পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো। আকস্মিকভাবে নেওয়া বড় ধরনের রদবদলের সুনির্দিষ্ট কোনও কারণ জেলেনস্কি ব্যাখ্যা না করলেও মঙ্গলবার ইউক্রেনের পার্লামেন্ট সভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই অর্থনীতিবিদের পদত্যাগপত্র গ্রহণের প্রস্তাবটি মঙ্গলবার পার্লামেন্টে পাস হয়েছে। তবে এমন আকস্মিক পরিবর্তনে দেশটির কয়েকজন আইনপ্রণেতা অসন্তোষ ও অস্বস্তি প্রকাশ করেছেন।

বিদায়ী ভাষণে সভিরিদেনকো বলেন, এই বছরের প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত এবং জোরালো পদক্ষেপের দাবি রেখেছিল। যে বিশ্বাস ও সমর্থন আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা জানেন, আমি সবসময় ফলাফলেই সবচেয়ে বেশি বিশ্বাস করেছি।
দেশটির শীর্ষ কর্মকর্তাদের জড়িয়ে বড় ধরনের দুর্নীতির একটি মামলা জনসমক্ষে আসার পর এক বছর আগে সভিরিদেনকোকে মন্ত্রিসভার দায়িত্বে আনা হয়েছিল। তবে এরপর থেকে দুর্নীতি দূর বা প্রশাসনে শুদ্ধি অভিযান চালাতে তিনি যথেষ্ট পরিমাণ দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলে সমালোচকরা অভিযোগ করে আসছিলেন।

দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং এ জন্য নতুন মুখের প্রয়োজন। তবে এর বাইরে নতুন করে মন্ত্রিসভায় রদবদল আনার আর কোনও কারণ স্পষ্ট করেননি তিনি।

ইউক্রেনের বিরোধী দল হলোসের আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াক বিদায়ী সরকারের সমালোচনা ও উপহাস করে বলেন, ‌‌আমাদের প্রতিদিন ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি রেখেছে। প্রতিদিন শুধু প্রেজেন্টেশন হয়েছে, প্রতিদিন সংবাদ সম্মেলন হয়েছে এবং প্রতিদিন আমরা দুর্নীতির মামলায় নতুন একজন করে সন্দেহভাজন পেয়েছি।

সভিরিদেনকোর এই বিদায়ে সাংবিধানিক বিধান অনুযায়ী পুরো সরকারের পদত্যাগ নিশ্চিত হয়েছে। আইনপ্রণেতারা বলেছেন, দেশটির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কি নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।

অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সভিরিদেনকোর পূর্বসূরি ডেনিস শমিহাল কিংবা বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভও রয়েছেন।

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার সঙ্গে যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য স্থাপনা লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালিয়ে সুবিধাজনক অবস্থানে যাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী মূলত দেশটির অভ্যন্তরীণ নীতি ও অর্থনীতি সচল রাখা এবং বেসামরিক অবকাঠামোর ওপর রাশিয়ার অবিরাম হামলার ক্ষয়ক্ষতি মেরামতের কাজ তদারকি করে থাকেন।

বিদায়ী প্রধানমন্ত্রী সভিরিদেনকো বলেন, আসন্ন নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকালের জন্য প্রস্তুতি নেওয়া। কারণ শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড এবং গ্যাস লাইনে রাশিয়ার হামলার তীব্রতা দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক আগ্রাসনের মুখে চাপে পড়ে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে না বলে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করার সিদ্ধান্তের পর সোমবার এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া।

জেনারেল আকরামি-নিয়া বলেন, আমেরিকার আগ্রাসী ও নীতিভ্রষ্ট প্রেসিডেন্টকে অবশ্যই আন্তর্জাতিক আইন, অন্যান্য দেশের অধিকার এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বৈরিতা কিংবা কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালি কখনোই উন্মুক্ত করা সম্ভব নয়। এটি পুনরায় সচল করার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি যথাযথভাবে মেনে চলতে হবে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল যৌথ আগ্রাসনের পর উদ্ভূত সংঘাতের অবসান ঘটাতে গত মাসে দুই পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়। সেই চুক্তি অনুযায়ী, এই সংকীর্ণ জলপথ অতিক্রম করার জন্য একটি বিশেষ নৌপথ তৈরি করে দিয়েছিল ইরান এবং নির্ধারিত এই রুট ছাড়া অন্য কোনো অবৈধ পথ ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল।




শিক্ষককে ঘরে আটকে মাথায় ১০ কোপ, শিক্ষার্থীর মা গ্রেফতার

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে ঘরে আটকে সিঁথি সীমিতা (২৮) নামের এক স্কুলশিক্ষককে নৃশংসভাবে কুপিয়েছেন এক নারী শিক্ষার্থীর মা। এ ঘটনায় শিক্ষকের মাথায় ১০টি কোপের আঘাত লেগেছে। এছাড়া, একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন। টিউশনির টাকা চাওয়ায় ওই শিক্ষার্থীর মা প্রিয়া বেগম (২৫) এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিঁথি সীমিতা স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। প্রিয়ার এক সন্তানকে তিন মাস ধরে বাসায় গিয়ে পড়ান তিনি। এ জন্য সিঁথি মাসে দেড় হাজার টাকা করে নেন। কিছুদিন আগে সিঁথি টিউশনির টাকা চান। এতে প্রিয়া ক্ষুব্ধ হন। গতকাল সকালে ওই শিক্ষার্থীকে আবারও পড়াতে যান সিঁথি। পড়ানো শেষ করে চলে আসার আগমুহূর্তে শিক্ষার্থীর মা প্রিয়া দরজা বন্ধ করে দা দিয়ে সিঁথিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

দরজা আটকানো থাকায় চেষ্টা করেও সিঁথি ঘর থেকে বের হতে পারেননি। তার সারা শরীরে অসংখ্য কোপ লেগেছে। তার সাতটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে সিঁথির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার মাথায় ১০টি কোপ লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাথায় ৫০টি সেলাই দিতে হয়েছে।

আহত সিঁথি সীমিতা বলেন, মাথায় প্রথম কোপটি দেওয়ার পর আমি দৌড়ে দরজা খোলার চেষ্টা করি। তখন দেখি দরজান ছিটকিনি লাগানো। পরে আর বের হতে পারিনি।

এদিকে, স্থানীয় লোকজন তাৎক্ষণিক হামলাকারী প্রিয়াকে পুলিশে দেন। তিনি একই এলাকার খাবারের হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী।

এ ঘটনায় থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত গ্রেফতার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরব থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক এমদাদুল কবির বলেন, হামলার পেছনে আরও কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।




আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল

ক্রীড়া ডেস্ক : সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই তারকা বলেছেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, তাদের ভয় পান না তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল।

সোমবার ১৯ বছরে পা রাখা ইয়ামাল বলেন, ‘নিঃসন্দেহে এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সবাই দারুণ রোমাঞ্চিত, বিশেষ করে আমি। আমি নিশ্চিত, এটি একটি বিশেষ দিন হতে যাচ্ছে।’
জন্মদিনের উপহার হিসেবে কী চান—এমন প্রশ্নের জবাবেতিনি আরও বলেন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠতে পারলে তা হবে নিজের ১৯তম জন্মদিনের সেরা উপহার।

বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দিদিয়ের দেশমের শিষ্যরা এখন পর্যন্ত টুর্নামেন্টের ছয়টি ম্যাচই জিতেছে। এই সময়ে তারা ১৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি।

তবে ফ্রান্সকে নিয়ে ভীত নন ইয়ামাল। তিনি বলেন, ‘অবশ্যই আমি ফ্রান্সকে ভয় পাই না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তাই কোনো দলকেই ভয় করি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলেও প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের আক্রমণভাগ শক্তিশালী হওয়াটা আমাদের জন্য খারাপ হবে বলে মনে করি না। বরং এটি আমাদের জন্য ইতিবাচকও হতে পারে। আমি মনে করি, ম্যাচটি খুবই সমানে সমান হবে।’

চোট কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ার পর পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোল একটি।

নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গে এই স্প্যানিশ উইঙ্গার বলেন, ‘আপনারাই বলেন আমি আমার সেরা ছন্দে নেই, তাই আমার কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। তবে আমি আত্মবিশ্বাসী, সবকিছু ভালোই হবে। গোল করা নিয়ে আমি চিন্তিত নই, যদিও এমন ম্যাচে গোল করা সব সময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আর সে কারণেই এখানে আছি।’

চাপ অনুভব করেন কি না—এমন প্রশ্নে ইয়ামালের জবাব, ‘আমি কোনো চাপ অনুভব করি না। আমি যেভাবে খেলতে জানি, সেভাবেই খেলি এবং দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। যখন নিজের সবটুকু উজাড় করে দাও, তখন আর চাপ অনুভব হয় না।’




এলপিএল থেকে নাম প্রত্যাহার করলেন লিটন

ক্রীড়া ডেস্ক :  লিটনকে দলে ভিড়িয়েছিল গল গ্যালান্টস। টুর্নামেন্টটিত্র খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। পুরো আসরে খেলার জন্যই তাকে এনওসি দিয়েছিল বিসিবি।

গল গ্যালান্টসের পক্ষে খেলার জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকেও ছুটি পেয়েছিলেন লিটন। নিয়মিত অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার।

কিন্তু সবকিছু বদলে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট। এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।




৭ বছর পর রুপালি পর্দায় ফিরছেন গোবিন্দ, বললেন ‌‌‘আবার শুরু করব’

বিনোদন ডেস্ক : বলিউডের চিরসবুজ ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দ অবশেষে দীর্ঘ সাত বছর পর রুপালি পর্দায় নিজের রাজকীয় প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন। ২০১৯ সালের ‘রঙ্গিলা রাজা’ সিনেমার পর প্রেক্ষাগৃহে তার আর কোনো ছবি মুক্তি পায়নি।

দীর্ঘ এই বিরতির অবসান ঘটিয়ে এই বর্ষীয়ান অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে জানান যে, তিনি খুব শিগগিরই ‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’ নামের দুটি নতুন চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন, যা তিনি নিজে প্রযোজনাও করবেন। এই সিনেমার মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগতা অভিনেত্রী রানি স্বর্ণকারের।

সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই ও পেশাদারি চ্যালেঞ্জ নিয়ে খোলাখুলি কথা বলেন গোবিন্দ। ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি জানান, ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে বারবার বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। অভিনেতা বলেন, হয়তো এটি আমার ভাগ্য ছিল যে মানুষ আমাকে বহুবার হিসাবের বাইরে ঠেলে দিয়েছিল। অনেকেই বলাবলি করত যে গোবিন্দকে আর কোনোদিন সিনেমায় দেখা যাবে না। কিন্তু আমি প্রতিবারই নতুন করে শুরু করেছি।

এই দীর্ঘ বিরতিকে তিনি ব্যর্থতা হিসেবে না দেখে নতুন উদ্যমে শুরু করার সুযোগ হিসেবে দেখছেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন এই চলচ্চিত্রগুলো তার ভাবনার চেয়েও বড় সাফল্য পায় এবং দর্শকদের ওপর আগের মতোই জাদুকরি প্রভাব ফেলে।

গোবিন্দ জানান, তার নতুন ছবি দুটি বিশেষ করে নতুন প্রজন্মকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে। আধুনিক জীবনের নানা চাপ ও হতাশায় ভুগতে থাকা যুবসমাজকে অনুপ্রাণিত করার এক তীব্র ইচ্ছা রয়েছে তার। এই বিষয়ে তিনি বলেন, এই সিনেমাগুলো মূলত তরুণদের জন্য। আমি আশা করি প্রেক্ষাগৃহে এই ছবি দেখার পর তারা নতুন করে স্বপ্ন দেখতে শিখবে এবং বিশ্বাস করবে যে সব স্বপ্নই সত্যি করা সম্ভব।

নতুন ছবিগুলোর সম্পূর্ণ কাস্ট এখনো প্রকাশ করা না হলেও উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের অনেক নতুন মুখকে এই প্রজেক্টে দেখা যাবে বলে অভিনেতা নিশ্চিত করেছেন।

শত সমালোচনা ও উপহাসের মুখেও নিজের আত্মবিশ্বাস হারাননি এই অভিনেতা। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, আমি যখনই সিনেমায় কাজ করি, গোটা দুনিয়া অবাক হয়ে ভাবে যে আমি এখানে কীভাবে টিকে আছি। আমি কোনোকিছুকেই ভয় পাই না, সত্যকে আড়াল করি না। আমি যখন সত্যি বলি, মানুষ বিশ্বাস করতে চায় না, এমনকি অনেকে আমাকে গালিও দেয়। তবে সমস্ত বাধা পেরিয়ে আমি এখন পুরোপুরি প্রস্তুত।

সম্প্রতি নিজের ক্যারিয়ারের এই নতুন শুরুর পাশাপাশি ব্যক্তিজীবনেও স্ত্রী সুনীতা আহুজাকে ফিরিয়ে আনতে একটি জনপ্রিয় রিয়ালিটি শো-এর মঞ্চে মেয়ে টিনাকে নিয়ে হাজির হতে দেখা গিয়েছিল এই অভিনেতাকে, যা নিয়ে দর্শক মহলে তুমুল আলোচনা তৈরি হয়েছিল। সব মিলিয়ে নিজের নতুন সিনেমা নিয়ে আবারও এক দুর্দান্ত ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের একসময়ের এই দর্শকপ্রিয় তারকা।




চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

ডেস্ক নিউজ : বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পরীক্ষা নিয়ন্ত্রণকারী এই সংস্থাটি বলছে, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকলেও অন্যান্য বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী রয়েছে।

সোমবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে-এ বিষয়ে অনেক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীর উদ্বেগ ও প্রশ্ন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্বেগকে আমরা আন্তরিকভাবে উপলব্ধি করি এবং এ বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলো সকলের জ্ঞাতার্থে জানাতে চাই।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২৬৯৭টি কেন্দ্রে মোট ১২৭০৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবং সকল পরীক্ষার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাস্তব পরিস্থিতি ও উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকদের মতামতের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে মর্মে স্থানীয় প্রশাসন প্রতিবেদন প্রেরণ করেছেন। উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অন্যান্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অপ্রত্যাশিতভাবে আজ ১৩/০৭/২০২৬ সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়। ১২৭০৫৮৩ জন শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি উপলব্ধি করে এবং পরীক্ষা বারবার স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থায় একটি বোর্ডের কারণে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়।

তবে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমাদের কাছে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।

অনুগ্রহ করে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করুন। বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’




ইরানি বিমান রুখতে সানা বিমানবন্দরের রানওয়ে উড়িয়ে দিল ইয়েমেন সরকার

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। একটি ইরানি উড়োজাহাজকে অবতরণ করতে না দেওয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

সানা বর্তমানে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার দেশের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন থেকে কার্যক্রম চালাচ্ছে।

সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে সরকার জানায়, হুথি মিলিশিয়ারা ইয়েমেনের নিজস্ব একটি বিমানকে সানা বিমানবন্দরে নামতে বাধা দিয়েছে। একই সঙ্গে তারা একটি ইরানি বিমানকে জোর করে সেখানে অবতরণের চেষ্টা করছিল। এ কারণেই রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণ নাগরিক, বিমানবন্দর কর্মী, কূটনৈতিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার লোকজনকে বিমানবন্দর ও আশপাশের এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়ে সতর্কবার্তা জারি করে।

হুথি বিদ্রোহীরা এই হামলার তীব্র নিন্দা করেছে এবং উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে। কোনোভাবেই এটা শাস্তিহীন থাকবে না। হুথিরা প্রমাণ ছাড়াই এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে।




কয়েক মাস না যেতেই মোহভঙ্গ, নেপালে নতুন সরকারের বিরুদ্ধে ‘জেন-জি’ বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুর রাস্তায় আবারও নেমেছে ক্ষুব্ধ তরুণসমাজ। যে সরকারকে মাত্র কয়েক মাস আগে বিপুল ভোটে নির্বাচিত করেছিল দেশের ‘জেন-জি’ বা নতুন প্রজন্ম, আজ সেই সরকারের বিরুদ্ধেই শুরু হয়েছে তীব্র জনরোষ। কাঠমান্ডুর সিংদরবার সচিবালয়ের বাইরে জড়ো হয়ে শত শত মানুষ ‘গরিবের ওপর অত্যাচার বন্ধ করো’ এবং ‘মানবাধিকার রক্ষা করো’ স্লোগানে উত্তাল করে তুলেছে রাজপথ।

সাম্প্রতিক এই গণবিক্ষোভের আগুন জ্বলে উঠেছে ২৫ বছর বয়সী এক রাইড-শেয়ারিং চালকের মর্মান্তিক আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে। গত সপ্তাহে কাঠমান্ডুর রাস্তায় এক মক্কেলের জন্য অপেক্ষা করছিলেন গণেশ নেপালি নামের ওই যুবক। সে সময় পৌর পুলিশ এসে আকস্মিকভাবে তার মোটরসাইকেলের চাকায় লক লাগিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই হয়রানির প্রতিবাদে এবং চরম হতাশায় গণেশ নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ট্র্যাজেডিই মেয়রের প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভকে বিস্ফোরিত করেছে।

আন্দোলনকারীরা কেবল এই হত্যাকাণ্ডের বিচারই চাচ্ছেন না, বরং দরিদ্র ও বস্তিবাসীদের ওপর চলমান রাষ্ট্রীয় জুলুম বন্ধের দাবি জানাচ্ছেন। বিশেষ করে নদীতীরের সুকুমবাসী বা ভূমিহীনদের জোরপূর্বক উচ্ছেদ এবং ফুটপাতের হকারদের ওপর ধারাবাহিক নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তারা।

২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে বালেন্দ্র (বালেন) শাহ নির্বাচিত হওয়ার পর থেকেই সেখানকার নগর পুলিশের এমন আগ্রাসী মনোভাব লক্ষ করা যাচ্ছে। ফুটপাত পরিষ্কার এবং অনানুষ্ঠানিক বাজার উচ্ছেদে মেয়রের কঠোর ও আপসহীন নীতি প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে সহিংস সংঘর্ষের রূপ নিয়েছে। সমালোচকদের মতে, শহরের দরিদ্রতম মানুষদের প্রতি প্রশাসনের ন্যূনতম সহানুভূতিও অবশিষ্ট নেই।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় প্রশাসন সম্পূর্ণ বেআইনিভাবে তাদের সাংবিধানিক সীমার বাইরে গিয়ে কাজ করছে। জ্যেষ্ঠ আইনজীবীদের মতে, আইন অনুযায়ী পৌর পুলিশ কোনোভাবেই শারীরিক বলপ্রয়োগ বা দাঙ্গা দমনের মতো ক্ষমতা রাখে না। তাদের মূল কাজ হলো নাগরিক সহযোগিতা, পরিচ্ছন্নতা তদারকি এবং সরকারি সম্পত্তি রক্ষা করা। ট্রাফিক বা রাস্তা অবরোধের মতো বিষয়গুলো সরাসরি ট্রাফিক পুলিশের কাছে পাঠানোর নিয়ম থাকলেও, পৌর পুলিশ নিজেরা গিয়ে হকারদের ধাওয়া করছে, ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এবং সাধারণ মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে।

অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও স্পষ্ট জানিয়েছেন যে, কোনো পরিস্থিতি যদি জনশৃঙ্খলার পরিপন্থী হয়ে দাঁড়ায়, তবে পৌর পুলিশ আইনগতভাবে নেপাল পুলিশের সাহায্য নিতে বাধ্য, নিজেরা বলপ্রয়োগ করতে পারে না। তা সত্ত্বেও দিনের পর দিন দৈনিক মজুরির ওপর নির্ভরশীল মানুষদের ওপর এমন জুলুম চালানো হচ্ছে, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে মাত্র কয়েক মাসের মাথায় যে তরুণরা বুক ভরা আশা নিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছিল, আজ তারাই জবাবদিহিতা আর অধিকার আদায়ের দাবিতে আবার রাজপথে নেমে এসেছে।




চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে দোয়াভাঙ্গা নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় স্বপ্নার দুই শিশু সন্তান বাসায় ছিল। সকাল ৮টার দিকে শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত নাজমুন নাহার স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামে। তিনি নজরুল ইসলাম ও ফিরোজা বেগমের মেয়ে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নারী ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া তিনি খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন।

স্বজনরা জানান, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম দুই সংসার বিচ্ছেদের পর সর্বশেষ শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল। স্থানীয়দের ভাষ্য, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষের একটি বাসা ভাড়া নেন।

বাসার মালিক মেহেদী হাসান জানান, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।

শাহরাস্তি মডেল থানার এসআই শমশেদ হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।