৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি

ডেস্ক নিউজ : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে এই সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন চেয়ে কমিটির কাছে প্রস্তাবটি উপস্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, এ সম্প্রচারস্বত্ব ক্রয়ে মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।

প্রস্তাবের আওতায়, বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জন করবে। যার ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি বিভিন্ন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে।

কর্মকর্তারা জানিয়েছেন, কমিটি প্রস্তাবটির কারিগরি ও আর্থিক দিকসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে এটি অনুমোদনের সুপারিশ করেছে।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সাথে সরাসরি এই ক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

সরকারি সম্প্রচার সেবার মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক ক্রীড়ার বড় বড় আসর পৌঁছে দেওয়ার সরকারের অঙ্গীকারের প্রতিফলনই এই উদ্যোগ।

প্রক্রিয়াটি চূড়ান্ত হওয়ার পর, দেশব্যাপী ফুটবলপ্রেমীরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি সম্প্রচার এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।




আবারও এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার (৫ জুন) তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক দিনেই গৌতম আদানির সম্পদ প্রায় ২৫০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে। এই অভাবনীয় উত্থানের পর আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলার। এর মাধ্যমে তিনি ভারতের আরেক শীর্ষ ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং জাপানের সফটব্যাংক গোষ্ঠীর প্রধান মাসায়োশি সনকে পেছনে ফেলে ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করলেন। বর্তমানে আম্বানির সম্পদের পরিমাণ ৮ হাজার ৮০০ কোটি ডলার। অন্যদিকে, জাপানের শেয়ারবাজারে হঠাৎ বড় ধরনের পতনের কারণে মাসায়োশি সনের সম্পদ কমে ৮ হাজার ৭০০ কোটি ডলারে নেমে এসেছে।

ব্যবসায়িক পরিমণ্ডলে গৌতম আদানির এই আধিপত্য বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে। আদানির মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘আদানি পাওয়ার’ বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা পালন করে আসছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানির ১৬০০ মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি।

শুক্রবার আদানির মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছে তাদের পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘আদানি গ্রিন এনার্জি’। এটির শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া তাদের বিদ্যুৎ সঞ্চালন, মূল প্রতিষ্ঠান, বন্দর পরিচালনা ও বিদ্যুৎ উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। সব মিলিয়ে আদানির ছয়টি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য এখন প্রায় ১৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গত মাসে মার্কিন বিচার বিভাগ আদানির বিরুদ্ধে আনা একটি বড় ধরনের প্রতারণার অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই তার ব্যবসায় সুবাতাস বইতে শুরু করে। অভিযোগ প্রত্যাহারের পর থেকে এ পর্যন্ত তার সম্পদ প্রায় ১ হাজার কোটি ডলার বেড়েছে। এর আগে গত বছরের নভেম্বরে তার বিরুদ্ধে ২৫ কোটি ডলারের একটি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, সৌর বিদ্যুৎ সরবরাহের চুক্তি পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছে এবং সেই তথ্য গোপন করে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। তবে শুরু থেকেই আদানি ও তার সহযোগীরা এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

সূত্র: মার্কিন সাময়িকী ফোর্বস




বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা

বিনোদন ডেস্ক : প্রায়ই ভিন্ন ভিন্ন কারণে আলোচনায় থাকেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিশেষ করে ব্যক্তিজীবন নিয়ে তাকে ঘিরে আলোচনা শেষ নেই। এবার অভিনেত্রীকে নিয়ে চর্চা শুরু হয়েছে তার সর্বশেষ ফেসবুক পোস্ট ঘিরে।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুকে বিয়ের সাজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন অপু। যার ক্যাপশনে তিনি লিখেন, সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।

ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ রয়েছে। পুরো সাজে গলা, কান ও হাতে মানানসই গয়না যুক্ত করে তাকে অভিজাত ও বিয়ের সাজের আদলে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়।

তার এই পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রশংসা যেমন এসেছে, তেমনি দেখা গেছে নানা আলোচনা-সমালোচনাও। অনেকেই তার লুক ও স্টাইলের প্রশংসা করলেও কেউ কেউ সম্প্রতি শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন।

এর আগে, শুক্রবার শবনম বুবলী এক ফেসবুক পোস্টে জানান, তার ও শাকিব খানের সংসারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। তবে এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে, যেখানে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের প্রসঙ্গও উঠে আসছে। অপুর ব্যক্তিজীবন এবং শাকিব খানের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে আগে থেকেই দর্শক ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।




এবার বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক : সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার সভাপতিও নির্বাচিত হয়েছেন তিনি।

অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি। তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। তাই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন আপতত একজন। তিনি ফাহিম সিনহা।

রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।



চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

ডেস্ক নিউজ : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক (৫৪ বিজিবি) লে. কর্ণেল মো. মহিউদ্দিন ফারুকী প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, শনিবার দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে অংশ নিয়ে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব দেখা দেয়।

তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তার মধ্যে ‘লেফট-সাইডেড হেমিপেরেসিস’ (Left-sided Hemiparesis) জনিত উপসর্গ দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর বিজিবির অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বয়ে দ্রুত একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। দুপুর ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে তাকে চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যায়।

বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানায়, দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বাহিনী সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে। দুর্গম সীমান্ত এলাকাতেও সদস্যদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থা চালু রয়েছে। এরই অংশ হিসেবে অসুস্থ বিজিবি সদস্যকে সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম সিএমএইচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।




খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় খরা, আকস্মিক বন্যা, সংঘাত ও আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটির ৬৫ লাখের বেশি মানুষ এখন তীব্র খাদ্যসংকটের মুখে। এটা মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ। অনেক পরিবার জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে রাজধানী মোগাদিশুর আশ্রয়শিবিরে এলেও সেখানে ক্ষুধা ও দারিদ্র্যের চক্র থেকে মুক্তি পাচ্ছে না।

দেশটির মধ্যাঞ্চলের বুরহাকাবা এলাকার বাসিন্দা জয়নাব ইব্রাহিম টানা তিন বছর খরা দেখেছেন। বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে যায়, ফসল নষ্ট হয়, আর পানি ফুরিয়ে যায়। তার গ্রামে ক্ষুধা ও রোগ ছড়িয়ে পড়ে। এতে তার ১০ সন্তানের মধ্যে চারজন মারা যায়। তিনি বলেন, জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করেছি—শুকনো ঘাস বিক্রি করেছি, মাটি খুঁড়ে পানি তুলেছি। কিন্তু কিছুই অবশিষ্ট ছিল না। শেষ পর্যন্ত সন্তানদের বাঁচাতে পালিয়েই আসতে হয়েছে। এখন তিনি মোগাদিশুর কাহদা এলাকার একটি শিবিরে ছয় সন্তান নিয়ে ছোট্ট একটি অস্থায়ী ঘরে থাকেন।

এমন পরিস্থিতির শিকার ৭৭ বছর বয়সী আদান রোবলেও। দীর্ঘ খরায় তার জমির ফসল নষ্ট হয়ে যায়। এরপর গত মাসে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা হলে তার গ্রাম ভেসে যায়। ওই সময় এলাকাজুড়ে সরকারি বাহিনী ও আল-শাবাবের যুদ্ধ চলছিল, মাথার ওপরে ঘুরছিল ড্রোন।

তিনি বলেন, সবকিছু হারিয়ে খাবার ও পরিষ্কার পানি ছাড়া বেঁচে থাকা, আর চারদিক থেকে যুদ্ধ—এই বাস্তবতা খুব ভয়ংকর। নিরাপত্তাহীনতা ও সাহায্যের অভাবে তাকেও গ্রাম ছেড়ে পালাতে হয়। এখন মোগাদিশুতে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ অস্বাস্থ্যকর ও ভিড়াভিড়ি পরিবেশে বসবাস করছে। সেখানে পানি, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুযোগ নেই।

সবচেয়ে বড় সংকটে পড়েছে শিশুরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৯ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। অর্থের অভাবে প্রায় ৫০০ পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে অনেক শিশু চিকিৎসা পাচ্ছে না। আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, গত তিন মাসে কিসমায়ো হাসপাতালের বিশেষ বিভাগে ৭০০-এর বেশি শিশুকে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ১০ জন মারা গেছে।

এই সংকট আরও খারাপ হয়েছে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ফলে হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে জ্বালানি, খাদ্য ও পরিবহন খরচ বেড়ে গেছে। এটা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সম্প্রতি বলেন, জলবায়ু সংকট, সংঘাত আর বন্যা-খরা একসঙ্গে পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। অর্থের অভাবে সাহায্য সংস্থাগুলোও ঠিকমতো কাজ করতে পারছে না। সব মিলিয়ে সোমালিয়া এখন গভীর এক সংকটের মধ্যে রয়েছে, যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জন্যই প্রতিদিন সংগ্রাম করছে।




সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক :  সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী দল। এতে সাফের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না ঋতুপর্ণাদের।

শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ভারতকে পরাজিত করে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না। ভারতের কাছে ৩-১ গোলে হেরে গেছেন মারিয়া-ঋতুপর্ণারা। এ নিয়ে সাফে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

এর আগে ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বের সেই নিষ্প্রভ চেহারার বদলে আজ এক লড়াকু বাংলাদেশকে দেখা গেছে। ১২ ও ১৪ মিনিটে তহুরার গোল করার দারুণ সুযোগ মিস করা এবং ৪১ মিনিটে অল্পের জন্য বল পোস্টের বাইরে চলে যাওয়া এই মুহূর্তগুলো ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চালকের আসনে থাকতো বাংলাদেশই।

ম্যাচের ৪২ মিনিটে খেলার ধারার বিপরীতে ভারতের পেয়ারি সাসা গোল করে দলকে লিড এনে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে তহুরার নিখুঁত পাসে ঋতুপর্ণা চাকমার গোলটি ছিল বাংলাদেশের জন্য প্রাণসঞ্চারী। ১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের ফুটবলারদের চোখেমুখে ছিল ট্রফি জয়ের দৃঢ়তা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে। খেলা শুরুর মাত্র এক মিনিটের মাথায় ভারতের সানফিদার হেডে বল জালে জড়ালে ফের পিছিয়ে পড়ে বাংলাদেশ। গোল শোধে মরিয়া হয়ে ৫১ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য ক্রসবার উঁচিয়ে বাইরে চলে যায়। এরপর ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় এবং গোলরক্ষকের বীরত্বে আরও কয়েকবার গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের ৮১ মিনিটে রক্ষণভাগের ভুলে লিন্ডাকমের গোলটি কার্যত বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। শেষ দিকে সাগরিকা ব্যবধান কমানোর প্রাণান্তকর চেষ্টা করেও সফল হননি।

শেষ বাঁশি বাজার সাথে সাথে মাঠে একরাশ বিষণ্নতা নিয়ে লুটিয়ে পড়েন বাংলাদেশের মেয়েরা।




দেশের সব বিভাগে আগামী তিনদিন বৃষ্টির আভাস

ডেস্ক নিউজ : টানা তাপপ্রবাহে যখন রাজধানীবাসী ছিল অতিষ্ট। শুক্রবার (৫ জুন) রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি বৃষ্টি হওয়ার পর কমেছে তাপমাত্রা, ফিরেছে স্বস্তি। আগামী তিন দিন এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক শুক্রবার রাতে বলেন, “আজ যেমন বৃষ্টি হয়েছে, আগামী তিন দিন সারাদেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত হতে পারে।”

আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নরসিংদীতে দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এই সময়ে চুয়াডাঙ্গায় ৪৪, চাঁদপুরে ৩৯, টাঙ্গাইলে ৩২ ও শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে; ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সে কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।




ইসরায়েলি কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে ৬৫ হাজার মুসল্লি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। স্থানীয় সময় শুক্রবার (৫ জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এ মসজিদে জড়ো হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকে মুসল্লিদের ঢল নামে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মসজিদের আঙিনা ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বিধিনিষেধ ও বিভিন্ন বাধা অতিক্রম করেই বহু ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নিতে সেখানে পৌঁছান।
গত তিন বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আসা ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে আসছে ইসরায়েল। এর ফলে অনেক মুসল্লি সরাসরি মসজিদে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম পবিত্র এ ধর্মীয় স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে আল-আকসায় প্রবেশে আরোপিত বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়ে আসছেন।



শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শারলিন খান

বিনোদন ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ঘর আলো করে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করেছেন বুবলী।

শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে ট্যাগ করা এক পোস্টে কন্যাসন্তানের খবর নিশ্চিত করেন বুবলী। জানিয়েছেন, তাদের মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।

পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

বুবলী বলেন, আমার মেয়ে এখন বেশ ভালো ও সুস্থ আছে। গত ১১ মে (সোমবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার জন্ম হয়। বোনকে পেয়ে বেশ খুশি শেহজাদ।

খুব শিগগির কাজে ফিরবেন জানিয়ে তিনি বলেন, কাজে ফেরার তাগাদা তো আছেই। প্রযোজকরা অনেক টাকা লগ্নি করেছেন। মাতৃত্বকালীন সময়টাতে অনেকগুলো কাজ ঝুলে গেছে। তাই কিছুদিন বিশ্রাম শেষে খুব শিগগির কাজে ফিরব, যাতে কোনো নির্মাতাই ক্ষতিতে না পড়েন। আশা করছি, এ সময়টুকু তারা বিবেচনায় রাখবেন।

উল্লেখ্য, শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়। পরে সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মের বিষয়টি জানান দেন শাকিব-বুবলী দুজনেই।