সারা দেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে পরবর্তী পাঁচ দিনেও এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার : সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টির আভাস রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার : সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও মাঝারি, কোথাও ভারি বৃষ্টি হতে পারে। তবে এসময়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার : সকাল ৯টা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রয়েছে ভারি বৃষ্টিরও আভাস।
এ সময় তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

সোমবার : দেশের বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি, কিছু জায়গায় ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা এ সময়ে অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।




জাতীয় সংসদে আরও ১০ সংসদীয় স্থায়ী কমিটি গঠন

ডেস্ক নিউজঃ জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে কণ্ঠভোটে এসব কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়কে। কমিটিতে রয়েছেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, মোসাম্মৎ শামীমা সুলতানা, মোহাম্মদ গোলাম রসূল ও মোহাম্মদ রায়হান সাঈদী।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এ কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন রকিবুল ইসলাম। সদস্য হিসেবে থাকছেন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, হাবিবুল ইসলাম, লুৎফর রহমান, মো. রুহুল আমিন দুলাল, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে রাখা হয়েছে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে। কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসিম উদ্দিন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মাছুম মোস্তফা ও মোহাম্মদ আবু তালিব।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কলিম উদ্দিন আহমেদকে। এতে সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল খায়ের ভূইয়া, মো. তমিজ উদ্দিন, মো. হারুনুর রশিদ, মোবাশ্বের আলম ভূইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী, সাইদ উদ্দিন আহমদ হানজালা ওবায়দুল্লাহ সালাফী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আমানউল্লাহ আমান। কমিটিতে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান, ইয়াসের খান চৌধুরী, নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন, জামালপুর-৩ আসনের মো. মোস্তাফিজুর রহমান বাবু, মো. মজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ জি কে গউছ। সদস্য হিসেবে আছেন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শেখ ফরিদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মান্নান, সরোয়ার আলমগীর, সুলতানা জেসমিন, মো. মাহবুবুল আলম, মো. আব্দুল আলীম ও মো. আবুল কালাম আজাদ।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন নাসের রহমান। এ কমিটিতে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফ উদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রফিকুল ইসলাম জামালকে। কমিটির সদস্যরা হলেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), মোহাম্মদ শামীম কায়সার, আতাউর রহমান খান, নূরুল আমিন, নিপুন রায় চৌধুরী, সূবর্না সিকদার, মো. নূরুল আমিন, মো. আবুল হাসান ও মো. আব্দুল খালেক।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সেলিমা রহমান। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা ও বিলকিস বেগম।




সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন কংসের মতো নিষ্ঠুর শাসক এ দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি এখন দেশ পুনর্গঠনের পালা। তবে দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছে।

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দেশ সবার। নাগরিক হিসেবে এ দেশে প্রত্যেকের অধিকার সমান। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী জীবন পরিচালনা করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও বিএনপি বিশ্বাস করে—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

এর আগে সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নয়জন সেবায়েত ও পুরোহিতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একই সময়ে সারাদেশে আরও ৬৪ জন সেবায়েত ও পুরোহিতকে ভাতা দেওয়া হয়।




দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

ডেস্ক নিউজঃ দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। 
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। বুধবার এ দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।



‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তদন্তে ৩ সদস্যের কমিটি

বিশেষ প্রতিবেদকঃ ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা। নিউজ হোক আর যাই হোক, আমার কিছুই হবে না—আমার বিরুদ্ধে যারা সাংবাদিকদের কাছে তথ্য দিচ্ছে, তাদের দেখে নেব।’

রাজধানীর বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিমকে ঘিরে ওঠা এমন বিস্ফোরক অভিযোগ এখন আর শুধু অভিযোগের পর্যায়ে নেই; বিষয়টি গড়িয়েছে আনুষ্ঠানিক তদন্তে। ঘুষ-দুর্নীতি, এমপিও ফাইল আটকে অর্থ আদায়, নিয়োগে অনিয়ম ও প্রভাব বিস্তার, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম এবং সাংবাদিকদের তথ্যদাতাদের ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইসিপ/SESIP) থেকে জারি করা এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ফলে বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে ওঠা নানা অভিযোগের সত্য-মিথ্যা নির্ধারণে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তদন্ত কমিটির প্রতিবেদন।

‘ডিজির লোক’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ : গণমাধ্যমে আব্দুল হাকিমকে নিয়ে অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে নতুন করে প্রভাব বিস্তারের অভিযোগ সামনে আসে।

অভিযোগ রয়েছে, গত ২৮ আগস্ট রাজধানীর রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন শিক্ষকের কাছে আব্দুল হাকিম নিজেকে মাউশির মহাপরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দেন। এমনকি তার বিরুদ্ধে যতই লেখালেখি হোক, তাতে তার কোনো ক্ষতি হবে না বলেও মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন শিক্ষক।

বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের ঢাকা জেলা রোভারের আওতাধীন ‘আমরা স্কাউটস গ্রুপ, ঢাকা’-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো—বিদ্যালয় ভবনেই বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের অস্থায়ী কার্যালয় রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অভিযোগ রয়েছে, একই সময়ে সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহকারী ব্যক্তিদের ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন আব্দুল হাকিম। তবে এসব বক্তব্যের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত নয়। আর ঠিক এ কারণেই তদন্ত কমিটির কাছে সংশ্লিষ্টদের বক্তব্য, অনুষ্ঠানের ভিডিও ও সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

‘মুখ খুললেই ক্যারিয়ার শেষ’—শিক্ষকদের মধ্যে আতঙ্ক ? নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেছেন, আব্দুল হাকিমের বিরুদ্ধে কেউ কথা বললে বিভাগীয় ব্যবস্থা কিংবা ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার ভয় দেখানো হয়। তাদের অভিযোগ, বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশের পর বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের অধীন প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ফলে অনেকে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। অভিযোগকারীদের ভাষ্য, তদন্ত কমিটি সংশ্লিষ্ট শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের বক্তব্য গ্রহণ করলে এ অভিযোগের বাস্তবতা যাচাই করা সম্ভব হবে।

‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচনেও অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ : প্রতি বছর ‘শ্রেষ্ঠ শিক্ষক’ ও ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচন নিয়েও আব্দুল হাকিমের বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, বাড্ডা থানা শিক্ষা অফিসের আওতাধীন সাতারকুল উচ্চ বিদ্যালয়, বেরাইদ মুসলিম উচ্চ বিদ্যালয়, ছোলমাইদ স্কুল এন্ড কলেজ, খিলবাড়ির টেক উচ্চ বিদ্যালয় এবং আলতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের যোগ্য ও দক্ষ প্রধান শিক্ষকদের উপেক্ষা করে পছন্দের ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে রামপুরা একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানকে নিয়মবহির্ভূতভাবে পরপর দুইবার ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, অনিয়মের অভিযোগে ওই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত রয়েছে। যদিও আব্দুল হাকিম এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, মিজানুর রহমান ব্যক্তিগত পছন্দে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্বীকৃতি পেয়েছেন।

সমন্বয় কমিটির অর্থে ‘দুইজনের নিয়ন্ত্রণ’ ?
বাড্ডা থানা শিক্ষা অফিসে গঠিত সমন্বয় কমিটির অর্থ ব্যবস্থাপনাকে ঘিরেও উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ অনুযায়ী, নিয়ম অনুযায়ী একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারাকে অর্থ সম্পাদক করা হলেও তিনি কার্যত ছিলেন নামমাত্র। কমিটির আয়-ব্যয়ের নিয়ন্ত্রণ শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের হাতে ছিল বলে অভিযোগ করা হয়েছে। এমনকি মনগড়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় ক্ষমতার অপব্যবহার করে হোসনেয়ারাকে কমিটি থেকে বাদ দেওয়ার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। তবে আব্দুল হাকিম এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। তার দাবি, এ ধরনের কোনো কমিটি নিয়ন্ত্রণের বিষয়েই তিনি অবগত নন।

এমপিও ফাইল আটকে ‘নিয়োগের শর্ত’ দেওয়ার অভিযোগ : আব্দুল হাকিমের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি উঠেছে রাজধানীর ছোলমাইদ স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল নিয়ে।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন এমপিও ফাইল আটকে রাখার পর আব্দুল হাকিম শর্ত দেন—তার ঘনিষ্ঠ অফিস সহকারী সোহেল, তার বোন এবং বোনের স্বামীকে নিয়োগ দেওয়া হলে তবেই এমপিও ফাইল ফরওয়ার্ড করা হবে। পরিস্থিতির চাপে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই নিয়োগ দিতে বাধ্য হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের মতে, সংশ্লিষ্ট সময়ের ইএমআইএস সেলের তথ্য, নিয়োগ পরীক্ষার নথি, ফাইলের গতিবিধি এবং নিয়োগসংক্রান্ত কাগজপত্র যাচাই করলেই অভিযোগের সত্যতা বেরিয়ে আসতে পারে। তবে আব্দুল হাকিম এ অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, কোনো নিয়োগ তার একক সিদ্ধান্তে হয় না; মাউশির মহাপরিচালকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির মাধ্যমে বিধি অনুযায়ী নিয়োগ সম্পন্ন হয়।

‘ফাইল নড়ে না টাকা ছাড়া’—কল রেকর্ড ঘিরে প্রশ্ন :
অভিযোগের মাত্রা আরও বাড়িয়েছে দুই প্রধান শিক্ষকের কথোপকথনের একটি কল রেকর্ড। ওই কথোপকথনে এক শিক্ষক অপরজনকে বলেন—“এমপিও নিয়ে যে কথা বলতে যায়, তারেই শেষ করে হালায় স্যার… আমার স্কুল থেকে কত লাখ টাকা নিছে স্যার এমপিও’র থেকে। প্রতিটা ফাইল পাঠানোর জন্য স্যার কত টাকা করে এমপিও নেয়!” কথোপকথনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরোনো বই সংগ্রহ, অতিরিক্ত বইয়ের চাহিদা দেওয়া, পরে সেগুলো অফিসে জমা নেওয়া এবং বই বিক্রির অর্থের হিসাব না দেওয়ার অভিযোগও উঠে এসেছে বলে দাবি করা হয়।

‘সেবা নেই টাকা ছাড়া’—প্রায় এক ডজন শিক্ষকের অভিযোগ : নাম প্রকাশে অনিচ্ছুক প্রায় এক ডজন শিক্ষক অভিযোগ করেছেন, ইএমআইএস সেলের পাসওয়ার্ড থেকে শুরু করে এমপিও, উচ্চতর স্কেল, বিএড স্কেল কিংবা টাইম স্কেল—কোনো ফাইলই টাকা ছাড়া এগোয় না এনটিআরসিএ কিংবা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির ফাইল প্রেরণের ক্ষেত্রেও অর্থ দাবির অভিযোগ করেছেন তারা।

কয়েকজন শিক্ষক আরও অভিযোগ করেছেন, কোনো কোনো প্রতিষ্ঠানের সভাপতির সঙ্গে যোগসাজশ করে প্রধান শিক্ষকদের পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে।

দুদকে মামলা—দাবি : অভিযোগকারীদের, অস্বীকার আব্দুল হাকিমের
একাধিক শিক্ষক দাবি করেছেন, আব্দুল হাকিমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে এবং সেটি চলমান। তবে এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন আব্দুল হাকিম। তার ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত কয়েকজন অসাধু শিক্ষক পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব তথ্য ছড়াচ্ছেন।

‘সংবাদ প্রকাশ ব্ল্যাকমেইল’—অভিযুক্ত কর্মকর্তার দাবি :
তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন আব্দুল হাকিম। ‘ডিজির লোক’ পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “ডিজি মহোদয় আমাদের সবার অভিভাবক।”

অনুষ্ঠানে কোনো বিতর্কিত বক্তব্য দেননি বলেও দাবি করেন তিনি। তার মতে, অভিযোগের সত্যতা যাচাই করতে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও অনুষ্ঠানের ভিডিও রেকর্ড পর্যালোচনা করা যেতে পারে। সংবাদ প্রকাশের বিষয়টিকে তিনি ‘ব্ল্যাকমেইল’ করার চেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, বাড্ডা থানার অধীন ১৫টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপস্থিতিতে সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে বসে তিনি অভিযোগগুলোর বিস্তারিত জবাব দিতে প্রস্তুত। নিয়োগের বিষয়ে তার বক্তব্য, কোনো নিয়োগ তার একক সিদ্ধান্তে হয় না। মাউশির মহাপরিচালকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির মাধ্যমে বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচনের অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, মো. মিজানুর রহমান মেধা ও যোগ্যতার ভিত্তিতেই স্বীকৃতি পেয়েছেন। সমন্বয় কমিটির অর্থ নিয়ন্ত্রণ ও অর্থ আত্মসাতের অভিযোগও নাকচ করেছেন তিনি।

‘প্রমাণ ছাড়া সংবাদ হলে আইনগত ব্যবস্থা’ : আব্দুল হাকিম বলেন, প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ করা হলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের সম্পাদকের সঙ্গে সরাসরি আলোচনার জন্য একই দিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে বৈঠকের প্রস্তাব দেন। অভিযোগগুলোর তথ্য-প্রমাণ নিয়ে সংশ্লিষ্টদের সামনে আলোচনা করতেও তিনি প্রস্তুত বলে জানান। ভবিষ্যতে প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মাউশির ডিজির নির্দেশে তদন্ত, ৩ সদস্যের কমিটি :
আব্দুল হাকিম নিজেকে মাউশির মহাপরিচালকের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দেন—এমন অভিযোগসহ প্রকাশিত সংবাদে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, আলোচিত বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত এবং এরই মধ্যে প্রয়োজনীয় আলোচনা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে এসইসিপ প্রকল্পের প্রকল্প পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ৩১ আগস্ট ২০২৬ তারিখে স্মারক নং মাউশি/সেসিপ/১-১৬৯/শৃংখলা/২০১৫ (অংশ-১)/৩০৮৯-এর মাধ্যমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন—

অধ্যাপক মিনহাজউদ্দীন আহমেদ, সহকারী পরিচালক-৩ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—সভাপতি। মো. খায়শেদ আলম, সহকারী পরিচালক-৫ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—সদস্য। মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক-১ (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা—সদস্য সচিব। আদেশে কমিটিকে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।
আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এসইসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. আমিনুল ইসলাম। আদেশের অনুলিপি মাউশির মহাপরিচালক ও এসইসিপের প্রোগ্রাম পরিচালক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল), উপপরিচালক (প্রশাসন), জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকা এবং বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

‘তদন্ত শুরু হয়েছে’—এসইসিপ : এ বিষয়ে এসইসিপ প্রকল্পের যুগ্ম পরিচালক (পিডি অ.দা.) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। মাউশির মহাপরিচালকের নির্দেশনা এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। তার বক্তব্য, সরকারি বিধিমালা ও সার্ভিস রুল অনুযায়ী শুধু অভিযোগের ভিত্তিতে কাউকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত বা শাস্তি দেওয়া যায় না। অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরই বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, যথাযথ আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগের সত্যতা যাচাইয়ের তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

অভিযোগের পাহাড়, এখন ‘সাত কর্মদিবসের’ পরীক্ষা :
একদিকে প্রায় এক ডজন শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিযোগ—ঘুষ ছাড়া এমপিও ও অন্যান্য সেবা পাওয়া কঠিন, ফাইল আটকে অর্থ আদায়, নিয়োগে প্রভাব বিস্তার, পছন্দের ব্যক্তিকে ‘শ্রেষ্ঠ’ নির্বাচিত করা, আর্থিক ব্যবস্থাপনায় অনিয়ম এবং অভিযোগকারীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড্ডা থানা শিক্ষা অফিসে প্রভাব বিস্তার করা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল হাকিমের দাবি—এসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত; কয়েকজন অসন্তুষ্ট ও বিতাড়িত শিক্ষক পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

এখন প্রশ্ন একটাই—অভিযোগগুলোর পেছনে কি সত্যিই কোনো অনিয়মের তথ্য-প্রমাণ রয়েছে, নাকি এগুলো পরিকল্পিত অপপ্রচার?
তার উত্তর খুঁজতেই তদন্ত কমিটির সামনে রয়েছে এমপিও ফাইলের গতিবিধি, ইএমআইএস তথ্য, নিয়োগসংক্রান্ত নথি, আর্থিক হিসাব ও ভাউচার, সংশ্লিষ্টদের বক্তব্য, কথিত কল রেকর্ড, অনুষ্ঠানের ভিডিও এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাইয়ের সুযোগ। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পথ খুলবে। আর অভিযোগ মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হলে সেটিও স্পষ্ট হবে।

তবে ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—এমন বক্তব্য আদৌ দেওয়া হয়েছিল কি না, এমপিও ফাইল ঘিরে অর্থ লেনদেনের অভিযোগের বাস্তবতা কতটুকু, নিয়োগ ও ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচন প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছিল কি না—এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখন নির্ভর করছে সাত কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা সেই তদন্ত প্রতিবেদনের ওপর।




আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র

ডেস্ক নিউজঃ অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার বিকালে সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, আজ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

এবার দুদকের মুখপাত্র প্রকাশ্যে নিশ্চিত করলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে।

এর আগে, আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তদবির-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর গত ফেব্রুয়ারিতে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।




১৯ বছর একই জায়গায় জাগৃকের মিরাজ: ১৭ কোটি থেকে লিফটের ব্যয় ৪৯ কোটি, সাবস্টেশন-জেনারেটর-অগ্নিনিরোধকেও অস্বাভাবিক ব্যয়বৃদ্ধি

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) মোহাম্মদপুর এলাকার একটি আবাসন প্রকল্পে লিফটসহ ইলেক্ট্রো-মেকানিক্যাল সরঞ্জাম কেনাকাটায় অনুমোদিত ব্যয়ের তুলনায় বিপুল পরিমাণ অর্থ বাড়ানোর অভিযোগ উঠেছে। ‘দোলনচাঁপা-কনকচাঁপা’ নামের প্রকল্পটিতে ৪৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম সংশোধনীতে একাধিক গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এর মধ্যে ১৯টি লিফট কেনার জন্য মূল প্রস্তাবে যে অর্থ বরাদ্দ ছিল, সংশোধনীতে তা বাড়িয়ে প্রায় তিন গুণ করা হয়েছে। ফলে শুধু লিফট কেনাতেই অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে ৩১ কোটি টাকার বেশি।

প্রকল্পটির ইলেক্ট্রো-মেকানিক্যাল (ইএম) বিভাগের আওতায় যেসব কোম্পানিকে কাজ দেওয়া হবে, ইতোমধ্যে সেগুলোও নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শুধু লিফট নয়, জেনারেটর, অগ্নিনিরোধক ব্যবস্থাপনা, বৈদ্যুতিক সাবস্টেশনসহ অন্যান্য সরঞ্জাম কেনাকাটাতেও অনুমোদিত দরের চেয়ে বিপুল পরিমাণ অর্থ বেশি খরচ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব কাজের সঙ্গে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (ইএম) মো. মিরাজ হোসেন জড়িত বলে জানা গেছে।

জাগৃকের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, নির্বাহী প্রকৌশলীর চেয়ারে বসে গত দেড় যুগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩০টি প্রকল্পের ইলেক্ট্রো-মেকানিক্যাল বিভাগের সব ধরনের কেনাকাটার সঙ্গে যুক্ত ছিলেন মিরাজ হোসেন। এসব প্রকল্পেই উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপিতে নির্ধারিত অর্থের চেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে বলে তাদের অভিযোগ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অতিরিক্ত অর্থ ঠিকাদারদের সঙ্গে ভাগাভাগি করা হয়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সরকার আসে সরকার যায়, কিন্তু প্রকৌশলী মিরাজ হোসেন একই অবস্থানে বহাল রয়েছেন। ২০০৬ সালের ২২ অক্টোবর তিনি যে বিভাগে দায়িত্ব নিয়েছিলেন, প্রায় ১৯ বছর পরও সেই বিভাগেই রয়েছেন। এত দীর্ঘ সময় একই বিভাগে একই পদে থাকার বিষয়টি নিয়ে জাগৃকের ভেতরে প্রশ্ন রয়েছে।

জাগৃকের যেসব প্রকল্পে ইলেক্ট্রো-মেকানিক্যাল বিভাগের কেনাকাটায় মিরাজ হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে স্বপ্ননগর আবাসিক প্রকল্প-১ ও ২, মিরপুর ৩৬০ ফ্ল্যাট প্রকল্প, লালমাটিয়া ৮৮ ফ্ল্যাট প্রকল্প, লালমাটিয়া ৫৪ ফ্ল্যাট প্রকল্প, লালমাটিয়া অফিসার্স কোয়ার্টার, লালমাটিয়া বাণিজ্যিক মার্কেট, যশোর বাণিজ্যিক প্রকল্প, মিরপুর গ্রেনেড হামলা প্রকল্প, চট্টগ্রামের পাঁচটি ফ্ল্যাট প্রকল্প, কক্সবাজার ফ্ল্যাট প্রকল্প, বগুড়া ফ্ল্যাট প্রকল্প, দিনাজপুর ফ্ল্যাট প্রকল্প, সেগুনবাগিচা গৃহায়ন ভবন এবং যশোর ফ্ল্যাট প্রকল্প। এসব প্রকল্পের ডিপিপি যাচাই করলে প্রকৃত ব্যয় ও অনুমোদিত ব্যয়ের পার্থক্যসহ সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে বলে দাবি করেছেন জাগৃকের কর্মকর্তারা। একই সঙ্গে এসব কেনাকাটায় পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর যথাযথভাবে মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে।

সর্বশেষ যশোর বাণিজ্যিক প্রকল্পেও লিফট কেনাকে কেন্দ্র করে মিরাজ হোসেন আলোচনায় এসেছেন বলে কর্মকর্তারা জানান। তাদের দাবি, সেখানে ১০ কোটি টাকার লিফট ১৪ কোটি ৬৫ লাখ টাকায় কেনা হয়েছে। এরপরও ‘ম্যানেজ মাস্টার’ হিসেবে পরিচিত মিরাজ হোসেনের অবস্থান নড়েনি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

জাগৃকের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, লিফট কেনাকাটাকে কেন্দ্র করে কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সুযোগ করে দেওয়ার মাধ্যমে নিজের প্রভাব ধরে রাখেন মিরাজ হোসেন। তাদের দাবি, এসব কর্মকর্তাকে বিদেশ সফরে নিয়ে যাওয়ার পাশাপাশি ইচ্ছেমতো ডলার দিয়ে প্রমোদভ্রমণের ব্যবস্থা করা হয়। এরপর মিরাজ হোসেনের ভূমিকা নিয়ে আর কেউ প্রশ্ন তোলেন না।

মোহাম্মদপুরের ‘দোলনচাঁপা-কনকচাঁপা’ প্রকল্পটির মূল প্রাক্কলিত ব্যয় ছিল ৪৬৯ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদিত প্রথম সংশোধনীতে প্রকল্পটির ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৫৪১ কোটি ২১ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ সংশোধনীতে প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় ৭২ কোটি ৩ লাখ টাকা। মূল ব্যয়ের তুলনায় এই বৃদ্ধি প্রায় ১৫ দশমিক ৩৫ শতাংশ।

প্রকল্পটির ৪৩০টি ফ্ল্যাট নির্মাণের জন্য মূল প্রস্তাবে ১৯টি লিফট কেনায় ব্যয় ধরা হয়েছিল ১৭ কোটি ২০ লাখ ৮৭ হাজার টাকা। প্রথম সংশোধনীতে এই ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৪৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ লিফট কেনার খরচ বেড়েছে ৩১ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকা। প্রকল্প ব্যয়ের মোট বৃদ্ধির প্রায় ৭২ কোটি টাকার মধ্যে কেবল লিফট কেনার ক্ষেত্রেই অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে ৩১ কোটি টাকার বেশি।

লিফটের পাশাপাশি বৈদ্যুতিক সাবস্টেশন খাতেও ব্যয় বাড়ানো হয়েছে। মূল প্রস্তাবে ১০টি বৈদ্যুতিক সাবস্টেশনের জন্য ব্যয় ধরা হয়েছিল ৬ কোটি ১০ লাখ ৯৪ হাজার টাকা। সংশোধনীতে সাবস্টেশনের সংখ্যা ১০টি থেকে কমিয়ে ৮টি করা হলেও ব্যয় বাড়িয়ে করা হয়েছে ৮ কোটি ৩৯ লাখ ১১ হাজার টাকা। অর্থাৎ ইউনিটের সংখ্যা কমার পরও এ খাতে ব্যয় বেড়েছে ২ কোটি ২৮ লাখ ১৭ হাজার টাকা।

একইভাবে বৈদ্যুতিক জেনারেটরের সংখ্যাও ১০টি থেকে কমিয়ে ৮টি করা হয়েছে। অথচ মূল প্রস্তাবে এ খাতে ২ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা বরাদ্দ থাকলেও সংশোধনীতে তা বাড়িয়ে ৪ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা করা হয়েছে। ফলে জেনারেটর খাতে অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

বৈদ্যুতিক পাম্প-মোটরের ক্ষেত্রেও ব্যয় বেড়েছে। মূল প্রস্তাবে প্রতি সেটের দাম ধরা হয়েছিল ৮ লাখ ৩০ হাজার টাকা। সংশোধনীতে প্রতি সেটের দাম নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৪৭ হাজার টাকা। এর ফলে এ খাতে অতিরিক্ত ব্যয় দাঁড়িয়েছে ৬৬ লাখ ২১ হাজার টাকা।
নিরাপত্তাসংক্রান্ত অগ্নিনিরোধক ব্যবস্থাপনা খাতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। মূল প্রস্তাবে এ খাতে ব্যয় ধরা হয়েছিল ৬ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা। সংশোধনীতে জব সংখ্যা ১০টি থেকে কমিয়ে মাত্র ২টি করা হলেও ব্যয় বাড়িয়ে ৯ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ কাজের পরিমাণ বা জব সংখ্যা কমার পরও এ খাতে ব্যয় বেড়েছে ৩ কোটি ৩১ লাখ ৩২ হাজার টাকা।

ফোর্স ভেন্টিলেশন খাতেও ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। মূল প্রস্তাবে এ খাতে ব্যয় ছিল ৪৮ লাখ টাকা। সংশোধনীতে তা বাড়িয়ে করা হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ অতিরিক্ত ব্যয় বেড়েছে ১ কোটি ৪৫ লাখ ৯ হাজার টাকা।
জাগৃকের কর্মকর্তাদের অভিযোগ, প্রকল্পে এসব ব্যয় বৃদ্ধির পেছনে ইলেক্ট্রো-মেকানিক্যাল বিভাগের প্রভাবশালী কর্মকর্তাদের ভূমিকা রয়েছে। তাদের দাবি, ডিপিপিতে অপেক্ষাকৃত কম ব্যয় নির্ধারণ করে পরবর্তী সময়ে সংশোধনের মাধ্যমে বিভিন্ন সরঞ্জামের দাম বাড়ানো হয়। এভাবে প্রকল্পের মোট ব্যয়ও বাড়ানো হয়।

মিরাজ হোসেনের দীর্ঘদিন একই পদে থাকার বিষয়টিও কর্মকর্তাদের মধ্যে আলোচনার বিষয়। তাদের ভাষ্য, ডলার সংকটের কারণে সরকার যখন ব্যয়সংকোচন নীতি গ্রহণ করে এবং সরকারি অর্থ ব্যয়ে কড়াকড়ি আরোপ করে, তখনও গৃহায়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলোর কর্মকর্তাদের বিদেশ সফর থেমে থাকেনি।

জাগৃকের কর্মকর্তারা জানান, গৃহায়নের দুটি প্রকল্প থেকে মোট নয়জন বিদেশ সফর করেছেন। তাদের অভিযোগ, লিফট কেনার নামে মিরপুরের ‘স্বপ্ননগর-২’ ১৪ তলা আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের অর্থে প্রকৌশলী মিরাজ হোসেনসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশ সফর করেছেন।

এ ছাড়া ৮৮টি আবাসিক ফ্ল্যাট এবং কর্মচারীদের জন্য ৫৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অর্থে কয়েকজন কর্মকর্তা সুইজারল্যান্ড সফর করেছেন বলেও অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের দাবি, এসব বিদেশ সফরের কারণে সংশ্লিষ্ট অনেকের বদলি হলেও মিরাজ হোসেনের বদলি হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (ই/এম ডিভিশন) মো. মিরাজ হোসেন বলেন, তাদের ডিপিপিতে ‘বি’ ক্যাটাগরির লিফট ধরা হয়েছিল। পরে মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি ‘এ’ ক্যাটাগরির লিফট ধরার সিদ্ধান্ত দেয়। এরপর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডব্লিউডির শিডিউল অনুযায়ী ‘এ’ ক্যাটাগরির লিফটের ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

লিফটের দাম কেন এত বেড়েছে—এমন প্রশ্নের জবাবে মিরাজ হোসেন বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যে ক্যাটাগরির লিফট ধরা হয়েছে, সেগুলোর দাম বেশি এবং তা আগের দামের দ্বিগুণেরও বেশি। পিডব্লিউডির শিডিউলে পরিবর্তন এনে যে নতুন দর নির্ধারণ করা হয়েছে, সেই দরই প্রকল্পে ধরা হয়েছে বলে তিনি জানান।

দুর্নীতির সুযোগ থাকার অভিযোগও তিনি অস্বীকার করেন। মিরাজ হোসেন বলেন, মন্ত্রণালয়ে সমন্বয় সভা হয়, প্রকল্প পরিচালক আছেন, তার অধীনস্থ কর্মকর্তারা আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টির সঙ্গে যুক্ত। ফলে কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়ার সুযোগ নেই।

দীর্ঘদিন একই পদে বহাল থাকার বিষয়ে জানতে চাইলে মিরাজ হোসেন বলেন, ‘আমাকে দেবে কোথায়, যাওয়ার তো জায়গা নাই।’
অতিরিক্ত দামে লিফট কেনার কারণ এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা: ফেরদৌসী বেগমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলে তিনি প্রতিউত্তরে বলেন, ‘তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করুন। সকল তথ্য পাবেন।’

প্রকল্পটির প্রথম সংশোধনীতে মাত্র ৭২ কোটি টাকার মতো মোট ব্যয় বৃদ্ধির বিপরীতে লিফট খাতেই ৩১ কোটি ৭৩ লাখ টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ, আবার সাবস্টেশন, জেনারেটর, পাম্প-মোটর, অগ্নিনিরোধক ব্যবস্থাপনা ও ফোর্স ভেন্টিলেশনসহ একাধিক খাতে একই সঙ্গে ব্যয় বৃদ্ধির ঘটনা প্রকল্পটির ইলেক্ট্রো-মেকানিক্যাল কেনাকাটার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে কিছু ক্ষেত্রে সরঞ্জামের সংখ্যা কমার পরও ব্যয় বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে আরও প্রশ্ন দেখা দিয়েছে।




রেলওয়ের ডিজির পিএস নাসিরকে ঘিরে অভিযোগের পাহাড়: নিয়োগে প্রভাব, জমি লিজ-উচ্ছেদে হস্তক্ষেপ ও সম্পদের উৎস, উঠছে নানা প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেনের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. নাসির উদ্দিনকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগে অনিয়ম ও প্রভাব খাটানো, রেলের জমি লিজ ও উচ্ছেদ-সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপ, ক্ষমতার অপব্যবহার, বিপুল সম্পদ অর্জন এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগে প্রশ্নের মুখে পড়েছেন এই কর্মকর্তা।

অভিযোগকারীদের দাবি, প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নাসির উদ্দিন অনানুষ্ঠানিক প্রভাব বিস্তার করেছেন। এমনকি বর্তমান ডিজির অবৈধ অর্থ সংগ্রহে তিনি কথিত ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করেন—এমন গুরুতর অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের কোনোটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে প্রশাসনিক নথি, আর্থিক তথ্য, নিয়োগ-সংক্রান্ত রেকর্ড এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

সাধারণ পরিবার থেকে রেলের গুরুত্বপূর্ণ পদে-
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া কৈয়াপাড়ার মৃত নবাব আলী ও ফাতেমা বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান নাসির উদ্দিন। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৩ সালে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

মেধাবী হিসেবে পরিচিত নাসির উদ্দিন ৩৩তম বিসিএসের মাধ্যমে ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে যোগ দেন। চাকরিজীবনে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার পর বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এই গুরুত্বপূর্ণ পদে তাঁর দায়িত্ব পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

ডিজির পিএস পদে নিয়োগ: এসএমএস ঘিরে প্রশ্ন :
অভিযোগকারীদের দাবি, ডিজির পিএস হিসেবে দায়িত্ব পাওয়ার আগে নাসির উদ্দিন সংশ্লিষ্ট ডিজিকে এসএমএসের মাধ্যমে তাঁকে ওই পদে নিয়োগ দেওয়ার অনুরোধ করেছিলেন। ওই এসএমএসের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে পিএস পদে তাঁর নিয়োগ বিধিসম্মতভাবে সম্পন্ন হয়েছিল কি না, তা জানতে সংশ্লিষ্ট অফিস আদেশ, নথি, প্রশাসনিক অনুমোদন ও পদায়নের প্রক্রিয়া পর্যালোচনা প্রয়োজন।

লেবার সর্দার নিয়োগে ‘প্রভাব খাটানোর’ অভিযোগ : ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিটিএ) হিসেবে দায়িত্ব পালনকালে নাসির উদ্দিনের বিরুদ্ধে লেবার সর্দার নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি খুলনার সিঙ্গিয়া স্টেশনের গুডস ইয়ার্ডে মোদাচ্ছের আলীকে অস্থায়ী লেবার সর্দার হিসেবে নিয়োগ দিতে তিনি সিঙ্গিয়া স্টেশন মাস্টারকে নির্দেশ দেন।

রেলওয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের নিয়োগের এখতিয়ার সাধারণত সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের। এরপর ১৬ ফেব্রুয়ারি স্টেশন মাস্টার মো. শরীফুজ্জামান ওই নিয়োগ দেন। তবে নিয়োগপত্রে মেয়াদ উল্লেখ ছিল না বলেও অভিযোগ রয়েছে। রেলওয়ের কয়েকজন কর্মকর্তার দাবি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। যশোর ও সিঙ্গিয়া স্টেশনেও একই ধরনের অভিযোগ ওঠার কথা জানা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথাও জানা গেছে। ওই তদন্তের চূড়ান্ত ফলাফল কী হয়েছে, সেটিও প্রকাশ্যে আসা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২৫৭ সহকারী স্টেশন মাস্টার নিয়োগেও প্রশ্ন : ২০১৬ সালের জুলাইয়ে সহকারী স্টেশন মাস্টার পদে ২৫৭ জনের নিয়োগকে কেন্দ্র করেও অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ ছিল, নিয়োগ তালিকা প্রকাশের আগে নম্বরের টেবুলেশন শিট প্রস্তুত করা হয়নি এবং কোটা ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে। এক চাকরিপ্রার্থীর অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চাহিদামতো ১০ লাখ টাকা দিতে না পারায় তাঁর নিয়োগ হয়নি। তবে এসব অভিযোগের সত্যতা এবং ওই সময়ের নিয়োগ প্রক্রিয়ায় নাসির উদ্দিনের কোনো ভূমিকা ছিল কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিয়োগ নথি এবং দুদকের অনুসন্ধান-সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা জরুরি।

রেলের জমি লিজ-উচ্ছেদেও ‘প্রভাব’ : নাসির উদ্দিনের বিরুদ্ধে রেলের জমি লিজ, উচ্ছেদ এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, গুরুত্বপূর্ণ দাপ্তরিক সিদ্ধান্তে তাঁর আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে অনানুষ্ঠানিক প্রভাব ছিল। বিশেষ করে রেলের জমি লিজ দেওয়া, উচ্ছেদ অভিযান এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের একটি নির্দেশনার কথাও সামনে এসেছে। মন্ত্রী, পিএস বা তাঁদের আত্মীয়ের রেফারেন্সে অবৈধ সুযোগ না দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছিল। মন্ত্রণালয়ের একান্ত সচিব মোহাম্মদ আতিকুর জানিয়েছিলেন, তাঁর রেফারেন্সে এক বন্ধুর টিকিট সংগ্রহের ঘটনা জানতে পেরে তিনি সংশ্লিষ্ট স্টেশন মাস্টারকে এ ধরনের রেফারেন্স প্রত্যাখ্যানের নির্দেশ দেন এবং যোগাযোগকারী নম্বরগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানোর ব্যবস্থা করেন।

কোটি টাকার সম্পদের উৎস কোথায় ? নাসির উদ্দিনের সম্পদ নিয়েও উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগকারীদের দাবি, তাঁর গ্রামের বাড়িতে রয়েছে ব্যয়বহুল ডুপ্লেক্স ভবন। ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর নামে কিংবা বেনামে জমি-প্লট রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রীর নামে একটি রেস্টুরেন্ট থাকার দাবিও সামনে এসেছে।

তবে এসব সম্পদের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য কিংবা অর্থের উৎস সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার মতো যাচাই করা তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।

অভিযোগকারীদের দাবি, এ বিষয়ে অতীতে রেলের এক কর্মচারী দুদকে অভিযোগ করেছিলেন। ফলে সম্পদের অভিযোগের আয়কর নথি, সম্পদ বিবরণী, জমির দলিল, ব্যাংক লেনদেন, কোম্পানি বা ব্যবসায়িক মালিকানা এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য যাচাইয়ের দাবি উঠেছে।

ব্যক্তিগত জীবন নিয়েও অভিযোগ : নাসির উদ্দিনের ব্যক্তিগত জীবন ঘিরেও একাধিক অভিযোগ সামনে এসেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সাল থেকে সাইদা পারভীনের সঙ্গে নাসির উদ্দিনের পরিচয় হয়। পরে ১৭ মে ২০২৩ তাঁদের বিয়ে হয় এবং ১ জুন ২০২৩ বিয়েটি রেজিস্ট্রি করা হয়।

সাইদা পারভীনের অভিযোগ, বিয়ের আগে নাসির উদ্দিন তাঁর পূর্ববর্তী বৈবাহিক জীবনের তথ্য গোপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, এটি তাঁর তৃতীয় বিয়ে। বিয়ের পর ৩০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় এবং তা দিতে অস্বীকৃতি জানালে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন সাইদা পারভীন। এ ছাড়া ২৫ মে ২০২৩ থেকে ফোন, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অশালীন ভাষায় গালিগালাজ, চরিত্রহনন এবং হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। প্রথম স্ত্রী তানিয়ার সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদ নিয়ে মামলার কথাও অভিযোগে উল্লেখ রয়েছে।

রাজনৈতিক পরিচয় ও পদায়ন নিয়েও প্রশ্ন :
স্থানীয় কয়েকজনের দাবি, নাসির উদ্দিনের পরিবার দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। রাজনৈতিক প্রভাবের কারণেই তিনি সুবিধাজনক পদায়ন পেয়েছেন—এমন অভিযোগও রয়েছে।

একই জেলার বাসিন্দা হিসেবে রেলের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় এবং রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগও সামনে এসেছে।

তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, ফলে রাজনৈতিক পরিচয় বা প্রভাবের অভিযোগের ক্ষেত্রেও নথিভিত্তিক অনুসন্ধান প্রয়োজন।

‘ডিজির ক্যাশিয়ার’—কতটা সত্য ? নাসির উদ্দিনকে ঘিরে ওঠা অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর একটি হলো—তিনি বাংলাদেশ রেলওয়ের বর্তমান ডিজি আফজাল হোসেনের কথিত অবৈধ অর্থ সংগ্রহে ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করেন। অভিযোগ রয়েছে, বড় বড় কাজ নির্দিষ্ট সিন্ডিকেটকে পাইয়ে দেওয়ার প্রক্রিয়াতেও তাঁর ভূমিকা রয়েছে। এ ছাড়া ডিজি ও তাঁর পিএস উভয়ের বিরুদ্ধে নারীসংক্রান্ত বিভিন্ন অভিযোগের তথ্য-প্রমাণ থাকার দাবিও করা হয়েছে। তবে এসব অভিযোগ অত্যন্ত গুরুতর হওয়ায় প্রামাণ্য নথি, আর্থিক লেনদেনের তথ্য, অভিযোগকারীদের ভাষ্য, এসব তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

যে প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি : নাসির উদ্দিনকে ঘিরে ওঠা অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে— ডিজির পিএস পদে তাঁর নিয়োগের প্রক্রিয়া কতটা বিধিসম্মত ছিল ? সংশ্লিষ্ট ডিজিকে পাঠানো কথিত এসএমএসটি আদৌ সত্য কি না ? লেবার সর্দার নিয়োগে তাঁর কোনো প্রশাসনিক এখতিয়ার ছিল কি ? ওই নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েছিল কি না? ২৫৭ সহকারী স্টেশন মাস্টার নিয়োগে তাঁর কোনো ভূমিকা ছিল কি ? রেলের জমি লিজ ও উচ্ছেদ-সংক্রান্ত সিদ্ধান্তে তাঁর অনানুষ্ঠানিক প্রভাব ছিল কি? তাঁর নামে ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ কত এবং এর বৈধ উৎস কী ?

দুদকে করা কথিত অভিযোগের বর্তমান অবস্থা কী ? বড় কাজ নির্দিষ্ট সিন্ডিকেটকে পাইয়ে দেওয়ার অভিযোগের পক্ষে কোনো নথি বা আর্থিক প্রমাণ আছে কি ? ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করার অভিযোগের কোনো প্রত্যক্ষ বা নথিভিত্তিক প্রমাণ রয়েছে কি ? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে।

তদন্তের দাবি : অভিযোগকারী সাইদা পারভীনসহ সংশ্লিষ্টরা নাসির উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে— প্রথমত, সব অভিযোগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত। দ্বিতীয়ত, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ। তৃতীয়ত, তদন্তকালীন অভিযোগকারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। চতুর্থত, লেবার সর্দার ও সহকারী স্টেশন মাস্টার নিয়োগের নথি যাচাই।

পঞ্চমত, রেলের জমি লিজ ও উচ্ছেদ-সংক্রান্ত ফাইল পর্যালোচনা। ষষ্ঠত, ডিজির পিএস পদে নাসির উদ্দিনের নিয়োগ প্রক্রিয়া যাচাই। সপ্তমত, নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বৈধ উৎস অনুসন্ধান।জবাব মেলেনি নাসির উদ্দিনের : এসব অভিযোগের বিষয়ে জানতে নাসির উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য এ প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর অবস্থান যথাযথভাবে প্রকাশ করা হবে।

নথিই বলবে আসল গল্প :
একজন সরকারি কর্মকর্তা একই সঙ্গে নিয়োগ, পদায়ন, রেলের জমি লিজ-উচ্ছেদ, প্রশাসনিক সিদ্ধান্ত, সম্পদ অর্জন এবং প্রভাব বিস্তারের মতো এতগুলো অভিযোগের কেন্দ্রে কীভাবে এলেন—এখন সেটিই বড় প্রশ্ন। লেবার সর্দার নিয়োগ থেকে ২৫৭ সহকারী স্টেশন মাস্টার নিয়োগ, রেলের জমি লিজ-উচ্ছেদ থেকে ডিজির পিএস পদে দায়িত্ব পাওয়া এবং কথিত কোটি টাকার সম্পদ—প্রতিটি অভিযোগের সত্যতা নির্ধারণের একমাত্র গ্রহণযোগ্য পথ হলো নথি, আর্থিক তথ্য ও স্বাধীন তদন্ত।

অভিযোগ সত্য হলে জবাবদিহি নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি অভিযোগ মিথ্যা হলে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার থেকেও তাঁকে মুক্তি দেওয়া প্রয়োজন।

তাই রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত বিরোধ কিংবা প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়া—কোনোটিকেই তদন্তের বিকল্প হতে দেওয়া উচিত নয়। বাংলাদেশ রেলওয়ের স্বচ্ছতা, সুশাসন ও জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের উচিত অভিযোগগুলো নথিভিত্তিক ও নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত চিত্র জনসম্মুখে তুলে ধরা। এই অভিযোগগুলোর নেপথ্যে থাকা নথি, নিয়োগসংক্রান্ত রেকর্ড, সম্পদের তথ্য এবং কথিত প্রভাববলয়ের বিস্তারিত—পরবর্তী অনুসন্ধানে।




পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি, চট্টগ্রাম বন্দরে কাস্টমসের জালে রহস্যজনক চালান

নিজস্ব প্রতিবেদকঃ জাপান থেকে ‘ইউজড স্পেয়ার পার্টস’ বা পুরোনো গাড়ির যন্ত্রাংশের ঘোষণা দিয়ে আনা হয়েছিল একটি কন্টেইনার। কিন্তু কাস্টমস গোয়েন্দাদের সন্দেহের তীর গিয়ে ঠেকে অন্যত্র। কন্টেইনার খুলতেই বেরিয়ে আসে বিশ্বের নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির গুরুত্বপূর্ণ অংশ-লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫ মডেলের বিভিন্ন যন্ত্রাংশ।

প্রাথমিক হিসাবে, পুরো চালানটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় সাড়ে ৯ কোটি থেকে ১২ কোটি টাকা। অভিযোগ উঠেছে, সরাসরি বিল অব এন্ট্রি দাখিল না করে দীর্ঘদিন বন্দরে ফেলে রেখে পরবর্তীতে নিলাম প্রক্রিয়ার সুযোগ নিয়ে কম মূল্যে চালানটি খালাসের একটি পরিকল্পনা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) নজরদারিতে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে বিশেষ অভিযান চালিয়ে খণ্ডিত অবস্থায় থাকা এসব বিলাসবহুল গাড়ির অংশ ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক মাস বন্দরে, নেই বিল অব এন্ট্রি : কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জাপান থেকে আসা চালানটি কাগজপত্রে ‘ব্যবহৃত স্পেয়ার পার্টস’ হিসেবে ঘোষণা দেওয়া হয়। কিন্তু পণ্য বন্দরে পৌঁছানোর পর এক মাসেরও বেশি সময় পার হলেও সংশ্লিষ্ট আমদানিকারকের পক্ষ থেকে কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। এই অস্বাভাবিক বিলম্ব থেকেই সন্দেহের সূত্রপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দারা কন্টেইনারটির ওপর নজরদারি শুরু করেন। পরে সিল কেটে কায়িক পরীক্ষা চালানো হলে ঘোষণার সঙ্গে পণ্যের ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। সাধারণ পুরোনো যন্ত্রাংশের পরিবর্তে কন্টেইনারে পাওয়া যায় বিলাসবহুল গাড়ির গুরুত্বপূর্ণ কাঠামোগত অংশ, ইঞ্জিন ও অন্যান্য স্পর্শকাতর মেকানিক্যাল পার্টস।

কন্টেইনারে মিলল লেক্সাস-বিএমডব্লিউর অংশ : তল্লাশিতে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫ মডেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পাওয়া গেছে। এছাড়া উদ্ধার করা হয়েছে হোন্ডা বি১৮সি টাইপ-আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাট, ব্যবহৃত টায়ারসহ বিপুল পরিমাণ মেকানিক্যাল পার্টস।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, বিচ্ছিন্ন অংশ হিসেবে আমদানি করা হলেও এসব যন্ত্রাংশ একত্র করলে পূর্ণাঙ্গ বিলাসবহুল গাড়ির বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে।

এ কারণে উদ্ধার হওয়া অংশগুলোর মেকানিক্যাল নম্বর, চেসিসের কাঠামোগত বৈশিষ্ট্য ও অরিজিনাল মার্কিং পরীক্ষা করা হচ্ছে। যানবাহন বিশেষজ্ঞ ও অটোমোবাইল প্রকৌশলীদের সহায়তায় খতিয়ে দেখা হচ্ছে—এসব বিচ্ছিন্ন অংশে পূর্ণাঙ্গ গাড়ির ‘এসেনশিয়াল ক্যারেক্টার’ বা আবশ্যকীয় বৈশিষ্ট্য রয়েছে কি না।

নিলামের সুযোগ নেওয়ার পরিকল্পনা? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চালানটি দীর্ঘ সময় বন্দরে রেখে বিল অব এন্ট্রি দাখিল না করার পেছনে বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। প্রাথমিক অনুসন্ধানে কাস্টমস গোয়েন্দারা ধারণা করছেন, নিয়মিত আমদানি প্রক্রিয়ায় শুল্ক-কর পরিশোধ এড়িয়ে পণ্যগুলোকে পরিত্যক্ত হিসেবে নিলাম প্রক্রিয়ায় নেওয়ার সুযোগ কাজে লাগানোর চেষ্টা হতে পারে।

এ ক্ষেত্রে প্রকৃত মূল্য গোপন করে কিংবা পণ্যের প্রকৃত পরিচয় আড়াল করে কম দামে বিলাসবহুল গাড়ির যন্ত্রাংশ খালাসের সুযোগ তৈরির পরিকল্পনা ছিল কি না, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

তবে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিষয়টি এখনো প্রাথমিক অনুসন্ধান পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত তদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

১২ কোটি টাকার চালান, খতিয়ে দেখা হচ্ছে অর্থের উৎস :
কাস্টমসের প্রাথমিক মূল্যায়নে জব্দকৃত লেক্সাস ও বিএমডব্লিউর যন্ত্রাংশ এবং অন্যান্য পণ্য মিলিয়ে চালানটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৯ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি টাকা হতে পারে।

এখন প্রশ্ন উঠেছে—এত বড় মূল্যের চালান কার অর্থে আমদানি করা হয়েছে? ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ করা হয়েছে কি না, প্রকৃত ইনভয়েস মূল্য কত, বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমদানিকারকের সম্পর্ক কী—এসব বিষয়ও তদন্তের আওতায় এসেছে।
কাস্টমস গোয়েন্দারা চালানটির প্রকৃত আমদানি মূল্য, ব্যাংক পেমেন্ট, বাণিজ্যিক নথি ও আন্তর্জাতিক আর্থিক লেনদেনের তথ্য যাচাই করছেন। একই সঙ্গে এর সঙ্গে অবৈধ অর্থ পাচার বা মানি লন্ডারিংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

চূড়ান্ত তদন্তের অপেক্ষা : বর্তমানে জব্দ করা পণ্যের প্রকৃত পরিচয়, সঠিক এইচএস কোড বা শ্রেণিবিন্যাস এবং প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণে কাজ করছে কাস্টমস কর্তৃপক্ষ।

তদন্ত শেষে পণ্যের প্রকৃত পরিচয় গোপন, ভুল ঘোষণা, শুল্ক ফাঁকি বা অন্য কোনো আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত কাস্টমস আইন ও শুল্ক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম বন্দরের এই চালানটি এখন কাস্টমস গোয়েন্দাদের কাছে শুধু একটি পুরোনো স্পেয়ার পার্টসের কন্টেইনার’ নয়; বরং এর আড়ালে কোর্টি টাকার বিলাসবহুল গাড়ি আমদানি, শুল্ক ফাঁকি এবং সম্ভাব্য আর্থিক অনিয়মের একটি বড় চক্র কাজ করছে কি না—সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত।

 




নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ভয়াবহ বন্যার পর বিহারের নদীগুলোতে ভেসে আসা অচেনা ও অস্বাভাবিক আকৃতির মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। এসব মাছ ধরার পাশাপাশি কেনাবেচা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিহারের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, নেপালের বন্যার পানির সঙ্গে সীমান্তবর্তী নদীগুলোতে বিভিন্ন ধরনের অপরিচিত মাছ চলে আসছে। চম্পারণ, গোপালগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারা বড় আকৃতির এসব মাছ ধরেছেন। এগুলোর কিছু খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নন্দকিশোর রাম জানিয়েছেন, সম্ভাব্য দূষণ ও বিষক্রিয়া এড়াতে অপরিচিত মাছ ধরা, খাওয়া, কেনা বা বিক্রির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নেপালের বন্যার পানি থেকে আসা কোনো অচেনা বা অস্বাভাবিক মাছ খাওয়া উচিত নয়। বাজারে এ ধরনের মাছের কেনাবেচাও বন্ধ রাখতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, আকস্মিক বন্যার সময় নদীর মাছ পয়োবর্জ্য, মৃত প্রাণী ও অন্যান্য দূষিত পদার্থের সংস্পর্শে আসতে পারে। এতে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ বিভিন্ন জীবাণু দ্বারা মাছ দূষিত হওয়ার ঝুঁকি বাড়ে। ফলে এসব মাছ খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বন্যার পানিতে ভেসে আসা মাছ খাওয়ার পর বমি, তীব্র ডায়রিয়া, মাথা ঘোরা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

নেপালের সঙ্গে যুক্ত গণ্ডক, গঙ্গা ও কোশী নদী এবং তাদের শাখা-প্রশাখায় বর্তমানে পানির প্রবাহ বেড়েছে। বিশেষ করে নেপাল সীমান্তবর্তী বিহারের জেলাগুলোতে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যেই সহর্ষা, গোপালগঞ্জ ও বাগাহার জেলেদের জালে ধরা পড়ছে বড় আকারের ও অপরিচিত কিছু মাছ। স্থানীয়দের কেউ কেউ এসব মাছকে ডলফিনের মতো দেখতে বলছেন।

গোপালগঞ্জের মঙ্গলপুর ঘাটের জেলে ছাতু সাহানি জানান, নেপালে আকস্মিক বন্যার পর বিহারের নদীগুলোর তীব্র স্রোতে অস্বাভাবিক কিছু মাছ দেখা যাচ্ছে। সাধারণ সময়ে মাছ ধরার সময় এ ধরনের মাছ খুব একটা চোখে পড়ে না। তার দাবি, পানি থেকে তোলার পর এসব মাছের বেশিরভাগই মারা যাচ্ছে।

সহর্ষার জেলে বিনোদ নিশাদ জানান, সাম্প্রতিক সময়ে তারা ২৭ থেকে ৩৮ কেজি, এমনকি ৪০ থেকে ৪৫ কেজি ওজনের মাছও ধরছেন। তার ভাষ্য, এসব মাছের মধ্যে বোয়াল (বোরোলি), গুইচ্চা বা বাঘাইড়/গুঞ্চ ক্যাটফিশ, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

তবে এসব মাছের প্রজাতি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলো না খাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কোনো অপরিচিত মাছ ধরা পড়লে দ্রুত সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তা বা স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

সরকারের অনুমতি ছাড়া কোনো অচেনা মাছ খাওয়া বা বাজারজাত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি