মদিনা অঞ্চলে ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি সৌদি জোটের, অস্বীকার হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনায় একটি ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এক্সে বলেছেন, “মদিনায় ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।”

তবে এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা। সশস্ত্র এ গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, আজ বৃহস্পতিবার সৌদিতে কোনো হামলাই চালানো হয়নি।

এরআগেও মক্কা ও মদিনায় হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিল সৌদি আরব। যার সবগুলোই প্রত্যাখ্যান করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এখন নতুন করে আবারও তাদের বিরুদ্ধে ক্রুজ মিসাইল ছোড়ার অভিযোগ আনল সৌদি।

সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের ৩৭ দিনে ইয়েমেনের নতুন ১৫ হাজার কিলোমিটার এলাকার দখল নিয়েছে হুথি বিদ্রোহীরা। এএফপির এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

গত ৭ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সঙ্গে সংঘাত শুরু হয়েছে হুথি বিদ্রোহীদের। সেদিন সৌদির চার শহরে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত।

তারপর পেরিয়ে গেছে এক মাস ৭ দিন, অর্থাৎ ৩৭ দিন। এই ৩৭ দিনে একদিকে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা, রাজধানী রিয়াদসহ বিভিন্ন বড় শহর এমনকি মক্কা-মদিনাতেও ধারাবাহিক ভাবে হামলা অব্যাহত রেখেছে হুথি যোদ্ধারা এবং একই সময়সীমায় ইয়েমেনের নতুন ১৫ হাজার কিলোমিটার এলাকা নিজেদের দখলে এনেছে।




উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ

ডেস্ক নিউজ : বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পৌনে চার ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আটটা থেকে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।




রোহিঙ্গা-বিদেশিদের নামে ৫৫ ভুয়া জন্মসনদ তৈরি, কর্মকর্তার দাবি ‘ফাঁসানো হচ্ছে’

ডেস্ক নিউজ : গাইবান্ধার পলাশবাড়ীতে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ৫৫টি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের দুই কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার ঠিকানা ব্যবহার করে এসব সনদ নিবন্ধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এক ইউপি সদস্য। তবে অভিযোগ অস্বীকার করে এক কর্মকর্তা দাবি করেছেন, তাঁদের ফাঁসানো হচ্ছে।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে ৫৫ জন বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তির নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ ও সনদ ইস্যুর ঘটনা ঘটে।

জানা গেছে, এলমিনা সুজি, মেরি জায়েদ, রুবেল আইচ, জেহেরিশ গনি মেহেক ও জিটুনা ত্রিপুরাসহ বিভিন্ন নামের ব্যক্তিদের জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। এসব সনদে জন্মস্থান হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজারের নাম উল্লেখ করা হয়েছে। আর স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার। এ ছাড়া বাঙালি নাম ব্যবহার করেও ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়েছে। এমনকি একাধিক সনদে একই নাম ব্যবহারের অভিযোগও রয়েছে।

এ ঘটনায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ ও হিসাব সহকারী মাহমুদা বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঠিকানা ব্যবহার করে বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ এবং সনদ ইস্যু করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মণ্ডল।

অভিযোগকারী ইউপি সদস্য আব্দুল বারী মণ্ডল জানান, জন্মনিবন্ধনে ব্যবহৃত এসব নাম ও ঠিকানার কোনো ব্যক্তিকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরাও এসব ব্যক্তিকে চেনেন না। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

জন্মনিবন্ধন একজন ব্যক্তির পরিচয় ও নাগরিক সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ নথি। যাচাই-বাছাই ছাড়া বিদেশি নাগরিক ও অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই কর্মকর্তা। প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ দাবি করেন, পরিকল্পিতভাবে বিদেশি নাগরিক ও ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এসব আবেদন করা হয়েছে, যাতে তাঁদের ফাঁসানো যায়। সনদে ব্যবহৃত নাম ও ঠিকানার ব্যক্তিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নজরে আসার পর তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।

হিসাব সহকারী মাহমুদা বেগম জানান, এসব জন্মনিবন্ধনের আবেদনের সঙ্গে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিভিন্ন কাগজপত্র দেওয়া হয়েছিল। সেগুলোতে সিল ও স্বাক্ষর স্ক্যান করা ছিল। প্রথমে কাগজপত্র সঠিক মনে হওয়ায় তিনি সনদগুলো প্রিন্ট করেন। পরে ভালোভাবে যাচাই করে সেগুলো ভুয়া বলে বুঝতে পারেন।

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন জানান, তিনি কম্পিউটার চালাতে জানেন না। এ কারণে জন্মনিবন্ধন-সংক্রান্ত সব কাজ প্রশাসনিক কর্মকর্তা রায়হান ফিরোজ করে থাকেন। নিবন্ধন কার্যক্রমের ওটিপি গ্রহণের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরটিও প্রশাসনিক কর্মকর্তা ব্যবহার করেন বলে জানান তিনি। এ ঘটনায় প্রশাসনিক তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান চেয়ারম্যান।

এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান বলেন, বিদেশি নাগরিক ও ভুয়া ব্যক্তিদের নামে জন্মনিবন্ধন সনদ ইস্যুর বিষয়টি সম্প্রতি তাঁর নজরে এসেছে। এ ঘটনায় তদন্ত চলছে। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




চ্যাম্পিয়ন্স লিগে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক : রোমার মাঠে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে কিলিয়ান এমবাপ্পে চ্যাম্পিয়নস লিগে ১০০ ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। বর্তমানে তার বয়স ২৭ বছর। এই বিশেষ মুহূর্তটিকে তিনি স্মরণীয় করে রাখেন প্রথমার্ধে গোল করে, যা মাদ্রিদকে সমতায় ফেরাতে সাহায্য করে।

শেষ পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় মাদ্রিদ। এর আগে লিওনেল মেসি ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই ২৮ বছর বয়সে এই রেকর্ডটি গড়েছিলেন। বুধবার মেসি কেবল এই একটি রেকর্ডই হারাননি। পিএসজির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৪-২ ব্যবধানের হারে আর্লিং হালান্ড দুটি গোল করেন, যার ফলে এই প্রতিযোগিতায় ৬০ ম্যাচে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৬১-তে।

উয়েফা জানিয়েছে, ২৬ বছর ৮৫ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে ৬০ গোল পূর্ণ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন হালান্ড; তিনি মেসির রেকর্ডটি ভেঙেছেন মাত্র এক দিনের ব্যবধানে। স্তাদিও অলিম্পিকোতে অনুষ্ঠিত এই ম্যাচে কোচ হোসে মরিনহোর শুরুর একাদশে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগে এটি ছিল তার ৭২তম গোল, যা তাকে রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পঞ্চম স্থানে নিয়ে এসেছে।

এর আগে গত মাসে ইন্টার মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়েও মাদ্রিদের হয়ে প্রথম গোলটি করেছিলেন এমবাপ্পে।

২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর হয়ে ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছিল এমবাপ্পের। গত মৌসুমে ১৫ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই ফরাসি স্ট্রাইকার। এর মধ্যে অলিম্পিয়াকোসের বিপক্ষে তিনি প্রতিযোগিতার ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকটি করেছিলেন। মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডের ব্যবধানে তিনটি গোল করেছিলেন তিনি।




লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে হামজা চৌধুরী দেখেছেন লাল কার্ড। তাই পরবর্তী ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।

ফ্রাটন পার্কে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। ম্যাচের ৩৩ মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার জন্য প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ঠিক দশ মিনিট পর আবারও কাভুমার সঙ্গে একটি চ্যালেঞ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।

প্রথম হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান। এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। 

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফিরিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না হামজা। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান সেই  খেলোয়াড়। শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের এই মিডফিল্ডার।

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তাকে মাঠ ছাড়তে হবে না। পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।




১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক : ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৬ শতাংশ বা ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী সংকোচনের ঘটনা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের কো-সিইও গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রতিষ্ঠানের প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস (এইচআর) বিভাগেই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়নে জনবল ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতেই এই কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।




নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।

তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।




ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘আসুন, আমরা প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা পরিষ্কার করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, ‘ঘরের আনাচকানাচে কিংবা রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। আমরা যদি এসব প্রজননস্থল পরিষ্কার করতে পারি, তাহলে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সফল হব।’

তারেক রহমান বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হয়েছে এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমরা যদি সবাই মিলে এসব অর্জন করতে পারি, তাহলে দেশের অন্যান্য সমস্যা সমাধানে কেন সম্মিলিতভাবে অবদান রাখতে পারব না?’

তিনি উল্লেখ করেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যতটা সম্ভব ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধের কার্যকর পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘টিকার ওপর নির্ভর করার চেয়ে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা বেশি কার্যকর। বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে।’

তারেক রহমান বলেন, ‘একটি সরকার তখনই সফল হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। সরকার-জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় এ রোগে আক্রান্ত বহু রোগীর প্রাণহানি রোধ করা সম্ভব। তাই আসুন, সবাই মিলে চেষ্টা করি। সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।




ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ইনটেলের একটি সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর সেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশের ধারণা, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে। রাসায়নিকের উৎস শনাক্ত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড নামের একটি গ্যাস জড়িত থাকতে পারে। সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ব্যবহৃত এ গ্যাসের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত বিপজ্জনক রাসায়নিক মোকাবিলা দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির তথ্য অনুযায়ী, দমকলকর্মীরা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের আটটি ইউনিট এবং আশপাশের স্টেশন থেকে বিশেষায়িত রাসায়নিক মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

কিরিয়াত গাতের এ কারখানায় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করা হয়। বিস্ফোরণের কারণ এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রকৃত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।




নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

ডেস্ক নিউজ : প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নেমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে গিয়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে ইলিশ শিকার করতে দেখা গেছে।

অভিনব পন্থায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নারীরা নেমেছেন তেতুলিয়া নদীতে মাছ শিকারে। খবর পেয়ে বিকেলে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন দুই নারীসহ ১১ জনকে আটক করেছে বলে জানান ইউএনও।

মৎস্য বিভাগসহ প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকলেও প্রকাশ্য দিবালোকে চলছে মা ইলিশ নিধন। প্রভাবশালী একাধিক চক্রের ইশারায় অসাধু জেলেরা অভিযানের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরা অব্যাহত রেখেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। প্রভাবশালী চক্রের নিষেধাজ্ঞার সময়েও অবাধে মা ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। উপজেলার তেঁতুলিয়া নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী ও পাতারচর এবং চরবোরহানের বিভিন্ন পয়েন্টে চলছে অবাধে মা ইলিশ শিকার। নদীতে মাছ ধরার ট্রলার গুলোয়ে অত্যাধুনিক ফাইটার ইঞ্জিন লাগিয়ে বেপরোয়া ভাবে দাপিয়ে বেরাচ্ছেন জেলেরা।

সরেজমিনে বুধবার দুপুরে দেখা যায়, দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর বাঁশবাড়িয়া এলাকার নদীতে ৮টি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নির্বিঘ্নে নদীতে জাল ফেলে মা ইলিশ শিকার করছেন। এর মধ্যে দুটি ট্রলারে নারীরা নদীতে জাল ফেলে ইলিশ শিকারের জন্য মাঝ নদীতে অপেক্ষায় আছেন। এর একটি ট্রলারে পাঁচ জন নারী, অন্য আর একটি ট্রলারে একটি শিশুসহ চারজন নারী মাছ ধরছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এ বিষয়ে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্তে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে আমাদের সীমানায় মা ইলিশ শিকার করতে আসেন। মূলত ওরা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার লোকজন। তাদেরকে আটক করলে তারা তাদের অবুঝ ছোট ছোট ছেলে-মেয়েদের নদীতে ফেলে দিয়ে আমাদের ভয়ভীতি দেখান। তবে কঠোর ভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা পরিচালনা করা হচ্ছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা বলেন, আমি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করতেছি। নৌপুলিশ, থানা পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে সরকারি নিষেধাজ্ঞায় মা ইলিশ রক্ষায় কাজ করার জন্য বলা হয়েছে। বুধবার দুই নারীসহ মোট ১১ জেলেকে আটক করা হয়েছে। পুরুষদের কারাদন্ড দেয়া হবে তবে নারীদের বিষয়ে কি করা যায় দেখছি। অভিযানে এক লক্ষ টাকার জাল ও ট্রলার জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।