হরমুজ প্রণালি ফের চালুর আশা, বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতার ইতিবাচক আশ্বাসে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়ার ইঙ্গিতে মঙ্গলবার তেলের দাম কমে গত তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় নেমে আসে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলে দাম প্রায় পাঁচ শতাংশ কমে আসি ৮০ ডলারের নিচে নেমেছে। একই সাথে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম পাঁচ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল দাঁড়ায় ৭৬ ডলারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট উভয়েই আলোচনার অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। ওমানকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে চলমান এই সংলাপে চলতি সপ্তাহেই প্রণালীটি বাণিজ্যিক চলাচলের জন্য খুলে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। অর্থমন্ত্রী বেসেন্ট এক সাক্ষাৎকারে জানান, খুব দ্রুত এমনকি বুধবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে।

আন্তর্জাতিক বাজারের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় বিগত মাসগুলোতে বেশ অস্থিরতা দেখা দিয়েছিল এবং ভোক্তা পর্যায়েও জ্বালানির দর বৃদ্ধি পায়। বিশ্বজুড়ে দৈনিক ব্যবহৃত মোট খনিজ তেল ও এলএনজির প্রায় পাঁচভাগের একভাগ সরবরাহ করা হয় এই হরমুজ প্রণালি দিয়ে। দীর্ঘদিনের অচলাবস্থার পর এই সম্ভাব্য সমঝোতার খবরে বিশ্ববাজার সাময়িক স্বস্তি পেয়েছে, যদিও কোনো পক্ষই প্রস্তাবিত চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ্যে আনেনি।




নারী কেলেঙ্কারি ও ব্যাংক কর্মকর্তা অপহরণের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া এবং এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান। গুরুতর এই অভিযোগ ওঠার পর তাকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দলটির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে এই নোটিশ জারি করা হয়।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে তথ্য-প্রমাণসহ লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে এনসিপি বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব রিগান হোসেন জানান, দলের নীতি অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে তা স্বচ্ছতার ভিত্তিতে যাচাই করা হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তথ্য-উপাত্ত পর্যালোচনার কাজ চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযুক্ত শওকত ইমরানের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সূত্রপাত হয় গত সোমবার (৩ আগস্ট), যখন শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক নারীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই তার বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ সামনে আসে। গত শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে শওকত ইমরানের বিরুদ্ধে। এসব ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাৎক্ষণিক ব্যবস্থা নিল।




অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে: হান্নান সরকার

ক্রীড়া ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর অবস্থানে অস্ট্রেলিয়া তো এমনি এমনি হয়নি। ঘরের মাঠে গত আড়াই বছরে ১৫ টেস্টের মধ্যে জিতেছে ১১টিতেই। অজিদের তাদের ডেরায় হারাতে তাই করতে হবে বিশেষ কিছুই। হান্নান সরকারের মতে, ‘অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারে।’

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে দলে থাকা কোনো ক্রিকেটারেরই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। এর মধ্যে ইনজুরির কারণে পেসার নাহিদ রানাকে না পাওয়ায় বড় ধাক্কা খেয়েছে দল। এ অবস্থায় পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসান।

মিরপুরে মঙ্গলবার (৪ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হান্নান বলেন, ‘৭০ রানে ৭ উইকেট! আমার মনে হয় এটা কঠিন। অসম্ভবই বলব। কারণ, এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে, তারা কখনো খুব বেশি বোলিং করেছে আমি বলব না। যেমন ইবাদত, খালেদ, তাসকিন যারাই আছে, এমনকি মুশফিকের কথা যদি বলি। পেস বোলারদের কথাই বিশেষ করে বলতে হচ্ছে।’

হান্নান উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান ব্যাটিং লাইনআপের কথাও। বাংলাদেশ সিরিজের দলে থাকা ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, অ্যালেক্স ক্যারিরা এ বছরের শুরুতে অ্যাশেজে ভালো ব্যাটিং করেছেন। হেড ঘরের মাঠে অ্যাশেজে সর্বোচ্চ ৬২৯ রান করেছেন। তিনটি ফিফটির তিনটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। হান্নান বাস্তবতা মেনে নিচ্ছেন। একই সঙ্গে তার আশা, তাসকিনরা চাইলে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে পারেন।

মিরপুরে আজ সাংবাদিকদের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ বলেন, ‘৭০ রানে ৭ উইকেট অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইনআপ, সেই ব্যাটিং লাইনআপের বিপক্ষে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করা, ৭০ রানে আউট করা খুবই কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। যদি এটা হয় তাহলে স্বপ্নপূরণের মতোই মনে হবে আমার কাছে।’

ডারউইন ও ম্যাকের মতো অচেনা দুই ভেন্যুতে বাংলাদেশ এবার খেলছে টেস্ট সিরিজ। এই ভেন্যুতে ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার কাছে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। এই ডারউইনে সর্বসাকল্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ ম্যাচ হয়েছে। অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই বাংলাদেশ দল আগেভাগেই চলে গেছে। ডারউইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় দেখা গেছে, কতটা কঠোর অনুশীলন করছেন ক্রিকেটাররা। ব্যাটার, পেসার, স্পিনার প্রত্যেকেই নেটে নিজেদের সেরাটা দিচ্ছেন।

হান্নানের মতে অস্ট্রেলিয়ায় ভালো করতে হলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ বলেন, ‘এ ধরনের পেস কন্ডিশনে কিন্তু বোলিং করার আলাদা একটা অভিজ্ঞতা প্রয়োজন। কোন লেংথে করতে হবে এবং কোন লেংথে থেকে কীভাবে ব্যাটারকে বিট করতে হবে। তাই ঐতিহ্যগত লেংথ আর এই কন্ডিশনের লেংথ কিন্তু আলাদা হয়। তাই এখানে মানিয়ে নেওয়াটা জরুরি।’

২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাঠে দুই টেস্ট বাংলাদেশ খেলেছিল খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে। সেই দলে ছিলেন হান্নান-হাবিবুল বাশার সুমনরা ছিলেন। সেই সুমন বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক। সেবার দুটি টেস্টই বাংলাদেশ হেরেছিল ইনিংসে। ডারউইন টেস্ট শেষ হয়েছিল চার দিনে। আর কেয়ার্নস টেস্টের ফল এসেছিল তিন দিনেই। আর সবশেষ মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়েছেন তাইজুল। সেই সিরিজে ১১ ও ৯ উইকেট নিয়েছেন রানা ও মিরাজ। যে রানা এবার নেই অস্ট্রেলিয়া সিরিজে।

প্রত্যেক দিনের পরিস্থিতি যাচাই করে বাংলাদেশের খেলা উচিত বলে মনে করেন হান্নান। আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় যে পাঁচ দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেক দিনেরটা আলাদাভাবে চিন্তা করা। উইকেটটা কেমন আচরণ করছে,সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা কাজে লাগাতে চাই। উদাহরণ হিসেবে আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে। দেখা গেল ডারউইনের উইকেটে একদম ট্রু বাউন্স যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নরমাল শটস খেলতে পারি।’

বোলারদের ফাঁদে যেন ব্যাটাররা না পড়েন, সেদিকেও সতর্ক করেছেন হান্নান। মিরপুরে আজ তিনি বলেন, ‘আমি ছাড়ার যে বিষয়টা বললাম, এখানে বিশ্বমানের বোলার যারা তারা কিন্তু লোভনীয় বল করে। মানে একদম মনে হয় যে হাফভলি বল। কিন্তু আসলে হাফভলি না। একটু দূরে ফেলা হয় এবং বাড়তি বাউন্সের সঙ্গে মুভমেন্ট থাকে। সেই জায়গায় বল ছাড়াটা, ওই ড্রাইভিং স্লটের বলটা ছাড়াটা খুব জরুরি। যদি আমি প্রচুর শট খেলতে থাকি, টেস্ট ক্রিকেটে যেটা হয়—একটা বোলার কিন্তু চায় তাকে তিনটা চারে মেরে ব্যাটার আউট হয়ে যাক। ব্যাটাররা যদি সেই লোভটা সামলাতে না পারে, তাহলেই কিন্তু একটা-দুইটা চার মেরে শটস খেলে আউট হয়ে যাওয়ার ভয়টা চলে আসে। সেই জায়গা থেকে আমাদেরকে রান করার ব্যাপারে ভাবতে হবে।’

২০২৩ সালের ডিসেম্বরে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল অস্ট্রেলিয়া। তখন থেকে শুরু করে নিজেদের ডেরায় ১৫ টেস্টের মধ্যে অজিরা জিতেছে ১১ ম্যাচ। অজিরা এই সময়ে হেরেছে তিন টেস্ট। এক টেস্ট ড্র হয়েছে।

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।




মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দলে সাব্বির

ক্রীড়া ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে আলোচিত তারকা হলেন সাব্বির রহমান রুম্মন।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানকে তরুণদের সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজে। দলের নেতৃত্বে থাকছেন এসএম মেহেরব হোসেন অহিন।

স্কোয়াডে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। এই সিরিজের মাধ্যমে তাদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি হবে।

মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ৮ আগস্ট এবং দ্বিতীয় ও শেষ ম্যাচ ১০ আগস্ট। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব হোসেন অহিন (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।




মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা

বিনোদন ডেস্ক : মার্ভেলের জনপ্রিয় সিনেমা স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম এ নেডের নানির চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রবীণ অভিনেত্রী মেরি এগিদা রিভেরা। ৮২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন মার্ভেল ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীরা।

সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড অভিনেত্রীর পরিবার ও স্বজনদের বরাতে জানায়, মেরি রিভেরা গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের হনুলুলুতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের এক সদস্য জানান, স্ট্রোক করার পর তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমায় অভিনয় করতে পেরে মেরি খুব গর্ব অনুভব করতেন।

সিনেমায় তার উপস্থিতি ছিল খুব অল্প সময়ের। তবে সেই দৃশ্যটি দর্শকদের বেশ আনন্দ দিয়েছিল। এক পর্যায়ে নেড ও এমজের সঙ্গে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডার-ম্যান কথা বলার সময় ঘরে ঢোকেন মেরি। এরপর নেডের মাধ্যমে তিনি স্পাইডার-ম্যানকে ছাদের কোণে থাকা মাকড়সার জাল পরিষ্কার করতে বলেন। এই দৃশ্যটি দর্শকদের হাসির খোরাক জুগিয়েছিল।

ওই দৃশ্যে অ্যান্ড্রু গারফিল্ড, টোবি ম্যাগুইয়ার, টম হল্যান্ড, জেনডায়া এবং জ্যাকব ব্যাটালনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন মেরি রিভেরা। অল্প সময় পর্দায় থাকলেও তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।

মেরির মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের স্পাইডার-ম্যান ভক্তরা তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

মেরি এগিদা রিভেরার জন্ম ১৯৪৩ সালের ২ জুন, ফিলিপাইনের ইলোইলোতে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন অবসরপ্রাপ্ত মিশনারি ছিলেন। মৃত্যুর পর তিনি স্বামী আলেজান্দ্রো রিভেরা, চার সন্তান, ১১ জন নাতি-নাতনি এবং চারজন পুতি-পুতনি রেখে গেছেন।




সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ

সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাফিজুর বলেন, “রাজশাহী থেকে ঢাকাগামী ‘সিল্কসিটি ট্রেনটি’ স্টেশনে পৌছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”

এদিকে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, “পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনটি সচল করা সম্ভব হবে।

ট্রেনটি ইতোমধ্যে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলেও জানান তিনি।




শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করে, তাহলে তা আদালতের রায়ের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগেও এ বিষয়ে সরকার গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছিল। যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি বলেন, আমরা আবারও সবাইকে স্মরণ করিয়ে দেব, কেউ যেন এ ধরনের কাজ না করেন। আদালতের নির্দেশনা মানা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

তিনি ব্যক্তিগত মতামত তুলে ধরে বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া ঠিক হতো না। কেউ যদি আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে তিনি আদালতেই গিয়ে সেই রায় চ্যালেঞ্জ করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আদালতের আদেশ বহাল থাকবে, ততক্ষণ সেটি সবাইকে মেনে চলতে হবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ বৃহস্পতির জামিন পাওয়ার তথ্য সরকার দুই-তিন দিন পর জানল কেন? একজন সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন এবং তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারছেন না।

তিনি বলেন, আমি বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেব এবং তার সঙ্গে কথা বলব। কেন এ ধরনের গ্যাপ হয়েছে, সেটি খতিয়ে দেখা হবে।

প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো আগের সরকারের প্রভাব রয়েছে এমন প্রশ্নের উত্তরে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে ১৫ বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যারা দায়িত্বে ছিলেন, তাদের সবাইকে একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রশাসনসহ নানা প্রতিষ্ঠানে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এখনো রয়েছেন। চাইলেই এত মানুষকে একসঙ্গে সরিয়ে ফেলা সম্ভব নয়। ১৫ বছরে বিভিন্ন স্তরে যারা উঠে এসেছেন, তাদের পরিবর্তে নতুনদের আনতে সময় লাগে।

তিনি আরও বলেন, শুধু বদলি করলেই হবে না, নতুন কর্মকর্তাদের দক্ষতা অর্জনেরও বিষয় রয়েছে। সরকার ধীরে ধীরে প্রয়োজনীয় পরিবর্তন করছে, তবে এমনভাবে নয় যেন রাষ্ট্রের সেবাদান ব্যবস্থা ভেঙে পড়ে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, চেষ্টা শুধু নয়, কাজও চলছে। তবে এমনভাবে পরিবর্তন করা হচ্ছে না, যেন ভঙ্গুর সিস্টেম আরও ধ্বংস হয়ে যায়। কারণ শেষ পর্যন্ত মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।




বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগের পিডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ডাল ও তৈলবীজ বিভাগের প্রকল্প পরিচালক (পিডি) ড. শফিকের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি পলিথিন ব্যাগ ক্রয়সংক্রান্ত একটি টেন্ডারে (টেন্ডার আইডি: #1307923) এমন কিছু যোগ্যতার শর্ত সংযুক্ত করা হয়েছে, যা নতুন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে নিরুৎসাহিত করতে পারে। বিশেষ করে ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত আরোপের কারণে প্রতিযোগিতা সীমিত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ সুবিধাভোগী কিছু প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেন। অভিযোগকারীদের দাবি, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে এ বিষয়ে জানতে ড. শফিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এদিকে, বিএডিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

ক্রীড়া ডেস্ক : নাহিদ রানার সাম্প্রতিক চোট সাইড স্ট্রেইন হলেও তাঁর শিনবোনেও ব্যথা আছে। ওদিকে অনেক দিন ধরে কাঁধের সমস্যায় ভোগা তাসকিন আহমেদকে যন্ত্রণা দিচ্ছে গোড়ালির বেড়ে যাওয়া হাড়ও।

বাংলাদেশ দলের দুই পেসার তাঁদের সমস্যাগুলো নিয়ে সম্প্রতি পার্থে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। এরপর তাসকিন চলে গেছেন ডারউইনে, আজ সেখানে টেস্ট দলের সঙ্গে অনুশীলনও করেছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের দলে না থাকা নাহিদ আজ ফিরে এসেছেন দেশে।

সাইড স্ট্রেইনের সমস্যা সময়ের সঙ্গে সঙ্গে সেরে যাবে। নাহিদের অস্ট্রেলিয়া যাওয়ার মূল উদ্দেশ্য ছিল শিনবোনের ব্যথা। ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে তিনি দেশে ফিরলেও ব্যথার বিষয়ে পার্থের চিকিৎসকের চূড়ান্ত মতামত এখনো পায়নি বিসিবির মেডিক্যাল বিভাগ। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এক–দুই দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় করানো স্ক্যান রিপোর্ট হাতে পাবেন তাঁরা। এরপরই জানা যাবে নাহিদের ব্যথার কারণ, ঠিক হবে নিরাময়প্রক্রিয়া।

ওয়ার্কলোড ম্যানেজ করে কাঁধের ব্যথা নিয়ে খেলে যাচ্ছেন তাসকিন। তবে বেশ কিছুদিন ধরে তিনি বেশি ভুগছেন ডান পায়ের গোড়ালির হাড় বেড়ে যাওয়ার ব্যথায়। এ ধরনের সমস্যা থেকে মুক্তির সম্ভাব্য একটি উপায় অস্ত্রোপচার। কিন্তু অস্ত্রোপচারে সমস্যার সমাধান সব সময় তো হয়ই না, খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় ক্যারিয়ারটাই পড়ে যেতে পারে হুমকির মুখে।

আর এ ধরনের অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে অনেক সময় বছরখানেক সময় লেগে যায়। তাসকিন একজন পেস বোলার, ৩১ বছর বয়সে এসে গোড়ালির অস্ত্রোপচার তাঁর জন্য ভালো কিছু না–ও বয়ে আনতে পারে।

গোড়ালির বেড়ে যাওয়া হাড় কেটে ফেলার ব্যাপারে তাই পুরোনো সিদ্ধান্তেই আছেন তাসকিন—অস্ত্রোপচারের ঝুঁকিপূর্ণ পথে যাবেন না। অস্ট্রেলিয়ার চিকিৎসকের পরামর্শও একই। ব্যথামুক্ত থেকে খেলা চালিয়ে যেতে এত দিনের মতো বিকল্প পন্থাতেই থাকতে হবে তাসকিনকে।

কাঁধ আর গোড়ালির ব্যথার কারণে এমনিতেই তাসকিন বিশ্রাম নিয়ে খেলেন। এ কারণে ম্যাচের মধ্যেও দুই স্পেলের মাঝের সময়ে তাঁর ফিল্ডিং পজিশন নিয়ে অনেক সময় কৌশলী থাকতে হয় অধিনায়ককে। এ ছাড়া নরম জুতা পরা, গোড়ালিকে আরাম দিতে জুতার ভেতর হিল কুশন ব্যবহার, প্রয়োজনে জুতার ভেতরের কাঠামো বিশেষভাবে বদলে ফেলা—এসবই ‘ওষুধ’ হিসেবে থাকছে তাসকিনের জন্য।




রোববারে তিন উপজেলার বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : চট্টগ্রামের বন্যাকবলিত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, সফরটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকেও তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সফরকালে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো গৃহহারা পরিবারগুলোর জন্য সরকারি উদ্যোগে নির্মিত নতুন বাড়িগুলো ক্ষতিগ্রস্তদের কাছে হস্তান্তর করবেন।

প্রশাসনের সূত্র জানিয়েছে, পুনর্বাসনের অংশ হিসেবে নির্মিত এসব নতুন বাড়ির কাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোর হাতে এসব ঘরের চাবি তুলে দেবেন। এ ছাড়া, তার এই সফরে দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলা এবং সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ইতোমধ্যে উপযুক্ত স্থান নির্বাচন করে হেলিপ্যাড প্রস্তুতের কাজ চলছে। সফরের একটি উল্লেখযোগ্য অংশে তিনি পশ্চিম বাঁশখালী এলাকা পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মাণ করা ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় প্রস্তুতি চূড়ান্ত করতে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে তাকে ও কমিটির সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছিল। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতিগুলো গুছিয়ে রাখা হচ্ছে। তবে সরকারের উচ্চপর্যায় থেকে চূড়ান্ত ও বিস্তারিত সরকারি কর্মসূচি হাতে পাওয়ার পর সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হবে।