হেডিং নিষিদ্ধ করলো ইতালিয়ান ক্লাব কোমো, কিন্তু কেন

ক্রীড়া ডেস্ক : কর্নার কিক থেকে বল ভেসে আসছে, আর খেলোয়াড়েরা হেড করে সেটি ক্লিয়ার করছেন বা জালে পাঠাচ্ছেন—ফুটবলের এমন চিরচেনা দৃশ্য আর দেখা যাবে না ইতালির সিরি ‘আ’র ক্লাব কোমোর একাডেমিতে। নতুন নীতিমালার আওতায় ১১ বছরের কম বয়সী ফুটবলারদের জন্য হেডিং নিষিদ্ধ করেছে ক্লাবটি।

এর ফলে কর্নার কিকের ক্ষেত্রেও বল বক্সে তুলে দেওয়া হবে না। বরং কর্নারের পরিবর্তে মাটিতে থ্রো-ইনের মাধ্যমে খেলা শুরু হবে। শুধু ম্যাচ নয়, টুর্নামেন্টেও একই নিয়ম প্রযোজ্য হবে।

কোমো জানিয়েছে, ছোট বয়সে হেডিংয়ের বদলে খেলোয়াড়দের বলের সংস্পর্শে বেশি সময় রাখা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো এবং টেকনিক্যাল দক্ষতা গড়ে তোলার দিকে জোর দেবে তারা। খুদে ফুটবলাররা শারীরিকভাবে প্রস্তুত হওয়ার পর ধাপে ধাপে তাদের হেডিং শেখানো হবে।

সেই কারণেই অনূর্ধ্ব–১২ পর্যায়ে গিয়ে সীমিত আকারে হেডিং অনুশীলনের সুযোগ রাখা হয়েছে। মৌসুমের শেষ দিকে হালকা রাবারের বল দিয়ে এই প্রশিক্ষণ শুরু হবে। মাসে একবারের বেশি এমন অনুশীলন করা যাবে না এবং একটি সেশনে সর্বোচ্চ পাঁচবার হেড করার অনুমতি থাকবে।

একাডেমির বড় বয়সী খেলোয়াড়দের ক্ষেত্রেও হেডিং অনুশীলন নিয়ন্ত্রিত থাকবে। কোচদের নির্দেশ দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় ও বারবার হেডিং করানো কমাতে। একই সঙ্গে অতিরিক্ত বাতাস ভরা শক্ত বল ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

১৯০৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, নতুন নির্দেশিকার উদ্দেশ্য হলো এড়িয়ে যাওয়া সম্ভব, এমন মাথার আঘাত কমানো, খেলোয়াড়দের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং দীর্ঘ মেয়াদে তাদের কারিগরি দক্ষতার উন্নয়ন ঘটানো।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এ পরিবর্তনের মূল ভাবনা খুবই সহজ। প্রথমে তরুণ খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া, তারপর তারা প্রস্তুত হলে নিয়ন্ত্রিত উপায়ে এই কৌশল শেখানো। ছোট বয়সে মনোযোগ থাকবে বলের সঙ্গে বেশি সময় কাটানো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো, কার্যকর খেলার সময় বৃদ্ধি এবং ধাপে ধাপে আত্মবিশ্বাস ও টেকনিক গড়ে তোলার ওপর।’

এ উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোমোর বোর্ড অব এডুকেশনের সদস্য ও সাবেক ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার দীর্ঘদিন ধরেই ফুটবলে মাথায় আঘাতের ঝুঁকি নিয়ে সরব।

ভারান বলেন, ‘ফুটবলে মাথায় আঘাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া এবং আমাদের শিশুদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা আমি আগেও বলেছি। ছোট খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো পথ হলো স্পষ্ট নিয়ম, ভালো কোচিং এবং এমন একটি পরিবেশ, যেখানে সবার আগে গুরুত্ব পাবে স্বাস্থ্য ও নিরাপত্তা।’

ভারান আরও বলেন, ‘এ পদ্ধতিতে সবচেয়ে কম বয়সে অপ্রয়োজনীয় মাথার সংস্পর্শ কমানো হবে, যখন মস্তিষ্ক এখনো বিকাশমান। এরপর সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে ধাপে ধাপে হেডিংয়ের কৌশল শেখানো হবে।’




ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার খলঅভিনেতা হিসেবে পরিচিত মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজ বাদী হয়ে মামলাটি করেন।

আদালতের বেঞ্চ সহকারী রাসেল খন্দকার জানান, বাদীর আর্জি শুনে বিচারক অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, বাদী আজিজুর রহমান টাইগারের ‘ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে’ ডিপজল বিভিন্নভাবে তার মানহানির চেষ্টা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার আব্দুল গণি দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সেখানে বলা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তিটির মালিকানা দাবি করে পরবর্তী মাস থেকে ভাড়া দাবি করেন। তবে ওই জিডির তদন্তে পুলিশ আজিজের সংশ্লিষ্টতার প্রমাণ পায়নি বলে মামলায় দাবি করা হয়েছে।

বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির মালিক তিনি নিজেই। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়ে তাকে সামাজিকভাবে ‘হেয় করার চেষ্টা’ করেন।

আজিজুর রহমানের অভিযোগ, ফেসবুক পোস্টের পাশাপাশি টেলিভিশন, সংবাদপত্র ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রচার করা হয়। তাতে তার সামাজিক মর্যাদা ‘ক্ষুণ্ন’ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক সুনাম নষ্ট হয় এবং তিনি ‘কোটি টাকার আর্থিক ক্ষতির’ মুখে পড়েন।




সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টিপাত, বাড়তে পারে রাতের তাপমাত্রা

ডেস্ক নিউজ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস:
শনিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (২৬ জুলাই): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৭ জুলাই): দেশের আটটি বিভাগেই অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই): সারা দেশজুড়েই অধিকাংশ স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (২৯ জুলাই): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

ডেস্ক নিউজ : বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই রাতে তিনি শহর থেকে নিজ এলাকা গোটা পাড়ায় ফিরছিলেন।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি শামসুল আরেফিন বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে নিজাম উদ্দীন শান্ত নামে এই আইনজীবী শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার পিঠে ও পাজড়ে ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। 
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কি কারনে এই আইনজীবীকে হত্যা করল তা এখনো নিশ্চিত হতে পারিনি। হত্যার কারন অনুসন্ধান করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



ধেয়ে আসছে টাইফুন নউল, ২০ হাজার মানুষকে সরিয়ে নিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক : উপকূলের দিকে এগোচ্ছে টাইফুন নউল। এতে চীনের দক্ষিণাঞ্চল থেকে ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে রেল চলাচলও স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে হংকং থেকে গুয়াংডং প্রদেশ পর্যন্ত উপকূলীয় এলাকায় টাইফুনটি আঘাত হানতে পারে। শনিবারও আবহাওয়া কেন্দ্র চার স্তরের সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর বহাল রেখেছে। এর আগে তারা জানিয়েছিল, গুয়াংডং ও পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশের কিছু অংশে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, শুক্রবার রাত পর্যন্ত গুয়াংডং প্রদেশে ২০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সাগরে থাকা মাছধরার নৌকাগুলোও ঝড় এড়াতে বন্দরে ফিরে এসেছে। শনিবার সকালে গুয়াংডংয়ের কয়েকটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। রোববার পুরো প্রদেশে ট্রেন পরিষেবা স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গুয়াংডংয়ের চাওঝৌ শহরের স্কুলগুলোতে সব ধরনের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ মাসেই চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে চরম আবহাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গুয়াংশি অঞ্চলে টাইফুন মায়সাকের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৩৯ জন নিহত হয়েছেন। মায়সাকের প্রভাবে হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল বাতাসে আরও ১১ জন নিহত এবং ৩৩১ জন আহত হয়েছেন।

বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়তে থাকায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র আকার ধারণ করতে পারে। চীন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে এটি অন্যতম শীর্ষ শক্তি। ২০৬০ সালের মধ্যে অর্থনীতিকে কার্বন-নিরপেক্ষ করার লক্ষ্য নিয়েছে বেইজিং।




ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

মূলত প্রশ্নফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।

এদিকে প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় এখন থেকে তিনি একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলাবেন।

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আন্দোলনকারীদের টানা অনড় অবস্থানের পর পরিস্থিতি শান্ত করতেই সাবেক মন্ত্রীর পদত্যাগ গ্রহণ এবং নতুন মন্ত্রী নিয়োগের এই বড় পদক্ষেপ নিতে হলো কেন্দ্রীয় সরকারকে।




টানা দুই সিরিজ হারের পর অবশেষে জয়ের দেখা পেল ভারত

ক্রীড়া ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারার পর কঠিন সমালোচনার মুখে পড়েছিল ভারত। টানা ছয় ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯০ রানের বড় ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে ভারত। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে মেন ইন ব্লু।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাট করে ভারত ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে। ইনিংসের শুরুতে বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক ব্যাটিং করলেও ২০ বলে ২৬ রান করে বিদায় নেন। অন্য ওপেনার অভিষেক শর্মাও বড় ইনিংস খেলতে পারেননি। তিনি করেন মাত্র ৮ রান।

২৯ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়া ভারতকে পথ দেখান ইশান কিষাণ ও অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তৃতীয় উইকেটে তাদের ৬৬ রানের জুটি দলের ভিত্তি গড়ে দেয়। আইয়ার ২০ বলে ২৫ রান করে আউট হলেও এরপর তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে আরও ভয়ংকর হয়ে ওঠেন ইশান।

চতুর্থ উইকেটে ইশান ও তিলকের ৯৪ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভারত। দুর্দান্ত ছন্দে থাকা ইশান ৪৪ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮১ রান করে ইনিংসসেরা হন। অপর প্রান্তে তিলক ভার্মা ২৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬০ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

২২০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা কখনোই ম্যাচে ফিরতে পারেনি। ওপেনার ব্রায়ান বেনেট সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া তাদিওয়ানাশে মারুমানি ২৪ এবং রায়ান বার্ল ২০ রান করেন। দলের আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৭.৫ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

বল হাতে ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন অভিষেক শর্মা। মাত্র ২.৫ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি। যশ ঠাকুর ও প্রিন্স যাদব দুটি করে উইকেট নেন। যশ ঠাকুরের এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম উইকেট, যা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এই জয়ের মাধ্যমে সাম্প্রতিক ব্যর্থতার হতাশা অনেকটাই কাটিয়ে উঠল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে আত্মবিশ্বাসও ফিরে পেল সফরকারীরা। এখন শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।




ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলি ওয়াহিদের ক্যারিয়ারে যোগ হলো নতুন এক মাইলফলক। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রথমবার মাঠে নেমেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে নরিচ সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

শনিবার অনুষ্ঠিত ম্যাচে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেলেও ব্যক্তিগতভাবে দিনটি স্মরণীয় হয়ে থাকবে ফারহানের জন্য। মাঠে নেমেই নিজের সামর্থ্যের আভাস দেন তিনি। ম্যাচে তার নেওয়া একটি শট নরিচ গোলরক্ষক দারুণ দক্ষতায় প্রতিহত করেন।

ফুলহ্যামের একাডেমিতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সিনিয়র দলে সুযোগ পেয়েছেন ফারহান। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। পরে অনূর্ধ্ব-২১ দলেও অভিষেক ম্যাচে গোল করেন এই প্রতিভাবান উইঙ্গার।

অনূর্ধ্ব-২১ দলে যোগ দেওয়ার মাত্র চার মাসের মধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারহান। গত নভেম্বরে প্রিমিয়ার লিগ টু (পিএল২)-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ওই মাসে মাত্র দুই ম্যাচ খেলেই তিন গোল করেছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।

ফুলহ্যামের নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রাক-মৌসুমের ক্যাম্পে নিয়মিত অনুশীলনের সুযোগ পান ফারহান। এরপর থেকেই সিনিয়র দলে তার অভিষেকের সম্ভাবনা তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল।

এদিকে ফারহানকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানোর প্রক্রিয়াও এগিয়ে চলছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, তার বাংলাদেশি পাসপোর্টের কাজ শুরু হয়েছে এবং আগামী সপ্তাহে বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ফুলহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলার কীর্তি গড়বেন ফারহান আলি ওয়াহিদ। এখন সেই অপেক্ষাতেই রয়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।




আইসোলেশনে রয়েছেন আন্দোলনে সমর্থন দেওয়া অভিনেত্রী শাবানা আজমি

বিনোদন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি। সংক্রমণের কারণে ১০২ ডিগ্রি তীব্র জ্বরে ভোগায় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে পাঁচ দিনের সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ কারণে আগে থেকে প্রতিশ্রুতি দেওয়া দেশটিতে চলমান ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিতে পারেননি তিনি।

একটি ছাত্র সংগঠনের আয়োজনে প্রতিবাদ সভায় তার উপস্থিত থাকার কথা ছিল বলে জানান শাবানা আজমি। সেখানে গিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। তবে হঠাৎ সোয়াইন ফ্লু ধরা পড়ায় চিকিৎসক তাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সে জন্যই তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাবানা আজমি লেখেন, অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তিনি হতাশ। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন সবসময় থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে শুভকামনা চেয়েছেন অভিনেত্রী।
শাবানার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর তার অনুরাগী ও শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সোয়াইন ফ্লু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এ রোগে সাধারণত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শরীরে ব্যথা, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে শ্বাসকষ্টও হতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়।

শাবানা আজমি দীর্ঘদিন ধরে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিজের মত প্রকাশ করে আসছেন। ছাত্র আন্দোলন, মানবাধিকার ও নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে তাকে সরব হতে দেখা গেছে। এবার অসুস্থতার কারণে ছাত্রদের ওই কর্মসূচিতে অংশ নিতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। এর আগে গত ২০ জুলাই ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজারো নাগরিকের সঙ্গে যোগ দিয়েছিলেন শাবানা আজমি।




মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকা থেকে বোমা উদ্ধার

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে একটি ছাতার ভেতরে রাখা বোমাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল।

ডিএমপি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে একটি ছাতার ভেতরে বোমাটি রাখা ছিল। এটি দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে রাখেন। পরবর্তীতে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম বলেন, ‘মেট্রোরেল স্টেশনের নিচের সড়কের পাশ থেকে বোমা উদ্ধার হয়েছে। তাই সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।’

জানতে চাইলে মেট্রোরেল পুলিশের (এমআরটি) উপমহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর বলেন, ‘আমি প্রতিবেদন তৈরি করতে ব্যস্ত আছি। এ নিয়ে এখন কথা বলতে পারবনা।’

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা জানান, নিষ্ক্রিয় করা বোমাটি আইডি বোমা বা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এ ধরনের বোমাগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে।