হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

ক্রীড়া ডেস্কঃ জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। জিনেদিন জিদানের কোচিং অধ্যায়ের প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে মাঠ ছাড়লেও শেষটা হয়েছে চোটের শঙ্কা নিয়ে। হাঁটুর চোটে নেশনস লিগের বাকি অংশে ফ্রান্স অধিনায়ককে আর পাওয়া নাও যেতে পারে।

তুরস্কের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের জয়সূচক গোলটি আসে এমবাপ্পের পা থেকেই। মাইকেল ওলিসের পাস থেকে ৬৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। এটি ফ্রান্সের জার্সিতে তার ৬৭তম গোল।

তবে গোলের পর উদযাপনের সময়ই খোঁড়াতে দেখা যায় এমবাপ্পেকে। পরে মাঠে চিকিৎসা নেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরও ব্যথা ও অস্বস্তি না কমায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় ফ্রান্স অধিনায়ককে।

ম্যাচ শেষে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কার কথা জানান জিদান। তিনি বলেন, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এমবাপ্পের হাঁটু ফুলে গেছে, তাই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তারা। প্রয়োজন হলে তাকে ক্লাবে ফিরে যেতে হবে বলেও ইঙ্গিত দেন ফ্রান্সের নতুন কোচ।

এদিকে জিদানের জন্য ম্যাচটি ছিল আলাদা গুরুত্বের। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পর এবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে শুরু হলো তার নতুন অধ্যায়। কোচ হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে দুই মেয়াদে কাজ করেছেন তিনি। ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১ দুই মেয়াদে রিয়ালকে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা এনে দেন ৫৪ বছর বয়সী এই কোচ।

তবে অভিষেকে জয় পেলেও এমবাপ্পের চোট এখন জিদানের সামনে বড় দুশ্চিন্তা। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু জানানো না হলেও কোচের বক্তব্যে স্পষ্ট, দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ফ্রান্স।




ইসরায়েলের সরকারি মানচিত্রে ভুলে ফাঁস গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সামরিক ঘাঁটির ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের সরকারি মানচিত্রে সাময়িকভাবে প্রকাশিত হয়ে গেল গাজার উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি। এতে উত্তর গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক ঘাঁটি ও স্থাপনার অবস্থানও দেখা গেছে। যদিও পরে মানচিত্রে গাজার অংশগুলো আবার ঝাপসা করে দেওয়া হয়।

ইসরায়েলের সরকারি পাবলিক মানচিত্র সেবা গভম্যাপে এই ভুলটি গত সোমবার একটি এক্স অ্যাকাউন্টের নজরে আসে। ওই অ্যাকাউন্টটি গাজা উপত্যকার বিভিন্ন ঘটনার ভৌগোলিক অবস্থান শনাক্ত করে থাকে।

গভম্যাপে সাধারণত পুরো গাজা উপত্যকার পাশাপাশি ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের সামরিক ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থান ঝাপসা রাখা হয়। ফলে অল্প সময়ের জন্য স্পষ্ট ছবি প্রকাশ পাওয়ার ঘটনাটি ছিল ব্যতিক্রমী।

প্রকাশিত ছবিগুলোতে উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনের বিভিন্ন এলাকা দেখা যায়। ছবিগুলো ২০২৫ সালের হওয়ায় সামরিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা এতে প্রতিফলিত নাও হতে পারে। তবে এসব ছবিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি সামরিক বাফার জোনের ভেতরে অন্তত ১১টি ইসরায়েলি সামরিক স্থাপনা দেখা গেছে।

আরেক এক্স ব্যবহারকারী ছবিগুলোর সংরক্ষিত সংস্করণ প্রকাশ করেন। তবে মিডল ইস্ট আই জানিয়েছে, তারা ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। একই সঙ্গে আগের বিভিন্ন প্রতিবেদনে গাজায় ইসরায়েলি সামরিক উপস্থিতি ও ধ্বংসযজ্ঞের যে চিত্র উঠে এসেছে, এসব ছবির সঙ্গে তার মিল রয়েছে।

বেইত হানুনের বিভিন্ন এলাকায় পুরো ব্লক ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র দেখা যায়। একইভাবে গাজা সিটির শুযাইয়া এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবন ও রাস্তাঘাটের চিত্রও উঠে এসেছে।

ছবিতে গাজা সিটির জাইতুন এলাকার দক্ষিণ-পূর্বে কার্নি ক্রসিং এলাকায় ইসরায়েলি সামরিক উপস্থিতিও দেখা যায়। পূর্ব জাবালিয়ায় মাটির তৈরি প্রতিবন্ধক ও সামরিক যানবাহনের উপস্থিতিও স্পষ্ট হয়ে ওঠে।

এদিকে, আলাদা এক প্রতিবেদনে সিবিসি নিউজ জানিয়েছে, গাজার কয়েকটি এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে ইসরায়েলি সামরিক ঘাঁটি তৈরির চিত্র স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। ফোরেনসিক আর্কিটেকচারের গবেষক জুলিয়া নুয়েনো গিতার্তের দাবি, তাদের সংগৃহীত তথ্যের মধ্যে ধ্বংসস্তূপের নিচে মানুষ থাকার ৪৩টি ঘটনা নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সামরিক প্রয়োজন ও সেনাদের ঝুঁকি কমানোর জন্য গাজায় স্থাপনা ও ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হচ্ছে। তাদের দাবি, এসব কার্যক্রম আন্তর্জাতিক আইন ও সামরিক নির্দেশনা মেনেই পরিচালিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই, সিবিসি




দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ দেশের ৩ জেলার ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, কুষ্টিয়া, খুলনা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ‘তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ’ উল্লেখ করে বলেছেন, ‘আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।’

রাজনীতিতে আসার আগে ব্যবসায় কর্মজীবন শুরু করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সেখান থেকে তিনি একটি সহজ শিক্ষা পেয়েছেন- বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ প্রয়োজন।’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে একথা বলেন।

প্রধানমন্ত্রী বৈঠকের আয়োজক জেপি মর্গান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ওয়াল স্ট্রিটের মানুষ নন; একজন বাংলাদেশি এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছি।’

তিনি বলেন ‘ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাঁদের ব্যবসা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করেন, আর তিনি কাজ করেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায়। দায়িত্ব ভিন্ন হলেও উভয়ের মূলনীতি একই-সাফল্য নিশ্চিত করা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন। আজ তিনি দেশের অর্থনীতি এবং বৈশ্বিক ব্যবসার জন্য বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো সরাসরি তুলে ধরতে চান।’

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস। দেশটির রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান।’

তিনি বলেন, ‘বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে।’

জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য।’

তিনি বলেন,  ‘এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় তাঁর সরকার। একই সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন অংশীদারত্বের উদ্যোগ এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথা তুলে ধরেন তিনি।’

বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে বাংলাদেশের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গ্যানের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট পেয়েছেন এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত কোনো বক্তব্যের পর কী ঘটে, তার ভিত্তিতেই একটি দেশকে মূল্যায়ন করেন। বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত, মূলধন কতটা দক্ষতার সঙ্গে স্থানান্তর করা যায় এবং মুনাফা কতটা সহজে দেশে ফেরত নেওয়া যায়-এসব তাঁদের যৌক্তিক প্রশ্ন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নীতির মাধ্যমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আস্থা তৈরি করাই সরকারের দায়িত্ব। সরকার স্বল্পমেয়াদি লেনদেন নয়, উভয় পক্ষের জন্য মূল্য সৃষ্টি করবে এমন দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চায়।’

ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে চায় সরকার, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং তাঁদের স্বার্থ ও সুনির্দিষ্ট বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবেন।’

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য অত্যন্ত সরল- আরও বিনিয়োগ, আরও বাণিজ্য, আরও কর্মসংস্থান, আরও প্রযুক্তি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব।’

বিনিয়োগকারীদের বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে কাজ করতে, আপনাদের কথা শুনতে এবং যেখানে সম্ভব বাধা দূর করতে আমরা প্রস্তুত। আশা করি, আপনাদের অনেককেই শিগগিরই বাংলাদেশে দেখতে পাব।’

বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।




জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

ডেস্ক নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ বা আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক পদে তার অন্তর্ভুক্তির পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে পদটির দায়িত্ব, পরিধি ও নিয়োগের মানদণ্ড নিয়ে নানা বিশ্লেষণ ও আলোচনা চলছে। 

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ১৯০টি সদস্য দেশের গোপন ভোটাভুটিতে ৯৯ ভোট পেয়ে তিনি এ গৌরবময় দায়িত্ব লাভ করেন। গত ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শপথ নেন তিনি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। বর্তমানে খলিলুর রহমানের অধীন এক্সিকিউটিভ অফিসের আওতায় লিগ্যাল অফিসার হিসেবে কাজ করবেন জাইমা রহমান।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ে দায়িত্ব পালনকারী লিগ্যাল অফিসার মূলত জাতিসংঘের প্রধান বা কেন্দ্রীয় আইন বিভাগের কর্মকর্তা নন; বরং তিনি সরাসরি সাধারণ পরিষদের সভাপতির ব্যক্তিগত আইনি উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন।

সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, সাধারণ পরিষদে রেজুলেশন বা প্রস্তাব কীভাবে উত্থাপিত হবে, কোনো সদস্য রাষ্ট্র ‘পয়েন্ট অব অর্ডার’ তুললে সভাপতি কী ধরনের রুলিং দেবেন কিংবা কোনো সংশোধনী আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য কি না—এসব বিষয়ে সভাপতিকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই এই কর্মকর্তার মূল দায়িত্ব।

বিশেষ করে ফিলিস্তিন বা ইউক্রেন সংকটের মতো আন্তর্জাতিক স্পর্শকাতর ইস্যুতে সাধারণ পরিষদের বিতর্কে সভাপতি যেন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান ধরে রাখতে পারেন এবং তার কোনো সিদ্ধান্তকে যেন পক্ষপাতদুষ্ট আখ্যা দেওয়া না যায়, সে জন্য জাতিসংঘ সনদের ধারা ও অতীতের নজির বিশ্লেষণ করে সভাপতিকে আইনি সুরক্ষাবলয় তৈরি করে দেন লিগ্যাল অফিসার।

এ ছাড়া কোনো প্রস্তাব জাতিসংঘের প্রচলিত বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না অথবা বাজেট সংক্রান্ত প্রস্তাবে সংশ্লিষ্ট কমিটির অনুমোদন দরকার কি না, তাও যাচাই করেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরের মূল আইন বিভাগসহ বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে সভাপতির কার্যালয়ের সমন্বয় এবং আন্তর্জাতিক চুক্তি বা আইনি বিষয়ে সভাপতির বক্তব্যের খসড়া তৈরিতেও লিগ্যাল অফিসার সহায়তা করেন। সার্বিকভাবে সভাপতির সামগ্রিক কার্যক্রম যেন জাতিসংঘের আইন ও প্রাতিষ্ঠানিক রীতির ভেতরে থাকে, তা নিশ্চিত করাই এ পদের কাজ।

জাতিসংঘের তথ্যমতে, ৮১তম সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে ২৯টি দেশের ছয়টি ভিন্ন ভাষার মোট ৪০ জন কর্মকর্তার একটি দল কাজ করছে। এ তালিকায় জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি রয়েছেন। অন্য পাঁচজন হলেন কূটনীতিক মো. আব্দুল আলিম, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ এবং মো. রফিকুল আলম মোল্লা।

নিয়োগের প্রক্রিয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ জানান, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাতিসংঘের নিজস্ব স্থায়ী পেশাদার কর্মীদের পাশাপাশি সভাপতি তার নিজস্ব এখতিয়ার থেকেও প্রয়োজনীয় লোকবল যুক্ত করতে পারেন। সাধারণত আন্তর্জাতিক আইনে অভিজ্ঞ বা বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করা ব্যক্তিদের এই পদে নিয়োগের ঐতিহ্য রয়েছে।

সভাপতির কার্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে জাইমা রহমানকে একজন ব্যারিস্টার এবং আইন ও নীতি বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে যৌথভাবে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েলসের ‘দি অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল’ থেকে বার-অ্যাট-ল সনদ লাভ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশে তালিকাভুক্ত একজন অ্যাডভোকেট। যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইনের পাশাপাশি স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া শিক্ষা ও সামাজিক কল্যাণ আইনের ওপর বিনামূল্যে আইনি সহায়তা (প্রো বোনো) দিয়েছেন তিনি। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ডিজিটাল নিরাপত্তা, বিচার পাওয়ার অধিকার এবং শিক্ষা ও লিঙ্গসমতা তার কাজের অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লেখিত হয়েছে।

জাইমা রহমানের এই দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, এই পদে কাজ করার প্রাথমিক যে প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন, তা তার রয়েছে। সভাপতির আইনি সহায়তা টিমের সদস্য হিসেবে কাজ করে আন্তর্জাতিক কূটনীতি ও বহুপাক্ষিক আইনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য এটি তার জন্য একটি তাৎপর্যপূর্ণ সুযোগ।

সূত্র: বিবিসি




আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু

ডেস্ক নিউজঃ দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। টিকা দেওয়া হবে ৩৪ লাখ শিশুকে।

এদিকে সংক্রমণের এলাকা শনাক্ত করে সব ঝুঁকিপূর্ণ শিশুকে সুরক্ষা দেওয়া এবং রোগী থেকে সংক্রমণ ঠেকানোর উদ্যোগ ছাড়া হাম নিয়ন্ত্রণ কঠিন হবে বলে ধারণা করছেন জনস্বাস্থ্যবিদেরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী বিশেষ হাম–রুবেলার টিকাদান ক্যাম্পেইন ২০২৬–এর উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সঙ্গে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। এই ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এই শিশুরা ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম–রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল। উল্লেখ্য, হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণে ভুল করেছিল স্বাস্থ্য বিভাগ।

টিকা নেওয়ার বিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. হালিমা জানান, ৯ থেকে ১৫ মাসে যে দুটি টিকা আমরা যেটিকে এমআর ভ্যাকসিন বলি, অবশ্যই সেটা নিতে হবে। যথারীতি, সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী টিকা নেবে এবং অতিরিক্ত ডোজটিও নিয়ে রাখবে। মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং হাম-রুবেলার যে ভ্যাকসিনটা, অবশ্যই আপনারা সবাই দেবেন।

এদিকে, বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, যেটা শুরু হবে, এটাকে বলে মপআপ প্রোগ্রাম। মপআপ মানে হচ্ছে, যারা বাদ পড়ে গিয়েছে, বা যারা জানত না, বা কোনো কারণে তাদের লজিস্টিক প্রবলেমে আসতে পারেনি, তাদেরকে ক্যাচ করা। সুতরাং, এটাও একটা বিরাট ফ্যাক্টর।

এর আগে ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সারাদেশে হামের টিকাদান কর্মসূচি চলে । এসময় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এর আগে, মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সাত মাস পরেও হাম নিয়ন্ত্রণে আসেনি।

সাত মাসের হিসাবে দেখা যাচ্ছে, চলতি বছর হামে ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জন মারা গেছে। এই সময় সারা দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। এই সময় নিশ্চিত হাম শনাক্ত হয় ২১ হাজার ১৫ জনের। গতকাল সারাদেশে পাঁচ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধান উপায় টিকা। আমরা ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে চাই। ইপিআইয়ের মাধ্যমে নিয়মিত টিকাদান চলবে, পাশাপাশি ক্যাম্পেইনও চলবে।’

জনস্বাস্থ্যবিদেরা জানান, হাম নিয়ন্ত্রণের মূল লক্ষ্য হতে হবে হাম পরিস্থিতি প্রাদুর্ভাবের পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। প্রাদুর্ভাবের আগের বছর হামে কোনো মৃত্যু ছিল না, এক বছরে আক্রান্ত ছিল মাত্র ১৩২ জন। অনেকে মনে করছেন, বাংলাদেশের জন্য ওই পরিস্থিতিতে ফিরে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে।




জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এসময় তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে সফরকালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এতে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন।

সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি।

পাঁচ দিনের এই সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।




এলজিইডির সাবেক প্রকৌশলীর পরিবারের নামে ১৫ কোটি টাকার সম্পদের তথ্য, অনুসন্ধানে দুদক

বিশেষ প্রতিবেদকঃ পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অনুসন্ধানে এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য উঠে এসেছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগ, পিরোজপুরে দায়িত্ব পালনকালে আব্দুস সাত্তার হাওলাদার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ না করেই বিল উত্তোলন, ভুয়া কাজ দেখানো এবং ঘুষ লেনদেনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। পিরোজপুরের বিভিন্ন উপজেলায় বাস্তবে কাজ না করে মোট ১ হাজার ৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে দুদক পৃথক আটটি মামলা করেছে। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজসহ এলজিইডির সাবেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরও ২৭ জনকে আসামি করা হয়েছে।

দুদকের আগের একটি তদন্তেও এলজিইডির ১৭টি প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য উঠে আসে। ওই তদন্তে প্রকল্পগুলোর মোট চুক্তিমূল্য প্রায় ৩ হাজার ৫৫৮ কোটি ৯২ লাখ টাকা এবং ঠিকাদারদের পরিশোধ করা অর্থ প্রায় ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা বলে উল্লেখ করা হয়। কাজের হিসাব পর্যালোচনায় প্রায় ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকার বিষয়ে প্রশ্ন তৈরি হয়।

আব্দুস সাত্তারের নিজের নামে বড় ধরনের সম্পদের তথ্য না পাওয়ায় অনুসন্ধানের শুরুতে দুদকের কর্মকর্তাদের কাছে বিষয়টি কিছুটা ভিন্ন মনে হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব খতিয়ে দেখতে গিয়ে স্ত্রী রীনা পারভীন এবং দুই ছেলে মঞ্জুরুল ইসলাম রিফাত ও ফজলে রাব্বি রিমনের নামে বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। দুদকের দাবি, অবৈধভাবে অর্জিত অর্থের প্রকৃত উৎস আড়াল করতেই পরিবারের সদস্যদের নামে এসব সম্পদ গড়ে তোলা হয়ে থাকতে পারে।

মামলার তথ্য অনুযায়ী, বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের মো. আব্দুল গনি হাওলাদারের ছেলে আব্দুস সাত্তার হাওলাদার ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এলজিইডিতে বিভিন্ন দায়িত্বে ছিলেন। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষ লেনদেনের অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে এসব অভিযোগের ভিত্তিতে দুদক একাধিক মামলা করে তদন্ত শুরু করে।

অনুসন্ধানে আব্দুস সাত্তারের স্ত্রী রীনা পারভীনের নামে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। রীনা পারভীন নিজেকে গৃহিণী হিসেবে উল্লেখ করেছেন এবং তাঁর নামে বড় কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি বলে অনুসন্ধান নথিতে উল্লেখ করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, পটুয়াখালী পৌরসভার আরামবাগ এলাকায় রীনা পারভীনের নামে প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে। ঢাকার পান্থপথ এলাকার ফেয়ার দিয়া কমপ্লেক্সে প্রায় ৪৭ লাখ টাকা দিয়ে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার তথ্যও পাওয়া গেছে। এছাড়া পশ্চিম আগারগাঁওয়ের আবেদীন ড্রিমস প্রকল্পে দুটি ফ্ল্যাট কেনার জন্য প্রায় ২ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগের তথ্য রয়েছে।

জমি, ফ্ল্যাট ও ভবন মিলিয়ে রীনা পারভীনের নামে প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকার স্থাবর সম্পদের হিসাব পেয়েছে দুদক। এর সঙ্গে ব্যাংকে থাকা অর্থ, গাড়ি কেনা এবং ব্যবসায় বিনিয়োগসহ আরও প্রায় ১ কোটি ৯ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে। সব মিলিয়ে তাঁর নামে কয়েক কোটি টাকার সম্পদ পাওয়া গেলেও দুদকের হিসাবে গ্রহণযোগ্য আয়ের পরিমাণ মাত্র ২০ লাখ ৬৪ হাজার টাকা। ফলে প্রায় ৫ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

শুধু স্ত্রী নয়, আব্দুস সাত্তারের দুই ছেলে মঞ্জুরুল ইসলাম রিফাত ও ফজলে রাব্বি রিমনের সম্পদ নিয়েও প্রশ্ন তুলেছে দুদক। অনুসন্ধান নথি অনুযায়ী, এসব সম্পদ অর্জনের সময় দুই ছেলেই ছাত্র ছিলেন। তাঁদের নিজস্ব কোনো স্থায়ী আয়ের উৎস ছিল না বলেও নথিতে উল্লেখ রয়েছে। এরপরও তাঁদের নামে জমি, অন্যান্য স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও বিভিন্ন অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের হিসাব অনুযায়ী, বড় ছেলে মঞ্জুরুল ইসলাম রিফাতের নামে প্রায় ১২ লাখ ৫৭ হাজার টাকার স্থাবর সম্পদ এবং প্রায় ৯৮ লাখ ৭৯ হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ছোট ছেলে ফজলে রাব্বি রিমনের নামে রয়েছে প্রায় ১২ লাখ ৩৮ হাজার টাকার স্থাবর এবং প্রায় ৭৩ লাখ ৫১ হাজার টাকার অস্থাবর সম্পদ। সব মিলিয়ে দুই ভাইয়ের নামে প্রায় ২ কোটি ৭১ লাখ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ, রিফাতের নামে প্রায় ১ কোটি ১১ লাখ টাকা এবং রিমনের নামে প্রায় ৮৫ লাখ টাকার সম্পদ তাঁদের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের নামে আয়কর নথিও খোলা হয়েছিল। তবে অনুসন্ধানে ওই সম্পদের বিপরীতে বাস্তব ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়নি বলে দাবি করেছে দুদক।

মঞ্জুরুল ইসলাম রিফাত ও ফজলে রাব্বি রিমনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রতিবেদনে তথ্য এসেছে। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে তাঁদের সহসভাপতি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগও ওঠে।

তবে এসব অভিযোগের বিষয়ে রিফাত ও রিমনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

বরগুনা জেলা ছাত্রদলের সেক্রেটারি নুরুল ইসলাম রনি বলেন, তিনি ওই কমিটির তালিকা দেখেছেন, তবে রিফাত ও রিমনকে ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁদের বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে বলেও তিনি জানান।

দুদকের পিরোজপুরের উপপরিচালক আমিনুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মঞ্জুরুল ইসলাম রিফাত ও ফজলে রাব্বির বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। আব্দুস সাত্তারের বিরুদ্ধেও নয়টি মামলা এবং তাঁর স্ত্রী রীনা পারভীনের বিরুদ্ধেও মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছে এবং তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, রিফাত ও রিমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁর ভাষ্য, তাঁরা বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করেন এবং এলাকায় এলে অল্প সময়ের জন্য কর্মসূচি করে আবার চলে যান। তাঁদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলে ঢাকাসহ দেশের যেকোনো স্থান থেকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

দুদকের অনুসন্ধান ও মামলার নথিতে উঠে আসা এসব তথ্যের ভিত্তিতে আব্দুস সাত্তার হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। তদন্ত শেষে দুদকের প্রতিবেদন ও আদালতের সিদ্ধান্তেই অভিযোগগুলোর আইনগত পরিণতি নির্ধারিত হবে।




জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্তেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ এ বক্তব্য দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, নারীর নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূল কেন্দ্রে নিয়ে আসতে হবে।

খলিলুর রহমান বলেন, “নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।”

‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের বিশেষ উদ্যোগ। এই প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।

আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পরস্পরসংযুক্ত ও জটিল বিভিন্ন চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য।




কমলাপুর কাস্টমসে মঈনুল-সুমি প্রভাবের অভিযোগ, বদলির পর বদলি কর্মকর্তারা

বিশেষ প্রতিবেদকঃ কাস্টম হাউস আইসিডি কমলাপুরে শিট আমদানির চালান খালাসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের কেন্দ্রে রয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মঈনুল হোসেন ও কাস্টমসের উপকমিশনার খাদিজা পারভীন সুমি। অভিযোগ রয়েছে, মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্য খালাস, শুল্ক ফাঁকি এবং অনিয়মের বিরুদ্ধে কোনো কর্মকর্তা ব্যবস্থা নিতে গেলে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, প্রায় এক দশক ধরে কমলাপুর কাস্টম হাউসে প্রভাব বিস্তার করে আসছেন মঈনুল হোসেন। কোনো ক্যাডার কর্মকর্তা সেখানে নতুন করে দায়িত্ব নিলে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন তিনি। এরপর ওই কর্মকর্তার মাধ্যমে নিজের চালানগুলো সহজে খালাসের ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে। বিপরীতে, কোনো কর্মকর্তা মিথ্যা ঘোষণা দেওয়া চালান আটকে দিলে বা পণ্য পরীক্ষা করতে চাইলে তাকে অন্যত্র বদলি করার জন্য চাপ তৈরির অভিযোগও রয়েছে।

মঈনুলের সঙ্গে খাদিজা পারভীন সুমির ঘনিষ্ঠতার বিষয়টিও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, সুমি যখন কমলাপুর কাস্টম হাউসের আনস্টাফিং শাখার দায়িত্বে ছিলেন, তখন মঈনুলের আমদানি করা শিটের চালান খুব একটা যাচাই করা হয়নি। তিনি যে ধরনের পণ্যের ঘোষণা দিতেন, অনেক ক্ষেত্রেই সেই ঘোষণা অনুযায়ী পণ্য খালাস হয়ে যেত বলে অভিযোগ। আনস্টাফিংয়ের দায়িত্বে প্রায় ১১ মাস থাকার সময় মঈনুলের কোনো চালান খুলে পরীক্ষা করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

মঈনুল মূলত দুটি সিঅ্যান্ডএফ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা পরিচালনা করেন বলে জানা গেছে। এর একটি পারভীন ট্রেডার্স এবং অন্যটি মা অ্যাসোসিয়েট। এর মধ্যে পারভীন ট্রেডার্সের নামে বিপুল পরিমাণ শিটের চালান খালাস হয়েছে। নথি ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, খাদিজা পারভীন সুমি আনস্টাফিংয়ের দায়িত্বে থাকা প্রায় ১১ মাসে পারভীন ট্রেডার্সের প্রায় ৫১ হাজার টন শিট খালাস হয়। এর মধ্যে প্রায় ৪৭ হাজার টন ছিল কম শুল্কের এইচআর শিট।

শিটের ধরনভেদে সরকারের শুল্ক আদায়ের পরিমাণেও বড় পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতি টন সিআর শিটে প্রায় ২৮ হাজার টাকা, এইচআর শিটে প্রায় ৩৮ হাজার টাকা এবং জিপি শিটে প্রায় ৫৫ হাজার টাকা শুল্ক প্রযোজ্য। অভিযোগ হচ্ছে, বেশি শুল্কের পণ্যকে কম শুল্কের শিট হিসেবে ঘোষণা করে সরকারের রাজস্ব কমিয়ে দেওয়ার একটি কৌশল দীর্ঘদিন ব্যবহার করা হয়েছে। এমনকি প্রায় ২৫ শতাংশ কাস্টম ডিউটি শিট গোপন রেখে বা সঠিকভাবে ঘোষণা না করেই খালাসের অভিযোগও রয়েছে।

শিটের চালানে শুল্ক ফাঁকির অভিযোগ ওঠার পর জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি থেকে কাস্টম হাউস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রতি কনটেইনারে শুল্ক ফাঁকির অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয় বলে জানা গেছে। কিন্তু ওই চিঠির পরও খাদিজা পারভীন সুমি আরও প্রায় এক মাস আনস্টাফিংয়ের দায়িত্বে ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিস্থিতিতে পরিবর্তন আসে আনস্টাফিং বিভাগে নতুন কর্মকর্তা পদায়নের পর। প্রায় দুই মাস আগে খাদিজা পারভীন সুমিকে সরিয়ে ৪০ ব্যাচের সহকারী কমিশনার আসিফ আহমেদ অনিককে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি শিটের চালানের ঘোষণার সঙ্গে বাস্তবে আমদানি করা পণ্যের মিল আছে কি না, তা যাচাইয়ে গুরুত্ব দেন। এতে মঈনুলের পারভীন ট্রেডার্সের বেশ কিছু চালানে বেশি শুল্কের পণ্য শনাক্ত হয় বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

নতুন কর্মকর্তার সময়ে পারভীন ট্রেডার্সের কম শুল্কের এইচআর ও সিআর শিট খালাস হয় ২ হাজার ২৩৩ টন। বিপরীতে বেশি শুল্কের জিপি শিট খালাস হয় ১০ হাজার ১৬২ টন। এ সময় মঈনুলের সাতটি চালান মিথ্যা ঘোষণার সন্দেহে আটকে দেওয়া হয়। পরবর্তী যাচাইয়ে মিথ্যা ঘোষণার প্রমাণ পাওয়ার দাবি করে এসব চালানের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার আওতায় থাকা সাতটি বিল অব এন্ট্রির নম্বর হলো সি-১১৫৫৫, সি-১১৫৪৮, সি-১১৫৫২, সি-১১৫৫৭, সি-১১৫৪৭, সি-১১৫৫৩ এবং সি-১১৫৫৪। এসব চালানে মিথ্যা ঘোষণার অভিযোগে প্রায় ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।

এ ঘটনায় প্রশ্ন ওঠে, একই ধরনের চালান আগে কীভাবে সহজে খালাস হয়েছে। সংশ্লিষ্ট নথি ও ব্যবসায়ীদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগ রয়েছে, খাদিজা পারভীন সুমি আনস্টাফিংয়ের দায়িত্বে থাকার সময় বেশি শুল্কের পণ্যকে কম শুল্কের পণ্য হিসেবে ঘোষণা করে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৯০ শতাংশ চালান কম শুল্কের শিট হিসেবে খালাস হওয়ার তথ্যও সামনে এসেছে। কিন্তু সুমিকে সরিয়ে আসিফ আহমেদ অনিক দায়িত্ব নেওয়ার পর চিত্রটি বদলে যায় এবং প্রায় ৮০ শতাংশ চালান বেশি শুল্কের শিট হিসেবে খালাস হতে থাকে।

এতে সরকারের রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি আগের সময়ের শুল্ক ফাঁকির অভিযোগও নতুন করে সামনে আসে। এরই মধ্যে মঈনুলের কয়েকটি চালান আটকে মামলা হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, ওই মামলা করার এক সপ্তাহের মধ্যেই সহকারী কমিশনার আসিফ আহমেদ অনিককে আনস্টাফিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে সরাতে মঈনুলের পক্ষে বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

এরপর আনস্টাফিংয়ের দায়িত্বে ৪১ ব্যাচের কর্মকর্তা সামিয়া তাইছিরকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি মঈনুলের মা অ্যাসোসিয়েটের গাড়ির গ্রুপ দেখার দায়িত্বও সংশ্লিষ্টদের নজরে আসে। এতে নতুন করে প্রশ্ন ওঠে, অনিয়ম বন্ধে নেওয়া পদক্ষেপের পর আবারও আগের প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে উঠেছে কি না।

কমলাপুর কাস্টম হাউসে কর্মকর্তা বদলির অভিযোগ অবশ্য নতুন নয়। শিটের চালান নিয়ে হস্তক্ষেপ করায় সিআইসির এক উপপরিচালককে কুমিল্লায় বদলি করার অভিযোগও রয়েছে। এর আগে এক কমিশনার বদলি হওয়ার পর সরকারি ছুটির দিনে মাত্র দুই ঘণ্টার মধ্যে প্রায় ৮২০ টন শিট মিথ্যা ঘোষণায় খালাসের অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মঈনুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তদন্ত শুরু হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, মঈনুল দীর্ঘদিন ধরে কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজের ব্যবসা পরিচালনা করে আসছেন। কর্মকর্তাদের গাড়ি ভাড়ার খরচ বহনসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে। এভাবেই মিথ্যা ঘোষণা দেওয়া পণ্য দ্রুত খালাস এবং শুল্ক ফাঁকির সুযোগ তৈরি করা হতো বলে অভিযোগকারীদের দাবি।

মঈনুলের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে সিআইসি থেকে কাস্টম হাউস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল বলেও জানা গেছে। শিটের চালান নিয়ে একটি প্রতিবেদনও দেওয়া হয়। তবে এসব অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন, কাস্টম হাউসে মঈনুলের দীর্ঘদিনের প্রভাবের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়েছে।

খাদিজা পারভীন সুমির দায়িত্ব পালনের সময় নিয়েও রয়েছে নানা অভিযোগ। সংশ্লিষ্টদের দাবি, তিনি সাধারণত বিকেলের আগেই অফিস ত্যাগ করতেন। এরপর সন্ধ্যার পর মঈনুলের বেশ কিছু চালান কাস্টম হাউস থেকে বের হওয়ার অভিযোগ রয়েছে। ওই সময় তার হয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল ও শাহ আলম কাজ করতেন বলেও অভিযোগ উঠেছে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সরাসরি উপস্থিতি ছাড়াই চালান খালাসের সুযোগ তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্টরা দাবি করছেন।

অন্যদিকে, কাস্টম হাউস আইসিডি কমলাপুরের কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রাজস্ব ফাঁকির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। অনিয়মের চেষ্টা করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাস্টম হাউসের কার্যক্রমে নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

খাদিজা পারভীন সুমিকে আনস্টাফিং থেকে সরানো হলেও তার প্রভাব পুরোপুরি শেষ হয়নি বলেও অভিযোগ রয়েছে। এনবিআর-সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে শিটের অ্যাসেসমেন্ট গ্রুপের দায়িত্বের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তার স্বামী প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের কর্মকর্তা বলেও সূত্রটি জানিয়েছে। অতীতে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে দায়িত্ব পালনকালে লালবাগের মতো গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খাদিজা পারভীন সুমি। তার দাবি, আনস্টাফিংয়ের দায়িত্বে থাকাকালে কোনো ধরনের শুল্ক ফাঁকি হয়নি। তিনি দায়িত্ব পালনকালে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছেন এবং ইচ্ছাকৃতভাবে কোনো পক্ষকে সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না বলে জানান। তিনি আরও বলেন, সাধারণত বিকেল ৫টার মধ্যেই তিনি অফিস ত্যাগ করতেন।

সন্ধ্যার পর সহকারী রাজস্ব কর্মকর্তা কামরুল ও শাহ আলমের মাধ্যমে শুল্ক ফাঁকির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুমি বলেন, উপকমিশনার হিসেবে সহকারী রাজস্ব কর্মকর্তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের ব্যক্তিগত দায় তিনি নিতে পারেন না।

অন্যদিকে মঈনুল হোসেনও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দীর্ঘদিন একই খাতে কাজ করার কারণে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে তিনি কোনো ধরনের শুল্ক ফাঁকি দেননি বলে দাবি করেন। সাম্প্রতিক মামলার বিষয়ে তার বক্তব্য, কাস্টমসে অনেক ব্যবসায়ীর নামেই মামলা হয়। আর সুমির দায়িত্বের সময় শুধু সিআর ও এইচআর শিট আমদানি করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

সব মিলিয়ে কমলাপুর কাস্টম হাউসে শিটের চালান খালাস, পণ্যের সঠিক ঘোষণা, শুল্ক নির্ধারণ এবং কর্মকর্তা বদলি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। একদিকে কয়েকটি চালানে মিথ্যা ঘোষণার প্রমাণ পাওয়ার দাবি করে মামলা ও জরিমানার ঘটনা ঘটেছে, অন্যদিকে আগে খালাস হওয়া বিপুল পরিমাণ চালান নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযোগের পূর্ণ সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথি, চালান, বিল অব এন্ট্রি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা যাচাই করে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।