সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ আর নেই।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
হারুন-অর-রশিদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং শেষ সময়ে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, অ্যাডভোকেট হারুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিএনপি ও ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন প্রবীণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সংসদ সদস্য, একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদের গুরুত্বপূর্ণ পদধারী এবং দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে তিনি ওই আসনের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে দলের যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে জেলার দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংসদ সদস্য থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের প্রধান হুইপ, ফিন্যান্সিয়াল অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছিলেন।

পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার আদালত অঙ্গনে আইন পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ভোটাধিকার ও দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য তিনি নেতাকর্মীদের কাছে একজন অভিভাবকতুল্য নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মরহুম অ্যাডভোকেট হারুন-অর-রশিদের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।




দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা

বিনোদন ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের এ দুঃসংবাদ দিলেন তিনি।

পোস্টে জোভান লিখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক এক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে-তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করার পরামর্শ দিয়ে অভিনেতা বলেন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো।

সবশেষ গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এই অভিনেতা।

অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ফারহান আহমেদ জোভান। বিভিন্ন সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতামূলক বার্তা শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।




বৈরি আবহাওয়া এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় বিসিসিআই

ক্রীড়া ডেস্ক : অতিরিক্ত গরম ও বৃষ্টির কারণে ম্যাচ আয়োজনের জটিলতা কমাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগেভাগে শুরু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থার সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, ২০২৭ মৌসুম থেকে টুর্নামেন্টের সময়সূচিতে বড় পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বর্তমানে সাধারণত মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু হয়ে মে মাসের শেষ দিকে শেষ হয়। তবে নতুন পরিকল্পনায় ১০ মার্চ থেকে ১৫ মে’র মধ্যে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, যাতে শেষ পর্যায়ের ম্যাচগুলোতে বৃষ্টি বা প্রাক-বর্ষার প্রভাব না পড়ে।

এর আগে ২০২৪ সালে ২০২৭ পর্যন্ত আইপিএলের জন্য উইন্ডো নির্ধারণ করা হয়েছিল, যেখানে আসরটি ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত আয়োজনের কথা বলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে আবহাওয়ার কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ায় নতুন করে সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাইকিয়া বলেন, শুধু বৃষ্টি নয়, তীব্র গরমও খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তুলনামূলকভাবে ঠান্ডা সময়ে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে গেমস ডেভেলপমেন্ট বিভাগের সাবেক পেসার আবে কুরুভিলাকে সম্ভাব্য নতুন উইন্ডো খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে আইপিএলের ফরম্যাট ও ম্যাচ সংখ্যা নিয়েও ভবিষ্যতে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাইকিয়া। তবে বর্তমান আন্তর্জাতিক সূচি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বড় পরিবর্তন কঠিন বলেও তিনি স্বীকার করেছেন।




গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

ক্রীড়া ডেস্ক : ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। ডান পায়ের কাফে গ্রেড-২ চোটে পড়া এই ফুটবলার ধীরে ধীরে সেরে উঠলেও ম্যাচে ফেরার জন্য এখনও প্রয়োজন সময়।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আগেই জানিয়েছিলেন, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সেই সময়সীমা মেনেই এগোচ্ছেন নেইমার। ইতোমধ্যে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন এবং ধাপে ধাপে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি ফিটনেসের প্রাথমিক ধাপে আছেন, যেখানে হালকা দৌড়, স্প্রিন্ট ও বলের সঙ্গে সীমিত অনুশীলন করছেন। চিকিৎসাবিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পুরোপুরি ম্যাচ ফিট হতে হলে তাকে আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে—যার মধ্যে রয়েছে উচ্চগতির নড়াচড়া, কৌশলগত অনুশীলন এবং দলীয় সেশনে পূর্ণ অংশগ্রহণ।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আগামী ৯ দিনের মধ্যে তিনি মাঠে ফেরার ছাড়পত্র পেতে পারেন। তবে সতর্ক হিসেবে এই সময়সীমা ২৪ দিন পর্যন্ত গড়াতে পারে।

এই হিসেবে গ্রুপ পর্বে নেইমারকে পাওয়ার সম্ভাবনা কম, তবে নকআউট পর্ব বিশেষ করে শেষ ষোলো বা কোয়ার্টার ফাইনালে তাকে দেখা যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফ নেইমারের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে রাজি নন। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে নামানোর পরিকল্পনা নেই।




বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের সংসদ সদস্য

ডেস্ক নিউজ : সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও জানালার পর্দা সরবরাহের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মিজানুর রহমান বলেন, ‘আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছে। কিন্তু এ সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে, থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা–দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি।’

স্পিকারের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘সুতরাং জোর দাবি জানাচ্ছি, আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।’




সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : ‘আই হ্যাভ অ্য প্লান’ নিয়ে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, ‘বর্তমান কৃষি-বান্ধব সরকারের মূল লক্ষ্যে হল— একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। যেখানে উৎপাদন ও বিপণন হবে সম্পূর্ণ তথ্য চালিত, আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি।’

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের নবম দিনের প্রশ্নোত্তর পর্বে ‘আই হ্যাভ অ্য প্লান’ শীর্ষক এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন তার উত্তর সংসদের টেবিলে উত্থাপন করা হয়।

বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে রাষ্ট্রীয় কাজে ঢাকার বাইরে থাকায় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা প্রশ্ন রেখে বলেন, আমাদের কৃষি নির্ভর এই বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও মেহনতি কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের জনগণ কর্তৃক সাদরে গৃহীত আপনার বহুল জনপ্রিয় স্লোগান ‘আই হ্যাভ এ প্লান’ কর্মসূচির আওতায় কী কী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং উক্ত পদক্ষেপসমূহ বাস্তবায়িত হলে কৃষিতে অভূতপূর্ব বিপ্লব সাধনে আমরা আশান্বিত হতে পারি কিনা?

এই প্রশ্নের জবাবে তারেক রহমান লিখিতভাবে বলেন, ‘বর্তমান কৃষি-বান্ধব সরকারের মূল লক্ষ্যে হল একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা। যেখানে উৎপাদন ও বিপণন হবে সম্পূর্ণ তথ্য চালিত, আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি।’

কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, ‘কৃষির উন্নয়ন ও কৃষকদের ইউনিক পরিচয় নিশ্চিতকরণে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি যন্ত্রপাতি প্রদানের লক্ষ্যে ১৪ এপ্রিল ২০২৬ তারিখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। অদ্যাবধি ২০ হাজার ৮৩২টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। সরকার ইতোমধ্যে শস্য, ফসল, পশুপালন ও মৎস্যখাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সম্পূর্ণ মওকুফ করেছে। এ লক্ষ্যে সরকার চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে ১৫৬৭.৯৬ (এক হাজার পাঁচশত সাতষট্টি কোটি ছিয়ানব্বই লাখ) কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে এবং এর ফলে সারাদেশের প্রায় ১৩ লাখ ১৭ হাজার ৫০০ জন কৃষক উপকৃত হবে।

প্রধানমন্ত্রী জানান, সরকার দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে, জলাবদ্ধতা নিরসন হবে, সেচ সুবিধা নিশ্চিত হবে এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত হবে। ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপি সার অত্যন্ত সুলভ মূল্যে সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া, বিএডিসির মাধ্যমে উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল বীজের সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষি ও প্রিসিশন এগ্রিকালচার-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ করা হচ্ছে এবং দেশব্যাপী ‘কৃষকবাজার’ স্থাপন করা হচ্ছে।

কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস  এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করছে।

টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল প্রশ্ন রেখে বলেন, ভৌগোলিক অবস্থানগত কারণে আাদেশ পৃথিবীর অন্যতম একটি দুর্যোগপ্রবণ দেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে অন্যতম। জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর আবার লক্ষ্যে সরকার কোনও পরিকল্পনা গ্রহণ করেছে কিনা?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা এবং উপকূলীয় বৈশিষ্ট্যের বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে জলোচ্ছ্বাস, বন্যা, আকস্মিক বন্যা, নদীভাঙন, খরা, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপ ও লবণাক্ততার মতো দুর্যোগের প্রকোপ ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, যা মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো, পরিবেশ ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব মোকাবিলা পানি সম্পদ খাতে বহুমুখী কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করেছে। তারমধ্যে- পদ্মা ব্যারেজ বাস্তবায়ন; তিস্তা মহাপরিকল্পনা; নদীভাঙন রোধ; বন্যায় সুরক্ষা নিশ্চিতকরণ; এবং কৃষিজমিতে লবণাক্ততা হ্রাসকরণ অন্যতম।

গত ১৩ মে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প ১ম পর্যায়ে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানি সংরক্ষণপূর্বক পানির প্রবাহ বৃদ্ধি করে পদ্মানির্ভর এলাকায় নদী সিস্টেমকে পুনরুজ্জীবিত করা হবে। এছাড়া, দক্ষিণাঞ্চলের লবণাক্ততার অনুপ্রবেশ হ্রাস, সুন্দরবন ইকোসিস্টেমের ভারসাম্য পুনরুদ্ধার, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা হ্রাস, সেচ সুবিধা বৃদ্ধি এবং পানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে এবং দেশের জিডিপিতে শতকরা শূন্য দশমিক ৪৫ ভাগ অতিরিক্ত প্রবৃদ্ধি অর্জিত হবে। অধিকন্তু, ভূ-উপরিস্থ পানি ব্যবহার বৃদ্ধি, সেচ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধিসহ পরিবেশ প্রতিবেশ উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি চলমান রয়েছে।

জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান।

সরকার কর্তৃক বিভিন্ন উদ্যোগ

তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও জাতীয় পর্যায়সহ সারাদেশে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে এবং তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন- প্রায় উপকূলীয় জেলাগুলোতে গ্রামীণ প্রাকৃতিক জলাধার গড়ে তোলা হবে যাতে বৃষ্টির পানি সংরক্ষণ করে পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত করা যায়।




ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে মাংস বিক্রির উদ্দেশ্যে চুরি করা ৪০০-এরও বেশি জীবিত বিড়াল উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে বিড়াল চুরির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রকে। মঙ্গলবার (১৬ জুন) দেশটির একটি প্রাণীকল্যাণ সংস্থা এই তথ্য জানায়।

হো চি মিন সিটি পুলিশের তথ্য অনুসারে, গত সপ্তাহে তায় নিনহ প্রদেশ ও হো চি মিন সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৪০০-এর বেশি জীবিত বিড়াল এবং প্রায় ৮০টি হিমায়িত বিড়ালের দেহ উদ্ধার করে। এ ছাড়া আরও ২১টি বিড়াল আলাদা একটি জায়গা থেকে জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিড়াল চুরি ও সংগ্রহে দক্ষ এই চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা তিন বছর ধরে দক্ষিণ ভিয়েতনামের বিভিন্ন এলাকা থেকে বিড়াল ধরে এনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। প্রতি দুই-তিন দিন অন্তর তারা চুরির মালামাল সংরক্ষণ কেন্দ্রে রেখে বিক্রি করত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হো চি মিন সিটিতে একের পর এক পোষা প্রাণী চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে ১১ জুন পুলিশ এই চক্রের সন্ধান পায়। বর্তমানে তদন্ত চলছে। যাদের বিড়াল চুরি হয়েছে, তাদের উদ্ধার করা প্রাণী শনাক্ত করতে সরাসরি আসার আহ্বান জানিয়েছে পুলিশ।

প্রাণীকল্যাণ সংস্থা হিউম্যান ওয়ার্ল্ড ফর অ্যানিমেলস জানিয়েছে, উদ্ধার হওয়া বিড়ালগুলোর মধ্যে প্রায় ৪০টিকে ইতিমধ্যে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে চুরি ও বন্দিদশার কারণে কয়েকটি বিড়াল পরে মারা গেছে। যেগুলো এখনো পুলিশের হেফাজতে রয়েছে, সেগুলোকে নিয়মিত খাবার ও পরিচর্যা দেওয়া হচ্ছে।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া আইনত বৈধ। তবে বিক্রেতাদের অনুমতিপত্র নিতে হয় এবং প্রাণীগুলো কোথা থেকে আসছে তা উল্লেখ করতে হয়। সংস্থাটির তথ্য অনুসারে, দেশটিতে প্রতি বছর প্রায় ৫০ লাখ কুকুর এবং ১০ লাখ বিড়াল মাংসের জন্য ধরা, চুরি ও পাচার হয়।

চুরির সময় কুকুর ধরতে বিষ মেশানো ফাঁদ, টেজার কিংবা লোহার চিমটি ব্যবহার করা হয়। আর বিড়ালের ক্ষেত্রে স্প্রিংযুক্ত ফাঁদের আশ্রয় নেওয়া হয় বলে জানিয়েছে সংস্থাটি।

তবে সাম্প্রতিক বছরগুলোয় বিশেষ করে তরুণ প্রজন্ম ও পোষা প্রাণীর মালিকদের মধ্যে এই প্রথার বিরুদ্ধে সচেতনতা বাড়ছে। ২০২৩ সালের এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মানুষ কুকুর-বিড়ালের মাংসের বাণিজ্য নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।

পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছে প্রাণীকল্যাণ সংস্থাগুলো।

সূত্র: বিবিসি




সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

ডেস্ক নিউজ : সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহরণের তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন পাঁচ জেলে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে বনদস্যুদের মারধরে গুরুতর আহত এক জেলেকে বুধবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুক্তিপ্রাপ্ত জেলেরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের হানিফ, জাকির, শাহিন ও আকুব্বর এবং রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের শরিফুল ইসলাম (৩০)।

অপহৃত জেলেদের মহাজন রামপাল উপজেলার মোস্তাফিজুর রহমান বুধবার দুপুরে জানান, গত ১৩ জুন রাতে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার লইট্রাখালী খালে মাছ ধরার সময় বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জেলে বহরে হামলা চালায়। এ সময় পাঁচটি ট্রলার থেকে পাঁচ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, অপহরণের পর জেলেদের ওপর নির্যাতন চালানো হয়। বিশেষ করে শরিফুল ইসলামকে বেদম মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে জনপ্রতি ৪০ হাজার টাকা হিসেবে মোট দুই লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ পরিশোধ করা হলে মঙ্গলবার গভীর রাতে বনদস্যুরা তাদের ছেড়ে দেয়।

মুক্তি পাওয়ার পর গুরুতর আহত শরিফুল ইসলামকে বুধবার সকালে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির নাম প্রকাশে অনিচ্ছুক এক বন কর্মকর্তা জানান, লইট্রাখালী এলাকায় পাঁচ জেলে অপহরণ এবং মুক্তিপণ দিয়ে মুক্তি পাওয়ার বিষয়টি তারা বুধবার সকালে জানতে পেরেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশিদ জানান, বনদস্যুদের মারধরে এক জেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি শুনেছেন। তবে পাঁচ জেলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে জি৭ শীর্ষবৈঠকে বসে নিজেকে বস ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় জি৭-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রধানরা সকলেই সেখানে ছিলেন।

বিশ্ব অর্থনীতির নিরাপত্তা বিষয়ক একটি অধিবেশনের আয়োজন করা হয় ফ্রান্সে। তাতে যোগ দিতে এসে সাংবাদিক এবং রাষ্ট্রনেতাদের সামনে ট্রাম্প বলেন, “আমিই বস।”

তবে কিসের প্রেক্ষিতে তার এই মন্তব্য, তা খোলসা করেননি। উপস্থিত রাষ্ট্রনেতারাও কেউ তার কোনও প্রতিবাদ করেননি। বরং, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এত দিন যে, ইউরোপের নেতারা ট্রাম্পের সমালোচনা করছিলেন, তারাও এবার সুর নরম করেছেন।

ট্রাম্পের ঘোষণার সময় অধিবেশন কক্ষে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিরা।

১৫ জুন থেকে ফ্রান্সে জি৭ সম্মেলন শুরু হয়। তা চলবে ১৭ জুন, বুধবার পর্যন্ত। ইতোমধ্যে ট্রাম্পের সঙ্গে রাষ্ট্রনেতাদের বৈঠক হয়েছে। জি৭ সদস্যরাষ্ট্রগুলো একটি যৌথ বিবৃতিও দিয়েছে। বুধবারের অধিবেশনের আলোচ্য বিষয় ছিল দুষ্প্রাপ্য খনিজ এবং অর্থনীতির ভারসাম্যহীনতা। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের বিষয়েও জি৭ বৈঠকে আলোচনা হয়েছে। তার পরেই নিজেকে ‘বস‌’ বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তাতে মৃত্যু হয় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। তারপর থেকেই পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হয়েছে। ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে গিয়েছে ইরান। সেই সঙ্গে তারা হরমুজ প্রণালীতে পণ্য পরিবহণেও বাধা সৃষ্টি করে। পশ্চিম এশিয়ায় আমেরিকার এই আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেছিল ইউরোপের একাধিক দেশ।

হরমুজ খোলার বিষয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্প তাদের সাহায্য চেয়েছিলেন। কিন্তু ইউরোপের বেশির ভাগ শক্তিধর দেশই পিছিয়ে গিয়েছিল। ট্রাম্পও প্রকাশ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বারবার। জি৭ বৈঠকে তার বিপরীত চিত্র দেখা গেল। এমনকি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজ মঙ্গলবার ট্রাম্পকে একটি ফুটবল জার্সি উপহার দেন। জার্সির নম্বর ছিল ৪৭।

ইউরোপের এই সুর বদলের নেপথ্যে রয়েছে ট্রাম্পের ইরান চুক্তিই। সময় বদলেছে। ইরানের সঙ্গে আমেরিকা সমঝোতার চুক্তি চূড়ান্ত করেছে রবিবার। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে আমেরিকার নীতি নিয়েও ইউরোপে ক্ষোভ ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা করে ট্রাম্পের বৈঠক না-হলেও জি৭ শীর্ষবৈঠকে তিনি ছিলেন। সেখানে অন্যতম আলোচ্য বিষয় ছিল রাশিয়া। এই সংঘাতে আগের চেয়ে ইউক্রেনের অবস্থানের উন্নতি হয়েছে বলে মেনে নিয়েছেন ইউরোপীয় নেতারা। রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ এবং নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৈঠকের পর বলেন, ‘‘আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বদলেছে। রাশিয়ার প্রতি তাদের অবস্থান কঠোর হয়েছে। আমার মতে, তা যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” সূত্র: রয়টার্স




ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

ক্রীড়া ডেস্ক : ৪০ বছর পর বিশ্বকাপে ফিরে স্বপ্নের শুরুটা ভালো হয়নি ইরাকের। নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ১-৪ গোলে হেরেছে তারা। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় এসেছেন নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ড। তবে পরাজয়ের মধ্যেও একমাত্র গোল করে নজর কেড়েছেন ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন।

তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, জীবনের কঠিন বাস্তবতার কারণেও আলোচনায় এই ৩০ বছর বয়সী ফুটবলার। শৈশবে ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছিল তাকে। ২০০৮ সালে, মাত্র ১২ বছর বয়সে আল-কায়েদার হামলায় নিহত হন তাঁর বাবা, তিনি ছিলেন ইরাকি সেনাবাহিনীর সদস্য। পরিবারের ওপর নেমে আসে গভীর শোক।

এর কিছুদিন পর আরও বড় আঘাত আসে, অপহরণ করা হয় তাঁর ভাইকে, যার আজও কোনো খোঁজ মেলেনি। পরপর এই দুই বিপর্যয়ে ভেঙে পড়েছিলেন আয়মেন। এমনকি একসময় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিলেন কাঁধে।

তবে তাঁর মা তাকে ভেঙে পড়তে দেননি। ফুটবল চালিয়ে যেতে উৎসাহ দেন, আর সেখান থেকেই বদলে যায় আয়মেনের জীবন। ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন পেশাদার ফুটবলে। ২০১৩ সালে অভিষেকের পর ইরাকসহ তিউনিশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে তাঁর এই গোল শুধু একটি ম্যাচের পরিসংখ্যান নয়, বরং ইতিহাসের অংশ। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে গোল পেল ইরাক, আর সেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন আয়মেন।