মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন

ডেস্ক নিউজঃ পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। দায়িত্ব বদল করে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’

অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদলের অংশ হিসেবে জহির উদ্দিন স্বপনের স্থলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিএনপির জোটসঙ্গী এই নেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য।




সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

তিনি জানান, সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করতে হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাই করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটিই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নদীবেষ্টিত হওয়ায় ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর নির্ভরতা রয়েছে। নতুন সড়ক সংযোগ তৈরি হলে সেই নির্ভরতা কমবে।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের বড় সুবিধা হলো দূরত্ব, সময় ও ব্যয় সাশ্রয়।

বিশেষ করে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগে এটি একটি কার্যকর বিকল্প পথ হয়ে উঠতে পারে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে দপ্তর বণ্টন করা হলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ ইসলাম তার পদে বহাল থাকছেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে হুমায়ুন কবিরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও আনুষ্ঠানিকতা পায়।

এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করায় কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গণমাধ্যমকে বলেন, ‘এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে তো অসুবিধা নেই।’

মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হুমায়ুন কবিরের। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন ধরে যুক্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সরকারের হয়ে কাজ করেছেন তিনি। এসব অভিজ্ঞতার কারণেই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক নিউজঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নেন সাচিং প্রু জেরী।




টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর

ক্রীড়া ডেস্কঃ সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, এটাই হতে যাচ্ছে তার সম্ভাব্য শেষ মৌসুম। আর ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই দুর্দান্ত এক রেকর্ড গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। 

আল-রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আল-নাসর। দলের হয়ে শেষ গোলটি করেন রোনালদো। এতেই প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন সিআরসেভেন।

আল-রিয়াদের বিপক্ষে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে পাঠান রোনালদো।

এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে রোনালদো পেছনে ফেলেছেন সুইডিশ তারকা জালাতান ইব্রাহিমোভিচকে। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।

রোনালদোর এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ তিনি চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে রেকর্ডটি গড়েছেন। স্পোর্টিংয়ে ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়ের প্রতিটি মৌসুমে গোল করেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে টানা নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোল করার পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি দিয়ে আল-নাসরের হয়েও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

আল-রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।




‘বিশ্বের কোথাও’ ভালো খেলছে না পাকিস্তান

ক্রীড়া ডেস্কঃ লিডস টেস্টে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। পাঁচ দিনের ম্যাচে তিন দিনও টিকতে পারেনি তারা। শুক্রবার (২১ আগস্ট) তৃতীয় দিনের চা বিরতির আগেই ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আলী আগা স্বীকার করেছেন, দেশের ভেতরে ও বাইরে কোনো জায়গাতেই ভালো করতে পারছে না তাদের দল।

বাবর আজমের চোটের কারণে লিডস টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন সালমান আলী আগা। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর তিনি বলেন, ‘বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং—সব বিভাগেই ইংল্যান্ড আমাদেরকে গুঁড়িয়ে দিয়েছে। কোনো বিভাগেই আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না। ইংল্যান্ডে ধারাবাহিকতা খুব জরুরি, কারণ এখানে বলের পার্শ্বীয় মুভমেন্ট হয়, তাই সব সময় মনোযোগী থাকতে হয়। সেই ব্যাপারটিরই অভাব ছিল। আমরা মনে করি, এই ধারাবাহিকতার অভাবের কারণেই আমাদের এমন পারফরম্যান্স হয়েছে।’

গত তিন বছরে ১৯ টেস্টের ১৪টিতেই হেরেছে পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশের কাছে ঘরে-বাইরে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সালমান বলেন, ‘দেশের বাইরে আমরা ভালো খেলছি না। বিশ্বের কোথাওই আমরা ভালো করতে পারিনি। অবশ্যই এটা উদ্বেগের ব্যাপার। প্রতিটি বৈঠকেই আমরা এ নিয়ে আলোচনা করি। এমনকি দলের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও। চেষ্টা করে যাচ্ছি আমরা।’ 

তিনি আরও বলেন, ‘যেকোনো পাকিস্তানি দলের জন্যই ইংল্যান্ড সফর একটি কঠিন চ্যালেঞ্জ। সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন থেকে এখানে এসেছি আমরা। এমন নয় যে এক মাস আগে এখানে এসেছি; মাত্র এক সপ্তাহ আগেই এসেছি। আপনারা হয়তো এই দুই দলের মধ্যে বিশাল পার্থক্য দেখতে পেয়েছেন। কিন্তু যেকোনো এশীয় দল এখানে এলে শুরুতেই সমস্যায় পড়ে। এখানকার কন্ডিশন এমন নয় যে এক সপ্তাহের মধ্যে মানিয়ে নেওয়া যায়। আমরা চেষ্টা করছি এবং আপনারা দেখবেন পরের ম্যাচে আমরা আরও ভালো খেলবো।’




দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক নিউজঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত থাকেন ছয় সংসদ সদস্য।

এর আগে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‌‘আগামীকাল ২১ অগাস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলো। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।




ঘুষে অডিট টিম, ফাইল আটকে অর্থ আদায়: দুদকের নজরে এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

বিশেষ প্রতিবেদকঃ এলজিইডির অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুককে ঘিরে একের পর এক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষের বিনিময়ে অডিট টিম নিয়োগ, অর্থের বিনিময়ে অডিট আপত্তি নিষ্পত্তি এবং গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে সুবিধা নেওয়ার মতো বিষয় রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে।

দুদকের অনুসন্ধানে মূলত ৪২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগটি গুরুত্ব পেয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ওমর ফারুকের নামে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও বিভিন্ন আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে। তার জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

দুদকের উপপরিচালক খায়রুল হক এ বিষয়ে বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। জানা গেছে, ওমর ফারুকের আর্থিক লেনদেনের তথ্য জানতে দেশের ৬১টি ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি তিনটি জেলায় তার সম্পদ ও আর্থিক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবে তার স্ত্রী ও সন্তানদের আর্থিক তথ্যও যাচাই করা হচ্ছে বলে অভিযোগ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ রয়েছে, এলজিইডির বিভিন্ন ইউনিটে অডিট টিম নিয়োগের ক্ষেত্রে ওমর ফারুক প্রভাব খাটাতেন। এসব টিম নিয়োগের জন্য সংশ্লিষ্টদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা করে ঘুষ নেওয়া হতো বলে দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। শুধু অডিট টিম নিয়োগ নয়, অডিটে ওঠা আপত্তি নিষ্পত্তির ক্ষেত্রেও বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন সরকারি দপ্তরের অডিট আপত্তি নিষ্পত্তির নামে একটি প্রভাবশালী চক্র সক্রিয় ছিল। এই প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে আপত্তি মীমাংসা করে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি সাবেক কয়েকজন সংসদ সদস্যের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগের অডিট আপত্তিও প্রভাব খাটিয়ে সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি ফাইল আটকে রেখে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, কোনো কোনো ফাইল দীর্ঘ সময় আটকে রেখে পরে অর্থের বিনিময়ে কাজ এগিয়ে নেওয়া হতো। এভাবে অডিট কার্যক্রমকে কেন্দ্র করে তিনি এবং তার ঘনিষ্ঠদের একটি প্রভাবশালী বলয় তৈরি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পাশাপাশি ওমর ফারুকের নামে-বেনামে সম্পদ অর্জন এবং তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। সে কারণেই দুদক তার নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের আর্থিক তথ্য সংগ্রহ করছে। ব্যাংক হিসাব, সম্পদের তথ্য এবং বিভিন্ন জেলার নথিপত্র যাচাই শেষে অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবচেয়ে আলোচনার বিষয় হলো, এতগুলো অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান থাকার মধ্যেই ওমর ফারুকের পদোন্নতির বিষয়টি সামনে এসেছে। অভিযোগ রয়েছে, বড় অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে পদোন্নতি পাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে পদোন্নতির বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে বা অভিযোগগুলোর সত্যতা কতটুকু, তা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত নয়। দুদকের অনুসন্ধান শেষ হলে এসব অভিযোগের প্রকৃত চিত্র স্পষ্ট হবে।

এদিকে, ওমর ফারুকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে সরকারি প্রশাসন ও সংশ্লিষ্ট মহলেও প্রশ্ন তৈরি হয়েছে। একজন সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগের অনুসন্ধান চলার সময় তার পদোন্নতির বিষয়টি কীভাবে বিবেচনায় আসছে—এ নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




রাজউক ইমারত পরিদর্শক পিয়ালের বিরুদ্ধে ভবন মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৬/১-এর ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে দায়িত্ব পালনের আড়ালে বিভিন্ন ভবন মালিকের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রামপুরা, বনশ্রী, মেরাদিয়া, খিলগাঁও, নয়াপাড়া ও পোড়াবাড়ির মোড়সহ আশপাশের এলাকায় নির্মাণাধীন ও নির্মিত বিভিন্ন ভবনকে কেন্দ্র করে এসব অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভবন নির্মাণের নকশা, নির্মাণকাজের অনুমোদন, পরিদর্শন এবং বিভিন্ন দাপ্তরিক প্রক্রিয়ার কথা বলে ভবন মালিকদের কাছ থেকে টাকা দাবি করা হতো। বিশেষ করে বনশ্রীর এ, ই ও জে ব্লক, মেরাদিয়া এবং খিলগাঁও এলাকার কয়েকটি ভবন নিয়ে পিয়ালের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। ভবনের কাজ নিয়ম অনুযায়ী চলছে কি না, অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণকাজ মিলছে কি না—এসব বিষয় পরিদর্শনের সময় বিভিন্ন ধরনের জটিলতার কথা বলে অর্থ দাবি করার অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য, টাকা না দিলে ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া, পরবর্তী সময়ে অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সমস্যা তৈরি করা কিংবা রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দেওয়ার ভয় দেখানো হতো। অভিযোগ রয়েছে, এসব ক্ষেত্রে পিয়াল কখনো কখনো রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও ব্যবহার করতেন। ফলে অনেক ভবন মালিক ঝামেলা এড়াতে অনিচ্ছা সত্ত্বেও টাকা দিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন।

একাধিক ভবন মালিকের দাবি, তারা নিয়ম মেনেই নির্মাণকাজ করার চেষ্টা করেছেন। কিন্তু পরিদর্শনের সময় নতুন নতুন আপত্তি তুলে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে ভবনের কাজ নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে—এমন আশঙ্কা দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রতিটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট নথি ও অর্থ লেনদেনের প্রমাণ আলাদাভাবে যাচাই করা প্রয়োজন।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কিছু ভবনের ক্ষেত্রে রাজউকের প্রয়োজনীয় লিখিত অনুমোদন ছাড়াই নির্মাণকাজ সম্পন্ন করার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। কোথাও অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কি না, কিংবা এসব অনিয়মের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কোনো ভূমিকা ছিল কি না—সেটিও তদন্তের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবন নির্মাণে নিয়ম লঙ্ঘন হলে তা যথাযথভাবে বন্ধ বা ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যদি অর্থের বিনিময়ে ছাড় দেওয়া হয়, তাহলে এলাকার নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ রামপুরা, বনশ্রী, মেরাদিয়া ও খিলগাঁও এলাকায় অনুমোদনহীন বা নকশাবহির্ভূত ভবন তৈরি হলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

এ বিষয়ে অভিযুক্ত ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। একই বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানার জন্যও ফোন করা হলে তিনিও সাড়া দেননি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নগর পরিকল্পনাবিদ ও সুশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাজউকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে ভবন নির্মাণে আইন ও অনুমোদিত নকশা যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের সময় অর্থ আদায় বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা শুধু সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নয়, পুরো সংস্থার কার্যক্রম ও নজরদারি ব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে।

তাদের মতে, অভিযোগগুলো সত্য কি না তা নিরপেক্ষভাবে যাচাই করতে প্রয়োজনীয় নথি, ভবনের অনুমোদন, পরিদর্শন প্রতিবেদন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পরীক্ষা করা দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে যেসব ভবন অনুমোদন ছাড়া বা নিয়মবহির্ভূতভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়েও রাজউকের পক্ষ থেকে পৃথক তদন্ত প্রয়োজন।




গণপূর্তের ‘অদৃশ্য সিন্ডিকেটে’ সাইফুর রহমানের নাম: সম্পদ, ঠিকাদারি প্রভাব ও অনৈতিক প্রস্তাবের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন সরকারি ভবন নির্মাণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে প্রতিবছর বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় হয়। স্বাভাবিকভাবেই এসব প্রকল্পের দরপত্র, কার্যাদেশ, বিল অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা সরকারি অর্থ ব্যবস্থাপনা ও জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়ে পড়ে।

খুলনা গণপূর্ত জোনের কয়েকজন কর্মকর্তা, ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে এবং বিভিন্ন তথ্য পর্যালোচনা করে এমনই কিছু অভিযোগের সন্ধান পেয়েছে এই প্রতিবেদক। অভিযোগের কেন্দ্রে রয়েছেন খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান। তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনের সময় ঠিকাদারি সিন্ডিকেটকে সুবিধা দেওয়া, কাজের বিল ও ফাইল অনুমোদনে অনৈতিক সুবিধা দাবি, ক্ষমতার প্রভাব খাটানো এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

অভিযোগগুলোর প্রকৃতি ও ব্যাপ্তি যাচাই করতে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে সাইফুর রহমানের কর্মজীবন, ঠিকাদারি কার্যক্রম ঘিরে অভিযোগ এবং তাঁর নামে-বেনামে থাকা কথিত সম্পদের বিভিন্ন তথ্য তুলে ধরা হচ্ছে। তবে এসব অভিযোগের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খুলনা জোনে সাইফুর রহমানের দায়িত্ব

মো. সাইফুর রহমান ১৮তম ব্যাচের প্রকৌশলী। তিনি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা গণপূর্ত জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি ঢাকার আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, আজিমপুরে দায়িত্ব পালনকালে বিভিন্ন সরকারি কাজের দরপত্র ও বাস্তবায়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে তাঁর প্রভাববলয় তৈরি হয়। সেই সময় থেকেই ঠিকাদারদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে কাজ পাইয়ে দেওয়া এবং তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

আজিমপুরে ‘নির্দিষ্ট ঠিকাদার’ নির্ভরতার অভিযোগ

আজিমপুর গণপূর্ত বিভাগে দায়িত্ব পালনকালে সাইফুর রহমানের বিরুদ্ধে কমিশননির্ভর একটি ঠিকাদারি ব্যবস্থা গড়ে তোলার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য, তাঁর অনুমোদন ছাড়া বিভিন্ন ফাইল ও বিলের কাজ এগোনো কঠিন ছিল। বিশেষ করে ঠিকাদারদের বিল পরিশোধ ও ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।

আজিমপুরে সরকারি জায়গায় অবৈধভাবে দোকান পরিচালনা এবং এসব স্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ নিয়েও আগে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময় অভিযোগ অস্বীকার করে সাইফুর রহমান জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে কলোনিভিত্তিক কল্যাণ সমিতির নেতারাই এসব দোকান পরিচালনা করে আসছেন।

খুলনায়ও একই ধরনের অভিযোগ

খুলনা গণপূর্ত জোনে দায়িত্ব নেওয়ার পরও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে বলে দাবি করেছেন কয়েকজন ঠিকাদার। তাদের অভিযোগ, বিভিন্ন কাজের বিল, ফাইল অনুমোদন এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত নিয়মের বাইরে সুবিধা দেওয়ার চাপ তৈরি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে খুলনার একাধিক ঠিকাদার জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সমন্বয় ছাড়া অনেক ক্ষেত্রে কাজের ফাইল দ্রুত নিষ্পত্তি হয় না। বিল ছাড় করাতেও নানা ধরনের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নথি ও প্রমাণের পূর্ণাঙ্গ যাচাই এখনও চলমান।

রাজনৈতিক যোগাযোগ নিয়েও প্রশ্ন

সাইফুর রহমানের বিরুদ্ধে অতীতে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে। বিশেষ করে ঢাকায় কর্মরত থাকার সময় আলোচিত ঠিকাদার জিকে শামীম ও গোল্ডেন মনিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তাঁর ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। একটি সূত্রের দাবি, সে সময় তিনি আওয়ামী লীগপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং আন্দোলন দমনে অর্থসহায়তার সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতার কথা শোনা যায়। তবে এ অভিযোগের পক্ষে নিশ্চিত ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ এই প্রতিবেদনের হাতে আসেনি।

সম্পদের বিস্তৃতি নিয়ে নানা তথ্য

সাইফুর রহমানের সম্পদের বিষয়ে অনুসন্ধানে ঢাকার মোহাম্মদপুর ও মিরপুরে দুটি বাড়ি, পূর্বাচলে প্লট এবং টাঙ্গাইলের ঘাটাইল এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ির তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া বাজার রোড এলাকায় তিনতলা একটি মার্কেটের তথ্যও পাওয়া গেছে। ওই সম্পদ তাঁর ভাইয়ের বলে দাবি করেছেন সাইফুর রহমান—এমন তথ্যও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অন্যদিকে সালাউদ্দিন সেনানিবাস মোড় এলাকায় একটি এলপিজি ফিলিং স্টেশনের জায়গায় ‘সোনারতরী পার্ক’ এবং এর কাছাকাছি প্রায় এক কোটি টাকা মূল্যের জমিতে ‘কাঠবাদাম’ নামে একটি রেস্টুরেন্টের সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে এবং সেখানে তাঁর মেয়ে বসবাস করছেন বলে একটি সূত্র দাবি করেছে। এসব সম্পদের মালিকানা, ক্রয়মূল্য ও অর্থের উৎস যাচাইয়ের কাজ চলছে।

শতকোটি টাকার সম্পদের দাবি, অনুসন্ধান অব্যাহত

প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, সাইফুর রহমানের নামে, পরিবারের সদস্যদের নামে কিংবা তাঁর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করা সম্পদের মোট মূল্য শতকোটি টাকার কাছাকাছি বা তারও বেশি হতে পারে বলে অভিযোগ উঠেছে। তবে সম্পদের প্রকৃত পরিমাণ, মালিকানা এবং বৈধ-অবৈধ উৎস নির্ধারণের জন্য সরকারি নথি, সম্পদ বিবরণী ও সংশ্লিষ্ট আর্থিক তথ্য যাচাই প্রয়োজন।

এ কারণে সম্পদের বিষয়ে পাওয়া তথ্যকে আপাতত অভিযোগ ও অনুসন্ধানাধীন তথ্য হিসেবেই দেখা হচ্ছে। পরবর্তী ধাপে সম্পদের দলিল, মালিকানা, ক্রয়মূল্য এবং আয়ের উৎস যাচাই করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা থাকবে।

বক্তব্য জানতে গিয়ে ‘ম্যানেজ’ করার প্রস্তাবের অভিযোগ

অভিযোগগুলোর বিষয়ে সাইফুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। সরাসরি বক্তব্য দেওয়ার পরিবর্তে তাঁর একজন প্রতিনিধির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ না করার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

একই সঙ্গে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে সাইফুর রহমানের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথি সংগ্রহের অনুসন্ধান অব্যাহত রয়েছে। সাইফুর রহমানের সম্পদ, ঠিকাদারি কার্যক্রম এবং সংশ্লিষ্ট অভিযোগের আরও তথ্য পরবর্তী পর্বে তুলে ধরা হবে।