বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি প্রায় ১১৭ ডলার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৩.৮ শতাংশ বেড়ে ১১৭.৪৫ ডলারে পৌঁছায়। পরে শনিবার এক পর্যায়ে তা ১১৬.৭২ ডলারে নেমে আসে। গত ২৯ এপ্রিলের পর এই দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০৩.২৭ ডলার। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১০ শতাংশ।

এক বছর আগের তুলনায় দাম বেড়েছে ৭৯.০২ শতাংশ। অন্যদিকে গত এক মাসে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ শতাংশ। এক বছরের ব্যবধানে দাম বেড়েছে ৬৭.৯২ শতাংশ। তেলের দাম দীর্ঘ সময় চড়া থাকতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

গত শুক্রবারের ভবিষ্যৎ চুক্তির দর অনুযায়ী, আগামী বছরের এপ্রিল পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই থাকার ইঙ্গিত মিলছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না। এ বিষয়ে ‘খুব শিগগিরই’ কিছু একটা ঘটবে। ট্রাম্পের এ রহস্যজনক মন্তব্যের পর দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হলে আবারও ইরানে হামলা জোরদার করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিপরীতে ইরানের সেনাপ্রধান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে জানান, তাঁদের সামরিক বাহিনী যেকোনো অসম যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সংঘাতের তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় শিগগিরই প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১২০ ডলারে পৌঁছতে পারে। এ ছাড়া সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। হুতিদের চালানো ড্রোন হামলার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আরামকো তাদের কর্মীদের প্রধান কার্যালয় ছেড়ে যেতে বলেছে। তারা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

এদিকে লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) তথ্য অনুযায়ী, দেশটির হামাদা ও তাহারা তেলক্ষেত্রে সরবরাহকারী একটি পাইপলাইনের ভাল্ভ বন্ধ করে দিয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এতে হামাদা তেলক্ষেত্রে দৈনিক ৫০ হাজার ব্যারেল এবং তাহারা তেলক্ষেত্রে দৈনিক ৪০ হাজার ব্যারেল উৎপাদন কমেছে।




মারা গেলেন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়

ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন ছিল ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের। চট্টগ্রাম বিভাগের হয়ে অনূর্ধ্ব-১৮ দলে খেলা এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্তের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

হৃদয় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের আবুল কাশেমের একমাত্র ছেলে। পরিবারের বড় সন্তান হৃদয়ের এক ছোট বোন রয়েছে।

অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যানসার। এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই হৃদয়ের চিকিৎসা নিয়ে উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গত ২ জুলাই বিসিবি কার্যালয়ে হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই পরিমাণ অর্থ সহায়তা দেয় বিসিবিও। দুই প্রতিষ্ঠানের পাশাপাশি ফেনীর স্থানীয় ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তায় তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন এই তরুণ ক্রিকেটার।

হৃদয়ের মৃত্যুতে ফেনীর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় এই ক্রিকেটারের অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরিফুল ইসলাম অপু বলেন, ‘মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু জেলা ও দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি। সে ছিল সম্ভাবনাময় একজন তরুণ ক্রিকেটার। তার স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে চলে যেতে হলো। হৃদয়ের এই অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।’




‘হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি’, গাড়িতে গুলির পর সংগীতশিল্পী আসিফ

বিনোদন ডেস্ক : রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আসিফ আকবর জানান, গুলির সময় তিনি নিজের কার্যালয়ে ছিলেন। তার ধারণা, হামলাকারীদের লক্ষ্য ছিলেন তিনি নিজেই। তারা তার যাতায়াতের সময় সম্পর্কে জানত। তবে কারা বা কেন হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।

তিনি আরও জানান, ঘটনার সময় ছেলের সঙ্গে কথা বলায় কার্যালয়ে কিছুটা বেশি সময় অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে তার মতো দেখতে একজনকে হেঁটে যেতে দেখা গেছে। হামলাকারীরা ওই ব্যক্তিকে আসিফ ভেবে গুলি চালিয়ে থাকতে পারে বলে ধারণা তার।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালান। পরে পুলিশ গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।




বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ

ডেস্ক নিউজ : বৈশ্বিক ক্ষুধা সূচকে (গ্লোবাল হাঙ্গার ইনডেক্স- জিএইচআই) ২০২৬-এ ১২২টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। এর অর্থ এই তালিকায় বাংলাদেশ ক্ষুধা পরিস্থিতির ‘মাঝারি’ শ্রেণিতে রয়েছে। 

সূচকে অন্তর্ভুক্ত ১২২টি দেশের মধ্যে ২৪ দশমিক ১ স্কোর নিয়ে ভারতের অবস্থান ১০০ তম। অন্যদিকে ২৫ দশমিক ৫ স্কোর নিয়ে ১০৬ তম অবস্থানে রয়েছে পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার গড় স্কোরের তুলনায় বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড় স্কোর যেখানে ২৩ দশমিক ৫, সেখানে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ২। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকা ও নেপাল। তবে বৈশ্বিক গড় স্কোরের (১৮ দশমিক ১) তুলনায় বাংলাদেশ এখনো কিছুটা পিছিয়ে রয়েছে।

বৈশ্বিক ক্ষুধা সূচকে স্কোর নির্ধারণ করা হয় শূন্য থেকে ১০০-এর মধ্যে। স্কোর ১০-এর কম হলে ক্ষুধার মাত্রা কম, ১০ থেকে ১৯ দশমিক ৯ হলে মাঝারি, ২০ থেকে ৩৪ দশমিক ৯ হলে গুরুতর, ৩৫ থেকে ৪৯ দশমিক ৯ হলে আশঙ্কাজনক এবং ৫০ বা তার বেশি হলে অত্যন্ত আশঙ্কাজনক হিসাবে বিবেচনা করা হয়। এ হিসাবে বাংলাদেশের ১৯ দশমিক ২ স্কোর মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতি নির্দেশ করে।

মূলত চারটি সূচকের ওপর ভিত্তি করে জিএইচআই স্কোর নির্ধারণ করা হয়। এগুলো হলো— জনসংখ্যার মধ্যে অপুষ্টির হার, শিশুমৃত্যুর হার, বয়সের তুলনায় শিশুদের উচ্চতা কম হওয়া এবং উচ্চতার তুলনায় শিশুদের ওজন কম হওয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সূচকে বাংলাদেশে মোট জনসংখ্যার ৮ দশমিক ২ শতাংশ মানুষ অপুষ্টির শিকার। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বয়স অনুযায়ী উচ্চতা না বাড়া বা খর্বকায়তার হার ২৪ দশমিক ০ শতাংশ। তবে এটি একটি বড় অগ্রগতি, কারণ ২০০০ সালে এই হার ছিল ৫৪ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ গত ২৬ বছরে এই হার ৩০ দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমেছে।

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে উচ্চতা অনুযায়ী ওজন না বাড়া বা কৃশতার হার ১২ দশমিক ৯ শতাংশ। পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যাচ্ছে দেশের ৩ দশমিক ০ শতাংশ শিশু।




নিষেধাজ্ঞা কাটিয়ে যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক আকস্মিক চুক্তির পর যুক্তরাষ্ট্রগামী প্রথম রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার জাহাজ নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) শিপ-ট্র্যাকিং সংক্রান্ত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটিতে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে এই চুক্তির কথা ঘোষণা করেন ট্রাম্প। এই চুক্তির সুবিধার্থে ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞা আইনের কয়েকটি ধারা শিথিল করেছেন। পাশাপাশি জরুরি মজুত থেকে বাজারে আরও বেশি জ্বালানি সরবরাহ করতে ইউরোপীয় দেশগুলোকে তাগিদ দিয়েছেন; অন্যথায় যুক্তরাষ্ট্র থেকে তাদের দেশে ডিজেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এলএসইজি শিপিং ডেটা অনুযায়ী, মাল্টার পতাকা বহনকারী মাঝারি আকারের ট্যাঙ্কার ‘আগিওই ফ্যানেন্দেস’ গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক বন্দর প্রিমোর্স্ক থেকে ৪০ হাজার মেট্রিক টন আল্ট্রা-লো সালফার ডিজেল নিয়ে যাত্রা শুরু করে। জাহাজটি আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

পণ্যটির ক্রেতা ও বিক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির পর এটিই মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রথম রুশ তেলের চালান।

এর আগে ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, রাশিয়া অবিলম্বে ৩ লাখ মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রপ্তানি করবে। এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এক কনফারেন্স কলে প্রথম জাহাজটি ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এটি যুক্তরাষ্ট্রের বাজারের উদ্দেশে নাকি অন্য কোথাও যাচ্ছে তা স্পষ্ট করেননি। তিনি বলেন, আমার জানামতে, জ্বালানি মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে রিপোর্ট এসেছে যে প্রথম ট্যাঙ্কারটি ক্রেতাদের উদ্দেশে রওনা হয়েছে। এরপর থেকে নিয়মিত গতিতেই এই সরবরাহ বজায় থাকবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া ডিজেল রপ্তানির ওপর নিজেদের জারি করা স্বতঃস্ফূর্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রুশ তেল আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে মস্কো মূলত তুরস্ক, ব্রাজিল এবং আফ্রিকান দেশগুলোতে ডিজেল রপ্তানি করে আসছিল। এছাড়া রেলযোগে মধ্য এশিয়ায় জ্বালানি সরবরাহ অব্যাহত ছিল।

এলএসইজি এবং কেপলারের শিপিং ডেটা অনুযায়ী, মস্কো তাদের নিজস্ব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রুশ ডিজেলবাহী জাহাজগুলো আবার তাদের পুরোনো গন্তব্যগুলোতে ফিরে যেতে শুরু করেছে। ইতিমধ্যে অন্তত দুটি জাহাজ তুরস্ক ও ব্রাজিলের দিকে যাওয়ার সংকেত দিয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের কোম্পানিগুলো প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে আরও চালানের পথ সুগম হবে।




কক্সবাজারে এবার হোটেলে আগুন, সৈকতে ছুটলেন পর্যটকেরা

ডেস্ক নিউজ : কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পার্কিং এলাকার জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, এ সময় হোটেলের শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ারসার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, তবে কেউ হতাহত হননি।

দ্য সি-প্রিন্সেস হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল। কর্মীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। হোটেলে অবস্থানরত পর্যটকেরা সবাই নিরাপদে আছেন।

এর আগে কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটক নিহত হয়েছেন।




টেস্ট দল থেকে সৌম্যের বাদ পড়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

ক্রীড়া ডেস্ক : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার (২৩ অক্টোবর) প্রথম টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এই টাইগার ওপেনারের সঙ্গে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। এই দুই ক্রিকেটারের বাদ পড়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

তিনি বলেন, ‘ওয়ানডে (ত্রিদেশীয়) সিরিজ সৌম্যর ভালো যায়নি। ২ ম্যাচ আগেই কিন্তু জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই সিরিজের দলে নেই কারণ এখন প্রথম শ্রেণির খেলা খেলছে। এখানে একাদশে পরিবর্তনের সুযোগ কম। সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, ফলে আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। আমরা চাই প্রথম শ্রেণির ম্যাচ তারা খেলুক, সে কারণেই তৃতীয় ওপেনার রাখিনি।’

সৌম্যকে দলে ফেরানোর প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের মনে হয়েছিল তখন সে সেরা অপশন ছিল। বাকিরা সেভাবে অত প্রস্তুত ছিল না। সেখান থেকেই সৌম্যকে ফেরানো। এখানে প্রস্তুতি ম্যাচেও অনেককে দেখেছি আমরা। দক্ষিণ আফ্রিকাতে তৃতীয় ওপেনার হিসেবে অবশ্যই কেউ না কেউ যাবেন। সেটা কে হবে পরে ঠিক করব। এখন আমাদের চিন্তা তৃতীয় ওপেনার হিসেবে যাকে বিবেচনা করছি, আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। এই দলে থাকলে সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটটা মিস করত, তাই সৌম্য নেই।’

খালেদকে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার বাড়তি সুযোগ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এখন যারা খেলছে এবাদত, শরীফুল, হাসান, তাসকিনও ফিরেছে। এখানে খালেদের সুযোগটা কম। সামনে দক্ষিণ আফ্রিকাতে বা পরের ম্যাচেও খালেদ ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছি। যারা একাদশে খেলবে না, তাদেরকে আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক।’




উইন্ডিজের বিপক্ষে ড্রয়ে শেষ বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বিসিবি একাদশ। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় দিনে ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ক্যারিবীয়রা। ওপেনার জন ক্যাম্পবেল ৭৮ বলে ৬৫ রান করেন। আরেক ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪০ রান। তিন নম্বরে ব্যাট করতে নামা ত্যাগনারায়ণ চন্দরপল করেন ৯০ বলে ৩১ রান।

এ ছাড়া আমির জাঙ্গু ৬৮ বলে ৪৪, কাভেম হজ ২৪ বলে ১৩ এবং জশুয়া ডি সিলভা ২১ বলে ১১ রান করেন। কেভিন উইকহ্যাম ১০৭ বলে ৬৭ এবং অধিনায়ক রোস্টন চেইজ ৬৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন।

বিসিবি একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ হোসাইন। তিনি শিকার করেন ৪ উইকেট। অনিক দেব বর্মণ নেন একটি উইকেট।

শেষ পর্যন্ত দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়।




প্রকাশ্যে এল টাইগার শ্রফের শরীরের ক্ষতের দৃশ্য

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে বন্দুক হামলার শিকার হওয়ার কয়েক দিন পর শরীরে আঘাতের চিহ্ন প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার অফিসিয়াল টিম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

ভিডিওতে টাইগারের হাত ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার শরীরে কাটা, ছিলে যাওয়া ও কালশিটে দাগ দেখা যায়। গুলির সময়ে ছোড়া পেলেট থেকেই ওই ক্ষত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটির সঙ্গে লেখা, ‘সৃষ্টিকর্তা সত্যিই দয়ালু।’ বন্দুক হামলার ঘটনায় তদন্ত চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি সামনে এল।

জানা গেছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। তবে সরাসরি গুলির আঘাত থেকে রক্ষা পান অভিনেতা। গুলিতে গাড়ির কাচ ভেঙে গেলে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে তিনি আহত হন।

ওই হামলায় বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও টাইগারের গাড়িচালক ফিরদৌস ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান এবং পরিস্থিতি সামাল দেন।

এদিকে, হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছে লরেন্স বিষ্ণোই সিন্ডিকেট। গোষ্ঠীটির পক্ষ থেকে বলিউডের শিল্পীদের কাজ নিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই দায় স্বীকারের বিষয়টি এখনো যাচাই করছে পুলিশ।

ঘটনার তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি সন্দেহভাজনদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভারতের বিনোদন জগতে বিশেষ করে বলিউডে অপরাধী চক্র ‘বিষ্ণোই গ্যাং’ এক আতঙ্কের নাম। এর আগে সালমান খানকে হুমকি দিয়ে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন অনেকবার। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে গ্যাংটির যোগসূত্র পাওয়া গেছে।




জুলাই আন্দোলনে আহত হওয়ার অভিযোগে মামলা, তদন্তে এলো সড়ক দুর্ঘটনা

ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধরে আহত হওয়ার অভিযোগ এনে দায়ের করা একটি মামলার নেপথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। পুলিশের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, আন্দোলন নয়, মূলত সড়ক দুর্ঘটনায় আহত গিয়েছিলেন বাদী জাফর আহমেদ। পারিবারিক মাদ্রাসার নিয়ন্ত্রণ অর্জনে ব্যর্থ হয়ে তিনি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।

২০২৫ সালের ১৫ মার্চ আদালতে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয়। মামলার আসামিদের অধিকাংশের বাড়িই মাদারীপুরের শিবচর এলাকায়।

মামলার বাদী জাফর আহমেদ অভিযোগে জানান, ২০২৪ সালের ২৮ জুলাই সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তিনি পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। এরপর তার ওপর আবার হামলা করা হয়, যার ফলে তিনি জ্ঞান হারান এবং চিকিৎসাধীন অবস্থায় ৫ আগস্টের পর তার পায়ে অস্ত্রোপচার করা হয়।

বাদী দাবি করেন, আসামিরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাদের কয়েকজন ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন।

মামলার দেড় বছর পর গত ৩০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান জানান, তদন্তে উঠে এসেছে যে এটি কোনো জুলাই আন্দোলনে আহত হওয়ার ঘটনা ছিল না।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২৮ জুলাই সকাল ৭টা ১০ মিনিটের দিকে রাজধানীর বিজয় সরণি মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন জাফর আহমেদ। ঘটনার পর তিনি এক পরিচিতজনকে ফোন করে মোটরসাইকেল বাসায় পৌঁছে দিতে বলেন। হাসপাতালে ভর্তির চিকিৎসাসংক্রান্ত নথিপত্র এবং জুলাই আন্দোলনের গেজেট পর্যালোচনা করে তার আহত হওয়ার কোনো ভিত্তি পাওয়া যায়নি।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, বাদীর বাবা ১৯৭০ সালে মাদারীপুরের শিবচরে আল-জামিয়াতুল ইসলামিয়া কওমী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাবার মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নিয়ে বাদীর সঙ্গে তাঁর মা, বড় ভাই ও শিক্ষকদের বিরোধ শুরু হয়। একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা তাঁকে সরিয়ে দিলে কয়েকজন শিক্ষকের সঙ্গে তাঁর তীব্র মনোমালিন্য তৈরি হয়।

তদন্ত কর্মকর্তা জানান, বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও প্রতিপক্ষকে ফাঁসাতে এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই এই মিথ্যা বিবরণ দিয়ে মামলাটি করা হয়। এজাহারে উল্লিখিত তারিখে আসামিরা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

মামলার ৪ নম্বর আসামি ও ওই মাদ্রাসার শিক্ষক হেলাল উদ্দিন জানান, বাদীর বাবার প্রতিষ্ঠানেই তারা শিক্ষকতা করছেন। বাদী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হুইলচেয়ারে করে মাদ্রাসায় এলে তারাই তাকে ধরে দোতলায় ওঠান। ব্যক্তিগত বিরোধের কারণে তাদের ওপর মিছামিছি হয়রানি ও আর্থিক ক্ষতি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় পুলিশ তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী ২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।