বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রিপোর্ট অনুমাননির্ভর। প্রতিবেদনটি এখনো পড়িনি। এতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেসব কথা বলা হয়েছে, সেগুলো অনুমাননির্ভর হওয়ায় সরকার তা আমলে নিচ্ছে না।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিজেদের স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টা করছে আল কায়েদা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি শুনেছি, রিপোর্টটা পড়িনি। সেখানে তারা হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না। তাছাড়া আমি যতটুকু শুনেছি, তারা একটা অ্যাজিউম করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিগত ছয় মাস বা ১৮০ দিনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন। বিগত ১৮০ দিনে সরকারের গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের কাছে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত রূপরেখার আলোকেই প্রথম ১৮০ দিনে একাধিক প্রশংসনীয় উদ্যোগ ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর সরকার একের পর এক বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হলেও তা দক্ষতা ও সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের ধাক্কা বিশ্বব্যাপী অনুভূত হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রায় এক মাস মূল্যবৃদ্ধি স্থগিত রাখে এবং পরবর্তীকালে সহনীয় মাত্রায় সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। অথচ ওই সময়ে বিশ্ববাজারসহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল।

বিগত সরকারের রেখে যাওয়া দীর্ঘদিনের গ্যাস ও জ্বালানি সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে এ সংকট উত্তরণে কাজ করছে।

বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উৎপাদন অব্যাহত রাখতে প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা আবশ্যক উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সেখানে একটি পূর্ণাঙ্গ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান সামিট এবং এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে প্রায়শই যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা নিরসনে একাধিক এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব টার্মিনালের স্থান নির্বাচনে বর্তমানে জরিপ কাজ চলছে।

আমদানিনির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী কয়েক বছরের মধ্যে এ সমস্যার টেকসই সমাধান অর্জিত হবে।

সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত অনুমোদিত ও বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।

বিভিন্ন ধর্মের ধর্মীয় কর্মকর্তা এবং ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের ক্রীড়াবিদ ও সংস্কৃতিবিদদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ একাধিক কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত জাতীয় প্রকিউরমেন্ট কমিটির প্রধান হিসেবে মন্ত্রী জানান, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি মজবুত ও নিরাপদ মজুত গড়ে তোলা সম্ভব হয়েছে।

তাকে অন্য কোনো দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও গুঞ্জন শুনছি।




নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ মোল্যা (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের আবুল কালামের ছেলে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী। এর আগে রবিবার দিবাগত রাতে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে ওই এলাকায় ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌমিক সাহা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

উপসচিব পদে ২৭৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। কর্মকর্তাদের পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।

তালিকা দেখতে ক্লিক করুন: তালিকা-১ ও তালিকা-২




বাল্যবিবাহ ও সহিংসতা রোধে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

​নিজেস্ব প্রতিনিধিঃ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

​আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) সকাল ১০:টায় ঢাকায় লালমাটিয়াস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা জেলার উপপরিচালকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক। ​

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এ সময় তিনি নাগরিকদের সুবিধার্থে চালু থাকা “হ্যালো ডিসি” অ্যাপসের কথা উল্লেখ করে বলেন, অ্যাপসটির মাধ্যমে নাগরিকরা যেকোনো অভিযোগ বা সমস্যা সহজেই প্রশাসনের কাছে পৌঁছাতে পারছেন। বাল্যবিবাহ ও নারী নির্যাতনের ঘটনা ঘটার সাথে সাথে তা দ্রুত প্রশাসনের নজরে আনার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

8dd2f2a2 27ee 4a70 b289 09cf8867777f

​সভায় মুক্ত আলোচনায় বক্তারা বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধের নানা বাস্তবসম্মত দিক তুলে ধরেন:

​ভুয়া জন্মনিবন্ধন প্রতিরোধ: ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি বলেন, বাল্যবিবাহ বন্ধে সঠিক জন্মনিবন্ধন নিশ্চিত করা জরুরি। অনেক সময় ভুয়া জন্ম সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে বা কমিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। তাই জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাই ও জালিয়াতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি। ​

সামাজিক সচেতনতা ও নজরদারি: স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা অভিভাবক ও স্থানীয়দের সম্পৃক্ত করে তৃণমূল পর্যায়ে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।

যেকোনো অপচেষ্টা রোধে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে দ্রুত তথ্য আদান-প্রদানের ওপর তারা গুরুত্ব দেন। ​সমাপনী বক্তব্যে ঢাকা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, “আইন তৈরি হয়েছে মানুষের নিরাপত্তা ও কল্যাণের জন্য। ধর্মের দোহাই দিয়ে বাল্যবিবাহকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই, কারণ ধর্ম কখনো অনিয়ম সমর্থন করে না।” তিনি উল্লেখ করেন, আইনি সহায়তা ও সরকারি সেবা সম্প্রসারণে তাদের অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

​তিনি আরও জোর দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কেবল কোনো একক দপ্তর বা প্রতিষ্ঠানের কাজ নয়; সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় ও সামাজিক নেতা এবং সাধারণ জনগণকে একসাথে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। ​

উক্ত সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রী ও প্রতিনিধি, নারী ও শিশু বিষয়ক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনরা অংশ নেন।




ওবায়দুল কাদেরসহ ৭ জনের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপন চলছে।

সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী ইশরাত জাহান।

এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।

একইসঙ্গে তাদের সম্পত্তিও বাজেয়াপ্তের আদেশ চেয়েছে প্রসিকিউশন।

ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।




ট্রেড লাইসেন্স নবায়নে হয়রানি, ডিএসসিসির সুপারভাইজারকে অব্যাহতি

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজে ব্যবসায়ীদের হয়রানি এবং টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব বিভাগের কর্মকর্তাসহ ডিসিসিআই নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন তাৎক্ষণিক (অনস্পট) ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নসংক্রান্ত রাজস্ব ক্যাম্প চলাকালে দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়ার কথা বলে নগদ অর্থ গ্রহণ করেন।

তবে অর্থবছর শেষ হওয়ার পর দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ওই ট্রেড লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে ভুক্তভোগী ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে একাধিকবার অভিযোগ করেছেন।

অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও ‘আজ দেব, কাল দেব’ বলে সময়ক্ষেপণ করা হয়েছে।

সভায় ব্যবসায়ী নেতার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা জানান ডিএসসিসির প্রশাসক। এর পরিপ্রেক্ষিতে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী তিন কার্যদিবসের মধ্যে তার লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সুনির্দিষ্ট তথ্য নেই : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে বা কী প্রক্রিয়ায় সেখানে আছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই। তবে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বিচার প্রক্রিয়ায় দণ্ডপ্রাপ্ত। তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে ইতোমধ্যে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের একটি সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে—এমন খবর প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, সংবাদমাধ্যমটি বিস্তারিতভাবে উল্লেখ করেনি, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন কি না বা ঠিক কী স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন। তাই ওই প্রতিবেদনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক হবে না।

আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত স্পষ্টভাবে জানে না শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন। ফলে ভারতীয় আদালতের অনুমতি সংক্রান্ত বিষয়টি কী অর্থে বলা হয়েছে, সেটিও পরিষ্কার নয়।

তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন। এসব অপরাধের দায় আসামিদের নিতে হবে। ট্রাইব্যুনাল সর্বোচ্চ শাস্তি দেবেন বলে প্রত্যাশার কথা জানান তিনি।




ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫৩ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৮ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪৪ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছে।

এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ২টি সামুরাই, ৮৬ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ৩৭৬৩ পিস ইয়াবা, ৩.৩৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ, ৩ বোতল দেশি মদ, ১টি ছুরি, ১টি আংশিক ব্লেড, ট্রেনের টয়লেটের স্টীলের ট্যাপ ৪টি, প্লাস্টিকের ট্যাপ ৫টি, ১০টি মোবাইল ফোন, ২১.২ লিটার ঔষুধের ক্যামিক্যাল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে কমিটি

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা চূড়ান্ত করতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় নীতিমালা চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, একাদশে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। তবে নীতিমালা চূড়ান্ত হয়নি।

তিনটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে নীতিমালা চূড়ান্ত করা হবে।

এর আগে তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।




রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩।

সোমবার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক সেকেন্ড ধরে এই ভূমিকম্প স্থায়ী হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আজকের মৃদু ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।