নিজেকে চেনার সহজ পথ ও আত্মসংশোধনের কৌশল

ইসলামিক ডেস্কঃ জীবনের ব্যস্ততায় আমরা অনেক কিছু নিয়েই ভাবি, কিন্তু নিজের ভেতরের মানুষটিকে জানার জন্য সময় দিই খুব কম। অথচ নিজের চিন্তা, অনুভূতি, শক্তি ও দুর্বলতাগুলো বুঝতে পারাই ব্যক্তিগত উন্নতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। নিজের ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

নিজেকে চেনা মানে শুধু নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানা নয়; বরং নিজের চিন্তা, অনুভূতি, শক্তি, দুর্বলতা, অভ্যাস ও আচরণকে গভীরভাবে বোঝা। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিজের সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আত্মসংশোধনের শুরুটাও হয় নিজের ভুল ও সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করার মধ্য দিয়ে।

নিজেকে চেনার অন্যতম সহজ উপায় হলো নিজের কাজ ও আচরণ নিয়ে নিয়মিত ভাবা। কোন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানানো হয়, কোন বিষয়গুলো আনন্দ বা কষ্ট দেয় কিংবা কোন কাজগুলো বারবার সমস্যার কারণ হয়ে দাঁড়ায়—এসব বিষয় খেয়াল করলে নিজের সম্পর্কে অনেক কিছু জানা সম্ভব।

নিজের শক্তি ও দুর্বলতা চিহ্নিত করাও আত্মউপলব্ধির গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় মানুষ নিজের ভালো দিকগুলো সম্পর্কে সচেতন থাকলেও দুর্বলতাগুলো স্বীকার করতে চায় না। অথচ নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া দুর্বলতার পরিচয় নয়; বরং তা আত্মসংশোধনের প্রথম ধাপ।

ভুল থেকে শেখার মানসিকতাও গড়ে তুলতে হবে। কোনো ভুল হয়ে গেলে নিজেকে দোষারোপ না করে কেন ভুলটি হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে তা এড়ানো যায়—সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। একই ভুল বারবার না করার চেষ্টা ব্যক্তিগত উন্নতির একটি গুরুত্বপূর্ণ দিক।

নিজের জন্য কিছুটা সময় রাখাও জরুরি। ব্যস্ত জীবনে প্রতিদিন কিছু সময় নিরিবিলি থাকা, নিজের দিনের কাজ পর্যালোচনা করা এবং আগামী দিনের লক্ষ্য নির্ধারণ করা আত্মসচেতনতা বাড়াতে সহায়তা করে। চাইলে নিয়মিত ডায়েরি লিখেও নিজের চিন্তা ও অনুভূতিগুলো পর্যবেক্ষণ করা যেতে পারে।

অন্যের গঠনমূলক মতামত গ্রহণ করাও আত্মসংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে সব ধরনের সমালোচনা গ্রহণ না করে কোন পরামর্শ বাস্তবসম্মত এবং নিজের উন্নতিতে সহায়ক, তা বিবেচনা করে নেওয়া উচিত।

সবশেষে, আত্মসংশোধন কোনো একদিনের বিষয় নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিজের ভুল স্বীকার করা, ভালো অভ্যাস গড়ে তোলা, নেতিবাচক আচরণ পরিবর্তনের চেষ্টা এবং প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা—এসবের মাধ্যমেই ধীরে ধীরে আত্মউন্নতির পথে এগিয়ে যাওয়া সম্ভব।




কঙ্গোতে ইতিহাসের ভয়াবহ ইবোলার সংক্রমণ, আক্রান্ত ৮ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্য আফ্রিকান দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলমান এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ৮ হাজার অতিক্রম করেছে। কঙ্গোর ইতিহাসে একেই সবচেয়ে বড় ও প্রাণঘাতী মহামারি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদনে জানানো হয়েছে, নিশ্চিত হওয়া মোট ইবোলা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৭ জনে। ইতোমধ্যেই ভাইরাসের ছোবলে ৩ হাজার ৯০১ জন প্রাণ হারিয়েছেন।

ইবোলা ভাইরাসের ‘বুন্দিবুগিও’ প্রজাতির কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাবটি কঙ্গোর ২০১৮-২০২০ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, প্রাদুর্ভাব ও মৃত্যুর দিক থেকে এটি এখন কেবল ২০১৪-২০১৬ সালে পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ভয়াবহ ইবোলা মহামারির পরেই রয়েছে। সেই সময় গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ২৮,৬০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১১ হাজারেরও বেশি মানুষ।

পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্কতা জারি করে জানিয়েছে, কিছু এলাকায় আংশিক উন্নতি দেখা গেলেও সার্বিকভাবে সংকট এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। বিশেষ করে দেশটির উত্তর কিভু প্রদেশে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুরা। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেখানে মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ, সেখানে শিশুদের ক্ষেত্রে এই মৃত্যুহার ৬০ শতাংশেরও বেশি।

পরিস্থিতি মোকাবেলায় আফ্রিকার সর্বোচ্চ স্বাস্থ্য সংস্থা ‘আফ্রিকা সিডিসি’র মহাপরিচালক জিন কাসেয়া নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, চলমান ইবোলা প্রতিরোধ কার্যক্রমে প্রায় ২৯০ কোটি (২.৯ বিলিয়ন) মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র কর্তৃক আয়োজিত জি২০+ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বিশেষ বৈঠকে ডিআর কঙ্গো, উগান্ডা, আন্তর্জাতিক সংস্থা এবং অংশীদার দেশসমূহ অংশগ্রহণ করে এই সহায়তার প্রতিশ্রুতি দেয়।

সংগৃহীত তহবিলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে ৮৮ কোটি ৬০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জরুরি ত্রাণ, ভ্যাকসিন ও চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে ৫০ কোটি ইউরো (প্রায় ৫৬ কোটি ৮০ লাখ ডলার) ছাড় করার ঘোষণা দিয়েছে।

সূত্র: টিআরটি




আজকের নামাজের সময়সূচি

ইসলামিক ডেস্কঃ আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

ফজর- ০৪:৩৪ মিনিট

জোহর- ১১:৫০ মিনিট

আসর- ০৪:০৮ মিনিট

মাগরিব- ০৫:৫০ মিনিট

এশা- ০৭:০৪ মিনিট

সূর্যোদয় ভোর ০৫:৪৮

সূর্যাস্ত সন্ধ্যা ০৫:৪৮




ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ২১৫৮ রোগী

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

নতুন করে আক্রান্ত রোগীদের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চাপও বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু থেকে সুরক্ষায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা জরুরি। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ছয়জনের মৃত্যু এবং এক দিনে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।




ডেঙ্গু সেবার দায়িত্ব পাওয়ার আগেই ডেঙ্গুতে মৃত্যু চিকিৎসকের

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গু রোগীদের সেবা দিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। দায়িত্ব বণ্টনের সেই চিঠিও পৌঁছেছিল হাসপাতালে— রবিবার সকালে। কিন্তু তখন আর দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। সেই সকালেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক আঁচল রায়।

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার এবং ৪২তম বিসিএসের এই চিকিৎসক ডেঙ্গুর করাল গ্রাসে প্রাণ হারালেন।

রবিবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার স্বামী বিপ্লব চন্দ্র দাস সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, পেশাগত জীবনে সফল হওয়ার পথে যাত্রা শুরু করেছিলেন ডা. আঁচল রায়। মাত্র ৩০ বছর বয়সে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি এমআরসিপি (যুক্তরাজ্য) পরীক্ষার প্রথম পর্বও সফলভাবে সম্পন্ন করেছিলেন। মাত্র ১৭ মাস আগে বিয়ে হয়েছিল এই চিকিৎসকের। কিন্তু ডেঙ্গুতে হঠাৎ থমকে গেল তার সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ।

বিপ্লব চন্দ্র দাস জানান, চার দিন ধরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন ডা. আঁচল রায়। পঞ্চম দিনে প্লাটিলেটের মাত্রা মারাত্মকভাবে কমে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

তিনি বলেন, ‌‘আঁচলকে প্রথমে স্কয়ার হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ সকাল ৮টা ২০ মিনিটে তিনি মারা যান।’

আঁচলের পদায়ন ছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে। তবে সম্প্রতি তাকে একই হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে সংযুক্ত করা হয় বলে জানান স্বামী বিপ্লব।

বিপ্লব বলেন, ‘আঁচল এফসিপিএস মিড-টার্ম ও এমআরসিপি পার্ট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমরা খুবই খুশি ছিলাম। আমার তাকে নিয়ে খুব গর্ব হতো।’

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) কর্মরত বিপ্লবের সঙ্গে আঁচলের পরিচয় নোয়াখালী মেডিকেল কলেজে পড়ার সময়।

বিপ্লব বলেন, ‘তিন বছর প্রেমের পর আমরা বিয়ে করি।’ আঁচলের বেড়ে ওঠা ঢাকায়, যদিও তার দাদাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বিপ্লবের বাড়ি বরিশালে। ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আঁচল সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন।

চলতি বছর ডেঙ্গু প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি রোগী মারা গিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত (আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) ২২৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে সেপ্টেম্বরেই ১২৮ জন প্রাণ হারান।




ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫ দিন

ডেস্ক নিউজঃ দেশের সব প্রধান নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী পাঁচ দিনও এসব নদ-নদীর পানি কমতে পারে।

সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। গঙ্গার পানি আগামী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী তিন দিন বাড়তে পারে। অন্যদিকে পদ্মার পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিনদিন এ নদ-নদীর পানি কমার পূর্বাভাস রয়েছে।

এদিকে, উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে গিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে এটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।




আরও কমল স্বর্ণের দাম, ভরি কত

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

​সোমবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। স্বর্ণের এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে। ​বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৭৯৯ টাকা।




রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর এবার ফিরেছে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড। দখলমুক্ত ঘোষণা করে সরিয়ে ফেলা হয়েছে হামলার পর টানানো অন্য সাইনবোর্ড।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে দেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

এদিকে হামলা-ভাঙচুরের ক্ষত না শুকাতেই শুরু হয়েছে সংস্কারকাজ। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কাজ করছেন কর্মীরা। তবে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।




ফ্রি কিকে মেসির অবিশ্বাস্য গোল, তবুও হারলো মায়ামি

ক্রীড়া ডেস্কঃ আবারও মেসি ম্যাজিক। ফ্রি কিক থেকে বাঁ পায়ে অবিশ্বাস্য গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে কলাম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের ২৮ মিনিটে জোসেফ মার্তিনেজ পেনাল্টি থেকে কলাম্বাস ক্রুকে এগিয়ে দেন। এরপর ৩৩ মিনিটে ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূর থেকে মেসি একটি বাঁকানো ফ্রি-কিক নেন। বলটি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়িয়ে দেওয়া হাতের ওপর দিয়ে, ক্রসবারের নিচ দিয়ে ও পেছনের পোস্টের ভেতর দিয়ে সাইড-নেটে জড়িয়ে গেলে স্কোর ১-১ হয়।

বিরতির পর মেসি আরও দুবার লক্ষ্যে শট নেন, কিন্তু কোনোটিই গোল হয়নি। অন্যদিকে ম্যাচজুড়ে আক্রমণে অনেক বেশি সক্রিয় ছিল কলাম্বাস। পুরো ম্যাচে তারা ১৪টি শট নেয়, মায়ামির শট মাত্র ৫টি। লক্ষ্যে শটও কলাম্বাসের ছিল বেশি—৭টি, মায়ামির ৩টি।

মায়ামির গোলরক্ষক চারটি সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইনজুরি সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শট ঠেকাতে পারেননি তিনি। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলাম্বাস।

এর ঠিক দুই মিনিট আগে বড় ধাক্কা খায় মায়ামি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস। ফলে ম্যাচের শেষটা ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।

চলতি মৌসুমে এটি মায়ামির দ্বিতীয় হার। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখন এমএলএসের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে মায়ামি। অথচ কয়েক সপ্তাহ আগেও দলটি ছিল দ্বিতীয় স্থানে।




ইসরায়েলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্কঃ কসোভোর কাছে হারের তিন দিন পরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল রিপাবলিক অব আয়ারল্যান্ড। হাঙ্গেরির ডেব্রেসেনে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়ে নেশনস লিগের ‘বি৩’ গ্রুপে প্রথম জয়ের দেখা পেয়েছে আইরিশরা।

আয়ারল্যান্ডের জয়ের ভিত গড়ে দেয় প্রথমার্ধের তিন গোল। দলের হয়ে গোল করেন ট্রয় পারট, অ্যাডাম ইদাহ ও জ্যাক ময়লান। অন্যদিকে দ্বিতীয়ার্ধে ইসরায়েল একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও আয়ারল্যান্ডের গোলরক্ষক কুইভিন কেলেহারের দৃঢ়তায় ব্যবধান কমাতে পারেনি তারা।

ম্যাচের শুরু থেকেই আয়ারল্যান্ড ছিল আক্রমণাত্মক। ১৪ মিনিটে জেমস অ্যাবাঙ্কওয়ার কাটব্যাক থেকে বল পেয়ে ইসরায়েলের জালে পাঠান ট্রয় পারট। এটি ছিল জাতীয় দলের হয়ে তাঁর ১২তম গোল।

এর মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আয়ারল্যান্ড। জ্যাক ময়লানের বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে ইসরায়েলি গোলরক্ষক ড্যানিয়েল পেরেসকে পরাস্ত করেন অ্যাডাম ইদাহ।

দুই গোলে পিছিয়ে পড়ে ইসরায়েল পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও আয়ারল্যান্ডের রক্ষণে বারবার বাধা পায় তারা। আনান খালাইলির একটি জোরালো প্রচেষ্টাও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কেলেহার।

২৫ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি আসে। একক প্রচেষ্টায় বল নিয়ে ইসরায়েলের বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন জ্যাক ময়লান। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তাঁর প্রথম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইসরায়েল। ডর পেরেস ও এলিয়েল পেরেস গোলের সুযোগ পেলেও দুবারই আয়ারল্যান্ডের শেষ প্রহরী কেলেহার বাধা হয়ে দাঁড়ান।

অন্যদিকে নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন ইদাহ। তবে তাঁর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থেকে স্বস্তির জয় তুলে নেয় হাইমির হালগ্রিমসনের দল।

ম্যাচটি রাজনৈতিক উত্তেজনার আবহেও অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড়েরা করমর্দন করেননি। ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময়ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের মাথা নিচু করে থাকতে দেখা যায়।

এই জয়ের পর আয়ারল্যান্ডের সামনে এখন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ। আগামী বৃহস্পতিবার ডাবলিনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্যদিকে ইসরায়েল একই ভেন্যু ডেব্রেসেনে কসোভোর মুখোমুখি হবে।