শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার

বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’ এর বাগান এলাকায় জোড়া সাপ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পর জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা হলেও অন্যটি পালিয়ে যায়।

সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে খবর দেওয়া হলে তিনি বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে যান। পরে তিনি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে বিষয়টি জানান।

ভিকি দুবে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। সাপটি ‘ধামান’ বা ইন্ডিয়ান র‍্যাট স্নেক বলে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়।

তবে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। দ্বিতীয় সাপটির সন্ধানে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি।

সাপ উদ্ধারকারী ভিকি দুবে উপস্থিত ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।

বন বিভাগের নিয়ম অনুযায়ী, উদ্ধার করা ধামান সাপটিকে পরে নিরাপদে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়।




র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন

ডেস্ক নিউজ : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার জন্য নতুন একটি আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, বিদ্যমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। র‍্যাব-সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড ও অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির নিকট স্থানান্তরের বিধান রাখা হয়েছে। পাশাপাশি, নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র‍্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রিসভায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।




পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

ডেস্ক নিউজ : বাংলাদেশের প্রচলিত অর্থবছরের নিয়মে ঐতিহাসিক পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এর ফলে আগামী ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ‘এপ্রিল-মার্চ’ অনুযায়ী সরকারের সকল কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। তবে মন্ত্রিপরিষদের প্রেস ব্রিফে জানানো হয়েছে যে, জুলাই-আগস্ট মাসের বর্ষাকালে দেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চালাতে গিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়।

বর্ষার কারণে একদিকে যেমন উন্নয়নকাজ দীর্ঘায়িত হয়, তেমনি কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষের ব্যাপক জনদুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুম শুরুর আগেই যেন অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হয়, সে জন্যই ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর নির্ধারণ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার হুট করে এই পরিবর্তন না এনে এর জন্য একটি নির্দিষ্ট রূপরেখা বা ট্রানজিশন সময় নির্ধারণ করেছে।

ট্রানজিশনাল অর্থবছর: আগামী ২০২৭-২৮ অর্থবছরটিকে একটি রূপান্তরকালীন বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এই বছর মাত্র ৯ মাসে (জুলাই থেকে মার্চ) অর্থবছর শেষ করা হবে।

পূর্ণাঙ্গ বাস্তবায়ন: এর ঠিক পরপরই ২০২৮-২৯ অর্থবছর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নির্ধারিত ‘এপ্রিল-মার্চ’ চক্র অনুযায়ী সরকারের সমস্ত বাজেট ও কার্যক্রম শুরু হবে।




ট্রাম্পের ‘পা ভেঙে দেওয়ার’ হুমকি ইরানের সেনাপ্রধানের, মার্কিন সেনা হত্যায় পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিস্ফোরক মন্তব্যের কড়া জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ‘পা ভেঙে দেওয়ার’ নজিরবিহীন হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে এই অঞ্চলে মার্কিন সেনাকে হত্যা বা বন্দি করতে পারলে ৩০ হাজার ডলার বা ৫ বিলিয়ন তোমান আর্থিক পুরষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ সামরিক বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর এক প্রতিবেদনে জানা গেছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের নতুন করে আর কোনো সংলাপে না বসার অবস্থানের পর দুই পরাশক্তির মধ্যে এই চরম কথার লড়াই মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে তৈরি করেছে নতুন তীব্র উত্তেজনা।

ঘটনার সূত্রপাত সম্প্রতি ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার খ্যাত হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে চূড়ান্ত পরাজিত করার পর—যেটি খুব দ্রুতই ঘটতে যাচ্ছে—আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য বা ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ তিনি আরও দাবি করেন, ‘মূলত এখন এটি (হরমুজ প্রণালি) আমাদেরই নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের অবরোধ কার্যকর আছে। আমরা না চাইলে কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে না।’

চলতি বছরের শুরুর দিকে ইরানে মার্কিন হামলার আগে বিশ্বজুড়ে তেল পরিবহনের অন্যতম প্রধান জলপথ ছিল এই হরমুজ প্রণালি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে এবং বহুবার এটি সম্পূর্ণ বন্ধও করে দেওয়া হয়। বিশ্বজুড়ে সরবরাহ ব্যাহত হওয়ায় এবং শান্তিচুক্তির কোনো লক্ষণ না থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্ষোভ উগরে দিয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘হরমুজ প্রণালি দখলের মতো বিষয় নিয়ে রসিকতা করা একটি ‌“বিশাল ভুল”। কারণ, ইরানের এমন বীর রক্ষকরা রয়েছে যারা ট্রাম্পের “পা ভেঙে দেবে”।’ তিনি আরও দাবি করেন, মার্কিন বাহিনীকে এই অঞ্চল থেকে ‘কার্যকরভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে’ এবং হরমুজ প্রণালিতে তাদের আর প্রবেশ করতে দেওয়া হবে না।

মার্কিন প্রশাসনকে ‘পরাজয়ের বাস্তবতাকে মেনে নেওয়ার’ পরামর্শ দিয়ে হাতামি বলেন, সবাই জেনে রাখুক, মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলো আর কখনো তাদের আগের অবস্থায় ফিরতে পারবে না। আমাদের প্রতিবেশী অঞ্চলে ইসলামি ইরানকে হুমকি দেওয়ার জন্য কোনো কেন্দ্র গড়ে তোলার অনুমতি আমরা কখনোই দেব না। আমেরিকানদের একমাত্র পথ হলো এই অঞ্চল ত্যাগ করা।’

উত্তেজনার পারদ আরও চড়িয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বড় আর্থিক পুরস্কারের পরিকল্পনা উন্মোচন করেছেন মেজর জেনারেল হাতামি। তিনি জানান, ‘আর্থিক জিহাদে’ অংশ নিতে আগ্রহী জনগণের সহযোগিতায় ও সেনাবাহিনীর গ্যারান্টিতে এই অর্থ দেওয়া হবে। হাতামি বলেন, ‘যে কেউ একজন আক্রমণকারী আমেরিকান সেনাকে হত্যা বা বন্দি করে তুলে দিতে পারবে, তাকে ৩০ হাজার ডলার সমপরিমাণ বা ৫ বিলিয়ন তোমান উপহার দেওয়া হবে। যে ব্যক্তি এই কাজে সফল হবে, তার ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ দামে কিনে নেওয়া হবে এবং তাকে একটি নতুন অস্ত্র দেওয়া হবে। আর সেনার কাছ থেকে সংগৃহীত মূল অস্ত্রটি একটি বিশেষ জাদুঘরে সংরক্ষণ করে রাখা হবে।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গাজায় স্থবির হয়ে পড়া শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারে বিরল কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা এগিয়ে নিতে গত রবিবার এক শীর্ষ হামাস নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। আজ সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে কুশনারের। মার্কিন-সমর্থিত এই ১৫ দফা রোডম্যাপ অনুযায়ী, হামাসকে গাজায় অস্ত্রসংবরণ করতে হবে এবং ইসরায়েলকে অবরুদ্ধ এই ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ মাসেরও বেশি সময় পার হলেও অঞ্চলটি এখনো ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। গত বছর মিসরে কুশনার, স্টিভ উইটকফ ও হামাস নেতাদের বৈঠকের মাধ্যমে মূল যুদ্ধবিরতি অর্জিত হলেও, হামাসের অস্ত্রহ্রাসের মতো স্পর্শকাতর বিষয়ে দীর্ঘায়িত মতভেদের কারণে গাজার ২০ লাখ মানুষের ভবিষ্যৎ ও পুনর্গঠন প্রক্রিয়া আটকে আছে।




ওমানে ট্রাম্পের বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক উদ্যোগে বাধা সৃষ্টি করলে উপসাগরীয় দেশ ওমানে সোমবার (১৭ আগস্ট) বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সরাসরি হুমকি দিলেন ট্রাম্প।

এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাত অবসানের প্রক্রিয়ায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটির ওপর কঠোর হামলা চালানো হবে। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত কূটনৈতিক সময়সীমা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

তবে সমঝোতায় পৌঁছাতে এখনই কোনো তাড়াহুড়ো করছেন না বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দেওয়া হয়নি। একই সঙ্গে ইরানের ‘আত্মসমর্পণের’ ইঙ্গিত দিতে সাদা পতাকা প্রদর্শন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে আবারও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত জুনে জি-সেভেন সম্মেলনের ফাঁকে হওয়া সমঝোতার আওতায় ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে বিরোধ মেটাতে সর্বোচ্চ ৬০ দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই সেই সময়সীমা শেষ হয়েছে।

এদিকে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের নতুন এই হুমকিতে উত্তেজনা আরও বেড়েছে। দীর্ঘদিনের মার্কিন মিত্র হওয়া সত্ত্বেও এর আগে মন্ত্রিসভার বৈঠকেও ওমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।

তবে ট্রাম্পের কঠোর বক্তব্যের মধ্যেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা ইতিবাচকভাবেই এগিয়ে চলছে।




চিলমারীতে ব্যাডমিন্টন খেলার মাঠে ইউএনওকে হামলা

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ফলাফল প্রকাশ এবং তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের মধ্যে সার্চলাইট জ্বালিয়ে নিয়মিত ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে খেলার মাঠে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খেলার মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাডমিন্টন খেলোয়াড় দুই শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চলমান তীব্র বিদ্যুৎ সংকট ও তাপপ্রবাহের মাঝেও উপজেলা পরিষদ চত্বরে সার্চলাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন নিয়ে কয়েক দিন ধরে সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করে আসছে। এরই মাঝে দীর্ঘ প্রতীক্ষার পর রোববার রাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠে। ব্যাডমিন্টন খেলাকে ঘিরে সঞ্চার হওয়া ক্ষোভ এবং ফলাফলে অনিয়মের অভিযোগ- দুই নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরই জেরে রোববার রাতে একদল বিক্ষুব্ধ মানুষ ইউএনওর বাড়ি অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করে। মিছিলের সময় ইউএনও ব্যাডমিন্টন খেলতে থাকায় মিছিলকারীরা খেলার মাঠে যান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য খেলোয়াড়রা সাময়িক খেলা বন্ধ রাখেন। বিক্ষুব্ধরা গালমন্দ করে চলে গেলে আবারও খেলা শুরু হয়। খেলা শুরুর কয়েক মিনিটের মাথায় বিক্ষুব্ধ লোকজন মিছিল নিয়ে ফের মাঠে হামলা চালায় এবং খেলার বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর করে ইউএনওকে গালমন্দ করে মাঠ ত্যাগ করেন।

পরে আনসার সদস্যদের সহায়তায় ইউএনও নিজ বাসভবনে চলে গেলেও খেলোয়াড়রা বাড়ি ফেরার পথে বিক্ষুব্ধদের হামলার শিকার হন। এ সময় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে খেলোয়াড় দুই শিক্ষক মিলন চন্দ্র ও মো. রেজাউল করিম রেজাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে সরকারি কার্যালয় চত্বরে এই গরমের সময়েও নিয়মিত খেলাধুলার আয়োজন এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে সৃষ্ট অসন্তোষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে রাতে ঘটনাটি ঘটায় হামলা ও মারধরের ঘটনায় কারা জড়িত ছিলেন তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।




‘আমরা পরের ম্যাচটাও জিততে পারি’ : মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক : ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ক্রিকেট পরাশক্তি এই দলটিকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। ডারউইনে ৯ উইকেটের জয়কে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখছেন টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ড্রেসিংরুমের ভিডিওতে জাতীয় দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম বলেন, ‘শান্তকে যেমন বলেছি, এখন পর্যন্ত আমার মনে হয় এটিই সবচেয়ে বড় জয়। তবে এখন পর্যন্তই। কে জানে, আমরা পরের ম্যাচটাও জিততে পারি। মাউন্ট মঙ্গানুইয়ের জয়টিও অবশ্যই বড় ছিল, তবে এটি বিশেষ।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘খালি একটা জিনিসই আমরা চেষ্টা করেছি যে আমরা নিজেদের বিশ্বাস করি। সবাই সবাইকে সাপোর্ট করি। ওই বিশ্বাসটাই ছিল। মাঠে যখন লিটন, শান্ত, মুশফিক ভাই আমরা যারা ছিলাম, একটাই চেষ্টা করেছি খেলাটা পাঁচ দিনে নিয়ে যাওয়ার। ওই বিশ্বাসটা সবার ভেতরে ছিল।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। একাই ৬ উইকেট নেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নেন বাকি দুই পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

জবাবে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের (১০২) সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত (৮৪), মেহেদি হাসান মিরাজ (৬৫) ও মুমিনুল হকের (৪৯) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪২৬ রান করে বাংলাদেশ।

২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির পরও ২৮৪ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

জয়ের জন্য বাংলাদেশ দলের টার্গেট ছিল মাত্র ৫৭ রান। মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে ৯ উইকেট হাতে রেখেই দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন সাদমান ইসলাম অনিক।




টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, বাদ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। আছে বাংলাদেশসহ ৭টি দল। তবে প্রত্যেকের সামনে আলাদা সমীকরণ।

পয়েন্টের শতাংশ অনুযায়ী শীর্ষে থাকা দুটি দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে খেলে। কার সামনে কী অঙ্ক তা দেখে নেওয়া যাক।

১) অস্ট্রেলিয়া (পয়েন্ট ৮৪, পয়েন্টের শতাংশ ৭৭.৭৮)

সবচেয়ে ভাল জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। তাদের বাকি আর ন’টি ম্যাচ। তার মধ্যে পাঁচটি জিতলেই ফাইনালে ওঠার পাকা প্যাট কামিন্সদের।

২) দক্ষিণ আফ্রিকা (পয়েন্ট ৩৬, পয়েন্টের শতাংশ ৭৫.০০)

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকারও বাকি রয়েছে ন’টি টেস্ট। তার মধ্যে ছ’টি জিততে হবে টেম্বা বাভুমাদের।

৩) নিউজিল্যান্ড (পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৭২.২২)

প্রথম বার চ্যাম্পিয়ন নিউ জ়িল্যান্ডের সামনে রয়েছে আটটি ম্যাচ। তার মধ্যে পাঁচটি জিতলে আরও এক বার ফাইনালে উঠবে তারা।

৪) বাংলাদেশ (পয়েন্ট ৪০, পয়েন্টের শতাংশ ৬৬.৬৭)

অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে হারিয়ে নিজেদের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ। বাকি ন’টি টেস্টের মধ্যে সাতটি জিততে হবে তাদের।

৫) ভারত (পয়েন্ট ৫২, পয়েন্টের শতাংশ ৪৮.১৫)

শুভমন গিলদের বাকি রয়েছে ন’টি টেস্ট। তাঁদেরও অন্তত সাতটি টেস্ট জিততে হবে। নইলে আরও এক বার ব্যর্থ হতে হবে ভারতকে।

৬) শ্রীলংকা (পয়েন্ট ২০, পয়েন্টের শতাংশ ৪১.৬৭)

বাকি আটটি ম্যাচের মধ্যে পাঁচটি জিততে হবে তাদের। ড্র করতে হবে দু’টি। একটির বেশি টেস্ট হারলেই শ্রীলঙ্কার সুযোগ শেষ।

৭) ইংল্যান্ড (পয়েন্ট ৩৮, পয়েন্টের শতাংশ ২৪.৩৬)

বাকি সব টেস্ট জিততে হবে ইংল্যান্ডকে। তবেই তাদের ফাইনাল খেলার সুযোগ থাকবে।

এই সাত দেশের নিজেদের মধ্যে খেলা রয়েছে। ফলে এক দল জিতলে অপর দল হারবে। তাই পরিসংখ্যান প্রতি ম্যাচের পরেই বদলে যাবে।




বাবা হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়

বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। অনুপম ও গায়িকা প্রস্মিতা পালের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। মা ও ছেলে দু’জনেই সুস্থ আছেন।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বাবা হওয়ার খবর জানিয়েছেন অনুপম।

তিনি লিখেছেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন অনুপম ও প্রস্মিতা।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে অনুপম জানান, মা ও ছেলে দু’জনেই ভালো আছেন।

মা হওয়ার খবরটি এতদিন অনেকটাই আড়ালে রেখেছিলেন প্রস্মিতা। অনুপমও বরাবর ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। ফলে তাদের জীবনে নতুন অতিথি আসার খবরও অনেকটা আচমকাই জানতে পেরেছেন অনুরাগীরা।

অনুপম ও প্রস্মিতার পরিচয় অবশ্য বহু বছরের। শুরুতে সম্পর্ক ছিল শুধুই পেশাগত, পরে বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। ২০২৪ সালে বিয়ে করেন তারা। তাদের প্রেম ও বিয়ের খবর যেমন হঠাৎ করেই প্রকাশ্যে এসেছিল, তেমনই এবার বাবা-মা হওয়ার সুখবরেও চমকে গেলেন অনুরাগীরা। নতুন জীবনের শুরুতে এই তারকা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।




১৮ আগস্ট চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

ডেস্ক নিউজ : রাজধানীর সড়কে নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত এ ‘পিংক বাস’ সেবা মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এ বাস সার্ভিস চালু করা হচ্ছে। সার্ভিসের বাসগুলোতে নারী চালক ও নারী কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।