নেপালের বন্যার পানিতে ভেসে আসা অচেনা মাছ খেতে নিষেধাজ্ঞা বিহারে

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ভয়াবহ বন্যার পর বিহারের নদীগুলোতে ভেসে আসা অচেনা ও অস্বাভাবিক আকৃতির মাছ না খাওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। এসব মাছ ধরার পাশাপাশি কেনাবেচা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিহারের মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, নেপালের বন্যার পানির সঙ্গে সীমান্তবর্তী নদীগুলোতে বিভিন্ন ধরনের অপরিচিত মাছ চলে আসছে। চম্পারণ, গোপালগঞ্জসহ বেশ কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারা বড় আকৃতির এসব মাছ ধরেছেন। এগুলোর কিছু খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়েছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিহারের দুগ্ধ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নন্দকিশোর রাম জানিয়েছেন, সম্ভাব্য দূষণ ও বিষক্রিয়া এড়াতে অপরিচিত মাছ ধরা, খাওয়া, কেনা বা বিক্রির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নেপালের বন্যার পানি থেকে আসা কোনো অচেনা বা অস্বাভাবিক মাছ খাওয়া উচিত নয়। বাজারে এ ধরনের মাছের কেনাবেচাও বন্ধ রাখতে বলা হয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, আকস্মিক বন্যার সময় নদীর মাছ পয়োবর্জ্য, মৃত প্রাণী ও অন্যান্য দূষিত পদার্থের সংস্পর্শে আসতে পারে। এতে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ বিভিন্ন জীবাণু দ্বারা মাছ দূষিত হওয়ার ঝুঁকি বাড়ে। ফলে এসব মাছ খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বন্যার পানিতে ভেসে আসা মাছ খাওয়ার পর বমি, তীব্র ডায়রিয়া, মাথা ঘোরা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

নেপালের সঙ্গে যুক্ত গণ্ডক, গঙ্গা ও কোশী নদী এবং তাদের শাখা-প্রশাখায় বর্তমানে পানির প্রবাহ বেড়েছে। বিশেষ করে নেপাল সীমান্তবর্তী বিহারের জেলাগুলোতে নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যেই সহর্ষা, গোপালগঞ্জ ও বাগাহার জেলেদের জালে ধরা পড়ছে বড় আকারের ও অপরিচিত কিছু মাছ। স্থানীয়দের কেউ কেউ এসব মাছকে ডলফিনের মতো দেখতে বলছেন।

গোপালগঞ্জের মঙ্গলপুর ঘাটের জেলে ছাতু সাহানি জানান, নেপালে আকস্মিক বন্যার পর বিহারের নদীগুলোর তীব্র স্রোতে অস্বাভাবিক কিছু মাছ দেখা যাচ্ছে। সাধারণ সময়ে মাছ ধরার সময় এ ধরনের মাছ খুব একটা চোখে পড়ে না। তার দাবি, পানি থেকে তোলার পর এসব মাছের বেশিরভাগই মারা যাচ্ছে।

সহর্ষার জেলে বিনোদ নিশাদ জানান, সাম্প্রতিক সময়ে তারা ২৭ থেকে ৩৮ কেজি, এমনকি ৪০ থেকে ৪৫ কেজি ওজনের মাছও ধরছেন। তার ভাষ্য, এসব মাছের মধ্যে বোয়াল (বোরোলি), গুইচ্চা বা বাঘাইড়/গুঞ্চ ক্যাটফিশ, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

তবে এসব মাছের প্রজাতি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সেগুলো না খাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। কোনো অপরিচিত মাছ ধরা পড়লে দ্রুত সংশ্লিষ্ট জেলা মৎস্য কর্মকর্তা বা স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বানও জানানো হয়েছে।

সরকারের অনুমতি ছাড়া কোনো অচেনা মাছ খাওয়া বা বাজারজাত না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি




এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রিজভী

ডেস্ক নিউজঃ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। বিশেষ করে শিল্পকারখানাগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনশ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী আরও বলেন, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে। এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেয়া হবে না। বৈশ্বিক পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি দেশের নদী, খাল ও বিলগুলোকে দূষণমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

রিজভী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, দেশের নদী-নালা, খাল-বিলসহ জলাধারগুলোও বিষাক্ত ও দূষণমুক্ত রাখতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশ রক্ষার এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।




নেপালের ত্রিশুলিতে বন্যায় ধ্বংস ২৫০০ ভবন

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের ত্রিশুলি উপত্যকায় হিমবাহসৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২ হাজার ৫০০ ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। দেশটিতে ভয়াবহ বন্যার পর ইউরোপের কোপার্নিকাস পর্যবেক্ষণ কেন্দ্রের উপগ্রহচিত্র বিশ্লেষণে ক্ষয়ক্ষতির এই চিত্র উঠে এসেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কোপার্নিকাসের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার পর্যালোচনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত তিনটি এলাকার মোট ভবনের প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোও হিসাবে ধরলে ক্ষয়ক্ষতির হার ৭০ শতাংশের বেশি।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানী কাঠমান্ডুর উত্তরে তিমুরে, স্যাব্রুবেশি ও বিদুরের কিছু অংশ। বন্যার আগে এসব এলাকায় প্রায় ৬ হাজার মানুষ বসবাস করতেন। এ ছাড়া নেপালের তৃতীয় সর্বাধিক জনবহুল শহর ভরতপুরের আশপাশের এলাকাতেও ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে।

বিজ্ঞানীদের ধারণা, হিমালয়ের একটি বিশাল হিমবাহ ধসে পড়ার পর এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। হিমবাহ থেকে নেমে আসা পানির তীব্র স্রোত প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তবর্তী গিরং সীমান্ত চৌকি অতিক্রম করে নেপালে প্রবেশ করে।

বন্যার প্রবল স্রোতে সীমান্তবর্তী তিমুরে ও আশপাশের এলাকায় ৮০ শতাংশের বেশি ভবন ধ্বংস হয়েছে। এর প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে স্যাব্রুবেশিতে ধ্বংস হয়েছে প্রায় ৭৫ শতাংশ ভবন। লাংটাং ট্রেকের প্রবেশপথ হিসেবে পরিচিত এলাকাটি হিন্দু তীর্থযাত্রীদের কাছেও গুরুত্বপূর্ণ।

আরও ভাটিতে নুওয়াকোট জেলার প্রশাসনিক কেন্দ্র বিদুরের নদীতীরবর্তী এলাকায় ১ হাজার ৮০০টির বেশি ভবন ধ্বংস হয়েছে। অর্থাৎ ওই এলাকায় প্রতি পাঁচটি ভবনের প্রায় তিনটিই বন্যার পানিতে ধ্বংস হয়েছে।

প্রবল স্রোতে ঘরবাড়ির পাশাপাশি সড়ক ও সেতুরও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।




দেশের ছয় জেলায় দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া ডেস্কঃ দেশের ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ

ক্রীড়া ডেস্কঃ ২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতিমূলক কর্মকাণ্ড ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

অভিযুক্ত তিনজন হলেন-বিসিবির সাবেক পরিচালক ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুখলেসুর রহমান (শামীম), বিসিবির সাবেক সিকিউরিটি লিয়াজোঁ অফিসার (এসএলও) জাকির হোসাইন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর ও সাবেক অডিট কমিটির সদস্য সচিব রাকিবুল ইসলাম সানি।

বিসিবি জানিয়েছে, বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের অংশগ্রহণকারীদের জন্য অ্যান্টি-করাপশন কোডের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে-দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে সম্পৃক্ততার চেষ্টা, দুর্নীতির প্রস্তাব বা যোগাযোগের তথ্য গোপন করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো। শামীমের বিরুদ্ধে কোডের ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

এর মধ্যে রয়েছে বিপিএলের ম্যাচের ফল, অগ্রগতি বা ম্যাচের অন্য কোনো বিষয় প্রভাবিত করার চেষ্টা, কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করা, দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্ত-সংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা নষ্ট করার মাধ্যমে তদন্তে বাধা দেওয়া।

জাকিরের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফল বা অন্য কোনো বিষয় অনিয়মের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিতে যুক্ত হতে উৎসাহ বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অ্যান্টি-করাপশন কর্মকর্তার পরিচালিত তদন্তে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে।

অন্যদিকে রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতিপূর্ণ কর্মকাণ্ডে যুক্ত হওয়ার প্রস্তাব বা যোগাযোগের তথ্য যথাসময়ে অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানো এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে (প্রভিশনালি) বরখাস্ত করা হয়েছে। নোটিশ অব চার্জ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। এরপর কোড অনুযায়ী শৃঙ্খলাজনিত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।




মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কর্ণাটকের বেলাগাভি জেলায় নৈশভোজে মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত যুবকের নাম সীতারাম। তাঁর বাড়ি উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামে। তিনি বেলাগাভির মুদালাগি এলাকার প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন এবং চাকরির কারণে হুনাশ্যাল পিজি গ্রামে বসবাস করতেন।

অভিযুক্ত অরুণ কুমারও একই গ্রামের বাসিন্দা। তিনি সীতারামের সঙ্গে একই প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে নৈশভোজের আয়োজন করেছিলেন। খাবারের সময় একজন অন্যজনের চেয়ে বেশি মুরগির মাংসের টুকরা খাওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক উত্তপ্ত বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় অরুণ কুমার একটি ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন।

পরে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। আহত সীতারামকে গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান অরুণ কুমার। সেখানে তিনি দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন।

তবে তাঁর বক্তব্যে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে সীতারামের মৃত্যু হয়।

এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি




বেনাপোল কাস্টমসে শুল্ক ফাঁকির অভিযোগ: সি অ্যান্ড এফ এজেন্ট আল আমিন সোহাগকে ঘিরে উঠছে নানা প্রশ্ন

বিশেষ প্রতিবেদক: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়। আর এসব পণ্যের সঠিক মূল্য নির্ধারণ ও প্রযোজ্য শুল্ক আদায়ের দায়িত্ব বেনাপোল কাস্টমস হাউসের। তবে এই প্রতিষ্ঠানকে ঘিরে দীর্ঘদিন ধরেই অনিয়ম, দুর্নীতি, শুল্ক ফাঁকি এবং ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। এবার একটি ইমিটেশন জুয়েলারির চালানে শুল্ক ফাঁকির অভিযোগ সামনে আসার পর সি অ্যান্ড এফ এজেন্ট আল আমিন সোহাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, কাস্টমসের কিছু কর্মকর্তা, আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টের মধ্যে যোগসাজশ থাকলে প্রকৃত পণ্যের মূল্য ও পরিমাণ গোপন করে কম শুল্কে পণ্য ছাড়িয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়। এতে একদিকে সরকার বিপুল রাজস্ব হারায়, অন্যদিকে একটি চক্র আর্থিকভাবে লাভবান হয়। ব্যবসায়ীদের একটি অংশের দাবি, বেনাপোল কাস্টমসে এ ধরনের অনিয়ম ঠেকাতে কার্যকর নজরদারি প্রয়োজন।

সম্প্রতি ভারত থেকে আসা ইমিটেশন জুয়েলারির একটি চালানে এমন অভিযোগের প্রমাণ মেলার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। কাস্টমস সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকার চকবাজারের ‘টি এল ট্রেডিং’-এর মালিক মোস্তাফিজুর রহমান ভারত থেকে ৬৮৭ প্যাকেজ ইমিটেশন জুয়েলারি আমদানি করেন। প্রায় ১৬ হাজার ৮৫৪ কেজি ওজনের ওই চালানটি বেনাপোল বন্দরের ৪২ নম্বর পণ্যাগারে রাখা হয়। চালানটির মেনিফেস্ট নম্বর ছিল ৬০১/২০২৬/০০৩/০০৪৭২৭৯/০৮।

পণ্য খালাসের জন্য আমদানিকারকের পক্ষে কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সোহাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ও ওরিয়েন্টাল ট্রেডিং সেন্টারের মালিক সি অ্যান্ড এফ এজেন্ট আল আমিন সোহাগ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানটি পরীক্ষা করা হলে ঘোষণার সঙ্গে বাস্তব পণ্যের মিল পাওয়া যায়নি বলে কাস্টমস সূত্র জানায়। অভিযোগ অনুযায়ী, আমদানির প্রকৃত মূল্য কম দেখানোর পাশাপাশি ঘোষিত পরিমাণের চেয়েও প্রায় ২ হাজার ৪০ কেজি বেশি উচ্চ শুল্কমূল্যের পণ্য পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ এ ঘটনায় আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং জরিমানাও করা হয়। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাহাত হোসেন জানান, কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী ন্যায় নির্ণয়ের মাধ্যমে আমদানিকারকের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। তবে শুল্ক ফাঁকির ঘটনায় সংশ্লিষ্ট সি অ্যান্ড এফ এজেন্ট বা অন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

এদিকে অভিযোগ রয়েছে, বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তওফিকুর রহমানের সহায়তায় মাত্র ৫১ লাখ টাকা মূল্যের পণ্য ঘোষণা করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের পণ্য ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় আল আমিন সোহাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, অতীতেও উচ্চ শুল্কমূল্যের পণ্যের ক্ষেত্রে প্রকৃত মূল্য কম দেখিয়ে তুলনামূলক কম শুল্কে চালান ছাড় করানোর চেষ্টা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে আল আমিন সোহাগের বক্তব্যও এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।

শুধু একটি চালান নয়, বেনাপোল কাস্টমসকে ঘিরে আরও বেশ কিছু চালানে শুল্ক ফাঁকি ও মিথ্যা ঘোষণার অভিযোগ রয়েছে। কাস্টমসের সহকারী কমিশনার অতুল গোস্বামী এবং রাজস্ব কর্মকর্তা সনজুর বিরুদ্ধেও ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান জি এন এক্সপোর্টার্সের পণ্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ‘ইনসুলেটিং ভার্নিশ ফর কপার’ নামের পণ্যের ২০টির বেশি চালানে প্রকৃত মূল্য বিবেচনা না করে প্রতি ইউনিট মাত্র ১ দশমিক ২০ ডলার ধরে শুল্কায়ন করা হয়েছে। এসব চালানের মধ্যে বি/ই নম্বর ৮৯৯৬২, ৮৬৯৭৮, ৮৫৩৬৫, ৮৭৭০১, ৮৯৯৮২ ও ৮৫৩৬সহ কয়েকটি চালানের কথা উল্লেখ করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে পণ্যের মূল্য কম দেখালে সরকার যেমন রাজস্ব হারায়, তেমনি নিয়ম মেনে আমদানি করা ব্যবসায়ীরাও প্রতিযোগিতায় ক্ষতির মুখে পড়েন।

বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে চলতি বছর বেনাপোল কাস্টমসে মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির বেশ কয়েকটি ঘটনা ধরা পড়েছে। গত ৯ মার্চ ২০২৬ বন্দরের পণ্যাগারে রাখা আরাফাত এন্টারপ্রাইজের একটি চালানে প্রায় ১৭ টন পাটবীজ জব্দ করা হয়। অভিযোগ ছিল, মিথ্যা ঘোষণার মাধ্যমে পণ্যটি আমদানি করা হয়েছিল। ওই চালানের সি অ্যান্ড এফ এজেন্ট ছিল কদর অ্যান্ড কোং।

এর কয়েকদিন পর, ১২ মার্চ রাতে জাতীয় নিরাপত্তা সংস্থার তথ্যের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। সেখানে বেকিং পাউডার ঘোষণায় আনা একটি চালান থেকে উচ্চমূল্যের শাড়ি, থ্রিপিস, কসমেটিকস ও কেমিক্যাল পাওয়া যায় বলে জানানো হয়। চালানটির মেনিফেস্ট নম্বর ছিল ৬০১/২০২৬/০০১/০০১৬৩৩৩/০৩। এর আমদানিকারক ছিল সাফা ইমপেক্স এবং সি অ্যান্ড এফ এজেন্ট ছিল মেসার্স হুদা ইন্টারন্যাশনাল।

গত ১৫ জুনও বেনাপোল বন্দরের ২৬ নম্বর পণ্যাগার থেকে টি এস ইন্টারন্যাশনালের একটি চালান আটক করা হয়। অভিযোগ ছিল, মিথ্যা ঘোষণায় আনা ওই চালানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের শাড়ি ও ফেসওয়াশ ক্রিম ছিল।

অন্যদিকে বন্দরের ৩৪ নম্বর কেমিক্যাল পণ্যাগারে রাখা আরাফাত এন্টারপ্রাইজের আরেকটি চালান নিয়েও গুরুতর অভিযোগ ওঠে। শিল্পকারখানার কাঁচামাল দেখিয়ে আনা ওই চালানে বিপুল পরিমাণ ভায়াগ্রা পাওয়া যাওয়ার পর সেটি জব্দ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। চালানটির বি-এল নম্বর ছিল ১৯০৪২ এবং সি অ্যান্ড এফ এজেন্ট হিসেবে দায়িত্বে ছিল হায়দার অ্যান্ড সন্স।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তাদের নজরদারি ও যাচাই ছাড়া মিথ্যা ঘোষণা দিয়ে এমন পণ্য বন্দরে প্রবেশ এবং পরবর্তী সময়ে খালাসের প্রক্রিয়ায় আসা সহজ নয়। তাদের দাবি, কিছু ক্ষেত্রে অসাধু আমদানিকারক ও সি অ্যান্ড এফ এজেন্টদের সঙ্গে কাস্টমসের কিছু কর্মকর্তা যোগসাজশ করে থাকলে শুল্ক ফাঁকির সুযোগ তৈরি হয়।

বেনাপোল কাস্টমসকে ঘিরে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৫ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের একটি অভিযানে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষসহ রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী হিসেবে পরিচিত এনজিও কর্মী হাসিবুর রহমানকে আটক করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এরপর ২২ জুন ২০২৬ রাতে আরও একটি ঘটনা সামনে আসে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার কথা বলে জব্দ করা ভারতীয় উচ্চ শুল্কমূল্যের পণ্য কাস্টমস গুদাম থেকে বের করে নেওয়ার সময় সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জিকে বিজিবি আটক করে। পরে তাকেও কারাগারে পাঠানো হয়।

বেনাপোল কাস্টমসের নিরাপত্তা ও পণ্য ব্যবস্থাপনা নিয়েও অতীতে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ২০১৯ সালের ৭ নভেম্বর রাতে কাস্টমস হাউসের সুরক্ষিত ভল্ট ভেঙে ১৯ কেজি ৩৩৮ গ্রাম সোনা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় সিআইডির তদন্তে সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ড, গুদাম ইনচার্জ আরশাদ হোসেন, ভল্ট ইনচার্জ শাহিবুল সর্দ্দারসহ কাস্টমসের সাত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন বলে জানা গেছে।

সব মিলিয়ে বেনাপোল কাস্টমস হাউসে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসায় প্রতিষ্ঠানটির রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, আমদানি কমে যাওয়া, শুল্ক কাঠামোর পরিবর্তনসহ বিভিন্ন কারণ রাজস্ব ঘাটতির জন্য দায়ী হতে পারে। তবে শুল্ক ফাঁকি, পণ্যের মূল্য কম দেখানো এবং মিথ্যা ঘোষণার অভিযোগগুলোও যথাযথভাবে তদন্ত করা জরুরি।

ব্যবসায়ী মহলের দাবি, বেনাপোলের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরে শুল্ক ফাঁকি বন্ধ করতে প্রতিটি চালানের মূল্য, পণ্যের পরিমাণ ও ঘোষণার তথ্য কঠোরভাবে যাচাই করতে হবে। একই সঙ্গে কোনো আমদানিকারক বা সি অ্যান্ড এফ এজেন্টের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ প্রমাণিত হলে শুধু আমদানিকারকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের ভূমিকা তদন্তের আওতায় আনা প্রয়োজন। তাহলেই সরকারের রাজস্ব সুরক্ষার পাশাপাশি বন্দরের প্রতি ব্যবসায়ীদের আস্থাও ফিরবে।




বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল কবীর দিপু ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নেতৃবৃন্দ মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সারোয়ার আলম, মোবারক হোসেন মেম্বার, শফিকুল ইসলাম সাইমন, মোঃ শাকিল আহমেদ ও জাকির হোসেন মোল্লা। এছাড়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মঈন, আরিফ হাসান, কামাল হোসেন, এম এ গাফফার ও সেকেন্দার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন। বিশেষ করে শাহ আলী থানা এলাকার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও শোডাউন কর্মসূচিতে আলাদা মাত্রা যোগ করে। ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা এসে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।

‘শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্রের চেতনাকে এগিয়ে নিতে হবে’
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল কবীর দিপু বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংগ্রাম, ত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে—শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার, আইনের শাসন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করা। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই দল দীর্ঘ ৪৮ বছর ধরে নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে এগিয়ে এসেছে।

তিনি আরও বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে রেখে শহীদ জিয়া স্মৃতি সংসদ কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

যেভাবে প্রতিষ্ঠিত হয় বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। বিএনপির নিজস্ব ইতিহাস অনুযায়ী, রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে দলটির প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে দলটির অন্যতম প্রধান আদর্শ হিসেবে সামনে আনা হয়।

দলটির প্রতিষ্ঠাকালীন কর্মসূচিতে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক স্বনির্ভরতা, সামাজিক ন্যায়বিচার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিএনপির প্রতিষ্ঠার সঙ্গে ১৯ দফা কর্মসূচিও ঐতিহাসিকভাবে যুক্ত।
প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলটি ৩০০ আসনের মধ্যে ২০৭টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে।

শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং দীর্ঘ সময় বিএনপির নেতৃত্ব দেন। পরবর্তীতে দলের নেতৃত্বে আসেন তারেক রহমান।

৪৮ বছরে বিএনপি
আজ ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপি তার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক উপস্থিতিও ফুটে ওঠে।




গণপূর্তের সাইফুর রহমানের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ, ঠিকাদারি সিন্ডিকেট ও প্রভাব খাটানোর নানা প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইফুর রহমানকে ঘিরে বিপুল সম্পদ অর্জন, ঠিকাদারি ব্যবসায় প্রভাব বিস্তার এবং বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়ার নানা অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি খুলনা জোনের দায়িত্বে রয়েছেন। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, দীর্ঘদিন গণপূর্তের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার সময় ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে তিনি নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদের প্রকৃত উৎস কী, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি সময়ের সুযোগ নিয়ে সাইফুর রহমান গণপূর্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান। এর মধ্যে আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল। এসব পদে থাকাকালে সরকারি প্রকল্পের কাজ, বিল পরিশোধ এবং ঠিকাদারি কার্যক্রমে তার প্রভাব ছিল বলে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি দাবি করেছেন।

সাইফুর রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে আজিমপুর গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময়কে ঘিরে। একাধিক ঠিকাদারের দাবি, ওই সময়ে বিভাগটিতে একটি নির্দিষ্ট ঠিকাদারি গোষ্ঠীর প্রভাব তৈরি হয়। তাদের ভাষ্য অনুযায়ী, কাজ পাওয়া থেকে শুরু করে বিল পরিশোধ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ওই গোষ্ঠীর প্রভাব ছিল। এমনকি নির্দিষ্ট হারে অর্থ না দিলে ফাইলের কাজ এগোত না—এমন অভিযোগও করেছেন কয়েকজন ঠিকাদার। তাদের একজনের দাবি, বিভিন্ন ফাইলে স্বাক্ষর বা কাজ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ১০ শতাংশ অর্থ দাবি করা হতো। আজিমপুর গণপূর্ত বিভাগে দায়িত্ব পালনকালে একজন নারী হিসাব সহকারীকে কেন্দ্র করেও বিভিন্ন ধরনের আলোচনা ছড়িয়ে পড়েছিল বলে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন।

অন্যদিকে, সাইফুর রহমানের সম্পদের পরিমাণ নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনুসন্ধানের প্রাথমিক তথ্যে ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে তার দুটি বিলাসবহুল বাড়ি থাকার কথা জানা গেছে। পাশাপাশি পূর্বাচলে প্লট, টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি এবং বাজার রোড এলাকায় তিনতলা একটি মার্কেটের তথ্যও পাওয়া গেছে। তবে বাজার রোডের মার্কেটটি নিজের নয়, ভাইয়ের—এমন দাবি করেছেন সাইফুর রহমান।

এছাড়া সালাউদ্দিন সেনানিবাস মোড় এলাকায় আগে একটি এলপিজি ফিলিং স্টেশন ছিল এবং বর্তমানে সেখানে ‘সোনারতরী পার্ক’ নামে একটি স্থাপনার কথা জানা গেছে। এর কাছাকাছি প্রায় এক কোটি টাকা মূল্যের জমিতে ‘কাঠবাদাম’ নামে একটি রেস্টুরেন্ট থাকার তথ্যও পাওয়া গেছে।

দেশের বাইরে যুক্তরাষ্ট্রে সাইফুর রহমানের একটি ফ্ল্যাট রয়েছে বলেও অভিযোগ রয়েছে। সেখানে তার মেয়ে বসবাস করেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। দেশ-বিদেশে থাকা এসব সম্পদ, ব্যবসা ও স্থাবর সম্পত্তির মূল্য বিবেচনায় নিয়ে তার মোট সম্পদের পরিমাণ অর্ধশত কোটি টাকার বেশি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সম্পদের সঠিক পরিমাণ এবং বৈধ উৎস নির্ধারণের জন্য সরকারি নথি, আয়কর তথ্য, ভূমি রেকর্ড ও ব্যাংকিং লেনদেনসহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা জরুরি।

সাইফুর রহমানের বিরুদ্ধে সাবেক ঠিকাদার জিকে শামীম এবং গোল্ডেন মনিরের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। তাদের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়া এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ব্যবহার করে গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তারের কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে। এমনকি হোটেল রেডিসান ও ওয়েস্টিনে তাদের অর্থায়নে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

এদিকে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময়ও সাইফুর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সে সময় তিনি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলন দমনে অর্থনৈতিক সহযোগিতা করেছিলেন। এমনকি আন্দোলন ঘিরে সহিংস কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল—এমন কথাও বিভিন্ন মহলে শোনা যায়।

সব মিলিয়ে সাইফুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে কেন্দ্র করে তার সম্পদ, ঠিকাদারি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা, গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময়কার কর্মকাণ্ড এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার পক্ষ থেকে তার আয়-ব্যয়, সম্পদ বিবরণী, ব্যাংক হিসাব, ভূমি ও কোম্পানি সংক্রান্ত নথি এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসব বিষয়ে বক্তব্য জানতে সাইফুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি টাঙ্গাইলের সম্পদগুলো উত্তরাধিকারসূত্রে পাওয়া এবং এজমালি সম্পত্তি বলে দাবি করেন। একই সঙ্গে অন্যান্য অভিযোগকে সত্য নয় বলে উল্লেখ করেন। তার বক্তব্য অনুযায়ী, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর ভিত্তি নেই।

তবে সাইফুর রহমানের বিরুদ্ধে ওঠা বিপুল সম্পদের অভিযোগ, ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রকৃত সত্য জানতে প্রয়োজন নথিভিত্তিক ও নিরপেক্ষ তদন্ত। তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ অসত্য হলে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থানও পরিষ্কার করা সম্ভব হবে।




এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির

ডেস্ক নিউজঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা, সম্ভাব্য সংকট এবং সরবরাহব্যবস্থায় কোথাও বিঘ্ন ঘটার আগাম তথ্য জানতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে দেওয়া এক সাক্ষাৎকারে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ শৃঙ্খল আরো কার্যকরভাবে সমন্বয় এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘কোথায় সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে বা কোথায় বিঘ্ন ঘটতে পারে- এমন তথ্য দিতে পারে, টিসিবির জন্য এমন একটি ব্যবস্থা অত্যন্ত কার্যকর হবে।’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বাজারের প্রবণতা ও সরবরাহ শৃঙ্খলের গতিবিধি বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা গড়ে তোলার যে বৃহত্তর পরিকল্পনা নিয়েছেন, তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান টিসিবি চেয়ারম্যান।

তিনি বলেন, ‘এটি টিসিবির মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু করা হবে, ইনশাআল্লাহ।’

আগস্টের শুরুতে কাঁচা মরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ফয়সল আজাদ বলেন, অনেক সময় বাজারে কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার পর টিসিবি বিষয়টি জানতে পারে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি ব্যবস্থা বৃষ্টিপাত, পরিবহন ব্যবস্থায় বিঘ্ন, উৎপাদন, আমদানি, মূল্য, পণ্যের সরবরাহ ও সরবরাহ প্রবাহসহ বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে সম্ভাব্য সংকটের আগাম সতর্কবার্তা দিতে পারবে।

প্রস্তাবিত এ ব্যবস্থা চালুর লক্ষ্যে টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মূল কমিটি ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছে।

টিসিবি চেয়ারম্যান বলেন, প্রকল্পের কার্যপরিধি বা টার্মস অব রেফারেন্স (টিওআর) চূড়ান্ত হওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নে একটি প্রতিষ্ঠান নিয়োগের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু করা হবে।

বিভিন্ন পণ্যের দায়িত্ব বিভিন্ন সরকারি সংস্থার ওপর থাকায় আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরো জোরদার করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। বাজারদর ও পণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান তিনি।

ফয়সল আজাদ বলেন, প্রয়োজন হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টিসিবি তার নিয়মিত দায়িত্বের বাইরে থাকা পণ্য নিয়েও বাজারে হস্তক্ষেপ করে। অতীতে সংস্থাটি আলু বিক্রি করেছে এবং পেঁয়াজ সংগ্রহও করেছে, যদিও এসব পণ্য মূলত অন্য মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পড়ে।

বাড়ছে নিজস্ব গুদাম সক্ষমতা : অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নতুন গুদাম নির্মাণ এবং পুরোনো কয়েকটি স্থাপনা পুনর্নির্মাণের পরিকল্পনা করছে টিসিবি।

ফয়সল আজাদ জানান, উত্তরা এলাকায় একটি নতুন গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া টিসিবির পুরোনো কয়েকটি ভবন সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পুনর্নির্মাণ করা হবে।

টিসিবি নিজস্ব সংরক্ষণ সক্ষমতা প্রায় ১০ হাজার মেট্রিক টন বাড়াচ্ছে। এর ফলে ধীরে ধীরে ভাড়ায় গুদাম নেওয়ার ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

টিসিবি চেয়ারম্যান বলেন, সংস্থাটি ইতোমধ্যে স্বয়ংক্রিয় সরবরাহ ব্যবস্থার দিকে অনেক দূর এগিয়েছে। পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন এবং নতুন একটি মোবাইল অ্যাপ চালু হলে কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে এবং ভোক্তারাও আরো সুবিধা পাবেন।

অনলাইন লটারিতে ডিলার নির্বাচন : নতুন ডিলার নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ফয়সল আজাদ বলেন, সরকারি নীতিমালা অনুসরণ, জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং অনলাইন লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় প্রতি ১ হাজার ৫০০ স্মার্টকার্ডধারীর জন্য একজন ডিলার রাখার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ডিলার নির্বাচনে বাইরের হস্তক্ষেপের সুযোগ কমানোর জন্যই এ ব্যবস্থা চালু করা হয়েছে।

টিসিবি চেয়ারম্যান বলেন, ‘আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য আবেদনকারীদের অনলাইন লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’

বাজারে জরুরি পরিস্থিতিতে হস্তক্ষেপের একটি ব্যবস্থা হিসেবে ট্রাক সেল কার্যক্রমও বজায় রাখছে টিসিবি। তবে, এটিকে নিয়মিত কার্যক্রম হিসেবে পরিচালনা করা হবে না বলে জানান তিনি।

পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে অথবা ঈদের মতো বিশেষ চাহিদার সময়ে প্রয়োজন হলে আবারও ট্রাক সেল শুরু করা হতে পারে।

জনবল, অর্থায়ন ও সংরক্ষণ সক্ষমতার সংকট :

টিসিবির কার্যক্রম পরিচালনায় জনবলসংকট, অর্থায়নের ব্যয়, পর্যাপ্ত সংরক্ষণাগারের অভাব এবং জেলা প্রশাসনের ওপর নির্ভরশীলতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন টিসিবি চেয়ারম্যান।

বর্তমানে টিসিবিতে প্রায় ২৭৫ জন কর্মী রয়েছেন। অন্যদিকে সংস্থাটির বার্ষিক পণ্য ক্রয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর টিসিবি প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার পণ্য কিনেছে। চলতি অর্থবছরে প্রায় ৮ হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা রয়েছে।

ক্রমবর্ধমান দায়িত্ব পালনে টিসিবির সাংগঠনিক কাঠামো সম্প্রসারণ এবং দেশের প্রায় ২১টি স্থানে কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাজারভিত্তিক পণ্য সংগ্রহ, লাভজনক বিক্রয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাজার বিশ্লেষণের মতো নতুন কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত জনবলও প্রয়োজন বলে উল্লেখ করেন ফয়সল আজাদ।

অর্থায়নকে আরেকটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, টিসিবি সাধারণত পণ্য সংগ্রহের জন্য সরকারের কাছ থেকে ঋণ পায়। তবে, ভর্তুকির অর্থ পেতে বিলম্ব হলে সংস্থাটির সুদের ব্যয় বেড়ে যায়।

এ কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পাশাপাশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক থেকেও টিসিবি-কে ঋণ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, ‘বেসরকারি ব্যাংক অনেক সময় তুলনামূলক কম সুদে ঋণ দিতে পারে। এতে অর্থায়নের ব্যয় কমবে এবং শেষ পর্যন্ত সরকারের ভর্তুকির চাপও কমানো সম্ভব হবে।’

আমদানিকারকদের ভ্যাট সুবিধার প্রস্তাব :

টিসিবিতে আমদানি করা পণ্য সরবরাহকারী ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) বিধানেও পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন টিসিবি চেয়ারম্যান।

বর্তমানে বিদেশ থেকে পণ্য সংগ্রহ করে টিসিবিতে সরবরাহকারী ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে দেশীয় উৎপাদকদের তুলনায় অতিরিক্ত ভ্যাট ব্যয়ের মুখে পড়েন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এই সমস্যার সমাধান হলে আরো বেশি সরবরাহকারী অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা বাড়বে এবং এর ফলে পণ্য সংগ্রহের দামও কমতে পারে।’

যোগ্য সরবরাহকারীর সংখ্যা বাড়লে সীমিতসংখ্যক দেশীয় উৎপাদকের ওপর নির্ভরতাও কমবে বলেও মনে করেন তিনি।

মানের সঙ্গে আপস নয় : আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে টিসিবি চেয়ারম্যান বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, পণ্যের মান বজায় রাখা এবং প্রতিযোগিতামূলক পণ্য সংগ্রহ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সরকারের ভর্তুকিনির্ভরতা কমানোই টিসিবির প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ‘পণ্যের মানের সঙ্গে আমরা কোনো আপস করব না।’ ভোক্তাদের চাহিদা ও জরিপের ভিত্তিতে ভবিষ্যতে নতুন পণ্যও যুক্ত করা হবে বলে জানান তিনি।

ফয়সল আজাদ বলেন, ‘আমাদের উদ্দেশ্য মানুষকে এসব পণ্য কিনতে বাধ্য করা নয়। এগুলো ঐচ্ছিক। মানুষের প্রয়োজন হলে তারা কম দামে এসব পণ্য কিনতে পারবেন।’

চলমান সংস্কার কার্যক্রম, স্বয়ংক্রিয় ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা, উন্নত পণ্য সংগ্রহ প্রক্রিয়া এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে টিসিবি আরো দক্ষ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসব উদ্যোগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে টিসিবির ভূমিকা আরো শক্তিশালী করবে বলেও মনে করেন সংস্থাটির চেয়ারম্যান।