চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ডেস্ক নিউজ : চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় এসআরভি স্টেশনের ট্রেনের পরিত্যক্ত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।। শুক্রবার (২ অক্টোবর) বিকালে নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট-বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোনেম বিল্লাহ বলেন, বিকেল ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বগিগুলোর ভেতরে তেমন আসবাব ছিল না। আগুনে একটি বগির আংশিক পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এসআরবি স্টেশন ফাঁড়ির ইনচার্জ নরেশ চন্দ্র মজুমদার যুগান্তরকে বলেন, এই ইয়ার্ডটিতে মূলত রেলের পরিত্যক্ত বগিগুলো এনে রাখা হয়। তবে চারদিক উন্মুক্ত ও খোলা থাকার কারণে এলাকাটি দিন-রাতে বখাটেদের আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাথমিকভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি বা বখাটে আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন তেল, দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

ডেস্ক নিউজ : বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট আবার প্রকট হয়ে উঠেছে। এর প্রভাবে খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে বেড়েছে ২ থেকে ৪ টাকা। তেলের এই অস্থিরতার মধ্যেই গত এক সপ্তাহে নতুন করে চড়েছে ফার্মের মুরগির ডিমের দাম। তবে ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের বাজার আগের মতোই চড়া দামে স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।




শেহজাদের ব্যাটে ঝড়, বসুন্ধরা স্ট্রাইকার্সের ১৯৮

ক্রীড়া ডেস্ক : শেহজাদ আকবর সোবহানের আগ্রাসী ইনিংসের সঙ্গে মাহিন, সুমন আহমেদ ও অন্তুর ব্যাটে ভর করে উইকেন্ড স্পোর্টস ফ্যামিলিকে ১৯৯ রানের লক্ষ্য দিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স।

বসুন্ধরার ইনিংসে অন্যতম আকর্ষণ ছিলেন শেহজাদ। তিনি ক্রিজে নামতেই পুরো গ্যালারি আনন্দে মেতে ওঠে। বসুন্ধরা ক্রিকেট একাডেমির ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন। ডাক-ঢোলের ছন্দে বসুন্ধরা স্ট্রাইকার্সের ব্যাটারদের চার-ছক্কার ঝড় ওঠে বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে।

ওপেনিংয়ে নেমে খালেদ আহমেদ দ্রুত বিদায় নিলেও আরেক ওপেনার মাহিন ২৮ বলে ৫০ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। এছাড়া সুমন আহমেদ মাত্র ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৪টি ছক্কা।

চার নম্বরে ব্যাটিংয়ে নামেন শেহজাদ। ২৬ বলে ২৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। দলীয় রানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শেষ দিকে অন্তু ১৫ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। তবে অন্য ব্যাটাররা বেশিক্ষণ টিকতে না পারায় ১৯৮ রানেই থামে বসুন্ধরা স্ট্রাইকার্সের ইনিংস।

দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে শুরু হয়েছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি করপোরেট ক্রিকেটের সিজন থ্রি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১০টি দল। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ পর্বের খেলা।

গ্রুপ পর্ব শেষে দুই শিরোপার জন্য লড়বে দলগুলো। নকআউট পর্বে কাপ ও প্লেট—দুটি আলাদা শিরোপা নির্ধারণ করা হবে। অর্থাৎ গ্রুপ পর্বের ফল অনুযায়ী দলগুলোর সামনে থাকবে দুটি ট্রফির একটির জন্য লড়াইয়ের সুযোগ।

এবারের আসরে অংশ নেওয়া ১০ দল হলো—জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব ও ঢাকা ক্রিকেটার্স।




বলিউড অভিনেতা দিনো মোরিয়া গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে আর্থিক অনিয়মের মামলায় বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। শুক্রবার (২ অক্টোবর) বান্দ্রায় নিজের বাসভবনে প্রায় আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিঠি নদীর পলি অপসারণের বিভিন্ন চুক্তিতে অনিয়মের অভিযোগ তদন্ত করছে ইওডব্লিউ। তদন্তকারীদের অভিযোগ, দরপত্রে কারসাজি, অতিরিক্ত ব্যয় দেখানো এবং ভুয়া বিলের মাধ্যমে বৃহন্মুম্বাই পৌরসভার (বিএমসি) প্রায় ৬৫ কোটি ৫৪ লাখ রুপি ক্ষতি হয়েছে।

মামলার অন্যতম অভিযুক্ত কেতন কদমের সঙ্গে যোগাযোগের সূত্র ধরে তদন্তে দিনো মোরিয়ার নাম আসে। পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফোনকলের রেকর্ডে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে দিনোর যোগাযোগের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ২০২৫ সালের মে মাসে দিনো ও তার ভাই সান্তিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করে ইওডব্লিউ।

সান্তিনোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘ইউবিও রাইডজ প্রাইভেট লিমিটেড’-এর আর্থিক লেনদেনও তদন্তের আওতায় রয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে কেতন কদমের পরিবারের ব্যবসায়িক যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কদম ও সান্তিনোর মধ্যে কী ধরনের লেনদেন হয়েছিল এবং নদীর পলি অপসারণের কাজের অর্থের কোনো অংশ ওই প্রতিষ্ঠানে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই মামলায় কেতন কদম ও জয়েশ জোশীকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে দরপত্রের শর্ত সাজানো এবং পলি পরিবহনের নামে ভুয়া বিল তৈরির অভিযোগ রয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, পলি অপসারণের কাজে ব্যবহৃত যন্ত্রের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে। কোচিভিত্তিক একটি প্রতিষ্ঠানের যন্ত্রের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে দরপত্রের শর্ত তৈরি করা হয়। এর ফলে কাজ পাওয়া ঠিকাদারদের ওই প্রতিষ্ঠানের যন্ত্র ব্যবহার করতে হতো। পরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে অতিরিক্ত দামে এসব যন্ত্র ভাড়া দেওয়ার অভিযোগ ওঠে।

নদী থেকে কত পরিমাণ পলি সরানো হয়েছে এবং এর বিপরীতে কত টাকা বিল দেওয়া হয়েছে, সেই হিসাবও যাচাই করছে ইওডব্লিউ।

এদিকে, মুম্বাই পুলিশের পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০২৫ সালের ৬ জুন দিনো মোরিয়ার বান্দ্রার বাসায় প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালায় সংস্থাটি। একই সময়ে মুম্বাই ও কেরালার কোচিতে তার ভাই, পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঠিকানায় অভিযান চালানো হয়।

তল্লাশির পর দিনো ও সান্তিনোকে বক্তব্য রেকর্ডের জন্য তলব করে ইডি। ১২ জুন মুম্বাইয়ে সংস্থাটির দপ্তরে হাজির হন দিনো। মুম্বাই পুলিশের করা মামলার ভিত্তিতে অর্থ পাচার প্রতিরোধ আইনে তদন্ত শুরু করে ইডি।

২০০৫ সালের ভয়াবহ বন্যার পর মিঠি নদীর পলি অপসারণের উদ্যোগ নেয় মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষ। শহরের বৃষ্টির পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ এই নদী পরিষ্কার ও সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত শুরু হয়।

দিনো মোরিয়াকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হলেও মামলায় তার সুনির্দিষ্ট অভিযোগ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।




যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’

ডেস্ক নিউজ : সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তার জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে এ উপলক্ষে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইড’-এ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পরিবর্তনশীল অপরাধের ধরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর যুগে চিরাচরিত সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক প্রযুক্তি ও মেধানির্ভর ফোর্সে রূপান্তরের লক্ষ্যেই এই ইউনিটের সূচনা করা হয়েছে।

পুলিশের নতুন এই স্বতন্ত্র ইউনিটের সাংগঠনিক কাঠামো ও পদায়ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন গঠিত সাইবার পুলিশ ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি মো. ইকবাল  হোসেনকে এ ইউনিটের দায়িত্ব প্রদান করে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি থানা পর্যায়ে ওসির নেতৃত্বে সাইবার কেন্দ্রিক সেবা প্রদান ও তদন্তের জন্য পৃথক সাব-ইনস্পেক্টর (এসআই), সহকারী সাব-ইনস্পেক্টর (এএসআই) ও কনস্টেবল পদায়ন করা হবে। অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী এই ইউনিটের মোট জনবল নির্ধারণ করা হয়েছে ৪,৫৯২ জন। বিদ্যমান পুলিশ ফোর্সের মধ্য থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত সদস্যদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই জনবল পূর্ণাঙ্গ রূপ পাবে।

ইউনিটটিতে উচ্চতর প্রশিক্ষণ ও চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রথাগত পুলিশিং কাঠামোর বাইরে গিয়ে আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে এই ইউনিটে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক (কন্ট্রাকচুয়াল) বিশেষজ্ঞ নিয়োগের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালটেন্ট এবং ডিজাস্টার রিকভারি এক্সপার্টসহ বিভিন্ন বিশেষায়িত পদে চুক্তিভিত্তিক উচ্চ দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে এবং তাদের জন্য আলাদা আকর্ষণীয় বেতন কাঠামোর ব্যবস্থা থাকবে। একইসঙ্গে রেগুলার পুলিশ ফোর্সের আইটি-প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে এখানে নিয়োজিত করা হবে।

তিনি আরও বলেন, এই ইউনিট মনিটরিং ও পরিচালনায় নিয়োজিত সিনিয়র কর্মকর্তাদের জন্য দেশে ও বিদেশে উচ্চতর বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং কর্মকর্তা-বিশেষজ্ঞদের কাজের অবদানের ভিত্তিতে বিশেষ প্রণোদনাও প্রদান করা হবে।

সাইবার পুলিশ ইউনিটের আধুনিক ল্যাব ও অবকাঠামো নির্মাণ বিষয়ে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে মানি লন্ডারিং, সোশ্যাল মিডিয়াভিত্তিক অপরাধ, গুজব, ফিন্যান্সিয়াল ক্রাইম, মাদক ও উগ্রবাদের প্রেক্ষাপটে কেমিক্যাল ল্যাবের পাশাপাশি ডিজিটাল ও ফরেনসিক ল্যাবের প্রয়োজনীয়তা সর্বাত্মক হয়ে উঠেছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সাইবার পুলিশ ইউনিটের অধীনে সর্বাধুনিক প্রযুক্তি ও সাইবার যন্ত্রপাতি সমৃদ্ধ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বে বিভিন্ন ইউনিটে অসংগঠিতভাবে পরিচালিত সাইবার তদন্তের সমন্বয়হীনতা দূর করে এখন থেকে একক আমব্রেলা বা সুসংগঠিত কাঠামোর অধীনে এই ইউনিটের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।

তিনি এই বিশেষায়িত ইউনিটের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে সাইবার স্পেসের অপব্যবহার ও সকল প্রকার সাইবার অপরাধ সফলভাবে দমন ও প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।




দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিবে: আশঙ্কা জয়শঙ্করের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধাবস্থা ও আন্তর্জাতিক উত্তেজনার প্রভাবে আগামী কয়েক মাসের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দেওয়ার তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের অবিরাম সংঘাতের ফলে বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যাহত হচ্ছিল, যার ধারাবাহিকতায় এবার চরম খাদ্যসংকট তৈরি হতে চলেছে।

গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এস জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান আঞ্চলিক ভূরাজনৈতিক সংঘাতগুলো ‘গ্লোবাল সাউথ’ বা বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর তীব্র মানসিক ও অর্থনৈতিক চাপ তৈরি করছে।

চলমান সংঘাতের সামগ্রিক প্রভাব তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধ এবং বর্তমান ইরান-উপসাগরীয় অঞ্চলের সংঘাত গ্লোবাল সাউথের উদীয়মান অর্থনীতির ওপর অত্যন্ত নেতিবাচক ও ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। বিশ্বের জ্বালানিবাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা বা সাপ্লাই চেইন বর্তমানে দ্বিমুখী সংকটে পড়েছে। জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার চেয়ে রাজনৈতিক ফায়দা লোটার প্রবণতা সমস্যাকে আরও জটিল করে তুলছে। কেউ এটা নিয়ে রাজনৈতিক খেলা খেললে তা বাজারে অস্থিরতা ও জটিলতা কেবল বাড়িয়েই তুলবে বলে তিনি সতর্ক করেন।

কৃষির অপরিহার্য উপাদান সার ও খাদ্যশস্যের পরিবহন প্রসঙ্গে জয়শঙ্কর কৃষ্ণসাগর অঞ্চলের স্থবিরতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি খাদ্যশস্য রপ্তানিকারক দেশ নিজেদের পণ্য বাইরে পাঠাতে পারছে না এবং কৃষ্ণসাগর অঞ্চলে সমুদ্রপথ দিয়ে রপ্তানি চালু রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্বের মূল সার উৎপাদনকারী কেন্দ্রগুলো মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় অবস্থিত হওয়ায় সেখানে ঘাটতি তৈরি হয়েছে। এর সঙ্গে ‘সুপার এল নিনো’র মতো জলবায়ুর বিরূপ আচরণ যুক্ত হয়ে খাদ্যনিরাপত্তাকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে।




ইরানের আশপাশে তিন রণতরি মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপস (উভচর অবতরণকারী সামরিক ইউনিট) মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ এসব সামরিক শক্তি ইরানের আশপাশে অবস্থান নেবে বলে আল-জাজিরাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

বৃহস্পতিবার গণমাধ্যমটির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট তার স্ট্রাইক গ্রুপ নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে। রণতরিটি মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।

এ ছাড়া মাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সও সোমবার সান ডিয়েগো থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই ইউনিটের সঙ্গে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন।

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর অবতরণকারী সামরিক ইউনিট মোতায়েন থাকবে।

মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করতে পারলে ইরানকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি হবে বলেও মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও চলছে। সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনার উদ্যোগ নেওয়া হয়।




সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ডেস্ক নিউজ : সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় বন বিভাগের তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা এবং সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদনটি দাখিল করেছে।

কমিটির সদস্যসচিব ছিলেন মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন। কমিটির অন্য সদস্যরা হলেন মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং ঢাংমারী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. জাহাঙ্গীর আলম।

তদন্ত কমিটির প্রধান মো. শরিফুল ইসলাম জানান, গত ২৯ আগস্ট দুপুরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোড়াবাড়িয়া এলাকায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের একটি খাল থেকে বিষ প্রয়োগ করে মাছ ধরে ফেরার সময় স্থানীয় গ্রামবাসী প্রায় ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ দুই জেলেকে আটক করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পরে আটক দুই জেলেকে মাছ ও নৌকাসহ ছাড়িয়ে নেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে ঘটনার তদন্তে কমিটি গঠন করে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ।

ঘটনার তদন্ত করতে গিয়ে সুন্দরবনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং আটক জেলেদের মাছ ও নৌকাসহ ছাড়িয়ে নেওয়ার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা, সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদনটি বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে। সুন্দরবনে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগের মতো নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের ঘটনায় বন বিভাগের এ তদন্তের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির

ডেস্ক নিউজ : সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য সরকারের পাশাপাশি পরিবহন মালিকদের পক্ষ থেকেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন। এর বিপরীতে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা অতি নগণ্য। মানুষের জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ টাকা হতে পারে না।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লা বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের মধ্যে ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বা অঙ্গহানির ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। একজন মানুষের জীবনের দাম পাঁচ লাখ টাকা নয়। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে দুঃসময়ে কিছুটা আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকেও দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।

বিআরটিএ জানায়, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। ২৭টি পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে মোট ১ কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন। উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিআরটিএর অন্যান্য কর্মকর্তা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন নিরাপদ চালক চাই সংগঠনের সভাপতি আজাদ সরকার লিটন, পরিবহন মালিক প্রতিনিধি আবদুস সালাম, শ্রমিক প্রতিনিধি খন্দকার কামরুল হাসান টিপু ও সাংবাদিক মাহফুজ নান্টু। অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন এমপি মনিরুল হক চৌধুরী।




২০২৭ বিশ্বকাপে গ্রুপ অব ডেথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের বাকি দলটি আসবে বাছাইপর্ব বা সুপার সিরিজের বাধা পেরিয়ে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এছাড়া, বাছাইপর্ব বা সুপার সিরিজের লড়াই টপকে আসবে আরেকটি দল।

মোট ১২টি দলকে নিয়ে আয়োজিত হবে আগামী বিশ্বকাপের গ্রুপ পর্ব। ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আয়োজক হিসেবে রয়েছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে অংশ নিলেও নামিবিয়াকে জায়গা করে নিতে হবে বাছাইপর্ব খেলে।

৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ২৩ অক্টোবর সুপার সিরিজে খেলে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।