ভারতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপ জার্সি প্রকাশে সামনে রোহিত শর্মা

খেলাধুলা ডেস্কঃ ভারতের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছেন রোহিত শর্মা। তিনি এই বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন। ভারতের গত টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে দল চ্যাম্পিয়ন হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে রোহিতের সঙ্গে ছিলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা এবং বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া।

রোহিত বলেন, আমরা ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। তার পরের বিশ্বকাপ জিততে আমাদের ১৫ বছরেরও বেশি অপেক্ষা করতে হয়েছে। একটা দীর্ঘ যাত্রা ছিল আমাদের। যে পথে ছিল অনেক উত্থান-পতন। গত বার আবার ট্রফি জেতার অনুভূতি দুর্দান্ত ছিল।

তিনি আরও বলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। আশা করছি খুব উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হবে। দলের জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। আমি নিশ্চিত সকলেই দলের পাশে থাকবেন, সমর্থন করবেন। আমাদের ক্রিকেটারেরাও নিজেদের সেরাটা উজাড় করে দেবে।

ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠেই হয় জার্সি উন্মোচন অনুষ্ঠান। রোহিত এবং তিলকের হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেয় ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর সংস্থা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলছেন মুম্বইয়ের হয়ে। ফলে তিনি যোগ দিতে পারেননি।




পাকিস্তানকে কম রানেই থামিয়েও জিততে পারলো না মেয়েরা

খেলাধুলা ডেস্কঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে মাত্র ৮৮ রানে আটকে দিয়ে ১৩ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বুধবার কক্সবাজার একাডেমি মাঠে পাকিস্তানের দেয়া ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে হাতের নাগালে থাকা সহজ লক্ষ্যটা স্পর্শ করতে পারল না স্বাগতিকরা।

৮৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন শীর্ষ চার ব্যাটার। এরপর অরিত্র নির্জনা মণ্ডল (২০) এবং সাদিয়া আক্তার (১৬) বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন।

শেষদিকে ববি খাতুন ১৩ রান করে কিছুটা আশা জাগালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাকিস্তানি বোলারদের দাপটে ১৮.৫ ওভারে ৭৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

পাকিস্তানের জয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন শাহর বানু ও রোজিনা আকরাম। শাহর বানু ৩টি উইকেট শিকার করেন। অন্যদিকে রোজিনা ৪ ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ৮৮ রানেই অলআউট হয় তারা। তবে দলের বিপর্যয়ের মুখে ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক ইমা নাসির। তিনি ৪১ বলে ৩০ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন। এছাড়া আরিশা আনসারি ২৩ বলে ২২ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন জারিন তাসমিন লাবণ্য। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে তিনি তুলে নেন ২ উইকেট। সমানসংখ্যক উইকেট শিকার করেন হাবিবা ইসলাম পিংকিও।




হামজাদের তিন ম্যাচের আয় প্রকাশ করল বাফুফে

খেলাধুলা ডেস্কঃ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিনটি হোম ম্যাচ খেলেছে, যা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয় করেছে ৪ কোটি টাকা।

বুধবার বাফুফের নির্বাহী সভা শেষে তিন ম্যাচের আয় প্রকাশ করলেও ব্যয় জানাতে পারেনি ফেডারেশন।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে ১ কোটি ১৫ লাখ টাকা, বাংলাদেশ-হংকং ম্যাচে ১ কোটি ২ লাখ ৭ হাজার ৮৭৪ টাকা। বাংলাদেশ-ইন্ডিয়ার ম্যাচে ১ কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে। এরপরেও আরও কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলো আমরা পরবর্তীতে জানাব।

আজকের সভার অন্যতম আলোচ্যসূচি ছিল এশিয়া কাপ বাছাইয়ের তিন ম্যাচের আয়-ব্যয়। আয় জানানো হলেও ব্যয় নয় কেন। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ হয়েছিল। ৬ মাস হতে চললেও কেন ব্যয় জানা যাবে না-এই প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘ব্যয় নিয়ে কাজ চলছে। আপনারা বলেছেন এজন্য আয় জানালাম।’

উল্লেখ্য, হামজা-শমিতরা আসায় দেশের ফুটবলে নতুন করে তৈরি হয়েছে জোয়ার। সেইসঙ্গে জাতীয় দলে যুক্ত হয়েছেন জায়ান আহমেদ, ফাহামেদুল ইসলাম, কিউবা মিচেলের মতো ফুটবলাররা। যে কারণে দেশের ফুটবলে ফিরেছে প্রাণ।




নাতনি-বিয়ের ধারণা পুরোনো’—জয়ার স্পষ্ট মন্তব্য

বিনোদন ডেস্কঃ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে পাঁচ দশকের দাম্পত্যজীবন তার। তিনিই এবার বিয়েকে ‘পুরোনো ধারণা’ বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় অভিনেত্রী।

জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক।

তিনি আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ—এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।

অমিতাভের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কি একই ছিল, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন, আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না।

যদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনো ভক্তদের আগ্রহ কম নয়।

বিগ বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতোই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে? জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন, আগে বিয়ে করো, তারপর যাও। বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন দুজনে। পরদিনই উড়াল দেন লন্ডনে।

প্রসঙ্গত, জয়া বচ্চন মানেই যেন বিতর্ক! সম্প্রতি পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসিয়ে ফের বিতর্কের মুখে পড়েন বিগ বি ঘরনি। এবার বিয়েকে পুরোনো ধারণা বলায় চটেছেন নেটিজেনদের একাংশ।




চমক নিয়ে আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

বিনোদন ডেস্কঃ জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ ইতোমধ্যে সাংবাদিক ও সমালোচকদের জন্য প্রদর্শিত হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রদর্শনী শেষে সমালোচকদের প্রতিক্রিয়া স্পষ্ট নতুন অ্যাভাটার আবারও ঝড় তুলতে প্রস্তুত।

সমালোচক কোর্টনি হাওয়ার্ড বলেছেন, ‘অ্যাভাটার ৩ মনে করিয়ে দেয় কেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা জরুরি। সিরিজের নতুন কিস্তিটি আগের কিছুর পুনরাবৃত্তি নয়। এটি একদম নতুন অনুভূতি। জেমস ক্যামেরনের কাজ এখনও দুর্দান্ত।’

সমালোচক শান তাজিপুরও বলেছেন, ‘অ্যাভাটার: ফায়ার এন্ড অ্যাশ’ ছবির প্রতিটি দৃশ্যে ক্যামেরন মুগ্ধতা ছড়িয়েছেন।

কলাইডারের পেরি নেমিরফ লিখেছেন, সিনেমা দেখে পানডোরার জগতে আবার ঢুকে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। ফিল্ম লেখক মাইকেল লি বলেছেন, গল্প কিছুটা কম আকর্ষণীয় হলেও ভিজ্যুয়াল ও অ্যাকশন অবিশ্বাস্য। নতুন উপজাতি ও পানডোরার গভীর খোঁজ সিনেমাটিকে আরও আকর্ষণীয় করেছে।

নতুন সিনেমাটি আগের পর্বের পরবর্তী কাহিনি। সুল্লি পরিবার তাদের সন্তান নেটেয়ামের মৃত্যু নিয়ে শোক করছে। নতুন বিপদ আসে আগুন উপজাতির মাধ্যমে। সিনেমার প্রধান চরিত্রে থাকছেন স্যাম ওয়ার্থিংটন, জো স্যালদানা, সিগরনি উইভার, স্টিফেন ল্যাং এবং কেট উইন্সলেট।

জেমস ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমার ব্যবসায়িক সাফল্যের ওপর নির্ভর করছে অ্যাভাটার সিরিজের ভবিষ্যৎ। মূল ‘অ্যাভাটার’ সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এরপরের ছবিটি ভালো আয় করলেও প্রথমটির রেকর্ড ভাঙতে পারেনি। নির্মাতা প্রত্যাশা করছেন, তৃতীয় কিস্তি দিয়ে বাজিমাত করবেন তিনি।




টলিউডে প্রথমবার ট্যাঙ্গোতে মিমি–সোহমের নাচ

বিনোদন ডেস্কঃ বাংলা সিনেমায় প্রথমবার ট্যাঙ্গো নাচ আসছে নন্দিতা রায়–শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’–এ। জানুয়ারিতে মুক্তি পেতে চলা এই ভৌতিক–কমেডি ঘরানার ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ট্যাঙ্গো নাচে অংশ নিয়েছেন অভিনেতা সোহম মজুমদার—যাকে এত দিন কোনও বাংলা বা হিন্দি ছবিতেই নাচতে দেখা যায়নি।

এ নিয়ে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় বলেন, শুটিংয়ের আগে-পরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যা নিজেই চমকপ্রদ। নাচ নিয়ে সোহমকে দারুণ পরিশ্রম করতে হয়েছে।সোহম জীবনে নাচেননি বললেই চলে। তবু ট্যাঙ্গো শেখার জন্য নৃত্যপরিচালক মঙ্গেশ থেড়করের কাছে দীর্ঘ সময় প্রশিক্ষণ নেন তিনি।

শুটিংয়ের আগের দিন শহরে জলাবদ্ধতার মধ্যেই ভিজে এসে ফাইনাল রিহার্সাল করেন সোহম। পরদিন প্রচণ্ড জ্বর নিয়েও শুটিংয়ে এসে প্রথম টেকেই ‘ওকে’ দেন তিনি।

অভিনেত্রী স্বস্তিকা দত্তও শুটিং চলাকালে চোখের সমস্যায় ভুগছিলেন। তবু দলের সবাই কাজ শেষ করেছেন।

আর্জেন্টিনা ও উরুগুয়ের জনপ্রিয় নাচ ট্যাঙ্গোকে কেন্দ্র করে সাজানো এই গানের দৃশ্যে মিমি, সোহম, স্বস্তিকা, বনি সেনগুপ্তসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে পার্টির সাজে দেখা যাবে।

ছবির প্রথম গান ‘তুমি কে’ শুক্রবার প্রকাশিত হচ্ছে। গীতিকার–সুরকার–গায়ক অনুপম রায় জানান, ভৌতিক ছবির গান বলে যে গা–ছমছমে আবহ থাকবে—সেটি এখানে নেই। করোনাকালে বানানো একটি গানই নন্দিতা–শিবপ্রসাদের পছন্দ হয়, পরে তা সৃজিতা মিত্রকে নিয়ে রেকর্ড করা হয় ছবির জন্য।




প্রাণী নির্যাতন রুখতে সচেতনতার বার্তা দিলেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে আটটি কুকুরছানা পুকুরে ফেলে হত্যার ঘটনায় গভীর রাতে ভাড়া বাসা থেকে নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী দায়ের করা মামলায় তিনি একমাত্র আসামি। ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র নিন্দা।

এই নিষ্ঠুর ঘটনার পর নিজের ভেরিফায়েড পেজে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। তিনি লেখেন, সরকারি চাকুরে স্ত্রী হলেই যা খুশি করার অধিকার নেই, এই গ্রেপ্তারই তার প্রমাণ। আটটি নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলা শুধু নিষ্ঠুরতা নয়, মানুষ হিসেবে আমাদের লজ্জা।

তিনি আরও বলেন, প্রাণীরা কথা বলতে পারে না বলে যাদের মনে হয় তাদের ওপর যা ইচ্ছা করা যায়। এখনই সাবধান হওয়ার সময়। দেশের মানুষ আর আইন কেউ আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কঠোর হবে, আরও কড়া হবে।

প্রাণী নির্যাতন বন্ধে সচেতনতার আহ্বান জানিয়ে পিয়া বলেন, প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীর ওপর শক্তি দেখানোর দিন শেষ, এখন জবাবদিহির সময়।

গত রবিবার সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে থাকা আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে নিশি খাতুনের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শহরজুড়ে তোলপাড় শুরু হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং মঙ্গলবার তার পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয়। পরে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ নিশিকে গ্রেপ্তার করে।

এদিকে সন্তান হারিয়ে অসুস্থ হয়ে পড়া মা কুকুরটিকে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্তে ঢাকার একটি বিশেষ প্রাণী অধিকার সংগঠনের দল ইতিমধ্যে ঈশ্বরদীতে পৌঁছেছে।




লালমনিরহাটে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মসূচি পালন

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের মূল ফটকে তারা এ কর্মসূচি পালন করেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, লালমনিরহাটের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে আসলেও সরকার এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন করেনি। অথচ আমরা চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। চিকিৎসকদের মতোই দায়িত্ব পালন করলেও আমরা আমাদের ন্যায্য গ্রেড পাচ্ছি না।

বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

পূর্ব-ঘোষিত ০৪-১২-২০২৫ ইং (বৃহস্পতিবার)। পূর্ন কর্মদিবস বিরতি (কমপ্লিট শাটডাউন) কর্মসূচি পালন করা হবে। তারা সরকারের প্রতি দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।

কর্মসূচিতে লালমনিরহাট জেলা ও উপজেলা পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও ল্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবে জরুরি বিভাগ ও ইনডোর সেবা চালু ছিল।




শক্তি, সক্ষমতা ও পারফরম্যান্সে প্রতিদিন এগিয়ে রাখতে উন্মোচিত হয়েছে অপো এ৬

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো আজ আনুষ্ঠানিকভাবে অপো এ৬ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। আজকের দ্রুতগতি-সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী নতুন প্রজন্মের লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যারা দীর্ঘস্থায়ী পাওয়ার, সুরক্ষিত ও প্রতিটি মুহূর্তের সাথে তাল মেলাতে পারে এমন পারফরম্যান্স চান, তাদের জন্য অপো এ৬ নিয়ে এসেছে নতুন মানদণ্ড। ও’ ফ্যানস ফেস্টিভাল ২০২৫-এর পূর্ণ উত্তেজনার মধ্যেই সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা-লার্জ ব্যাটারি, আইপি৬৯ আলটিমেট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিজট্যান্স এবং সারাদিনের স্মুথ পারফরম্যান্সের জন্য সুপারকুল ভিসি সিস্টেম সহ অপো এ৬’র যাত্রা শুরু হলো।
অপো এ৬’র দীর্ঘস্থায়ী পাওয়ারের মূল কেন্দ্র হলো এর সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ব্যবহারকারীদের অবাধ বিচরণ ও সবসময় কানেক্টেড থাকার নিশ্চয়তা দেয়। দীর্ঘ দিন ও দীর্ঘ রাতের জন্য ডিজাইন করা এই ব্যাটারি বাস্তব-বিশ্বে ব্যবহারের উপযোগী; এটি ২৯.৭৩ ঘন্টা পর্যন্ত একটানা ইউটিউব প্লেব্যাক ও ২৪ ঘন্টারও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ বা ইমো ভয়েস কলের নিশ্চয়তা দেয়। এটি ব্যবহারকারীদের চার্জিং পয়েন্ট খোঁজার পরিবর্তে অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দিতে সহায়তা করে। আর সেরা খবর হলো যে, অপো এ৬ দীর্ঘস্থায়িত্বের জন্য বিশেষভাবে তৈরি; ডিভাইসটি পাঁচ বছর স্বাভাবিক ব্যবহারের পরেও এর ব্যাটারি ৮০ শতাংশেরও বেশি সক্ষম থাকবে। অগণিত পরিকল্পনা, ধারণা ও অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে এটি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
অপো এ৬’র আইপি৬৯ রেটিং এই দীর্ঘস্থায়িত্বের মানকে আরও বাড়িয়ে তোলে, যা এটিকে এই ক্যাটাগরিতে সবচেয়ে স্থিতিস্থাপক ডিভাইসগুলোর মধ্যে একটি করে তুলেছে। এটি উচ্চচাপের পানির জেট, পানিতে ডোবা, গরম পানি বা প্রতিদিনের পানি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখে। এর ইউনিবডি মিড-ফ্রেম এবং মাইক্রোফোন ও স্পিকারকে সুরক্ষা-প্রদানকারী পানিরোধী ব্রেথেবল মেমব্রেন সহ প্রিসিশন সিল, অপো এ৬-কে দৈনন্দিন জীবনের ১৮ প্রকারের তরল, যেমন চা, কফি, দুধ, সাবান পানি ও এমনকি গরম ঝর্ণার পানি থেকেও সুরক্ষিত রাখতে পারে। সুরক্ষার এই স্তরটির অর্থ হলো অপো এ৬ অপ্রত্যাশিত পরিবেশের জন্য তৈরি, তা আকস্মিক বৃষ্টি হোক বা রান্নাঘরের সিঙ্কে অনিচ্ছাকৃত পানির ছিটা; যা আসলে ও’ ফ্যানস ফেস্টিভালের প্রাণবন্ত উৎসবে মনের শান্তি নিশ্চিত করে।
বাস্তব-বিশ্বের পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্য ব্যবহার নিশ্চিতে অপো এ৬-এ রয়েছে অপটিমাইজড টাচ চিপ অ্যালগরিদম ও স্প্ল্যাশ টাচ মোড, যা স্ক্রিনে পানি বা হালকা তেল থাকলেও এর স্মুথ অপারেশন নিশ্চিত করে। ডিভাইসটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের প্রয়োজনে অন্যান্য স্মার্টফোন বা ইয়ারবাডে চার্জ দেয়ার সুযোগ করে দেয়। যা অপো এ৬-কে একটি নির্ভরযোগ্য ব্যাকআপ পাওয়ার সোর্সে পরিণত করে। এদিকে, এর অনবদ্য ৩৯০০ বর্গমিলিমিটারের ভ্যাপর চেম্বার দিয়ে সজ্জিত সুপারকুল ভিসি সিস্টেম কার্যকর তাপ নিঃসরণ নিশ্চিত করে; ফলে এটি গেমিং, স্ট্রিমিং বা দ্রুত চার্জিংয়ের সময়ও স্মুথ পারফরম্যান্স বজায় রাখে।
অপো এ৬’র পারফরম্যান্সকে ট্রিনিটি ইঞ্জিন এবং ফুল-ডাইমেনশনাল সিন স্মুথনেস অপটিমাইজেশনের মাধ্যমে আরও উন্নত করা হয়েছে, যা ডিভাইসটিকে অপো ল্যাবের ৬০-মাসের ফ্লুয়েন্সি টেস্ট উত্তীর্ণ করতে সক্ষম করেছে। ডিভাইসটিতে কিউওই এআই স্মার্ট নেটওয়ার্ক সিলেকশনও রয়েছে, যা ভূগর্ভস্থ পার্কিং লট বা ভিড়যুক্ত জায়গার মতো দুর্বল নেটওয়ার্কের ক্ষেত্রেও সর্বোত্তম নেটওয়ার্ক নিশ্চিত করে; শক্তিশালী কল স্থায়িত্ব ও কম গেমিং ল্যাগ নিশ্চিত করে।
অপো এ৬-এ ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেখানে এআই ইরেজার ২.০-এর মতো সর্বাধুনিক এআইজিসি (এআই জেনারেটিভ কনটেন্ট) ফিচার ব্যবহার করে ছবির অবাঞ্ছিত বস্তু মুছে ফেলা যায়; এবং এআই ক্ল্যারিটি এনহ্যান্সারের মাধ্যমে ক্রপ করা ছবিগুলোর বিস্তারিত তথ্য পুনরুদ্ধার করা যায়। এর ডুয়েল-ভিউ ভিডিও ফিচার ব্যবহারকারীদের একই সময়ে ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, এই দুটি দিয়েই রেকর্ড করতে দেয়, যা কনটেন্ট তৈরিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬ আমাদের এ-সিরিজের যুগান্তকারী সংযোজন, যা নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়ী পাওয়ার নিশ্চিত করার জন্যই নিয়ে আসা হয়েছে। এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও আইপি৬৯ রেটিং ব্যবহারকারীদের সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়া ও সবসময় কানেক্টেড থাকা নিশ্চিত করে। এই উন্মোচন ও’ ফ্যানস ফেস্টিভালের সত্যিকারের চেতনা ‘পাওয়ার টু গো বিয়ন্ড’-কে প্রতিফলিত করে।”
অপো এ৬ অরোরা গোল্ড ও স্যাফায়ার ব্লু’র মতো অনন্য দুটি রঙে নিয়ে আসা হয়েছে। ডিভাইসটি দুইটি ভেরিয়েন্টে বাজারে এসেছে, অপো এ৬ (৬ জিবি + ১২৮ জিবি) যার দাম মাত্র ২৪,৯৯০ টাকা এবং অপো এ৬ (৮ জিবি+ ১২৮ জিবি) যার দাম মাত্র ২৬,৯৯০ টাকা।
যে সকল ক্রেতা অপো এ৬ প্রি-অর্ডার করছেন, তারা ও’ ফ্যানস ফেস্টিভাল লটারি অফারে অংশগ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও, মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, বাই ওয়ান গেট ওয়ান, অপো এনকো বাডস৩ প্রো, অপো ওয়াচ এক্স২, রুম হিটার বা প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য নিশ্চিত উপহার হিসেবে উইন্টার হুডি সহ নানান আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
আগামী ১০ ডিসেম্বর থেকে সারাদেশের সকল অফিসিয়াল অপো স্টোর ও অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে অপো এ৬। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের ওয়েবসাইট https://www.oppo.com/bd/smartphones/series-a/a6/ বা অপোর অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh ভিজিট করুন।



দুর্গাপুর সীমান্তে সক্রিয় পাচারচক্র, কুয়াশার আড়ালে চলছে গরু বানিজ্য

জহুরুল হক জনি, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বানিয়াটারী সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করছে এমন অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের কাছ থেকে।

এলাকাবাসীর দাবি, কুয়াশাচ্ছন্ন রাতকে সুযোগ হিসেবে নিয়ে একটি সংগঠিত চক্র সীমান্ত পেরিয়ে গরুর চালান নিয়ে আসছে এবং পরে সেগুলো লালমনিরহাটের বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াশা বাড়ার সঙ্গে সঙ্গে পাচারকারীরা আরও সক্রিয় হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ চক্রটি নিজেদেরকে বিজিবির সোর্স পরিচয়ে সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করে। স্থানীয়দের ভাষ্য, গরুর চালান আনার সময় তারা মাঝে মাঝে বিজিবিকে ২–১টি গরু দিয়ে সহযোগিতা নিলেও বাকি গরুগুলো বাজারে বিক্রি করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

অভিযোগে আরও উঠে এসেছে,

কাম্পেরটারী এলাকার মোঃ এপাছি ফারুক, দুর্গাপুরের মেডিকেল মোড় এলাকার মোঃ ঢ্যাম্প আশরাফুল, বানিয়াটারীর মোঃ নোচ্চা ফারুক (পিতা: মুক্তার) এবং কুটিবাড়ির মোঃ টেপু মিয়া এই চারজন দীর্ঘদিন ধরে এ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের দাবি।

তাদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেটটি সংগঠিতভাবে সীমান্ত পেরিয়ে গরুর চালান আনার কাজ পরিচালনা করে থাকে বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি দেখা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযোগের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, স্থানীয়রা পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো, রাতের টহল জোরদার করা ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন। তাদের মতে, পাচারকারীদের দৌরাত্ম্য কমাতে না পারলে সীমান্তের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়তে পারে।