নাটোরে বিএনপির দু পক্ষের সংঘর্ষে আহত ৭

ডেস্ক নিউজ : নাটোরের বড়াইগ্রামে বিআরটিসি বাস কাউন্টারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক। বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭),পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫), পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২), পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮)। এদের মধ্যে ফকির, মমতাজউদ্দিন এবং আকতারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকিরসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী প্রতিপক্ষের লোকজনদের ধাওয়া করে। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী বসে চা পান করছিলেন। এ সময়  প্রতিপক্ষের ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে ৭ জন নেতাকর্মী আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ইসলাম গ্রহণের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রবার্তো কার্লোস

ক্রীড়া ডেস্ক : ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস এবার মুখ খুললেন। মরক্কোর নাগরিক সুহাইলা আল-তাহিরিকে বিয়ে করার পর তার ইসলাম গ্রহণ নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়েছিল। এই গুজবের জবাব দিলেন তিনি নিজেই।

তুরস্কের গণমাধ্যমে খবর এসেছিল যে ৫৩ বছর বয়সী কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত ব্যক্তি শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে তিনি কালেমা পড়েছেন বলে খবরে বলা হয়েছিল।

এই খবর আরও ছড়িয়ে পড়ে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টের পর। তিনি ব্রাজিলের মুসলিম সমাজের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছিলেন।

শাহিন দুই দিন আগে নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে লিখেছিলেন, তিনি সাও পাওলোর শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করেছেন। এই দেখা হয়েছিল ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময়। শেখ তাকে বলেছিলেন, কার্লোস অনেক দিন ধরে তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। চার সপ্তাহ আগে তিনি শেখের কাছে গিয়ে কালেমা পড়েন এবং ইসলাম ধর্ম বেছে নেন।

কিন্তু এবার নিজেই চুপ থাকা ভাঙলেন কার্লোস। তিনি বলেছেন, তার ইসলাম গ্রহণের খবর ‘সত্য নয়’।

রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বুধবার সৌদি পত্রিকা ‘ওকাজ’-কে বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। আমার স্ত্রী নামাজ পড়েন, এটা দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমার ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে, তা সত্য নয়।’

যে বিয়ের অনুষ্ঠান নিয়ে এত গুজব ছড়িয়েছিল, সে বিষয়ে কার্লোস বলেন, ‘আমাদের বিয়ের অনুষ্ঠান একাধিক ধরনের হয়েছিল। আমরা পরিবারের সদস্যদের বিশ্বাসের সঙ্গে মানানসই একটি অনুষ্ঠান করেছি, কারণ তারা ক্যাথলিক ধর্মের অনুসারী। এর পাশাপাশি আমার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের জন্য আরেকটি অনুষ্ঠানও করা হয়েছিল।’




ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। এ পারফরম্যান্সের সুবাদে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ৮৪ ধাপ এগিয়ে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে যৌথভাবে ৮৮ নম্বরে আছেন তানজিদ।

তার পাশাপাশি অজিদের বিপক্ষে বাংলাদেশের হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করতে না পারলেও বাংলাদেশকে বড় লিড নেওয়ার ভিত গড়ে দেন টেস্ট অধিনায়ক। হ্যাজেলউডের বলে আউট হওয়ার আগে খেলেছেন ৮৪ রানের ইনিংস।

এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন শান্ত। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক আছেন ২০ নম্বরে। বাংলাদেশের টেস্ট ব্যাটারদের মধ্যে শান্তর ওপরে কেবল মুশফিকুর রহিম। ১৮ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ডারউইনে প্রথম টেস্টে ডাক মেরেছিলেন লিটন দাস। রান না পাওয়ায় ৫ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

তানজিদের সঙ্গে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশের বিপদ সামাল দেওয়ার পাশাপাশি দলকে ভালো অবস্থানে নিয়ে যান মুমিনুল হক। তবে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে বাঁহাতি ব্যাটারকে ফিরতে হয় ৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৩০ রান। এমন ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন মুমিনুল। ছোট ছোট ইনিংসে ৩ ধাপ এগিয়ে সাদমান ইসলাম উঠেছেন ৫৮ নম্বরে।

দ্রুতই শান্ত, মুশফিক ও লিটনের বিদায়ের পর টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড ২২৮ রান পর্যন্ত নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে না থাকা এক ধাপ পিছিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে (১১ নম্বরে) আছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন মিরাজ। ডারউইন টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫৫ রানে নিয়েছিলৈন ৬ উইকেট। দ্বিতীয় তিন উইকেট নিয়েছিলেন ৫৬ রানে। ম্যাচে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হাসান। বর্তমানে ৩৮ নম্বরে আছেন ডানহাতি পেসার। তাসকিন আহমেদ এক ধাপ ও ইবাদত হোসেন এগিয়েছেন ৪ ধাপ।

ডারউইনে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট নিলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি মিরাজের। আগের মতোই তিনে আছেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। এদিকে সতীর্থ জো রুটকে পেছনে ফেলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হ্যারি ব্রুক। বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ।




গাড়ির ব্যবসায় নাম লেখালেন সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক : অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও যাত্রা শুরু করলেন অভিনেত্রী সামিরা খান মাহি। একটি গাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান এই অভিনেত্রী।

তবে ব্যবসায়িক অঙ্গনে মাহির যাত্রা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর আগে থেকেই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন তিনি। এতদিন ব্যবসার বিভিন্ন দিক বুঝতে এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা নিতে সময় নিয়েছেন এ অভিনেত্রী। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসায়িক সম্পৃক্ততার কথা প্রকাশ্যে আনলেন।

নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ির বড় সংগ্রহ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মাহির। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপ থেকে ব্র্যান্ড-নিউ গাড়ি আমদানি করবে। পাশাপাশি জাপান থেকে আনা হবে রিকন্ডিশন্ড গাড়িও।

শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না থেকে ব্যবসাটিকে আন্তর্জাতিক পরিসরে পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছেন মাহি। তার ভাষ্য, প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিকভাবেই পরিচালনা করা হবে।

অভিনয়ের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী মাহি। দীর্ঘদিন ধরে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও বোঝার পর এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যাবসায়িক অঙ্গনেও অভিনেত্রীর নতুন পরিচয় যুক্ত হলো।




রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।

মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে মির্জা ফখরুলের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যতই ব্যস্ত থাকি না কেন, সব সময় জনগণের জন্য এবং এলাকার উন্নয়নে পাশে থাকবো।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এসময় মির্জা ফখরুল আবেগাপ্লুত হন এবং রাষ্ট্রপতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। এসময় তিনি প্রত্যেকের খোঁজ-খবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক সমকালের দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ, সহ-সভাপতি স্টার টিভির মাহবুব আলম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক কালবেলার শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক বাসসের জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ৭১ টেলিভিশনের আব্দুল লতিফ, প্রচার সম্পাদক জিটিভির সাজ্জাদ হোসেন ও নারী বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর’র মোছা. শিউলী বেগম নাহিদ, কার্যনির্বাহী সদস্য ৭১ টেলিভিশনের নূর তাজমিন নীর, স্টার টিভির ফরহাদ বিন নূর, কালের কণ্ঠের নবাব শরীয়তুল্লাহ (সৌম্য সরকার), সাম্প্রতিক দেশকালের নাসরিন আখতার, যুগান্তরের ইমরান খান, চ্যানেল আইয়ের তাফহিমুল ইসলাম ও নিউজ এজেন্সি এবিপির বিশেষ প্রতিনিধি আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ ও বাসসের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ।




অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় তিরুকোণামালি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা এক বিরল অস্ত্রোপচারের মাধ্যমে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মূত্রথলি থেকে বিশাল আকারের একটি পাথর অপসারণ করেছেন। ৩.১ কেজি (প্রায় ৬.৮ পাউন্ড) ওজনের এই পাথরটি একজন নবজাতক শিশুর সমান ভারী এবং একটি উটপাখির ডিমের সমান বড়। চিকিৎসকদের দাবি, এখন পর্যন্ত চিকিৎসার ইতিহাসে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা বিশ্বের সবচেয়ে বড় মূত্রথলির পাথর এটি।

অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া প্রধান সার্জন ড. প্রহলাহন বালকৃষ্ণন জানান, সম্প্রতি উক্ত রোগী স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মূত্রত্যাগে মারাত্মক কষ্ট পাচ্ছেন বলে জানালে চিকিৎসকরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা চালান। পরীক্ষার পরই চিকিৎসকরা নিশ্চিত হন যে, রোগীর মূত্রথলিতে বিশাল আকারের কঠিন পাথর জমা হয়ে আছে। পরবর্তীতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পাথরটি বের করে আনা হয়। সার্জনদের ধারণা, এই দৈত্যাকৃতির পাথরটি একদিনে তৈরি হয়নি; প্রায় ৫ থেকে ১০ বছর ধরে ধীরে ধীরে এটি রোগীর শরীরের ভেতরে দানা বেঁধেছিল।

চিকিৎসকদের তথ্য মতে, যখন মূত্রথলি থেকে পুরোপুরি প্রস্রাব খালি হয় না, তখন মূত্রে থাকা খনিজ পদার্থগুলো জমাট বেঁধে ধীরে ধীরে স্ফটিক বা ক্রিস্টালে রূপ নেয়। সময়ের সাথে সাথে এই কঠিন স্ফটিকগুলো পুঞ্জীভূত হয়ে বড় পাথরে পরিণত হয়। বালির দানার মতো ছোট আকারের পাথরগুলো সাধারণত প্রস্রাবের সাথে একা একাই বেরিয়ে যায়। তবে পাথরের আকার ১ সেন্টিমিটারের চেয়ে বড় হলে তা মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি করে এবং চিকিৎসায় অপারেশনের প্রয়োজন পড়ে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ৪ সেন্টিমিটারের চেয়ে বড় পাথরকে দানবীয় পাথর হিসেবে গণ্য করা হয়। সে হিসেবে ১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই বিশাল পাথরটি চিকিৎসা জগতের সব পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সর্ববৃহৎ মূত্রথলির পাথর অপসারণের রেকর্ডটি ছিল ২০০৩ সালে ব্রাজিলের এক রোগীর। সেই পাথরটির ওজন ছিল ১.৯ কেজি এবং দৈর্ঘ্য ছিল ১৭.৯ সেন্টিমিটার। কিন্তু শ্রীলঙ্কায় পাওয়া ৩.১ কেজি ওজনের পাথরটি ওজনের দিক থেকে পূর্বের সেই বিশ্বরেকর্ডকে অনেক ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। বিশাল এই জটিল অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে আশঙ্কামুক্ত ও যথেষ্ট সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে স্ট্রোকসহ অন্যান্য শারীরিক জটিলতার জন্য তাকে এখনও হাসপাতালে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।




বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এই কথা স্পষ্ট করেছেন।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কিছু ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তার জবাবে এই মন্তব্য আসে।

ভারতীয় মুখপাত্র জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তাদের দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে তাদের আগের অবস্থানই বহাল রয়েছে।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি সহায়ক বা অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি ভারত সরকারের কাছে শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তদের প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে এবং ঢাকা এখন এ বিষয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় রয়েছে।

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কূটনীতিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়গুলো খতিয়ে দেখছে ভারত।




মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি

ডেস্ক নিউজ : কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে।

উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

সন্তানকে হারিয়ে মা তাছলিমা আক্তার এখন পাগলপ্রায়। সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন তিনি। এ নিয়ে এলাকার লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা। ভুক্তভোগী তাছলিমা আক্তার সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং একই গ্রামের আল-আমিনের স্ত্রী। ছয় মেয়ে ও দুই ছেলের সংসারে হারিয়ে যাওয়া শিশুটি তাদের সর্বকনিষ্ঠ সন্তান।

তাছলিমার অভিযোগ, গত ১৮ জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়। ওই সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি। পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে দেখতে পান, তার কোলের সন্তান আর নেই।

কান্নায় ভেঙে পড়ে তাছলিমা আক্তার বলেন, আমি কোনো টাকা-পয়সা চাই না। আমার কোলের সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিন। তার অভিযোগ, শিশুটির খালা চক্রান্ত করে তাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে খালা ছেনোয়ারা বেগম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তাছলিমার মামা বাবুল মিয়া বিষয়টি জানেন।

অভিযুক্ত বাবুল মিয়া বলেন, তিনি শুধু একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। শিশুটিকে কারা নিয়ে গেছে বা বর্তমানে কোথায় রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। শিশুটির বাবা আল-আমিন বিষয়টি জানেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বাবা আল-আমিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. শফিউল আলম বলেন, শিশুটি বর্তমানে কোথায় আছে, সে বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। শিশুটিকে উদ্ধারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।




ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম

ক্রীড়া ডেস্ক : প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাবর আজম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন। তার পরিবর্তে লিডসে অনুষ্ঠেয় সিরিজের প্রথম ম্যাচের জন্য সালমান আগাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৯ থেকে ২৩ আগস্ট হেডিংলিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সফরকারী দলটি বর্তমানে অষ্টম এবং স্বাগতিক দল সপ্তম স্থানে অবস্থান করছে।

পাকিস্তানের প্রধান কোচ সরফরাজ আহমেদ জানান, ব্যথা অনুভব করায় পিসিবির মেডিকেল টিম বাবরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। আশা করছি, ২৭ থেকে ৩১ আগস্ট লর্ডসে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে।

চলতি মাসের শুরুর দিকেই বাবরের নেতৃত্বে পাকিস্তান দীর্ঘদিনের খরা কাটিয়ে একটি অ্যাওয়ে টেস্ট জিতেছিল। তবে গত সপ্তাহে বেকেনহামে ‘প্রফেশনাল কাউন্টি ক্লাব (পিসিসি) সিলেক্ট একাদশ’-এর বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে আঙুলে আঘাত পান তিনি। এরপর তিনি অনুশীলনে ফিরলেও ইংল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে যায়।




টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন পন্থ

ক্রীড়া ডেস্ক : গলের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দ্বিতীয় সেশনে লাহিরু কুমারার বলে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।

এই কীর্তির মাধ্যমে টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার ক্লাবে জায়গা পাওয়া প্রথম ভারতীয় ব্যাটার হয়েছেন পন্থ। একই সঙ্গে তিনি টেস্ট ইতিহাসের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে এর আগে এত দ্রুত ১০০ ছক্কা পূরণ করতে পারেননি কোনো ব্যাটার।

বিশ্ব ক্রিকেটে পন্থ মাত্র চতুর্থ ব্যাটার, যিনি টেস্টে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। এই তালিকায় তার আগে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস (১৩৮), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট (১০০)।

টেস্টে ১০০ ছক্কায় পৌঁছানোর পথে সবচেয়ে কম বল খেলেছেন পন্থ। তার ছক্কা প্রতি বলের গড় ৪৯.২, যেখানে গিলক্রিস্টের ৬৭.৯২, স্টোকসের ৯০.০৫ এবং ম্যাককালামের ৯৩.৩৯।

আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় এই তারকা। মাত্র ৫১টি টেস্ট খেলেই ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর আগে দ্রুততম হিসেবে বেন স্টোকস ৮২ টেস্টে এই কীর্তি গড়েছিলেন। ফলে টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৮০ ম্যাচের আগেই ১০০ ছক্কা পূরণ করলেন পন্থ।

ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বাধিক ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বীরেন্দর শেবাগ ও রোহিত শর্মা। দুজনের ঝুলিতেই রয়েছে ৯১টি করে ছক্কা।

গল টেস্ট শুরুর আগে পন্থের টেস্ট ছক্কার সংখ্যা ছিল ৯৭। মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল মাত্র তিনটি ছক্কার। প্রথম ইনিংসে ৬২ বলে ৩৯ রান করার পথে একটি ছক্কা হাঁকান তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি আরও দুটি ছক্কা মেরে পৌঁছে যান কাঙ্ক্ষিত ১০০ ছক্কার মাইলফলকে।

লাহিরু কুমারার একটি বল ডিপ ফাইন লেগের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে নিজের শততম টেস্ট ছক্কা পূরণ করেন পন্থ। একই সঙ্গে মাত্র ৫৩ বলে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। ফলে গলের মাঠে স্মরণীয় এক দিনে নতুন ইতিহাসের মালিক হয়ে ওঠেন ভারতের এই বাঁহাতি ব্যাটার।