আলেয়া মান্নানের অপ্রকাশিত লিখা ‘কাল যদি’- কবিতা

কাল যদি

         -আলেয়া মান্নান

 

ভাবতে গিয়ে তোকে নিয়ে, বন্ধ হয় নিঃশ্বাস।

কাল যদি তুই আবার, আমায় ভুলে যাস।

তোকে নিয়েই ভয় যত, আছি আমি ভয়ে।

তুই যদি চলে যাস, অন্যের সঙ্গী হয়ে।

বুকের ভিতর কেমন যেন, ভয় করে এক রাশ।

কাল থেকে হঠাৎ করে, বদলে যদি যাস!!!

অন্য কাউকে যদি ভীষণ, আপন করে নিস।

আমাকে করিস যদি, তোর চোখের বিষ।

এসব ভেবে ভয় করে, ঘুম আসে না রাতে।

আবার তোকে হারিয়ে ফেলার, নানান ভয়েতে।

কাল যদি তোর জীবন, অন্যরকম সাজায়।

তখন যে তুই আবার, ভুলে যাবি আমায়।

তোর কানে যদি কেউ, মন্ত্রতন্ত্র বাজায়।

সে ভাবনাটায় আমার মনে, বারং বার ভাবায়।

হয়ত তখন বদলে যাবি, পরিস্থিতির সাথে।

আমাকে এড়িয়ে চলবি, নানান অজুহাতে।

ভয় করে তোর ভাবনাটা, ভাবি যখন আমি।

কাল আবার অন্য কাউকে, করিস যদি দামী।

এসব ভেবেই ভয় করে, থমকে ওঠে শ্বাস।

কাল যদি তুই আবার, আমায় ভুলে যাস।

তোকে নিয়েই যত ভাবনা, আমার অন্তরে।

যদি আবার জড়িয়ে যাস, অন্য মায়ার সুরে।

ভয়ে শুধু ভাবি তোকে, করি না কিছু প্রকাশ।

কাল যদি আবার তুই, আমায় ভুলে যাস।

অন্য কাউকে নিয়ে যদি, সুখী হতে চাস।

কাল যদি তুই আবার, আমায় ভুলে যাস।




প্রতিবাদ উপেক্ষা করে সুনামগঞ্জে ৪ হাজার ৮৮৪ গাছ কাটার অভিযোগ

বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জ সদর থেকে জামালগঞ্জের সাচনা বাজার পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার সড়কের দুই পাশের হাজার হাজার গাছ কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও গাছ কাটার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। উন্নয়নকাজের কথা বলে এসব গাছ দ্রুত কেটে ফেলা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সড়ক ও বন বিভাগের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ-সাচনা সড়কের দুই পাশে রেইনট্রি, কড়ই, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির মোট ৪ হাজার ৮৮৪টি গাছ ছিল। এসব গাছ ২০০৩-০৪ অর্থবছরে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো হয়েছিল। বন বিভাগের বক্তব্য, গাছগুলোর নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়ম মেনেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

নিলামে জামালগঞ্জ অংশের গাছ বিক্রি হয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার টাকায়। আর সুনামগঞ্জ সদর অংশের গাছ বিক্রি করা হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার টাকায়। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৮৪ লাখ ৮০ হাজার টাকায় বিপুলসংখ্যক গাছ বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এত বড় পরিমাণের গাছের প্রকৃত বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। ফলে কম দামে গাছ বিক্রি করে সরকারি সম্পদের ক্ষতি করা হয়েছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

গাছ কাটার কারণ নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। বন বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সড়ক প্রশস্ত করার জন্য গাছগুলো অপসারণ করা হচ্ছে। কিন্তু সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদ উল্লাহর বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। তিনি জানিয়েছেন, সুনামগঞ্জ-সাচনা সড়ক প্রশস্ত করার জন্য এখন পর্যন্ত কোনো প্রকল্প নেওয়া হয়নি। এমনকি গাছ কাটার বিষয়েও সওজকে কিছু জানানো হয়নি বলে তিনি দাবি করেছেন।

এ কারণে গাছ কাটার অনুমোদন, এর প্রয়োজনীয়তা এবং বিক্রির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো প্রকল্প না থাকলে সড়ক প্রশস্ত করার যুক্তিতে কেন এত গাছ কাটা হচ্ছে—এ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছেন স্থানীয়রা। একই সঙ্গে গাছগুলোর মূল্য নির্ধারণ কীভাবে করা হয়েছে এবং নিলাম প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না, সেটিও তদন্তের দাবি উঠেছে।

এ ঘটনায় হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি রাজু আহমেদ এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্থানীয় মানুষকে যথেষ্টভাবে অবহিত না করেই তড়িঘড়ি করে গাছ কাটা হচ্ছে। তাদের দাবি, বর্তমান বাজারদর বিবেচনায় গাছগুলোর মূল্য নিলামে পাওয়া ৮৪ লাখ ৮০ হাজার টাকার তুলনায় অনেক বেশি হতে পারে। ফলে সরকারি সম্পদ কম দামে বিক্রি করে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদের পর জেলা প্রশাসনের পক্ষ থেকেও গাছ কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ পুরোপুরি কার্যকর না হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান জানিয়েছেন, বর্তমান জেলা প্রশাসনের সময়ে এ ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো অনিয়ম পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে গাছ কাটার অনুমোদন, নিলাম প্রক্রিয়া, গাছের মূল্য নির্ধারণ, সড়ক প্রশস্ত করার যুক্তি এবং প্রশাসনের নির্দেশ অমান্যের অভিযোগ—সবকিছু নিয়েই তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে কোনো সড়ক প্রশস্তকরণ প্রকল্প না থাকার পরও যদি সেই কারণ দেখিয়ে হাজার হাজার গাছ কাটা হয়ে থাকে, তাহলে এর পেছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সেটি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া জরুরি।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কের পাশে থাকা এসব গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করেনি, পথচারীদের ছায়া দিয়েছে এবং অসংখ্য পাখির আশ্রয়স্থল হিসেবেও কাজ করেছে। তাই উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী গাছ সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। এখন তদন্ত কমিটির প্রতিবেদনে গাছ কাটার পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম, সরকারি সম্পদের ক্ষতি কিংবা নিয়মবহির্ভূত সিদ্ধান্ত হয়েছে কি না, সেটিই দেখার বিষয়।




ভারতকে বিদায় করে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্কঃ হকি বিশ্বকাপে ভারতকে ৫-৩ গোলের ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এতে দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করলো আলবিসেলেস্তেরা। অন্যদিকে এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভারত।

আমস্টেলভিনে অনুষ্ঠিত এই দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্নক হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথম মিনিটেই জোয়াকিন তোস্কানির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর ষষ্ঠ মিনিটে নিকোলাস দেল্লা তোরে ব্যবধান ২-০ করেন।

দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতেই আর্জেন্টিনার টমাস ডোমেনে ৩৩ ও ৪৫ মিনিটে জোড়া গোল করে ভারতীয় ডিফেন্সকে ভেঙে চুরমার করেন। ৫৩ মিনিটে তোস্কানি নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনা দলকে ৫-০ ব্যবধানে এক বিশাল লিড এনে দেন।

অন্যদিকে শুরুর ধাক্কা সামলে শেষ মুহূর্তে ভারত কিছুটা প্রত্যাবর্তনের চেষ্টা করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে ৩৪ ও ৫৮ মিনিটে দুটি চমৎকার ফিল্ড গোল করেন সুখজিৎ সিং। এছাড়া হার্দিক সিং ম্যাচের ৩৬তম মিনিটে একটি পেনাল্টি স্ট্রোক রূপান্তর করে হারের ব্যবধান কমান (৩-৫)।




ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে তেল বাণিজ্যিক সম্পৃক্ততার অভিযোগে চারটি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর, বিক্রি এবং রপ্তানিতে সহায়তা দেওয়ার অভিযোগে এই কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।

বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অর্থনৈতিক অভিযান শুরু করেছে। এই অভিযানের ধারাবাহিকতায়ই ভারতের চার কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা করেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকে চুক্তির জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। এখন তাদের বিরুদ্ধে এমন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, যার ফলে দেশটি আন্তর্জাতিক বাণিজ্য থেকে অভূতপূর্বভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ট্রাম্প একই সঙ্গে ইরানের মিত্র দেশগুলোকেও সতর্ক করে বলেন, যদি কোনো দেশ ইরানকে অর্থনৈতিক সহায়তা দেয়, তা তেল চোরাচালান, নগদ লেনদেন, জাহাজ নিবন্ধন বা ভুয়া কোম্পানির মাধ্যমেই হোক, সেই দেশকেও কঠোর পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: এএনআই




৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের মদেশ প্রদেশে তিন বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র জনরোষ ও বিক্ষোভ শুরু হয়েছে। এই নৃশংস ঘটনার পর রাজনীতিবিদ ও অধিকারকর্মীরা আরও কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।

নিখোঁজ হওয়ার তিন দিন পর গত সপ্তাহে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। সিমারা শহরে কয়েক দিন ধরে চলা আন্দোলনের পর ভুক্তভোগীর পরিবার সরকারি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এবং একটি লিখিত চুক্তি করে। সরকার গুরুতর অপরাধের আইন পর্যালোচনা এবং শিশুটির স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।

এই ঘটনা অপ্রাপ্তবয়স্ক অপরাধীদের বিচারের বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে, যেখানে কিছু আন্দোলনকারী ধর্ষণ বা খুনের দায়ে দোষী সাব্যস্ত কিশোরদের জন্য আরও কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। বিশিষ্ট মানবাধিকারকর্মী গৌরী প্রধান এই হামলাকে একটি ‘খুব বেদনাদায়ক ঘটনা’ হিসেবে অভিহিত করে বলেছেন, সরকারের উচিত এই জঘন্য কাজের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়া এবং ব্যাপক সংস্কারের জন্য গুরুতর প্রচেষ্টা চালানো। তবে তিনি মৃত্যুদণ্ড চালুর দাবির বিষয়ে সতর্ক করেছেন।

পুলিশ হেফাজতে থাকা এক কিশোর সন্দেহভাজনের বক্তব্য দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। কীভাবে পুলিশের হেফাজতে থাকা ব্যক্তির ফুটেজ ফাঁস হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। বারা জেলার প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বিবিসিকে জানান, তারা এই ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত এক পুলিশ সদস্যকে খুঁজে পেয়েছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। তিনি জানান, এই ধরনের বিষয়ের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে দেশটিতে ধর্ষণ ও যৌন নির্যাতনের ২৫ হাজার ৫০০টির বেশি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জনেরও বেশি নারী ভুক্তভোগীর বয়স ১০ বছরের কম ছিল।

সূত্র: বিবিসি




সমঝোতার পরও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, SK+F-এর ওষুধ কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি কেমিস্টদের

বিশেষ প্রতিবেদক : স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান SK+F- এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়ে দেশের বিভিন্ন এলাকার কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বৈঠকে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির ওষুধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন একদল ওষুধ ব্যবসায়ী।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন মো. কামাল হোসেন। তিনি নিজেকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) ক্যান্টনমেন্ট থানার সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ‘জাগ্রত কেমিস্ট বাংলাদেশ’- এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

তার পোস্টের ভাষ্য অনুযায়ী, SK+F-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমন্ত্রণে ‘জাগ্রত কেমিস্ট বাংলাদেশ’- এর নেতৃত্বে প্রায় ৩৫টি থানার পক্ষ থেকে ১২টি থানার ওষুধ ব্যবসায়ীদের প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির হেড অফিসে একটি বৈঠকে অংশ নেন। সেখানে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং কয়েকটি বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা ও প্রতিশ্রুতি হয়।

যে দুই প্রতিশ্রুতি ঘিরে মূল বিরোধ : কামাল হোসেনের দাবি, বৈঠকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে তুলে নেওয়া এবং স্বল্প সময়ের মধ্যে সেগুলোর পরিবর্তে নতুন ওষুধ সরবরাহের বিষয়ে আলোচনা ও সম্মতি হয়।

এ ছাড়া বিক্রয়ের ক্ষেত্রে শর্তযুক্ত ‘স্ল্যাব’ পদ্ধতি না রেখে মোট বিক্রয়ের ওপর সরাসরি ইনভয়েসে ৩ শতাংশ সুবিধা দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে তাঁর অভিযোগ, বৈঠকে সম্মত এসব বিষয় পরবর্তী সময়ে প্রত্যাশিতভাবে বাস্তবায়িত হয়নি। আর এ কারণেই কেমিস্টদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

কামাল হোসেন তাঁর পোস্টে প্রশ্ন তুলেছেন—বৈঠকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন কোথায়? কথা দিয়ে কথা রাখা হলো না কেন?
‘আমরা কারও বিরুদ্ধে নই’: পোস্টে তিনি দাবি করেন, কেমিস্টদের অবস্থান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। তাঁদের মূল দাবি ন্যায্য ব্যবসায়িক অধিকার এবং বৈঠকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন।

তাঁর ভাষ্য, একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ওষুধ ব্যবসায়ীদের সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান, স্বচ্ছতা, ন্যায্যতা ও আস্থার ভিত্তিতে। একই সঙ্গে তিনি SK+F- এর নিজস্ব মূল্যবোধে ‘Integrity’ ও ‘Ethics’-এর উল্লেখ থাকার বিষয়টিও সামনে আনেন।

বয়কটের ঘোষণা : সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আলোচনায় সম্মত বিষয়গুলো কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত SK+F-এর ওষুধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পোস্টে ঘোষণা করা হয়েছে।

কামাল হোসেনের বক্তব্য : ‘দোকান আমার, ব্যবসার ঝুঁকি আমার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার।’ ফলে কেমিস্টদের একটি অংশ নিজেদের ব্যবসায়িক স্বার্থ ও ন্যায্য অধিকারের প্রশ্নে সম্মিলিতভাবে এই অবস্থান নিয়েছেন বলে তিনি জানান।

প্রশ্ন উঠছে ব্যবসায়িক সম্পর্কের স্বচ্ছতা নিয়ে : ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ও খুচরা বিক্রেতাদের মধ্যে মূল্যছাড়, ইনভয়েস সুবিধা, মেয়াদোত্তীর্ণ পণ্য ফেরত ও প্রতিস্থাপন—এসব বিষয় সরাসরি ব্যবসায়িক আস্থা ও সরবরাহব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। ফলে বৈঠকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়ে থাকলে তার বাস্তবায়ন হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বচ্ছ যোগাযোগ থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, কামাল হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে উত্থাপিত অভিযোগগুলো তাঁর বক্তব্য ও দাবির ভিত্তিতে প্রকাশিত। এসব অভিযোগের বিষয়ে SK+F কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা প্রয়োজন।

সমাধানের পথ কোথায়? : পরিস্থিতি দীর্ঘায়িত হলে একদিকে কেমিস্ট ও ডিলারদের সঙ্গে একটি বড় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্কের ওপর চাপ তৈরি হতে পারে, অন্যদিকে ওষুধ সরবরাহব্যবস্থাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বিরোধকে সংঘাতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কামাল হোসেন তাঁর পোস্টে SK+F-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন—বৈঠকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন, কেমিস্টদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সম্মানজনক ও ন্যায্য ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।

এখন দেখার বিষয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসা এই ক্ষোভের পর SK+F কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং আলোচনায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকর করা হয়। বিরোধের সমাধান আলোচনার টেবিলে হয়, নাকি কেমিস্টদের ঘোষিত বয়কট আরও বিস্তৃত হয় –সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।




বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ডেস্ক নিউজঃ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।

গতকাল সোমবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সদস্যদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে সম্পৃক্ততার বিষয়ে সার্ভিসের সদস্যদের জন্য নির্দেশনা জারি করা হলো।

পরিপত্রের নির্দেশনায় বলা হয়েছে-

(ক) সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।

(খ) সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে তাঁর নাম, পদবি, ছবি বা পরিচয় সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোচিং-সংক্রান্ত প্রচার-প্রচারণার কাজে ব্যবহার করতে পারবেন না কিংবা এ ধরনের ব্যবহার অনুমোদন করতে পারবেন না।

(গ) সার্ভিসের কোনো সদস্য বিচারিক দায়িত্ব পালনের সুবাদে প্রাপ্ত কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করতে পারবেন না।

(ঘ) সার্ভিসের কোনো সদস্য বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিংয়ের জন্য শিক্ষা-সামগ্রী প্রস্তুত, সম্পাদন, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না।

(ঙ) এ পরিপত্রের কোনো বিধান লঙ্ঘন করলে সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা-সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।




রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

ডেস্ক নিউজঃ বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। পৃথক অভিনন্দন বার্তায় তারা মির্জা ফখরুলের সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সৌদি বার্তা সংস্থার এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে বাংলাশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রবিবার (২৩ আগস্ট) রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন তিনি।

এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে গতকাল সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

এ সময় রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।




মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
তিনি জানান, বৈঠকে মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ঝরে পড়া রোধে ট্রাস্টের ভূমিকা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সর্বজনীন উপবৃত্তি কর্মসূচির প্রভাব ও অর্জন নিয়ে আলোচনা হয়। ওই সময় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সর্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়গুলো উঠে আসে বলেও জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
বৈঠকে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকেও শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সমান গুরুত্ব দেওয়া হয়। এ সময় বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপস না করা হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
শাহাদাৎ স্বাধীন জানান, মিড-ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দু’টি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় রায়ের দিন পেছাল

ডেস্ক নিউজঃ বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নতুন এদিন ধার্য করেন।

মঙ্গলবার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তিনি দেশের বাইরে আছেন। এ কারণে আমরা সময় চাচ্ছি। তখন আদালত সময় আবেদন মঞ্জুর করে রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেন।

এর আগে সোমবার (২৪ আগস্ট) বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের জন্য আজকের দিন (২৫ আগস্ট) ধার্য করা হয়।

আদালতে আসামিপক্ষে রয়েছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

শিশু আছিয়ার নির্মম ঘটনাটি ঘটে মাগুরা সদর উপজেলায়

গত বছরের ৫ মার্চ রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী শিশুটি। শহরের নিজনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা করেন।

গুরুতর অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার সব আসামিকে গ্রেপ্তার করে।

২০২৫ সালের ১৩ এপ্রিল আলোচিত এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন।

গত বছরের ৭ মে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম। এক বছর আগে ১৩ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে মামলার শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই বছরের ১৭ মে রায় ঘোষণা করা হয়।

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে (৪৭) মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই (১৭) এবং সজীবের মা জাহেদা বেগম (৪০)।

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠাতে হয়। সেই অনুযায়ী, এ মামলার নথি গত বছরের ২১ মে হাইকোর্টে পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে নথিপত্র পেপারবুক তৈরির জন্য বিজি প্রেসে পাঠানো হয়।

পেপারবুক প্রস্তুত হওয়ার পর গত ৮ জুন তা হাইকোর্টে পাঠানো হয়। পরে মামলাটি শুনানির জন্য বিশেষায়িত বেঞ্চের কার্যতালিকায় ওঠে।