অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দল ঘোষণা

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে অজিরা। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ব্রিসবেনে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে আগামী ৯ অক্টোবর। একই ভেন্যুতে ১১ ও  ১৪ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।

সবশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে ফিরলেন সানজিদা আক্তার মেঘল, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুনও হাবিবা ইসলাম পিংকি।

নিগার সুলতানা জ্যোতির দল সবশেষ ওয়ানডে খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ২-১ ব্যবধানে সিরিজ হারে তারা।

বাংলাদেশের স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, ঋতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।




চাঁপাইনবাবগঞ্জে ৫০ শয্যার ডেঙ্গু কর্নারে শতাধিক রোগী ভর্তি, নারী ও শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। তবে দুজনের মধ্যে মৃত নারীর ডেঙ্গু পজিটিভ ছিল বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে মৃত শিশুর ডেঙ্গু পরীক্ষা করা না থাকলেও ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ ছিল বলে চিকিৎসকরা জানায়।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার দিকে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী খাতুন (৩০) ও আরামবাগ এলাকার মনিরুল ইসলামের ছেলে মহব্বত আলী (১৩)।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, মৃত নারী ফেরদৌসী মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালে ভর্তি হয়। তার ডেঙ্গু পজিটিভ ছিল।

অন্যদিকে, শিশু মহব্বত গত রাত ১১টায় ভর্তি হয়েছিল। তীব্র জ্বর ও শরীর ব্যথা এবং ডেঙ্গুর বিভিন্ন লক্ষণ থাকলেও তার ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ না থাকায় তা নিশ্চিত ছিল না। বর্তমানে ১০৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত ১ হাজার ২৫৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।




পাকিস্তানের আকাশপথ বন্ধ, চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের আকাশসীমা প্রায় দেড় বছর বন্ধ থাকার কারণে ভারতীয় বিমানগুলো এখন চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু।

রাম মোহন বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে কথা বলছে। শেষ পর্যন্ত কতটা এগোয়, তা দেখা যাক।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার দুই দিন পর পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ছয় দিন পর ভারতও পাল্টা ব্যবস্থা নেয়। তখন থেকে ভারতীয় বিমানগুলোকে ইউরোপে যেতে-আসতে ঘুরপথ ধরতে হচ্ছে। ফলে সময়ও বেশি লাগছে, জ্বালানি খরচও বেড়ে গেছে।

পাকিস্তান সর্বশেষ ১৬ সেপ্টেম্বরের নির্দেশিকায় এই নিষেধাজ্ঞা ২৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প পথ খুঁজতে গিয়ে ভারত চীনের সিনকিয়াং প্রদেশের দিকে নজর দিয়েছে। সিনকিয়াং চীনের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ। উইঘুর মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ এ অঞ্চলটি আটটি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করেছে। মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। হোটান সেই প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি মরূদ্যান শহর। প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি।

হিন্দুস্তান টাইমস বুধবার এক মানচিত্র প্রকাশ করে দেখিয়েছে, দিল্লি থেকে পাকিস্তান এড়িয়ে তুরস্কের ইস্তাম্বুল যেতে সময় লাগছে ৭ ঘণ্টা ৪৭ মিনিট। পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করা গেলে তা কমে দাঁড়াত ৬ ঘণ্টা ৭ মিনিট। হোটানের পথ ব্যবহারের অনুমতি পেলে সময় ও খরচ দুটোই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, তারাই প্রথম সরকারকে অনুরোধ করেছিল চীনের সঙ্গে আলোচনা শুরু করতে। তাদের হিসাবে, নিষেধাজ্ঞা চলতে থাকলে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৬০ কোটি ডলার। হোটান হয়ে উড়াল চালানো গেলে প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি ৮৪ লাখ রুপি সাশ্রয় হতে পারে বলে তারা জানিয়েছে। এই বাড়তি খরচের চাপেই নিউইয়র্ক ও ভ্যাঙ্কুভার থেকে দিল্লির উড়াল ১৫ শতাংশ কমাতে হয়েছে। দিল্লি-ওয়াশিংটন রুট বন্ধও করে দিতে হয়েছে।

তবে প্রস্তাব বাস্তবায়ন সহজ নয়। হোটান দিয়ে যেতে হলে ভারতীয় বিমানগুলোকে লাদাখের লেহ হয়ে চীনের আকাশে ঢুকতে হবে। তারপর হোটানের ওপর দিয়ে পশ্চিমে বাঁক নিয়ে মধ্য এশিয়ায় প্রবেশ করতে হবে। এলাকাটি বিশ্বের অন্যতম উঁচু পর্বতশ্রেণির ওপর অবস্থিত। জরুরি অবতরণের প্রয়োজন হলে নামতে হবে উরুমচি বা কাশগরে। সিনকিয়াং চীনের কাছে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। একাধিক দেশের সঙ্গে সীমান্ত এবং উইঘুর অধ্যুষিত হওয়ায় চীন এখানকার নিরাপত্তা নিয়ে সবসময় সতর্ক থাকে।

তবু ভারতের কিছু মহল আশাবাদী। ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পরও দুই দেশের সম্পর্ক পুরোপুরি বন্ধ হয়নি। বরং বাণিজ্যিক স্বার্থে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত বছর অক্টোবরে ইন্ডিগো কলকাতা-গুয়াংজু সরাসরি উড়াল চালু করে। নভেম্বরে দিল্লি-গুয়াংজু রুট শুরু হয়। এ বছর ১ ফেব্রুয়ারি থেকে এয়ার ইন্ডিয়া ছয় বছর পর দিল্লি-সাংহাই উড়াল পুনরায় চালু করেছে। সম্প্রতি ব্রিকস সম্মেলনের আগে চীনের চায়না সাদার্ন এয়ারলাইন্সও গুয়াংজু-দিল্লি সরাসরি সেবা শুরু করার কথা জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রায় এক বছর ধরে হোটানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ভারত। এ নিয়ে উভয় পক্ষই এখন গঠনমূলক আলোচনা করছে। সম্প্রতি নিউইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ের তুলনায় ভারত-চীন সম্পর্ক এখন বেশ ইতিবাচক। তিনি বলেন, ২০২৪ বা ২০২৫ সালের চেয়ে বর্তমান সম্পর্ক অনেক ভালো। মূলত সম্পর্কের এই উন্নতির ওপর ভিত্তি করেই হোটান প্রস্তাব বাস্তবায়নে আশাবাদী হয়ে উঠছে নয়াদিল্লি।




রোনালদোকে দেওয়া কথা রাখেননি জেসুস, পর্তুগাল শিবিরে অস্বস্তি

ক্রীড়া ডেস্কঃ নরওয়ের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকার পর পর্তুগালের কোচ জর্জ জেসুসের ওপর অসন্তুষ্ট হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো- এমন খবর প্রকাশ করেছে পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যম। ম্যাচটিতে পর্তুগাল ২–১ গোলে জয় পেলেও রোনালদোকে মাঠে না নামানো নিয়ে দলের ভেতরে অস্বস্তির খবর ছড়িয়ে পড়ে।

পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে রোনালদো ও জেসুসের মধ্যে সাময়িক উত্তেজনা বা অস্বস্তির কথা উঠে এসেছে। তবে পরবর্তী সময়ে দু’জনের মধ্যে সরাসরি কথা হয়েছে এবং বিষয়টি মিটে গেছে বলেও জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ও জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপি।

কথা ছিল পরে মাঠে নামবেন রোনালদো
প্রতিবেদনগুলো অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে জেসুস রোনালদোর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে পর্তুগালের অধিনায়ককে জানানো হয়েছিল, তিনি ম্যাচটি শুরু করবেন না। তবে পরিস্থিতি অনুযায়ী পরে তাকে মাঠে নামানো হতে পারে- এমন প্রত্যাশা ছিল।

ম্যাচের একপর্যায়ে পর্তুগাল যখন নিজেদের এগিয়ে থাকা ব্যবধান ধরে রাখার চেষ্টা করছিল, তখন রোনালদো ওয়ার্ম-আপও করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠে নামার জন্য ডাকেননি জেসুস।

ম্যাচ শেষে জেসুস জানান, তিনি রোনালদোকে খেলানোর কথা বিবেচনা করেছিলেন। তবে ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তা দেখে শেষ পর্যন্ত নিজের পরিকল্পনা পরিবর্তন করেন।

রোনালদোর পরিবর্তে শুরু থেকেই খেলেন গনসালো রামোস। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগালের জয়সূচক গোলটিও করেন তিনি।

ম্যাচ শেষে রোনালদোর আচরণে জল্পনা
ম্যাচ শেষ হওয়ার পর রোনালদোর আচরণও পর্তুগালের সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

পর্তুগালের খেলোয়াড়েরা যখন গ্যালারিতে থাকা সমর্থকদের দিকে এগিয়ে গিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন রোনালদো সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান। তিনি সতীর্থদের সঙ্গে সমর্থকদের ধন্যবাদ জানাতে যোগ দেননি।

পর্তুগিজ সংবাদমাধ্যম এ বোলা জানায়, রোনালদোর এই প্রতিক্রিয়া সম্পর্কে জেসুসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তখন বিষয়টি তার নজরে পড়েনি। তবে তিনি রোনালদোর সঙ্গে এ নিয়ে কথা বলবেন বলে জানান।

রোনালদোর মতো খেলোয়াড়ের ক্ষেত্রে পুরো একটি প্রতিযোগিতামূলক ম্যাচে বেঞ্চে বসে থাকা ব্যতিক্রমী ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের নিয়মিত ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকা ৪১ বছর বয়সী এই তারকার মাঠের বাইরে থাকা তাই স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ কাড়ে।

পর্তুগাল শিবিরে বাড়ে জল্পনা
এরপর পর্তুগালের সংবাদমাধ্যমে দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হতে থাকে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রোয়েনসা নির্ধারিত সময়ের আগেই কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রোয়েনসার আকস্মিক সফরকে ঘিরে পর্তুগাল শিবিরে কোনও বিষয় সমাধানের প্রয়োজন দেখা দিয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়।

এদিকে, পর্তুগালের পরবর্তী পূর্ণাঙ্গ অনুশীলনেও রোনালদো মাঠে নামেননি। তবে জোয়াও ফেলিক্স ও ফ্রান্সিসকো কনসেইসাওও সেই অনুশীলনে অনুপস্থিত ছিলেন। রোনালদো অবশ্য স্টেডিয়ামে এসেছিলেন এবং পরে ভেতরে ফিরে যান। ফলে তার অনুশীলনে না থাকাকে প্রতিবাদ বা অসন্তোষের কোনও পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখানোর মতো প্রমাণ পাওয়া যায়নি।

সরাসরি কথা বলে মিটেছে মতবিরোধ
তবে পরিস্থিতিতে পরে পরিবর্তন আসে। পর্তুগালের সংবাদমাধ্যম অবজারভাদোর এবং জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিপির প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ও জেসুস সরাসরি কথা বলেছেন এবং তাদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধের অবসান হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার পর দু’জনই সন্তুষ্ট ছিলেন এবং এখন পর্তুগালের সামনে থাকা ম্যাচগুলো নিয়েই মনোযোগ দিতে চান।

এ সময় রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগালের পতাকার পাশে নিজের একটি ছবি এবং হৃদয়ের প্রতীক পোস্ট করেন। তার এই পোস্টও জেসুসের সঙ্গে সম্পর্ক নিয়ে চলমান জল্পনার মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া অস্বস্তি আপাতত অনেকটাই কেটে গেছে। এখন নজর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচের দিকে।

বিশেষ করে নরওয়ের বিপক্ষে পুরো ম্যাচ রোনালদোকে বেঞ্চে রাখার পর ডেনমার্কের বিপক্ষে জেসুস তাকে একাদশে রাখেন কি না, নাকি আবারও ভিন্ন কৌশল নেন- সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর। সূত্র: গালফ নিউজ




দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ডেস্ক নিউজঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন আসন্ন মন্ত্রিসভায় এর অনুমোদন নিয়ে ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে এবার দুর্গাপূজায় সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

প্রশ্ন উঠেছে এই ছুটি কি কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীরাই ভোগ করবেন, নাকি বেসরকারি খাতের চাকরিজীবীরাও এর আওতায় আসবেন।

ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির প্রজ্ঞাপন ও বেসরকারি খাতও এই ছুটির আওতায় থাকবে কি না, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি বড় সিদ্ধান্ত, তাই মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হয়। মন্ত্রিসভার অনুমোদনের আগে প্রজ্ঞাপন জারির সুযোগ নেই। আশা করা হচ্ছে আগামী মন্ত্রিসভায় অনুমোদন হবে এবং তারপর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এই ছুটি কি বেসরকারি খাত অর্থাৎ বেসরকারি ব্যাংক, কলকারখানা ইত্যাদির জন্যও প্রযোজ্য হবে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, এটি জাতীয় ছুটি। তাই এটি সবার জন্যই প্রযোজ্য হবে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সবার জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

অবশ্য এ ধরনের ছুটির ক্ষেত্রে সব সময়ই জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকেন। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতাবহির্ভূত থাকেন।

এ ধরনের ছুটি হলে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেয়। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেন। যখন প্রজ্ঞাপন জারি করা হবে, তখন এসব বিষয় স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২২ অক্টোবর ছুটির সিদ্ধান্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি হবে।

কয় ধরনের ছুটি আছে, পার্থক্য কী

সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটিসহ বিভিন্ন রকমের ছুটি আছে। প্রশ্ন হলো, সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির মধ্যে পার্থক্য কী?

জনপ্রশাসন বিশেষজ্ঞদের ভাষ্য, সাধারণ ছুটি হলো সেটি, যেটি মূলত উদ্‌যাপন বা পালনের জন্য করা হয়। এটি সর্বজনীন, সবার জন্যই প্রযোজ্য। যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, বিজয়ী দশমী, বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), বড়দিন, স্বাধীনতা ও জাতীয় দিবস, মহান বিজয় দিবস, মে দিবস ইত্যাদি। ২০২৬ সালের ছুটির তালিকায় এ রকম ছুটি আছে ১৪ দিন।

আর সরকার নির্বাহী আদেশে যে সরকারি ছুটি দেয়, তা মূলত নির্দিষ্ট শ্রেণির লোকদের জন্য। ঈদের আগে-পরে নির্বাহী আদেশে এমন সরকারি ছুটি দেওয়া হয়।

যেমন, এ বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার। এখন ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, দুর্গাপূজার পরদিন এই ছুটি।

নির্বাহী আদেশে ছুটি সাধারণত সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হয়। যদিও ইদানীং সরকার ছুটির প্রজ্ঞাপনে বেসরকারি অফিস বন্ধ থাকার কথাও উল্লেখ করা হয়।

অন্যদিকে যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইনকানুন দিয়ে চলে (যেমন বাংলাদেশ ব্যাংক) অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেগুলো নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করে।

অবশ্য বাস্তব অভিজ্ঞতা হলো, ছুটি সরকার যে কয়দিন নির্ধারণ করে, সাধারণত অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও তা অনুসরণ করে।

সাধারণ ও নির্বাহী-এই দুই ধরনের ছুটির বাইরেও আছে ঐচ্ছিক ছুটি। এটি মূলত ধর্মীয় পর্ব অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন নেওয়ার সুযোগ আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।

কোন ধর্মের কোন পর্বগুলোতে এই ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে, সেটিও বাৎসরিক ছুটির পঞ্জিতে উল্লেখ করে দেওয়া হয়।




১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

ডেস্ক নিউজঃ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল। বুধবার (৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই তারিখ ঠিক করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন করে এই তারিখ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে। বাকিরা কারাগারে আটক রয়েছেন।

রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় সাংবাদিক দম্পতি সাগর ও রুনি খুন হওয়ার সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে শিশু মাহির সরওয়ার মেঘ।

প্রথমে মামলাটি তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। পরবর্তীতে মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের  গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে এসআরবি (সাবেক র‌্যাব) পায় তদন্তের দায়িত্ব।

গত বছরের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব এসআরবি থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক আদেশে বলেন, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত এখন থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স করবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত হবে।

গত ২৩ অক্টোবর সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে উচ্চ আদালতের নির্দেশে টাস্কফোর্স গঠন করে সরকার। চার সদস্যের এই টাস্কফোর্সের আহ্বায়ক হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান।




দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের গহনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে গহনার মূল্য সমন্বয় করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয় বুধবার অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দামের বিষয়টি জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের গহনার দাম নির্ধারণ করে থাকে বাজুস। এবারও তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবেই গহনার দাম সমন্বয় করা হয়েছে।




বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

ডেস্ক নিউজঃ বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে।

লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ বুধবার বিনিময় হার:

বৈদেশিক মুদ্রা – বাংলাদেশি টাকা

ইউএস ডলার – ১২২ টাকা ৯০ পয়সা
ইউরো – ১৩৯ টাকা ৩৬ পয়সা
পাউন্ড – ১৬২ টাকা ৫৮ পয়সা
ভারতীয় রুপি – ১ টাকা ২৮ পয়সা
ইউয়ান – ১৮ টাকা ৩২ পয়সা
ইয়েন – ০ টাকা ৭৮ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার – ৮৫ টাকা ৮২ পয়সা
সিঙ্গাপুরি ডলার – ৯৬ টাকা ১৫ পয়সা

সূত্র: গুগল

*যে কোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।




‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরও তার আইকনিক ১০ নম্বর জার্সি নিয়ে তাড়াহুড়ো করতে চান না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি অন্য কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ। তবে পরবর্তীতে আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলার এই জার্সি পরবেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আরও দুটি ম্যাচ রয়েছে তাদের। ৭ অক্টোবর বুয়েন্স আয়ার্সে বেনিনের বিপক্ষে ম্যাচে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এই ম্যাচগুলো মূলত দলকে পরীক্ষা করার সুযোগ। তবে মেসি না থাকলেও আর্জেন্টিনার খেলার মূল দর্শন বল দখলে রাখার ওপরই থাকবে বলে জানান তিনি।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করেছেন স্কালোনি। এর আগে এই দুই স্ট্রাইকারকে নিয়মিত একাদশে একসঙ্গে খেলানো থেকে বিরত ছিলেন তিনি।

বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ নিশ্চিত করেননি স্কালোনি। তবে বিশ্বকাপের ফাইনালে খেলা দলের অধিকাংশ ফুটবলারই এই ম্যাচে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেই ফাইনালে আর্জেন্টিনা ১ ০ গোলে হেরেছিল।

এদিকে মেসির ১০ নম্বর জার্সি আপাতত ফাঁকা রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কাউকে দেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। পরে অবশ্য এই ঐতিহ্যবাহী জার্সি অন্য একজনকে পরতে হবে বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন কোচ।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সিতেই খেলেছেন তিনি।

মেসিকে ঘিরে বিদায়ের প্রস্তুতির পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে তার।

স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার ইচ্ছা তার রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক বিষয় এবং দলের খেলাধুলার দিক পর্যালোচনা করেই তিনি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার পথে এগিয়েছেন।

এর আগে ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। তবে পরবর্তী সময়ে এএফএ সভাপতির সঙ্গে বৈঠকের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে আলোচনা শুরু হয়। ২০৩০ বিশ্বকাপের একটি ম্যাচ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের মূল আয়োজন হবে স্পেন, মরক্কো ও পর্তুগালে।

মেসির পরও আর্জেন্টিনা উচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারবে বলে মনে করেন স্কালোনি। তার মতে, জাতীয় দলে নতুন প্রতিভার আগমন এবং খেলোয়াড়দের আগ্রহ দলটির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সংকেত দিচ্ছে।




প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।