ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

ডেস্ক নিউজঃ জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর দুই আইনজীবীকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেছিলেন ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় বুধবার তারা ট্রাইব্যুনালে হাজির হন।

দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া রায়ের বিরুদ্ধে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছে প্রসিকিউশন।

গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ জুলাই গণআন্দোলনের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।




দুদকের মামলা, অবৈধ সম্পদের অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানা—তারপরও পাবনায় নিয়মিত অফিস করছেন আলতাব হোসেন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) একজন সহকারী পরিচালক মাত্র তিনি। কিন্তু এই সহকারী পরিচালকেরই এত ক্যারিশমা! নানা অবৈধ পথে কামিয়েছেন অন্তত শত কোটি টাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশানসহ বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন নামে-বেনামে বাড়ি ও প্লট। গ্রামের বাড়ি ফরিদপুরে বিশাল ভূসম্পত্তি।

বিদেশেও বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নামে-বেনামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে নগদ অর্থ তো রয়েছেই।

এই আলতাব হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় চার বছর আগে। অনুসন্ধানে অভিযোগের সত্যতাও পাওয়া যায়।

প্রায় সাড়ে তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও পৌনে তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর এই মামলা করে দুদক। এরপরে মামলায় চার্জশিট হয়। আলতাব হোসেন এবং তার স্ত্রীর সম্পত্তিও ক্রোক হয়।

কিন্তু এত কিছুর পরও আলতাব হোসেন চাকরিতে বহাল তবিয়তেই থেকে যান। সড়ক মন্ত্রণালয় বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যদিও সুনির্দিষ্ট অভিযোগে দুদকের মামলা দায়েরের পরপরই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত অথবা প্রধান কার্যালয়ে সংযুক্ত করার নিয়ম রয়েছে।

শুধুমাত্র মামলা এবং সম্পত্তি ক্রোকই নয়, অবশেষে সহকারী পরিচালক আলতাব হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত এপ্রিল মাসে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অবাক ব্যাপার হলো, তারপরও আলতাব হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিআরটিএ বা মন্ত্রণালয়। তিনি এখন পর্যন্ত বহাল তবিয়তেই আছেন বিআরটিএ পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক পদে।

আরও অবাক ব্যাপার হলো, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পাবনা পুলিশের নাকের ডগা দিয়েই তিনি নিয়মিত সার্বক্ষণিকভাবে অফিস করছেন। পুলিশ তাকে গ্রেফতার করছে না, বিআরটিএ বা মন্ত্রণালয়ও এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্ক্রিয়। সবকিছু দেখেও তারা না দেখার ভান করে আছেন। শত কোটি টাকার মালিক আলতাব হোসেনের এটাই বড় কৃতিত্ব বা ক্যারিশমা!

দুদকের অনুসন্ধানে বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীন আরার নামে ঢাকা ও ফরিদপুরে মোট ১৭টি স্থানে জমি, প্লট ও বাড়ির সন্ধান পাওয়া গেছে। সন্তানদের তথ্য এর মধ্যে আসেনি। আলতাব হোসেনের নামে ফরিদপুরে ১২টি স্থানে জমি রয়েছে, যার মোট মূল্য দেখানো হয়েছে মাত্র ৩৫ লাখ টাকা। যদিও বাস্তবে এর মূল্য অনেক গুণ বেশি।

কাগজপত্রে সবচেয়ে হাস্যকর মূল্য দেখানো হয়েছে ঢাকার গুলশানের বাড়ি ও প্লটের। গুলশানের মতো অভিজাত এলাকায় আলতাব হোসেনের একটি প্লট ও বাড়ি আছে, কাগজপত্রে যার মূল্য দেখানো হয়েছে মাত্র ১ কোটি ১৭ লাখ টাকা। অথচ এই বাড়ি ও প্লটের বর্তমান বাজারমূল্য অন্তত শত কোটি টাকা।

অন্যদিকে, স্ত্রী জিয়াসমীনের নামেও ঢাকায় দুটি প্লট ও বাড়ি রয়েছে, যার মূল্য দেখানো হয়েছে মাত্র ২ কোটি ৫৯ লাখ টাকা। এছাড়া ফরিদপুরে আরও দুটি প্লট ও জমি রয়েছে, যার মূল্য ৩ লাখ টাকা। আলতাবের স্ত্রী জিয়াসমীনের নামে থাকা এসব সম্পত্তির বর্তমান মূল্য প্রায় শত কোটি টাকা, বলছেন দুদক কর্মকর্তারা। যদিও দুদকের মামলায় সম্পত্তির প্রকৃত বাজারমূল্যের কথা উল্লেখ করা হয়নি। কাগজপত্রে উল্লেখ থাকা মূল্যের হিসাবই দেখানো হয়েছে দুদকের মামলায়।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন বাদী হয়ে আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীন আরার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. আলতাব হোসেন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৮৩ টাকার সম্পদ (স্থাবর ও অস্থাবর) গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। অন্যদিকে, দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৩ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী মোছা. জিয়াসমীন আরাকে প্রধান আসামি ও তার স্বামী আলতাব হোসেনকে সহযোগী আসামি করা হয়েছে। বিবরণে দেখা যায়, জিয়াসমীন তার দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকার সম্পদের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। আর দুদকের অনুসন্ধানে তার নামে ২ কোটি ৪২ লাখ ২ হাজার ২৫১ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। গৃহিণী হিসেবে এত সম্পদ করা অসংগতিপূর্ণ। প্রকৃত অর্থে এসব সম্পদ তার স্বামী মো. আলতাব হোসেনের দুর্নীতির টাকায় গড়েছেন। সে কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে এ মামলায়। তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই দুই মামলায় চার্জশিট হয় এবং পরবর্তীতে এক পর্যায়ে আদালত আলতাব হোসেন ও তার স্ত্রীর সম্পত্তি ক্রোকের আদেশ দেন। আদালত ২০২৫ সালের ৮ অক্টোবর ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফায়েজের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমীন আরার ১৭টি স্থানে স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। অবশ্য, সন্তানদের নামে ক্রয় করা এবং আলতাব হোসেন ও তার স্ত্রীর মালিকানাধীন বেনামে ক্রয় করা সম্পত্তিগুলো রয়ে গেছে এই ক্রোক আদেশের বাইরে।

তবে সবচেয়ে অবাক কাণ্ড হলো, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও আলতাব হোসেন নিয়মিত অফিস করছেন। চলতি বছরের ২০ এপ্রিল আলতাব হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এই গ্রেফতারি পরোয়ানার কপি আলতাব হোসেনের কর্মস্থল পাবনার পুলিশ সুপার বরাবর এবং গ্রামের বাড়ি ফরিদপুরেও পাঠানো হয়। আলতাব হোসেনের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাটি গত ১৪ মে তারিখে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে রিসিভ করা হয়েছে। অথচ তিনি এখনো পাবনায় কর্মস্থলে নিয়মিতই অফিস করছেন।

মামলা, সম্পত্তি ক্রোক এবং আদালতের গ্রেফতারি পরোয়ানার পরও সরকারি পরিচালক আলতাব হোসেনের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, জানতে চাওয়া হয়েছিল বিআরটিএ’র চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের কাছে। তিনি ফোন রিসিভ না করায় ক্ষুদে বার্তার মাধ্যমে জানতে চাওয়া হয়। তবে তিনি এরও কোনো জবাব দেননি।




ফায়ার সার্ভিসের সাবেক ডিজি জাহেদ কামালকে ঘিরে বিপুল সম্পদের অভিযোগ, নিয়োগ অনিয়ম ও প্রশাসনিক প্রভাব বিস্তারের প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে ঘিরে বিপুল স্থাবর সম্পদ, নিয়োগে অনিয়ম এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় তাঁর ও তাঁর স্ত্রী নাসিমা আক্তারের একক ও যৌথ মালিকানায় একাধিক জমি, প্লট ও ফ্ল্যাট থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে দাবি করা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস ও তাঁর সরকারি আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

অনুসন্ধানে প্রাপ্ত দাপ্তরিক নথির বরাতে জানা গেছে, বসুন্ধরা-সংলগ্ন জোয়ার সাহারা, ডুমনি, পূর্বাচল ও রূপগঞ্জ এলাকায় জাহেদ কামাল ও তাঁর স্ত্রী নাসিমা আক্তারের নামে একাধিক স্থাবর সম্পদের তথ্য রয়েছে। এর মধ্যে জোয়ার সাহারায় ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে সম্পাদিত ৯৬৮০ নম্বর দলিলের আওতায় ০.৪৯০১ একর জমির ওপর ১১০০ বর্গফুটের একটি ফ্ল্যাট ও পার্কিংয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। ডুমনি মৌজায় ৬/১৯ নম্বর জোতে ৪.৯৫ শতক এবং ১৪৩০/১৯ নম্বর জোতে আরও ৪.৯৫ শতক জমির যৌথ মালিকানার তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। পূর্বাচলের কুতুবপুর মৌজায় ৪৫৮৬ নম্বর জোতে ৪.৯৫ শতক জমির একটি প্লট এবং রূপগঞ্জের নাওড়া মৌজায় ৯৯৭৬ নম্বর জোতে ৮.২৬ শতক জমির তথ্যও নথিতে রয়েছে।

সম্পদের এই তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। তাঁদের দাবি, একজন সামরিক কর্মকর্তার সরকারি বেতন-ভাতা, বৈধ আয়, ব্যাংকঋণ ও অন্যান্য ঘোষিত আয়ের সঙ্গে এসব সম্পদ অর্জনের অর্থের সামঞ্জস্য খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে জমি, প্লট ও ফ্ল্যাট কেনার অর্থের উৎস জানতে আয়কর নথি, ব্যাংক লেনদেন এবং সম্পদ বিবরণী যাচাইয়ের দাবি উঠেছে।

জাহেদ কামালকে ঘিরে নিয়োগ প্রক্রিয়াতেও একাধিক অভিযোগ রয়েছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফায়ার সার্ভিসের একটি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রশ্নপত্র ফাঁস ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং তৎকালীন ডিজি জাহেদ কামালের অপসারণ দাবি করেছিলেন। ২২ সেপ্টেম্বর ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন, নিয়োগ নিশ্চিত করতে ১৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়েছিল এবং একটি সিন্ডিকেট এতে জড়িত ছিল।

২০২৬ সালের জুলাইতেও ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগের কথা জানানো হয়। সে সময় জাহেদ কামাল বলেছিলেন, নিয়োগের বিভিন্ন ধাপে সিসি ক্যামেরা, ড্রোন ও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর বাইরে ফায়ার সার্ভিসের বদলি, পদায়ন, কেনাকাটা, প্রশিক্ষণ ও লাইসেন্স কার্যক্রমে অনিয়মের অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে। অভিযোগকারীদের দাবি, অধিদপ্তরের একটি প্রভাবশালী চক্র এসব কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করত এবং জাহেদ কামালের ঘনিষ্ঠ কর্মকর্তাদের কেউ কেউ এতে ভূমিকা রাখতেন। অভিযোগগুলোর মধ্যে বদলি বাণিজ্য, শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের পুনর্বহাল, সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম এবং বিভিন্ন সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ও রয়েছে।

২০২৪ সালের ২৪ এপ্রিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ, পদোন্নতি, বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছিল। অভিযানের সময় বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলা এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের কথাও বলা হয়েছিল।

এদিকে, ২২ সেপ্টেম্বর ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়। ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে নতুন ডিজি করা হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।




বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজঃ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার অভ্যন্তরীণ রুটের বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন ভাড়া শুধু ডিজেলচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাসচালিত বাস ও মিনিবাসে এই ভাড়ার হার কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএর অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ বা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নিতে হবে।

এ ছাড়া প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বিআরটিএর পক্ষ থেকে সিটি সার্ভিসে কিলোমিটারপ্রতি ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। তবে চূড়ান্ত প্রজ্ঞাপনে তিন শ্রেণির ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

নতুন ভাড়া নির্ধারণের মধ্য দিয়ে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।




শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

ক্রীড়া ডেস্কঃ শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন এই তারিখ ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের (হিরু), তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

২০২৪ সালের ১৭ জুন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/১২০(বি)/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রেডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বাড়িয়ে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এই পদ্ধতিতে সর্বমোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়, যা ‘অপরাধলব্ধ অর্থ’ হিসেবে সংজ্ঞায়িত।

এর মধ্যে প্রধান অভিযুক্ত আবুল খায়ের (হিরু) তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এছাড়া তার নামে থাকা ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি মো. আবুল খায়ের (হিরু)’র শেয়ারবাজারে কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লি., ক্রিস্টাল ইন্স্যুরেন্স লি. ও সোনালী পেপারস লি.-এর শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে সাকিব মার্কেট ম্যানুপুলেশনে সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে আত্মসাৎ করেন।




হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজঃ হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নিয়মে পাসপোর্ট হারানো বা চুরি যাওয়ার পর পুনঃইস্যুর ক্ষেত্রে অনলাইনে রিপোর্ট করা বাধ্যতামূলক করা হয়েছে।

একই সঙ্গে দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে মোট ১২টি নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার বিষয়টি অনতিবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইনে রিপোর্ট করতে হবে। ওই রিপোর্টের ভিত্তিতে অধিদপ্তর পাসপোর্টের স্ট্যাটাস হালনাগাদ করবে।

এ ছাড়া নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। সংশ্লিষ্ট থানা ৭২ ঘণ্টার মধ্যে জিডির সঠিকতা যাচাই করে প্রতিবেদন পাসপোর্ট অধিদপ্তর বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে পাঠাবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাওয়া না গেলে জিডির কপি দিয়েই পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করা যাবে। এরপর অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে।

জিডি যাচাইয়ে যদি প্রমাণ হয় যে ভিসা পাওয়ার জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট  জমা দেওয়া হয়েছে এবং তা অবৈধভাবে আটকে রাখা হয়েছে, সে ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ফেরত পাওয়া সম্ভব না হলে আগের পাসপোর্ট বাতিল (রিভোক) করে নতুন পাসপোর্ট ইস্যু করা যাবে।

হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) তা হালনাগাদ করবে। প্রয়োজন অনুযায়ী ইন্টারপোলকেও এ বিষয়ে অবহিত করা হবে।

বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে জানাতে হবে। সংশ্লিষ্ট মিশন ‘লস্ট সার্কুলার’ জারি করে পাসপোর্ট পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।

নতুন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। হারানো, চুরি বা বিনষ্ট পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট ইস্যু হলে এর ডেটা পেজে ‘ পাসপোর্ট হারানোর বিষয়টি লেখা থাকবে। একই সঙ্গে ডাটাবেজে আগের পাসপোর্টের হারানো বা বাতিল হওয়ার তথ্য হালনাগাদ করতে হবে।

পুনঃইস্যুর সময় আবেদনকারীর মৌলিক পরিচয়গত তথ্য, নাম, জন্মতারিখ, পিতার নাম ও মাতার নাম, সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে আইন ও বিধি অনুযায়ী অনুমোদিত সংশোধনের বিষয় আলাদাভাবে বিবেচনা করা যাবে।

পরিপত্রে আংশিক ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। পাসপোর্টের শনাক্তযোগ্য অংশ আবেদনকারীর কাছে থাকলে তা সমর্পণের ভিত্তিতে পুনঃইস্যু করা যাবে।

তবে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেলে এবং পরিচয় শনাক্ত করার মতো কোনো অংশ প্রদর্শন করা সম্ভব না হলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

কোনো পাসপোর্ট হারানো বা চুরি হিসেবে রিপোর্ট করার পর সেটি বাতিল করা হলে পরবর্তীতে পাওয়া গেলেও তা পুনরায় সক্রিয় করা বা বিদেশ ভ্রমণে ব্যবহার করা যাবে না।

এ ধরনের পাসপোর্ট পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে জানাতে হবে। বিদেশে অবস্থান করলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনকে অবহিত করতে হবে।

পাসপোর্ট হারানো বা চুরির ক্ষেত্রে জরিমানার বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি’র বাইরে অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না।

তবে পরবর্তীতে প্রত্যেকবার হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘটনায় নির্ধারিত ফি’র অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, এ-সংক্রান্ত আগের সব পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে নতুন পরিপত্রটি জারি করা হয়েছে। এটি জারির তারিখ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার স্মারক নম্বর ১১৯৭-এর মাধ্যমে এ পরিপত্র জারি করা হয়েছে।




বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন পুনরায় চালু হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো কমে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে ৮৯ দশমিক ০১ ডলারে নেমে আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ধ্বংসের হুমকি দিলেও তার প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সাথে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানান। নিউ ইয়র্কে এই বৈঠকের পর বাজারে প্রায় সাত মাস ধরে চলা সংঘাত অবসানের আশা দেখা দেওয়ায় মঙ্গলবার ৮ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নেমে আসে।

ইরাকি মিলিশিয়াদের ড্রোন হামলার কারণে গত ১১ সেপ্টেম্বর সৌদি আরব তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করতে বাধ্য হয়েছিল। হরমুজ প্রণালি এড়িয়ে বৈশ্বিক চাহিদার প্রায় ৪ শতাংশ অর্থাৎ দৈনিক ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পাঠানোর এই ব্যবস্থাটি মঙ্গলবার পুনরায় চালু করা হয়, যা বাজারে সরবরাহ সংক্রান্ত স্বস্তি বাড়িয়েছে।

এর পাশাপাশি ইরাকের তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানান, তাদের দেশ থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ৩০ লাখ ব্যারেল অতিক্রম করেছে এবং তুরস্কের মাধ্যমে তা দৈনিক ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়া চলছে। এছাড়া ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল বৃদ্ধি পাওয়ায় জ্বালানির বাজারে মন্দাভাব আরও জোরদার হয়েছে।

সূত্র: রয়টার্স




জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক সাইডলাইন বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। এসব বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। এ সময় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ। বৈঠকে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এদিকে নিউইয়র্কের তুর্কি হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা।

আলোচনায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা উঠে আসে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তারা।

পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যয়ও ব্যক্ত করেন দুই নেতা।

এ ছাড়া জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে। বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রধানমন্ত্রী। পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরও জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা।




চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

ডেস্ক নিউজঃ চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের হঠাৎ পেছনের একটি দরজা খুলে যায়। এসময় নিরাপত্তার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। পরবর্তীতে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়। এতে ২৬ মিনিট ওই রুটে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।




‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক নিউজঃ নাফ নদী তীরবর্তী টেকনাফের পোল্ডার পুনর্বাসন প্রকল্পের কাজ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শেষ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, প্রকল্পটি এখন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ালেও দেশের ও জনস্বার্থ বিবেচনায় কাজ বন্ধ রাখার সুযোগ নেই।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় জনগণ ও প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী পোল্ডারসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি ও ৬৮) পুনর্বাসন প্রকল্প (২য় সংশোধিত)’–এর আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় পানিসম্পদমন্ত্রী বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে এরই মধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। একাধিকবার প্রকল্প সংশোধন করা হলেও জনগণ প্রত্যাশিত সুফল পায়নি। তাই প্রকল্পটি নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, একই প্রকল্প বারবার সংশোধন করে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা পর্যালোচনা করা দরকার। জনস্বার্থে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে এবং নির্বাচিত সরকার হিসেবে জনগণের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বর্তমানে ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। তবে এর প্রয়োজনীয়তা থাকলে শুধু জটিলতার কারণে কাজ থামিয়ে রাখা যাবে না। প্রয়োজনীয়তা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিতে হবে।

নাফ নদীসংলগ্ন এলাকায় শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বন্যা নিয়ন্ত্রণ, নদী খনন, কৃষি এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

পরবর্তী পদক্ষেপ নিতে কিছুটা সময় প্রয়োজন হতে পারে উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে ভবিষ্যতে আবার প্রকল্প সংশোধনের প্রয়োজন হয়।

প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান পানিসম্পদমন্ত্রী। কৃষি, পরিবেশ এবং মানুষের জীবন-জীবিকার মধ্যে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা নাফ নদীর ভাঙন, বেড়িবাঁধের দুরবস্থা, জলাবদ্ধতা, কৃষিজমি রক্ষা ও নদী ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সভা শেষে পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের বর্তমান অবস্থা, নদীভাঙন ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।

নাফ নদী তীরবর্তী টেকনাফে বেড়িবাঁধ ও পোল্ডার ব্যবস্থাপনা দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নদীভাঙন ও বাঁধের দুর্বলতার কারণে প্রতিবছর বিভিন্ন এলাকায় কৃষিজমি, বসতভিটা ও মানুষের জীবন-জীবিকা ঝুঁকির মুখে পড়ে। এ কারণে প্রকল্পের কাজ দ্রুত ও টেকসইভাবে শেষ করার দাবি জানিয়েছেন তারা।