৫-৬ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে যাবে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সব ঠিক থাকলে ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী আরও জানান, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই রূপপুরের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।

এসময় সামিট নিয়ে তিনি বলেন, আগামী ৫ নভেম্বর ঢাকায় হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সামিটের উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সামিটের আয়োজন করছে।

মন্ত্রী জানান, সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকশন’।

সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, উদ্ভাবন, বিনিয়োগ এবং দায়িত্বশীল এআই উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।




শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

ভারতে অবস্থানরত শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন সরকারকে শান্তিতে থাকতে দেবেন বলে মনে করেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগ দেশজুড়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করলেও তার অর্থ এই নয় যে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হয়ে যাবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে মাঠপর্যায়ে বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু তাদের কাছে যেহেতু প্রচুর অর্থ রয়েছে, তাই দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো উপায়ে নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। তবে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে তাদের সেই নাশকতার চেষ্টাকে মিলিয়ে দেখা বা সংযোগ করা ঠিক হবে না।’

তৈরি পোশাক খাতের আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘পোশাকশ্রমিকদের এই অসন্তোষের সঙ্গে ডিসেম্বরের কোনো রাজনৈতিক সংযোগ রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘দেশে জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় পোশাকশ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে–এ কথা সত্য। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়েছে। তবে সরকার শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে।’

জ্বালানি খাতের পরিস্থিতি উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার বাজেট পরিকল্পনা রাখা হয়েছে। তবে বাজেটে বরাদ্দ থাকলেও ক্রমাগত সরকারকে এত বড় অঙ্কের ভর্তুকি দেয়ার সক্ষমতা কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।




কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হুমায়ুন কবির

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনের (সিএইচওজিএম) প্রাক্কালে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

 

মঙ্গলবার (০৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

 

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ আয়োজিত এক বৈঠকে কমনওয়েলথের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় আয়োজিত এ বৈঠকে অংশ নিচ্ছেন।

 

বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের অগ্রগতি পর্যালোচনা এবং সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

 

‘একটি সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১ থেকে ৪ নভেম্বরের ২৮তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট জনসে পৌঁছান হুমায়ুন কবির।

 

পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের উচ্চপর্যায়ের নির্বাহী অধিবেশন এবং সরকারপ্রধানদের পর্যায়ের বৈঠকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।




রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী।

 

বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

সম্প্রতি চারদিনের জাপান সফর দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।




ইরানের কেশম দ্বীপে পরপর পাঁচ বিস্ফোরণ

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে সোমবার (২ নভেম্বর) রাতে পরপর পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা দেখে দ্বীপের ভেতরে কোনো স্থাপনায় হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দেশটির সংবাদমাধ্যম।

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় দ্বীপের আকাশে দুটি বিমান উড়তে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিমান দুটির পরিচয় কিংবা বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

 

এছাড়া দক্ষিণ ইরানের বন্দর লেঙ্গেহ-এর অদূরে জলসীমায় বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

 

যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার হুমকির মধ্যে এই বিস্ফোরণ ঘটল। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ, কোন কোন স্থাপনায় আঘাত হানা হয়েছে কিংবা হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এর আগে হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের কাছে ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মহাকাশ বাহিনী।

 

সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি মহাকাশ বাহিনী জানায়, কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে তাদের দাবি অনুযায়ী, এই মডেলের মার্কিন ড্রোন জব্দের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

 

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ইরানের হাতে এমকিউএম-১৭০ মডেলের চারটি ড্রোন রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনও প্রতিহত করার দাবি করেছে আইআরজিসি।

 

কেশম দ্বীপ হরমুজ প্রণালিতে ইরানের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড। পারস্য উপসাগরের প্রবেশমুখের কাছে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথের পাশে অবস্থিত হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক উত্তেজনায় দ্বীপটি বিশেষ গুরুত্ব বহন করছে।

 

আট মাস ধরে চলা সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। তেহরান ও ওয়াশিংটন মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

 

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার। আলোচনায় থাকা একটি প্রস্তাবিত কাঠামোয় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয় রয়েছে বলে জানা গেছে।

 

চলমান সংঘাতে এর আগেও কেশম দ্বীপে সামরিক তৎপরতার খবর পাওয়া গেছে। গত ৩০ অক্টোবর ইরানি সংবাদমাধ্যম জানায়, দ্বীপটির কাছে একটি ড্রোন প্রতিহত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

 

একই সময়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আশপাশের এলাকায় বিস্ফোরণ ও সম্ভাব্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থার তৎপরতার খবর প্রকাশ করে। তবে ওই সপ্তাহে পৃথক একটি ঘটনায় ড্রোনের নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছিল মার্কিন সামরিক বাহিনী।

 

এদিকে ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আরও এক দফা হামলার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।




মার্কিন মধ্যবর্তী নির্বাচন নিয়ে কী ভাবছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি জনগোষ্ঠী

কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচন যেমন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের ক্ষমতার লড়াই, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে দেশটির লাখো অভিবাসীর ভবিষ্যতও। লাখ লাখ বাংলাদেশি-আমেরিকানের বড় একটি অংশের কাছে অভিবাসন, অর্থনীতি ও নাগরিকত্বের মতো বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের ফলের পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্কেও।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি জনগোষ্ঠী এখন ক্রমেই বড় হচ্ছে। তাদের বড় অংশের বসবাস নিউইয়র্ক, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নিউজার্সিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে। এবার বাংলাদেশি-আমেরিকান ভোটারদের ভাবনায় রয়েছে অভিবাসন, ভিসা, নাগরিকত্ব ও অর্থনীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

বিশেষ করে পরিবারভিত্তিক অভিবাসন, ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, নাগরিকত্ব এবং অভিবাসন অভিযান নিয়ে উদ্বেগ রয়েছে অনেকের। তাদের আশা কংগ্রেসে ডেমোক্র্যাটদের অবস্থান শক্তিশালী হলে অভিবাসন ইস্যুতে কিছুটা পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশ কমিউনিটির একটি বড় অংশ ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানালেও রাজনৈতিক মত এক নয়। রিপাবলিকানদের পক্ষেও রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার। তাদের অনেকের কাছে করনীতি, ব্যবসা ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয় বেশি গুরুত্বপূর্ণ।

নির্বাচনের দিকে নজর রয়েছে বাংলাদেশেরও। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রফতানি বাজার। কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য ভবিষ্যতে বাণিজ্য, শুল্ক, বৈদেশিক সহায়তা ও অভিবাসননীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ বদলালেই এসব নীতিতে রাতারাতি পরিবর্তন আসবে এমন নিশ্চয়তা নেই বলেই মনে করছেন অনেকে।




মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর মিরপুরে আজও সড়কে নেমে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

 

এ সময় তারা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে  ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। শ্রমিকরা সড়কে কাঠের আসবাব জড়ো করে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় মিরপুর-১১ নম্বর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের পশ্চিম পাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে মিরপুর-১০ নম্বর, নান্না মার্কেট এলাকার বিভিন্ন গলি ও মিরপুর-১২ নম্বরের দিক থেকে দলে দলে শ্রমিকেরা এসে বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে তারা তিন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন।

 

এ সময় শ্রমিকেরা সড়কে বেঞ্চসহ কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। পাশাপাশি শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন তারা।

 

এদিকে ন্যূনতম মজুরি ও ভাতা বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা। অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 

সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে কোথাও কোথাও কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এদিকে শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া- ইপিজেড আঞ্চলিক মহাসড়কে কয়েকটি স্থানের সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংহপুর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড সংঘর্ষের কথা জানা গেছে।

সোমবারে শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে বলে জানা গেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার শ্রমিক অসন্তোষের কারণে ২৬৪টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

 

ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নাশকতার সঙ্গে জড়িতরা সাধারণ শ্রমিক নন। তাদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

অন্যদিকে, ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন ও স্বাভাবিক কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

 

রোববার (১ নভেম্বর) শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে।

 

এর আগে তৈরি পোশাকশিল্পে সর্বশেষ নিম্নতম মজুরি বোর্ড হয়েছিল ২০২৩ সালে। ওই বছরের ১ ডিসেম্বর মজুরি কাঠামো কার্যকর করার আইনি বাধ্যবাধকতা ছিল। ২০২৩ সালের মজুরি বোর্ড ছয়টি সভা করে ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরির সুপারিশ করেছিল। এরপর ডিসেম্বরে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।

 

পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি কার্যকর হয় ২০২৩ সালের ডিসেম্বরে। তবে শ্রম আইন সংশোধন হওয়ার পর নাকি, আগে থেকে তিন বছরের সময় গণনা করা হবে তা নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের ভিন্নমত ছিল। যদিও শ্রমিক আন্দোলনের মুখে সেই ভিন্নমত টেকেনি।

 

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। ২০০৬ সালে সেটি বৃদ্ধি করে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়। ২০১০ সালের মজুরি বোর্ডে শ্রমিকের নিম্নতম মজুরি ৩ হাজার টাকা করা হয়। ২০১৩ সালের মজুরি বোর্ড ৫ হাজার ৩০০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। সর্বশেষ ২০১৮ সালের মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের জন্য ৮ হাজার টাকা নিম্নতম মজুরি চূড়ান্ত করে। তার মধ্যে মূল মজুরি ৪ হাজার ১০০ টাকা।




এমপি হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

গত শনিবার (৩১ অক্টোবর) মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

অপর দিকে সোমবার (২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

 

পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি।




গাজীপুরে সড়ক অবরোধ শ্রমিকদের, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ

বকেয়া ও ন্যূনতম বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় তারা সড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে সকালে চন্দ্রাপল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা চালান আন্দোলনকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা নাওজোর এলাকায় গিয়ে মহাসড়কে অবস্থান নেন।

 

এদিকে কোনাবাড়ী এবং মৌচাকেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধার অভিযোগে গাজীপুরে আলাদা তিনটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈড় থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার তথ্য নিশ্চিত করে জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গতকালও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

গতকাল সোমবার সারা দেশে ৬৭০টি কারখানা বন্ধ হয়ে পড়েছিল এবং প্রায় ১৭ লাখ শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়।




এখন যারা রাস্তায় তাদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক খাতে অস্থিরতা তৈরি করে যারা এখনও রাস্তায় আন্দোলন করছে, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে এখন যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তারা মূলত পতিত শক্তির সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করছে। সরকার পরিস্থিতি কঠোর হাতে দমন করবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পোশাক কারখানা বন্ধ করতে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলে দেয়া হবে। এরইমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এই সিদ্ধান্তে মালিক ও শ্রমিক–উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।

শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘শ্রমিক স্বার্থ সুরক্ষায় সব পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে এই মুহূর্তে তৈরি পোশাক খাতে কোনো ধরনের অস্থিরতা বা অরাজকতা সৃষ্টির সুযোগ নেই।’

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধার অভিযোগে গাজীপুরে আলাদা তিনটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈড় থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করে। তিন মামলায় মোট ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন মামলার তথ্য নিশ্চিত করে জানান, সহিংসতা ও নাশকতার অভিযোগে এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাহাল ও আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গতকালও সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

গতকাল সোমবার সারা দেশে ৬৭০টি কারখানা বন্ধ হয়ে পড়েছিল এবং প্রায় ১৭ লাখ শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়।