আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহত ও দগ্ধ অন্তত ৭, দুজন আশঙ্কাজনক

ডেস্ক নিউজ : সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত সাতজন আহতের খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে এবং বিস্ফোরণের চাপে বিভিন্ন কিছু (লোহার/পাইপের টুকরো) পড়ে তাদের কেউ আহত ও কেউ দগ্ধ হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দগ্ধ ‍দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের তীব্রতার কারণে ঘটনাস্থলের ভেতরে পুরোপুরি প্রবেশ করে উদ্ধারকাজ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

বিশেষভাবে তৈরি একটি লরিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেলেও বিস্ফোরণের প্রকৃত উৎস এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এটি বয়লার নাকি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত জানান, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোণায় আগুন লাগার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলেও কারখানার ভেতরে শ্রমিক আটকে থাকার কোনো তথ্য তারা পাননি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রনি জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দের পর আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আঘাত ও আগুনে বেশ কয়েকজন আহত হন। তিনি নিজে ঘটনাস্থল থেকে দুইজন দগ্ধ ও গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া বিস্ফোরণের ধাক্কায় এবং বয়লার বা পাইপের লোহার বিভিন্ন অংশ ছিটকে পড়ে পাশের রাস্তা ও বাড়িঘরে আঘাত করলে রিকশাচালকসহ অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অগ্নিকাণ্ডের পর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত চার থেকে পাঁচজন দগ্ধ বা আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য রেফার করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। বিস্ফোরণটি বয়লার নাকি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভেতরে প্রচণ্ড আগুন থাকায় উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারছেন না।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বর্তমানে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে হতাহতের সঠিক সংখ্যা জানানো হবে।




প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন আরিফুল

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের তরুণ ক্রিকেট আরিফুল ইসলাম। সর্বশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন তিনি। এবার প্রথমবারের মতো বিদেশি লিগে দল পেলেন এই তরুণ টাইগার ক্রিকেটার।

আসন্ন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন আরিফুল। কর্ণালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন তিনি। এনপিএলে একই দলের হয়ে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার আকবর আলি।

বাংলাদেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এটাই হবে আরিফুলের প্রথম লিগে খেলা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া অন্য কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স করেছেন ডানহাতি ব্যাটার আরিফুল। সাত ম্যাচে ৩৬.৫০ গড়ে ও ১৩৮.৬০ স্ট্রাইক রেটে করেছেন ২১৯ রান। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন দুটি ফিফটিও। টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি।




টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার কারণ জানালেন নিগার সুলতানা

ক্রীড়া ডেস্ক : এশিয়ান গেমসের আগে হঠাৎ টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন নিগার সুলতানা। তার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েন বিসিবির কর্মকর্তারা। ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হারের পর নিজের এই সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিগার।

সিদ্ধান্তটি ঘোষণার পর এমন খবর ছড়িয়েছিল, কঠিন সময়ে বিসিবির কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় নিগার সুলতানা অসন্তুষ্ট ছিলেন। তবে তিনি এখন স্পষ্ট করেছেন, মূলত নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া এবং একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আরও বেশি অবদান রাখার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিগার বিশ্বাস করেন, একজন ব্যাটার ও খেলোয়াড় হিসেবে বাংলাদেশের জন্য তার এখনও অনেক কিছু করার আছে। তাই নিজের খেলার ওপর আরও বেশি মনোযোগ দিতেই তিনি টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিগার সুলতানা বলেন, না, আমি কোনো ক্ষোভ বা অভিমান থেকে সরে দাঁড়িয়েছি এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। একজন ব্যাটার ও খেলোয়াড় হিসেবে আমার দেশ ও দলের জন্য আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকেই মনোযোগ দিতে চাই এবং সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।

এশিয়ান গেমসে ভারতের বিপক্ষে সেমিফাইনালটি ছিল অধিনায়ক হিসেবে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এখন তিনি নেতৃত্বের বাড়তি চাপ ছাড়াই দলের জন্য অবদান রাখার দিকে মনোযোগ দেবেন।




শিল্পকলায় ‘আলিবাবা এবং চল্লিশ চোর’

বিনোদন ডেস্ক : আরব্য রজনীর গল্প অবলম্বনে পদাতিক নাট্য সংসদ মঞ্চায়ন করলো দলটির দর্শকনন্দিত নাটক ‘আলিবাবা এবং চল্লিশ চোর’।

গতকাল রবিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

এটি ছিল পদাতিক নাট্য সংসদ এর ৪৫ তম প্রযোজনার ৮ম মঞ্চায়ন।

উম্মে হানীর নাট্যরূপে পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।

সম্রাট শাহরিয়ার তার প্রথম স্ত্রীর কাছ থেকে প্রতারিত হয়েছেন। ধীরে ধীরে তিনি এক নারীবিদ্বেষী শাসকে পরিণত হন। প্রতিদিন তিনি রাজ্যের একজন করে অবিবাহিত নারীকে বিয়ে করেন এবং তাকে শর্ত দেন, যদি তাকে গল্প শুনিয়ে সারা রাত জাগিয়ে রাখতে না পারে তবে ভোর হতেই সেই নারীকে হত্যা করা হবে।

একে একে নিহত হলেন রাজ্যের প্রায় সব নারী, বাকী রইলেন কেবল উজিদের দুই কন্যা। বড় কন্যার নাম শেহেরজাদ। এবার পালা আসে তার। দারুণ বুদ্ধিমতি শেহেরজাদ শুরু করেন গল্প বলা। বলতে বলতে পেরিয়ে যায় হাজার রাত্রি। প্রতিটি গল্পই ধীরে ধীরে সম্রাট শাহরিয়ারকে পুনরায় প্রেমে পূর্ণ মানুষ রূপে গড়ে তোলে। শাহরিয়ার নিজের ভুল বুঝতে পারেন।

কথিত আছে যে, শেহেরজাদের বলা সেই সব গল্পেরই একটি হলো ‘আলিবাবা এবং চল্লিশ চোর’।

এ গল্পে কাঠুরে আলিবাবা কাঠ কাটতে গিয়ে বনের ধারে এক গুহায় আকস্মিকভাবে ডাকাতদলের গোপন ধনের ভাণ্ডারের সন্ধান পায়। কিছু সম্পদ নিয়ে ফিরে আসে সে। লোভে পড়ে তার ভাই কাসিমও যায় গুহায় এবং ডাকাতদের হাতে ধরা পড়ে প্রাণ হারায়। আলিবাবা ভাইয়ের দেহ ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করে। কিন্তু ডাকাতদল আলিবাবার সন্ধানে বের হয় এবং ছদ্মবেশে তার ঘরে প্রবেশ করে তাকে হত্যার পরিকল্পনা করে। বুদ্ধিমতী মার্জিনা… যে একজন গৃহকর্মী এবং পরে আলিবাবার পুত্রবধূ, কৌশলে ডাকাতদলের দুরভিসন্ধি ব্যর্থ করে দেন।

সমাজে প্রচলিত আইন অনুযায়ী ডাকাতদের বিচারের আওতায় আনা এবং তাদের লুট করে আনা সম্পদ সাধারণের মাঝে বণ্টন করার আভাসের মধ্য দিয়ে শেষ হয় গল্পটি।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরীফুল ইসলাম সাফি, মেঘা ঘোষ, সৈয়দা শামছি আরা সায়েকা, জাবেদ পাটওয়ারী, জিয়াউল হক, মোছা. জিনিয়া আজাদ, শাখাওয়াত হোসেন শিমুল, ইমরান খান, হাসিনা আকতার নিপা, ইব্রাহিম খলিল, নূর-ই-আলম সুমন, কামরুননেসা দোলন, তন্ময় বিশ্বাস, এস,এম, লিমন, বর্ষা ঘোষ, সবুজ খান, তপু চন্দ্র দাস, বন্যা, আমানুজ্জামান, মনির হোসেন চিশতি, ফয়েজ, বর্নিল, লাইজু প্রমুখ।

অন্যদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় দেশ নাটক প্রযোজিত নাটক ‘দর্পণে শরৎশশী’।




এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী তার বার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, আগামী সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে রওনা হবেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।




ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের পূর্বাভাস

ডেস্ক নিউজ : অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির কারণে দেশের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, শনিবার রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বিডব্লিউওটি।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ৩৭টি জেলা ও এর আশপাশের এলাকায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এসব এলাকায় সাময়িকভাবে দমকা বাতাসের সঙ্গে এক থেকে তিন দফা তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটির তালিকায় রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল ও যশোর।

সংস্থাটি জানিয়েছে, এ সময়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় সাময়িকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রোববার দুপুর থেকে রাতের মধ্যে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির বিস্তার ঘটতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।




রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের বাসিন্দারা প্রথমে বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। এর কিছুক্ষণ পরই ট্যাংকে আগুন ধরতে দেখা যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রিয়াদ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিনিধি জানিয়েছেন, তিনি নিজের চোখে আরামকোর ওই জ্বালানি ট্যাংকে আগুন দেখেছেন। স্থানীয়রাও একই কথা বলছেন। তবে কী কারণে আগুন লাগল, সে বিষয়ে আরামকো বা সৌদি কর্তৃপক্ষ এখনো কিছু নিশ্চিত করেনি।

এএফপির ওই প্রতিনিধি আরও জানান, আরামকোর লোগোসংবলিত পুড়ে যাওয়া ট্যাংকটির আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

এর আগে বিমানবন্দরের কাছে মনুষ্যবিহীন ড্রোন আঘাত হানার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সেই হামলার পর আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। ফলে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শনিবার বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ওয়েবসাইটটি বিমানবন্দরটিকে ফ্লাইট ডিসরাপশন ইনডেক্সে ৫.০-এ রেখেছে, যার মানে ফ্লাইট বাতিল ও বিলম্বে বড় সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিমানবন্দরের আশপাশ থেকে কালো ধোঁয়া উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।




শাহজালাল মাজারের দানবাক্সে ৩৬ দিনে মিললো ৮৯ লাখ টাকা

ডেস্ক নিউজ : সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খুলে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা পাওয়া গেছে। এছাড়া ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণ এবং ১৫ দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

এর আগে ৩৬ দিনের মাথায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা অবস্থায় থাকা তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স খোলা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর পাওয়া নগদ অর্থ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার হিসাব করা হয়।

মাজার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দানবাক্স ও ডেগ থেকে পাওয়া নগদ অর্থের পরিমাণ ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা। স্বর্ণ পাওয়া গেছে ১ ভরি ৯ আনা ২ রতি।

পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে, যুক্তরাজ্যের ৫ পাউন্ড, ভারতের ৩ হাজার ৯৯৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাত, সৌদি আরবের ৯৯ রিয়াল ২৫ পয়সা, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৮ ডলার ২ সেন্ট, ওমানের ৯০৩ বায়সা, সংযুক্ত আরব আমিরাতের ৫৭ দিরহাম ২৫ সেন, ইরাকের ১ দিনার, কাতারের ২১ রিয়াল ৫০ পয়সা, ইউরোপের ৩০ ইউরো ১০ সেন্ট, বাহরাইনের ০.০২৫ পয়সা, পাপুয়া নিউ গিনির ৫০ কিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়া।

এর আগে ১৫ আগস্ট সর্বশেষ দানবাক্স ও মানতের বাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা করে পাওয়া যায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এ সময় বিভিন্ন দেশের মুদ্রা ছাড়াও স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়। তাছাড়া ১১ জুলাই দানবাক্সের অর্থ গণনা করে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। সেবারও বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার সামগ্রী পাওয়া যায়।

একইভাবে ২২ জুন দানবাক্স খোলা হলে পাওয়া যায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা যোগ হওয়ায় ওই দফায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।




সাদামাটা উদ্বোধনে জাপানে শুরু হলো এশিয়ান গেমস

ক্রীড়া ডেস্ক : জাপানের নাগোয়ায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। শনিবার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে নাচ, সংগীত ও আতশবাজির বর্ণিল আয়োজনে শুরু হয় এবারের আসর। তবে উদ্বোধনের আগে খেলোয়াড়দের আবাসন, পরিবহন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের কারণে আয়োজকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ৪৫টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের সম্রাট নারুহিতো ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কার্স্টি কভেন্ট্রি। পরে সম্রাট আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের এশিয়ান গেমসে ৪৩টি খেলায় ৩৬৯টি সোনার পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ। আয়োজকেরা আলাদা কোনো অ্যাথলেট ভিলেজ তৈরি না করে খরচ কমানোর জন্য হোটেল, অস্থায়ী কাঠের কনটেইনার এবং বন্দরে রাখা একটি প্রমোদতরীতে খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করেছেন।

এ নিয়েই শুরু থেকেই অভিযোগ উঠেছে। কয়েকটি দলের আবাসনে কক্ষ নিয়ে বিভ্রাট ও দ্বৈত বুকিংয়ের ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, গার্ডেন পিয়ারে তৈরি কনটেইনারগুলো তাদের বাস্কেটবল খেলোয়াড়দের জন্য অতিরিক্ত ছোট। ভারতের পুরুষ ক্রিকেট দলও আয়োজকদের বরাদ্দ করা কক্ষের স্বল্পতার কারণে আলাদা হোটেলে থাকার ব্যবস্থা করেছে।

খেলোয়াড়দের নিবন্ধনের সময় দীর্ঘ অপেক্ষা এবং নির্ধারিত সময়ের পর বাস আসা নিয়েও অভিযোগ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কোথাও কোথাও খেলোয়াড়দের ভুল ভেন্যুতে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এশিয়ান অলিম্পিক কাউন্সিল সমস্যাগুলো স্বীকার করলেও এগুলোকে আয়োজনের শুরুর দিকের স্বাভাবিক সমস্যা হিসেবে উল্লেখ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুটা ছিল তুলনামূলক শান্ত। হৃদয় আকৃতির মঞ্চে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন দেশের কুচকাওয়াজের পর অনুষ্ঠানে যোগ হয় বর্ণিল নৃত্য, সংগীত ও আতশবাজি। নাগোয়ার শিল্প ও উৎপাদন ঐতিহ্য তুলে ধরতে বিশেষ পরিবেশনাও ছিল।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানের মূল ভাবনা ছিল ‘হারমোনিক হার্ট বিট’। এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি ও বন্ধুত্বের বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। তবে গেমস শুরুর আগেই কয়েকটি ঘটনায় সেই বার্তা কিছুটা প্রশ্নের মুখে পড়েছে।

শুক্রবার তাইওয়ানের প্রতিনিধিদল তাদের স্বাগত অনুষ্ঠানে সাময়িকভাবে অংশ নেয়নি। দেশটির ক্রীড়ামন্ত্রী ও সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন লি ইয়াংকে অনুষ্ঠানে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আবার দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলের ম্যাচের আগে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো নিয়েও বিতর্ক তৈরি হয়।

বাস্কেটবল ও ফুটবলসহ কয়েকটি খেলার প্রতিযোগিতা এরই মধ্যে শুরু হয়েছে। তবে প্রথম সোনার পদক দেওয়া হবে রোববার, ট্রায়াথলনে। একই দিন টোকিওতে শুরু হবে সাঁতারের প্রতিযোগিতা। এতে চীনের ১০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্ব রেকর্ডধারী প্যান ঝানলে ও ১৩ বছর বয়সী সাঁতারু ইউ জিদির মতো তারকারা অংশ নেবেন।

ঐতিহ্যবাহী অলিম্পিক ইভেন্টের পাশাপাশি এবারের এশিয়ান গেমসে এশিয়ার জনপ্রিয় কাবাডি ও সেপাক তাকরোর মতো খেলাও থাকছে। হাংঝু এশিয়ান গেমসে অভিষেক হওয়া ই-স্পোর্টসেও এবার পদক দেওয়া হবে। এ ছাড়া প্রথমবারের মতো তেকবল ও ‘ভার্চুয়াল তায়কোয়ান্দো’ অন্তর্ভুক্ত হয়েছে।




টেস্ট দলে ৩ জন অতিরিক্ত ক্রিকেটার রেখেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই। তবে তাদের সঙ্গে যাচ্ছেন আরও তিন অতিরিক্ত ক্রিকেটার।

স্পিনার নাইম হাসানসহ দুই জন পেসার ইকবাল হোসেন ইমন এবং মুশফিক হাসান আছেন অতিরিক্ত তালিকায়। আরব আমিরাতে টেস্ট ম্যাচে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচের বাড়তি চাপ সামলাতেই অতিরিক্ত ৩ ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে বিসিবি।

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এশিয়ান গেমসে দল যাচ্ছে, সেখানে ছয়জন ক্রিকেটার আছে এই দল (আফগানিস্তান টেস্ট) থেকে। সে জন্য আমরা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নাইম হাসান, মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইবনকে পাঠাচ্ছি। তারা দলের সঙ্গে যাবে, ট্রাভেল করবে এবং সেখানে অনুশীলন করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের টেস্ট দলে থাকা ছয়জন ক্রিকেটার এশিয়ান গেমসে খেলতে যাবেন। তবে আফগানিস্তান সিরিজের আগে দলের যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেখানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তে রিজার্ভ খেলোয়াড়েরা যোগ দেবেন।’