মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

ডেস্ক নিউজঃ দেশের অর্থনীতিকে মূল্যস্ফীতি থেকে রক্ষা করতে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যতিরেকে ইচ্ছামতো টাকা ছাপানো বন্ধ করা এবং কালোটাকা ও দুর্নীতি প্রতিরোধে অবিলম্বে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের রিজার্ভ বা ব্যাকআপ ছাড়াই অর্থনীতিতে ক্রমাগত কৃত্রিম টাকা ছাপিয়ে সরবরাহ করছে। অর্থনীতি ও মুদ্রানীতির সর্বজনীন নিয়ম অনুযায়ী, নতুন টাকা ছাপানোর ক্ষেত্রে অবশ্যই সমপরিমাণ স্বর্ণ, রৌপ্য অথবা নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার (যেমন : ডলার, ইউরো, আরএমবি) রিজার্ভ বজায় রাখা বাধ্যতামূলক। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছেমতো টাকা ছাপানোর ফলে ‘কোয়ান্টিটি থিওরি অব মানি’ অনুযায়ী টাকার নিজস্ব মান বা ক্রয়ক্ষমতা চরমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এর ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং দেশে এক ভয়াবহ মূল্যস্ফীতি তৈরি হচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, এই লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের নিত্যপ্রয়োজনীয় খাবার, জীবন যাত্রার প্রয়োজনীয় খরচ পূরণের সামর্থ্য পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত ‘Right to Life’ বা জীবনধারণের অধিকার বলতে কেবল পশুর মতো বেঁচে থাকাকে বোঝায় না, বরং মানুষের মতো মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারকে বোঝায়। স্বর্ণ ও রৌপ্যের মতো মূল্যবান সম্পদের ব্যাকআপ ছাড়া টাকা ছাপিয়ে সৃষ্ট চরম অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষকে খাদ্যাভাবে ধুঁকে ধুঁকে মরতে বাধ্য করা সংবিধানের এই মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন।

এছাড়া নোটিশে ১০০০ টাকার নোটের ক্ষতিকর প্রভাব অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সাধারণ মানুষ, দিনমজুর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেনের জন্য ১০০০ টাকার মতো এত বড় নোটের কোনো বাস্তব প্রয়োজন নেই। এই উচ্চমূল্যের নোটটি মূলত দুর্নীতিবাজ সিন্ডিকেট, কর ফাঁকিবাজ এবং অপরাধীরা তাদের অবৈধ কালোটাকা ব্যাংকিং চ্যানেলের বাইরে লুকিয়ে রাখার জন্যই সবচেয়ে বেশি ব্যবহার করে। এটি দেশে একটি ধ্বংসাত্মক ‘শ্যাডো ইকোনমি’ বা ছায়া অর্থনীতি তৈরি করেছে। প্রতিবেশী দেশ ভারত তাদের ২ হাজার টাকার নোট বাতিল করে কালোটাকার মজুত ধ্বংস করার সফল দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই দেশের অর্থনীতি থেকে কালোটাকার বিস্তার পুরোপুরি সমূলে উৎপাটন করতে এবং লেনদেনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে ১০০০ টাকার নোট অবিলম্বে বাতিল করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো সম্পূর্ণ বন্ধ করতে এবং কালোটাকার মজুত ধ্বংস করতে ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।




১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

ডেস্ক নিউজঃ সরকার নির্ধারিত কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানিয়েছেন, বাড়তি ভাড়া নিলে আইন অনুযায়ী জরিমানা করা হবে এবং পরবর্তীতে ওই পরিবহন আর কোনো রুট পারমিট পাবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে সড়ক মন্ত্রী বলেন, প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারে এক পয়সা বাড়ে। সেই হিসেবে লিটারে ২০ টাকা বৃদ্ধির কারণে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিলো। কিন্তু আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কম, অর্থাৎ কিলোমিটারে মাত্র ১৭ পয়সা বাড়াতে সমর্থ হয়েছি।

তিনি বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া বাড়ানো বা আদায় করা যাবে না। কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে।

সড়ক পথের পাশাপাশি রেল ও নৌপথের ভাড়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী পরশু (বৃহস্পতিবার) একটি বৈঠক নির্ধারিত রয়েছে।

রেলভাড়া প্রসঙ্গে নিজের প্রত্যাশা ব্যক্ত করে সড়ক ও সেতু মন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, আমরা সরকারের পক্ষ থেকে সেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

এর আগে একই দিন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকের পর বাস ভাড়ার তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি জানান, নতুন পুনঃনির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে এখন প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে দুই টাকা ৪০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।




জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

আন্তর্জাতিক ডেস্কঃ জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত রাখার অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে চলমান এই মার্চ নিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে জ্বালানি কর বিষয়ে দলটির সঙ্গে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক মুখপাত্রের বরাতে জানিয়েছে, মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করেন শেহবাজ শরিফ। সে সময় তিনি মার্চ স্থগিত রাখার অনুরোধ করেন।

জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতির মুখে ফেলা তাদের উদ্দেশ্য নয়। জনগণের সমস্যা তুলে ধরতেই তারা রাস্তায় নেমেছেন। প্রতিবাদ করার অধিকার সরকারকে সম্মান করতে হবে। প্রধানমন্ত্রীর অনুরোধ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের কেন্দ্রীয় শুরার সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। মার্চ স্থগিত হলেও প্রতিবাদের অধিকার ছাড়বে না জামায়াত।

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে হাফিজ নাঈমের নেতৃত্বে ট্রেন মার্চ সোমবার গভীর রাতে মুলতানে পৌঁছায়। রেলস্টেশনে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ট্রেন চার ঘণ্টা দেরিতে পৌঁছালেও সমর্থকদের স্বাগত জানানো ঠেকানো যায়নি। যারা ষড়যন্ত্র করেছিল, তারা দেখুক মুলতানে কত মানুষ বেরিয়ে এসেছে। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন শহরেও একইভাবে স্বাগত জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। এখন মার্চ দক্ষিণ পাঞ্জাব হয়ে মধ্য পাঞ্জাবের দিকে এগোবে।

সরকারকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, রাস্তায় কনটেইনার ফেলে বা বাধা দিয়ে এই মার্চ থামানো যাবে না। পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা ‘চাঁদাবাজির কর’ প্রত্যাহার এবং জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানান তিনি। দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সমস্যা তুলে ধরছেন বলে উল্লেখ করে হাফিজ নাঈম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে যথাযথ গুরুত্ব দিচ্ছে না। গম, আটা ও চিনির দাম বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, আটা ও চিনি ব্যবসায়ীদের প্রভাব রয়েছে দলগুলোর মধ্যে। চিনি আমদানি-রপ্তানির নীতিতেও অসঙ্গতি আছে।

স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে আগের আন্দোলনের কথাও তুলে ধরেন তিনি। ওই সময়ও জনগণের স্বার্থ রক্ষার কথা বলেছিলেন জামায়াত।

গত রোববার করাচি থেকে শুরু হওয়া এই লং মার্চ ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইসলামাবাদের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে দলটি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনাও হয়েছে। মুলতানের পর বহর লাহোরের দিকে যাবে। এরপর ইসলামাবাদের দিকে অগ্রসর হবেন জামায়াতের নেতাকর্মীরা।




‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গ্রেটার নয়ডা ওয়েস্টে ই-রিকশায় চেপে কর্মস্থলে যাওয়ার সময় এক নারীর হাত থেকে ৩ দিন আগে কেনা আইফোন ছিনতাই করেছে দুই ছিনতাইকারী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ভুক্তভোগী শুভি ভান্ডারি ই-রিকশার ভাড়া অনলাইনে পরিশোধ করার জন্য ফোনটি হাতে বের করলে, হেলমেট পরা দুই বাইক আরোহী তার কাছে আসে। প্রথমে তারা রাস্তার দিক জানতে চায় এবং পরে ‘এটা কি নতুন আইফোন?’ বলে প্রশ্ন করে। শুভি ইতিবাচক উত্তর দেওয়ার পরপরই একজন তার হাত থেকে ফোনটি থাবা মেরে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

শুভির স্বামী সাকেত গুপ্ত জানান, আইফোন ১৮ প্রো মডেলের ফোনটি মাত্র ৩ দিন আগে কেনা হয়েছিল। ঘটনার পর পরিবারটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে এবং সকালে প্রধান সড়কগুলোতে পুলিশি টহল কম থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

ভুক্তভোগীর বাবার আবেদনের ভিত্তিতে একটি অনলাইন এফআইআর নথিবদ্ধ করা হয়েছে বলে জানায় পুলিশ। বিসরাখ থানার ওসি রঞ্জিত সিং জানান, অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি




ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ

ক্রীড়া ডেস্কঃ ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় তার রোলস-রয়েস নির্ধারিত গতিসীমা অতিক্রম করায় এই শাস্তি দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে সালাহর বিলাসবহুল গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি চালাচ্ছিলেন কে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। এমনকি অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা জবাব জমা দেননি।

ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি হয়। আদালত সালাহকে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।




নবম পে স্কেল: আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে যেভাবে হবে নতুন বেতন নির্ধারণ

ডেস্ক নিউজঃ সরকার দীর্ঘ প্রতীক্ষা শেষে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া এবার অনলাইনে নেওয়া হচ্ছে। শিগগিরই সরকারি চাকরিজীবীরা আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে নিজেদের নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ করতে পারবেন।

১৭ সেপ্টেম্বর জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর ৩২ নম্বর অনুচ্ছেদের অনলাইন বেতন নির্ধারণের আইনি বিধান অনুসরণ করে অর্থ বিভাগ (Finance Division) এ বিষয়ে জরুরি নির্দেশিকা জারি করেছে।

অর্থ বিভাগের জরুরি নির্দেশনা অনুযায়ী, পে ফিক্সেশনের জন্য সরকারি কর্মচারীদের আইবাস প্লাস প্লাসের নির্ধারিত অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তথ্য সাবমিট করার আগেই সিস্টেমে নির্ধারণযোগ্য নতুন মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।

গেজেটেড কর্মকর্তারা আইবাস প্লাস প্লাসের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন।

আর নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ দিয়ে প্রবেশ করতে পারবেন। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা থাকবে। কোনো কর্মচারীর এনআইডি না থাকলে আগে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে।

পে ফিক্সেশনের তথ্য সাবমিট করার পর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর তথ্য যাচাইয়ের জন্য তা সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের (ডিডিও) কাছে যাবে।




ধর্ষণ থেকে কোটি টাকার সম্পদ—গণপূর্তের প্রকৌশলী তামজিদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কোথায়

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতি, ঘুষ, সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগে প্রায় এক বছর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়া হলেও গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৫-এর নির্বাহী প্রকৌশলী সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে তদন্তের দৃশ্যমান অগ্রগতি নেই। অভিযোগের সঙ্গে ধর্ষণ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের মতো গুরুতর অভিযোগও যুক্ত করা হয়েছিল।

২০২৫ সালের ২২ অক্টোবর দুদকের চেয়ারম্যান বরাবর তামজিদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন বাকী বিল্লাহ নামে এক ব্যক্তি। অভিযোগে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ ছাড় এবং অবৈধভাবে সম্পদ গড়ার অভিযোগ আনা হয়। অভিযোগকারী এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের পর থেকে বিভিন্ন দায়িত্ব পালনকালে তামজিদ হোসেন প্রভাব খাটিয়ে সরকারি কাজের ক্ষেত্রে সুবিধা নিয়েছেন। বিশেষ করে বিভিন্ন প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই বিল প্রস্তুত করে সরকারি অর্থ ছাড়ের অভিযোগ করা হয়। কাজের বাস্তব অগ্রগতির সঙ্গে বিলের পরিমাণের মিল ছিল না বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ছাড়া দরপত্র প্রক্রিয়ায় পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও আনা হয়। অভিযোগকারীর দাবি, নির্দিষ্ট ঠিকাদারদের সুবিধা দিতে দরপত্রের বিভিন্ন ধাপে প্রভাব খাটানো হতো এবং এর বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে কমিশন বা ‘পার্সেন্টেজ’ নেওয়া হতো। সরকারি প্রকল্পের বিল, ভাউচার, কার্যাদেশ ও দরপত্রের নথি যাচাই করলেই এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তামজিদ হোসেনের বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। লিখিত অভিযোগে দাবি করা হয়, দুদক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নাম ব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা আদায় করা হয়েছিল। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সময় এ বিষয়ে অভিযোগ ও আলোচনা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি ছিল এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ। লিখিত অভিযোগে সুফিয়া নামে এক গৃহকর্মীর কথা উল্লেখ করে দাবি করা হয়, তাকে ধর্ষণের পর বিষয়টি ধামাচাপা দিতে এবং আইনি জটিলতা এড়াতে প্রায় ৩০ লাখ টাকা খরচ করা হয়েছিল। তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী রাজিয়া সুলতানাকে ঘিরেও অভিযোগে তামজিদ হোসেনের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ করা হয়। এ ছাড়া ভুট্টো নামে তার এক কর্মচারী-কাম-ঠিকাদার বিভিন্ন সময়ে তাকে নারীদের সঙ্গে হোটেলে যাওয়ার ব্যবস্থা করে দিতেন বলেও অভিযোগে দাবি করা হয়েছিল।

তামজিদ হোসেনের সম্পদ নিয়েও অভিযোগে বেশ কিছু তথ্য উল্লেখ করা হয়। অভিযোগকারীর দাবি, চাকরির সুযোগ ও ক্ষমতার অপব্যবহার করে তিনি নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন। ঢাকার ধানমন্ডি ২৭/১ এলাকায় রবীন্দ্র সরোবরের ৮ নম্বর ব্রিজের ঢালে একটি বহুতল ভবনে প্রায় ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের মালিকানার কথা অভিযোগে উল্লেখ করা হয়। ওই সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছিল।

এ ছাড়া মোহাম্মদপুরের ২৭/১ পিসি কালচার হাউজিং সোসাইটির টেক রোড-৭ এলাকায় তামজিদ হোসেনের শ্বশুর মো. জাহিদ মিয়ার সঙ্গে যৌথ মালিকানায় সাততলা একটি ভবন নির্মাণের অভিযোগও করা হয়। অভিযোগে ভবনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে দাবি করা হয়। অভিযোগে আরও বলা হয়, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় তামজিদ হোসেনের নামে বা বেনামে প্রায় ৩০ একর জমি রয়েছে।

অভিযোগে তামজিদ হোসেনের সম্পদের উৎস খুঁজে দেখতে তার আয়কর নথি, ব্যাংক হিসাব, সম্পত্তির দলিল, প্রকল্পের বিল-ভাউচার, দরপত্রের কাগজপত্র এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে আর্থিক লেনদেন যাচাই করার দাবি জানানো হয়। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনকালে যেসব প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, সেগুলোর কাজের বাস্তব অগ্রগতি এবং ছাড় করা অর্থের হিসাব মিলিয়ে দেখার কথাও বলা হয়।

তবে ২০২৫ সালের ২২ অক্টোবর অভিযোগ দায়েরের পর এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে এ বিষয়ে কী ধরনের অনুসন্ধান হয়েছে, কোনো কর্মকর্তা তদন্তের দায়িত্ব পেয়েছেন কি না কিংবা অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এসব বিষয়ে প্রকাশ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দুদকের জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, দীর্ঘ সময় দুদকে কমিশন না থাকায় অনেক অভিযোগের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে ধীরগতি তৈরি হয়েছিল। বর্তমানে নতুন কমিশন গঠিত হওয়ার পর আগের অভিযোগগুলোও পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে পুনরায় তদন্ত বা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে সৈয়দ তামজিদ হোসেনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তার দাবি, এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কারা এবং কী উদ্দেশ্যে তার বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।

ফলে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট সরকারি নথি ও আর্থিক তথ্য যাচাই। প্রকল্পের বিল-ভাউচার, দরপত্রের কাগজপত্র, ঠিকাদারদের সঙ্গে লেনদেন, আয়কর বিবরণী এবং সম্পদের মালিকানা যাচাই করা হলে অভিযোগগুলোর বাস্তব ভিত্তি কতটা রয়েছে, তা স্পষ্ট হতে পারে। একই সঙ্গে ধর্ষণ ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের কোনো নথি রয়েছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

অভিযোগ দায়েরের প্রায় এক বছর পরও তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন দুদকের চলমান কার্যক্রমে এই পুরোনো অভিযোগটি নতুন করে পর্যালোচনা করা হয় কি না এবং অভিযোগগুলোর পক্ষে-বিপক্ষে থাকা তথ্য যাচাই করে কোনো সিদ্ধান্ত আসে কি না, সেটিই দেখার বিষয়।




মাটি ভরাটেই অনিয়মের অভিযোগ, ১১ বছরেও শেষ হয়নি কিসমত-জাফরাবাদ প্রকল্প

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার কিসমত-জাফরাবাদ এলাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প। প্রায় ১১ বছর আগে শুরু হওয়া এই প্রকল্প এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় ধরে কাজ আটকে থাকা, মাটি ভরাটের কাজে অনিয়ম, সরকারি অর্থের অপব্যবহার এবং প্রকল্পের ব্যয় বাড়ানোর অভিযোগে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্লটের জন্য টাকা দেওয়া ১১৫টি পরিবার। দীর্ঘ অপেক্ষার পরও তারা এখনো নিজেদের প্লট বুঝে পাননি।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মিরসরাইয়ের কিসমত-জাফরাবাদ মৌজায় ১৬ দশমিক ২৮ একর জমিতে এই প্রকল্প নেওয়া হয়। শুরুতে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৪২ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকা। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ভূমি উন্নয়ন ও অন্যান্য কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়নি। সরকারি উন্নয়ন কর্মসূচির তথ্যেও প্রকল্পটি পরবর্তী বছরগুলোতে চলমান হিসেবে দেখা গেছে।

প্রকল্পের সবচেয়ে বড় অনিয়মের অভিযোগ উঠেছে মাটি ভরাটের কাজ নিয়ে। অভিযোগ অনুযায়ী, প্রকল্প এলাকায় যে পরিমাণ মাটি ভরাট দেখিয়ে বিল করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে অনেক কম মাটি ভরাট করা হয়। দুদকের মামলার তথ্য অনুযায়ী, প্রকল্পে ৮৭ হাজার ৯৩ দশমিক ১৬০ ঘনমিটার মাটি ভরাট দেখানো হয়েছিল। প্রতি ঘনমিটার মাটির দর ধরা হয়েছিল ২২৯ টাকা ২৫ পয়সা। কাজ শেষে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকার বিল দাবি করে। বিভিন্ন কর্তন বাদ দিয়ে ঠিকাদারকে ১ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৬১৪ টাকা পরিশোধ করা হয়। পরে সরেজমিন পরিমাপে প্রকৃত মাটি ভরাট পাওয়া যায় ৪৩ হাজার ১২৯ দশমিক ৬২৮ ঘনমিটার। অর্থাৎ কাগজে দেখানো কাজের তুলনায় বাস্তবে প্রায় অর্ধেক মাটি ভরাটের প্রমাণ পাওয়া যায়।

দুদকের হিসাব অনুযায়ী, প্রকৃত কাজের পরিমাণ বিবেচনায় বিল হওয়ার কথা ছিল প্রায় ৯৮ লাখ ৮৭ হাজার ৪৬৭ টাকা। কিন্তু পরিশোধ করা হয় ১ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৬১৪ টাকা। এতে ৪৮ লাখ ৭৭ হাজার ৮৯৪ টাকা সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি মামলা করা হয়। মামলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৎকালীন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, তৎকালীন উপবিভাগীয় প্রকৌশলী মো. অলিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার ইনচার্জ মাঈনুল কবিরকে আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে চলমান।

তবে প্রকল্পের মাটি ভরাটের অনিয়ম নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। পূর্ববর্তী তদন্তে প্রায় ১ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকা বিল দেওয়ার তথ্য পাওয়া যায়। সে সময় প্রকৃত মাটি ভরাটের পরিমাণও নথিতে দেখানো পরিমাণের তুলনায় কম পাওয়া যায়। ফলে শুরু থেকেই প্রকল্পের ভূমি উন্নয়ন কাজের হিসাব ও বাস্তব কাজের মধ্যে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ সামনে আসে।

অভিযোগ রয়েছে, প্রকল্পের কাজ শেষ না হলেও পরবর্তীতে ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, প্রকল্পের মূল ব্যয়ের পাশাপাশি সংশোধিত উন্নয়ন প্রস্তাবে অতিরিক্ত অর্থের সংস্থান করা হয়েছে। এ ক্ষেত্রে আগের কাজের অনিয়মের বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি না করেই নতুন করে একই ধরনের কাজের জন্য অর্থ বরাদ্দের সুযোগ তৈরি করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে আগের বিলের অর্থ আদায় বা দায় নির্ধারণের আগে একই স্থানে আবার মাটি ভরাটের ব্যয় যুক্ত হলে সরকারের একই কাজে দ্বৈত ব্যয়ের ঝুঁকি তৈরি হয়।

প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে শুধু সরকারি অর্থের বিষয়ই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্লট গ্রহীতারাও। প্রকল্পের ১১৫টি পরিবারের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ করেও প্লট বুঝে পাচ্ছেন না। এর মধ্যে প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ায় ভবিষ্যতে প্লটের মূল্যও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে দীর্ঘ অপেক্ষার পাশাপাশি বাড়তি আর্থিক চাপের মুখে পড়ার আশঙ্কা করছেন বরাদ্দপ্রাপ্তরা।

প্রকল্পের অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নাম এসেছে কাওসার মোর্শেদ, মো. অলিউল ইসলাম ও মো. আশরাফুজ্জামানের। এর মধ্যে কাওসার মোর্শেদ সে সময় প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। মো. অলিউল ইসলাম ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী এবং মো. আশরাফুজ্জামান ছিলেন উপসহকারী প্রকৌশলী। পরবর্তী সময়ে তাদের দায়িত্ব ও পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, মামলার আসামি হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একজনকে নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত দায় বা অপরাধ আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রকল্পের অনিয়মের বিষয়টি সামনে আসার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীদের দাবি, অনিয়মের তদন্ত ও মামলা চলার মধ্যেই প্রকল্পের প্রশাসনিক সিদ্ধান্তে অভিযুক্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়নি। এ কারণে প্রকল্পের আগের অনিয়মের নিষ্পত্তি না করে নতুন করে কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত কতটা স্বচ্ছ ছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

সাম্প্রতিক সময়ে প্রকল্পটি আবারও আলোচনায় এসেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে গত ২৬ আগস্ট চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পরিচালক (প্রশিক্ষণ ও প্রশাসন) আজিজ হায়দার ভূঁইয়াকে। এর আগে দুদকের মামলাও চলমান রয়েছে। ফলে নতুন তদন্তে প্রকল্পের শুরু থেকে বর্তমান অবস্থা পর্যন্ত ব্যয়, মাটি ভরাটের পরিমাণ, ঠিকাদারকে দেওয়া বিল, কর্মকর্তাদের দায়িত্ব এবং পরবর্তী সময়ে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত—সবকিছু যাচাই করা হতে পারে।

দুদকের তদন্তের মধ্যেই প্রকল্পের বাকি কাজ কীভাবে শুরু করা হবে, তা নিয়েও চিঠিপত্র হয়েছে। অভিযোগ অনুযায়ী, মো. অলিউল ইসলামের দায়িত্বকালীন সময়ে প্রকল্পের মাটি ভরাটের কাজ শুরু করার বিষয়ে দুদকের সঙ্গে যোগাযোগ করা হয়। এ নিয়ে প্রকল্প পরিচালকের স্মারক নং-২০১, তারিখ ১৮ আগস্ট ২০২৬ এবং দুদকের স্মারক নং-২৩৬২, তারিখ ২৫ আগস্ট ২০২৬-এর বিষয়ও সামনে এসেছে। তবে তদন্ত চলমান থাকায় এসব যোগাযোগের উদ্দেশ্য এবং এর প্রশাসনিক প্রভাবও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের বিষয়।

অন্যদিকে, ২০২৬ সালের উন্নয়ন কর্মসূচিতে কিসমত-জাফরাবাদ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের তথ্য পাওয়া যায়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে আটকে থাকা প্রকল্পটি নতুন করে বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নতুন উন্নয়নকাজের আওতায় প্রায় ১৮ কোটি টাকার কাজ নেওয়ার উদ্যোগ হয়েছে এবং কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করে প্লট গ্রহীতাদের বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগমের কাছে প্রকল্পটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রকল্পটি সম্পর্কে তার আগে জানা ছিল না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সব মিলিয়ে কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পের মূল প্রশ্ন এখন তিনটি—কাজ নির্ধারিত সময়ে শেষ হলো না কেন, মাটি ভরাটের কাজে সরকারি অর্থের হিসাব নিয়ে এত অভিযোগ উঠল কেন এবং অনিয়মের অভিযোগ নিষ্পত্তি হওয়ার আগেই প্রকল্পের ব্যয় ও কাজের পরিধি কেন বাড়ানো হলো। এসব প্রশ্নের উত্তর নির্ভর করছে চলমান দুদকের মামলা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের পূর্ণাঙ্গ যাচাইয়ের ওপর। আর এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি অনিশ্চয়তায় থাকছেন সেই ১১৫ পরিবার, যারা বহু বছর ধরে নিজেদের একটি স্থায়ী ঠিকানার অপেক্ষায় রয়েছেন।




সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ডেস্ক নিউজঃ সর্বজনীন পেনশনব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর পথে এগোচ্ছে সরকার। নতুন এ স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে তা জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদ ইতোমধ্যে স্কিমটি চালুর প্রস্তাব অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানান, সর্বজনীন পেনশনব্যবস্থার ইসলামিক বা শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানো হবে।

তিনি বলেন, শরিয়াহভিত্তিক স্কিমের কাঠামো, পরিচালনপদ্ধতি, বিনিয়োগব্যবস্থা ও অন্যান্য কারিগরি বিষয় নির্ধারণের কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও স্থানীয় পরামর্শকরা এ বিষয়ে কাজ করছেন। পাশাপাশি স্কিমটির আর্থিক স্থায়িত্ব ও দীর্ঘমেয়াদি দায়দায়িত্ব নির্ধারণে প্রয়োজনীয় অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আইনগত ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শরিয়াহসম্মত বিনিয়োগনীতির ভিত্তিতে নতুন এ স্কিম চালু করা হলে সর্বজনীন পেনশনব্যবস্থায় একটি পৃথক বিনিয়োগ ও পরিচালনা কাঠামো যুক্ত হবে।

এতে শরিয়াহভিত্তিক আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন সুবিধা নিতে আগ্রহী জনগোষ্ঠীর জন্য অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে সর্বজনীন পেনশন কর্মসূচির শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় সর্বজনীন পেনশনব্যবস্থার সুযোগ-সুবিধা সম্প্রসারণ, বিনিয়োগ ব্যবস্থাপনা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

শরিয়াহভিত্তিক স্কিমের বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান বলেন, নতুন এ স্কিমে শরিয়াহসম্মত বিনিয়োগের মাধ্যমে পেনশন তহবিল পরিচালনার কাঠামো তৈরি করা হবে।

তহবিলের অর্থ কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা হবে, পরিচালন ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা কী হবে—এসব বিষয় পর্যালোচনা করে কার্যকর কাঠামো নির্ধারণ করা হচ্ছে।
শরিয়াহভিত্তিক স্কিম চালুর পাশাপাশি বিদ্যমান সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণকারীদের জন্যও বেশ কিছু সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পেনশনারের মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রী কিংবা নির্ধারিত সুবিধাভোগীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তটি অন্যতম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পেনশনার মারা গেলে তার স্বামী বা স্ত্রী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। আগে এ সুবিধা পাওয়ার বয়সসীমা ছিল ৭৫ বছর। পেনশনার নিজে জীবদ্দশায় আজীবন পেনশন সুবিধা পাবেন।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হারও বাড়ানো হয়েছে। এ অর্থবছরের জন্য মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের বৈঠকে এ হারে মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়।

সর্বজনীন পেনশনব্যবস্থার আওতা আরো বাড়াতে সরকারি মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান ও কম্পানির কর্মীরা প্রচলিত সরকারি পেনশন সুবিধা পান না, তাদের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কোন কোন প্রতিষ্ঠানকে এ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে এবং কী প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে কর্মীদের ‘প্রবাস’ স্কিম সম্পর্কে অবহিত করা এবং তাদের নিবন্ধনের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশগামী কর্মীদের বিদেশে যাওয়ার আগেই সর্বজনীন পেনশনব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে।

বর্তমানে সর্বজনীন পেনশনে পেনশন পাওয়ার বয়স ৬০ বছর। এ বয়সসীমা কমিয়ে ৫৫ বছর করার বিষয়ে পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অ্যাকচুয়ারিয়াল বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সর্বজনীন পেনশন তহবিল থেকে অংশগ্রহণকারীদের ঋণ দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তবে এ ক্ষেত্রেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তহবিলের অর্থ বিনিয়োগ করে কাঙ্ক্ষিত রিটার্ন নিশ্চিত করা এবং ঋণ দেওয়ার ফলে পেনশনভোগীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

পেনশন কর্মসূচির সঙ্গে স্বাস্থ্যবিমা যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। কোন মডেলে স্বাস্থ্যবিমা চালু করা যেতে পারে এবং এতে পেনশন তহবিলের ওপর কী ধরনের আর্থিক প্রভাব পড়বে, তা বিশ্লেষণ করা হচ্ছে। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে পেনশনের মুনাফা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নতুন গ্রাহক বাড়াতে নিবন্ধন কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রণোদনাও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে সর্বজনীন পেনশনে গ্রাহক নিবন্ধন করা হচ্ছে। আগে একজন নতুন গ্রাহক নিবন্ধনের জন্য ১৫ টাকা প্রণোদনা দেওয়া হলেও তা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সরকারি নিরীক্ষার পাশাপাশি একটি বেসরকারি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মাধ্যমে আর্থিক কার্যক্রম নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তহবিলের আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ কার্যক্রমে অতিরিক্ত নিরীক্ষা কাঠামো যুক্ত হবে।

দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার আওতায় আনার লক্ষ্যে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়। বর্তমানে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—এই চারটি স্কিম চালু রয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬-এর শুরু পর্যন্ত চারটি স্কিমে মোট নিবন্ধিত গ্রাহকের সংখ্যা প্রায় ৩ লাখ ৮০ হাজার। তাদের জমা করা মোট অর্থের পরিমাণ প্রায় ২৮৮ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে ‘সমতা’ স্কিমে নিবন্ধিত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২২৪ জন। তাদের জমা করা অর্থের পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ টাকা। প্রবাসীদের জন্য চালু করা ‘প্রবাস’ স্কিমে নিবন্ধিত হয়েছেন ১ হাজার ১৭১ জন এবং এ স্কিমে মোট জমা হয়েছে ১১ কোটি ৮৭ লাখ টাকা।

তবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যাশিত হারে অংশগ্রহণ না বাড়ার প্রেক্ষাপটে নতুন উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। শরিয়াহভিত্তিক নতুন স্কিম চালু, পেনশনারের মৃত্যুর পর স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বৃদ্ধি, বিনিয়োগের মুনাফা নির্ধারণ, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মীদের অন্তর্ভুক্তি এবং নিবন্ধনে প্রণোদনা বাড়ানোর মতো পদক্ষেপের মাধ্যমে কর্মসূচির আওতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সর্বজনীন পেনশন ব্যবস্থায় শরিয়াহভিত্তিক স্কিম চালুর অনুমোদনের মধ্য দিয়ে বিদ্যমান চারটি স্কিমের পাশাপাশি নতুন একটি কাঠামো তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ স্কিম চালুর আগে আইনগত কাঠামো প্রণয়ন, সংসদীয় প্রক্রিয়া, বিনিয়োগনীতি নির্ধারণ এবং প্রয়োজনীয় অ্যাকচুয়ারিয়াল ও কারিগরি বিশ্লেষণ সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন স্কিম চালুর পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।

ফলে সর্বজনীন পেনশন ব্যবস্থায় শরিয়াহভিত্তিক স্কিম শুধু নতুন একটি স্কিম সংযোজনের উদ্যোগ নয়; বরং বিদ্যমান পেনশন ব্যবস্থার বিনিয়োগ কাঠামো, অংশগ্রহণের পরিধি ও সুবিধার ধরন আরো বিস্তৃত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে এটি সামনে এসেছে। আইনগত কাঠামো চূড়ান্ত করে জাতীয় সংসদে পাঠানো এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপরই এর বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ভর করবে।




‘মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি’

ডেস্ক নিউজঃ জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, ‘মানুষকে ব্যবস্থাপনার সমস্যা হিসেবে নয়, বরং সমাধান তৈরির শক্তি হিসেবে দেখতে হবে।’ 

‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ বিষয়ক এক ইভেন্টে তিনি বলেন, সংকট মোকাবিলার তাৎক্ষণিক পদক্ষেপ থেকে বেরিয়ে ব্যবস্থাগত পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে। যুবসমাজের অংশগ্রহণকে শুধু অংশগ্রহণে সীমাবদ্ধ না রেখে যুব নেতৃত্বে রূপ দিতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ত্বরান্বিতকারী শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।

ড. খলিলুর রহমান বলেন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা পূরণে হাতে আর মাত্র চার বছর। এ সময়ে মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, দক্ষতা ও সুযোগ দিয়ে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই কার্যকর সমাধান তৈরি করতে পারে।