ইরান যুদ্ধে খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে চলমান যুদ্ধ খুব শিগগিরই ‘নতুন ধাপে’ প্রবেশ করতে যাচ্ছে। যুদ্ধে এবার মিত্র দেশগুলোকেও পাশে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, আমরা খুব দ্রুত নতুন একটি ধাপে যেতে চলেছি। আমার বিশ্বাস, মিত্র দেশগুলো পরবর্তী ধাপে আমাদের সহায়তা করবে এবং আমরা এটি শেষ করব।

তিনি আরও বলেন, সবাই জানে আমরা সাপের মাথা কেটে ফেলেছি। আলোচনার টেবিলে ইরানিদের বিশ্বাস করা যায় না। এটাই মূল চ্যালেঞ্জ। স্পিকার দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সক্ষম হয়েছেন। এটা আগের সব প্রশাসনেরই লক্ষ্য ছিল।

যুক্তরাষ্ট্রের এই নতুন ধাপের প্রতিফলন দেখা যাচ্ছে সাগরে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ইরানি বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ নিশ্চিতে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত ৭০টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়েছে। দুদিন আগে সংখ্যাটি ছিল ৬৮। এছাড়া দুটি জাহাজে তল্লাশি ও তিনটিকে অকেজো করা হয়েছে।

অবরোধ কার্যকর করতে ইউএসএস জন ফিন এবং ইউএসএস রসের মতো গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারসহ ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ কাজ করছে।

সাগরে এমন জোরালো সামরিক তৎপরতার মধ্যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি মানচিত্র শেয়ার করেন। সেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়। এর ঠিক এক দিন আগে এক সমাবেশেও তিনি অঞ্চলটিকে ‘আমেরিকান ভূখণ্ড’ বলে মন্তব্য করেছিলেন।




মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে আনুমানিক ২ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার (২৩ আগস্ট) উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলার সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ।

অভিযানের বিষয়ে উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শনে ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল

ক্রীড়া ডেস্ক : আগামী অক্টোবরে কলকাতায় ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচ। সেই ম্যাচের প্রস্তুতির মধ্যেই রবিবার ঢাকায় এসেছে ব্রাজিল ফুটবলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। সফরে তারা রাজধানীর জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ভবিষ্যতে বাংলাদেশে কোনো ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতেই মূলত প্রতিনিধি দলটির এই সফর। তবে এখনই ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দুপুরে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে যায় প্রতিনিধি দলটি। সেখানে মাঠ ঘুরে দেখার পাশাপাশি ঘাস ও মাটির মান হাতে পরীক্ষা করেন তারা। মাঠের বিভিন্ন অংশের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি ড্রেসিংরুম, গ্যালারি, টয়লেটসহ স্টেডিয়ামের অন্যান্য সুযোগ-সুবিধাও খতিয়ে দেখেন।

এরপর বিকেলে প্রতিনিধি দলটি যায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। সেখানে মূল মাঠের পাশাপাশি অনুশীলন মাঠ ও গোল্ডস জিমও পরিদর্শন করেন তারা।

বাফুফের এক কর্মকর্তা জানান, ফেডারেশনের সভাপতির আমন্ত্রণেই ব্রাজিলের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। কলকাতায় ৩ অক্টোবরের ভারত-ব্রাজিল ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের কর্মকর্তাদের ভারতে যাতায়াত করতে হবে। সেই সুযোগে ভবিষ্যতে বাংলাদেশে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতে তাদের ঢাকায় আসার অনুরোধ করা হয়।

ভবিষ্যতে ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের হতে পারে, আবার ব্রাজিলের সঙ্গে অন্য কোনো দলের ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ঢাকাকে বিবেচনা করা হতে পারে। তবে পুরো বিষয়টিই এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।

পরিদর্শনের সময় ব্রাজিলের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও গ্রাউন্ডস কমিটির প্রধান ইকবাল হোসেন।

ইকবাল হোসেন বলেন, ‘ব্রাজিলের প্রতিনিধি দল আমাদের স্টেডিয়াম, মাঠ ও সুযোগ-সুবিধা দেখে গেছে। তারা ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচের জন্য ঢাকাকে বিবেচনা করতে পারে।’

তিনি জানান, জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ এখনও চলছে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে তা শেষ হওয়ার আশা রয়েছে। প্রতিনিধি দলটি প্রয়োজন হলে আবারও ঢাকায় এসে স্টেডিয়াম পরিদর্শনের কথা জানিয়েছে।

ইকবাল হোসেন আরও বলেন, প্রাথমিকভাবে প্রতিনিধি দলের সদস্যরা স্টেডিয়ামের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। তবে ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো মতামত দেয়নি তারা।




বড় সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ে র‍্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার ২৬ বছরের ইতিহাসে এই প্রথম র‌্যাংকিংয়ে ৬ নম্বরে পজিশনে উঠে এসেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করার পর তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। রোববার ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর হালনাগাদ র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮। ২৪ ম্যাচে তাদের মোট পয়েন্ট ১ হাজার ৮৭৮।

বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। ১২৬ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে।

বাংলাদেশের এই উত্থানের মূল কারিগর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের ঐতিহাসিক জয়। প্রথম টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় জয়।

ম্যাকাইয়ে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দুই দিনের মধ্যেই ইনিংস ও ৫১ রানে হেরে যায় শান্তর দল। তবু সিরিজ ড্র করার সুবাদে র‍্যাঙ্কিংয়ে তিন ধাপের উন্নতি হয়েছে বাংলাদেশের।

তবে ষষ্ঠ স্থান ধরে রাখার লড়াইটা সহজ হবে না। বাংলাদেশের ৭৮ রেটিংয়ের খুব কাছেই রয়েছে পরের তিন দল। এক ধাপ করে পিছিয়ে শ্রীলংকা ৭৬, পাকিস্তান ৭৫ এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ রেটিং নিয়ে যথাক্রমে সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে। ফলে সামান্য ব্যবধানেই আবার র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে।

এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। চলতি বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর প্রথমবারের মতো ওই অবস্থানে উঠেছিল বাংলাদেশ।




২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

বিনোদন ডেস্ক : ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই অভিনেতা। এতে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৬১ বছরের এই বলিউড তারকাকে।

চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়, চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমির ইতোমধ্যে কঠোর ডায়েট ও মেদ ঝরানোর পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি।

২০০১ সালে ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত ‘লাগান’ ক্রিকেট ভিত্তিক গল্প দিয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করেছিল। তাই দীর্ঘ ২০ বছর পর গোয়ারিকর ও আমিরের এই ক্রিকেটকেন্দ্রিক পুনর্মিলন নিয়ে দর্শক মনে নতুন আশা জেগেছে। এর আগেও ‘গজনি’ বা ‘দঙ্গল’-এর মতো সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের নজিরবিহীন রূপান্তর ভক্তদের মুগ্ধ করেছিল, তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।

এদিকে, সিনেমাটিতে ফারহান আখতার অভিনয় করবেন বলে গুঞ্জন উঠলেও তিনি বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন।

‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান স্পষ্ট করেন, যে প্রজেক্টে তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি, তা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তবে অভিনয় না করলেও সিনেমাটির সঙ্গে গভীরভাবে যুক্ত আছেন ফারহান। প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর অধীনে রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে ‘ললকারা’ প্রযোজনা করছেন তিনি।

সিনেমার অভিনয়শিল্পীদের পূর্ণাঙ্গ তালিকা এবং মুক্তির চূড়ান্ত তারিখ সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।




রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল। শুক্রবার (২১ আগস্ট) এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

এর আগে আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন এ পদে থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।



হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ষোলো দিনের মাথায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩.৯০ ডলার মানে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে তেলের দাম একশ’ ডলারের নিচেই অবস্থান করছে। এর পেছনে কূটনৈতিক সমঝোতার চেয়েও বড় ভূমিকা পালন করেছে সাগরে চলাচলকারী ‘অন্ধকার ট্যাংকার’ বা জিপিএস ট্র্যাকিং কিংবা ট্রান্সপন্ডার বন্ধ রাখা জাহাজগুলোর এক অভিনব কৌশল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তুতে বিমান হামলা এবং বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য চরম যুদ্ধের মুখে পড়েছিল। এর পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি একশ’ ডলার ছাড়িয়ে যায়, যা বিগত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ তেল সংকট তৈরি করেছিল।

পারস্য উপসাগরে ইরানি ড্রোনের ক্রমাগত হুমকির মুখে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের তেল কোম্পানিগুলো এক বিকল্প পথ বেছে নেয়। তারা ট্যাংকার ভাড়া করে সেগুলোর ট্রান্সপন্ডার বা সামুদ্রিক রেডিও ডিভাইস বন্ধ করে দেয় এবং মার্কিন নৌবাহিনীর পাহারায় উপসাগর থেকে অপরিশোধিত তেল বাইরে নিয়ে যেতে শুরু করে। এই ‘অন্ধকার’ ট্রানজিটগুলো হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরে পৌঁছায়, যেখানে কার্গোটি পরবর্তীতে বহনের জন্য অপেক্ষমাণ অন্য ট্যাংকারগুলোতে স্থানান্তর করা হয় এবং খালি জাহাজটি আবার প্রণালী দিয়ে ফিরে আসে।

এই কৌশলের কারণে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলোর আর্থিক ও শারীরিক ঝুঁকি অনেকখানি কমে গেছে এবং বীমা খরচ ও হামলার আশঙ্কা মূলত মার্কিন সরকার ও তেল উৎপাদকদের ওপর বর্তেছে।

স্যাটেলাইট ইমেজের মাধ্যমে জাহাজ ট্র্যাককারী শিপিং ডেটা ফার্ম কেপ্লার জানিয়েছে, সম্প্রতি দুই সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তরল কার্গোর ৮০ শতাংশেরও বেশি হয় ওমানি রুট, নয়তো জাতিসংঘ অনুমোদিত এবং ইরানবিরোধী শিপিং চ্যানেল ব্যবহার করেছে কিংবা অন্ধকার ট্রানজিট হিসেবে একই পথ অনুসরণ করেছে।

মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, এই কৌশলটি কার্যকর প্রমাণিত হয়েছে। আগস্ট মাসে প্রকাশিত তথ্যে অনুমান করা হয়েছে যে, প্রণালি দিয়ে তেল পরিবহন দৈনিক গড়ে ৮০ লাখ থেকে ৯০ লাখ ব্যারেলের মধ্যে রয়েছে, যা ট্রান্সপন্ডার-ভিত্তিক ট্র্যাকিংয়ের হিসাবের তুলনায় প্রায় দ্বিগুণ।

কেপ্লারের রেকর্ড অনুযায়ী গত ১ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১,৫১৪টি অন্ধকার ক্রসিং ঘটেছে।

এই কৌশলের বড় উদাহরণ হলো গ্রিক মালিকানাধীন সুপারট্যাংকার ‘কিকু’-র যাত্রা। গত ২৫ জুলাই বিকেলে কিকু কাতারের মেসাইদ রপ্তানি টার্মিনালে ভিড়েছিল। এর চার দিন পর তেল বোঝাই করে এটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। এরপর ৩১ জুলাই দুবাই উপকূলের কাছাকাছি আসার পর কিকু ট্র্যাকিং সিস্টেম থেকে হঠাৎ উধাও হয়ে যায়। জাহাজটির এআইএস ট্রান্সপন্ডার (এর পরিচয়, গতি, কোর্স এবং অবস্থান সম্প্রচার করে) বন্ধ করে দেওয়া হয়েছিল। বৈশ্বিক শিপিং ট্র্যাকিংয়ে চোখ রাখা যে কারো কাছে মনে হয়েছিল জাহাজটি যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। পরবর্তীতে ১ আগস্ট হরমুজ প্রণালির অপর প্রান্তে এটিকে আবার আবির্ভূত হতে দেখা যায়।

শুধু অন্ধকার ট্রানজিটই নয়, মধ্যপ্রাচ্যের উৎপাদকরা প্রণালিকে পুরোপুরি এড়িয়ে তেল পরিবহনের আরও নানা উপায় খুঁজে বের করেছে, যা তেল সরবরাহের ওপর ইরানের নিয়ন্ত্রণকে অনেকটাই খর্ব করেছে। সৌদি আরব পারস্য উপসাগরের ট্যাংকারগুলোতে তেল তোলার পরিবর্তে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৫০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে পাঠিয়ে দিয়েছে। অন্যান্য মধ্যপ্রাচ্যের উৎপাদকরাও প্রতিদিন আরও ২০ লাখ ব্যারেল তেল প্রণালির চারপাশ দিয়ে ঘুরিয়ে পাঠিয়েছে। এছাড়া ব্রাজিল, গায়ানা এবং ভেনেজুয়েলা সম্মিলিতভাবে দৈনিক অতিরিক্ত দশ লাখ ব্যারেলেরও বেশি উৎপাদন বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রও প্রতিদিন বাজারে আরও কয়েকশ’ হাজার ব্যারেল তেল যুক্ত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতেই এই সংঘাতের সূচনা হয়েছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালি এই বৃহত্তর সংঘাতের কেন্দ্রীয় রণাঙ্গনে পরিণত হয়। তেহরান জলপথটিকে এক ধরনের প্রতিরোধ হিসেবে ব্যবহার করে এর মধ্য দিয়ে ট্রাফিকে বাধা সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ আরোপ করে।

সংঘাতের বিভিন্ন পর্যায়ে উভয়পক্ষই প্রণালির নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে এবং নিজেদের প্রণালির অভিভাবক হিসেবে ঘোষণা করে সরু এই জলপথ পারাপারের জন্য নিজস্ব নিয়মে টোল ধার্য করেছে।




কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত সমুদ্র থেকে সরিয়ে স্থলভাগের কোনো হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তা শনিবার (২২ আগস্ট) বলেছেন, আটক পাইলটদের শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদেহ বলেন, পাইলটদের বর্তমানে যে স্থানে রাখা হয়েছে, সেটি চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত নয়। তাদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতি আহ্বান জানান তিনি।

বাঘেরজাদেহ বলেন, অসুস্থ ও আহত বন্দিদের ইরানে ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাতারে একটি ‘এয়ার অ্যাম্বুলেন্স’ পাঠানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এর আগে গত সপ্তাহে কাতার তাদের হেফাজতে কোনো ইরানি পাইলট থাকার বিষয়টি অস্বীকার করেছিল। দোহার পক্ষ থেকে বলা হয়েছিল, বছরের শুরুতে ওই পাইলটরা কাতারের আকাশসীমা লঙ্ঘন করেছিলেন। তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কাতার আরও জানায়, নিহত এক পাইলটের মরদেহ হস্তান্তরের বিষয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পাশাপাশি কাতারের পরিচালিত অনুসন্ধান ও উদ্ধার অভিযানসংক্রান্ত তথ্য পর্যালোচনার জন্য তেহরানকে আমন্ত্রণ জানানো হয়। তবে তখন ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, পাইলটদের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলকে কাতার সফরের সুযোগ দেওয়ার বিষয়টি এখনো উন্মুক্ত রয়েছে।

এদিকে সর্বশেষ বিবৃতিতে বাঘেরজাদেহ ইরানি বিশেষজ্ঞ দলকে কাতারে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে দোহার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা দিতে কাতারের প্রতি আহ্বান জানান তিনি।

তবে ইরানের এই কর্মকর্তা অভিযোগ করেন, দেশটির বিমান বাহিনীর একটি বিশেষজ্ঞ ও তথ্যানুসন্ধানকারী দল কয়েক মাস ধরে কাতারে যাওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু কাতারি কর্মকর্তাদের কারণে তদন্ত কার্যক্রম বারবার বিলম্বিত হচ্ছে বলে দাবি করেন তিনি।




ডিসির মিডিয়া সেলের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি

ডেস্ক নিউজ : সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অফিশিয়াল মোবাইল ফোন নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে বিকাশে জরুরি ভিত্তিতে টাকা দাবির খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের নম্বরটি (০১৭৩০৩৩১০২২) হ্যাক হওয়ার পর হ্যাকার চক্রটি একাধিক সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা পাঠায় এবং ১৫ হাজার টাকা জরুরি প্রয়োজনে পাঠানোর অনুরোধ জানিয়ে একটি বিকাশ নম্বর (০১৩৫১২২৪৯৫৫) সরবরাহ করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ সতর্কতামূলক বার্তা জারি করা হয়েছে। যেখানে ওই নম্বর থেকে পাঠানো যেকোনো প্রকার আর্থিক দাবি, প্রস্তাব কিংবা প্রলোভনমূলক বার্তা এড়িয়ে চলা এবং কোনো ধরনের লেনদেন না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, ঘটনাটি শনিবার দুপুরে দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে নম্বরটি পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।  একই সঙ্গে কোনো নাগরিক বা গণমাধ্যমকর্মী যেন এই প্রতারক চক্রের জালে পা দিয়ে আর্থিক ক্ষয়ক্ষতির শিকার না হন, সে বিষয়ে ব্যাপকভাবে সবাইকে সচেতন করা হয়েছে।  জেলা প্রশাসন স্পষ্ট করেছে যে এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের অপকর্ম এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণসহ জালিয়াতিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।




ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

ক্রীড়া ডেস্ক : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন শরীফুল। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন তিনি।

জবাবে প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অজিরা। বল হাতে বাংলাদেশের সফল বোলার শরীফুল। ১১ ওভার বল করে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শরীফুল ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৫ বা তার বেশি রান করার পাশাপাশি বোলিংয়ে অন্তত ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন।
দলের ব্যাটারদের ব্যর্থতার পর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। দিন শেষে ১০১ রানে পিছিয়ে থাকলেও শরীফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচে টিকে আছে টাইগাররা। ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি পেসার।