নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

ডেস্ক নিউজঃ নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রে‌ছে বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রা‌তে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক সতর্কতায় ব‌লে‌ছে, সকল বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে এবং যতক্ষণ আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হচ্ছে, পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানাচ্ছে।

বিশেষত, পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস, এবং তুষারপাতের ফলে  অনেক স্থানে সড়ক যোগাযোগে বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। 

উল্লেখ্য, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাং-এর বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং উল্লেখযোগ্য।

এ ছাড়া, ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে । মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকার ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে যথেষ্ট অবগত থাকা প্রয়োজন কেননা এসব সড়ক ব্যবস্থা তাৎক্ষণিক বিঘ্নিত হতে পারে।

এ কারণে, বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই করা এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা, নদীর তীর ও ভূমিধসের আশংকাযুক্ত এলাকা এড়িয়ে  চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষাসহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করবে।




আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজঃ জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) নাটোর ও রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতাধীন লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো—কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়া ও এর আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

এদিকে সোমবার রাজশাহীর বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানিয়েছে, ৩৩ কেভি কাটাখালী-বিমানবন্দর বিদ্যুৎ লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য ১১ কেভি বাইপাস ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সময়সূচি অনুযায়ী—
সকাল ৭:৩০ থেকে ১০:০০ পর্যন্ত (আড়াই ঘণ্টা): ওমরপুর, কুচপাড়া, মাস্টারপাড়া ও নামোপাড়া পর্যন্ত এলাকা।

সকাল ১০:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত (৪ ঘণ্টা): সার্ভে কলেজ থেকে খড়খড়ি পর্যন্ত এলাকা। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো।




যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

আবহাওয়া ডেস্কঃ দেশের কয়েক স্থানে আজ বৃষ্টি হলেও দিনের বেশিরভাগই থাকবে রৌদ্রজ্জ্বল। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া অবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।




বাঁধ মেরামতের টাকায় ম্যুরাল নির্মাণের অভিযোগ, পাউবোর প্রধান প্রকৌশলী প্রবীরকে ফের আইনি নোটিশ

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বাঁধ মেরামতের জন্য বরাদ্দ অর্থ অন্য কাজে ব্যয় করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর তাঁর বিরুদ্ধে আবারও লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে অভিযোগের বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সরকারি অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে এর আগেও প্রবীর কুমার গোস্বামীকে ঘিরে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে তাঁর দায়িত্ব পালনকালে বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্ন তুলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও আগের অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা দৃশ্যমান নিষ্পত্তি পাওয়া যায়নি বলে নোটিশদাতার দাবি।

এবারের পুনঃলিগ্যাল নোটিশে মূল অভিযোগ করা হয়েছে বাঁধ মেরামতের অর্থ ব্যবহার করে ম্যুরাল নির্মাণ নিয়ে। নোটিশে দাবি করা হয়, পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালনের সময় বাঁধ সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ অর্থ ব্যবহার করে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

নোটিশে আরও দাবি করা হয়, যশোর, কক্সবাজার ও সিলেটে দায়িত্ব পালন করার সময় এ ধরনের ব্যয়ের ঘটনা ঘটেছে। তবে কোন প্রকল্পের কত টাকা ম্যুরাল নির্মাণে ব্যয় করা হয়েছে, কোন ঠিকাদারের মাধ্যমে কাজ হয়েছে এবং এসব অর্থ কোন বিল বা প্রকল্পের আওতায় ছাড় করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত নথি নোটিশে উল্লেখ করা হয়নি।

নোটিশদাতার অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের মূল দায়িত্ব হচ্ছে বাঁধ রক্ষণাবেক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ ও পানি ব্যবস্থাপনা। এসব কাজের জন্য বরাদ্দ অর্থ যদি অনুমোদিত প্রকল্পের বাইরে অন্য কোনো স্থাপনা বা সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করা হয়, তাহলে সেটি সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হতে পারে।

বিশেষ করে ম্যুরাল নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত কোনো প্রকল্প ছিল কি না, থাকলে সেই প্রকল্পের অর্থের উৎস কী ছিল এবং বাঁধ মেরামতের বরাদ্দ থেকে কোনো অর্থ নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরও অভিযোগ করা হয়, বাঁধ মেরামতের জন্য বরাদ্দ অর্থ অন্য কাজে চলে যাওয়ায় কিছু এলাকায় প্রয়োজনীয় সংস্কারকাজ পুরোপুরি করা সম্ভব হয়নি। কোথাও কোথাও কাজ আংশিক অবস্থায় রেখে দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। এর ফলে পরবর্তী বন্যা মৌসুমে সংশ্লিষ্ট এলাকার মানুষ ঝুঁকিতে পড়েন এবং বন্যা বা পানির কারণে বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে নোটিশদাতার অভিযোগ।

তবে এসব দাবির পক্ষে কোনো স্বাধীন তদন্ত প্রতিবেদন বা প্রকল্পভিত্তিক আর্থিক হিসাব নোটিশের সঙ্গে প্রকাশ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ফলে বাঁধ মেরামতের টাকা সত্যিই ম্যুরাল নির্মাণে ব্যবহার করা হয়েছিল কি না, কত টাকা ব্যবহার করা হয়েছিল এবং এর ফলে কোনো প্রকল্পের কাজ ব্যাহত হয়েছিল কি না—এসব প্রশ্নের উত্তর সরকারি নথি যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নোটিশে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। নোটিশদাতার দাবি, সরকারি দপ্তর চত্বরে ম্যুরাল নির্মাণের ফলে পরবর্তী সময়ে সরকারি স্থাপনা ও সম্পদের ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছিল। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ক্ষয়ক্ষতির হিসাব বা সরকারি তদন্তের তথ্য নোটিশে উল্লেখ করা হয়নি।

আইনি নোটিশে বলা হয়েছে, আগের নোটিশের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং বর্তমান নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা লিখিতভাবে জানাতে হবে। এ জন্য ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া বা লিখিতভাবে অবহিত করা না হলে প্রচলিত আইন অনুযায়ী আদালত কিংবা সংশ্লিষ্ট উপযুক্ত ফোরামে যাওয়ার কথাও নোটিশে জানানো হয়েছে।

এদিকে অভিযোগের মূল বিষয় হওয়ায় এখন প্রশ্ন উঠছে, যশোর, কক্সবাজার ও সিলেটে দায়িত্ব পালনকালে প্রবীর কুমার গোস্বামীর অধীনে বাস্তবায়িত প্রকল্পগুলোর বরাদ্দ কোথায় এবং কীভাবে ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের ডিপিপি, প্রশাসনিক অনুমোদন, অর্থছাড়ের কাগজপত্র, দরপত্র, কার্যাদেশ, বিল-ভাউচার এবং কাজের পরিমাপ বই যাচাই করলে অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

একই সঙ্গে যেসব স্থানে ম্যুরাল নির্মাণের অভিযোগ রয়েছে, সেগুলোর নির্মাণ ব্যয় কোন খাত থেকে এসেছে এবং অনুমোদনকারী কর্তৃপক্ষ কে ছিল, সেটিও গুরুত্বপূর্ণ। যদি প্রমাণ হয় যে বাঁধ মেরামত বা বন্যা নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ অর্থ অনুমোদিত খাতের বাইরে ব্যয় করা হয়েছে, তাহলে বিষয়টি প্রশাসনিক ও আর্থিক অনিয়ম হিসেবে তদন্তের আওতায় আসতে পারে।

অন্যদিকে অভিযোগটি সঠিক নয় হলে সংশ্লিষ্ট নথি ও হিসাবের মাধ্যমে তা পরিষ্কার করার সুযোগ রয়েছে। এ কারণে অভিযোগের পাশাপাশি প্রবীর কুমার গোস্বামী ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও গুরুত্বপূর্ণ।

এখন পর্যন্ত পুনঃলিগ্যাল নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রবীর কুমার গোস্বামী কিংবা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে অভিযোগগুলোর বিষয়ে তাদের অবস্থানও স্পষ্ট হবে।

সব মিলিয়ে, বাঁধ মেরামতের বরাদ্দ অর্থ দিয়ে ম্যুরাল নির্মাণের অভিযোগের সত্যতা, অর্থের পরিমাণ, অনুমোদনের বৈধতা এবং এর কারণে কোনো প্রকল্পের কাজ ব্যাহত হয়েছিল কি না—এসব বিষয়ই এখন মূল প্রশ্ন। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যাখ্যা দেয় এবং অভিযোগের বিষয়ে কোনো প্রশাসনিক বা আইনগত পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।




ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

শিক্ষা ডেস্কঃ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য।

এ ঘটনায় কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, যাতে শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রিন রোডের এক রিকশাচালক জানান, দুপুরের দিকে গ্রিন রোডের মাথায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে সায়েন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে তারা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

তিনি আরও বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

দুই কলেজের শিক্ষার্থীদের কয়েকজন করে আহত হওয়ার দাবি থাকলেও ঘটনাটিকে ‘সামান্য উত্তেজনা’ হিসেবে বর্ণনা করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে সাংঘর্ষিক কিছু হয়নি। ঢাকা কলেজের কিছু ছেলে বের হয়ে এসেছিল আইডিয়াল কলেজের উদ্দেশে যাওয়ার জন্য। সেটা নিয়ে সামান্য উত্তেজনা দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের হস্তক্ষেপে ও শিক্ষকদের সহায়তায় এটি প্রশমিত হয়েছে।’




জয়পুরহাটে বিশাল বেলেপাথর উদ্ধার, ওজন ৩২০ কেজি

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে চোরাকারবারীদের হাত থেকে ৮ম-৯ম শতকের একটি প্রাচীন ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয় এলাকাবাসী। উদ্ধার হওয়া বেলেপাথরের তৈরি পিলারের অংশবিশেষটির ওজন প্রায় ৩২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক যাচাইয়ে জানা গেছে।

​রবিবার দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
​বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জয়পুরহাট ২০ বিজিবির ধারাবাহিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও কষ্টিপাথর উদ্ধার অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একটি প্রাচীন বস্তু হস্তান্তরের বিষয়টি বিজিবিকে জানানো হয়। খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি নিয়ে ২০ বিজিবির একটি বিশেষ টহল দল পূর্বনির্ধারিত স্থানে গিয়ে বেলেপাথরটি নিজেদের জিম্মায় গ্রহণ করে।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র প্রত্নবস্তুটি পাচারের উদ্দেশ্যে স্থানীয় একটি খেলার মাঠের পাশের পুকুরের পানিতে লুকিয়ে রেখেছিল। বিষয়টি পরবর্তীতে নিয়ামতপুর থানা পুলিশ এবং নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়।

​বিজিবির কাছে বেলেপাথরটি হস্তান্তরের সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং শিলাখণ্ডটির প্রাথমিক সমীক্ষা ও যাচাই সম্পন্ন করেন। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ পাথরটি বিশদ পরীক্ষা-নিরীক্ষা করে এটি ৮ম-৯ম শতকে ব্যবহৃত বেলেপাথরের পিলারের অংশবিশেষ বলে নিশ্চিত করেন এবং এর একটি সনদ প্রদান করেন।

​উদ্ধার করা এই মূল্যবান প্রত্নবস্তুটি বর্তমানে সংরক্ষণের জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




যমুনার ভয়াবহ ভাঙনে তিন মাসে বিলীন বসতভিটা-ফসলি জমি

সিরাজগঞ্জ প্রতিনিধি: পানি কমা-বাড়ার সঙ্গে সিরাজগঞ্জের যমুনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত তিন মাসে শাহজাদপুর, চৌহালী ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বাড়িঘর ও বিঘার পর বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে মসজিদ-মাদ্রাসা, বিদ্যালয়, বাজার ও অসংখ্য গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন মাসে শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের কুরসি ও ধীতপুর গ্রামে দুই শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। শ্রীপুর, ধীতপুর, কুরসি, বারপাখিয়া, গালা ইউনিয়নের মোহনপুর ও হাতকোড়া এলাকাতেও ভাঙন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত এসব এলাকায় প্রায় দুই হাজার বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে।

সম্প্রতি ভাঙনকবলিত কুরসি বাজার এলাকায় বালুভর্তি বস্তা ফেলে ভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে দ্রুত জিওটিউব ও বালুভর্তি বস্তা ফেলা প্রয়োজন হলেও এখনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা ইয়াসিন মোল্লা বলেন, যমুনার ভাঙনে আমার আট বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এসব জমিতে ধান, ভুট্টা, সরিষা, বেগুন ও টমেটোসহ বিভিন্ন ফসল চাষ করে আমি সংসার চালাতাম। এখন আমার সবকিছু শেষ হয়ে গেছে।

ধীতপুর গ্রামের আছিয়া খাতুন বলেন, ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে। এখন খালি ভিটায় পলিথিন টানিয়ে থাকতে হচ্ছে। বৃষ্টি হলে ঘরের সবকিছু ভিজে যায়।

ভাঙনে ক্ষতিগ্রস্ত শামছুল হক জানান, বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাওয়ায় পাশের শ্রীপুর গ্রামে অন্যের জমি বছরে পাঁচ হাজার টাকা ভাড়ায় নিয়ে আশ্রয় নিয়েছেন।

ভাঙনে শুধু বসতভিটা ও ফসলি জমিই নয়, ধীতপুর-কুরসি এলাকার গরুর হাট ও বাজারও নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কৃষিপণ্য ও গবাদিপশু কেনাবেচায় সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

এদিকে চৌহালী উপজেলার চরসলিমাবাদ, খাসকাউলিয়া ও জোতপাড়া এবং কাজিপুরের নাটুয়ারপাড়া ও চরগিরিশ এলাকাতেও ভাঙন চলছে। স্থানীয়দের জানান, গত শুক্রবার চৌহালীর জোতপাড়ায় এক দিনেই প্রায় ৩০০ মিটার এলাকার বসতভিটা, গাছপালা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, ত্রাণ হিসেবে চাল ও শুকনো খাবার দেওয়া হলেও স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। অনেক পরিবার পলিথিনের ছাউনি কিংবা জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণের চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। অসহায়দের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, বন্যা, নদীভাঙন ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা প্রায় সাড়ে সাত টন জিআরের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, চরাঞ্চলের ভাঙন রোধে বর্তমানে কোনো সরকারি প্রকল্প বা বরাদ্দ নেই। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে থাকলে সেগুলো রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড মূলত নদীর তীর রক্ষায় কাজ করে; নদীর ডান বা বাম তীরে সমস্যা দেখা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।




সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুট

বিনোদন ডেস্কঃ রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে হামলাটি হয়েছে বলে অভিযোগ করেছেন সালমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর নিউগ্রিনি প্রপার্টিজে থাকা স্টুডিওটিতে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। মোবাইল ফোন, মানিব্যাগসহ কিছু মালামাল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন স্টুডিওটির সঙ্গে সম্পৃক্ত সংশ্লিষ্টরা। স্টুডিওতে থাকা প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় স্টুডিওর কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি।

ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকায় এসে স্টুডিও পরিদর্শন করেন। পরে ফেসবুক লাইভে স্টুডিওর ভাঙচুরের চিত্র তুলে ধরেন তিনি। ভিডিওতে ভাঙা আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্টুডিওর অবস্থাও দেখা যায়। সালমান জানান, স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ, সরঞ্জাম ও কাজের গুরুত্বপূর্ণ উপকরণ রাখা ছিল। সেগুলো ক্ষতিগ্রস্ত বা নিয়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ বড় হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট আর্থিক অঙ্ক বলতে পারেননি তিনি।

ফেসবুক লাইভে সালমান বলেন, ক্লায়েন্টদের অনেক গুরুত্বপূর্ণ ফুটেজ ও অন্যান্য সামগ্রী স্টুডিওতে রাখা ছিল। তার ভাষ্য, ৩০-৪০টি ক্লায়েন্টের কাজের উপকরণ ক্ষতিগ্রস্ত বা নিয়ে যাওয়া হয়ে থাকলে মোট ক্ষতির পরিমাণ সহজেই বড় অঙ্কে দাঁড়াতে পারে।

নিজের স্টুডিওকে দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গা হিসেবে উল্লেখ করে সালমান বলেন, হামলায় জায়গাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তিনি থেমে যাবেন না বলেও জানান। চাঁদা দাবির অভিযোগ তুলে সালমান বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরই তার স্টুডিওতে হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত বলে দাবি করেন।

ভিডিওতে নিজের ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে সালমানকে বলতে শোনা যায়, ‘আমাদের স্টুডিও ডিস্ট্রয় হয়ে গেছে।’ তিনি দাবি করেন, সৃজনশীল কাজ ও শিল্প-সংস্কৃতির জন্য এ ধরনের স্টুডিও খুব বেশি নেই।

হামলার পর কর্মীদের উদ্দেশে সালমানকে বলতে শোনা যায়, ‘তোমরা রিলাক্স। এটা কিছুই না। আমরা এখানেই কাজ করব।’ তার ভাষ্য, এই প্রকল্পের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক তরুণ-তরুণীর সঙ্গে তার ভাই-বোনের মতো সম্পর্ক তৈরি হয়েছে। স্টুডিওটি তাদের কর্মসংস্থান ও সৃজনশীল কাজের জায়গা হয়ে উঠেছিল। সালমান বলেন, ‘আমি থেমে থাকব না। আমি আমার প্যাশন চালিয়ে যাব। দেশ থেকে না হলে দেশের বাইরে থেকে চালিয়ে যাব।’

স্টুডিও নির্মাণে তার স্ত্রী, সহকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের অবদানের কথাও তুলে ধরেন সালমান। তিনি জানান, নির্মাণকাজের সময় তার স্ত্রী নিয়মিত সেখানে এসে কাজের তদারকি করতেন। সহকর্মীদের অনেকে রাত জেগে স্টুডিওর নিরাপত্তার কাজও করেছেন। সালমান আরও বলেন, হামলার ঘটনায় ভয় পেয়ে তিনি সৃজনশীল কাজ বন্ধ করবেন না। তার ভাষায়, ‘আমি এর থেকে বড় কিছু করব।’ কর্মীদেরও স্বাভাবিক হয়ে আবার কাজে ফেরার আহ্বান জানান তিনি।

ফেসবুক লাইভে সালমান মুক্তাদিরকে আরও বলতে শোনা যায়, ‘ভিডিওটা শুধু খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

পরে সালমান মুক্তাদির বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে। …আমাদের এখানকার যে ল্যান্ডওনার, উনি হয়তো খুব সম্ভবত আওয়ামী লীগ…উনার সাথে চাঁদাবাজি নিয়ে কোনো একটা কিছু হইছে যে-চাঁদা চেয়েছে বা সামথিং…। তো ওদের রিভেঞ্জ থেকে মাঝখানে আমাদের মানুষজন পড়ে গেছে। উনার প্রপার্টি ড্যামেজ করতে গিয়ে আমার প্রপার্টি এখানে মাঝখানে পড়ছে।’

হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।




পুত্রের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন শুভেচ্ছা

বিনোদন ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। বিশেষ এই দিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা ও মা—দু’জনেই।

জয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি একক ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ছবির সঙ্গে ছেলের উদ্দেশে শাকিব লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

অন্যদিকে, জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ক্যারিয়ারের বিষয়টি বিবেচনায় রেখে শুরুতে তাদের বিয়ের খবরটি গোপন রাখা হয়। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের ছেলে আব্রাহাম খান জয়ের।

পরের বছর, ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে এসে নিজেদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস।




আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

ডেস্ক নিউজঃ আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার কথা রয়েছে তার। আর তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) এ অংশ নেওয়ার কথা রয়েছে।

টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে।

ঢাকা ও টোকিওর সূত্র জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর হওয়ার কথা রয়েছে। তিন থেকে চার দিনের সফর আয়োজন নিয়ে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর তথ্যও প্রকাশ্যে এসেছে।

জাপান সফর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান সফরে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও জনশক্তি রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফর করেন। ওই সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই এবং জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছিল।

তুরস্ক সফর

নভেম্বরে তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সম্মেলনটি ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন হবে ১১ ও ১২ নভেম্বর।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে কপ৩১ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

সৌদি সফর

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের রিয়াদ সফরের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

সম্ভাব্য এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি আমদানি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও সৌদি আরবের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।

বর্তমানে সৌদি আরবে ২৮ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির পাশাপাশি মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের আগ্রহের কথাও জানিয়েছে সৌদি আরব।