কোটি টাকার মাসোহারা থেকে সম্পদের পাহাড়—উত্তর বন্ডে মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফাইল আটকে অর্থ আদায়, বন্ড সুবিধায় অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাস্টমস বন্ড ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)। সেই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ঘিরে ওঠা ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বন্ড সুবিধার অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন রাজস্ব কর্মকর্তা (আরও) বিএম আব্দুল্লাহ আল মাসুম এবং কমিশনারের স্টাফ অফিসার এআরও চৌধুরী গোলাম হাসনাইন ওরফে ‘পিচাস হাসনাইন’।

সংশ্লিষ্টদের অভিযোগ, সদ্য বিদায়ী কমিশনার আবু ওবায়দা ও অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাসুম-হাসনাইন চক্র উত্তর বন্ড কমিশনারেটকে একটি শক্তিশালী ঘুষের সিন্ডিকেটে পরিণত করেছিল।

সম্প্রতি উত্তর বন্ড কমিশনারেটে নতুন কমিশনার নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন কমিশনার অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

প্রতি মাসে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ : সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে যোগদানের পর থেকে মাসুম-হাসনাইন চক্র বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রতি মাসে বিপুল অঙ্কের অর্থ আদায় করেছে। কোনো কোনো সূত্র এই অঙ্ক প্রতি মাসে অন্তত ১০ কোটি টাকা পর্যন্ত বলে দাবি করেছে। অভিযোগ রয়েছে, বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর ফাইল আটকে রাখা, অডিট প্রক্রিয়া শিথিল করা, শোকজ নোটিশ প্রত্যাহার, বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতা তৈরি বা নিরসনের নামে অনৈতিক আর্থিক সমঝোতা করা হতো। বিশেষ করে ডিপ্লোমেটিক বন্ড ওয়্যারহাউসের কার্যক্রম থেকে মাসুমের বিরুদ্ধে প্রতি মাসে ২ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত অবৈধ মাসোহারা আদায়ের অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য, সরকারি একজন রাজস্ব কর্মকর্তার বৈধ আয়ের সঙ্গে এ ধরনের বিপুল অর্থের কোনো সামঞ্জস্য থাকার কথা নয়। ফলে তার আয়-ব্যয়, ব্যাংক হিসাব, কর নথি এবং স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ অনুসন্ধানের দাবি উঠেছে।

‘গুরু ঠাকুর’ ছিলেন অতিরিক্ত কমিশনার—অভিযোগ :
সংশ্লিষ্টদের অভিযোগ, উত্তর বন্ড কমিশনারেটে মাসুম-হাসনাইন চক্রের প্রভাব বিস্তারে সদ্য বিদায়ী অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অভিযোগ অনুযায়ী, সহকারী রাজস্ব কর্মকর্তা ও কমিশনারের স্টাফ অফিসার গোলাম মোহাম্মদ হাসনাইন, কমিশনারের পিএ মজনু মিয়াসহ কয়েকজন সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলা হয়।

এ চক্রের সদস্যরা বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। এমনকি মাসুম ও হাসনাইন যেখানে কর্মরত ছিলেন, সেখানেই নিজেদের ঘনিষ্ঠদের নিয়ে পৃথক নেটওয়ার্ক গড়ে তুলতেন—এমন অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের।

হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তার পদ নিয়ে প্রশ্ন
অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাসুমের পদায়ন। সংশ্লিষ্টদের দাবি, চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে বদলি হয়ে উত্তর বন্ড কমিশনারেটে আসার পর জ্যেষ্ঠতা ও প্রশাসনিক নিয়ম উপেক্ষা করে অঘোষিত তদবিরের মাধ্যমে তিনি কমিশনারেটের গুরুত্বপূর্ণ ‘হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তা’ পদটি বাগিয়ে নেন।

এ পদে থেকেই তিনি কমিশনারেটের গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এই পদ ব্যবহার করে তিনি বিভিন্ন ফাইল, অডিট, শোকজ এবং বন্ড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করতেন এবং আর্থিক সমঝোতার সুযোগ তৈরি করতেন।

স্ত্রীর নামে বিপুল সম্পত্তির অভিযোগ৷ : মাসুমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ তার পরিবারের নামে সম্পদ অর্জন। অভিযোগ অনুযায়ী, মাসুমের স্ত্রী সানজিদা আফরিন লিপির নামে রাজধানীর ভাটারা মৌজায় বিপুল ভূ-সম্পত্তি রয়েছে।

অভিযোগকারীদের দাবি, গৃহিণী হিসেবে পরিচিত লিপির দৃশ্যমান কোনো স্বতন্ত্র আয়ের উৎস না থাকলেও তার নামে উল্লেখযোগ্য সম্পত্তি নিবন্ধিত হয়েছে।

তথ্য অনুযায়ী, ভাটারা মৌজার জেএল নং ১৫, নামজারি খতিয়ান নং ২৯৭১৬, দাগ নং ২০৭৬৩-এর সম্পত্তি নিয়ে ২০১৯-২০ অর্থবছরে ৩৭৫৬(IX-I) নম্বর নামজারি মামলার তথ্য পাওয়া যায়। তবে ওই জমির পরিমাণ নিয়েই সরকারি নথিতে বড় ধরনের অসামঞ্জস্যের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী— মূল নামজারি খতিয়ানে জমির পরিমাণ ০.৪০০০ একর, অর্থাৎ ৪০ শতাংশ বা ২৪ কাঠা, আবার ডিজিটাল ভূমি রেকর্ডে একই সম্পত্তির পরিমাণ ৪.৯৬ একর, অর্থাৎ প্রায় ৩০০ কাঠা দেখানো হয়েছে। এই নথিগত গরমিলের প্রকৃত কারণ কী—তা ভূমি অফিসের রেকর্ড যাচাই করে নির্ধারণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অভিযোগকারীদের দেওয়া বর্তমান বাজারদরের হিসাব অনুযায়ী, ভাটারা এলাকায় প্রতি কাঠা জমির মূল্য ৬০ লাখ থেকে ১.৫ কোটি টাকা ধরলে ৪০ শতাংশ জমির আনুমানিক মূল্য দাঁড়ায় ১৫ থেকে ৩৬ কোটি টাকা। আর ডিজিটাল রেকর্ডে দেখানো ৪.৯৬ একর জমির মূল্য ৩০০ কোটি টাকারও বেশি হতে পারে বলে তাদের দাবি। তবে জমির প্রকৃত মালিকানা, পরিমাণ ও বর্তমান বাজারমূল্য সংশ্লিষ্ট সরকারি রেকর্ড ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

‘চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগ’—গুরুতর অভিযোগ : মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো, বন্ড সুবিধায় পণ্য আমদানি করে খোলা বাজারে বিক্রি করে দেওয়া একটি চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, সন্ধ্যার পর রাজধানীর উত্তরার বিভিন্ন অভিজাত বারে তাদের নিয়মিত আড্ডা বসত এবং সেখানে বন্ড সুবিধাভোগী ও চোরাচালান সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো। এমনকি মাসুম ও হাসনাইন পরোক্ষভাবে সিঅ্যান্ডএফ ব্যবসার সঙ্গে যুক্ত—এমন অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

‘ঘুষের টাকায় অঢেল সম্পদ’—তদন্তের দাবি :
সংশ্লিষ্টদের অভিযোগ, মাসুম ও হাসনাইন স্বল্প সময়ের চাকরিজীবনেই বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্ত্রী ও আত্মীয়দের নামে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকা ছাড়াও খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন স্থানে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের মতে, এসব সম্পদের বৈধ উৎস যাচাই করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে। এ কারণে মাসুম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন, জমি-ফ্ল্যাটসহ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

রাজস্ব ব্যবস্থায় কী প্রভাব পড়ছে ? কাস্টমস বন্ড ব্যবস্থা মূলত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেয়। ফলে এ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি রপ্তানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিযোগকারীদের ভাষ্য, গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে যদি কোনো কর্মকর্তা ফাইল আটকে বা ছাড়ার বিনিময়ে অর্থ আদায় করেন, তাহলে সেটি শুধু ব্যক্তিগত দুর্নীতির বিষয় থাকে না; এর প্রভাব পড়ে ব্যবসার পরিবেশ, রাজস্ব আদায় এবং পুরো বন্ড ব্যবস্থার ওপর। নাম প্রকাশ না করার শর্তে বন্ড কমিশনারেটের এক সাবেক কর্মকর্তা বলেন, হেডকোয়ার্টার রাজস্ব কর্মকর্তার পদটি কমিশনারেটের গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে যুক্ত। ফলে এই পদকে কেন্দ্র করে সংঘবদ্ধ অনিয়ম হলে তার প্রভাব পুরো প্রতিষ্ঠানেই পড়ে।

বদলির গুঞ্জন, নাকি ‘নিজেই বদলির চেষ্টা ’? এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর বিএম আব্দুল্লাহ আল মাসুমকে উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট থেকে বদলি করা হতে পারে—এমন গুঞ্জন রয়েছে। অন্যদিকে, অভিযোগ ধামাচাপা দিতে তিনি নিজেই অন্যত্র বদলির চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে। তবে বদলি সংক্রান্ত এ দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

দুদকের নজরদারি ও তদন্তের দাবি : মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি : অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। বিশেষ করে—মাসুম ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন এবং স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য যাচাই, ডিপ্লোমেটিক বন্ড ওয়্যারহাউসসহ সংশ্লিষ্ট বন্ড প্রতিষ্ঠানগুলোর ফাইল, লেনদেন ও অডিট কার্যক্রম পরীক্ষা, মাসুমের স্বাক্ষরিত ফাইল নোটিং ও সিদ্ধান্তগুলো পর্যালোচনা, বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট আর্থিক লেনদেন ও যোগাযোগের আইনসম্মত নথি পর্যালোচনা—এসব পদক্ষেপ নেওয়া।

নতুন কমিশনারের সামনে বড় চ্যালেঞ্জ : উত্তর বন্ড কমিশনারেটে নতুন কমিশনার নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা এখন এক জায়গায়—অভিযোগগুলো কতটা সত্য, তা নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসবে কি না।

সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং নবনিযুক্ত কমিশনারের প্রতি মাসুম-হাসনাইন চক্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ দ্রুত তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষায়, কাস্টমস বন্ডের মতো স্পর্শকাতর রাজস্ব ব্যবস্থায় কোনো ‘ঘুষ সিন্ডিকেট’ যদি সত্যিই সক্রিয় থাকে, তাহলে শুধু কয়েকজন কর্মকর্তার বদলি নয়—পুরো চক্রের আর্থিক লেনদেন, সম্পদ ও প্রশাসনিক যোগসূত্র খুঁজে বের করাই হবে সবচেয়ে জরুরি কাজ।

অভিযোগগুলোর বিষয়ে বিএম আব্দুল্লাহ আল মাসুম, চৌধুরী গোলাম হাসনাইন, সদ্য বিদায়ী কমিশনার আবু ওবায়দা এবং অতিরিক্ত কমিশনার দেলোয়ার হোসেনের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যথাযথভাবে সংযুক্ত করা হবে।




জাল সনদ থেকে বদলি বাণিজ্য—গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামানকে ঘিরে একের পর এক অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বদলি-পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার থেকে কমিশন নেওয়া, ভুয়া পিএইচডি সনদ ব্যবহার, জ্যেষ্ঠতা অমান্য করে পদোন্নতি, সহকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি এবং গুরুত্বপূর্ণ ভবনের নকশা অনুমোদনে সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পাশাপাশি সরকারি চাকরিতে থাকা অবস্থায় দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করেও পদোন্নতি পাওয়ার বিষয়টিও নতুন করে প্রশ্ন তুলেছে।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর জ্যেষ্ঠ প্রকৌশলীদের পেছনে ফেলে খালেকুজ্জামান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর নিজের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি প্রভাবশালী বলয় তৈরি করেন তিনি। এই বলয়ের মাধ্যমে বদলি-পদায়ন, পদোন্নতি এবং বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, এই সময় অধিদপ্তরের প্রশাসনিক সিদ্ধান্তগুলোতে একটি নির্দিষ্ট মহলের প্রভাব বাড়তে থাকে।

এই সিন্ডিকেটে সংস্থাপন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান, ঢাকা সার্কেল-১ থেকে সদ্য বদলি হওয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান এবং ঢাকা সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর নাম রয়েছে। অভিযোগকারীদের দাবি, বদলি-পদায়নসহ বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে এসব কর্মকর্তার মাধ্যমে সমন্বয় করা হতো। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো প্রমাণিত অপরাধের স্বীকারোক্তি পাওয়া যায়নি।

গণপূর্তের কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোভ তৈরি হয়েছে বদলি প্রক্রিয়া নিয়ে। মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বচ্ছতা আনতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলির ব্যবস্থা করা হলেও উপবিভাগীয় প্রকৌশলীদের বদলিতে সেই স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, লটারি হওয়ার আগেই পছন্দের কর্মকর্তাদের নাম নির্দিষ্ট বাক্সে রাখা হয়। পরে সেই নাম ওঠার মাধ্যমে ঢাকার গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের সুযোগ তৈরি করা হয়েছে।

বদলি প্রক্রিয়ায় নিজ জেলা বাদ দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগের মধ্যে পদায়নের নিয়ম থাকার কথা। কোনো বিভাগে কর্মকর্তার সংখ্যা বেশি হলে অতিরিক্ত কর্মকর্তাদের অন্য বিভাগে দেওয়ার ব্যবস্থাও ছিল। পাশাপাশি ঢাকা থেকে ঢাকায় পোস্টিং না দেওয়ার নীতির কথাও বলা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, ‘অতিরিক্ত কর্মকর্তা’ দেখিয়ে আগে থেকেই কয়েকজনের নাম ঢাকা জেলার লটারির বাক্সে রাখা হয়। পরে তাদের নাম লটারিতে ওঠার পর ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন কর্মস্থলে পদায়ন দেওয়া হয়।

এ নিয়ে কয়েকজন প্রকৌশলী কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। তাদের অভিযোগ, ঢাকা বিভাগের জন্য ‘ঢাকা জেলা’ ও ‘ঢাকা বিভাগ’ নামে আলাদা দুটি লটারির বাক্স রাখা হলেও ঢাকা জেলার বাক্সে দেশের অন্য এলাকার কর্মকর্তাদের নাম কীভাবে যুক্ত হলো, সেটি পরিষ্কার নয়। বিশেষ করে উপবিভাগীয় প্রকৌশলী সিভিলের ঢাকা জেলার বাক্সে লটারির আগে ৪১ জনের নাম যুক্ত করার অভিযোগ উঠেছে।

বদলির ক্ষেত্রে কয়েকজন কর্মকর্তার নাম নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। আবু তাহের মোহাম্মদ খাইরুল বাশারকে রংপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ উপবিভাগে, গোলাম রাব্বিকে লালমনিরহাট থেকে রক্ষণাবেক্ষণ উপবিভাগে এবং ছাইফুল ইসলামকে নারায়ণগঞ্জ থেকে হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে বদলি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইভাবে এ এস এম সাখওয়াত ইসলামকে মিরপুর উপবিভাগে এবং রেজাউল করিম মিঠুকে ঢাকা সম্পদ উপবিভাগে পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীরা বলছেন, এ এস এম সাখওয়াত ইসলাম এর আগে রাজারবাগ গণপূর্ত উপবিভাগ-১, গণপূর্ত রেলওয়ে ডাইভারশন উপবিভাগ এবং শেরে-বাংলা উপবিভাগে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি বগুড়ায় হলেও আবার ঢাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে ফরিদপুরের রেজাউল করিম মিঠু মতিঝিল গণপূর্ত উপবিভাগ, শেরে-বাংলা উপবিভাগ-৩ এবং মহাখালী উপবিভাগ হয়ে ঢাকা গণপূর্ত উপবিভাগ-৭-এ দায়িত্ব পালন করার পর এবার ঢাকা সম্পদ উপবিভাগে পদায়ন পেয়েছেন।

জয় চৌধুরীর বদলি নিয়েও অভিযোগ রয়েছে। তার নাম চট্টগ্রাম রক্ষণাবেক্ষণ উপবিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে লটারিতে ওঠার পর নিজ জেলার কারণ দেখিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় বলে অভিযোগ। অথচ ঢাকা নিজ জেলা হওয়া সত্ত্বেও মো. মেহবুবুর রহমানকে পিলখানা গণপূর্ত উপবিভাগ এবং মোহাম্মদ জহিরুল ইসলামকে রমনা গণপূর্ত উপবিভাগ-৩-এ পদায়ন দেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

অন্যদিকে প্রকৌশলী বরকত মজুমদার ও শেখ মোহাম্মদ এনামুল হকের ক্ষেত্রেও ভিন্ন চিত্র দেখা গেছে। তাদের নিজ জেলা ঢাকা বিভাগের মধ্যে হলেও তাদের চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে বদলি করা হয়েছে। ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসাইনের নাম একই সঙ্গে ফরিদপুর ও নরসিংদীর লটারিতে ওঠার বিষয়টিও প্রশ্নের জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত তাকে ফরিদপুরে পদায়ন করা হয়।

আরেক প্রকৌশলী আসাদুজ্জামান সাদ চাকরিজীবনে ঢাকার বাইরে দায়িত্ব পালন করেননি বলে অভিযোগ রয়েছে। উত্তরা উপবিভাগ, ঢাকা গণপূর্ত উপবিভাগ-৩, ঢাকা গণপূর্ত উপবিভাগ-৬ বা হাইকোর্ট এবং পরে তেজগাঁও উপবিভাগে দায়িত্ব পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। মো. মামুনুর রশিদের ক্ষেত্রেও দীর্ঘ সময় সাভারে দায়িত্ব পালনের পর চট্টগ্রামে বদলি এবং এক বছরের মধ্যে গাজীপুরে পদায়নের পর আবার ঢাকায় পোস্টিং পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।

নেত্রকোনার ইজাজ আহমেদ খানের ক্ষেত্রেও লটারি প্রক্রিয়া নিয়ে অভিযোগ রয়েছে। তার নাম ময়মনসিংহ বিভাগের আওতায় থাকার কথা থাকলেও লটারির আগে তাকে ঢাকার বাক্সে নেওয়া হয় বলে অভিযোগ। পরে তিনি শেরেবাংলা নগর উপবিভাগ-৯ থেকে ধানমন্ডিতে পদায়ন পান বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

বদলি-পদায়নের ক্ষেত্রে শুধু অনিয়ম নয়, অর্থ লেনদেনের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের অন্তত ৬৫ কর্মকর্তা ও প্রকৌশলীকে পছন্দের কর্মস্থলে নেওয়ার জন্য ১০ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। এসব অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ কর্মস্থলে পোস্টিং দেওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে প্রভাবশালী বা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কিছু কর্মকর্তাকে পুনরায় গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগও রয়েছে।

চলতি বছরের ৩ মার্চ একদিনে গণপূর্ত অধিদপ্তরের অর্ধশতাধিক নির্বাহী প্রকৌশলী, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীকে বদলির আদেশ দেওয়া হয়। এত বড় পরিসরে বদলির আগে মন্ত্রণালয়কে যথাযথভাবে অবহিত করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। পরে বিষয়টি নিয়ে প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীকে ব্যাখ্যা দিতে বলা হয় বলে জানা গেছে। তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় ৫ ও ৮ মার্চ পৃথক আদেশে আগের গণবদলির বড় একটি অংশ বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে শুধু বদলি বাণিজ্য নয়, প্রকল্পের বিল নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, কোনো কোনো প্রকল্পের কাজকে একাধিক প্যাকেজ হিসেবে দেখিয়ে প্রকৃত কাজের তুলনায় বেশি অর্থ উত্তোলন করা হয়েছে। কোথাও কাজ শেষ না করেই বিল দেওয়ার অভিযোগও রয়েছে। কিছু কর্মকর্তার বিরুদ্ধে নারীঘটিত ঘটনা, ব্ল্যাকমেইল, দলীয় প্রভাব ব্যবহার এবং অফিসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগের তথ্য থাকার পরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, বিভিন্ন অনিয়মের কারণে যেসব কর্মকর্তা সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত বা দায়িত্ব থেকে সরানো হয়, তাদের আবার চাকরিতে ফিরিয়ে আনার ক্ষেত্রেও প্রধান প্রকৌশলীর পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া এগুলোকে প্রমাণিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।

খালেকুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে পুরোনো এবং গুরুতর অভিযোগগুলোর একটি হলো ভুয়া পিএইচডি সনদ ব্যবহার। সরকারি নথি অনুযায়ী, উচ্চতর শিক্ষা ছুটিতে যাওয়ার জন্য তিনি যে পিএইচডি সনদ ব্যবহার করেছিলেন, সেটি নিয়ে বিভাগীয় মামলা হয়। তদন্তে সনদ জালিয়াতি ও অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তিনি নিজের দোষ স্বীকার করেছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। পরে তাকে এক বছরের জন্য বেতন বৃদ্ধি বন্ধ রাখার মতো লঘুদণ্ড দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ নেত্রী প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর প্রভাবেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। খালেকুজ্জামান তাকে ফুফু বলে ডাকতেন বলেও বিভিন্ন নথি ও সংশ্লিষ্টদের বক্তব্যে উল্লেখ রয়েছে। শাস্তি পাওয়ার কয়েক বছরের মধ্যেই তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন। এরপর মাত্র কয়েক মাসের ব্যবধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদেও পদোন্নতি পান। ফলে একই বছরে দুই দফায় পদোন্নতি পাওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন রয়েছে।

১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত চাকরিজীবনে বিভিন্ন সরকারি প্রেষণ ও ছুটির সুযোগে প্রায় ১১ বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন খালেকুজ্জামান—এমন তথ্যও সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, পদোন্নতির সুযোগ তৈরি হলেই তিনি দেশে ফিরে আসতেন। ফলে দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও কীভাবে তিনি ধারাবাহিকভাবে পদোন্নতি পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

খালেকুজ্জামানের পদোন্নতির পথ পরিষ্কার করতে তার কয়েকজন জ্যেষ্ঠ সহকর্মীকে টার্গেট করার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার দাবি, প্রধান প্রকৌশলী হওয়ার প্রতিযোগিতায় থাকা সিনিয়রদের বিরুদ্ধে জুলাইয়ের আন্দোলন-সংক্রান্ত মামলা ও বিভিন্ন অভিযোগের নথি সুপিরিয়র সিলেকশন বোর্ডে বা এসএসবিতে পাঠানো হয়। এতে তাদের পদোন্নতির পথে বাধা তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের জ্যেষ্ঠতার তালিকায় মো. আবুল খায়ের, উৎফল কুমার দে এবং মো. খালেকুজ্জামান চৌধুরীর নাম ছিল। অভিযোগ রয়েছে, তালিকায় জ্যেষ্ঠতার দিক থেকে পিছিয়ে থাকা খালেকুজ্জামান নিজের নামকে প্রথম দিকে রাখেন। একই সঙ্গে মো. শহিদুল আলম এবং ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দারের নামও সংশ্লিষ্ট তালিকায় ছিল।

এ নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, রামপুরা থানার একটি মামলায় কৌশলে ৪৭ জন প্রকৌশলীর নাম যুক্ত করে তাদের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি এসএসবির সামনে তুলে ধরা হয়েছিল। অভিযোগকারীদের দাবি, এসব মামলা ছিল সাজানো এবং প্রতিদ্বন্দ্বী কর্মকর্তাদের পদোন্নতির পথ আটকে দেওয়ার কৌশল। তবে মামলাগুলোর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা নির্ধারণে আইনগত তদন্ত প্রয়োজন।

খালেকুজ্জামানের বিরুদ্ধে আরেকটি বড় প্রশ্ন তৈরি হয় রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের নকশা অনুমোদন নিয়ে। ২০২৪ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনটিতে ৪৬ জনের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন। পরে তদন্তে উঠে আসে, ২০১১ সালে ভবনটির নকশা অনুমোদনের সঙ্গে তৎকালীন রাজউকের অথরাইজড অফিসার হিসেবে মো. খালেকুজ্জামান চৌধুরীর সম্পৃক্ততা ছিল।

তদন্তে ভবনটিতে জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকা এবং অগ্নিকাণ্ডের সময় নিরাপদে বের হওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকার বিষয়টি সামনে আসে। এত বড় প্রাণহানির পর ভবনটির অনুমোদন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, তদন্তে নিজের সম্পৃক্ততা কমিয়ে দেখানোর জন্য খালেকুজ্জামান বিভিন্নভাবে তদবির করেছিলেন। যদিও ভবনটির নকশা অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরাইজড অফিসারসহ অন্যান্য কর্মকর্তার দায়িত্বের বিষয়টি আলাদাভাবে তদন্তের দাবি রাখে।

এতসব অভিযোগের মধ্যেই ২০২৫ সালের ২৮ অক্টোবর খালেকুজ্জামান চৌধুরী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান। এরপর থেকেই বদলি, পদোন্নতি, টেন্ডার এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আরও বাড়তে থাকে। তার বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন বা দুদকে অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে।

অভিযোগগুলোর বিষয়ে খালেকুজ্জামান চৌধুরীর বক্তব্যও রয়েছে। তিনি দাবি করেছেন, উপবিভাগীয় প্রকৌশলীদের বদলিতে কোনো অনিয়ম হয়নি এবং বিষয়টি মন্ত্রণালয় অবগত। নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। তাই তাদের ক্ষেত্রে লটারির পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বদলি করা হবে। সিনিয়র প্রকৌশলীদের প্রতিযোগী ভেবে তাদের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলার নথি মন্ত্রণালয়ে পাঠানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তার কোনো প্রতিযোগী নেই।

অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, উপবিভাগীয় প্রকৌশলীদের বদলিতে অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি করা হবে না—এমন সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব প্রধান প্রকৌশলীকে দেওয়া হয়নি বলেও জানান তিনি।

প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে থাকা সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত নথি মন্ত্রণালয়ে পাঠানো এবং তাদের হয়রানির অভিযোগের বিষয়ে সচিব বলেন, গণপূর্ত অধিদপ্তরে কর্মকর্তারা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন। বর্তমান প্রধান প্রকৌশলীকে নিয়েও বিভিন্ন অভিযোগ আসছে এবং বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। তিনি আরও জানান, খালেকুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যেষ্ঠতার তালিকায় তার অবস্থান তৃতীয়। প্রধান প্রকৌশলী পদে নিয়োগের জন্য যোগ্যতা যাচাই-বাছাই করে এসএসবিতে পাঠানো হয়েছে। তালিকা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত হবে।

ফলে খালেকুজ্জামান চৌধুরীকে ঘিরে ওঠা অভিযোগগুলো এখন শুধু ব্যক্তিগত বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই; এগুলো গণপূর্ত অধিদপ্তরের বদলি, পদোন্নতি, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রশাসনিক স্বচ্ছতার ওপরও প্রশ্ন তুলছে। ভুয়া সনদ ব্যবহারের পুরোনো অভিযোগ থেকে শুরু করে বর্তমান বদলি-পদায়ন, প্রকল্পের বিল, জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং সহকর্মীদের বিরুদ্ধে মামলা—সব অভিযোগেরই নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা স্পষ্ট হতে পারে। একই সঙ্গে যেসব অভিযোগ প্রমাণিত হবে, সেগুলোর বিষয়ে আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংশ্লিষ্টদের মধ্যে।




চলতি মাসে আসছে সারভর্তি ৭ জাহাজ

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্য সংকটের কারণে কিছুদিন অনিশ্চয়তা তৈরি হলেও নন-ইউরিয়া সার আমদানি আবার গতি পেয়েছে। রবি ও বোরো মৌসুমের আগে সরবরাহ ও মজুদ বাড়াতে চলতি সেপ্টেম্বরেই ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), মিউরেট অব পটাশ (এমওপি) ও ট্রিপল সুপার ফসফেটের (টিএসপি) সাতটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

সার নিয়ে দেশের পথে থাকা জাহাজগুলোর মধ্যে একটি ডিএপি, চারটি এমওপি এবং দুটি টিএসপি বহন করছে। এসব জাহাজে আসছে মোট আড়াই লাখ টন সার। এর মধ্যে দেড় লাখ টন এমওপি, ৬০ হাজার টন টিএসপি ও ৪০ হাজার টন ডিএপি। আগামী মাসে ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে আরো প্রায় ১০টি জাহাজ দেশে আসার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ও কৃষি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

কৃষি মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে টিএসপি বহনকারী দুটি জাহাজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে একটি ৮ সেপ্টেম্বর এবং অন্যটি ১১ সেপ্টেম্বর পৌঁছাতে পারে। দুটি জাহাজে মোট ৬০ হাজার টন টিএসপি রয়েছে, যা মরক্কো থেকে আমদানি করা হচ্ছে। একই দেশ থেকে ৪০ হাজার টন ডিএপি নিয়ে আরেকটি জাহাজও ৮ সেপ্টেম্বর দেশের বন্দরে পৌঁছানোর কথা।

এছাড়া চলতি মাসে মোট দেড় লাখ টন এমওপি দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে রাশিয়া থেকে ৩৫ হাজার টন করে দুটি লটে মোট ৭০ হাজার টন এবং কানাডা থেকে ৪০ হাজার টন করে দুটি লটে মোট ৮০ হাজার টন এমওপি আমদানি করা হচ্ছে। চারটি লটের মধ্যে দুটি চলতি সপ্তাহে এবং বাকি দুটি যথাক্রমে ১৩ ও ১৫ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিএডিসির হিসাবে, চলতি সেপ্টেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পিক সিজনে দেশে ডিএপির চাহিদা হবে ১১ লাখ ২৭ হাজার টন। এর বিপরীতে বর্তমানে জাহাজে থাকা সারসহ আগামী জানুয়ারির মধ্যে আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন ডিএপির পরিমাণ ৬ লাখ ৮০ হাজার টন।

একই সময়ে এমওপির চাহিদা ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার টন। চলতি মাসে দেশে আসার অপেক্ষায় থাকা চালানসহ আমদানি প্রক্রিয়াধীন ও আলোচনাধীন এমওপির পরিমাণ ৬ লাখ ৮০ হাজার টন।

অন্যদিকে পিক সিজনে টিএসপির চাহিদা হবে ৫ লাখ ১৯ হাজার টন। এর বিপরীতে চূড়ান্ত আমদানি প্রক্রিয়ায় থাকা এবং জিটুজি চুক্তির আওতায় আলোচনাধীন টিএসপির পরিমাণ ৩ লাখ ৬০ হাজার টন।

সেপ্টেম্বরে সাতটি জাহাজে সার আসার পর আগামী অক্টোবরেও ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে আরো প্রায় ১০টি জাহাজ দেশে আসার কথা রয়েছে। এসব চালানের আমদানি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে।

বিএডিসির সার আমদানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগামী জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে ডিএপি, এমওপি ও টিএসপি নিয়ে ১০-১২টি করে জাহাজ দেশে আসবে। সেপ্টেম্বরের চালানগুলো এরই মধ্যে দেশের পথে রয়েছে। অক্টোবরের চালানগুলোর মধ্যে কয়েকটির লোডিং শেষ হয়েছে, আর কয়েকটি এখনো লোডিং পর্যায়ে রয়েছে। পরবর্তী মাসগুলোর চালানের ঋণপত্রও (এলসি) দ্রুত খোলা হবে।’

কৃষি অর্থনীতিবিদদের মতে, অক্টোবরের শেষ দিক থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দেশে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে শীতকালীন সবজি, আলু, পেঁয়াজ ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। একই সঙ্গে দেশের প্রধান খাদ্যশস্য বোরো ধানের আবাদও শুরু হয়। ফলে বছরের মোট সারের চাহিদার প্রায় ৪০ শতাংশই পড়ে এ শীতকালীন মৌসুমে।

কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘সামনে রবি ও বোরো মৌসুম। বর্তমানে যে পরিমাণ সার আমদানি হচ্ছে, তা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সামনের মৌসুমে সারের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। তাই এখন থেকেই সরবরাহ ও মজুদ বাড়াতে হবে। একই সঙ্গে শুধু আমদানির ওপর নির্ভর না করে দেশীয় কারখানাগুলোতেও উৎপাদন বাড়ানো জরুরি। অন্যান্য সারে সম্ভব না হলেও অন্তত ইউরিয়া উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। এজন্য আমদানি স্বাভাবিক রাখার পাশাপাশি দেশীয় উৎপাদনও বাড়াতে হবে।’

আমন মৌসুম ঘিরে বেশ কিছুদিন ধরে সার না পাওয়ার অভিযোগ করছিলেন দেশের বিভিন্ন জেলার কৃষকরা। তারা ডিলারের কাছে সার না পাওয়া, বাড়তি দামে কিনতে বাধ্য করার মতো নানা অভিযোগও করেন। এরই মধ্যে কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে কৃষকদের সার নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা দেশজুড়ে আলোড়ন তৈরি করে। এরই পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থান নেয় কৃষি মন্ত্রণালয়। দায়িত্বে গাফিলতির অভিযোগে বেশ কয়েকজন কৃষি কর্মকর্তাকে বদলিও করে সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে সারের কোনো সংকট নেই।

সার্বিক বিষয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘সার আমদানি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতি মাসের চাহিদার হিসাব অনুযায়ী কোনো মাসে বেশি, কোনো মাসে কম সার আমদানি করা হয়। বছরে আমাদের প্রায় ৫০-৫৫ লাখ টন সার আমদানি করতে হয়। এত সার একসঙ্গে আনা সম্ভব নয়, আবার রাখার মতো পর্যাপ্ত গুদামও নেই। দীর্ঘদিন গুদামে রাখলে সারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই চাহিদা অনুযায়ী সার আমদানি করে কৃষকের কাছে পৌঁছে দেয়া হয়।’

সার আমদানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা প্রতিটি সার ন্যূনতম তিনটি উৎস থেকে আমদানি করি, যাতে একটি উৎস থেকে সরবরাহ ব্যাহত হলে অন্য উৎস থেকে সংগ্রহ করা যায়। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সৌদি আরব ও কাতার থেকে কিছুদিন সার আমদানি বন্ধ ছিল। পরে তারা হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প রুটে সরবরাহ শুরু করেছে। আমরাও এখন হরমুজ প্রণালি এড়িয়ে সার আমদানি করছি। ফলে আমদানি নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।’

সৌজন্যে: বণিক বার্তা




কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।’

শনিবার বিকালে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে বিকাল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সভা শুরু হয়।

সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই যে, বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবো। গণতান্ত্রিক নীতি-নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করবো।’

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়; সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে বলে দেওয়া আছে। কাজেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা দরকার।’

দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে। সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করেও নিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে আছে। শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন, তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’




৭৫০ কেজি মাদক জব্দের মামলায় মিশরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ মাদক তৈরি ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি, মাদক উৎপাদন ও পাচারের উদ্দেশ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠনের অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফা ও অপর ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় দেন। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরিতে ব্যবহৃত উপকরণ সংগ্রহ করে তা দিয়ে মাদক উৎপাদন ও পাচারের পাশাপাশি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগও রয়েছে।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। অনুষ্ঠানটিতে নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সারাহ খলিফার দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তাঁর ভাষ্য, জীবনে এর আগে তিনি কখনো মাদক দেখেননি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার এল-ইয়োম জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে কৃত্রিম মাদক উৎপাদন ও তা পাচারের উদ্দেশ্যে রাখার অভিযোগ আনা হয়েছে।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক তৈরির জন্য ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্টকে পরীক্ষাগার হিসেবে ব্যবহার করার তথ্য পাওয়া গেছে। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।

মামলার বিচারকাজে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। পাশাপাশি আসামিদের মধ্যে কথোপকথনের রেকর্ড ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

এ ছাড়া সারাহ খলিফাসহ কয়েকজনকে এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। সারাহ খলিফার একটি কসমেটিক সার্জারি ক্লিনিক ও অনুষ্ঠান আয়োজনের জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।

সূত্র: গার্ডিয়ান 




আজ রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজঃ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে যাবেন তিনি।  

জানা যায়, রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি; সাজানো হয়েছে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান।

এদিকে সফরকালে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন। নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন তার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা আছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরে শহরের সেনুয়া কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল। বেলা তিনটায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে তিনি নিজ বাড়িতে যাবেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করবেন তিনি।

এর আগে, গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।




অজ্ঞান পার্টির নতুন টার্গেট অটোরিকশা চালক

নিজস্ব প্রতিবেদকঃ একটু পরিচয়, এরপর গল্প। সহযাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ। কখনো খাবার, কখনো পানীয় দেওয়ার প্রস্তাব। আস্থা তৈরি হলেই সুযোগ বুঝে চেতনানাশক দ্রব্য প্রয়োগ। কিছুক্ষণের মধ্যেই অচেতন যাত্রী। আর সেই সুযোগে টাকা, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও চক্রের সদস্যরা। রাজধানীসহ দেশের বিভিন্ন যাত্রাপথে বহুদিন ধরে এভাবেই সক্রিয় অজ্ঞান পার্টি। সর্বশেষ গত এক বছরে তাদের খপ্পরে পড়ে সারা দেশে ৩২ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে দীর্ঘদিন ধরে বাস, ট্রেন, টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় যাত্রীদের টার্গেট করা হলেও এখন অন্যতম টার্গেটে পরিণত হচ্ছেন অটোরিকশা চালকরা। রাজধানীতে গত আট মাসে তিন জন অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। তিনটি ঘটনাতেই অটোরিকশা লুট করা হয়েছে। এই চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিরাপত্তাহীন চালকেরা: রাজধানীর ব্যস্ত সড়কে প্রতিদিন হাজারো অটোরিকশাচালক জীবিকার তাগিদে বের হন। যাত্রী বহন করতে গিয়ে কখনো তারা হয়ে উঠছেন অজ্ঞান পার্টি চক্রের টার্গেট। তাদের হামলায় ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রাজধানীতে অন্তত তিন জন অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনটি ঘটনার ধরনও এক নয়। একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, একজনকে অচেতন করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে এবং আরেকজনের মরদেহ উদ্ধার হয়েছে মাটিচাপা অবস্থায়।

গত ১০ মার্চ রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ ভাঙারি গলি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার মালিক সিকান্দার মিয়াকে কয়েক জন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৮ জুন রাত ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন দিদারুল ইসলাম। পরদিন ভোরে ওয়ারীর নবাবপুর রোড এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২ জুলাই রাতে তার মৃত্যু হয়। পুলিশের তদন্তে উঠে আসে, যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। সিসিটিভি বিশ্লেষণের পর কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দিদারুলের ছিনতাই হওয়া অটোরিকশা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

এছাড়া জুলাইয়ে পূর্ব বাড্ডার অটোরিকশাচালক অলিউর রহমান ওরফে অলি নিখোঁজ হন। কয়েক দিন পর উলারটেক এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে তার মাটিচাপা মরদেহ উদ্ধার করা হয়।

দিদারুলের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। যাত্রী সেজে রিকশা বা অটোরিকশায় ওঠা, চালকের সঙ্গে সখ্য তৈরি করা এবং সুযোগ বুঝে তাকে অচেতন করে যানবাহন নিয়ে পালিয়ে যাওয়াই তাদের কৌশল বলে জানিয়েছে পুলিশ।

বিশেষজ্ঞদের মতে, রিকশা ও অটোরিকশা চালকদের নিরাপত্তায় নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, রাতে সিসিটিভি নজরদারি বাড়ানো, সন্দেহজনক যাত্রীদের তথ্য সংরক্ষণ এবং চালকদের জরুরি সহায়তার ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি চুরি বা ছিনতাই হওয়া রিকশা দ্রুত বিক্রি হয়ে যাওয়ার পথ বন্ধ করতে পুরোনো যানবাহনের কেনাবেচাতেও নজরদারি বাড়াতে হবে।




ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়। তবে এখন থেকে এ ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা উল্লেখ করা হয়।

পোস্টে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়:

১. বার্থ ট্যুরিজম (শিশুর জন্য আমেরিকার নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া)

২. যুক্তরাষ্ট্রের কোনও নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা।

৩. ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা।

৪. পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ।

উল্লেখ্য, সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য ‘বি১’ ভিসা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। আর পর্যটন-চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি২’ ভিসা দিয়ে থাকে।

এর আগে, গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।




মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

ক্রীড়া ডেস্কঃ লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন বার্তার মাধ্যমে জাতীয় দলকে চিরবিদায় জানান এই স্প্যানিশ তারকা।

যেখানে মার্কোস লরিয়েন্তে লেখেন, ‘অনেক ভেবেচিন্তে জাতীয় দলের হয়ে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জানি যে বয়স এখনো কম। হয়তো ভালোভাবে খেলতে পারলে এই জার্সিতে আরও কয়েক বছর খেলার সুযোগ থাকত। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ভেবেচিন্তে নিয়েছি। অনেক আবেগঘন এক সিদ্ধান্ত।’

নিউজার্সিতে গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জেতে স্পেন। স্প্যানিশদের এটা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। যদিও ফাইনালটা তিনি কাটিয়েছেন বেঞ্চে বসেই। তাবুও বিশ্বকাপজয়ী দলের অংশ তিনি। ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলেছেন তিন ম্যাচ। একটা অ্যাসিস্টও করেছেন।

বিশ্বকাপে খেলা কিংবা স্পেনের বিশ্বকাপ জেতা-এত কিছু ভেবে লরিয়েন্তের অবসরের পরিকল্পনা ছিল না। আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে রেখেছিলেন তিনি।

ইনস্টাগ্রামে স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, ‘আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝতে পারবেন না। সত্যি বলতে বাইরে থেকে দেখলে হয়তো এটা নিজেও বুঝতে পারতাম না। কিন্তু এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বকাপে যেতাম কি না কিংবা আমরা বিশ্বকাপ জিততাম কি না-সেটা বিবেচ্য বিষয় ছিল না। কারণ, এরই মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

বিদায় বেলায় সতীর্থ, ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লরিয়েন্তে।

তিনি আরও লিখেছেন, ‘বিগত বছরগুলোতে যাদের সঙ্গে আমার দেখা হয়েছে এবং যারা আমার পরিবার ও আমাকে অসাধারণ ও অবিস্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি চিরকাল কৃতজ্ঞ। আমি যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সবকিছুই হৃদয়ে ধরে রাখব। তবে বিশেষ করে এই শেষ ৫২ দিনকে। এমন এক অসাধারণ দলের সঙ্গে, যারা স্পেনকে শীর্ষে তুলে ধরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে। তারা সেটা করে দেখিয়েছে।’

২০২০ থেকে ২০২৬ পর্যন্ত স্পেনের জার্সিতে ২৭ ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। কোনো গোল করতে না পারলেও অ্যাসিস্ট করেছেন চার গোলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ তার স্পেনের জার্সিতে একমাত্র শিরোপা।




নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৪

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪৪ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ বন্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, হিমালয়ে হিমবাহ ধসে উপত্যকাজুড়ে কয়েকটি হ্রদের সৃষ্টি হয়। পরে সেসব হ্রদের পানি তিব্বত সীমান্তবর্তী কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ধেয়ে যায়। এতে ব্যাপক মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এ বন্যায় নেপালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা ঘরবাড়ি পুনর্গঠনের চেষ্টা করছেন। একই সঙ্গে পানিদূষণ এবং সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বিদুরে পানীয় জলের ১৫টি উৎসের মধ্যে পাঁচটিতে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। মানুষের বা প্রাণীর মলে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। ভোটেকোশি নদীর বন্যায় নেপালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বিদুর।

নিহতদের পরিচয় শনাক্ত করতে ব্যাপকভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। বন্যা-পরবর্তী উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, মরদেহ ব্যবস্থাপনা এবং সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কাজে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, দ্য হিন্দু