বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ইলিশের ঘাটতি পূরণে ভারত থেকে বড় পরিমাণে মাছ আসছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ পাঠানো হতে পারে।

সাধারণত বাংলাদেশ থেকেই ভারতে ইলিশ যায়। কিন্তু এবার দেশে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকেছেন।

এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দর দিয়ে পাঠানো হচ্ছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও এসেছে।
হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরার মতো মাছ পাঠানো হয়। কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে।
তিনি বলেন, গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও ১৫০ থেকে ২০০ টন রপ্তানির কথা রয়েছে।

মকসুদের মতে, গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে। ভারতের বাজারে এর চাহিদা তুলনামূলক কম হলেও বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি। এ কারণেই এটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

তিনি আরও জানান, আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজারে শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বিক্রি হচ্ছে।

আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।




ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে এক অজ্ঞাতপরিচয় শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের ওপরের অংশে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত অপর শিশুর বয়স ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ভবনের আটতলায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। প্রাণভয়ে সবাই একসঙ্গে অপ্রশস্ত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। একপর্যায়ে অনেকেই পা পিছলে পড়ে যান এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুসহ ছয়জনের প্রাণহানি ঘটে।

ঘটনার পরপরই খবর পেয়ে ময়মনসিংহের পাঁচটি স্টেশনের মোট ১০টি অগ্নিনির্বাপক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে বাড়তি ইউনিটগুলো ফিরিয়ে নেওয়া হয়। তবে সার্বিক পরিস্থিতি তদারকির জন্য ঘটনাস্থলে চারটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা মেশিনের সঙ্গে সংযুক্ত বোর্ডে অতিরিক্ত উত্তাপ ও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও উল্লেখ করেন, আগুনের তীব্রতা খুব বেশি না হলেও কন্ট্রোল রুম থেকে প্রচুর ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়েছিল, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভীতির সঞ্চার করে।

হাসপাতালের সার্বিক পরিস্থিতির বিষয়ে উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে হাসপাতালের চিকিৎসা ওয়ার্ডগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক সংযোগে কোনো ধরনের অভ্যন্তরীণ ত্রুটি ছিল কি না এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।




ব্রাজিল দলে নেইমার অধ্যায়ের সমাপ্তি নিশ্চিত করলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক : ব্রাজিল জাতীয় ফুটবল দলে সুপারস্টার নেইমারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে দলের আশানুরূপ ফল না পাওয়ার পর এবার তরুণ প্রজন্মের ফুটবলারদের সমন্বয়ে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল নতুন করে ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনএন এস্পোর্তেস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার নিজেই জাতীয় দলে আর না ফেরার চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। নেইমারের অনন্য দক্ষতার প্রশংসা করে কোচ বলেন, ‘তার মানের কারণেই তার সেখানে (বিশ্বকাপে) থাকা উচিত ছিল। নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে আর ফিরতে চায় না। নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’

নেইমার-পরবর্তী যুগে ব্রাজিল দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে নিতে বয়স ও প্রতিভাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের ধাপে ধাপে এগোতে হবে। এখন আমাদের এমন তরুণ খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে হবে যারা ভবিষ্যৎ হতে পারে, যেমন ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া খেলোয়াড়েরা। আমাদের ২০০৮ সালে জন্ম নেওয়া কিছু মানসম্পন্ন তরুণ আছে যারা এখনো খেলছে না, তবে খেলতে পারবে। এখন তাদের বয়সকে গুরুত্ব দিয়ে এবং সম্মান জানিয়ে তাদের দিকে তাকানোর সময়। এটা সত্যি যে একজন খেলোয়াড় ৩৬ বা ৩৭ বছর বয়সেও খুব ভালো খেলতে পারে। তবে এখন তরুণদের অগ্রাধিকার দেওয়ার সময়।’
ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে আধুনিক দলগত ফুটবলের সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দিয়ে আনচেলত্তি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আধুনিক ফুটবলে দলগত কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত প্রতিভা নয়। আপনার যদি দারুণ ব্যক্তিগত প্রতিভা থাকে, তবে জয়ের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আধুনিক ফুটবলে দলগত কাজটা জরুরি। আমরা ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দল গড়তে কাজ করছি, কোনো একক দুর্দান্ত ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করার জন্য নয়।’



আগামী বছর বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক : গত কয়েক বছর ধরে টেস্টে অনেকটাই ধারবাহিক বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়াকেও তাদের মাটিতে হারিয়েছে টাইগাররা। এবার ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ঘরের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুরুতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্ট হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

নতুন করে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। বিসিবির একটি সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড দল। ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়বে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৯ ফেব্রুয়ারি সিলেটে যাবে দুই দল। সেখানে সিরিজের শেষ টেস্ট হবে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।




কলকাতায় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন ডেস্ক : ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।

‘জয়া আর শারমিন’–এর প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বীকৃতি এবং উৎসবে চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের উষ্ণ সাড়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই পুরস্কারকে ছবির সব শিল্পী ও কলাকুশলীর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের একটি অর্জন হিসেবে দেখছেন তিনি।

জানা যায়, ছয় দিনের উৎসবে মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে ছিল ১৯টি ছবি। উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র অংশ নেয়। তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। পঙ্কজ বরা ছবিটি পরিচালনা করেছেন। এই বিভাগে জুরি মেনশন পেয়েছে নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চি পরিচালিত শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘প্যানট্রাম’।

প্রামাণ্যচিত্র বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।

স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’পেয়েছে ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ পরিচালিত ইরানি চলচ্চিত্র ‘সাডেনলি রাইজ’।

মহামারির সময়কার লকডাউনের পটভূমিতে নির্মিত ‘জয়া আর শারমিন’ বাংলা ভাষার ৮৬ মিনিটের একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। অভিনেত্রী জয়া ও তার গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনকে ঘিরে ছবির গল্প। একই ছাদের নিচে আটকে থাকা দুই নারীর নিঃসঙ্গতা, পরস্পরের ওপর মানসিক নির্ভরতা এবং তাদের সম্পর্কের মধ্যে থাকা শ্রেণি ও ক্ষমতার ব্যবধান উঠে এসেছে ছবিতে।

চলচ্চিত্রে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার রয়েছেন শারমিনের ভূমিকায়। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন গল্প রাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন, সি-তে সিনেমার জয়া আহসান ও অ্যাপলবক্স ফিল্মসের পিপলু আর খান।




আসিয়ান কাপ থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ

ক্রীড়া ডেস্ক : আসিয়ান কাপে খেলতে আর কয়েক দিন পরই ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। তার আগেই দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। হ্যামস্ট্রিংয়ের চোটে ফিফা আসিয়ান কাপের আসর থেকে ছিটকে গেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) পেশির চোট নিয়ে জাতীয় দলের টিম হোটেল ছেড়েছেন বিশ্বনাথ। জাতীয় দলের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা বাংলাদেশ দলের।

সেই প্রস্তুতির অংশ হিসেবেই বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে ব্যস্ত ছিলেন বিশ্বনাথ। প্রাথমিক স্কোয়াডেও ছিলেন এই ডিফেন্ডার। কিন্তু অনুশীলনের সময় হঠাৎ চোটে পড়ায় এখন টুর্নামেন্টের দল থেকে ছিটকে যেতে হয়েছে তাকে।

তবে বিশ্বনাথের সামনে রয়েছে দ্রুত ফেরার লক্ষ্য। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে তাকে।




পঞ্চগড়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১৫

ডেস্ক নিউজ : পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ডোকরোপাড়া এমআর কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা ধরে উভয়পক্ষ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দলীয় নেতারা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত। তার বিতর্কিত বক্তব্য ঘিরে সভাতেই প্রতিবাদ করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। তারই জের ধরে দুই নেতার সমর্থকদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কোনো মামলা হয়নি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।




তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা

ডেস্ক নিউজ : তীব্র গরমে দিনে-রাতে দেশজুড়ে চলছে লোডশেডিং। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পিডিবির তথ্য অনুযায়ী, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার বিপরীতে এবার জ্বালানি সংকটও রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন না বাড়ালে পরিস্থিতির উন্নতি হবে না। পাশাপাশি ভবিষ্যতে বিদ্যুতের চাহিদা যে হারে বাড়বে, সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে না।

প্রতি বছর তীব্র গরমে বিদ্যুতের চাহিদা সামাল দিতে গ্রামাঞ্চলে লোডশেডিং করে শহর ও শিল্পাঞ্চলে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করে সরকার। তবে এবার লোডশেডিং করতে হচ্ছে রাজধানীতেও।

রাজধানীর বাড্ডা, খিলগাঁও, তেজগাঁও, মগবাজার, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, এসব এলাকায় দিনে-রাতে নিয়মিত লোডশেডিং হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানও।

লোডশেডিংয়ে অতিষ্ঠ ভুক্তভোগীরা জানান, যে সময় বাচ্চাদের পড়াইতে বসাব, ঠিক ওই সময়টাই কারেন্ট থাকতেছে না। দুই ঘণ্টার মতো থাকে না। কখনও সন্ধ্যার পরে যায়। আবার কখনও দশটা-এগারোটার পরে যায়। আবার ফ্রিজে সমস্যা হয়। মালপত্র নষ্ট হয়ে যায়। আইসক্রিম নষ্ট হয়ে যায়। আমরা, মধ্যবিত্ত, আমাদের তো জেনারেটর চালানোর মতো কোনো ক্ষমতা নাই। যেদিন দিনে বিদ্যুৎ যাচ্ছে, সেদিন হয়তো রাতে ঠিকঠাক আছে। আর যেদিন রাতে যাচ্ছে, সেদিন আবার দিনে।

পিডিবির তথ্য বলছে, গত মাস আগস্টের ১০ তারিখ রাত ১টায় লোডশেডিং হয়েছে ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট, যা এ বছরের সর্বোচ্চ। এর ঠিক এক মাস পর চলতি সেপ্টেম্বর মাসের ১০ তারিখে লোডশেডিং হয়েছে সাড়ে তিন হাজার মেগাওয়াটের মতো। অবশ্য ওই দিনই এক ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় আদানি পাওয়ারের সরবরাহ নেমেছিল অর্ধেকে।

পিডিবির তথ্য অনুযায়ী, এ বছর কোনো কোনো দিন পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়িয়েছে ১৭ হাজার মেগাওয়াট। বিপরীতে এলএনজি সংকট, টার্মিনালে ত্রুটি, কয়লা ও তেল সংকট, আদানির সরবরাহ কমে যাওয়াসহ নানা কারণে বেড়েছে লোডশেডিংও। যদিও বিশ্লেষকরা মনে করছেন, বিদ্যুতের প্রকৃত চাহিদা দাঁড়িয়েছে আরও বেশি।

এ বিষয়ে আইইইএফএয়ের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, আমাদের পক্ষে ম্যানেজ করা খুবই কঠিন হবে। কারণ, বিদ্যুতের চাহিদা অলরেডি এ বছর ১৯ হাজার মেগাওয়াট প্লাস এবং সামার কিন্তু এক্সটেনডেড হচ্ছে। এখন গ্রীষ্মকালীন সময় বাড়ছে। আগের মতো না। সেপ্টেম্বর মাসে এখনও প্রচণ্ড গরম। তো এই জিনিসগুলোকেও বিবেচনায় নিতে হবে। লোডশেডিং হচ্ছে। অন্যদিকে, এলপিজির প্রাইস ভোলাটিলিটি, নানান বিষয় আছে। তো সবকিছু মিলিয়ে একটা সমন্বিত পরিকল্পনা দরকার।

বিশেষজ্ঞরা আরও বলছেন—সংকটের মুহূর্তে সরকারকে কমাতে হবে উৎপাদন ব্যয় ও সিস্টেম লস। আর আগামী বছরের জন্য পরিকল্পনা নিতে হবে দৃশ্যমান।

তবে পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি. ডি. রহমতউল্লাহ বলেন, এই সরকারের কোনো প্ল্যান নাই। ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত তাদের, যেসব পাওয়ার স্টেশন মিনিমাম মেইনটেন্যান্সে আমি চালু করতে পারব। কিন্তু সরকার চুপ করে বসে আছে। শুধু মুখে বলছে, আমরা ১০ হাজার মেগাওয়াট করব। কোন সময়ের ভিতর? ৩১ সালের ভিতর। এখন স্টার্ট করো না কেন?

এছাড়া আগামী দিনে সংকট এড়াতে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব গ্যাস উত্তোলনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের।




আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বেশি: আইইডিসিআর

ডেস্ক নিউজ : চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটি বলছে, দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আগামী দুই থেকে তিন সপ্তাহ ডেঙ্গুর সংক্রমণ উচ্চ পর্যায়ে থাকতে পারে।

আইইডিসিআরের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, আগামী সপ্তাহে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, পিরোজপুর, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, কক্সবাজার, সিরাজগঞ্জ, কুমিল্লা, বরিশাল, বরগুনা, বান্দরবান ও পটুয়াখালী-এই ১৫ জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

আইইডিসিআরের জলবায়ুভিত্তিক আগাম সতর্কতা ও সাড়াদান ব্যবস্থা বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, যশোর, চাঁদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও রাজশাহীর পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে।

পূর্বাভাসের ব্যাখ্যায় আইইডিসিআর বলেছে, ডেঙ্গুর সবচেয়ে বেশি চাপ এখনো ঢাকায়। তবে খুলনা, গাজীপুর ও নারায়ণগঞ্জে রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ার প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।

আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী জানান, ‘আমরা এখন এপিডেমিওলজিক্যাল বছরের ৩৬তম সপ্তাহে আছি। ৩৬ থেকে ৩৯তম সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে পারে, তা জানতে আমরা ব্যাক-এন্ড মডেলিং করেছি। এখন পর্যন্ত এই মডেল প্রায় ৮০ শতাংশ পর্যন্ত সঠিক পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে।’

তিনি বলেন, আগের সময়ের তাপমাত্রার পরিবর্তন, আর্দ্রতা এবং সামনের দিনের জলবায়ু পূর্বাভাসের ওপর ভিত্তি করে এই মডেল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কোথায় কতসংখ্যক রোগী হতে পারে এবং কোন কোন এলাকা বেশি ঝুঁকিতে রয়েছে, তার একটি ধারণা পাওয়া যায়।

ডা. জাকী বলেন, ‘এটি নিশ্চিত কোনো ভবিষ্যদ্বাণী নয়। বরং সম্ভাব্য পরিস্থিতির একটি বৈজ্ঞানিক পূর্বাভাস, যা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে আগাম প্রস্তুতি নিতে সহায়তা করবে।’

ঢাকায় তথা বাংলাদেশে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। এর পর থেকে প্রতিবছর এডিস মশাবাহিত এই রোগে মূলত ঢাকা শহরের মানুষ আক্রান্ত হয়েছেন।




জর্ডানে সেনা নিহতের ঘটনায় ইরানকে তথ্য দেয়নি চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : গত জুলাইয়ে জর্ডানে মার্কিন সেনা নিহতের ঘটনায় ইরানকে চীন কোনো গোপন তথ্য দেয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে খারিজ করে দিয়েছেন তিনি।

গতকাল রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটন ও বেইজিং পরস্পরকে নজরদারিতে রাখছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়, গত জুলাইয়ে জর্ডানের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর আগেই একটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি পেয়েছিল ইরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকে ট্রাম্প এই বিষয়টি উত্থাপন করবেন কি না জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দেননি। বরং বেইজিং ও ওয়াশিংটনের পারস্পরিক নজরদারিতে রেখেছে এবং এটা স্বাভাবিক ঘটনা বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা মূলত সেটাই করছে যা আমরাও করে থাকি। যখন বলা হয় চীন আমাদের ওপর নজর রাখছে, তখন আমি বলি আপনারা ঠিকই বলেছেন, কারণ আমরাও তাদের ওপর একইভাবে নজর রাখছি।’

এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্কের কথা আবারও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ‌‌‘আমার মনে হয় তিনি যথেষ্ট ভালো আচরণ করেছেন। আমরাও তার সঙ্গে ইতিবাচক আচরণ করে যাচ্ছি।’

আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে দুই দেশের শীর্ষ নেতাদের এই দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করার তথ্য এখনও পাওয়া যায়নি।