চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, মাঝপথে বাস থামিয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ : ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাভার পরিবহনের বাসচালক, তার সহকারী ও চালকের এক পরিচিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন বাসচালক মো. ইমরান (৩৫), তার সহকারী মো. মুসফেকুর রহমান জনি (২০) এবং মো. সুমন প্রামাণিক (৩০)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। নবীনগরের কাছাকাছি পৌঁছালে চালক ইমরান বাস চালানোর দায়িত্ব সহকারী জনির কাছে দিয়ে দেন। এরপর তিনি ওই নারীর সঙ্গে থাকা রুবেল নামে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে শ্রীপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেন। কিছুক্ষণ পর চালকও বাস থেকে নেমে যান। তখন বাসে সহকারী জনি ও সুমন প্রামাণিক অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, এরপর সুমনের সহায়তায় সহকারী জনি চলন্ত বাসে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় বাস থেকে নামিয়ে দেওয়া রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একাধিক দল রাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অভিযুক্ত বাসটি থামায়। পরে পুলিশ বাস থেকে ভুক্তভোগী নারীকে নিরাপদে উদ্ধার করে এবং জনি ও সুমনকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাসচালক ইমরানকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ৯৯৯ এ কল পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে নারীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। পরে পৃথক অভিযানে বাসচালককেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।




প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

ক্রীড়া ডেস্ক : নতুন মৌসুম শুরুর আগে বড় ধরনের সংকটে পড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। প্রশাসনিক অনিশ্চয়তা ও ঋণের চাপে গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত একজন নতুন খেলোয়াড়ও দলে ভেড়াতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটি।

সৌদি সংবাদপত্র আল-ইয়াওম–এর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে আল-হাজম ও আল-রিয়াদ ছাড়া আর কোনো ক্লাব দলবদলে এতটা নিষ্ক্রিয় নয়। যদিও গত কয়েক সপ্তাহে একাধিক তারকা ফুটবলারের সঙ্গে আল নাসরের নাম জড়িয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের বর্তমান সংকটের বড় কারণ প্রশাসনিক অচলাবস্থা। ক্লাব সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং মেয়াদ বাড়াতে আগ্রহী নন। ফলে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত ঝুলে রয়েছে।

প্রশাসনিক সংকটের পাশাপাশি আর্থিক সমস্যাও ভুগাচ্ছে আল নাসরকে। ঋণের চাপের কারণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও একাধিক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাচ্ছে না। স্প্যানিশ মিডফিল্ডার ও মায়োর্কার তারকা সামু কস্তাকে দলে নেওয়ার আলোচনা অনেক দূর এগোলেও বর্তমান পরিস্থিতিতে সেটিও আটকে আছে।

নতুন খেলোয়াড় দলে টানার বদলে ক্লাব এখন বিদ্যমান স্কোয়াড ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে ফুটবলার আবদুল রহমান গারিবের চুক্তি নবায়নের বিষয়টিও অগ্রাধিকার পাচ্ছে।

এদিকে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান চুক্তিরও আর মাত্র এক মৌসুম বাকি। নতুন চুক্তি না হলে আগামী বছরের জুনে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন, যা ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও প্রশ্ন তৈরি করছে।

নতুন মৌসুমে কোচিং স্টাফেও পরিবর্তন এসেছে। পর্তুগিজ কোচ হোর্হে জেসুসের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান কোচ আঞ্জে পোস্তেকগ্লু। তবে দলবদলে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় নতুন মৌসুমের আগে সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।




শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

ক্রীড়া ডেস্ক : শেয়ারবাজারে কারসাজি ও ২৫৬ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় আগামী ২৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই তারিখ ধার্য করেন।

২৭ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুর্নীতি দমন কমিশন-দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সরকারি পরিচালক আমিনুল ইসলাম নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন। গত বছর ১৭ মে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এ মামলার অপর আসামিরা হলেন- সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভির নিজাম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাবসমূহে (বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অসাধু, অনৈতিক ও অবৈধ উপায়ে ফটকা ব্যবসার মতো ধারাবাহিক লেনদেন, প্রতারণামূলক সক্রিয় লেনদেন ও অনুমাননির্ভর লেনদেনের মাধ্যমে বাজারে কারসাজি করতেন। তারা একটি সংঘবদ্ধ চক্র গঠন করে নির্দিষ্ট কিছু শেয়ারে ধারাবাহিকভাবে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে প্রতারণার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের সেই শেয়ারগুলোতে বিনিয়োগে প্রলুব্ধ করতেন। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ব্যাপকভাবে আর্থিক ক্ষতির শিকার হন এবং চক্রটি ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকারও বেশি আত্মসাৎ করে, যা অস্বাভাবিক মূলধন লাভ হিসেবে উপস্থাপন করা হলেও প্রকৃতপক্ষে ছিল অপরাধলব্ধ অর্থ। এর মধ্যে মো. আবুল খায়ের হিরু শেয়ারবাজার থেকে তোলা অর্থ থেকে ২৯ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ১৮৫ টাকা তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় বিভিন্ন খাতে স্থানান্তরের মাধ্যমে ‘মানি লন্ডারিং’ করেন।

হিরুর নামে থাকা ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি ৩১ লাখ ৫১ হাজার ৯৮২ টাকার ‘অস্বাভাবিক, অযৌক্তিক এবং সন্দেহজনক লেনদেন হওয়ার কথাও বলা হয়েছে মামলার এজাহারে। সেখানে বলা হয়েছে, হিরুর কারসাজি করা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেন। এতে তিনি মার্কেট ম্যানিপুলেশনে সক্রিয়ভাবে যোগ দেন এবং সাধারণ বিনিয়োগকারীদের ওই কারসাজিকৃত শেয়ারে বিনিয়োগে প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করে তাদের ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে অপরাধলব্ধ আয় হিসেবে শেয়ারবাজার হতে উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন।




বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানালেন মনিরা মিঠু

বিনোদন ডেস্ক : বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, নিজেও একজন ভাড়াটিয়া হিসেবে প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, প্রায় প্রতি বছরই বাড়িভাড়া বাড়ানো হয়। অথচ বাসার রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়।

তিনি জানান, অনেক বাসায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হয়। এরপরও নিয়মিত বাড়িভাড়া বাড়ানো হয়, কিন্তু মানুষের আয় সেই হারে বাড়ে না। ফলে সীমিত আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভাড়ার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

মনিরা মিঠু আরও বলেন, ২০২৬ সালেও অনেক আবাসিক ভবনে রাত ১১টার পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরে ফিরলে অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু তখন প্রশ্ন আসে, চোর-ডাকাত বা অপরাধীরা কীভাবে প্রবেশ করে? তখন এসব নিয়ম-কানুন কোথায় থাকে?

বাড়িওয়ালাদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, আমার একটাই অনুরোধ, একটু মানবিক হোন। ভাড়াটিয়াদেরও মানুষ হিসেবে মূল্যায়ন করুন। তাদের প্রতি সহনশীল ও সহানুভূতিশীল আচরণ করুন।




আগে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা, এরপরই পে-স্কেল নিয়ে আলোচনা: ববি হাজ্জাজ

ডেস্ক নিউজ : আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই শিক্ষকদের পে-স্কেল ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা শুরু হবে বলে তিনি জানান।

রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের বাস্তব পরিস্থিতি এবং উন্নত বিশ্বের শিক্ষাব্যবস্থার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাখাতে বড় ধরনের সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। শিক্ষক সংকট নিরসনে সিলেট বিভাগে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে দেশব্যাপী বিস্তৃত করা হবে।

এছাড়া দেশের বেসরকারি বিদ্যালয়গুলোকে একটি সুনির্দিষ্ট ও সমন্বিত নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি দেশের সব চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়গুলোতে খুব শীঘ্রই পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।




মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। এ কারণে সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। এরপর সারাদেশে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজনের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এ আয়োজন একটি কার্যকর ও টেকসই ভিত্তি রচনা করবে। দেশের ক্রীড়া বিকাশে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, আজকের শিশু-কিশোর তারুণ্যই আগামীর বাংলাদেশ। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, পরিচর্যা ও বিকাশের একটি কার্যকর জাতীয় কাঠামো গড়ে উঠছে। তার বিশ্বাস, এ কর্মসূচি ভবিষ্যতের জাতীয় দল ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদ তৈরির একটি শক্তিশালী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তারেক রহমান বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার হলো দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা। সে লক্ষ্যেই প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি, যেখানে প্রতিভা, পরিশ্রম ও যোগ্যতাই হবে সাফল্যের একমাত্র মানদণ্ড।

প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’কে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। এতে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০ হবে। একই সঙ্গে অধিকসংখ্যক প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে সম্প্রসারণ করে ১০-১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র এই খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবের সঙ্গে বহন করবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবে। পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে আরও সুপ্রতিষ্ঠিত করবে।

পোস্টের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে অংশগ্রহণকারী সব খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং এ উদ্যোগ বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।




৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

আন্তর্জাতিক ডেস্ক : ‘মরুভূমির জাহাজ’ খ্যাত উট তীব্র তাপমাত্রার কাছে হার মানছে। উত্তর আফ্রিকা ও হর্ন অব আফ্রিকায় চরম তাপপ্রবাহের কারণে উটের মৃত্যুহার বেড়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে সহ্য করতে পারলেও, বর্তমানে সাহারার অনেক অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় এই প্রাণীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।

ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আফার অঞ্চল বিশ্বের অন্যতম উষ্ণ স্থান। এখানকার সেমেরা অঞ্চলের উট পালনকারী আলী উমর (৪০) বিবিসিকে বলেন, আমি আমার উটগুলোকে চরম যন্ত্রণায় ভুগতে দেখছি। প্রায় ৫০০ উটের মালিক উমর জানান, তীব্র গরমে উটগুলোর পায়ে ফোসকা পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে। বালুর প্রচণ্ড উত্তাপে বসার সময় তাদের চামড়া পুড়ে যাচ্ছে এবং লোম ঝরে যাচ্ছে। গত এক মাসে গরমে তার আটটি উটের বাছুরের মৃত্যু হয়েছে।

শুধু ইথিওপিয়ায় নয়, সোমালিয়া ও কেনিয়াতেও একই চিত্র দেখা যাচ্ছে। কেনিয়ার মারসাবিট কাউন্টির পশুচিকিৎসক হাসান নুয়া গুইয়ো জানিয়েছেন, গত দুই বছরে ওই অঞ্চলে গরমের কারণে উটের মৃত্যু ১৫ শতাংশ বেড়েছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে উটগুলো হাইপারথার্মিয়াসহ নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বিজ্ঞানী ড. মোহাম্মদ বেঙ্গুমি জানান, সাহারার অনেক জায়গায় এখন তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। তাপমাত্রার এই চরম বৃদ্ধির ফলে উটের শারীরিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

আলজেরিয়ার ঘারদাইয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদেলমাজিদ চেহমা বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে ৪১ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা তাদের কোষগুলোকে সরাসরি আক্রমণ করে। এই চাপের মুখে উটের শ্বেত রক্তকণিকা ক্ষতিগ্রস্ত হয়। কোষগুলো নিজেকে মেরামত করতে না পেরে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। এর ফলে বিপাক প্রক্রিয়া ধীর হয়ে অবসাদ ভর করে।

তীব্র দাবদাহের কারণে ইথিওপিয়ার খামারিরা বাধ্য হয়ে দক্ষিণের দিকে সরে যাচ্ছেন। উট পালনকারী আলী উমর এখন বড় উটগুলোকেও হারানোর ভয়ে আছেন। অধ্যাপক চেহমা বলেন, উট মরুভূমির মানুষের টিকে থাকার শেষ অবলম্বন। কিন্তু বর্তমান তীব্র তাপপ্রবাহ তাদের শরীরের স্বাভাবিক কার্যক্ষমতাকে যেভাবে ধ্বংস করছে, তাতে এই প্রাণীটি এখন জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ শিকারে পরিণত হয়েছে।




ব্যর্থ ও ক্লান্ত হয়েই ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক : টানা প্রায় দুই সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র সামরিক অভিযান আপাতত স্থগিত রাখায় এটিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির দাবি, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে।

রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট কৌশল দেখা যাচ্ছে না। তাদের সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের কৌশলগত ক্লান্তি স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করার চেষ্টাও সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি।

আকরামিনিয়ার ভাষ্য, যুদ্ধের পরিসর এখন লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেখানে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবমুখী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দীর্ঘায়িত করতে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকানি দিচ্ছে এবং তাকে ভুল তথ্য সরবরাহ করছে।

মোহেবির দাবি, গত দুই সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ওয়াশিংটন জর্ডানসহ কয়েকটি ঘাঁটিতে হামলা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানায়, টানা প্রায় দুই সপ্তাহের সামরিক অভিযান শেষে আপাতত হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার পাশের একটি খোলা জায়গা থেকে মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া টাইলস মসজিদসংলগ্ন গলিতে জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন মমতাজ। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি খোলা জায়গায় চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের হাতে কামড়ের দাগ রয়েছে। ঘটনাস্থলের পাশে জুতা ও ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

একই বাড়ির ভাড়াটিয়া ইমরান জানান, মমতাজ আগে স্বামীর সঙ্গে খোলামোড়া মডেল টাউন এলাকায় থাকতেন। সম্প্রতি স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর তিনি বড় বোন খুশি ও ভগ্নিপতি ইউনুস মিয়ার সঙ্গে একই এলাকায় বসবাস শুরু করেন। শনিবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের সৎমা সাহিদা খাতুন বলেন, ঘটনার সময় মমতাজের বড় বোন ও ভগ্নিপতি গ্রামের বাড়িতে ছিলেন। তাই তিনি বাসায় একাই ছিলেন। পরিবারের অমতে নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করায় পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। ওই স্বামীও চার মাস আগে তাকে ছেড়ে চলে যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক হিসেবে ফিরেছেন সৌম্য সরকার। প্রায় পাঁচ বছর পর সাদা পোশাকে জাতীয় দলে জায়গা পেয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার।

সর্বশেষ ২০২১ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন সৌম্য। এরপর দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে তাকে নিয়ে আস্থা রেখেছেন নির্বাচকেরা।

চোটের কারণে প্রথম টেস্টে থাকছেন না নিয়মিত উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। এছাড়া নতুন মুখ হিসেবে স্কোয়াডে রয়েছেন তরুণ পেসার মুশফিক হাসান।

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২১ থেকে ২৫ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

মূল সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সফরের উদ্দেশ্যে আগামী ৩১ জুলাই দেশ ছাড়বে শান্তর দল।

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।