মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক: সড়কমন্ত্রী

ডেস্ক নিউজঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক এবং এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, দুই দেশের স্বার্থে কীভাবে আরও কার্যকরভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা, রাষ্ট্রীয় পর্যায়ে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।’

এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ আরও জোরদার করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভারত কাজ করছে। পাশাপাশি যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আজকে মূলত দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার কীভাবে ঘটানো যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। ট্রেনটি চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, সাক্ষাতে হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার অব্যাহত দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি তুলে ধরেন হাইকমিশনার।

ওই পোস্টে জানানো হয়, তারা দুই সার্বভৌম রাষ্ট্রের জনগণের পারস্পরিক কল্যাণের জন্য দ্বিপক্ষীয় অংশীদারিকে আরো সুদৃঢ় করার তাৎপর্যের ওপর বিশেষ জোর দেন।




বরখাস্তের ৪ দিন পর বাংলাদেশের বিতর্কিত কোচ বললেন— ‘মেরে ফেলার হুমকি পেয়েছি’

ক্রীড়া ডেস্কঃ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর বরখাস্ত হন অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোনস। সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পরদিন ৪ সেপ্টেম্বর তার সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বরখাস্তের চার দিন পর বাংলাদেশ অধ্যায় নিয়ে মুখ খুলেছেন জোনস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, বাংলাদেশে কাজ করার সময় মেরে ফেলার হুমকি পেয়েছেন।

জোনস লিখেছেন, ‘ফুটবলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা ন্যায্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি কিছু অত্যন্ত বাজে বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং মেরে ফেলার হুমকিও পেয়েছি। আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান।’

জোনসকে বরখাস্ত করার কারণ অবশ্য বাফুফের বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে করা চুক্তি বাতিল করেছে বাফুফে।

তবে বাফুফের একটি সূত্র জানিয়েছিল, গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং ফল বিপর্যয়ের জেরেই জোনসকে সরানো হয়েছে। সেদিন সহকারী কোচের সঙ্গে কথা–কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। পরে জোনস নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

এদিকে জোনস বাংলাদেশের হয়ে কাজ করার সময়টাকে শুধু ফলাফলের দৃষ্টিতে দেখতে রাজি নন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে আমি শুধু জাতীয় দলের ফলাফল নিয়ে কাজ করতে যাইনি। যুব উন্নয়ন, কোচ তৈরি, প্রতিভা শনাক্তকরণ এবং প্রবাসী খেলোয়াড়দের নিয়ে কাজ করার মতো বৃহত্তর পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ছিল খুব কম।’

জোনস আরও লেখেন, ‘অনুশীলনে আমরা যে ফুটবল তৈরি করেছিলাম, মাঠে সেটি ধারাবাহিকভাবে খেলতে পারিনি। দলটি আমাদের প্রস্তুতির সময় যে নীতিগুলো তৈরি করেছিল, তার তুলনায় অনেকটাই অচেনা হয়ে গিয়েছিল।’

বাংলাদেশের ফুটবলের কাঠামো নিয়েও নিজের মূল্যায়ন দিয়েছেন জোনস। তিনি বলেন, ‘এশিয়ার শক্তিশালী দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে খেলোয়াড় বাছাই, অবকাঠামো, ফুটবল সংস্কৃতি ও উচ্চপর্যায়ের খেলোয়াড় তৈরিতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।’




শতভাগ সাক্ষরতার হার অর্জনে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজঃ গত তিন বছর ধরে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশেই স্থবির হয়ে আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে এই হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ। এর ফলে দেশের প্রায় ২২ শতাংশ মানুষ, অর্থাৎ প্রায় চার কোটি মানুষ এখনও পড়তে ও লিখতে জানেন না। এমন প্রেক্ষাপটে শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, শিক্ষার বাইরে থাকা মানুষদের সাক্ষরতার আওতায় আনতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে।

শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে মিড-ডে মিল ও স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের স্কুলমুখী রাখতে ভবিষ্যতে আরও সুবিধা যুক্ত করবে সরকার। পাশাপাশি নৈতিকতা ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করাকেই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা শিক্ষার বাইরে থাকা শিশু ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।




প্রথম দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন

ডেস্ক নিউজঃ একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের জমা অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় ছয় হাজার আমানতকারী সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রায় ২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন।

কর্মকর্তারা বলছেন, প্রত্যাশার তুলনায় প্রথম দিনে আমানত উত্তোলনের পরিমাণ কম।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ ব্যাংকের মোট শাখা রয়েছে ৭৬১টি।

জানা গেছে, আমানত ফেরত পেতে পাঁচ ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে ৭৪ হাজার আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে অর্থের দাবি রয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আমানতকারীদের অর্থ ফেরত দিতে রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করা হয়। পরে সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন শাখায় টাকা পাঠানো হয়।

সোমবার রাজধানীর মতিঝিল, পল্টন ও মালিবাগ এলাকার কয়েকটি শাখা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানতের টাকা তুলতে সকাল থেকেই গ্রাহকেরা ব্যাংকে আসছেন। অনেকেই কোনো জটিলতা ছাড়াই টাকা তুলতে পেরেছেন। দীর্ঘদিন পর নিজেদের জমানো টাকা হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

মতিঝিলে এক্সিম ব্যাংকের একটি শাখায় টাকা তুলতে আসা এক আমানতকারী বলেন, দীর্ঘদিন ধরে টাকা তুলতে না পারায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। এখন ব্যাংক থেকে টাকা তুলতে পারায় তার স্বস্তি ফিরেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান বলেন, ‘আমানত উত্তোলনের জন্য এসে কোনো গ্রাহক ফেরত যাবেন না। যারা টাকা তুলতে আসবেন, সবার টাকা ফেরত দেওয়া হবে।’




নবম পে স্কেলে পেনশন বাড়ছে শতভাগ

ডেস্ক নিউজঃ নবম জাতীয় বেতন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য পেনশনের পরিমাণে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশেষ করে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম ভাতা পাওয়া ব্যক্তিদের আর্থিক স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়াবে সরকার। তবে কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের পরিমাণ ভেদে এই বৃদ্ধির হার সবার ক্ষেত্রে সমান হচ্ছে না বলে নিশ্চিত হওয়া গেছে।

অর্থ বিভাগের একটি সূত্রে জানা গেছে, যেসব অবসরপ্রাপ্ত কর্মীর বর্তমান পেনশনের অঙ্ক কম, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে বেশি। এর বিপরীতে যাদের পেনশন তুলনামূলকভাবে বেশি, তাদের বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম রাখা হচ্ছে। তবে বহুল আলোচিত নির্বাচনী প্রতিশ্রুতি ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) এখনই পূর্ণাঙ্গভাবে চালু করা হচ্ছে না। সামরিক ও বেসামরিক উভয় খাতের জন্য এই ব্যবস্থাটি ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সরকারের প্রধান নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, ভিন্ন ভিন্ন সময়ে একই পদ বা স্কেল থেকে অবসরে যাওয়া কর্মচারীদের ভাতা বৈষম্য দূর করতেই ওআরওপি নীতি গ্রহণের কথা বলা হয়েছিল। বিদ্যমান ব্যবস্থার কারণে অনেক আগে অবসরে যাওয়া কর্মীরা একই পদের নতুন অবসরপ্রাপ্তদের তুলনায় বেশ কম ভাতা পাচ্ছেন। নতুন এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে একই পদবী ও স্কেলের কর্মচারীদের পেনশনের এই ব্যবধান অনেকাংশে কমে আসবে।

বর্তমানে একযোগে ওআরওপি বাস্তবায়ন না করার বিষয়ে তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি জানান, সামরিক ও বেসামরিক উভয় বিভাগে এটি একসঙ্গে কার্যকর করা উচিত হলেও এর জন্য বিপুল পরিমাণ অর্থ সংস্থানের প্রয়োজন রয়েছে।

একই সঙ্গে ২০১৯ সালের আগে অবসরে যাওয়া বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যাদির অভাব রয়েছে। এসব বাস্তবতার কারণেই ২০৩০ মেয়াদের মধ্যে ধাপে ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




‘তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে’

বিনোদন ডেস্কঃ ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।

এদিকে মারধরের একটি ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকটা স্পষ্ট। 

যারা এই হামলা করছিলেন, তাদের এক কর্মী বাঁধনকে দেখিয়ে ভিডিওতে বলছিলেন, ‘সে একজন ‘জুলাই জঙ্গী’। সে এখন ভেনিসে, আমরা ভেনিস ছাত্রলীগ এই দেশদ্রোহী ‘জঙ্গি’কে ধরেছি। ‘দেশকে ধ্বংস করেছে’, এমন অপবাদ-আখ্যা দিয়ে তাকে রীতিমতো হেনস্তা করা হয়। এরপর বাঁধনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সঙ্গে থাকা তার ভাই।

এ ঘটনার পর বাঁধনে আর স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি। চোখে মুখে ব্যাপক আতঙ্ক; আঘাতে মুখ ফুলে লাল। একটি ভিডিও বার্তায় এসে সকলের কাছে ঘটনাটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

সেখানে বাঁধন বলেন, আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার সাথে, আমার সাথে হচ্ছে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে। সো এগুলো তারা করেছে।

বাঁধন বলেন, তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ আমি জুলাই যোদ্ধা।  আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে বলেছে যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে। তো এবং তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।

এই অভিনেত্রী বলেছেন, তো, আওয়ামী লীগের যে কর্মীরা জানেন না যে আমি বাংলাদেশ থেকে যে সিনেমাটা নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আসছি, সেই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে রুবাইয়াত হোসেন, যার বাবা আপনাদের একজন সম্মানিত মন্ত্রী ছিলেন। আপনারা একটু খবর নিয়ে দেখবেন। সো আমি তার সাথে কাজ করেছি এবং জুলাইয়ের পরেই কাজ করেছি।

বাঁধন আরও বলেন, আপনারা যে কাজটা আজকে করেছেন, আমি বলব যে আপনাদের এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বের হয়ে আসা উচিত ছিল যেটা আপনারা করতে পারেন নি। আপনারা ভেবেছেন যে আমরা এইভাবে করেই হয়তো পরবর্তীতে আমাদের জায়গাটা আবার সুগঠিত করতে পারব। সেটা আমার মনে হচ্ছে না আপনাদের এই ধরনের আচরণের কারণে।

শোনা যাচ্ছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভেনিসের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বাঁধন।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। সেই প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।




প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার

ডেস্ক নিউজঃ দেশের প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল ৮ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া বাণীতে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এবারের প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় সাক্ষরতার অর্থ এখন আর শুধু পড়া, লেখা ও গণনার মৌলিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল দক্ষতা, তথ্য ব্যবহারের সক্ষমতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা, জীবনদক্ষতা, পরিবেশ-সচেতনতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা। অর্থাৎ মানুষের উন্নয়ন, পৃথিবীর সুরক্ষা এবং সমৃদ্ধ অর্থনীতি-এই তিনের সংযোগস্থলেই আজকের সাক্ষরতার অবস্থান। এই বাস্তবতাকে সামনে রেখে আমাদের শিক্ষানীতির মূল লক্ষ্য হচ্ছে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ।

তিনি বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের কেন্দ্রে থাকে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতাসম্পন্ন মানুষ। তাই বর্তমান সরকারের কাছে সাক্ষরতা শুধু নিরক্ষরতা দূর করার কর্মসূচি নয়; এটি মানুষের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই সমৃদ্ধির ভিত্তি। বর্তমান সরকার এমন শিক্ষা ও সাক্ষরতা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা মানুষকে শুধু পড়তে ও লিখতে শেখাবে না, পরিবর্তনশীল বিশ্বের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনেও সক্ষম করে তুলবে।

তিনি আরও বলেন, দেশে সবার জন্য কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে এই বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সর্বজনীন প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুর প্রারম্ভিক বিকাশ, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং প্রাথমিক পর্যায় থেকেই মানবিক ও নাগরিক মূল্যবোধ বিকাশে বিনিয়োগ বাড়ানো হবে।

তারেক রহমান বলেন, সাক্ষরতার পরবর্তী ধাপ হবে দক্ষতা, আর দক্ষতার লক্ষ্য হবে আত্মনির্ভরতা ও কর্মসংস্থান। তাই সাক্ষরতা কার্যক্রমকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, ডিজিটাল দক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা জরুরি। বিশেষ করে গ্রামীণ শিক্ষাবঞ্চিত নারী ও গৃহিণীদের জন্য স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল সাক্ষরতার সুযোগ সম্প্রসারণের বিকল্প নেই।

তিনি বলেন, শিক্ষা ও দক্ষতা অর্জনের এই সুযোগ হতে হবে সবার জন্য। শিশু, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মূলধারায় আনতে হবে। কাউকে পেছনে না রেখে প্রত্যেক নাগরিকের জন্য জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের অগ্রাধিকার। একইসঙ্গে শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা ও নাগরিক দায়িত্ববোধের চর্চা জোরদার করা এখন সময়ের দাবি।

তারেক রহমান বলেন, একটি আধুনিক রাষ্ট্রের জন্য শুধু দক্ষ কর্মীই নয়, মানবিকতা এবং ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিকও এক বিশাল সম্পদ। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত, নাগরিক সমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে এই লক্ষ্য বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানাই। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা, সাক্ষরতা, ডিজিটাল সক্ষমতা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

সরকারপ্রধান বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের অঙ্গীকার হোক-সাক্ষরতার আলোকে মানুষের সক্ষমতা বাড়ানো, জ্ঞানের শক্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং সচেতন নাগরিকের অংশগ্রহণে একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ নির্মাণ করা। আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।




২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে আয়োজিত অন্যতম আন্তর্জাতিক পর্যটন মেলা, বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬, আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলায় ২০টিরও বেশি দেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন অংশীজনরা অংশ নিতে যাচ্ছে। আয়োজনটি ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তিন দিনব্যাপী এই মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশের পর্যটন শিল্পের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। পর্যটন খাতের বিকাশ, নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার উদ্দেশ্য। এ বছর বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এ উপলক্ষে আজ ০৭ সেপ্টেম্বর (সোমবার), ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিটিটিএফ ২০২৬-এর রূপরেখা ঘোষণা করা হয়। এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন টোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ। মেলায় ২০০-রও বেশি বুথ ও স্টল, ২২০+ একজিবিটর, ২৫০+ কোয়ালিফাইড বায়ার, ২,৫০০+ ট্রেড ভিজিটর ও ৬০ হাজারেরও বেশি দর্শনার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। একইসাথে, চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে ২০০টিরও বেশি এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটর অংশ নিবে, যা বিটিটিএফ ২০২৬-কে ব্যবসায়ী ও ক্রেতাদের জন্যে একটি বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত করবে বলে আশা করা যাচ্ছে।
মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এছাড়াও, মেলাটি সফলভাবে পরিচালনা করতে এর প্লাটিনাম হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, পিআর পার্টনার হিসেবে ওপাস কমিউনিকেশনস লিমিটেড, টেকনোলোজি পার্টনার হিসেবে এম৩৬০আইসিটি এবং ট্রান্সপোর্ট পার্টনার হিসেবে থাকছে কনভয় সার্ভিস।
২০টিরও বেশি দেশের পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সি এ বছরের মেলায় অংশগ্রহণ করবে। নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা ইতোমধ্যে মেলায় তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। একইসাথে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান থেকে অংশীজনরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। মেলায় আন্তর্জাতিক পর্যটন অংশীদারদের অংশগ্রহণ ডেস্টিনেশন প্রমোশন, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও বিশ্ববাজারের মধ্যে ট্যুরিজম অংশীদারিত্বের আওতা বাড়াতে ব্যাপক ভূমিকা রাখবে।
১৩ বারেরও বেশি সফল আয়োজনের মাধ্যমে বিটিটিএফ দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন বাজারে পরিণত হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মধ্য দিয়ে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির পাশাপাশি, বিটিটিএফ আঞ্চলিক ও আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সহযোগিতা করছে। বিটিটিএফ ২০২৬ বৈশ্বিক পর্যটনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এক্সিবিশন, বিজনেস-টু-বিজনেস নেটওয়ার্কিং, ডেস্টিনেশন প্রমোশন ও অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা এই মেলার মূল উদ্দেশ্য।



ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠতার অভিযোগ থেকে ‘নব্য জাতীয়তাবাদী’: সওজের আবু হেনা তারেক ইকবালকে ঘিরে নানা প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালকে ঘিরে নতুন করে নানা অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময় তিনি সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদ ও সুবিধা নিয়েছেন। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অবস্থানও বদলে এখন নিজেকে জাতীয়তাবাদী ঘরানার লোক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন—এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, সওজে প্রায় ২৭ বছরের কর্মজীবনে আবু হেনা তারেক ইকবাল বিভিন্ন সরকারের সময় ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সুবিধা নিয়েছেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের কর্মকর্তা হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন তিনি। চাকরির শুরু থেকেই রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে পছন্দের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন যোগাযোগমন্ত্রীর নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত চকরিয়া সড়ক উপবিভাগে তদবির করে পোস্টিং নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে সময় নিজেকে জাতীয়তাবাদী ঘরানার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ২০০৬ সালে ঢাকা সড়ক বিভাগের কল্যাণপুর সড়ক উপবিভাগে দায়িত্ব পান তিনি।

তবে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তার কর্মজীবনে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, ঢাকা-আশুলিয়া টোলের অর্থ আত্মসাতের ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজের পরিচয় আবার পরিবর্তন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। তখন তিনি নিজেকে আওয়ামী লীগপন্থী প্রকৌশলী হিসেবে পরিচিত করার চেষ্টা করেন।

ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আবু হেনা তারেক ইকবালের প্রভাব আরও বাড়ে বলে অভিযোগকারীদের দাবি। ওই সময় তিনি নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশ্রাতুন্নেসা কাদেরের কাছে বিভিন্ন সময় উপহার ও উপঢৌকন পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ মহলে নিজের অবস্থান শক্ত করেন। একই সঙ্গে নোয়াখালীর তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন—এমন অভিযোগও রয়েছে। ঢাকা সার্কেলের অধীনে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ও রাজনৈতিক তদবিরের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে। বিভিন্ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা, ঠিকাদারি কাজ, টেন্ডার এবং কমিশন বাণিজ্য নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেগুলোর কারণে তার ক্যারিয়ারে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

বরং এর পরই তার পদোন্নতির পথ আরও সহজ হয় বলে অভিযোগ। তিনি চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান। পরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে বরিশাল সড়ক জোনে যোগ দেন। বরিশালে দায়িত্ব পালনকালে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে হাসনাত আবদুল্লাহর পরিবারের সঙ্গেও তার ঘনিষ্ঠতার কথা উল্লেখ করা হয়েছে। এরপর তিনি কুমিল্লা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন।

অভিযোগকারীদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় সওজের অনেক কর্মকর্তা দীর্ঘদিন চাকরি করেও কাঙ্ক্ষিত পদোন্নতি পাননি। কিন্তু আবু হেনা তারেক ইকবাল রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও মন্ত্রী-এমপিদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তুলনামূলক দ্রুত গুরুত্বপূর্ণ পদে উঠে আসেন। এমনকি আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অনেক কর্মকর্তাও তার প্রভাবের কারণে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেন না বলে অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগের একটি হলো টেন্ডার নিয়ন্ত্রণ। অভিযোগকারীদের দাবি, তার দায়িত্ব পালন করা বিভিন্ন কর্মস্থলে ঠিকাদারি কাজের টেন্ডার নিয়ে একটি প্রভাবশালী বলয় সক্রিয় ছিল। ইজিপি পদ্ধতি চালুর পরও পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ, ঠিকাদার নির্বাচন এবং কমিশন নিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর তদন্ত হয়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগে বলা হয়েছে, ওই সময় আবু হেনা তারেক ইকবাল কিছুদিন নিয়মিত অফিস করেননি। পরে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সামাল দিতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন এবং বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে নিজের অতীত কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ প্রকাশ্যে পাওয়া গেছে কি না, তা স্পষ্ট নয়।

সরকার পরিবর্তনের পর তার রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন আওয়ামী লীগ ঘরানার প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ থাকার পর এখন তিনি নিজেকে বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের অনুসারী হিসেবে পরিচিত করছেন। বর্তমান সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর নাম ব্যবহার করে তার ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সরকার পরিবর্তনের পর তাকে চট্টগ্রাম সড়ক জোনে গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য তদবির করা হয়েছিল। সাবেক সচিবের পক্ষ থেকেও তার পদায়নের সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে কয়েকজন ঠিকাদার ও সওজের বিএনপিপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তাদের আপত্তির কারণে সেই পদায়ন শেষ পর্যন্ত হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

শুধু রাজনৈতিক প্রভাব কিংবা পদোন্নতি নয়, তার বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রাজধানীতে তার একাধিক প্লট ও ফ্ল্যাট, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য সম্পদ রয়েছে। এসব সম্পদের বড় একটি অংশ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। তার নিজের পাশাপাশি স্ত্রী ফারজানা রহমান ভূঁইয়া, সন্তান এবং আত্মীয়-স্বজনের নামে সম্পদ রাখার মাধ্যমে প্রকৃত মালিকানা আড়াল করার অভিযোগও রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ১/১২ পার্ক ভিউ ভবনের এ/১ নম্বর ফ্ল্যাটটির মালিকানা নিয়েও অভিযোগে তথ্য দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা এবং এটি ভাড়া দেওয়া রয়েছে। আবু হেনা তারেক ইকবাল বর্তমানে গুলশানে বসবাস করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদার সঙ্গে আত্মীয়তার পরিচয় ব্যবহার করে রাজধানীতে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগও আনা হয়েছে। এমনকি তার নামে একাধিক প্লট বরাদ্দ নেওয়ার বিষয়েও অভিযোগ করা হয়েছে। তবে এসব সম্পদের মালিকানা, বৈধ উৎস এবং বরাদ্দের বিষয়ে সরকারি নথি যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আবু হেনা তারেক ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোনে সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় তিনি অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, তাকে হেয় করার উদ্দেশ্যেই এসব অভিযোগ সামনে আনা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, আবু হেনা তারেক ইকবালের দীর্ঘ কর্মজীবনের প্রতিটি কর্মস্থলের নিয়োগ, পদায়ন, পদোন্নতি, প্রকল্পের দায়িত্ব, টেন্ডার প্রক্রিয়া এবং সম্পদের হিসাব আলাদাভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। বিশেষ করে তার রাজনৈতিক প্রভাব ব্যবহার, ঠিকাদারি কাজে হস্তক্ষেপ, কমিশন বাণিজ্য, সরকারি অর্থের অনিয়ম এবং সম্পদ অর্জনের অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

আবু হেনা তারেক ইকবাল ২০২৯ সালে অবসরে যাওয়ার কথা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, অবসরের আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তিনি সত্যিই রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে সুবিধা নিয়েছেন কি না, টেন্ডার ও পদায়নে প্রভাব বিস্তার করেছেন কি না কিংবা তার সম্পদের সঙ্গে আয়ের সামঞ্জস্য রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর সরকারি তদন্তেই স্পষ্ট হতে পারে।