লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে হামজা চৌধুরী দেখেছেন লাল কার্ড। তাই পরবর্তী ম্যাচে বাংলাদেশের এই মিডফিল্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে।

ফ্রাটন পার্কে ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হামজা। ম্যাচের ৩৩ মিনিটে রায়ান কাভুমা ম্যাককুইনকে ফাউল করার জন্য প্রথম হলুদ কার্ড দেখেন হামজা। এর ঠিক দশ মিনিট পর আবারও কাভুমার সঙ্গে একটি চ্যালেঞ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন।

প্রথম হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়ে তেমন বিতর্ক না থাকলেও দ্বিতীয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কাভুমা হামজার পায়ের ফাঁক দিয়ে বল বের করে সামনে এগিয়ে যান। এরপর হামজার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। 

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফিরিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে ৮৯ মিনিটে এবু অ্যাডামসের গোলে ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না হামজা। ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) নিয়ম অনুযায়ী, এক ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে বহিষ্কৃত হলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান সেই  খেলোয়াড়। শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের এই মিডফিল্ডার।

শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। তার দাবি, রেফারি প্রথমে হামজাকে জানিয়েছিলেন যে তাকে মাঠ ছাড়তে হবে না। পরে সিদ্ধান্ত বদলে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।




১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

বিনোদন ডেস্ক : ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৬ শতাংশ বা ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী সংকোচনের ঘটনা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের কো-সিইও গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রতিষ্ঠানের প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস (এইচআর) বিভাগেই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়নে জনবল ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতেই এই কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।




নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।

তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব চালিয়ে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।




ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘আসুন, আমরা প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে, সেসব জায়গা পরিষ্কার করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বিশেষ করে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করাই সবচেয়ে কার্যকর উপায়।

তিনি বলেন, ‘ঘরের আনাচকানাচে কিংবা রাস্তাঘাট ও জনসমাগমস্থলে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। আমরা যদি এসব প্রজননস্থল পরিষ্কার করতে পারি, তাহলে ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি সফল হব।’

তারেক রহমান বলেন, বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন এবং মারা যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।

ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ অনেক বড় বড় অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন করেছে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সফল হয়েছে এবং ২০২৪ সালে সর্বস্তরের মানুষের প্রচেষ্টায় জুলাই গণঅভ্যুত্থান সফল করেছে।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘আমরা যদি সবাই মিলে এসব অর্জন করতে পারি, তাহলে দেশের অন্যান্য সমস্যা সমাধানে কেন সম্মিলিতভাবে অবদান রাখতে পারব না?’

তিনি উল্লেখ করেন, দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যতটা সম্ভব ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।

ডেঙ্গু প্রতিরোধের কার্যকর পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, ‘টিকার ওপর নির্ভর করার চেয়ে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা বেশি কার্যকর। বিভিন্ন পরীক্ষায় ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত বলে দেখা গেছে।’

তারেক রহমান বলেন, ‘একটি সরকার তখনই সফল হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। সরকার-জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়।’

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় এ রোগে আক্রান্ত বহু রোগীর প্রাণহানি রোধ করা সম্ভব। তাই আসুন, সবাই মিলে চেষ্টা করি। সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।




ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ইনটেলের একটি সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর সেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশের ধারণা, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে। রাসায়নিকের উৎস শনাক্ত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড নামের একটি গ্যাস জড়িত থাকতে পারে। সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ব্যবহৃত এ গ্যাসের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত বিপজ্জনক রাসায়নিক মোকাবিলা দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির তথ্য অনুযায়ী, দমকলকর্মীরা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের আটটি ইউনিট এবং আশপাশের স্টেশন থেকে বিশেষায়িত রাসায়নিক মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

কিরিয়াত গাতের এ কারখানায় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করা হয়। বিস্ফোরণের কারণ এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রকৃত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।




নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার, দুই নারীসহ আটক ১১

ডেস্ক নিউজ : প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দশমিনা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে নারী জেলেরা মা ইলিশ শিকারে নেমেছেন। বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তেতুলিয়য়া নদীর বাশবাড়িয়া পয়েন্টে গিয়ে ৮টি ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে ইলিশ শিকার করতে দেখা গেছে।

অভিনব পন্থায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নারীরা নেমেছেন তেতুলিয়া নদীতে মাছ শিকারে। খবর পেয়ে বিকেলে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসন দুই নারীসহ ১১ জনকে আটক করেছে বলে জানান ইউএনও।

মৎস্য বিভাগসহ প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত থাকলেও প্রকাশ্য দিবালোকে চলছে মা ইলিশ নিধন। প্রভাবশালী একাধিক চক্রের ইশারায় অসাধু জেলেরা অভিযানের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ ধরা অব্যাহত রেখেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। প্রভাবশালী চক্রের নিষেধাজ্ঞার সময়েও অবাধে মা ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। উপজেলার তেঁতুলিয়া নদীর বাঁশবাড়িয়া, ঢনঢনিয়া, গোলখালী, কাটাখালী, আউলিয়াপুর, রণগোপালদী ও পাতারচর এবং চরবোরহানের বিভিন্ন পয়েন্টে চলছে অবাধে মা ইলিশ শিকার। নদীতে মাছ ধরার ট্রলার গুলোয়ে অত্যাধুনিক ফাইটার ইঞ্জিন লাগিয়ে বেপরোয়া ভাবে দাপিয়ে বেরাচ্ছেন জেলেরা।

সরেজমিনে বুধবার দুপুরে দেখা যায়, দশমিনা উপজেলার তেতুলিয়া নদীর বাঁশবাড়িয়া এলাকার নদীতে ৮টি মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নির্বিঘ্নে নদীতে জাল ফেলে মা ইলিশ শিকার করছেন। এর মধ্যে দুটি ট্রলারে নারীরা নদীতে জাল ফেলে ইলিশ শিকারের জন্য মাঝ নদীতে অপেক্ষায় আছেন। এর একটি ট্রলারে পাঁচ জন নারী, অন্য আর একটি ট্রলারে একটি শিশুসহ চারজন নারী মাছ ধরছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে মা ইলিশ রক্ষায় নদীতে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

এ বিষয়ে উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, তেঁতুলিয়া নদীর উত্তর প্রান্তে কয়েকটি নারী জেলের দল একাধিক ট্রলার নিয়ে আমাদের সীমানায় মা ইলিশ শিকার করতে আসেন। মূলত ওরা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি বাজার এলাকার লোকজন। তাদেরকে আটক করলে তারা তাদের অবুঝ ছোট ছোট ছেলে-মেয়েদের নদীতে ফেলে দিয়ে আমাদের ভয়ভীতি দেখান। তবে কঠোর ভাবে ২২ দিনের নিষেধাজ্ঞা পরিচালনা করা হচ্ছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা বলেন, আমি নিজেই তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করতেছি। নৌপুলিশ, থানা পুলিশ ও মৎস্য বিভাগকে কঠোরভাবে সরকারি নিষেধাজ্ঞায় মা ইলিশ রক্ষায় কাজ করার জন্য বলা হয়েছে। বুধবার দুই নারীসহ মোট ১১ জেলেকে আটক করা হয়েছে। পুরুষদের কারাদন্ড দেয়া হবে তবে নারীদের বিষয়ে কি করা যায় দেখছি। অভিযানে এক লক্ষ টাকার জাল ও ট্রলার জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।




টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটির সামনে এবার তিন নম্বরে উঠে আসার সুযোগ তৈরি হয়েছে। ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকা হারায় দুই দলের ব্যবধান কমেছে। পরের টেস্টেও অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে তিনে উঠে আসতে পারে বাংলাদেশ।

বিডিক্রিকটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শুরুতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শীর্ষ পাঁচে থাকার লক্ষ্য জানিয়েছিলেন। প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্সে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারের মধ্যে রয়েছে বাংলাদেশ। এবার তিনে ওঠার সম্ভাবনাও তৈরি হয়েছে, যা ফাইনালে খেলার স্বপ্নকে আরও উজ্জ্বল করতে পারে।

এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পাঁচটি এবং বাংলাদেশ ছয়টি টেস্ট খেলেছে। দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে এবং দুটি করে ম্যাচ হেরেছে। তবে বাংলাদেশের একটি ম্যাচ ড্র হয়েছে, দক্ষিণ আফ্রিকার কোনো ম্যাচ ড্র হয়নি।

আগামী ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট। ওই ম্যাচ ড্র হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার কমে বাংলাদেশের সমান ৫৫.৫৬ শতাংশ হবে। আর অস্ট্রেলিয়া জিতলে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের হার নেমে আসবে ৫০ শতাংশে। সে ক্ষেত্রে বাংলাদেশ উঠে আসবে তৃতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকা নেমে যাবে চতুর্থ স্থানে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য দলগুলো ১২ পয়েন্ট পায়। মোট অর্জিত পয়েন্ট ও খেলা ম্যাচের ভিত্তিতে শতকরা হিসাবে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

চক্রের শেষ দিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স দুই দলের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এবং পঞ্চম স্থানে থাকা ভারত।




অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। পুরো সিরিজ জুড়েই অজি মেয়েদের দাপুটে পারফরম্যান্সের সামনে চরম ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় অসহায় আত্মসমর্পণ করেছে টাইগ্রেসরা।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। একই মাঠে বুধবার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামে ধবলধোলাই এড়াতে। ধবলধোলাই এড়ানোর ম্যাচেও বাজেভাবে হারল জ্যোতির দল। ৮ উইকেটে জিতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া।

১৭৩ রানের লক্ষ্যে নেমে ৬-এর বেশি রানরেটে খেলতে গিয়ে শুরুতে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৫.২ ওভারে ২ উইকেটে ৩৮ রানে পরিণত হয় স্বাগতিকেরা। জর্জিয়া ভলকে (১৩) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভল। তবে রিভিউ অক্ষত থেকেছে। এরপর আরেক ওপেনার বেথ মুনিকে (২১) বোল্ড করেন দিশা বিশ্বাস।




‘চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?’ সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী

বিনোদন ডেস্ক : স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেতা।

এ সময় ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’

পরিবার নিয়ে ভালো আছেন জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’

মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে ওমর সানী আরও বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিন কৌশলে পরিবারের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।

অভিনেতার ভাষ্য, ফারদিন বর্তমানে দুবাইয়ে থাকেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। ফলে মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি সত্য নয় বলে জানান এই অভিনেতা।

এদিকে, মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে আগেই কঠোর অবস্থানের কথা জানান ফারদিন। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ওই পোস্টে পরিবারের বিরুদ্ধে প্রচারিত কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন ফারদিন।

ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তার পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন ওমর সানী। এবার সাংবাদিকদের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেতা। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি।




রংপুরের প্রকল্প যাচ্ছে লালমনিরহাটে, মন্ত্রীর ‘ডিও লেটারে’ ক্ষোভ

ডেস্ক নিউজ : রংপুর বিভাগের জন্য অনুমোদিত ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি বিভাগীয় সদর থেকে সরিয়ে লালমনিরহাটে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর আধা-সরকারি পত্রের (ডিও লেটার) ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি পূর্বানুমতি চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠিয়েছে।

সরকারের এই উদ্যোগ জানাজানি হওয়ার পর রংপুরের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের (সিনিয়র সচিব) কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রকল্পের অনুমোদিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী কেন্দ্রটি রংপুর সদর উপজেলার মন্থনা মৌজার ১০ একর জমিতে নির্মাণের কথা ছিল। তবে জমিটি তিন ফসলি হওয়ায় স্থানীয় মালিকরা লিখিত আপত্তি জানান, ফলে সেখানে অধিগ্রহণ কার্যক্রম জটিলতায় পড়ে। এ পরিস্থিতিতে ত্রাণমন্ত্রী প্রকল্পটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বৈরাগীকুমুর ও নওদাবস মৌজায় মোট ১০ একর জমিতে স্থানান্তরের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দেন। এর পরিপ্রেক্ষিতে প্রকল্পের এলাকা পরিবর্তন ও ডিপিপি সংশোধনের জন্য পরিকল্পনা কমিশনের জরুরি সম্মতি চাওয়া হয়েছে।