোগগুলোর কোনো অংশ অসত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য ও নথিপত্রের ভিত্তিতে সেটিও প্রকাশ্যে আসা প্রয়োজন। তদন্তই পারে অভিযোগ, অপপ্রচার ও প্রকৃত অনিয়মের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করতে।

আবুল বাশারের বক্তব্য :
উল্লিখিত অভিযোগ ও নথির বিষয়ে প্রতিক্রিয়া জানতে উপসহকারী প্রকৌশলী মো. আবুল বাশারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।




শিল্পকলায় ‘রাইজ অ্যান্ড শাইন’

সাংস্কৃতিক প্রতিবেদকঃ পুরুষের পাশাপাশি নারীরাও জীবন সংগ্রামে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। শ্রমজীবী নারীর জীবনসংগ্রাম, শোষণ ও নিপীড়নের গল্প নিয়ে নাটকের দল বটতলা মঞ্চায়ন করল নাটক ‘রাইজ অ্যান্ড শাইন’।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।

ইতালীয় নাট্যকার দারিও ফো ও ফ্র্যাঙ্কা রাম রচিত ও অধ্যাপক আবদুস সেলিমের রূপান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন ম. সাঈদ।

‘রাইজ অ্যান্ড শাইন’ মূলত জীবনযুদ্ধ ও সংসারের নানা টানাপোড়েনে আটকে থাকা এক শ্রমজীবী নারীর গল্প। মঞ্চে একজন নারী চরিত্রের জীবনযাপনের মধ্য দিয়ে তুলে ধরা হয় শ্রমজীবী, প্রান্তিক ও ভাগ্যহত মানুষের প্রতিদিনের বাস্তবতা। একই সঙ্গে ক্ষমতার নানা সমীকরণে সাধারণ মানুষ কীভাবে টিকে থাকে, সেই প্রশ্নও নাটকটির কাহিনিতে উঠে এসেছে।

নাটকের গল্পে দেখা যায়, প্রতিদিনের ব্যস্ত নগরজীবনের অসংখ্য নারীর মতোই একজন নারী সকালে ঘর থেকে বের হন। সংসারের নানা ‘ঘ্যানচক্কর’ নীরবে সামলে তিনি কর্মস্থলে ছুটে যান। বহুজাতিক ক্রেতাদের জন্য তৈরি পোশাকের কারখানায় কাজ করতে গিয়ে তাকে অতিরিক্ত সময় শ্রম দিতে হয়। কর্মজীবনের এই কঠিন বাস্তবতার পাশাপাশি ঘরে রয়েছে বদমেজাজি ও দায়িত্বহীন স্বামী। সংসার, কর্মক্ষেত্র এবং সামাজিক বাস্তবতার চাপ একসময় তার জীবনকে অসহনীয় করে তোলে। তবে নিপীড়নের কাছে নত না হয়ে একসময় ওই নারী নিজের জীবনকে নতুনভাবে দেখার এবং জেগে ওঠার চেষ্টা করেন। একজন নারীর ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে নাটকটি তখন হয়ে ওঠে অসংখ্য নারী, মা ও কর্মজীবী নারীর সম্মিলিত গল্প। মঞ্চে একজন অভিনেত্রীকে দেখা গেলেও দর্শক তার জীবনের সঙ্গে পরিচিত বহু নারীর জীবনের মিল খুঁজে পান। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বটতলার নিয়মিত অভিনয়শিল্পীরা।




জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাংস্কৃতিক প্রতিবেদকঃ আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদযাপন করল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যরা।

এতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাওন আশরাফ।

বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার এবং সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক আহমেদ তেপান্তরসহ তেরোজন বিশেষ ব্যক্তিকে জিসাস সম্মাননা প্রদান করা হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন উদিয়মান ও বরেণ্য শিল্পীরা।




রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

খেলাধুলা ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচটিতে পর্তুগাল ২–১ গোলে জয় পেলেও রোনালদোকে মাঠে না নামানো নিয়ে দলের ভেতরে অস্বস্তির খবর ছড়িয়ে পড়ে।

পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে রোনালদো ও জেসুসের মধ্যে সাময়িক উত্তেজনা বা অস্বস্তির কথা উঠে এসেছে। তবে পরবর্তী সময়ে দু’জনের মধ্যে সরাসরি কথা হয়েছে এবং বিষয়টি মিটে গেছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপি।

কথা ছিল পরে মাঠে নামবেন রোনালদো

প্রতিবেদনগুলো অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে জেসুস রোনালদোর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে পর্তুগালের অধিনায়ককে জানানো হয়েছিল, তিনি ম্যাচটি শুরু করবেন না। তবে পরিস্থিতি অনুযায়ী পরে তাকে মাঠে নামানো হতে পারে- এমন প্রত্যাশা ছিল।

ম্যাচের একপর্যায়ে পর্তুগাল যখন নিজেদের এগিয়ে থাকা ব্যবধান ধরে রাখার চেষ্টা করছিল, তখন রোনালদো ওয়ার্ম-আপও করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামার জন্য ডাকেননি জেসুস।

ম্যাচ শেষে জেসুস জানান, তিনি রোনালদোকে খেলানোর কথা বিবেচনা করেছিলেন। তবে ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তা দেখে শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা পরিবর্তন করেন।

রোনালদোর পরিবর্তে শুরু থেকেই খেলেন গনসালো রামোস। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগালের জয়সূচক গোলটিও করেন তিনি।

ম্যাচ শেষে রোনালদোর আচরণে জল্পনা

ম্যাচ শেষ হওয়ার পর রোনালদোর আচরণও পর্তুগালের সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

পর্তুগালের খেলোয়াড়েরা যখন গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে এগিয়ে গিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন রোনালদো সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান। তিনি সতীর্থদের সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানাতে যোগ দেননি।

পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলা জানায়, রোনালদোর এই প্রতিক্রিয়া সম্পর্কে জেসুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তখন বিষয়টি তার নজরে পড়েনি। তবে তিনি রোনালদোর সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে জানান।

রোনালদোর মতো খেলোয়াড়ের ক্ষেত্রে পুরো একটি প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে বসে থাকা ব্যতিক্রমী ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকা ৪১ বছর বয়সী এই তারকার মাঠের বাইরে থাকা তাই স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ কাড়ে।

পর্তুগাল শিবিরে বাড়ে জল্পনা

এরপর পর্তুগালের সংবাদমাধ্যমে দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েনসা নির্ধারিত সময়ের আগেই কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রোয়েনসার আকস্মিক সফরকে ঘিরে পর্তুগাল শিবিরে কোনও বিষয় সমাধানের প্রয়োজন দেখা দিয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়।

এদিকে, পর্তুগালের পরবর্তী পূর্ণাঙ্গ অনুশীলনেও রোনালদো মাঠে নামেননি। তবে জোয়াও ফেলিক্স ও ফ্রান্সিসকো কনসেইসাওও সেই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। রোনালদো অবশ্য স্টেডিয়ামে এসেছিলেন এবং পরে ভেতরে ফিরে যান। ফলে তার অনুশীলনে না থাকাকে প্রতিবাদ বা অসন্তোষের কোনও পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখানোর মতো প্রমাণ পাওয়া যায়নি।

সরাসরি কথা বলে মিটেছে মতবিরোধ 

তবে পরিস্থিতিতে পরে পরিবর্তন আসে। পর্তুগালের সংবাদমাধ্যম অবজারভাদোর এবং জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপির প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জেসুস সরাসরি কথা বলেছেন এবং তাদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধের অবসান হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার পর দু’জনই সন্তুষ্ট ছিলেন এবং এখন পর্তুগালের সামনে থাকা ম্যাচগুলো নিয়েই মনোযোগ দিতে চান।

এ সময় রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগালের পতাকার পাশে নিজের একটি ছবি এবং হৃদয়ের প্রতীক পোস্ট করেন। তার এই পোস্টও জেসুসের সঙ্গে সম্পর্ক নিয়ে চলমান জল্পনার মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া অস্বস্তি আপাতত অনেকটাই কেটে গেছে। এখন নজর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচের দিকে।

বিশেষ করে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ রোনালদোকে বেঞ্চে রাখার পর ডেনমার্কের বিপক্ষে জেসুস তাকে একাদশে রাখেন কি না, নাকি আবারও ভিন্ন কৌশল নেন- সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।




জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

খেলাধুলা ডেস্কঃ ফ্রেঞ্চ লিগ ওয়ানে ছয়বারের চ্যাম্পিয়ন বোর্দো। ২০২১ সালেও ‘লিগ ওয়ান’-এ খেলছিল তারা। আর সেই ক্লাবটির মালিকানাই কিনা এখন মাত্র ১ ইউরোর বিনিময়ে হাতবদল হচ্ছে।

বুধবার বোর্দো আনুষ্ঠানিকভাবে জানায়, ব্রিটিশ ইনভেস্টমেন্ট ফান্ড ‘পার্ক বেঞ্চ’-এর কাছে মাত্র ১ ইউরোয় ক্লাবটি বিক্রি করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তারা। চুক্তির শর্ত অনুযায়ী, দলটির বকেয়া ঋণের একটি অংশ পরিশোধের দায়িত্ব নেবে নতুন এই বিনিয়োগকারী গোষ্ঠী।

এক বিবৃতিতে ফরাসি ক্লাব বোর্দো জানায়, বকেয়া ঋণের সব দায়ভার কাঁধে নেওয়ার শর্তে প্রতীকী ১ ইউরোর বিনিময়ে এই চুক্তি সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই নুভেল-আকিতেন ফুটবল লিগের আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশনের মুখোমুখি হবে ক্রেতা পক্ষ। এই চুক্তি স্বাক্ষর এফসি জিরোন্দাঁ দ্য বোর্দোর ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

১৮৮১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বোর্দো ফরাসি ফুটবলের লিগ শিরোপা জিতেছে ৬ বার, পাশাপাশি ৪টি ফ্রেঞ্চ কাপ ও ৩টি ফ্রেঞ্চ লিগ কাপও রয়েছে তাদের ট্রফি ক্যাবিনেটে। বিশ্ব ফুটবলের মহাতারকা জিনেদিন জিদানের মতো ফুটবলার ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এই বোর্দোর জার্সি গায়েই মাঠ মাতিয়েছেন।

সেই ক্লাবই কিনা এখন খেলার মাঠে ধারাবাহিক ব্যর্থতা ও অর্থনৈতিক বিশৃঙ্খলায় জর্জরিত। একের পর এক অবনমন হতে হতে শেষ পর্যন্ত পেশাদার দলের মর্যাদাও হারায়। আর্থিক অনিয়মের দায়ে ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল ও ফরাসি ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের পর চলতি বছর দলটি সরাসরি ষষ্ঠ ডিভিশনের সমকক্ষ ‘রিজিওনাল ১’-এ নেমে যায়।

আর্থিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে বোর্দোর টিকে থাকা নিয়েই বড় প্রশ্ন দেখা দেয়। ক্লাব যাতে একেবারে দেউলিয়া হয়ে বিলুপ্ত না হয়ে যায়, সেজন্য অস্তিত্ব রক্ষার কার্যকর সমাধান জমা দিতে মালিকপক্ষকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল শহরের বাণিজ্যিক আদালত।

২০২১ সাল থেকে বোর্দোর মালিকানায় থাকা জেরার লোপেসের প্রতিষ্ঠান ও পার্ক বেঞ্চের মধ্যে চুক্তিটি সই হয়েছে। তবে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়াটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। নতুন এই প্রকল্পের আর্থিক সক্ষমতা এবং ২০২৬-২৭ মৌসুমের বাজেট বিশ্লেষণের দায়িত্বে থাকা ‘নুভেল-আকিতেন ফুটবল লিগ’-এর আঞ্চলিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে নতুন বিনিয়োগকারীদের আর্থিক যোগ্যতা পরখ করে দেখবে।

তবে ১ ইউরোর এই দামটি নিতান্তই নামমাত্র, যা দিয়ে নতুন বিনিয়োগকারীদের সার্বিক আর্থিক প্রতিশ্রুতির পরিমাণ বোঝা সম্ভব নয়। ক্লাবের ধারের পরিমাণ প্রায় ২ কোটি ৬০ লাখ ইউরো থেকে কমিয়ে ১ কোটি ৩০ লাখ ইউরোতে নামিয়ে আনা হবে। একই সঙ্গে এই ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে।

বোর্দোর কাছে পাওনা সমস্ত অর্থ মওকুফ করতে রাজি হয়েছেন ক্লাবের বর্তমান মালিক জেরার লোপেস। ভবিষ্যতে দলের আর্থিক পরিস্থিতির উন্নতি হলেও সেই অর্থ আর ফেরতের দাবি করবেন না তিনি।




মেসির ১০ নম্বর জার্সি নিয়ে এখনই ভাবছেন না স্কালোনি

খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায় শেষ হওয়ার পর একসময় না একসময় তার বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠবে অন্য কোনো খেলোয়াড়ের গায়ে। তবে সেই দিন কবে আসবে কিংবা মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে এখনই ভাবতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা বুধবার বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে করছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি হবে। এরপর আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে বিদায় নেবেন মেসি।

মেসিকে ছাড়া দলকে কীভাবে এগিয়ে নেওয়া হবে, সেই পরিকল্পনা শুরু করেছেন স্কালোনি। তবে মেসির জায়গা সরাসরি একজন খেলোয়াড় দিয়ে পূরণ করার কথা ভাবছেন না তিনি। বরং দলের খেলার ধরনেও পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন এই বিশ্বকাপজয়ী কোচ।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমরা অন্যভাবে খেলার পথ খুঁজে নেব।’

মেসির অনুপস্থিতিকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন স্কালোনি। তার ভাষায়, ‘এই ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্যই। তবে আমাদের মূল খেলার ধরন বল দখলে রাখাকে ঘিরেই থাকবে। সেখান থেকেই আমরা কীভাবে মানিয়ে নিতে পারি, সেটা দেখব।’

বলিভিয়ার বিপক্ষে আক্রমণভাগেও নতুন সমন্বয় দেখা যেতে পারে। জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একসঙ্গে খেলাননি তিনি।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার দায়িত্ব পেতে পারেন কোমোর হয়ে খেলা নিকোলাস পাজ। এ ছাড়া দলে আরও কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তবে মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেয়নি আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচের আগে এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্কালোনি।

তিনি বলেন, ‘এই ম্যাচগুলোর জন্য আমাদের কাউকে ১০ নম্বর দেওয়ার বাধ্যবাধকতা নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত আমরা এটি কাউকে দেব না। শেষ পর্যন্ত কেউ একজন এটি পরবে, কারণ এই জার্সি পরা বিশেষ কিছু। তবে কে পরবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচটি হবে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও তাঁকে এই ম্যাচের দলে রাখা হয়েছে, যাতে দেশের মাটিতে তাকে বিদায় জানাতে পারে আর্জেন্টিনা।

এদিকে স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। আর্জেন্টিনা কোচের বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে তাঁর আলোচনা চলছে। স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার দায়িত্বে থেকে যাওয়ার ইচ্ছা তার রয়েছে।

মেসি-পরবর্তী আর্জেন্টিনা নিয়েও আশাবাদী স্কালোনি। তার মতে, দলে নতুন প্রতিভা উঠে আসছে এবং জাতীয় দলের হয়ে খেলার জন্য তরুণদের আগ্রহও রয়েছে। তাই মেসির বিদায়ের পরও দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে বলে বিশ্বাস তার।