এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬–২৭-এর প্রিলিমিনারি স্টেজের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রাজশাহী স্টার্স এফসি নিজেদের প্রতিপক্ষ কারা, তা জানতে পেরেছে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টার্স এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।

এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নামছে নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজশাহী স্টার্স এফসি বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলটি।

ড্র অনুযায়ী, প্রিলিমিনারি স্টেজের গ্রুপ ‘এ’-তে রাজশাহী স্টারস এফসির প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি। আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ।

রাজশাহী স্টার্স এফসি ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।

ক্লাব কর্তৃপক্ষ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ক্লাবের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে দেশের সকল ফুটবলপ্রেমীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছে।

রাজশাহী স্টার্স এফসি বিশ্বাস করে, এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দ্বার উন্মোচন করবে।

ড্র-পরবর্তী প্রতিক্রিয়ায় রাজশাহী স্টার্স এফসি-এর প্রেসিডেন্ট মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টার্স এফসি হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামব। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’




আগামীকাল নির্বাচন, কে লড়ছেন কোন পদে

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী শুক্রবার (০৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

একটি প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলে সহ-সভাপতি পদে রয়েছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন কমল।

এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে দ্বিতীয় প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। সহ-সভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন জাদু আজাদ।

এই প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী রাজ, ফরহাদ, কাবিলা, ইয়ামিন হক ববি, কায়েস আরজু, শিরিন শিলা, শিপন মিত্র, হাসান জাহাঙ্গীর, ফাল্গুনী রহমান জলি, ফিরোজ শাহী ও জেসমিন আক্তার।

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।

উল্লেখ্য, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর এবং মনোয়ার হোসেন ডিপজল এবার কোনো পদেই নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতি।




জুনে নির্যাতনের শিকার ৩৩৩ নারী ও কন্যাশিশু

ডেস্ক নিউজ : সদ্যবিদায়ী জুন মাসে সারাদেশে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। আজ বুধবারবাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ বিশ্লেষণ করে এসব তথ্য সংরক্ষণ করে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের ওই প্রতিবদনে বলা হয়, চলতি বছরের জুন মাসে ৭২ জন কন্যা ও ২৮ নারীসহ মোট ১০০ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১২ জন কন্যাসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে; ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে সাতজন কন্যা এবং ধর্ষণের কারণে একজন কন্যাশিশু আত্মহত্যা করেছে। এ ছাড়াও ৩১ জন কন্যাসহ ৩৪ জনকে ধর্ষণচেষ্টা করা হয়েছে।

এতে বলা হয়, যৌন সহিংসতার শিকার হয়েছেন ২৭ জন কন্যাসহ ৪৩ জন। এর মধ্যে আটজন কন্যাসহ ১১ জন যৌন নিপীড়নের শিকার; ১৭ জন কন্যাসহ ২৯ জন উত্ত্যক্তকরণের শিকার এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন দুজন কন্যাসহ অন্তত তিনজন। এ ছাড়াও বিভিন্ন কারণে ৯ জন কন্যা ও ৪৫ জন নারীসহ মোট ৫৪ জন হত্যার শিকার হয়েছেন।

মহিলা পরিষদ জানায়, জুন মাসে সারাদেশে চারজন নারীকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১২ জন কন্যা ও ২১ জন নারীসহ ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। চারজন কন্যাসহ ১২ জন আত্মহত্যার শিকার হয়েছেন; এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন দুজন। এসিডদগ্ধের শিকার হয়েছেন দুজন, এর মধ্যে একজন কন্যা। আর অগ্নিদগ্ধের শিকার হয়েছেন এক নারী। এ ছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার পাঁচজনের মধ্যে হত্যার শিকার হয়েছেন চারজন নারী। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একজন কন্যাসহ ৪ জন। গৃহকর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছে দুজন কন্যা, যাদের মধ্যে একজন হত্যার শিকার হয়েছেন। অপহরণের শিকার হয়েছেন পাঁচজন কন্যাশিশু। এ ছাড়া পাঁচজন কন্যাকে অপহরণচেষ্টার ঘটনাও ঘটেছে জুন মাসে।

তারা আরও জানায়, দুজন কন্যা পাচারের শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিনজন কন্যাসহ ১৯ জন। একজনের বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ছাড়া দুজন কন্যাসহ অন্তত সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।




ইরানে আবারও হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর জন্য দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশনা মিললেই বাহিনী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ইতোমধ্যে দু’দফা অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সৃষ্ট বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করেছে। তার ভাষ্য, পরিস্থিতি প্রয়োজন হলে তৃতীয়বারও হামলা চালাতে ইসরায়েল দ্বিধা করবে না এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

এর আগে ২০২৫ সালের ৬ জুন জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানায়, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। সংস্থাটির মতে, এই বিশুদ্ধতার মাত্রা ৯০ শতাংশে পৌঁছালে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করা সম্ভব।

আইএইএর ওই প্রতিবেদনের কয়েক দিনের মধ্যেই, ১১ জুন রাতে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে। টানা ১২ দিন চলা এ অভিযানে ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অভিযান বন্ধ করা হয়।

পরবর্তীতে একই ইস্যুকে কেন্দ্র করে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করে। তবে অভিযানের দু’দিন পর যুক্তরাষ্ট্র নিজস্ব কৌশলগত সিদ্ধান্তে ইসরায়েলকে ওই অভিযান থেকে সরিয়ে নেয়। এরপর থেকে ইসরায়েল মূলত লেবানন সীমান্তে সীমিত পরিসরে সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ইসলামাবাদ চুক্তির আওতায় একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

যদিও এর আগেই নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সতর্ক করে দেওয়ার পর এ বিষয়ে তিনি আর প্রকাশ্যে কঠোর অবস্থান নেননি।

ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, ‘বিবি(নেতানিয়াহুর ডাক নাম), কথাবার্তায় সতর্ক থাকুন। তা না হলে খুব শিগগিরই নিজেকে একা অবস্থায় দেখতে হতে পারে।’




ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর তিন বছরের শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ছয় দিন পর, ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের একটি উদ্ধারকারী দল।

ভিডিও ফুটেজে দেখা যায়, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে বের করে আনার সময় উদ্ধারকারীরা উল্লাসে ফেটে পড়েন।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শিশুটির নাম ক্লিয়েবার মোরান বলে জানিয়েছেন। ডেলসি রদ্রিগেজ শিশুটির এই উদ্ধারকে ‘আশার মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন জাতিসংঘ সতর্ক করেছে যে, ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ জরুরিভাবে খাদ্য ও আশ্রয়ের সংকটে ভুগছে।

এদিকে, গত সপ্তাহের ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

নাসা-র স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এই শক্তিশালী কম্পনে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

জর্ডানের সিভিল ডিফেন্স জানিয়েছে যে, ক্লিয়েবারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রাজধানী কারাকাসে শিশুটির চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ।

সাধারণত ভূমিকম্পের পর প্রথম তিন দিন উদ্ধার কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, যখন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের জীবিত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারও অনেক পরে এই শিশুকে জীবিত উদ্ধার করা হলো।

লা গুয়াইরা ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি, যেখানে স্থানীয়রা নিজেরাই উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর মঙ্গলবার জানিয়েছে, ওই এলাকায় খাদ্য সংকট প্রকট, মৌলিক পরিষেবা ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, সহায়তা পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতার কারণে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়ছে।

লা গুয়াইরার ১৮ বছর বয়সী বিক্রেতা দানিয়েলা আরমাস, যিনি ভূমিকম্পের সময় মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছিলেন, তিনি এএফপি-কে বলেন, কিছু ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে খাবার পাওয়ার জন্য মানুষ এতটাই মরিয়া যে প্রায়ই মারামারি লেগে যাচ্ছে।

ইউএনএইচসিআর জানিয়েছে যে, ৩০ হাজার ভূমিকম্প কবলিত মানুষের ছয় মাসের জন্য সুরক্ষা, ত্রাণ এবং অস্থায়ী আশ্রয়ের জন্য তাদের প্রাথমিক ১৫ মিলিয়ন ডলার প্রয়োজন।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভেনেজুয়েলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ‘চরম চাপের’ মুখে রয়েছে। সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেইয়ার সতর্ক করেছেন যে, টিকাদানের হার কম হওয়ায় হাম ও ডিপথেরিয়ার মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ বলেছেন, ক্লিয়েবারকে জীবিত উদ্ধার করার ঘটনা প্রমাণ করে যে, জীবিতদের খুঁজে পাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি।

দেশি ও আন্তর্জাতিক দলগুলো এখনো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং লা গুয়াইরাসহ অন্যান্য রাজ্যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকোসহ ডজন খানেক দেশ থেকে এসে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ভারী সরঞ্জাম নিয়ে অনুসন্ধান চালাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। কিছু আন্তর্জাতিক সহায়তাও আসতে শুরু করেছে।

জাতিসংঘ জানিয়েছে, মঙ্গলবার ৪৭ টন মানবিক সহায়তা এসে পৌঁছেছে, যার মধ্যে জরুরি স্বাস্থ্য কিট, নিরাপদ প্রসবের সামগ্রী ও নবজাতকের যত্ন নেওয়ার সরঞ্জাম রয়েছে।

এরই মধ্যে ভেনেজুয়েলায় উদ্ধার হওয়া মৃতদেহ দাফন শুরু হয়েছে। অনেকে এখনো তাদের স্বজনদের মরদেহ পাওয়ার অপেক্ষায় আছেন, যাদের মৃত বলেই ধরে নেওয়া হচ্ছে।

লা গুয়াইরা বন্দরের একটি অস্থায়ী মর্গে উইলকার মোলালা নামে একজন জানান, তিনি তার বোন, বোনের সন্তান এবং ভাইয়ের সন্তানদের মরদেহ শনাক্ত করার জন্য অপেক্ষা করছেন।

তিনি বলেন, “আমার পরিবারে ১১ জন সদস্য ছিল। কেবল দুজন বেঁচে আছি কারণ আমরা তখন কাজে ছিলাম।”




ঠাকুরগাঁওয়ের নিখোঁজ চার শিক্ষার্থী সিলেট থেকে উদ্ধার

ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। ঠাকুরগাঁও সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস আজ বুধবার বিকেলে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর এলাকার বাসিন্দা মানিক চন্দ্রের মেয়ে শ্রীমতি খুশি, একই এলাকার বাঙ্কু দেবনাথের মেয়ে শ্রীমতি মলিকা, রমেশ দেবনাথের মেয়ে রিতু দেবনাথ, এবং আকালু দেবনাথের মেয়ে সেজুতি রানী দেবনাথ। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

খুশি, মলিকা ও রিতু দশম শ্রেণির এবং সেজুতি রানী দেবনাথ অষ্টম শ্রেণির ছাত্রী।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চার শিক্ষার্থী একসঙ্গে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, ‘বুধবার দুপুরে সিলেটের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল।’

তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে কাজ করে। নিখোঁজ হওয়ার পর চার শিক্ষার্থী প্রথমে ঢাকায় যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি মানবপাচার চক্রের খপ্পরে পড়েছিল। ওই চক্রটি প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল বলে আমরা ধারণা করছি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছি। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার পরিকল্পনায় হঠাৎ বদল

ক্রীড়া ডেস্ক : নকআউটের লড়াই শুরু হয়ে গেছে। বিশ্বকাপ ঢুকে পড়েছে সেই অধ্যায়ে, যেখানে এক ভুলেই শেষ হয়ে যেতে পারে সব। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাও এখন সেই পরীক্ষা দেওয়ার অপেক্ষায়।

এর মধ্যেই আর্জেন্টিনা দলের ভ্রমণসূচিতে সামান্য পরিবর্তন এসেছে। আজ বুধবার কানসাসে নিজেদের শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা দল। বাংলাদেশ সময় গভীর রাতে শুরু হবে সেই সেশন। সেটিই হবে মায়ামিতে রওনা দেওয়ার আগে তাদের শেষ প্রস্তুতি।

অনুশীলন শেষে বিশ্রামের পর কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে রওনা দেবে দল। সেখানে পৌঁছে শুরু হবে শেষ পর্বের প্রস্তুতি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

প্রথম সূচি অনুযায়ী ম্যাচের আগের দিন ভ্রমণের কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনায় বদল আনা হয়েছে। স্কালোনির দল এখন শেষ অনুশীলন সেশনটি করবে মায়ামিতে। সেই সেশনেই ম্যাচের আগে দলকে শেষ ছোঁয়া দেবেন কোচ লিওনেল স্কালোনি। হার্ড রক স্টেডিয়াম আর্জেন্টিনার জন্য অপরিচিত নয়। ২০১৪ কোপা আমেরিকায় এখানেই শিরোপা জয়ের স্মৃতি আছে দলের। সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা হয়ে থাকতে পারে।

তবে সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। একাদশ নিয়ে স্কালোনির মাথায় ঘুরছে তিনটি সংশয়।

প্রথম সংশয় লেফট ব্যাকে। নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে লড়াই চলছে। দ্বিতীয়টি সেন্টার ব্যাকে। ক্রিস্টিয়ান রোমেরো পুরোপুরি ফিট কি না, তা এখনো নিশ্চিত নয়। তিনি না পারলে নিকোলাস ওতামেন্দিই থাকবেন একাদশে।

সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণে। লিওনেল মেসির সঙ্গী কে হবেন? লাওতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—এই দোটানা এখনো কাটেনি। আপাতত এগিয়ে আছেন লাওতারো।
সব মিলিয়ে প্রস্তুতির শেষ প্রহরে দাঁড়িয়ে আর্জেন্টিনা। সামনে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ। যে ম্যাচ হতে পারে অনেক কিছুর শুরু, কিংবা হঠাৎ করেই সবকিছুর শেষ।




ইংল্যান্ডকে স্তব্ধ করে প্রথমার্ধে এগিয়ে কঙ্গো

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের নকাউটের লড়াইয়ে শুরু থেকেই ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছে ডিআর কঙ্গো।ম্যাচ শুরুর মাত্র ৭ম মিনিটেই বেনি সিপেঙ্গার দুর্দান্ত গোলে আফ্রিকার দলটি এগিয়ে যায়। এই চমৎকার গোলের উৎস অবশ্য অধিনায়ক শানসেল এমবেম্বা, তাঁর অ্যাসিস্ট থেকেই লিড নিল কঙ্গো। এরপর ইংল্যান্ড অনেক আক্রমণ করেছে কিন্তু গোলে দেখা পায়নি।

শক্তিমত্তার বিচারে কঙ্গোকে নিতান্তই পুচকেই বলা যায়। তাদের বিপক্ষে সহজ জয়ই পাবে ইংল্যান্ড, এমনটাই আশা ফুটবলপ্রেমীদের। কিন্তু ম্যাচের শুরুতেই পুরো ফুটবলবিশ্বকে স্তব্ধ করে দিল কঙ্গো।

ইতিহাস কিন্তু এখন ইংল্যান্ডের বিপক্ষে কথা বলছে! পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, সেই ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এরপর দীর্ঘ ৬০ বছর কেটে গেছে, কিন্তু বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর আর কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি থ্রি-লায়নরা।

যে কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ইউরোপ ও আফ্রিকার এই দুটি দল। ফলে ইংল্যান্ডের চমকে যাওয়াটা অস্বাভাবিক নয়। তবে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বার আফ্রিকার দলের মুখোমুখি হয়েছে তারা। গ্রুপ পর্বে ঘানার সঙ্গে খেলেছিল হ্যারি কেনরা। কিন্তু জিততে পারেননি। ম্যাচ ড্র হয়েছিল। এবার কী হবে?




‘তুমি আমাদের গর্ব’ জয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চঞ্চল

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের মুন্সিয়ানায় তিনি যেমন বাংলাদেশের দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনই পশ্চিমবঙ্গেও গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান। একের পর এক প্রশংসিত কাজের পাশাপাশি দুই দেশ থেকেই অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার।

আজ ১ জুলাই (বুধবার) জয়া আহসানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার পাশাপাশি সহকর্মী ও কাছের মানুষের ভালোবাসাতেও সিক্ত হচ্ছেন। জয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। নিজের ফেসবুকে স্ত্রী ও সন্তানকে নিয়ে জয়ার সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে ফুল দিয়ে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় চঞ্চল ও তার পরিবারকে।

ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ একইসঙ্গে যোগ করেছেন কালো রঙের হৃদয়ের একটি ইমোজি। চঞ্চলের এই পোস্টে মন্তব্য করে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অসংখ্য ভক্ত-অনুরাগী।

উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং মা ছিলেন শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান ও ছবি আঁকার প্রতি ছিল তার গভীর আগ্রহ। সেই শিল্পচর্চার ধারাবাহিকতায় অভিনয়েই গড়ে ওঠে তার উজ্জ্বল ক্যারিয়ার।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় জয়ার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’ এবং ‘বিউটি সার্কাস’র মতো সিনেমায় অভিনয় করে নিজেকে দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গেও তার অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’র মতো সিনেমাতে অভিনয় করে মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। পশ্চিমবঙ্গে কাজের স্বীকৃতিস্বরূপ তিনবার ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কার পেয়েছেন তিনি।

বর্তমানে পশ্চিমবঙ্গে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমা আগামী ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো শক্তিমান অভিনয়শিল্পীরা।




আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ষোলোতে নরওয়ে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নরওয়ে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। আইভরি কোস্ট একটি গোল পরিশোধ করলেও দ্বিতীয় গোল পরিশোধ করা আগে শেষ বাঁশি বাজে।

যুক্তরাষ্ট্রের ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল নরওয়ে। ম্যাচের ৩৯তম মিনিটে নরওয়ের পক্ষে একমাত্র গোলটি করেন তরুণ ফরোয়ার্ড আন্তোনিও নুসা।

দুই দলের পারফরম্যান্স বিবেচনায় প্রথমার্ধে নরওয়েই ছিল বেশি আক্রমণাত্মক, সংগঠিত এবং কার্যকর। বলের দখল, সুযোগ সৃষ্টি এবং রক্ষণভাগের দৃঢ়তায় তারা আইভরি কোস্টের চেয়ে এগিয়ে ছিল। অন্যদিকে আইভরি কোস্টকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে আক্রমণে আরও ধারালো ফুটবল খেলতে হবে।

প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরি কোস্ট নিয়েছে ৫টি। তবে তাদের চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি দলটি। এই ম্যাচের বিজয়ী দল আগামী ৫ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন দিয়ালো। পরে এই সুপার সাবের গোলেই ম্যাচের দৃশ্যপট বদলেছে। ৭৪ মিনিটে তার চোখধাঁধানো এক গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট। পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এগিয়ে যান দিয়ালো। এরপর মোলার উলফে ও বের্গেকে কাটিয়ে দুর্দান্ত এক দৌড়ে বক্সে ঢুকে দর্শনীয় এক শট নেন তিনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছে তখনই নাটকীয় মোড় নেয় ৮৬ মিনিটে। যার নায়ক আর্লিং হাল্যান্ড। ববের দারুণ এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন বার্গ। এরপর নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন আর্লিং হাল্যান্ডের সামনে। খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন নরওয়ের তারকা স্ট্রাইকার। তার পর তো বাকিটা ইতিহাস!