৮ জেলায় হতে পারে ঝড়

ডেস্ক নিউজ : দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।




হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ২৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ হাজার ৫২২ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১১ হাজার ৭৫১ জন।

উল্লেখ্য, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৩৭ বলা হলেও আজ তা সংশোধন করে ৩৫ করা হয়েছে। বরগুনা জেলায় ভুলক্রমে দুজনের মৃত্যুকে নিশ্চিত হাম হিসেবে গণনা করা হয়েছিল বলে জানানো হয়।




আকাশসীমা আংশিক খুলে ছয় বিমানবন্দর চালু করলো ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্বাঞ্চলের আকাশসীমা সীমিত পরিসরে খুলে দেওয়ার পর ইরান ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালু করেছে। শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া মাশহাদ, বিরজান্দ, গোরগান এবং জাহেদান শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও পুনরায় কার্যক্রম শুরু করেছে।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানান, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বিমানবন্দরগুলোতে কার্যক্রম পুনরুদ্ধার করা হচ্ছে। ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।

তিনি আরও জানান, যাত্রীসেবা স্বাভাবিক রাখতে এবং দ্রুত ফ্লাইট পরিচালনা শুরু করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান।

শনিবার (১৮ এপ্রিল) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই সিদ্ধান্ত জানায়।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রাখায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবার কঠোরভাবে ইরানের হাতে নেওয়া হয়েছে। এখন এই জলপথ সশস্ত্র বাহিনীর নিবিড় তত্ত্বাবধানে থাকবে।

আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’।

বিবৃতিতে বলা হয়, ‘এই কারণে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে।’

এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র যতদিন না ইরান থেকে জাহাজগুলো স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে যাতায়াতের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা কঠোর নিয়ন্ত্রণে থাকবে এবং আগের মতোই থাকবে।’

এর কয়েক ঘণ্টা আগেই ইরান সতর্ক করে জানিয়েছিল, অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হবে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।’




ট্রাম্পের সব দাবিই ‘ভিত্তিহীন’ : ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের একের পর এক দাবির প্রতিক্রিয়ায় সব দাবিই ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছে তেহরান।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্রের এসব বক্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। তার ভাষায়, ‘মিথ্যার আশ্রয়ে তারা যুদ্ধে জিততে পারেনি, আলোচনাতেও সফল হবে না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অবরোধ পরিস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে না।

গালিবাফ আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্দিষ্ট রুট এবং ইরানের অনুমতির ওপর নির্ভর করবে। এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত হতে পারে না বলেও জোর দেন তিনি।

একই সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই-এর বক্তব্যে। তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যে অসঙ্গতি রয়েছে, যা তাদের ‘হতাশা ও দুর্বলতার’ ইঙ্গিত দেয়।

তার মতে, সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হয় না, বরং বাস্তব পরিস্থিতিই এখানে মুখ্য।

এদিকে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়ে ট্রাম্পের দাবি সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে তেহরান। মুখপাত্র বাঘাই স্পষ্ট করে বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে দেশের মাটির মতোই মূল্যবান। কোনো অবস্থাতেই এটি অন্যত্র সরানো হবে না।’

সূত্র : আল জাজিরা




পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫, যা হঠাৎ করেই বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৯৯ কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটি গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এই কম্পনের কারণে অনেক মানুষ ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নেন।

ইসলামাবাদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মালাকান্দ ও চারসাদ্দাসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। এছাড়া বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলাসহ আশপাশের এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গম অঞ্চলগুলো থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর আসে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির মাঝেই ইসরাইলের একটি শহরে হঠাৎ করে মৌমাছির বিশাল ঝাঁক দেখা দেওয়ায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। দক্ষিণাঞ্চলীয় শহর নেতিভতের একটি শপিং সেন্টার ঘিরে হাজার হাজার মৌমাছি আকাশ ঢেকে ফেললে মুহূর্তেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে।

গত বুধবার এই ঘটনায় পুরো এলাকার জনজীবন স্থবির হয়ে পড়ে। বাইরে থাকা মানুষ আতঙ্কিত হয়ে আশ্রয় খুঁজতে থাকে, আর ঘরের ভেতরে থাকা বাসিন্দারাও চরম উদ্বেগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যস্ত সড়ক থেকে শুরু করে বাড়ির বারান্দা পর্যন্ত সব জায়গা দখল করে নেয় মৌমাছির ঝাঁক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, এর প্রভাব পড়ে সামরিক কার্যক্রমেও।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, একটি সামরিক বিমানের ইঞ্জিনে মৌমাছি ঢুকে পড়ায় এবং ডানায় আটকে থাকায় বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।

ঘটনাটি ঘিরে অনলাইনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ এটিকে ধর্মীয় ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছেন, আবার অনেকে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বও ছড়াচ্ছেন।

তবে বিজ্ঞানী ও কীটপতঙ্গ বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো পরিকল্পিত হামলা নয়। বরং প্রাকৃতিক কারণেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। তাদের মতে, প্রাকৃতিক আবাসস্থলের অভাব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌমাছিরা অনেক সময় শহরের দালান বা দেয়ালের ফাঁককে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়।




২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ

ডেস্ক নিউজঃ আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ২০২৫ সালে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।

শুক্রবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র বাবার বালোচ এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৫ সালে সাড়ে ছয় হাজারেরও বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মধ্যে প্রতি সাতজনে একজন নিখোঁজ বা মৃত বলে জানা গেছে, যা বিশ্বের যেকোনো প্রধান সমুদ্রপথের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার।

ইউএনএইচসিআরের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে এই পথে যাত্রা করা মানুষের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। এই ধারা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ এপ্রিলের মধ্যে ২ হাজার ৮০০ জনেরও বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রা করেছেন।

সাম্প্রতিক এক মর্মান্তিক ঘটনায় পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে। গত ২৬ মার্চ বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা আন্দামান সাগরে ডুবে যায়। এতে আনুমানিক ২৫০ জন নিখোঁজ হন। পরে ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ইউএনএইচসিআর জানিয়েছে, বেঁচে যাওয়া রোহিঙ্গাদের কাউন্সেলিং, চিকিৎসা ও মনোসামাজিক সহায়তা দেওয়া হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করা হচ্ছে।

মানব পাচার, শোষণ ও সমুদ্রে মৃত্যুর মতো ঝুঁকি থাকা সত্ত্বেও হাজার হাজার রোহিঙ্গা এই যাত্রা অব্যাহত রেখেছেন। সাধারণত অতিরিক্ত যাত্রীবোঝাই ও নিরাপত্তাহীন নৌকা বাংলাদেশর কক্সবাজার বা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ না থাকায় রোহিঙ্গারা বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন। চলমান সংঘাত, নিপীড়ন ও নাগরিকত্ব সংকট তাদের সামনে কোনো বাস্তব বিকল্প রাখছে না।

এদিকে তহবিল সংকটের কারণে বাংলাদেশে মানবিক সহায়তাও কমে গেছে। ক্যাম্পে অস্থিরতা, শিক্ষা ও জীবিকার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ইউএনএইচসিআর রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলা, নিরাপদ ও বৈধ পথ সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের মাধ্যমে জীবনরক্ষা ও মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বর্তমানে এই অঞ্চলে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। এর মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে আশ্রিত। ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনা মাত্র ৫৩ শতাংশ অর্থায়ন পাওয়ায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।




জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার

ডেস্ক নিউজঃ জামায়াতে ইসলামীর প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুবই ডিসিপ্লিন্ড, সবার সঙ্গে ভালো ব্যবহার করে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এদিন রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না।’

তিনি জামায়াতে ইসলামীর প্রশংসা করে বলেছেন, ‘জামায়াতে ইসলামী ভদ্র দল, সংসদে তারা খুবই ডিসিপ্লিন্ড, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। তারা পাশের লোকের সঙ্গেও কথা বলেন না। নিয়মকানন মেনে চলেন। একসময় তারা আমাদেরই মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করব, আপনারা ও বিএনপি মিলেমিশে চলবেন।’

স্পিকার আরও বলেন, তিনি সংবর্ধনা গ্রহণের জন্য নয়, বরং এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন।

তিনি বলেন, ‘ভোলা-৩ আসনের মানুষ সব সময় আমার পাশে থেকেছেন। তাদের ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ অবস্থানে পৌঁছেছি। এলাকার উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।’

তিনি বলেন, ‘স্পিকারের হয়তো প্রশাসনিক বিশাল কোনো ক্ষমতা নেই, কিন্তু এই পদের অনেক সম্মান আছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সম্মানের আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আমি স্পিকার হই আর যাই হই, দিনশেষে আমি আপনাদেরই সংসদ সদস্য।’

স্পিকার বলেন, ‘আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায়, অবিচার, লুটপাট ও সন্ত্রাস করলে কী ফলাফল হয়, তা তো দেখছেন। ছয়বারের এমপিকে ঘর থেকে বের হতে দেয়নি। তারা ভেবেছিল এভাবেই দিন যাবে। সে জন্যই আল্লাহর গজব তাদের ওপর পড়েছে।’ এ সময় তিনি ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে।

স্পিকার আরও বলেন, ‘যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, এই ঐক্য যেন আর না ভাঙে। এ ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে। তারা এসে এ দেশে আবারও আগের মতো লুণ্ঠনের রাজত্ব কায়েম করতে চাইবে। আমরা আর এ ধরনের বাংলাদেশ দেখতে চাই না; যেখানে মানুষ গুম হবে, ভয়ে থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না। এ অবস্থার অবসান চাই।’

ক্ষমতাসীন দল বিএনপির দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জনগণকে আশ্বস্ত করতে হবে যে, এটা আওয়ামী লীগ নয়। আমরা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করব না। আগামী দিনে স্থানীয় সরকার বা যেকোনো নির্বাচন হোক, আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব; যাতে করে আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন।’

অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, উপজেলা বিএনপি নেতা হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এতে রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।




সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

ডেস্ক নিউজঃ সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বক্তব্য আসতে পারে।

সংবাদ সম্মেলনে অংশ নিতে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।