খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক : মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’

এশিয়ান গেমসে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হবে। তাৎক্ষণিক কোনো সাফল্য নয়, বরং আগামী পাঁচ বছরের জন্য অ্যাথলেটদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু করব। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব।’ এ সময় খেলোয়াড়দেরও জবাবদিহিতার আওতায় আনার কথা জানান তিনি।

আসন্ন প্যারা এশিয়ান গেমসে আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়া—এই ছয় ডিসিপ্লিনে ১২ জন অ্যাথলেট অংশ নেবেন। গেমসটি সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ দলের ৭০ দিনের নিবিড় অনুশীলন সম্পন্ন হয়েছে। এর মধ্যে অ্যাথলেটিকসের চৈতী রাণী এবং আর্চারির ঝুমা আক্তারকে ঘিরে ভালো পদকের জোরালো প্রত্যাশা রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার বিষয় মাথায় রেখে ১২ জন অ্যাথলেটের সঙ্গে ৬ থেকে ৭ জন সহায়ক সদস্য এবং ৫টি খেলার জন্য একজন করে কোচসহ মোট ৩২ সদস্যের কন্টিনজেন্ট প্যারা এশিয়ান গেমসে অংশ নেবে।




বিনোদন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা পায়। এবার সেই পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল তৈরি হলো।

বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই রয়েছে। তবে ওই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

তবে নতুন সরকারের সময়ে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে মিঠুনকে উপস্থিত থাকতে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিরও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।

রাজনীতিতেও সক্রিয় মিঠুন চক্রবর্তী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেতা। অবশ্য মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর গত পাঁচ বছরে বিজেপির বিভিন্ন আয়োজন ও প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন মিঠুন।




জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চান শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা

ডেস্ক নিউজ : জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন ওই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধারা। তাদের কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় অভ্যুত্থানের স্বীকৃতি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে এসব দাবি উঠে আসে। তবে কমিটি জানিয়েছে, জুলাই গণ–অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে থাকবে। এটি প্রস্তাবনায় না রেখে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে তারা।

বিকেলের এই মতবিনিময়ে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধাসহ মোট ৬৩ জন অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অংশ নিতে ৬৫ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের সবাই উপস্থিত না হলেও আমন্ত্রণ না পাওয়া আরও ১৪ জন মতবিনিময়ে অংশ নেন।

মতবিনিময়ে অংশ নেওয়া বেশির ভাগ বক্তা জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক সুরক্ষা, অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্টদের দায়মুক্তি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার দাবি জানান। পাশাপাশি জুলাই যোদ্ধাদের ভাতা বৃদ্ধি, আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জুলাই যোদ্ধারা যাতে আইনি হয়রানির শিকার না হন, সে বিষয়েও দাবি ওঠে।

রুদ্ধদ্বার এই সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মতবিনিময়ে অংশ নেওয়া ব্যক্তিরা জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। তাদের কেউ কেউ নির্দিষ্ট করে সংবিধানের প্রস্তাবনায় বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা বলেছেন।

কমিটির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বলেছি, জুলাই জাতীয় সনদ প্রণয়নকালে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং শক্তি যেভাবে ঐকমত্য হয়েছে, সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের প্রস্তাবনাটাও আমরা আজকে লিপিবদ্ধ করব।’

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষার দাবির বিষয়ে তিনি বলেন, এ–সংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত করা হয়েছে। সাংবিধানিকভাবেও সুরক্ষার বিষয়টি তফসিলে অন্তর্ভুক্ত করা হবে।

জুলাই গণ–অভ্যুত্থানের জাতীয় ঘোষণাপত্রে সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি কীভাবে থাকবে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘোষণাপত্রে অনেক বিষয় রয়েছে। জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হলে সেখানে অভ্যুত্থানের প্রসঙ্গ অবশ্যই আসবে। তবে এটি সংবিধানের কোন জায়গায় থাকবে, তা ঘোষণাপত্রে নির্দিষ্ট করা হয়নি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময় বিএনপি ইঙ্গিত দিয়েছিল, সংবিধানের তফসিলে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে অভ্যুত্থানের স্বীকৃতির পাশাপাশি জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষাও নিশ্চিত করা যাবে বলে দলটি মত দিয়েছিল।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করছে বলেও জানান কমিটির সভাপতি। তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নে কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন যদি কেউ দাবি করে যে নোট অব ডিসেন্ট ব্যতিরেকে বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি।’

এদিকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে বলে জানান তিনি। এ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে প্রস্তাবও চাওয়া হচ্ছে। আইনজীবী, বিচারক ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের সময়ও তাদের মতামত নেওয়া হবে বলে জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতিকে রাখার পুরোনো বিধান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগে সর্বশেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা রাখার বিধান ছিল। এ নিয়ে অতীতে নানা বিতর্ক হয়েছে। তাই রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিকল্পটি না রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটি এখনো সেই অবস্থানেই রয়েছে বলে জানান তিনি।




ভারতের সেনাপ্রধানের সঙ্গে দিনেশ ত্রিবেদীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এর আগে একই দিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন দিনেশ ত্রিবেদী। সূত্র জানায়, ওই বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত ১১ আগস্টও নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।




লিংকডইন দিয়ে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীনা গোয়েন্দারা, লক্ষ্য মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক : পেশাদারদের যোগাযোগের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন ব্যবহার করে ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য, শিক্ষাবিদসহ স্পর্শকাতর তথ্যের নাগাল রয়েছে—এমন ব্যক্তিদের লক্ষ্য করে এ তৎপরতা চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লক্ষ্য ব্যক্তিদের পেশাগত পরিচয় ও অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে বার্তা তৈরি করছেন চীনা গোয়েন্দারা।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ জুন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ এক যৌথ সতর্কবার্তায় চীনের এ তৎপরতার কথা জানায়। জোটটির ভাষ্য, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে লিংকডইনসহ বিভিন্ন পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে হাজার হাজার সম্ভাব্য লক্ষ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন।

চীনা গোয়েন্দারা কখনো করপোরেট প্রতিষ্ঠানের নিয়োগদাতা, আবার কখনো ব্যবসায়িক পরামর্শক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। সহজে অর্থ আয়ের প্রলোভন দেখিয়ে লক্ষ্য ব্যক্তিদের পেশাগত বিষয়ে প্রতিবেদন তৈরি বা পরামর্শ দেওয়ার কাজ দেওয়া হচ্ছে। পরে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সংবেদনশীল তথ্য ও গোপন নথি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

এআই দিয়ে তৈরি হচ্ছে বিশ্বাসযোগ্য ফাঁদ

গোয়েন্দা তৎপরতায় ভুয়া পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে এআই দিয়ে তৈরি ছবি, পেশাদার বার্তা ও নকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। লক্ষ্য ব্যক্তির কর্মক্ষেত্র, অভিজ্ঞতা ও আগ্রহ বিশ্লেষণ করে তাঁদের উপযোগী বার্তা পাঠানো হয়। ফলে প্রাথমিক পর্যায়ে অনেকেই বুঝতে পারেন না যে তাঁরা বিদেশি গোয়েন্দা সংস্থার নজরে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সরকারি কর্মীদের মধ্যে লিংকডইনের ব্যবহার বেশি হওয়ায় প্ল্যাটফর্মটি গোয়েন্দাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। পেশাগত পরিচয় ও অভিজ্ঞতার ভিত্তিতে সম্ভাব্য লক্ষ্য ব্যক্তিদের খুঁজে বের করাও এখানে তুলনামূলক সহজ।

লিংকডইন ব্যবহার করে চীনের গুপ্তচর নিয়োগের অভিযোগ অবশ্য নতুন নয়। অন্তত ২০১১ সাল থেকে এ ধরনের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের তৎকালীন প্রধান উইলিয়াম ইভানিনা এ বিষয়ে ব্যবস্থা নিতে লিংকডইন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিলেন। সে সময় প্ল্যাটফর্মটি কয়েক ডজন ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করলেও এ ধরনের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি।

এফবিআইয়ের অভিযানে ১৩টি ডোমেইন জব্দ

চীনের কথিত অনলাইন গুপ্তচরবৃত্তি ঠেকাতে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোও পদক্ষেপ নিয়েছে। গত ১০ জুন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই চীনা গোয়েন্দাদের ব্যবহৃত ১৩টি ওয়েব ডোমেইন জব্দ করে। এসব ওয়েবসাইটে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করা হতো।

এফবিআইয়ের নথি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত আটজন বর্তমান ও সাবেক মার্কিন সরকারি ও সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, ১৩টি ডোমেইন জব্দ করা চীনের বিস্তৃত অনলাইন গুপ্তচরবৃত্তির তুলনায় সীমিত পদক্ষেপ।

ফাউন্ডেশন ফর দ্য ডিফেন্স অব ডেমোক্রেসিজের গবেষকেরা ইতিমধ্যে শতাধিক ওয়েব ডোমেইন ও ভুয়া প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন, যেগুলো চীনা গুপ্তচর নিয়োগের আড়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হয়।

প্রতিরোধে প্রযুক্তি ও তথ্য বিনিময়ের পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের গুপ্তচরবৃত্তি মোকাবিলায় মার্কিন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং তথ্য বিনিময় বাড়ানো প্রয়োজন। সন্দেহজনক প্রতিষ্ঠান ও ভুয়া অ্যাকাউন্টের তথ্য দ্রুত বিনিময় করা গেলে সেগুলো শনাক্ত ও বন্ধ করা সহজ হবে।

এ ক্ষেত্রে এআইকে প্রতিরোধের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা সম্ভব। অনলাইন প্রতারণামূলক বার্তা শনাক্তে ব্যবহৃত প্রযুক্তি লিংকডইনের বার্তা আদান-প্রদানের ব্যবস্থায় যুক্ত করে সম্ভাব্য গুপ্তচর নিয়োগের চেষ্টা শনাক্ত করা এবং ব্যবহারকারীদের সতর্ক করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোও জরুরি। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ ও নিয়মিত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের তুলনায় সংক্ষিপ্ত ও সহজবোধ্য সতর্কবার্তা অনেক ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে। তাই লিংকডইনসহ পেশাদার যোগাযোগমাধ্যমে সম্ভাব্য গুপ্তচর নিয়োগের কৌশল সম্পর্কে নিয়মিত সতর্কবার্তা প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে।

সন্দেহজনক বার্তা দ্রুত জানানোর জন্য সহজ রিপোর্টিং ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে ব্যবহারকারীরা সম্ভাব্য গুপ্তচরবৃত্তির চেষ্টা সম্পর্কে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষকে জানাতে পারবেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে তথ্য বিনিময়ও সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, চীনের অনলাইন গুপ্তচরবৃত্তি মোকাবিলায় প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এআইভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা, দ্রুত তথ্য বিনিময় এবং ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানো গেলে এ ধরনের তৎপরতা ব্যাহত করা সম্ভব।




নোয়াখালীতে নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, চলছে ডিএসটি টেস্ট

ডেস্ক নিউজ : জ্বালানি খাতে নতুন আশার আলো জ্বালিয়ে নোয়াখালীর সেনবাগে নবখননকৃত একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপে’ সফলভাবে এই গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। খননকাজ সফলভাবে সমাপ্ত হওয়ার পর বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম চলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

প্রাথমিক কারিগরি পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্থাটির প্রকৌশলীরা ধারণা করছেন, এই কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন (৭০ লাখ) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

বাপেক্স সূত্রে জানা যায়, দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত ২৮ জুলাই সুন্দলপুর-৪ কূপের আনুষ্ঠানিক খননকাজ শুরু করা হয়েছিল। আধুনিক ‘ডিরেকশনাল ওয়েল’ পদ্ধতিতে ‘এমডব্লিউডি’ (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তি প্রয়োগ করে ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত সফলভাবে খনন সম্পন্ন করা হয়। এর মধ্যে মাটির নিচে ১ হাজার ৪২০ মিটার থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার জোনে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, কূপটিতে গ্যাসের উপস্থিতি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে এবং মূল খননকাজও সম্পন্ন হয়েছে। কূপের চাপ ও উত্তোলন সক্ষমতা যাচাইয়ের জন্য বর্তমানে ডিএসটি টেস্ট পরিচালিত হচ্ছে, যা শেষ হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। এই পরীক্ষা চূড়ান্তভাবে সম্পন্ন হলেই কূপে ঠিক কী পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং দীর্ঘমেয়াদে তা থেকে কী হারে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা যাবে, সে সম্পর্কে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে।




বিদায়ী ম্যাচের আগে মেসির ‘অজানা’ তথ্য দিলেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়লগ্নে কোচ লিওনেল স্কালোনি গভীর আবেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মেসিকে ছাড়া জাতীয় দলের পথচলা আর কখনোই আগের মতো হবে না এবং মাঠে তার উপস্থিতি যে অনন্য অনুভূতি তৈরি করত, তা সবচেয়ে বেশি মিস করবে দল।

মাঠের বাইরে মেসির পেশাদারত্বের প্রশংসা করে স্কালোনি জানান যে তিনি সবার আগে অনুশীলনে আসেন এবং সবার শেষে যান, নিজের যত্ন নেন এবং প্রতিটি ম্যাচকে যেভাবে গুরুত্ব দেন তা সত্যিই অবিশ্বাস্য। বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচটি ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা বোঝাতে গিয়ে স্কালোনি মন্তব্য করেছেন যে এমন পাঁচটি স্টেডিয়াম থাকলেও সেগুলোর দর্শক ধারণক্ষমতা পূর্ণ হয়ে যেত।

২০০৫ সালে অভিষেকের পর থেকে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করা মেসি দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের মাধ্যমে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন। বেনিনের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে তার দুই দশকের বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের চূড়ান্ত ইতি ঘটতে যাচ্ছে।



অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের মেয়েদের হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।

ফয়সালাবাদে ২ অক্টোবর পাকিস্তানকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ। তিন দিন পর আজ একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাটিং করেই জিতেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের জয় ১৩ রানে।

১৪০ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের দুই ওপেনার রাভাইল ফারহান ও কোমল খান ৬৯ রানের জুটি গড়েন। দশম ওভারের দ্বিতীয় বলে কোমলকে বোল্ড করে জুটি ভাঙেন নিশিতা আক্তার নিশি। ২৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন কোমল।

উদ্বোধনী জুটি ভাঙার পর আর কিছু করতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্বাগতিকেরা ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে আটকে যায়। কোমলের ৩৬ রানই পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ। জুফিশান আয়াজ, রাভাইল উভয়ই ৩২ রান করেন। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া পাকিস্তানের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। নিশিতা আক্তার নিশি পেয়েছেন ২ উইকেট। ৪ ওভারে ২৮ রান খরচ করেছেন তিনি।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৯ রান। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। ৩৩ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা মেরেছেন। পাকিস্তানের রোজিনা আকরাম, মাহাম নাজাকাত দুটি করে উইকেট পেয়েছেন।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক ম্যাচ জিততেই পারত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে গতকাল শেষ বলে বাংলাদেশের কাছ থেকে জয় কেড়ে নেয় শ্রীলঙ্কা। পরশু ফের লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।




ক্যানসারে আক্রান্ত কথাসাহিত্যিক নাসরীন জাহান

বিনোদন ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শক্তিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান। দুরূহ ও দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি তাকে লড়তে হচ্ছে কিডনি জটিলতার সঙ্গেও। নিয়মিত চিকিৎসা ও ওষুধের ব্যয় ক্রমেই বেড়ে যাওয়ায় তার চিকিৎসার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে তাঁর চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

নাসরীন জাহানের স্বামী কবি আশরাফ আহমদ জানান, এক বছরেরও বেশি সময় আগে তার ইউরিনারি ব্লাডারে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে। ক্যানসারের পাশাপাশি তিনি কিডনি জটিলতায়ও ভুগছেন। গত কয়েক মাস ধরে তার রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা ৬ দশমিক ৫-এর ওপরে রয়েছে।

ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসা দীর্ঘ ও ব্যয়বহুল। এর সঙ্গে কিডনির জটিলতা যুক্ত হওয়ায় নাসরীন জাহানের চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে।

নাসরীন জাহানের চিকিৎসা সহায়তায় আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন সাহিত্যাঙ্গণের ব্যক্তিরা।

নাসরীন জাহানের চিকিৎসা সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

তিনি বলেন, সংকটের সময়ে একজন মানুষের পাশে আরেকজন মানুষ দাঁড়াবে এটাই তো মানবিকতার সবচেয়ে সুন্দর পরিচয়। আসুন, আমরা সকলে মিলে কথাশিল্পী নাসরীন জাহানের পাশে দাঁড়াই। তাঁর পাশে দাঁড়াতে আমাদের এতটুকু সহযোগিতাই এখন অনেক বড় বিষয়।

পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে নাসরীন জাহানের নিকটাত্মীয় কবি ফরিদ কবির সুহৃদদের কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করেছেন। চিকিৎসার ব্যয় মেটাতে নাসরীন জাহানের নামে সরাসরি আর্থিক সহায়তা পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:
নাম: Nasreen Jahan
ব্যাংক: Mutual Trust Bank Limited
শাখা: Panthapath Branch
অ্যাকাউন্ট নম্বর: 00303 1001 2266
Taptap Send বা অন্য কোনো সুরক্ষিত অ্যাপের মাধ্যমে এই অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো যেতে পারে।
SWIFT Code: MTBL BDDH
বিকাশ নম্বর: 01713006487

বাংলা সাহিত্যের শক্তিমান কথাসাহিত্যিক নাসরীন জাহান। প্রথম উপন্যাস ‘উড়ুক্কু’ প্রকাশের পরই পাঠকমহলে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তী সময়ে গল্প, উপন্যাস ও অন্যান্য লেখালেখির মধ্য দিয়ে বাংলা সাহিত্যে তিনি নির্মাণ করেছেন নিজস্ব এক জগৎ। তার সাহিত্যকর্ম যেমন পাঠকের মনোযোগ কেড়েছে, তেমনই পেয়েছে সমালোচকদের মূল্যায়ন। বাংলা একাডেমি পুরস্কারসহ পেয়েছেন নানা পুরস্কার ও সম্মাননা। এ পর্যন্ত তার ৫০টিরও বেশি গ্রন্থ  প্রকাশিত হয়েছে।




বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মতবিনিময় হয়।

উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সারাহ কুক। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ কথা জানান।

সহকারী প্রেস সচিব জানান, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এসময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আরও জানান, পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।