পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

ডেস্ক নিউজঃ দীর্ঘ প্রতীক্ষা, বিপুল বিনিয়োগ আর নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটল। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎসের সংযোজন নয়, বরং আধুনিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা অর্জনেরও ঐতিহাসিক মাইলফলক।

প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য এই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কেন্দ্রটির টারবাইন, জেনারেটর, রিঅ্যাক্টর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করতেই এ পরীক্ষা চালানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় যেতে আরও কয়েক মাস সময় লাগবে। সংশ্লিষ্টদের আশা, আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন।

রূপপুরের দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো এবং দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে কেন্দ্রটি যুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান প্রমুখ।

এ মুহূর্তকে ঐতিহাসিক উল্লেখ করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আজ (গতকাল) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে। ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধি দল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট এবং এ কারণেই এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রিডে সাময়িক সংযোগের অর্থ হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর নির্দেশিকা ও মানদ- অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা। এ পর্যায়ে নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত অনুসরণ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে।

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিঅ্যাক্টর, টার্বাইন, জেনারেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা যাচাই ও পরীক্ষা করা হবে। এসব পরীক্ষার প্রয়োজনে পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ (শাটডাউন) করা হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সাময়িকভাবে কমানো বা বাড়ানো হবে। তবে পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহারের সুযোগ পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

বায়েরার অনুমোদন পাওয়াসাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে। রূশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন হলে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত যে পরিকল্পনা তাতে আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত হতে পারে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করতে যেহেতু অনেক পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হয় তাই আগে থেকে নির্দিষ্ট সময় বলা মুশকিল।

সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিকতা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ২১ নভেম্বরের আগে পরেও আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবাহের পর শুরু হবে বািণজ্যিক উৎপাদন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠায় বাংলাদেশ।

১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এই কেন্দ্রে। এরমধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহার সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হবে অন্তত ১০৩০ মেগাওয়াট। চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুনতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে এখান থেকে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড হতে পারে। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে বিদ্যুতের লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।

রূপপুরে পারমাণবিক বিকিরণের মাধ্যমে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেপ্টেম্বরে শুরুর পরিকল্পনা ছিল। নিরাপত্তা ভালভের পরীক্ষায় ত্রুটি ধরা পড়লে এটি পিছিয়ে যায়। এরপর এটি সফলভাবে শেষ করে বায়েরার অনুমতি নিয়ে ১১ অক্টোবর পারমাণবিক বিক্রিয়া শুরু হয়।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি কোম্পানি।

এই প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, সময় বাড়লেও প্রকল্পের ইউরো বা ডলারের ঠিকাদারি ব্যয় বৃদ্ধি পায়নি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বাড়ার কারণে টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তখন প্রায় ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাবে।

এরপর চলবে নানান পরীক্ষা-নিরীক্ষা। বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পূর্ণ ক্ষমতায় যেতে ৭-৮ মাসের মতো সময় লাগবে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।




সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর রোডের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফরের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে উত্তরা এসআরবি সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।




এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ডেস্ক নিউজঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাসহ বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।

এ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করবেন।

এরপর জেলা প্রশাসকের মাধ্যমে গোপনীয় কাগজপত্র এবং অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য কাগজপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। প্রতিদিন সাপ্লিমেন্টারি পরীক্ষা শেষে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রগুলো পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাবেন।

নির্দেশনায় আরও বলা হয়, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ অথবা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক দায়িত্ব পালন করবেন।

কেন্দ্র প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে পরীক্ষায় অংশ নেবেন। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।




রামিসা ধর্ষণ ও হত্যা মামলা; সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

ডেস্ক নিউজঃ রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে গতকাল সোমবার মাত্র এক দিনেই এ মামলার ডেথ রেফারেন্স ও দুই আসামির আপিলের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরে।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। ঘটনার পর সোহেল পালিয়ে গেলেও পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ১ জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন এক দিনেই রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য গ্রহণ করা হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। দুই আসামিও কারাগার থেকে জেল আপিল করেন।




একের পর এক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তবুও ঢাকায় গুরুত্বপূর্ণ পদে বহাল গণপূর্তের সাদ মোহাম্মদ আন্দালিব

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবকে ঘিরে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটিয়ে বদলি ঠেকানোর একাধিক অভিযোগ রয়েছে। চাকরিজীবনের বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ উঠলেও দৃশ্যমান কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বরং একাধিকবার কর্মস্থল পরিবর্তনের পর বর্তমানে তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতের বিভিন্ন বিতর্ক ও অভিযোগের পরও কীভাবে তিনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে-বাইরে প্রশ্ন উঠেছে।

সাদ মোহাম্মদ আন্দালিব ২৭তম বিসিএস গণপূর্ত ক্যাডারের কর্মকর্তা। ২০০৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। এরপর কর্মজীবনের বিভিন্ন সময়ে হবিগঞ্জ, নোয়াখালী, লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর দায়িত্ব পালন করা একাধিক প্রকল্প ও দপ্তরের কাজ নিয়ে অনিয়ম, দুর্নীতি এবং সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে কিছু বিষয় নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের তথ্যও রয়েছে। কিন্তু এত বিতর্কের পরও তাঁর বিরুদ্ধে কার্যকর বিভাগীয় ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

২০১৯ সালে হবিগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক ছয়তলা হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সে সময় প্রকল্পটির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন সাদ মোহাম্মদ আন্দালিব। নির্মাণকাজের বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। তখন তিনি গণমাধ্যমের কাছে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে।

দুদকের তৎকালীন জেলা উপপরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে তদন্তে প্রকল্পটির বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায় বলে জানা গেছে। তদন্ত শেষে নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠা এবং তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম আসার বিষয়টি তখন ব্যাপক আলোচনা তৈরি করে।

এরপর নোয়াখালী গণপূর্ত বিভাগে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা উত্তোলনের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জেলার ৪৮টি স্থাপনার ৬৮টি মেরামত ও সংরক্ষণকাজের জন্য প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব কাজের জন্য নির্ধারিত সময়সীমা ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই বিভিন্ন কাজের বিপরীতে বিল ও ভাউচার তৈরি করে বরাদ্দের অর্থ তুলে নেওয়া হয়। অথচ মাঠপর্যায়ে পরিদর্শনে অধিকাংশ কাজ অসমাপ্ত থাকার তথ্য সামনে আসে।

এ ছাড়া নোয়াখালী গণপূর্ত বিভাগের বিভিন্ন প্রকল্পে প্রায় ৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগও ওঠে। অভিযোগকারীদের দাবি, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না করেই কাগজে-কলমে কাজ শেষ দেখিয়ে সরকারি অর্থ উত্তোলন করা হয়েছিল। এসব ঘটনায় প্রকল্পের বাস্তব অগ্রগতি, বিল-ভাউচারের সত্যতা এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তৎকালীন নির্বাহী প্রকৌশলী হিসেবে এসব কাজের দায়িত্ব ও তদারকির বিষয়টি নিয়ে সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

একের পর এক অভিযোগের মধ্যে ২০২৩ সালের ২১ মার্চ তৎকালীন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার তাঁকে নোয়াখালী থেকে ফেনী গণপূর্ত বিভাগে বদলির আদেশ জারি করেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই আদেশ কার্যকর হওয়া ঠেকাতে তিনি বিভিন্ন প্রভাবশালী মহলে যোগাযোগ শুরু করেন। এরই মধ্যে ২০২৩ সালের ৪ এপ্রিল তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরযুক্ত একটি ডিও লেটার তৈরি করা হয়। ৮ এপ্রিল সেটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ওই ডিও লেটারের ভিত্তিতে একই দিন তৎকালীন প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের স্বাক্ষরে তাঁর বদলির আদেশ স্থগিত করা হয়। কিন্তু পরবর্তী সময়ে ১৫ এপ্রিল মন্ত্রণালয়ে জমা দেওয়া ডিও লেটারটি ভুয়া বলে শনাক্ত হওয়ার অভিযোগ ওঠে। একজন মন্ত্রীর নাম ও স্বাক্ষর ব্যবহার করে বদলি ঠেকানোর এমন চেষ্টার ঘটনা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। সরকারি দপ্তরের বদলি আদেশ প্রভাবিত করতে ভুয়া সরকারি সুপারিশপত্র ব্যবহারের অভিযোগটি ছিল অত্যন্ত গুরুতর।

এ ঘটনায় তৎকালীন প্রধান প্রকৌশলী শামীম আখতারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে সাদ মোহাম্মদ আন্দালিবকে শাস্তির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করা হয়েছিল। যদিও এ অভিযোগের স্বাধীন প্রমাণ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া প্রয়োজন। পরে ২৩ এপ্রিল জারি করা নতুন প্রজ্ঞাপনে তাঁকে নোয়াখালী থেকে লালমনিরহাট গণপূর্ত বিভাগে বদলি করা হয়। তাঁর বিরুদ্ধে অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানা যায়।

লালমনিরহাটে দায়িত্ব পালনের কয়েক মাসের মধ্যেই আবার কর্মস্থল পরিবর্তন হয় তাঁর। মাত্র চার মাস পর ২০ আগস্ট তাঁকে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগে বদলি করা হয়। অভিযোগ রয়েছে, নিজের পছন্দ অনুযায়ী কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছিলেন। এর আগে ভুয়া ডিও লেটার ব্যবহার করে বদলি ঠেকানোর অভিযোগ সামনে আসার পর স্থানীয় ঠিকাদার ও সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘটনাও ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ নিয়েও বিতর্ক তৈরি হয়। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটি ২০২৫ সালের ১১ আগস্ট পরিদর্শনে যান তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত মুসল্লিরা নির্মাণকাজে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বিভিন্ন ত্রুটির বিষয়ে তাঁর কাছে অভিযোগ করেন। ওই সময় নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবও সেখানে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ধর্ম উপদেষ্টা নির্মাণকাজের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং নির্মাণকাজের ত্রুটি সংশোধনের নির্দেশ দেন। সরকারি অর্থে নির্মিত ধর্মীয় ও জনসেবামূলক স্থাপনায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় প্রকল্পটির কাজের মান ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দেয়।

এতগুলো অভিযোগ ও বিতর্কের পরও বর্তমানে সাদ মোহাম্মদ আন্দালিব ঢাকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, গণপূর্ত অধিদপ্তরের কিছু প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে সখ্য এবং আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি রাজধানীতে সুবিধাজনক পদায়ন পেয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে। একাধিক কর্মস্থলে অভিযোগ ওঠার পরও কেন তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে অধিদপ্তরের ভেতরেও অসন্তোষ রয়েছে বলে দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা।

এদিকে তাঁর ব্যক্তিগত সম্পদ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, সরকারি চাকরির আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের মালিক হয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডির ১০ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ‘লরেল লেকউড’ ভবনের বি/৪ নম্বর ফ্ল্যাটে সপরিবারে বসবাস করেন বলে জানা গেছে। ফ্ল্যাটটির বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। এ ছাড়া তাঁর ব্যবহারের জন্য ঢাকা মেট্রো-গ ১৯-০৯৬০ নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি রয়েছে। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় একাধিক প্লট ও ফ্ল্যাট এবং নিজ জেলা পাবনায় বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য এবং বৈধ আয়ের উৎস সম্পর্কে সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে দুদকের সম্পদ অনুসন্ধান গুরুত্বপূর্ণ হতে পারে।

প্রতিবেদন তৈরির সময় আরেকটি উদ্বেগজনক ঘটনার কথাও সামনে আসে। অভিযোগ রয়েছে, ‘আসাদ’ পরিচয়ে এক ব্যক্তি নিজেকে সাদ মোহাম্মদ আন্দালিবের চাচাতো ভাই পরিচয় দিয়ে প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। +৮৮০১৭৩…৯৯৫ নম্বর থেকে ফোন করে তিনি বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সাদ মোহাম্মদ আন্দালিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই নামে তাঁর কোনো চাচাতো ভাই নেই বলে জানান। সংশ্লিষ্ট ফোন নম্বরটি হোয়াটসঅ্যাপে পাঠানোর পরও তিনি ওই ব্যক্তির সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। ফলে ফোনকারী ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তাঁর সঙ্গে প্রকৌশলী আন্দালিবের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

গণপূর্ত অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, একজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে এতগুলো অভিযোগ ওঠার পরও তাঁকে কীভাবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তাঁদের বোধগম্য নয়। তাঁদের মতে, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং তদন্তের ফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ সরকারি প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে প্রশাসনের জবাবদিহি ও স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়।

দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান-সংক্রান্ত বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে নতুন কোনো দুর্নীতি বা অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যও অনুসন্ধানের সূত্র হিসেবে বিবেচিত হতে পারে। ফলে সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ওঠা অভিযোগ, সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের হিসাব, বদলি ঠেকাতে কথিত ভুয়া ডিও লেটার ব্যবহার এবং তাঁর নামে থাকা সম্পদের উৎস—সব বিষয়ই নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরেও অভিযোগগুলোর বিস্তারিত পাঠিয়ে বক্তব্য চাওয়া হলেও প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।




সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

ডেস্ক নিউজঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি সূত্র।




মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজঃ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিন উপমহাদেশের বিদগ্ধ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন। থেমে যায় মজলুম মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ। মওলানা ভাসানী তার দীর্ঘ কর্মময় জীবনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ-রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম নিরলসভাবে করে গেছেন। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আন্দোলন-সংগ্রামের অগ্রণী কিংবদন্তি।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। আমার দৃঢ়বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।

মওলানা ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে :বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে। তার আদর্শ আমাদের লালন করতে হবে। তিনি আরো বলেন, ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন। এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

ভাসানীর মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালনের আহ্বান এনডিপির : মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। এ উপলক্ষ্যে এক বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মওলানা ভাসানী ছিলেন শুধু বাংলাদেশের নয়, আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

ভাসানীর আদর্শের কোনো মৃত্যু নেই :বাংলাদেশ ন্যাপ :মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাপযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় এ আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের মুক্তি আন্দোলনের মহান নেতা মওলানা ভাসানী বেঁচে থাকবেন অনাদিকাল জুড়ে। এই দেশ ও এই জাতি যত দিন টিকে থাকবে, মওলানা ভাসানীকে কেউ অবহেলা কিংবা অবজ্ঞা করতে পারবে না। তার সংগ্রামী আদর্শের কোনো মৃত্যু নেই। ইতিহাসই তার সঠিক মূল্যায়ন করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।

দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদ্যাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এ উপলক্ষ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ-ভাসানীসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

টাঙ্গাইলে বিভিন্ন অনুষ্ঠান :মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মরহুম ভাসানীর ভক্ত, মুরিদান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষ্যে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের মাজার প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে সাত দিনব্যাপী ‘ভাসানী  মেলা’ শুরু হয়েছে।




মজুরি বোর্ডের স্থগিত সভার তারিখ দ্রুত ঘোষণার আহ্বান পোশাক মালিকদের

ডেস্ক নিউজঃ তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্পের মালিকরা। দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধের প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে মালিকপক্ষ জানায়, সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। সভায় অংশ নেওয়া এবং প্রস্তাবনা উপস্থাপনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিলেন।

তবে শ্রমিকপক্ষের একজন প্রতিনিধি অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গণমাধ্যমের বরাতে বিবৃতিতে বলা হয়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে মালিকপক্ষ আরও জানায়, মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি দ্রুত শেষ করার প্রত্যাশা করছেন তারা। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের তারিখ নির্ধারিত থাকায় দ্রুত মজুরি ঘোষণা করা প্রয়োজন। এতে বাড়তি মজুরি পরিশোধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সময় পাবেন মালিকরা।

এর আগে, তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়। সোমবার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রম মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে স্থগিতের বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন তৈরি পোশাকশ্রমিকেরা। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।




মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট রোববার (১৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরিকে কেন্দ্র করে গঠিত যুদ্ধজাহাজের বহর বা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ন্যাশনাল ও অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদও রণতরিটির মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবর জানিয়েছেন।

এদিকে রোববার যুক্তরাষ্ট্রের মিত্রদেশ বাহরাইনে ড্রোন হামলার দাবি করেছে ইরান। কয়েক দিনের বিরতির পর নতুন করে এই হামলার ঘটনা ঘটল। এর আগে শুক্রবারও দেশটিতে ড্রোন হামলা চালায় ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল প্রথম হামলার ঘটনা।

গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে জ্বালানি সম্পদসমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। নতুন করে বাহরাইনে ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরির আগমনকে অঞ্চলটিতে দেশটির সামরিক শক্তি বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে নতুন এই মোতায়েনের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।




বিশ্ববাজারে তেলের দাম কমল

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসায় বিশ্ববাজারে তেলের সরবরাহ বেড়ে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে কমেছে জ্বালানি তেলের দাম। যদিও এখনো ওই অঞ্চলে জাহাজ চলাচলে হামলার ঘটনা ঘটছে।

এ ছাড়া অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতের পরিমাণ কমেছে। এতে দেশটিতে অপরিশোধিত তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়ায়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা শুক্রবার জানিয়েছে, চলতি বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। ফলে ওই সময়ে বাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসবে।