বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক : জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পারল না বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে আফগানিস্তানের ৭ উইকেট তুলে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু সেদিকুল্লাহ আতালের দুর্দান্ত সেঞ্চুরির পর ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের দৃঢ়তায় অবিশ্বাস্য এক ড্র আদায় করে নিয়েছে আফগানিস্তান।

শেষ দিনে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩৪৭ রান। অন্যদিকে, বাংলাদেশের লক্ষ্য ছিল দ্রুত বাকি উইকেটগুলো তুলে নেওয়া। শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারালেও শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে ম্যাচ বাঁচিয়ে দেয় আফগানরা।

পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল ৩ উইকেটে ১৩২ রান নিয়ে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার সেদিকুল্লাহ আতাল ও হাসমতউল্লাহ শহীদি সতর্ক ব্যাটিংয়ে দিনের প্রথম ভাগ পার করার চেষ্টা করেন। তবে প্রচণ্ড গরমে ক্র্যাম্পের কারণে ৩৩ বলে ২০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন শহীদি।

লাঞ্চের আগে বাংলাদেশকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। তাঁর বলে পুল করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন ইকরাম আলিখিল। ৬৯ বলে ৩৩ রান করে ফেরেন তিনি।

এরপর সেদিকুল্লাহ আতালের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন ইসমত আলম। মেহেদী হাসান মিরাজের বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ৪ রান করে আউট হন ইসমত। পরে আবার ব্যাটিংয়ে ফেরা শহীদিকে ফিরিয়েও বাংলাদেশকে স্বস্তি দেন মিরাজ। ৬৯ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন আফগান অধিনায়ক।

তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান আতাল। বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় আটকে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই আফগান ওপেনার। ৩৩২ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কায় ১১১ রান করেন তিনি।

শেষ পর্যন্ত তাইজুল ইসলামের বলে শর্ট লেগে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আতাল। তাঁর আউটের পর বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু শেষদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের দৃঢ় ব্যাটিংয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা।

একাধিকবার উইকেটের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত আফগানিস্তানের প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে জয়ের খুব কাছে গিয়েও ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

বাংলাদেশের হয়ে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট নেন। হাসান মাহমুদ ও নাঈম হাসান পান একটি করে উইকেট।




বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই

বিনোদন ডেস্ক : যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

অভিনেতা সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে।

এদিকে, এই শিল্পীর ওপর হামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।




দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সহ‌যো‌গিতা চান শামা ওবা‌য়েদ

ডেস্ক নিউজ : দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সংস্কৃতি, খেলাধুলা এবং দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা টেকসই করতে আলজেরিয়া থেকে সার আমদানিসহ সংশ্লিষ্ট খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি তুলে ধরে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও আলজেরিয়া উভয় দেশই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সম্মুখীন, যা মোকাবিলায় যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি আলজেরিয়ার বাজারে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান।

সাক্ষাতকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি। তিনি জানান, জ্বালানি, ওষুধ ও জাহাজ নির্মাণ শিল্পের মতো সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক বিনিময় এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ আলজেরিয়া।




হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) বাংকারযুক্ত ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে যাতায়াত করছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। হুতিদের হামলা তীব্র হওয়ায় ৪১ বছর বয়সী যুবরাজকে জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় দিন ধরে যুবরাজকে বিশেষভাবে নির্বাচিত নিরাপত্তাকর্মীদের পাহারায় একাধিক সুরক্ষিত প্রাসাদে স্থানান্তর করা হচ্ছে। তবে তার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রকাশিত এসব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

গত শনিবার সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে হামলার ঘটনায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরদিন রবিবারও বিমানবন্দরটিতে হামলা হয়। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন আরও ১১ জন।

একের পর এক হামলার পর সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনার কথা বলেছেন।

জনসমক্ষে দেখা যাচ্ছে না যুবরাজকে
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল মোহাম্মদ বিন সালমানকে। সেদিন তিনি জাতীয় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রক্ত দেন। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রিয়াদে হামলার ঝুঁকি বাড়তে থাকায় শহরটির বিভিন্ন স্কুল বন্ধ করে দূরশিক্ষণ চালু করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

গত মাসেই ট্রাম্প সৌদি যুবরাজকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন। ইয়েমেনে হুতিদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত ভালোভাবেই সামাল দেওয়া যাবে। তবে সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর তার বক্তব্যে উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে যা ঘটছে, তা ‘গ্রহণযোগ্য নয়’। সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি বিবেচনা করবেন। এর আগে সৌদি আরব পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করার পরও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের কথা জানিয়েছিলেন তিনি।

হুতিদের হামলার নিন্দা যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। তার মতে, বেসামরিক স্থাপনায় হামলা সংঘাতকে বিপজ্জনকভাবে আরও বাড়িয়ে তুলছে।

স্কাই নিউজকে স্ট্রিটিং বলেন, সৌদি আরবের বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুতিদের হামলার প্রবণতা বাড়ছে। এ কারণেই সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহের সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। একই সঙ্গে তিনি সংঘাতের অবসানের আহ্বান জানান।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনও হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরানের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর এসব হামলা অঞ্চলকে সহিংসতার চক্রে ঠেলে দিচ্ছে। এতে গুরুত্বপূর্ণ বৈশ্বিক পরিবহন ও জ্বালানি অবকাঠামো অস্থিতিশীল হয়ে পড়ছে, যার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। বেসামরিক মানুষের ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান তিনি এবং সৌদি আরবের প্রতি ইইউর সংহতি পুনর্ব্যক্ত করেন।

বিমানবন্দরে হামলার দায় স্বীকার হুতিদের
রবিবার রাতের হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির দাবি, তারা গত ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চারটি ‘বিশেষ অভিযান’ চালিয়েছে। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি স্থাপনাও তাদের লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি বিমানবন্দরগুলো তাদের বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু। তিনি সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার জন্য সৌদি আরবকে দায়ী করেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলাকে ‘জঘন্য’ বলে নিন্দা জানিয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত পাকিস্তানি নাগরিকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

শনিবারের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক ছিলেন। তাদের একজন দেশটির জাতীয় বিমান সংস্থার একজন ক্যাপ্টেন। এছাড়া নিহতদের মধ্যে বাংলাদেশের দুই নাগরিক, যুক্তরাষ্ট্রের একজন, মিসরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন, ফিলিস্তিনের একজন, সুদানের একজন এবং ভারতের একজন নাগরিক ছিলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও শনিবারের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজন মার্কিন নাগরিকও রয়েছেন। বেসামরিক মানুষের জীবনকে উপেক্ষা করে চালানো এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বিমানবন্দরে হামলাকে বেসামরিক স্থাপনায় ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র
ইয়েমেনে চার বছর ধরে চলা জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাইয়ে গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়। বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে এই লড়াই জোরদার হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ ও বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক হামলার কারণে দেশটি প্রতিবেশী ইয়েমেনের সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়তে পারে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের মোকাবিলায় সামরিক সহায়তা চেয়ে সৌদি আরব আগে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানালেও ওয়াশিংটন তা নাকচ করেছে। তবে ট্রাম্প এবার সরাসরি হস্তক্ষেপের সিদ্ধান্ত নিলে চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, হুতিদের ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

ফলে রিয়াদে ধারাবাহিক হামলা শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।




উত্তর ইসরায়েলে বিস্ফোরণে আহত ২০, নেতানিয়াহুর সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন সীমান্তসংলগ্ন উত্তর ইসরায়েলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগে থেকে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত। ঘটনার পর অধিকৃত পশ্চিম তীরে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১২ অক্টোবর) সকালে মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নে’ওত মর্দেখাই সম্প্রদায়ের বসতির কাছাকাছি বিস্ফোরণটি ঘটে।

খবর পেয়ে ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠায়। সংস্থাটির চিকিৎসাকর্মীরা জানান, আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া তুলনামূলক কম আঘাত পাওয়া আরও বেশ কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর কিরিয়াত শমোনা জেলার পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন। বিস্ফোরণের উৎস শনাক্ত করতে কাজ করছেন বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তার ভাষ্য, ‘তবে ঘটনাটি আবার মনে করিয়ে দিচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চল বিশেষ করে লেবানন সীমান্তে এখনো সামরিক অভিযান চলমান। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গত তিন বছরে ওই এলাকায় হাজার হাজার গোলাবারুদ ব্যবহার করা হয়েছে।’

বিস্ফোরণের পর রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট মহলেও তৎপরতা দেখা যায়। নেতানিয়াহুর পাশাপাশি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরও তার নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে। সংঘাতের কারণে ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন।

এরপর মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে সংঘাত শুরু হয়। একপর্যায়ে দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখলে নেয় ইসরায়েলি বাহিনী। উত্তর ইসরায়েলের ওই অঞ্চল থেকেই লেবাননে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহও সীমান্তের ওপার থেকে মাঝেমধ্যে রকেট নিক্ষেপ করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনাসদস্য ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। নূর ওদেহের মতে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে উত্তর ইসরায়েলের অনেক বাসিন্দা এখনো নিজেদের এলাকায় ফিরে যাননি। তাদের একাংশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের সক্ষমতা নিয়ে আস্থার সংকট রয়েছে।




কিশোরী তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

ডেস্ক নিউজ : কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সামনে আসা কথিত প্রেমিক ও হোটেল কর্মচারী রিয়াজ উদ্দিন ওরফে রাজু চৌধুরীকে নিয়ে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোন সংলগ্ন চন্দ্রিমা উদ্যান এলাকায় স্থানীয় লোকজন রাজুকে আটক করে রাখে। গণমাধ্যমে তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতার খবর আসার পর স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। তদন্তের স্বার্থে আনুষ্ঠানিক অধিযাচনপত্রের মাধ্যমে রাজুকে নিজেদের হেফাজতে নিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের কাছে ফিরিয়ে দিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তখন পর্যন্ত ওই ঘটনায় তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ বা এজাহার না থাকায় ধর্তব্য অপরাধের আশঙ্কায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ ও মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রে গত ৬ অক্টোবর তাজমিন কক্সবাজারে যায়। সেখানে কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে রাজুর সঙ্গে অবস্থান করে সে। হোটেলটির নিবন্ধন খাতায় তাজমিনের নাম ‘তানজু আক্তার’ এবং বয়স ১৮ বছর উল্লেখ করে নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। পরদিন ৭ অক্টোবর সকালে তারা হোটেল ত্যাগ করে এবং রাজু নিজেই তাজমিনকে কুমিল্লার বাসের টিকিট কেটে দেয়। ওই রাতেই কুমিল্লা পৌঁছানোর পর সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চালক সুমন মিয়া তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

ঘটনার পর নিহত তাজমিনের ব্যবহৃত মুঠোফোনের কললিস্ট ও অবস্থান পর্যালোচনায় রাজুর সম্পৃক্ততা পায় তদন্তকারী দল। এর পরিপ্রেক্ষিতে গত রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন স্থান থেকে স্থানীয়দের সহায়তায় রাজুকে হেফাজতে নেয় সদর মডেল থানা-পুলিশ। পরবর্তীতে সোমবার সকালে কুমিল্লা ডিবির তদন্ত কর্মকর্তা এসআই পবিত্র সরকার রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার পুলিশের কাছে লিখিত অধিযাচনপত্র দেন।

অধিযাচনপত্র পাওয়ার পর কুমিল্লা থেকে আসা ডিবির একটি দল কক্সবাজার সদর মডেল থানায় রাজুকে প্রায় সাড়ে চার ঘণ্টা নিবিড় জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় না নিয়ে পুনরায় কক্সবাজার থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করে ফিরে যায় ডিবির দলটি।

যেহেতু হত্যাকাণ্ডের মূল আসামি অটোরিকশাচালক সুমন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তাই রাজুর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা বা এজাহার না থাকায় পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কুমিল্লা পুলিশ রাজুকে গ্রেপ্তার করে নিতে যায়নি; বরং হোটেলের ঘটনাবলিসহ তদন্তের প্রয়োজনে কিছু বিষয় যাচাই করার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি আরও জানান, তাজমিনের পরিবার চাইলে রাজুর বিরুদ্ধে কক্সবাজারে আইনগত পদক্ষেপ নিতে পারবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. অহিদুর রহমান বলেন, ‘কুমিল্লা পুলিশের অধিযাচন অনুযায়ী রাজুকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। তারা জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে পুনরায় ফেরত দিলে বিকেলে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হোটেলে অবস্থানকালে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে ভুক্তভোগীর পরিবার কক্সবাজার থানায় পৃথক মামলা দায়ের করতে পারে।’

তদন্তের বিবরণ অনুযায়ী, নিহত তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল। তার পরিবার মূলত যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের বাসিন্দা হলেও বাবা আবদুল আলিমের চাকরির (রেনাটা পিএলসি) সুবাদে তারা কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় বসবাস করত। গত ৪ অক্টোবর বান্ধবীর সঙ্গে হাতঘড়ি সংক্রান্ত বিরোধ ও মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে সে বাড়ি থেকে বের হয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায় এবং পরে রাজুর সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারে পৌঁছায়।

গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবার করা হত্যা মামলায় গত শুক্রবার চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি পুলিশ। সুমনের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পুলিশ তাজমিনের খোয়া যাওয়া আইফোনটিও উদ্ধার করেছে।




ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে উয়েফা ও কনকাকাফ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো প্রস্তাবে সংস্থা দুটির প্রধান আলেক্সান্ডার সেফেরিন ও ভিক্টর মন্টাগলিয়ানি সদস্য দেশগুলোর জন্য ফিফার তহবিল থেকে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন। এতে ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়ল।

প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। এ ছাড়া ছয়টি মহাদেশীয় কনফেডারেশন পাবে ৩ কোটি ৬০ লাখ ডলার করে। আঞ্চলিক সংস্থাগুলোর জন্যও থাকছে ৩০ লাখ ডলার করে বরাদ্দ। উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, এই অর্থ বিতরণের পরও ফিফার হাতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের নগদ রিজার্ভ থাকবে।

ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা নিয়েও আপত্তি জানিয়েছেন দুই সংস্থার প্রধান। ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব ছিল। ইনফান্তিনো সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার কথা বললেও, সেই অর্থ পেতে তার পরিকল্পনায় সমর্থন দেওয়ার শর্ত ছিল বলে জানিয়েছে দ্য টাইমস।

ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই এমন পরিকল্পনা নেওয়ায় ইনফান্তিনোর সমালোচনা করেছেন কনফেডারেশন প্রধানেরা। তাদের মতে, ফিফার হাতে থাকা অর্থ থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বাড়তি সহায়তা দেওয়া সম্ভব। সে জন্য বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি করার প্রয়োজন নেই।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে অর্থ বিতরণের প্রস্তাব ও সংস্থাটির আর্থিক অবস্থার বিষয়টি আলোচনায় আসার কথা। সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়ে ইনফান্তিনোও আলোচনায় আগ্রহ দেখিয়েছেন। তবে কত অর্থ দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।




আফগানদের হারাতে শেষদিনে বাংলাদেশের চাই ৭ উইকেট

ক্রীড়া ডেস্ক : আবুধাবি টেস্টের শেষদিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট, আফগানদের দরকার আরও ৩৪৭ রান। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান সংগ্রহ করেছে আফগানরা।

সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে ৩২৯ রানের লিড।

আগেরদিন শেষ বিকেলে ১১ রানে তিন উইকেট হারানো টাইগারদের সামনে তখন পথ হারানোর শঙ্কা, ক্রিজে তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

দল বিপদে পড়লে লিটন-মিরাজের জুটি বহুবার জমেছে। আবুধাবিতেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আফগান সৈন্যদের বিরুদ্ধে রীতিমতো প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন দুজন। দুর্দান্ত জুটি গড়লেন ১৪৯ রানের।

এদিন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন লিটন। ৭ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১১৭ বলে খেলেন ১০২ রানের অসাধারণ এক ইনিংস। ৮৮ স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল ১৪টা চার।

লিটন আউট হতেই ৭ উইকেটে ৩৭২ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টাইগারদের বোর্ডে ততক্ষণে জমা হয়ে গেছে ৪৭৮ রান। অন্যপ্রান্তে মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত।

৪৭৯ রানের টার্গেট পায় আফগানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলেই আব্দুল মালিককে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরান এবাদত। ১৯ বলে ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ওয়ান ডাউনে নামা শাহিদুল্লাহ।

এরপরই ওপেনার সেদিকুল্লা অতলকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ন রহমতের ক্যাচও ফেলেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ইনিংসে ফিফটিও তুলে নেন রহমত। কিন্তু ফিফটির পরপরই স্যালুটম্যান ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন রহমত, আফগানিস্তানের রান তখন ১১০। দিনের বাকি সময় নির্বিঘ্নেই পার করেন দুই ব্যাটার সেদিকুল্লাহ ও হাশমতউল্লাহ শাহিদ।

বাংলাদেশের পক্ষে ইবাদতের জোড়া শিকারের পাশপাশি একটি উইকেট তুলে নিয়েছেন হাসান মাহমুদ।




শাহরুখে শুরু, সালমানে শেষ

বিনোদন ডেস্ক : বলিউডের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর দীর্ঘ যাত্রার পর্দা নামতে চলেছে। ২২ বছরের বর্ণিল পথচলার পর এবার নবম মৌসুমের মাধ্যমেই জনপ্রিয় এই শো-কে চিরতরে বিদায় জানাতে চলেছেন নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আর এই অন্তিম মৌসুমের শুরুতেই দর্শকের সামনে বোমা ফাটাতে আসছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আকর্ষণীয় প্রমো শেয়ার করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন করণ, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছে।

সামনে আসা সেই প্রোমো ভিডিওতে সালমান খানকে বলতে শোনা যায়, ‘তাহলে আমি আসছি কফি উইথ করণ করতে।’ ভিডিওর ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ‘একেবারেই শেষবারের মতো… ভাইজানের সঙ্গে এক কাপ কফি।’

আগামী ১৪ অক্টোবর থেকে জিও হটস্টারে স্ট্রিম হতে শুরু করবে শোটির এই বিদায়ী মৌসুম। প্রথম পর্বে সালমান খানের উপস্থিতি অনুষ্ঠানটিকে জমজমাট করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

কেন শো বন্ধ করার এই কঠিন সিদ্ধান্ত নিলেন—এমন প্রশ্ন করা হলে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, জীবনের পরবর্তী ধাপে তিনি নিজের চলচ্চিত্র নির্মাণ ও গল্প বলার দিকে পুরোপুরি মনোনিবেশ করতে চান। ২২ বছর ধরে ‘কফি উইথ করণ’ তার পরিচয়ের একটি বিশাল অংশজুড়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ২২ বছর হয়ে গেছে এবং এটি আমার নবম মৌসুম হতে চলেছে। ভারী মন নিয়ে এই মৌসুমটিকে নিজের শেষ মৌসুম হিসেবে ঘোষণা করে করণ আরও যোগ করেন, আমি আমার জীবনের পরবর্তী দশক আরও বেশি সিনেমা পরিচালনা করতে এবং আরও অনেক গল্প বলতে উৎসর্গ করতে চাই।

যে কফি কাউচটি বছরের পর বছর ধরে তারকাদের খোলামেলা কথোপকথন, সততা এবং নানা বিতর্কের সমার্থক হয়ে উঠেছিল, তাকে বিদায় জানানো অত্যন্ত আবেগঘন ও ব্যক্তিগত একটি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন নির্মাতা। তিনি আশা প্রকাশ করেন যে, শোটি থেকে তিনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন, তার সেই উত্তরাধিকার ভক্তদের হৃদয়ে একইভাবে বেঁচে থাকবে।

উল্লেখ্য, ২০০৪ সালে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে যাত্রা শুরু করেছিল ‘কফি উইথ করণ’। যার প্রথম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন বলিউড কিং শাহরুখ খান ও কাজল। এ ছাড়া প্রথম মৌসুমে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে এবং ঐশ্বরিয়া রাই চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। ২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে সফলভাবে ছয়টি মৌসুম চলার পর পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে স্থানান্তরিত হয় শোটি।




রিয়াদের ৮ ছক্কার তাণ্ডব, তবু হারলো বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

ক্রীড়া ডেস্ক : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ম্যাচের শেষ দিকে রীতিমত তাণ্ডব চালিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আট ছক্কায় ৩৫ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। অজিদের তোলা ২০৩ রানের জবাবে ইনিংস থেমেছে ১৬৬ রানে।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। দলের ২৭ রানের মাথাতে উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নারের ওপেনিং জুটি ভাঙেন আবু জায়েদ চৌধুরী রাহি। তিনে নামা ড্যাসি শর্টকেও ফেরান রাহি। তবে ওয়ার্নার টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন ওয়ার্নার।

চারে নামা জো বার্নসও বেশিক্ষণ টেকেননি। ৬ বলে ৯ রান করে বিদায় নেন বার্নস। এরপর ক্রিজে আসেন কালাম ফার্গুসন। ওয়ার্নার এবং ফার্গুসনের জুটিতে ভর করে গতি পায় অজিদের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। ফিফটি ছুঁয়ে ফেলেছেন ওয়ার্নার।

৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের ১৩৩ রানের মাথাতে থামেন ডেভিড ওয়ার্নার, তাকে ফিরিয়েছেন রুবেল হোসেন। তবে আরেক প্রান্তে টিকে ছিলেন ফার্গুসন। ফিফটিও তুলে নিয়েছেন। আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের বোলারদের তুলোধুনো করেন তিনি। রান বের করেছেন দ্রুত গতিতে।

শেষ দিকে বেন ডাঙ্কও ছিলেন দারুণ সাবলীল। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। অজিরা ছুটেছে দুইশ রানের পুঁজির দিকে। ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন ফার্গুসন, দলের রান তখন ১৭৭। শেষ দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ডাঙ্ক। ২৪ বলে ৪৫ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রানের পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান। ১ উইকেট তুলেছেন রুবেল হোসেন। জবাব দিতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার মিলে ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে বিদায় নিয়েছেন রনি। ইমরুল টিকে ছিলেন।

উইকেটের চারপাশে দারুণ সব শটে রানও বের করেছেন। তিনে নামা ফজলে মাহমুদ রাব্বিও ছুটেছেন দারুণ গতিতে। ইমরুল-রাব্বির ব্যাটে ভালোভাবেই এগিয়েছে বাংলাদেশ। দলের ৭১ রানের মাথাতে থেমেছেন দারুণ খেলতে থাকা ইমরুল। ৩০ বলে ৪১ রান করে বিদায় নেন তিনি, মিস করেছেন ফিফটি। পরের ওভারেই ফিরেছেন রাব্বি। ২০ বলে ২৭ রান করে বিদায় নেন তিনি।

এরপর যেন ধস নামে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারছিলেন না। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং চালিয়েছেন রিয়াদ। একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি।

ফিফটির পরেও চলেছে রিয়াদের তাণ্ডব। দারুণ সব শটে রান বের করেছেন। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। শেষ দিকে জয়ের আশা ছিল না বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৫১ রান, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স নিতে পেরেছে ১৩ রান। ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানে থেমেছে টাইগাররা, ৩৭ রানে জিতেছে অস্ট্রেলিয়া। রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সাথে হাঁকিয়েছেন ৮ ছক্কা।

অস্ট্রেলিয়ার হয়ে ২ উইকেট শিকার করেছেন ফাওয়াদ আহমেদ। ১টি করে উইকেট তোলেন ড্যাসি শর্ট, কেইন রিচার্ডসন এবং বেন হিলফেনহাস।