বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

ডেস্ক নিউজঃ দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে বিকেল ৫টার দিকে লোডশেডিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।

তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ১ হাজার ৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় ১ হাজার ২০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। তবে বিকেলের দিকে বিদ্যুতের ঘাটতি দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। দুপুর ২টায় লোডশেডিং ১ হাজার ৪৭১ মেগাওয়াটে পৌঁছাতে পারে। এরপর বিকেল ৩টায় তা বেড়ে ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াট হতে পারে। বিকেল ৫টায় সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এরপর সন্ধ্যায় কিছুটা কমলেও রাতে আবার বাড়তে পারে লোডশেডিং। সন্ধ্যা ৬টায় ২২১৬ মেগাওয়াট, সন্ধ্যা সাড়ে ৬টায় ১৫২৮ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২৭৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। রাত ৮টায় ২৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, রাত ৯টায় দেশের বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ১৮ হাজার ৭৩০ মেগাওয়াট হতে পারে। এসময় উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট। রাত ১০টায় চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং লোডশেডিং ২ হাজার ১৬৮ মেগাওয়াট।

এর আগে গত কয়েক দিনেও দেশে বড় ধরনের বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে।




জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ডেস্ক নিউজঃ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে আইরিন খান তার পরিচয়পত্র পেশ করেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সংস্থাটির ইতিহাসে প্রথম নারী মহাসচিব।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশনের (আইডিএলও) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) ২১ বছরের দীর্ঘ কর্মজীবনে ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপ-পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ আইরিন খান ২০০৬ সালে মর্যাদাপূর্ণ সিডনি পিস প্রাইজে ভূষিত হন। তিনি দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস গ্রন্থের লেখক। আইরিন খান ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও হার্ভার্ড ল’ স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।




দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস, সতর্কবার্তা

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।




মেহেরপুরে বই দেখে পরীক্ষা: ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

ডেস্ক নিউজঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ওই পরীক্ষাকেন্দ্রে বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ধারণ করতে গিয়ে দুই সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

হামলার শিকার বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ গতকাল গাংনী থানায় মামলা করেছেন। মামলায় রফিকুজ্জামান ও মনিরুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, পরীক্ষায় নকলের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।




নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২

আন্তর্জাতিক ডেস্কঃ নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধু নেপালেই ৬১৬ জনের মরদেহ মিলেছে। আর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম মতে, তিব্বতে এখন পর্যন্ত সাতজনের নিহতের খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা ২ হাজার ৪৮২ জন।

শনিবার এ রিপোর্ট লেখা (বেলা ১১টা) পর্যন্ত বিশ্ব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৬১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন। অন্যদিকে, চীনের তিব্বতে বন্যা ও ভূমিধসে সাতজন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। ফলে দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা ৬২৩ এবং নিখোঁজের সংখ্যা ২ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে।

গত বুধবার (২৬ আগস্ট) হিমালয়ের নেপাল-চীন সীমান্ত এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ পানির স্রোত নেমে আসে। এতে নদীর তীরবর্তী এলাকা, সড়ক, সেতু, ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চীন ও নেপালের গুরুত্বপূর্ণ সীমান্ত বাণিজ্যকেন্দ্র গিরংও ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

বন্যার পর পাহাড়ি ধ্বংসাবশেষে একটি নতুন হ্রদ তৈরি হয়েছে। সেখান থেকে পানি উপচে পড়ায় আরও বন্যার আশঙ্কা তৈরি হয়। এ কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে ব্যাহত হলেও পরে আবার তা শুরু করা হয়।

নেপাল ও চীনের উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছে। দুর্গম পাহাড়ি এলাকা, যোগাযোগব্যবস্থার ক্ষতি এবং নতুন করে বন্যার আশঙ্কা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।

৩২০ ভারতীয় এখনো নিখোঁজ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে বৃহস্পতিবার ২১ জন ভারতীয় কাঠমান্ডুতে পৌঁছেছেন। এ ছাড়া ত্রিশূলী ওয়ান জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩ জন ভারতীয়কেও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চীনের অংশে আটকে থাকা আরও ৯৬ জন ভারতীয় স্থলপথে নিরাপদে নেপালে প্রবেশ করেছেন। তবে ভারতীয় প্রায় ৩২০ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে, ভয়াবহ এই দুর্যোগে দুই দেশের ৯০ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্গতদের খাবার, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। সূত্র: বিবিসি, রয়টার্স, এএফপি, এনডিটিভি।




পিকআপ ভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার চেষ্টা, ধরলো জনতা

ডেস্ক নিউজঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে ওই ওষুধসহ ওই চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকা থেকে পিকআপটি জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, রাতে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য নিয়ে আসে চালক। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি থানায় নিয়ে আসে।

আটক পিকআপ চলক ও মালিক আজমতের দাবি, পিকআপ ভর্তি ওষুধগুলো টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার কথা জানান। ইতোপূর্বে ঘাটাইলের বনাঞ্চলের গভীর জঙ্গলে সরকারি ওষুধ ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। সেই ধারাবাহিকতায় মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো এবারও যমুনা নদীতে ফেলার চুক্তি নেন।

ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, ঘাটাইল হাসপাতালের মেয়াদোত্তীর্ণ পিকআপভর্তি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ ব্যাপারে আমি জেলা সিভিল সার্জনকে অবহিত করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাইম সোহেল জানান, এতগুলো ওষুধ নদীতে ফেলতে নিয়ে গেছে বিষয়টি আমি জানি না। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজঃ মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির। এদিন দুদকের উপপরিচালক এ.কে.এম মাহবুবর রহমান অভিযোগসংশ্লিষ্ট শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, পরশের ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।




নেপালের বন্যায় এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এখনো কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদি কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রসঙ্গ টেনে খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাকে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায়, সহমর্মীতা ও শোক জানানো হয়েছে। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলা হয়েছে। নেপালের মন্ত্রীর বরাতে তিনি বলেন, তারা এখনো পর্যবেক্ষণ করছে কী ধরণের ক্ষতি হয়েছে। কী ধরণের সহায়তা লাগবে তা তিনি আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে জানাবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চেয়েছি, যদি হয়ে থাকে তাহলে যেন আমাদের জানানো হয়। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব, যে অবস্থায় তারা রয়েছেন তাদের ফেরত আনব। আমরা প্রস্তুত রয়েছি।

সরকারের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা বাংলাদেশি কারও নাম পাইনি। বাংলাদেশি কারও খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায়, আমরা তাদের (নেপাল সরকারের) সর্বাত্মক সহযোগিতা করব; এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।




যন্ত্রাংশের নামে খণ্ড খণ্ড কেটে দেশে আনা ৪ বিলাসবহুল গাড়ি শনাক্ত

ডেস্ক নিউজঃ মোংলা বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে তিন থেকে চারটি বড় খণ্ডে কেটে আনা চারটি বিলাসবহুল গাড়ির চালান শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। কাস্টমসের অনুসন্ধানে দেখা গেছে, গাড়ির খণ্ডগুলোতে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ সংযুক্ত রয়েছে। এসব অংশ পুনরায় সংযোজন করলে গাড়িগুলোর মূল কাঠামো ও বৈশিষ্ট্য পুনর্গঠন করা সম্ভব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জানায়, পৃথক গাড়ির যন্ত্রাংশ হিসেবে ঘোষণা করা হলেও পরীক্ষায় পাওয়া অংশগুলো সাধারণ খুচরা যন্ত্রাংশের মতো সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। বরং গাড়িগুলোকে কয়েকটি বড় অংশে কেটে আনা হয়েছে। ফলে চালানটি সাধারণ ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ নয়, বরং আংশিক সংযোজিত অবস্থায় মোটরযান আমদানির চেষ্টা হয়ে থাকতে পারে বলে কাস্টমস গোয়েন্দার অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

চালানটিতে শনাক্ত চারটি গাড়ির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা বা তারও বেশি। অথচ পুরো চালানটি ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ হিসেবে ঘোষণা করে ইনভয়েস মূল্য দেখানো হয়েছে মাত্র ৭ হাজার ৯৩৫ মার্কিন ডলার। শুল্কায়নযোগ্য মূল্য দেখানো হয়েছে প্রায় ৯ লাখ ৯৩ হাজার ৫৪৭ টাকা এবং শুল্ক-করসহ পরিশোধযোগ্য অর্থ ৬ লাখ ১০ হাজার ৩০ টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, চালানটির বিল অব এন্ট্রি নম্বর সি-৬৯০৪। আমদানিকারক ঢাকার গেন্ডারিয়ার ক্রাউন অটো মোবাইল সার্ভিসেস এবং সিঅ্যান্ডএফ এজেন্ট খুলনার এসটি ইন্টারন্যাশনাল। জাপানের মাহি কার পোর্ট থেকে চালানটি আনা হয়।

চালানটিতে ১৪ ধরনের পণ্যের মোট ১৬৪টি প্যাকেজ ছিল। ঘোষিত পণ্যের মধ্যে ব্যবহৃত দরজা, ২০০০ সিসি পেট্রোল ইঞ্জিনসহ গিয়ার অ্যাসেম্বল, সাসপেনশন শক অ্যাবসরবার, নোজ কাট, হেড লাইট, টেইল লাইট, ফেন্ডার, কেবিন, স্টিয়ারিং হুইল ও বাম্পারসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় এবং মোংলা সার্কেল চালানটির খালাস কার্যক্রম স্থগিত করে। পরে গত ১৯ জুলাই চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

পরীক্ষার সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশেষজ্ঞদের কারিগরি সহায়তা নেওয়া হয়। গাড়ির বিভিন্ন অংশে থাকা স্টিকার, লেবেল, চিহ্ন ও নম্বর বিশ্লেষণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় গাড়িগুলোর পরিচয় শনাক্ত করা হয়।

পরীক্ষায় ঘোষিত আলাদা গাড়ির যন্ত্রাংশের বিপরীতে বৈদ্যুতিক তারের সংযোগ ব্যবস্থা, সংবেদক ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংযুক্ত অবস্থায় সামনের কাটা অংশ, সম্পূর্ণ পেছনের কাটা অংশ, সামনের ও পেছনের অংশ কাটা এবং ছাদ কাটা প্যানেল অ্যাসেম্বল পাওয়া যায়। এতে গাড়িগুলোকে সাধারণ খুচরা যন্ত্রাংশের মতো সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে কয়েকটি বড় অংশে কেটে আমদানি করা হয়েছে বলে কাস্টমস গোয়েন্দার অনুসন্ধানে উঠে আসে।

শনাক্ত চারটি গাড়ির মধ্যে রয়েছে ২০১৭ মডেলের রেঞ্জ রোভার ভোগ, ২০১০ মডেলের বিএমডব্লিউ ৬৫০ আই, ২০১৬ মডেলের লেক্সাস এলএক্স৫৭০ এবং টয়োটা ক্রাউন অ্যাথলেট। কাস্টমসের ধারণা অনুযায়ী, রেঞ্জ রোভারের বাংলাদেশি বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ থেকে ১ কোটি ৮৫ লাখ টাকা, বিএমডব্লিউ ৬৫০ আইয়ের ৬০ থেকে ৯০ লাখ টাকা, লেক্সাস এলএক্স৫৭০-এর ২ কোটি থেকে ৩ কোটি ৫০ লাখ টাকার বেশি এবং টয়োটা ক্রাউন অ্যাথলেটের ৩০ থেকে ৪৫ লাখ টাকা।

এনবিআর জানায়, চারটি গাড়ির সম্ভাব্য বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লাখ থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা বা তারও বেশি হতে পারে। তবে এটি আনুমানিক বাজারমূল্য; চূড়ান্ত মূল্যায়ন ও শুল্ক-কর নির্ধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুল্কায়নের মাধ্যমে হবে।

চালানটির ইনভয়েস মূল্য ৭ হাজার ৯৩৫ মার্কিন ডলার। ঘোষণায় প্রতি ডলারের বিনিময় হার ১২২.৭৪৩৩ টাকা এবং অন্যান্য ব্যয় ১৯ হাজার ৫৭৭ টাকা ধরে শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৯ লাখ ৯৩ হাজার ৫৪৭ টাকা। এর ওপর শুল্ক-কর দেখানো হয় ৬ লাখ ৭ হাজার ৩৯৬ টাকা এবং অন্যান্য অর্থসহ মোট পরিশোধযোগ্য অর্থ ৬ লাখ ১০ হাজার ৩০ টাকা।

তবে গাড়িগুলোকে পৃথক ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ হিসেবে না দেখিয়ে জিআরআই আইন অনুযায়ী আংশিক সংযোজিত অবস্থায় সম্পূর্ণ মোটরযান হিসেবে শ্রেণিবিন্যাস করা হলে কত শুল্ক-কর প্রযোজ্য হতো, তা এখন নির্ধারণ করা হচ্ছে। গাড়ির প্রকৃত মূল্য, ইঞ্জিনের ক্ষমতা, বয়স, অবচয় ও প্রযোজ্য শুল্ক-করসহ অন্যান্য বিষয় বিবেচনা করে রাজস্ব ফাঁকির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

এনবিআর বলছে, আইন অনুযায়ী কোনো পণ্য অসম্পূর্ণ, অসমাপ্ত বা খণ্ডিত অবস্থায় থাকলেও তাতে যদি সম্পূর্ণ পণ্যের ‘এসেনশিয়াল ক্যারেক্টার’ বিদ্যমান থাকে, নির্দিষ্ট ক্ষেত্রে সেটিকে সম্পূর্ণ পণ্য হিসেবে শ্রেণিবিন্যাস করা যায়। পরীক্ষায় পাওয়া অংশগুলোর ধরন ও বিন্যাস বিবেচনায় এসব গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণ মোটরযানের ‘এসেনশিয়াল ক্যারেক্টার’ বিদ্যমান রয়েছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।




কায়কোবাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা প্রতিবাদ ঘিরে নতুন প্রশ্ন: তদন্তের বদলে কি চলছে প্রভাবশালী প্রচারণা?

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম জোন) মো. কায়কোবাদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রকল্পের কাজে কমিশন নেওয়া, বিল পরিশোধে অনিয়ম, অতিরিক্ত বিলের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়া, বদলি ও পদায়নে প্রভাব বিস্তার, ঠিকাদারদের একটি বিশেষ বলয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং বৈধ আয়ের সঙ্গে মিল না থাকা সম্পদ অর্জনের অভিযোগ।

এর মধ্যেই মো. কায়কোবাদের পক্ষ থেকে অভিযোগগুলো অস্বীকার করে প্রতিবাদ জানানো হয়েছে। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা এবং প্রতিবাদ জানানোর অধিকার তার অবশ্যই রয়েছে। তবে এই প্রতিবাদ প্রকাশের ধরন নিয়েই এখন নতুন প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের জবাব কি সরাসরি তথ্য-প্রমাণ দিয়ে দেওয়া হচ্ছে, নাকি মূল অভিযোগের বিষয় থেকে আলোচনা সরিয়ে অন্য একটি প্রচারণা তৈরি করা হচ্ছে—এটাই এখন আলোচনার বিষয়।

কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ উঠলে সবচেয়ে কার্যকর জবাব হওয়া উচিত সংশ্লিষ্ট নথি সামনে আনা। যেমন কমিশন নেওয়ার অভিযোগ যদি সত্য না হয়, তাহলে সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, বিল-ভাউচার, অনুমোদনের কাগজপত্র এবং অর্থ পরিশোধের নথি যাচাই করলেই বিষয়টি অনেকটাই পরিষ্কার হতে পারে। অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে প্রকল্পের পরিমাপ বই বা এমবি, কাজের পরিমাণ, প্রকল্পের অগ্রগতি এবং ঠিকাদারকে দেওয়া বিলের হিসাব মিলিয়ে দেখা সম্ভব। অর্থাৎ অভিযোগের জবাব শুধু বক্তব্য দিয়ে নয়, নথি দিয়েও দেওয়া সম্ভব।

কায়কোবাদের বিরুদ্ধে যে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে, তার মধ্যে প্রকল্পের বিল থেকে কয়েক শতাংশ কমিশন নেওয়ার কথাও রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রকল্প বাস্তবায়ন ও বিল ছাড়ের ক্ষেত্রে একটি বিশেষ আর্থিক সুবিধার ব্যবস্থা ছিল। একই সঙ্গে কিছু প্রকল্পে কাজের প্রকৃত পরিমাণের তুলনায় বেশি বিল দেখানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে এসব অভিযোগের কোনোটিই তদন্ত ছাড়া সত্য বলে ধরে নেওয়া যায় না। সংশ্লিষ্ট প্রকল্পের নথি, কাজের পরিমাপ এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া যাচাই করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

বদলি ও পদায়ন নিয়েও কায়কোবাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, দপ্তরের গুরুত্বপূর্ণ পদে কে থাকবেন, কোথায় বদলি হবেন কিংবা কোন কর্মকর্তা কোন দায়িত্ব পাবেন—এসব বিষয়ে তিনি প্রভাব বিস্তার করতে সক্ষম ছিলেন। এ ধরনের অভিযোগের সঙ্গে যদি বাস্তব কোনো ঘটনা জড়িত থাকে, তাহলে সংশ্লিষ্ট সময়ের বদলি ও পদায়নের আদেশ, নথি এবং প্রশাসনিক সুপারিশ পরীক্ষা করলেই বিষয়টি যাচাই করা সম্ভব। কারও ব্যক্তিগত বক্তব্য দিয়ে এ অভিযোগের নিষ্পত্তি করা কঠিন।

ঠিকাদারদের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, গণপূর্তের বিভিন্ন প্রকল্পে কাজ পাওয়া কিছু ঠিকাদারের সঙ্গে কায়কোবাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং এই যোগাযোগের মাধ্যমে প্রকল্পের কাজ, বিল ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছিল। কোনো নির্দিষ্ট ঠিকাদার বা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারি কর্মকর্তার সম্পর্ক থাকলেই সেটি অনিয়ম প্রমাণ করে না। তবে যদি একই ঠিকাদার বারবার সুবিধা পেয়ে থাকে, কাজ পাওয়ার প্রক্রিয়ায় অনিয়ম থাকে কিংবা বিল অনুমোদনে অস্বাভাবিকতা পাওয়া যায়, তাহলে বিষয়টি তদন্তের দাবি রাখে।

কায়কোবাদের বিরুদ্ধে অতীতে দপ্তরের ভেতরে ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত থাকার অভিযোগও সামনে এসেছে। এই শব্দটি ব্যবহার করে তার বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ বা বিভিন্ন পক্ষের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগের অভিযোগের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এ ধরনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল এবং প্রমাণ ছাড়া তা সত্য হিসেবে প্রচার করা ঠিক নয়। তিনি কোন সময়ে কোন দায়িত্বে ছিলেন, তার দায়িত্বের ধরন কী ছিল এবং তার সঙ্গে কোনো আর্থিক অনিয়মের প্রমাণ আছে কি না—এসব জানতে দাপ্তরিক নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করা প্রয়োজন।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সম্পদ নিয়েও। অভিযোগ রয়েছে, কায়কোবাদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা কিছু সম্পদের সঙ্গে তার বৈধ আয় ও ঘোষিত আয়ের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন রয়েছে। কোনো সরকারি কর্মকর্তার সম্পদ বেশি হলেই সেটিকে অবৈধ সম্পদ বলা যায় না। সম্পদটি বৈধভাবে অর্জিত কি না, সেটি বোঝার জন্য আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন, ঋণ, বিনিয়োগ, জমি-বাড়ির দলিল এবং অন্যান্য আর্থিক নথি পরীক্ষা করতে হয়। অভিযোগ সত্য না মিথ্যা—সেটি নির্ধারণের সবচেয়ে নির্ভরযোগ্য পথও দেখা হয়।

এখানেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে কমিশন, প্রকল্পের বিল, ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ, বদলি-পদায়ন এবং সম্পদ নিয়ে একাধিক অভিযোগ থাকলে বিষয়টি শুধু সংবাদমাধ্যমে প্রতিবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ রাখা কতটা যুক্তিসংগত—এ প্রশ্ন উঠতেই পারে। মন্ত্রণালয় চাইলে অভিযোগগুলোর বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত করতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার নথি, কার্যাদেশ, এমবি, বিল-ভাউচার, ঠিকাদারদের তালিকা, বিল অনুমোদনের ধাপ এবং প্রশাসনিক ফাইল পরীক্ষা করা যেতে পারে।

একইভাবে সম্পদের অভিযোগ যাচাইয়ের ক্ষেত্রে আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও অন্যান্য বৈধ আয়ের উৎস খতিয়ে দেখা যেতে পারে। প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট নিরীক্ষা সংস্থার সহায়তাও নেওয়া যেতে পারে। এতে অভিযোগ মিথ্যা হলে কায়কোবাদের অবস্থান পরিষ্কার হবে। আবার অভিযোগের কোনো অংশ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, এই ঘটনায় সাংবাদিকতার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কোনো সংবাদে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য না থাকলে তার বক্তব্য নেওয়া সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। আবার কেউ নিজের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ জানাতেই পারেন। কিন্তু সেই প্রতিবাদের নামে যদি অভিযোগের মূল বিষয় এড়িয়ে গিয়ে শুধু সংবাদমাধ্যম বা প্রতিবেদককে আক্রমণ করা হয়, তাহলে সেটি নিয়েও প্রশ্ন তৈরি হতে পারে। বিশেষ করে কোনো কর্মকর্তা নিয়মিতভাবে নির্দিষ্ট কিছু সাংবাদিক বা সংবাদমাধ্যমের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন কি না, তার পেছনে কোনো আর্থিক বা পেশাগত সুবিধার সম্পর্ক আছে কি না—এসব প্রশ্নেরও নিরপেক্ষ উত্তর প্রয়োজন।

তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি—একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জবাব অন্য কোনো সংবাদমাধ্যমে প্রকাশ করা  বেআইনি বা অনৈতিক প্রমাণ করে না। একজন ব্যক্তি নিজের বক্তব্য যেকোনো বৈধ মাধ্যমে তুলে ধরতে পারেন। কিন্তু যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় যে কোনো সাংবাদিক বা সংবাদমাধ্যমকে ব্যবহার করে উদ্দেশ্যমূলক পাল্টা প্রচারণা চালানো হয়েছে, প্রতিপক্ষকে চাপে রাখা হয়েছে কিংবা কোনো সরকারি কর্মকর্তা বা ঠিকাদার গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে, তাহলে সেটি সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার জন্য অবশ্যই উদ্বেগের বিষয়।

এ কারণেই ‘গৃহপালিত সাংবাদিকতা’ বা ‘ম্যানেজড সাংবাদিকতা’র মতো অভিযোগ উঠলে সেটিকেও অন্ধভাবে সত্য ধরে নেওয়া যেমন ঠিক নয়, তেমনি কোনো তদন্ত ছাড়াই উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। কারা নিয়মিত একজন কর্মকর্তার পক্ষে সংবাদ প্রকাশ করেন, অভিযোগ প্রকাশের পর কত দ্রুত পাল্টা বক্তব্য আসে, সংশ্লিষ্ট সাংবাদিকদের সঙ্গে ওই কর্মকর্তার কী ধরনের যোগাযোগ রয়েছে এবং কোনো ধরনের আর্থিক, বিজ্ঞাপন বা অন্য সুবিধার সম্পর্ক আছে কি না—এসব প্রশ্নের উত্তর প্রমাণের ভিত্তিতে বের করা দরকার।

মো. কায়কোবাদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। এখন তার বক্তব্যের সত্যতা যাচাই করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। একই সঙ্গে যারা অভিযোগ তুলেছেন, তাদের কাছেও অভিযোগের পক্ষে নথি ও তথ্য থাকার প্রয়োজন রয়েছে। কারণ সাংবাদিকতার ক্ষেত্রেও অভিযোগকে প্রমাণ ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

সব মিলিয়ে এখন সবচেয়ে প্রয়োজন পাল্টাপাল্টি বক্তব্য নয়, নিরপেক্ষ তদন্ত। গণপূর্ত অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘিরে যদি কমিশন বাণিজ্য, প্রকল্পের অর্থে অনিয়ম, ঠিকাদার সিন্ডিকেট, বদলি-পদায়নে প্রভাব এবং সম্পদের অসামঞ্জস্যের মতো অভিযোগ ওঠে, তাহলে সেগুলো দ্রুত যাচাই করা দরকার।

অভিযোগ মিথ্যা হলে তদন্তের মাধ্যমে মো. কায়কোবাদকে দায়মুক্ত করা হোক। আর অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুধু একজন কর্মকর্তা নয়, তার সঙ্গে জড়িত অন্য কর্মকর্তা, ঠিকাদার বা সুবিধাভোগীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হোক। একই সঙ্গে যদি কোনো পক্ষ সংবাদমাধ্যমকে ব্যবহার করে প্রভাব বিস্তার বা পাল্টা প্রচারণা চালিয়ে থাকে বলে প্রমাণ পাওয়া যায়, সেই বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।

কারণ শেষ পর্যন্ত প্রতিবাদলিপি দিয়ে কোনো অভিযোগের স্থায়ী নিষ্পত্তি হয় না। সত্য-মিথ্যা নির্ধারণ করবে প্রকল্পের ফাইল, বিল-ভাউচার, পরিমাপ বই, টেন্ডার নথি, বদলি-পদায়নের কাগজপত্র, আয়কর নথি, ব্যাংক লেনদেন ও সম্পদ বিবরণী। তাই এখন প্রশ্ন একটাই—কায়কোবাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি সত্যিই ভিত্তিহীন, নাকি এর পেছনে রয়েছে কোনো অনিয়মের বাস্তব চিত্র? এর উত্তর সংবাদমাধ্যমের পাল্টাপাল্টি প্রতিবেদনে নয়, একটি নিরপেক্ষ ও নথিভিত্তিক তদন্তেই পাওয়া সম্ভব।