মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন রোমেরো?

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলের নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিস্তিয়ান রোমেরো। ইএসপিএনের সাংবাদিক এস্তেবান এদুল এ তথ্য জানিয়েছেন।

গত সোমবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। আর্জেন্টিনার হয়ে তাঁর দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তির পর এবার নতুন নেতৃত্বের দিকে এগোচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। সেই দায়িত্ব পেতে যাচ্ছেন ২৮ বছর বয়সী ডিফেন্ডার রোমেরো।

মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর আগেই নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন তিনি। শারীরিক অস্বস্তির কারণে সেদিন বেঞ্চে ছিলেন মেসি। ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার অধিনায়কত্ব করেন রোমেরো। তখন থেকেই দীর্ঘমেয়াদি নেতৃত্বের জন্য তাঁকে প্রস্তুত করা হচ্ছিল।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন রোমেরো। বেলগ্রানোর যুব একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডারের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২১ কোপা আমেরিকার আগে চিলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। অভিষেকের পর থেকেই লিওনেল স্কালোনির রক্ষণভাগের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত চারটি গোল করেছেন রোমেরো। তাঁর সময়ে দলটি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমা জিতেছে। আর্জেন্টিনার সোনালি প্রজন্মের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই এবার নেতৃত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

২৮ বছর বয়সে নতুন দায়িত্ব পাওয়ায় সামনে দীর্ঘ সময়ও রয়েছে রোমেরোর। ফলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত, এমনকি তার পরেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে তাঁর।

তবে এখনো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। একাধিক প্রতিবেদনে অবশ্য মেসির পর আর্জেন্টিনার স্থায়ী অধিনায়ক হিসেবে রোমেরোকেই এগিয়ে রাখা হয়েছে।




মেসি-রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন?

ক্রীড়া ডেস্ক : দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবলবিশ্ব দেখেছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। সময়ের সঙ্গে তাঁদের লড়াই পরিণত হয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায়। তবে এবার কি সেই দুই মহাতারকাকে একই দলের হয়ে মাঠে দেখা যাবে?

সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে। আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় তেভেজের সম্মানে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। সেই ম্যাচের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেসি ও রোনালদো দুজনই। সবকিছু পরিকল্পনামতো এগোলে এই প্রথম একই দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে সময়ের দুই মহাতারকাকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস এ খবর জানিয়েছে। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও একই তথ্য দিয়েছেন।

মেসি-রোনালদোর সম্ভাব্য উপস্থিতির পাশাপাশি ম্যাচটি তেভেজের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক বিদায় এখনো নেওয়া হয়নি তাঁর।

তেভেজ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালে বোকা জুনিয়র্সের জার্সিতে। অবশ্য অবসরের ঘোষণা দেন পরের বছর, ২০২২ সালের জুনে। এরপর আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি ৪২ বছর বয়সী এই তারকার। এবার সেই আনুষ্ঠানিক বিদায়ই আয়োজন করতে যাচ্ছেন তিনি। এ জন্য বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও নাকি মিলেছে।

খেলোয়াড়ি জীবন শেষ করার পর অবশ্য কোচিংয়েও বেশ কিছুটা পথ পাড়ি দিয়েছেন তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে এবং সর্বশেষ তায়ারেসের ডাগআউটে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে অবশ্য কোনো দলের দায়িত্বে নেই।

শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার পাঁচ বছরেরও বেশি সময় পর বিদায়ী ম্যাচ আয়োজন করে চমকই দিতে যাচ্ছেন তেভেজ। তার ওপর মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতি ম্যাচটিকে দিতে পারে বাড়তি আকর্ষণ।

তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যাঁরা সতীর্থ ছিলেন, তাঁদের মধ্য থেকে প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেই তালিকার অংশ হিসেবেই আমন্ত্রণ পেয়েছেন মেসি ও রোনালদো।

মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে। আর ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনালদোর সতীর্থ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ফলে দুই মহাতারকাকে একই ম্যাচে হাজির করার পেছনে তেভেজের সঙ্গে তাঁদের পুরোনো সম্পর্কও বড় কারণ।

তবে শেষ পর্যন্ত মেসি ও রোনালদো দুজন একই সময়ে আর্জেন্টিনায় গিয়ে তেভেজের বিদায়ী ম্যাচে খেলতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ওই সময় ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে গেলেও সৌদি প্রো লিগের দল আল নাসরের খেলা থাকার কথা।




কবে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’?

বিনোদন ডেস্ক : ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনের অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এলো সুখবর। ‘পঞ্চায়েত সিজন ৫’-এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে এডিটিংয়ের কাজ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরেই দর্শকদের সামনে আসতে পারে জনপ্রিয় এই সিরিজের নতুন সিজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক দীপক কুমার মিশ্র জানিয়েছেন, ‘পঞ্চায়েত ৫’-এর এডিটিংয়ের কাজ চলছে। যদিও এখনো নির্দিষ্ট মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি, তবে অক্টোবর অথবা নভেম্বর নাগাদ সিরিজটি স্ট্রিমিং হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ফলে আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না ফুলেরা গ্রামের পরিচিত চরিত্রদের আবার পর্দায় দেখার জন্য।

‘পঞ্চায়েত ৪’-এর শেষে ফুলেরা গ্রামের রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যায়। পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন প্রধানজি। ফলে নতুন সিজনে তাঁর জীবনে কী পরিবর্তন আসে, সেটিই গল্পের অন্যতম আকর্ষণ হতে চলেছে।

দীপক কুমার মিশ্র জানিয়েছেন, নির্বাচন শেষ হলেও ফুলেরা গ্রামের গল্প শেষ হচ্ছে না। বরং নির্বাচনের ফলাফলের পর চরিত্রগুলোর জীবনে কী ধরনের পরিবর্তন আসে, সেটিই তুলে ধরা হবে নতুন সিজনে।

বিশেষ করে নির্বাচনে পরাজিত হওয়ার পর একজন প্রধান কীভাবে নিজের গ্রামে স্বাভাবিক জীবনযাপন করেন, কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন এবং পরবর্তী সময়ে কী করেন এসব বিষয়ও দেখা যাবে ‘পঞ্চায়েত ৫’-এ।

শুধু প্রধানজির জীবনেই পরিবর্তন আসছে না। নতুন সিজনে আরও এগিয়ে যাবে সচিবজি অর্থাৎ অভিষেক ত্রিপাঠীর গল্পও।

গ্রাম, চাকরি, রাজনীতি ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়ে এতদিন যে চরিত্রকে দর্শক দেখেছেন, এবার তাঁর জীবনেও নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন পরিচালক।




পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

ডেস্ক নিউজ : নতুন বেতন কাঠামো বা পে-স্কেলের গেজেট আগামী রোববার (৬ সেপ্টেম্বর) জারি হওয়ার কথা রয়েছে। তবে গেজেট প্রকাশের আগে শেষ মুহূর্তের কয়েকটি প্রশাসনিক ধাপ নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেলের গেজেটের খসড়া এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় মুদ্রণ ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর গেজেটটি পরবর্তী ধাপে যাবে।

প্রজ্ঞাপন জারির আগে পে-স্কেলের খসড়াটি আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর এসআরও নম্বরসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জারি করা হবে প্রজ্ঞাপন। এসব প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়েই এখন চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। ফলে আগামী রোববারই প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা।

এর আগে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা বলা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। পরে আগামী রোববার প্রজ্ঞাপন জারির নতুন সময়সীমা জানানো হয়।

এদিকে অর্থসচিব জানিয়েছেন, ৬ সেপ্টেম্বরই নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে। ফলে এখন নজর রয়েছে বিজি প্রেস ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর শেষ মুহূর্তের কার্যক্রমের দিকে।

নতুন স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বাড়ছে প্রায় ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।

মূল্যস্ফীতির চাপ আমলে নিয়ে বেসরকারি খাতের সবখানে, এমনকি সংবাদমাধ্যমেও নতুন বেতন কাঠামো হওয়া দরকার। আবার সরকারি খাতে অপ্রয়োজনীয় লোকবল কমিয়েও আনা যেতে পারে। এতে সরকারের ব্যয় কমবে।

নতুন কাঠামোয় সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আর প্রথম গ্রেডের নির্ধারিত বেতন ৭৮ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ। নতুন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাতও কমিয়ে আনা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে এই অনুপাত ১:১.৯৪৫ থাকলেও নতুন স্কেলে তা ১:১.৭৮ করা হয়েছে। সরকারের যুক্তি, এতে বেতন কাঠামোয় ন্যায্যতা ও ভারসাম্য বাড়বে।

নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও পুরো সুবিধা একসঙ্গে মিলবে না। সরকারের আর্থিক সক্ষমতা এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপ বিবেচনায় ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।




রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস-রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মাহিন উদ্দিন নামের ওই বাংলাদেশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়াল চারজনে।

মস্কোতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত মাহিন উদ্দিনের বাড়ি নরসিংদীতে।

গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলের সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। পরদিন এক বিবৃতিতে চীনের ছয় নাগরিকসহ সাতজনের মৃত্যুর তথ্য জানায় এজিসিসি। পরে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, মৃতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। নিহতদের মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক।

দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবু এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে প্রায় ১০ বিলিয়ন ডলার ব্যয়ে এজিসিসি প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিমার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতে প্রকল্পটি চালুর কথা থাকায় সেখানে শেষ ধাপের পরীক্ষা-নিরীক্ষা চলছিল।

এজিসিসির পক্ষ থেকে জানানো হয়, পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের দুই দিন পর, ২৭ আগস্ট এক বাংলাদেশির মৃত্যুর পাশাপাশি আরেক বাংলাদেশির নিখোঁজ থাকার তথ্য জানিয়েছিলেন দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান। পরে ওই দুজনের সঙ্গে আব্দুল কুদ্দুস নামের আরও এক বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে এবং মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনীতে। অপর নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার হুগলবাড়ীয়ায়।

দূতাবাস কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত জাকির হোসেন ও আলাল হোসেন রাজুর লাশ ময়নাতদন্ত শেষে কফিনবন্দি করা হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে কার্গো বিমানে করে লাশ দুটি ঢাকায় পরিবারের কাছে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, অপরদিকে মস্কো হাসপাতালে আব্দুল কুদ্দুস ও মাহিন উদ্দিনের লাশের সব প্রক্রিয়া সম্পন্ন হতে আরও ছয় থেকে সাত দিন লাগতে পারে। এরপর তাদের লাশ বাংলাদেশে পাঠানো হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩৬ জন বাংলাদেশি আহত হয়েছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন। গুরুতর আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন মিজানুর রহমান।



নেপালের চেয়েও মহাবিপর্যয়ের শঙ্কায় সিকিম, ঝুঁকিতে ৪০ হিমবাহ হ্রদ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাহাড়ি রাজ্য সিকিমে নতুন করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে হিমবাহ থেকে সৃষ্ট হ্রদগুলো পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, রাজ্যটির ৪০টি হিমবাহ হ্রদ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ১৬টি হ্রদকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হিমালয়ের উচ্চাঞ্চলে তীব্র ঠান্ডার কারণে বরফ জমে বিশাল হিমবাহ ও হ্রদ তৈরি হয়। তবে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ দ্রুত গলতে থাকায় এসব হ্রদে পানির পরিমাণ ও চাপ বাড়ছে। পাহাড়ধস, ভূমিকম্প কিংবা অতিরিক্ত পানির চাপে কোনো হ্রদের প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আকস্মিকভাবে বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসতে পারে। এতে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিকিমের অতীত অভিজ্ঞতাও উদ্বেগ বাড়াচ্ছে। ২০২৩ সালের অক্টোবরে একটি হিমবাহ হ্রদ ফেটে ভয়াবহ বন্যা হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটে এবং একটি বড় বাঁধ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সম্প্রতি নেপাল সীমান্তেও একই ধরনের বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যা হিমালয় অঞ্চলে নতুন করে সতর্কতা তৈরি করেছে।

সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সিকিম সরকার আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে। সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত ‘শাকো ছা’ হ্রদ থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি লোনাক ও গুরুডংমার হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

হ্রদগুলোর বিপুল পরিমাণ পানি কীভাবে নিরাপদে সরিয়ে নেওয়া যায়, তা নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। সম্ভাব্য পদ্ধতিগুলোর মধ্যে বড় পাইপের মাধ্যমে পানি পাম্প করে বের করে দেওয়া, সাইফন পদ্ধতি এবং সুরঙ্গ তৈরি করে পানির গতিপথ পরিবর্তনের বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

এর পাশাপাশি পাহাড়ি এলাকায় নতুন ধরনের সেন্সর ও সাইরেন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে হ্রদের পরিস্থিতিতে আকস্মিক পরিবর্তন দেখা দিলে আগাম সতর্কবার্তা দিয়ে নিচু এলাকার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।




শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ : জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৫ সেপ্টেম্বর) টানা আট ঘণ্টা পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেবীগঞ্জ জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির দেবীগঞ্জ জোনাল অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৈদ্যুতিক লাইনের আশপাশের গাছের ডালপালা পরিষ্কারের কাজ (রাইট অব ওয়ে) করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।




বাংলা একাডেমিতে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ শুরু : উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি এই মেলার আয়োজন করেছে।

উদ্বোধন শেষে ডা. জুবাইদা রহমান মেলার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। তিনি ‘প্রতিভা প্রকাশ’-এর ৩৭ নম্বর স্টলসহ বেশ কিছু স্টলে যান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা বিভিন্ন বই গভীর আগ্রহের সাথে দেখেন ও খোঁজখবর নেন।

উদ্বোধনী বক্তৃতায় ডা. জুবাইদা রহমান বলেন, দেশের ৯০ হাজার ৪৯টি গ্রামে জিয়া স্মৃতি পাঠাগার ছড়িয়ে পড়ুক। তিনি শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেন, বই পড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা ও নিষ্ঠা বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে। বক্তব্যের শেষপর্যায়ে তিনি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশে নিজের লেখা ‘তুমি নির্ভীক’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন। এছাড়া, অনুষ্ঠানে যশোর ও মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারকে শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

আয়োজক কমিটির সহ-সভাপতি ও মেলার আহ্বায়ক মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থী ও পাঠকদের জন্য মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। উদ্বোধনী দিনে লেখক, গবেষক এবং বিপুলসংখ্যক বইপ্রেমী মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।




আর্থিক সংকট কাটিয়ে রাজস্ব আয়ে নতুন ইতিহাস গড়ল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাস মহামারির সময় ভয়াবহ আর্থিক সংকটে পড়া বার্সেলোনা এখন ঘুরে দাঁড়িয়ে নতুন ইতিহাস গড়েছে। ২০২৫-২৬ মৌসুমে প্রথমবারের মতো এক মৌসুমে ১ বিলিয়ন ইউরোর বেশি রাজস্ব আয় করেছে কাতালান ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকা।

বার্সেলোনার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ইউরোতে। আগের মৌসুমে এই অঙ্ক ছিল ৯৯৪ মিলিয়ন ইউরো, অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

রেকর্ড আয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বার্সেলোনার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু। সংস্কারকাজ চলার কারণে মৌসুমজুড়ে স্টেডিয়ামটি পুরোপুরি ব্যবহার করা সম্ভব হয়নি। মৌসুমের শুরুতে কিছু ম্যাচ এস্তাদি জোহান ক্রুইফ ও অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করতে হয়েছে। এছাড়া ক্যাম্প ন্যুতে ফেরার পরও দর্শক ধারণক্ষমতা সীমিত ছিল ৪২ হাজারে।

এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাজেটের প্রায় পুরোটা রাজস্ব আদায় করতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছে ক্লাবটি। বার্সেলোনার ভাষ্য অনুযায়ী, অর্থনৈতিক দিক থেকে এটি ছিল তাদের ইতিহাসের সবচেয়ে সফল মৌসুম, যেখানে প্রথমবারের মতো এক বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করা সম্ভব হয়েছে।

ক্লাবের মতে, স্টেডিয়াম পরিচালনা ও ম্যাচডে আয়ের বৃদ্ধি এই সাফল্যের অন্যতম প্রধান কারণ। ক্যাম্প ন্যু পুরোপুরি চালু হলে ভবিষ্যতে রাজস্ব আরও বাড়বে বলে আশাবাদী বার্সা কর্তৃপক্ষ।

স্টেডিয়াম আয় ছাড়াও পৃষ্ঠপোষকতা খাত এবং ক্লাবের মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান বার্সা লাইসেন্সিং অ্যান্ড মার্চেন্ডাইজিং (বিএলএম) থেকে উল্লেখযোগ্য রাজস্ব এসেছে। গত মৌসুমে প্রতিষ্ঠানটির আয় প্রায় ২০০ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৮৬০ কোটি টাকার সমান।

এক মৌসুমে ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয়ের লক্ষ্য বার্সেলোনা প্রথম নির্ধারণ করেছিল ২০১৮ সালে। তবে করোনাভাইরাস মহামারির প্রভাব সেই পরিকল্পনাকে পিছিয়ে দেয়। আট বছর পর অবশেষে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছাতে সক্ষম হয়েছে ক্লাবটি।

অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিল বার্সেলোনা। জার্মান কোচ হান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লা লিগা শিরোপা জিতেছে দলটি।

তবে রাজস্ব আয়ের দিক থেকে এখনো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পেছনে রয়েছে বার্সা। গত মৌসুমে রিয়ালের আয় ছিল প্রায় ১৭ হাজার ৪০০ কোটি টাকা। যদিও দুই ক্লাবের ব্যবধান ধীরে ধীরে কমছে। দল শক্তিশালী করতে গত গ্রীষ্মে খেলোয়াড় কেনার পেছনে বার্সেলোনা ব্যয় করেছে প্রায় ২ হাজার ৪৮৫ কোটি টাকা।

উল্লেখ্য, ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে ১ বিলিয়ন ইউরো রাজস্ব আয়ের কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ। ২০২৩-২৪ মৌসুমে সেই মাইলফলক স্পর্শ করা ক্লাবটির পর এবার একই কাতারে নাম লেখাল বার্সেলোনা।

 




সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে স্মরণ করতে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

তিন দিনের এই আয়োজনে বড় পর্দায় দেখানো হবে প্রয়াত এই নায়কের জনপ্রিয় ও কালজয়ী তিন সিনেমা। বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে চলবে এই উন্মুক্ত প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৪টায় সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা দর্শকদের জন্য প্রদর্শন করা হবে।

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর পর্দায় উঠবে সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। পরদিন ৭ সেপ্টেম্বর দেখানো হবে নায়ক-নায়িকার ক্যারিয়ারের অন্যতম সফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’।

তিন দিনের আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর দর্শকরা উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত আরেক জনপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’।

নব্বইয়ের দশকে অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন সালমান শাহ। তার অভিনীত সিনেমা ও অনবদ্য স্টাইল আজও বাংলা চলচ্চিত্রের দর্শকদের কাছে সমান জনপ্রিয়। তাই প্রিয় নায়কের সিনেমাগুলো বড় পর্দায় দেখার এই আয়োজন সালমান শাহর ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছে বিএফডিসি।

চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহর অনুরাগীদের জন্য বিএফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই তিন দিনের প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।