সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, বিচারপতি মীর হাসমত আলীর হাত থেকে সম্মাননা পেলেন সুমন খান

স্টাফ রিপোর্টার : বাংলা ভাষা, সাহিত্য ও গবেষণায় অনন্য অবদানের জন্য স্মরণীয় ব্যক্তিত্ব জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর বাংলা একাডেমিতে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জুলাই ২০২৬) বিকেল ৩টায় শাহবাগে অবস্থিত বাংলা একাডেমির ড. মো. এনামুল হক ভবনের (আল মাহমুদ লেখক কর্নার) মিলনায়তনে জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন খান-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি। এ সময় তিনি দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে ন্যায়, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আহমেদ রনি জনাব সাব্বির‍্য্যান, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ। প্রধান আলোচক ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমেদ, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল; মো. শাকাওয়াত হোসাইন শুভ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যারেজ সলিউশন বিডি; এস. এম. মোর্তুজা আলম (বুলবুল), ম্যানেজিং পার্টনার ও সিইও, স্মার্ট লিভিং প্রপার্টিজ; অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; মো. জামাল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ফিমেল একাডেমি (বিএফএ); এবং শিক্ষক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অবিনাশ চন্দ্র মণ্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ও জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর ড. হামিদা খানম। সার্বিক সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মামুন।আলোচনা সভায় বক্তারা বলেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ শুধু একজন ভাষাবিজ্ঞানী নন, তিনি ছিলেন বাঙালির জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম পথিকৃৎ। তাঁর আদর্শ ও গবেষণাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, গবেষক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সকালের সময় ও গ্রিন টিভি-এর ক্রাইম রিপোর্টার খাইরুল ইসলাম আলম।আয়োজকদের মতে, ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র আদর্শভিত্তিক গবেষণা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং জ্ঞানচর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।




ইরান যুদ্ধের জেরে তেল কোম্পানির রেকর্ড মুনাফা, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ বাড়ছে

ইরান যুদ্ধের কারণে তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মুনাফা বেড়েছে; যদিও তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যাহত হওয়ার কারণে বিশ্বজুড়েই নানা সংকট সৃষ্টি হয়েছে।

 

ওয়াশিংটন পোস্টের সংবাদে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ তেল কোম্পানি এক্সনমোবিল ও শেভরনের মোট মুনাফা হয়েছে ২৬ দশমিক ৫ বিলিয়ন বা ২ হাজার ৬৫০ কোটি ডলার। তবে এই রেকর্ড আয়ের কারণে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক বেড়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, জ্বালানির বাড়তি দামের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা।

 

গত শুক্রবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে শেভরন জানিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১২ বিলিয়ন বা ১ হাজার ২০০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ৬ বিলিয়ন বা ৯৬০ কোটি ডলার বেশি।

 

একই সময়ে এক্সনমোবিলের মুনাফা হয়েছে ১৪ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৪৫০ কোটি ডলার, আগের বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণের বেশি।




অস্ট্রেলিয়া সফরের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : প্রায় আড়াই দশক পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের সফরের পর এই প্রথম সেখানে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অংশ নেবে টাইগাররা। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।

সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ১৩ আগস্ট ডারউইনে মাঠে গড়াবে প্রথম টেস্ট। দুই ম্যাচের এই সিরিজের শেষ লড়াই শুরু হবে ২২ আগস্ট, ম্যাকাইয়ে।

যদিও বহুল প্রতীক্ষিত এই সফরের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ শিবির। সাইড স্ট্রেনের চোটে আক্রান্ত হওয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন গতিময় পেসার নাহিদ রানা। তার অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রথম টেস্টের দলে নেই উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস এবং বাঁহাতি পেসার শরীফুল ইসলামও। দুজনই চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাদের মাঠে দেখা যেতে পারে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই লড়াইয়ে একমাত্র জয়ের স্মৃতি ২০১৭ সালে মিরপুরে। অন্য পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই ইনিংস ব্যবধানে হার মানতে হয়েছে টাইগারদের। তাই দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে এবার অতীতের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় রচনার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।




সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি জানান, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। তবে আমরা একসঙ্গে কাজ করলে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই স্বীকার করছি যে, অনেক সমস্যা আছে। সরকার নিশ্চয়ই এতটুকু প্রমাণ করতে পেরেছে যে, আমরা চেষ্টা করছি। সরকারের বয়স এখনো ছয় মাস হয়নি। এর মধ্যেই আমরা কয়েক দফা বৈঠক করেছি। প্রথমে আপনাদের সঙ্গে বসেছি, পরে ফোরামের সঙ্গেও আলোচনা করেছি। সেক্টরভিত্তিক সমস্যাগুলো নিয়েও আমরা কাজ করছি।’

আগের বৈঠকের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর অনেকগুলোরই সমাধান হয়েছে। আজকের বৈঠকেও নতুন কিছু সমস্যার কথা উঠে এসেছে। সেগুলো নিয়েও সরকার কাজ করবে।

তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে সরকার।

তাঁর ভাষায়, ‘আমরা যত বেশি বসতে পারব, তত বেশি আপনাদের সমস্যাগুলো জানতে পারব এবং সেগুলোর সমাধান করতে পারব।’

প্রধানমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান বেরিয়ে আসে। দীর্ঘ সময় ধরে খোলামেলা আলোচনা হলে কার্যকর সমাধান পাওয়া যায়। এ ধরনের সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তারা চলমান কার্যক্রমের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন।

সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখাও তুলে ধরেন ব্যবসায়ীরা। রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেয় সরকার।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




তীব্র গরমে কর্মঘণ্টা হারানোর শঙ্কা, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ঝুঁকিতে ঢাকা

ডেস্ক নিউজ : দক্ষিণ এশিয়াজুড়ে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে থাকায় সবচেয়ে ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চরম গরমের কারণে কর্মঘণ্টা হারানোর দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হলে আগামী কয়েক দশকে এই সংকট বহুগুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

‘বসবাসযোগ্য ভবিষ্যৎ: দক্ষিণ এশিয়ার শহরে চরম তাপের মধ্যে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি সুরক্ষার উপায়’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ঢাকায় তাপপ্রবাহের কারণে যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হবে, তা প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরির সমপরিমাণ। এটি ওই সময় রাজধানীর মোট বার্ষিক কর্মঘণ্টার প্রায় ৩ শতাংশের সমান। অর্থাৎ প্রচণ্ড গরম শুধু মানুষের কর্মক্ষমতাই কমিয়ে দিচ্ছে না, উৎপাদনশীলতা ও অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতির উন্নতি না হলে ২০৫০ সালে এই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ৭ লাখ ৮ হাজার পূর্ণকালীন চাকরির সমপরিমাণ। আর ২০৮০ সালে কর্মঘণ্টা হারানোর পরিমাণ বেড়ে হবে প্রায় ১৬ লাখ ৫০ হাজার পূর্ণকালীন চাকরির সমান। তখন তাপজনিত কারণে মোট কর্মঘণ্টা হারানোর হার ৭ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার আটটি বড় শহরের তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে। এসব শহরের মধ্যে রয়েছে ঢাকা, নয়াদিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, সুরাট ও বারানসি। বিশ্লেষণে দেখা গেছে, ২০৩০ সালে কলকাতায় প্রায় ৩ লাখ ৬০ হাজার এবং নয়াদিল্লিতে প্রায় ২ লাখ ৬৬ হাজার পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই দুই শহরের তুলনায় ঢাকার ক্ষতির পরিমাণ আরও বেশি হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতেও তাপপ্রবাহের প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে অতিরিক্ত গরমের কারণে দেশের অর্থনীতিতে আনুমানিক ১৩০ কোটি থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের প্রায় শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশের সমান। বিশেষ করে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে এই ক্ষতির মাত্রা আরও দ্রুত বাড়তে থাকে।

বিশ্বব্যাংক আরও বলেছে, বর্তমানে দক্ষিণ এশিয়ায় যে তাপপ্রবাহ দেখা যাচ্ছে, তা অতীতের তুলনায় অনেক বেশি ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র। ভারত, বাংলাদেশ ও নেপালের ৭০ কোটির বেশি মানুষ এমন অঞ্চলে বসবাস করেন, যেখানে বছরে অন্তত একদিন বাইরের তাপমাত্রা মানুষের সহনক্ষমতার সীমা অতিক্রম করে। আবার প্রায় ১২ কোটি মানুষ প্রতিবছর অন্তত এক মাস ধরে চরম তাপপ্রবাহের মুখোমুখি হন। ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি কর্মক্ষমতা ও জীবিকার ওপরও গুরুতর প্রভাব পড়ছে।

প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিবাচক উদ্যোগেরও প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, পানিসাশ্রয়ী যন্ত্রপাতি এবং উন্নত কর্মপরিবেশে বিনিয়োগের জন্য ২০১৬ সালে চালু হওয়া ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ শিল্পখাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর ফলে ২০২৫ সালের শেষ নাগাদ দেশে ২৭০টির বেশি কারখানা আন্তর্জাতিক লিড সনদ অর্জন করেছে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কার্যকর ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ কয়েকটি দেশের পোশাক খাতের রপ্তানিতে সর্বোচ্চ ৬৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে।

তাপপ্রবাহ মোকাবিলায় বিশ্বব্যাংক দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। উদাহরণ হিসেবে ভারতের আহমেদাবাদের ‘হিট অ্যাকশন প্ল্যান’-এর কথা উল্লেখ করে বলা হয়েছে, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সমন্বিত প্রশাসনিক উদ্যোগ এবং স্থানীয় প্রস্তুতির মাধ্যমে সেখানে তাপপ্রবাহজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, আগাম সতর্কীকরণ ব্যবস্থায় প্রতি ১ ডলার বিনিয়োগের বিপরীতে প্রায় ৫০ ডলারের সমপরিমাণ সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়।

এদিকে, জার্মান গবেষণা ও নীতি পরামর্শ প্রতিষ্ঠান অ্যাডেলফি গ্লোবালের পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি ও নির্মাণ খাতের শ্রমিকেরা বছরে গড়ে প্রায় ২৩ দশমিক ৭৫ কর্মদিবসের সমপরিমাণ কাজ হারাতে পারেন। বর্তমানে এই দুই খাতে কর্মঘণ্টা হারানোর হার ৬ দশমিক ২৮ শতাংশ হলেও ২০৩০ সালের মধ্যে তা বেড়ে ৯ দশমিক ৫৮ শতাংশে পৌঁছাতে পারে। বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন, কারণ তাঁদের অধিকাংশেরই স্বাস্থ্যবিমা, বেতনসহ ছুটি কিংবা আয়ের নিরাপত্তা নেই।

বিশ্লেষকদের মতে, চরম তাপপ্রবাহ শুধু অর্থনীতি নয়, দেশের সামাজিক বাস্তবতাকেও নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। কর্মঘণ্টা কমে যাওয়া, উৎপাদনশীলতা হ্রাস, স্বাস্থ্য ব্যয় বৃদ্ধি এবং আয় কমে যাওয়ার ফলে দারিদ্র্যের ঝুঁকি আরও বাড়তে পারে। তাই জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতায় শ্রমিক সুরক্ষা, তাপসহনশীল অবকাঠামো নির্মাণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং কর্মপরিবেশ উন্নয়নে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।




বিশ্ববাজারে এক দিনেই তেলের দাম বেড়েছে ১ ডলার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম শুক্রবার এক দিনেই ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশেষ করে ইরানের হরমুজ প্রণালিতে কয়েকটি তেলের ট্যাংকার ঘুরিয়ে দেওয়ার খবরে বিশ্বজুড়ে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সদ্য সমাপ্ত জুলাই মাসে তেলের বাজার গত মার্চের পর সবচেয়ে বেশি দাম বৃদ্ধির রেকর্ড করেছে।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১.২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০.১২ ডলারে এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.৩ শতাংশ বেড়ে ৮৪.৬৭ ডলারে দাঁড়িয়েছে। শুধু জুলাই মাসেই ব্রেন্ট ক্রুডের দাম ২৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২১ শতাংশ বেড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ‘গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর মতে, হরমুজের মতো গুরুত্বপূর্ণ পথে ভূ-রাজনৈতিক ঝুঁকি এখনও প্রবল। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বাণিজ্যিক মজুত ২০১৮ সালের পর এখন সর্বনিম্ন পর্যায়ে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। ইরানের ‘ফারস নিউজ’ জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস সম্প্রতি দুটি ট্যাংকার আটকে দিয়েছে এবং আরও চারটি পথ বদলাতে বাধ্য হয়েছে। শুক্রবার মাত্র দুটি বড় ক্রুড ক্যারিয়ার প্রণালিটি অতিক্রম করেছে।

অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হুমকি দিচ্ছে। এর জেরে ওই অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে জোট গঠনের চেষ্টা করছে সৌদি আরব। বৃহস্পতিবার ২৯টি পণ্যবাহী জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে।

হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করলেও ওমানের সাথে তাদের আলোচনা চলমান রয়েছে। তবে বিশ্বের অন্যান্য প্রান্তেও সংঘাত বাড়ছে। শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ভলগোগ্রাদ তেল শোধনাগারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। মিসরের দামিয়েত্তা বন্দরে হামলার কারণে সুয়েজ খালের জাহাজ চলাচলও ঝুঁকির মুখে পড়েছে। এসব সংকটের মাঝেও কাজাখস্তান দীর্ঘ সময় পর জর্জিয়ার বাতুমি বন্দর দিয়ে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীরা এখন যুদ্ধের চেয়ে জাহাজ চলাচলের তথ্যের ওপর বেশি নজর রাখছেন। মে মাসে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন ২ শতাংশ কমলেও রপ্তানি টানা দ্বিতীয় মাসের মতো রেকর্ড গড়েছে। অন্যদিকে, দাম বাড়ায় মে মাসে তেলের বৈশ্বিক চাহিদা সাড়ে ৩ শতাংশ কমেছে। রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, চলতি বছর তেলের দাম আরও বাড়বে এবং ২০২৬ সালে ব্রেন্ট ক্রুডের গড় দাম হবে ৮৫.২২ ডলার।




অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদির সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। এ সময় গ্রেফতার হওয়া ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জন রয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে এবং বেআইনিভাবে দেশ ত্যাগের চেষ্টার সময় ২৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনকে দেশে ফেরার আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস এবং বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন।




সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গুরুতর ত্রুটির কারণে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

ভ্রাম্যমাণ আদালত জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে রয়েল স্পেশালিস্ট হাসপাতাল এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, উভয় প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। এছাড়া মেডিকেল বর্জ্য যথাযথভাবে অপসারণ না করে অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছিল। প্যাথলজি ল্যাবেও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করা হয়নি, যা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এসব অনিয়মের দায়ে রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেডি কেয়ার জেনারেল হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে গুরুতর অনিয়ম শনাক্ত হওয়ায় সেটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে চলবে। অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ক্রীড়া ডেস্ক : টানা পঞ্চমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন।

শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের এই সাবেক তারকা ফুটবলার।

জানা যায়, সাফের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ফলে নির্বাচন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে গঠনতন্ত্র অনুযায়ী কোনো ভোটাভুটি ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে বিজয়ী ঘোষণা করে কংগ্রেস।

সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা যদি শূন্য পদের সমান বা কম হয়, তবে কংগ্রেসের অনুমোদনে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়। সেই ধারা বলেই আগামী এক মেয়াদের জন্য নিজের চেয়ার সুরক্ষিত করেছেন ৭১ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির পদটি নিজের দখলে রেখেছেন কাজী সালাউদ্দিন। তবে বয়সজনিত কারণে এবার তার প্রার্থিতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

কিন্তু গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সংস্থার এক বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছরের বয়সসীমার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। মূলত এই সংশোধনের মাধ্যমেই আবারও সাফের সর্বময় কর্তার আসনে বসার সুযোগ পেলেন সালাউদ্দিন।




ইনজুরি কাটিয়ে চমক দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পায়ের চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন। দুই ম্যাচের সিরিজ খেলতে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এর মধ্যেই এলো সুখবর। প্রথম টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।

জানা গেছে, পুনর্বাসন প্রক্রিয়া শেষে দ্রুত সেরে উঠায় শেষ মুহূর্তে তাকে দলে নেওয়া হয়েছে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে রোববার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিমান ধরবেন লিটন।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বাম পায়ের কাফের চোট থেকে সেরে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দলে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। চোটের কারণে গত জুন মাস থেকে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হয়েছে। রোববার তিনি ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।’