জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন

আবহাওয়া ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা দেশে টেকসই পানি ব্যবস্থাপনা, নদী পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবিকা গঠনের লক্ষ্যে ১৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সোমবার সচিবালয়ে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় এই সিদ্ধান্ত হয়। 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগেরহাট, নওগাঁ, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায়- ‘প্রাকৃতিক সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি ও নিরাপদ পানির মাধ্যমে জলবায়ু সহনশীল পরিবেশ গঠন’-প্রকল্প গ্রহণ করা হয়েছে।

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াল নদী ও মির্জা মাহমুদ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলায় রজতরেখা নদী পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আলাই নদী ও যমুনা নদীর তীর সংরক্ষণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলার চরশাহী ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলায় টেকসই প্রযুক্তির মাধ্যমে সুপেয় পানি সরবরাহের প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। বাগেরহাট জেলার তিনটি উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে।

পটুয়াখালী জেলার গলাচিপা পৌর এলাকায় সোলার প্যানেল পাম্প হাউজ স্থাপন করে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পটুয়াখালী পৌর এলাকায় রিভার্স ওসমোসিস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় জনগণের জন্য পরিবেশবান্ধব বিকল্প জীবিকা সহায়তা প্রকল্প গৃহীত হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় নিরাপদ পানি সরবরাহ প্রকল্প নেওয়া হয়েছে। নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় খাল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প অনুমোদন করা হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সকল উপজেলায় নিরাপদ পানি সরবরাহের জন্য পৃথক তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

সভায় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকারের লক্ষ্য হলো জনগণকে নিরাপদ পানি সরবরাহ করা। তিনি আরো বলেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলীয়, পার্বত্য ও খরা-প্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে।

সভায় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি-উল-হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

ডেস্ক নিউজঃ রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার (১০ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস উইংয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিএমপি যৌথভাবে শহরজুড়ে অভিযান চালাচ্ছে, যাতে এই ‘জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতা’র সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা যায়।

সরকার জানিয়েছে, রাজধানীর সব গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মীয় সহাবস্থান, আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং লেখক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’র সীমানার ভেতরে ও বাইরে দুইটি ককটেল বিস্ফোরণ হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া ধানমণ্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমণ্ডি-৯ নম্বরের ইবনে সিনা হাসপাতালের সামনেও দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।




দূষিত শহরের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’

আবহাওয়া ডেস্কঃ বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে বায়ুদূষণের প্রকোপ। দীর্ঘদিন ধরেই দূষণে শীর্ষ অবস্থানে থাকা মেগাসিটি ঢাকার বাতাসও আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। কিছুদিন আগে সামান্য উন্নতি দেখা গেলেও গত কয়েক দিনে রাজধানীর বায়ুমান আবারও নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ২২২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। সংস্থাটির সূচকে এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ৭৭৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর (৪৮০), তৃতীয় স্থানে উজবেকিস্তানের তাশখন্দ (২৩১) এবং পঞ্চম স্থানে ভারতের কলকাতা, যার স্কোর ২০৩।

বায়ুমানের একিউআই সূচকে ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে গণ্য হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’, আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

এই পর্যায়ে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। একিউআই ৩০১ থেকে ৪০০ হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।




দফতর সম্পাদক মাহমুদ আলমের বাবা হাফেজ জাহাঙ্গীর আলমের ইন্তেকালে জাতীয় পার্টি চেয়ারম্যান- এর শোক বার্তা।

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলমের বাবা হাফেজ জাহাঙ্গীর আলম (৭৬) ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।”

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মরহুম জাহাঙ্গীর আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

পৃথক এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মরহুম জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ এশা জানাযা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।




“৩০ লাখ টাকার কাজে খরচ দুই কোটি ১৬ লাখ! রাজউক চেয়ারম্যানের সরকারি বাংলো সংস্কারে ভয়াবহ অনিয়ম”- তদন্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

এসএম বদরুল আলমঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানের সরকারি বাসভবন সংস্কারকাজে এক অত্যান্ত প্রকাশ্য অনিয়ম ঘটেছে—প্রথমে হিসাব করা হয় মাত্র ৩০ লাখ টাকায় হবে যে কাজ, শেষমেশ খরচ দাঁড়ায় দুই কোটি ১৬ লাখ টাকায়—প্রায় সাত গুণ বেশি। তদ্রূপ, দরপত্র আহ্বানের আগেই ৮০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে, আর প্রতিযোগিতা ও অনুমোদনের নিয়ম অমান্য করে কাজ শুরু হয়েছে। এই তথ্য পাওয়া গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়‑এর গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে।

এরই মধ্যে রাজউক‑এর নিজস্ব তদন্তের রিপোর্ট ঠিক উল্টো চিত্র দিচ্ছে: “কোনো অনিয়ম পাওয়া যায়নি” — এমন দাবি করা হয়েছে মাত্র এক সপ্তাহে। কিন্তু মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে স্পষ্ট করে জানিয়েছে, নকশা ও অনুমোদন ছাড়া কাজ হয়েছে, দরপত্র ছাড়াই কাজ শুরু হয়েছে এবং আর্থিক হিসাব অযৌক্তিকভাবে বড় হয়ে গেছে।

চেয়ারম্যানের সরকারি বাসভবনে। সংস্কারকাজের প্রাথমিক অনুমোদিত প্রকল্প মূল্য ছিল মাত্র ৩০ লাখ টাকা, কিন্তু শেষ বিল হয়েছে দুই কোটি ১৬ লাখ টাকা।

মূল তদন্তে উঠে এসেছে যে, মার্চ ২০২৪ সালে দরপত্র ছাড়াই কাজ শুরু হয়, তারপর ২০২৫ সালের জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়াজ ট্রেডার্স নামের একটি সংস্থাকে কাগজে–কলমে কাজ দেওয়া হয়েছে।

তদুপরি, প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় যোগ রয়েছে সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান (অব.), প্রধান নগর স্থপতি মোস্তাক আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাহাত মুসলেমীন।

চেয়ারম্যান বাংলোর সংস্কারকাজ ভালোভাবে নকশা না অনুসরণ করে, পরবর্তী ভবন নির্মাণের সুপারিশ যেসব প্রতিবেদন দিয়েছে, সেগুলো উপেক্ষা করা হয়েছে। প্রকৌশল বিভাগ প্রথমে প্রাক্কলন করেছে ৩০ লাখ টাকা, কিন্তু অর্থায়ন প্রক্রিয়া ভুল পথে গেছে।

এক সময়কার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কাইছার লিখিতভাবে নকশা ও অনুমোদনের কপি চেয়েছিলেন, কিন্তু চেয়ারম্যানের চাপ এবং ডেপুটি প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের স্বাক্ষর না থাকায় চিঠি প্রত্যাহার করা হয়েছে। এরপর অনুমোদিত প্রকল্পমূল্য বাড়িয়ে দুই কোটি ৮৫ লাখ হয়েছিল এবং শেষমেশ দুই কোটি ১৬ লাখ টাকায় ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে—কিন্তু তখন কাজের ৮০ শতাংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।

তদন্ত কমিটি কাজের গুণগতমান যাচাই ও ঠিকাদারকে পাওনা পরিশোধ করার সুপারিশ করেছিল, কিন্তু প্রকৃত দৃষ্টিতে মন্ত্রণালয় ও রাজউক প্রশাসনের দ্বারা কার্যকর উদ্যোগ দেখা যায়নি — শুধু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মো. আলম মোস্তফা জানিয়েছেন, এখনও পর্যন্ত তদন্ত সংক্রান্ত কোনো চিঠি বা নির্দেশনা মন্ত্রণালয় থেকে তারা পাননি।

পুরো ঘটনায় দেখা যাচ্ছে—দরপত্রের আগেই কাজ সম্পন্ন হওয়া, অনুমোদন ও নকশা ছাড়াই কাজ শুরু করা, আর খরচ সাত গুণ বাড়িয়ে দেওয়া—সব মিলিয়ে রাজউক যেন জবাবদিহিতার সংকটে নিমজ্জিত একটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে।

এই প্রতিবেদনের আলোকে বলা যায়—৩০ লাখ টাকার কাজ দুই কোটি টাকায় গিয়ে ঠেকে গেল, যে কাজ পুরোপুরি নিয়মানুগ হওয়ার কথা ছিল, তা হয়ে উঠল স্বার্থসিদ্ধি ও নিয়মবহির্ভূতের প্রতীক।




দুদক চিহ্নিত করলো সরকারি প্রকল্পে অনিয়ম, বিদ্যুৎ, জলবায়ু ও স্বাস্থ্যখাতে তদারকি বাড়ানো হচ্ছে

এসএম বদরুল আলমঃ দেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোতে অনিয়ম ও দুর্নীতির খবর মিলেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই তিন খাতে একাধিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে বিদ্যুৎ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন প্রকল্প এবং স্বাস্থ্যসেবা খাত অন্তর্ভুক্ত। কমিশন বলেছে, এ ধরনের উদ্যোগ জনসাধারণের স্বার্থে জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের আগ্রাবাদ ও হালিশহর অফিসে দুদক অভিযান চালিয়েছে। এ সময় তারা বিভিন্ন টেন্ডার ও কার্যাদেশের রেকর্ড পরীক্ষা করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতা, কোয়ালিটি কন্ট্রোল সনদ, ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার এবং ই‑জিপি কালো তালিকাভুক্তির তথ্য যাচাই করা হয়েছে। কর্মকর্তাদের সঙ্গে আলাপের মাধ্যমে সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করা হয়েছে।

ঢাকায় ঢাকা-মহাখালীতে অবস্থিত বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটি)-র কার্যালয়েও দুদকের একটি অভিযান পরিচালিত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, ৮৯টি প্রকল্পের মধ্যে মোট ২,১১০ কোটি টাকার প্রায় অর্ধেক অংশে অনিয়মের ছাপ রয়েছে। কমিশন জানিয়েছে, রাজনৈতিক প্রভাবের ভিত্তিতে কিছু প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হয়েছে এবং দায়িত্বশীলতার অভাবও দেখা গেছে।

স্বাস্থ্যখাতে, যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদক অভিযান চালিয়েছে। তারা ছদ্মবেশে হাসপাতালের সেবা ও সরবরাহ ব্যবস্থার তথ্য সংগ্রহ করেছে। অভিযানে দেখা গেছে, অ্যাম্বুলেন্স চালক অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, হাসপাতালের খাবারের মান ও পরিমাণে অসঙ্গতি রয়েছে, এবং স্যালাইন ও ওষুধ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালের কর্মকর্তা ও রোগীদের সঙ্গে আলাপের পর এই অভিযোগগুলো নিশ্চিত করা হয়েছে।

দুদক জানিয়েছে, অভিযানে পাওয়া তথ্য ও নথির ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে। কমিশন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা আরও স্বচ্ছ ও দায়িত্বশীল হবে।




স্কয়ার ফার্মাসিউটিক্যালসে অভিযোগ: পোল্ট্রির জন্য হার্বাল ওষুধের ডোজ কমিয়ে অবৈধ রিপ্যাকিং, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এসএম বদরুল আলমঃ দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোম্পানিটি সুইজারল্যান্ডভিত্তিক লাইফ সার্কেল নিউট্রিশন কোম্পানির তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” পণ্যের ডোজ কমিয়ে এবং অবৈধভাবে রিপ্যাকিং করে বাজারজাত করেছে।

পোল্ট্রি খামারগুলো দাবি করেছে, তারা গত চার বছর ধরে এই পণ্য ব্যবহার করছে। কিন্তু অভিযোগে বলা হয়েছে, ডোজ কমানোর কারণে খামারে পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়েছে এবং উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। খামার মালিকদের বক্তব্যে বলা হয়েছে, এ ধরনের প্রতারণা অব্যাহত থাকলে অ্যান্টিবায়োটিক-রহিত ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনের উদ্যোগ বিপন্ন হবে এবং পোল্ট্রি মাংসের মাধ্যমে ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ডোজ কমানো বা ভেজাল উপাদান ব্যবহারের ফলে প্রাণীর শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ব্যাকটেরিয়া ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী হয়ে ওঠে, যা মানুষের খাদ্যচক্র ও স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

এই ঘটনায় আগামী ১৫ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগের প্রমাণাদি উপস্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর পণ্য দেশ-বিদেশে সমান জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ওষুধের মান, প্যাকেজিং ও আমদানির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় এই অভিযোগ প্রকাশ পেয়েছে।




ইন্দুরকানীতে চেয়ারম্যানের অভিযোগ: হামলা-অপহরণচেষ্টা ও অপপ্রচারের শিকার দাবি শাহীন হাওলাদারের

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার নিজের জীবনের ওপর হামলা অপহরণচেষ্টা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ছাত্রজীবনে তিনি জিয়ানগর উপজেলা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শ্রমিক দলের জিয়ানগর উপজেলা সভাপতি ছিলেন। ২০০৯ সালে বিএনপি প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে এলাকার উন্নয়নের স্বার্থে ২০১৯ সালে জেপি (মঞ্জু) দলে যোগ দেন এবং ২০২১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
শাহীনের অভিযোগ, গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে খুলনা যাওয়ার পথে পিরোজপুর শহরের বড় পুল এলাকায় বালিপাড়া ইউনিয়নের আব্দুল হক মুন্সির ছেলে জাকারিয়া হোসেন মুন্সি ও তার সহযোগীরা তার গাড়ির পথরোধ করে। তারা তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে এবং তার কাছে থাকা দুইটি আইফোন ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর কিছুক্ষণ পর জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ থানায় উপস্থিত হয়। এরপর উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয় এবং ভবিষ্যতে জাকারিয়া তার সাথে এই ধরনের আর কোনো আচরণ করবে না কিংবা চাঁদা দাবি করবে না বলেও প্রতিশ্রুতি দেয়।
তবে বিষয়টি সমাধান হওয়ার পরও বর্তমানে বিভিন্ন মাধ্যমে জাকারিয়া তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন শাহীন।
এছাড়া শুক্রবার জাকারিয়া একটি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে সম্পূর্ণ উল্টো ও মিথ্যা অভিযোগ এনে নিজের অপরাধ আড়াল করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত দাবি শাহিনের। জাকারিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পশ্চিম বালিপাড়া গ্রামের মোঃ জাকারিয়া হোসেন মুন্সী বলেন, শাহিন হোসেন জাতীয় পার্টি (মঞ্জু)–এর জিয়ানগর উপজেলা আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। ফ্যাসিবাদের দোসর শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।  আমার বিরুদ্ধে তার আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন এবং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু উপস্থিত ছিলেন।



ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার কল্যাণ সমিত মতবিনিময় সভা২০২৫

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার  কল্যাণ সমিতি মতবিনিময় আয়োজন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তিশালী-সেবা-মনস্ক ও স্বচ্ছ সংগঠন গড়ে তুলতে পরিকল্পনা উপস্থাপন ভান্ডারিয়া কল্যাণ সমিতি,ঢাকা’র উদ্যোগে আয়োজিত ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন টিপু বলেছেন, ভান্ডারিয়া কল্যাণ সমিতি,ঢাকা কখনোই কোনো প্রকার চাঁদাবাজি, কিংবা কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া বা কোনো ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়নি। এটি সর্বদা কল্যাণ, সততা ও সামাজিক মর্যাদার পথে পরিচালিত একটি সংগঠন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী, সেবা-মনস্ক ও স্বচ্ছ সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে উপস্থিত পেশাজীবিদের উদ্দেশ্যে সংগঠনের আগামীদিনের পরিকল্পনা তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ঢাকায় সংগঠনের জন্য স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, ভান্ডারিয়ার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহ দিতে একটি বৃত্তি তহবিল গঠন, অসহায় ও দরিদ্রদের জন্য চিকিৎসা সহায়তা ফান্ড গঠন, ঢাকায় বসবাসরত ভান্ডারিয়ার কৃতী ব্যক্তিত্বদের সংক্ষিপ্ত জীবনীসহ একটি ডিরেক্টরি/গ্রন্থ প্রকাশ, ভান্ডারিয়ার অসহায় পরিবারের পুনর্বাসন, শিড়্গাবৃত্তি বা পেশাগত প্রশিড়্গণ, চিকিৎসা সহায়তার জন্য একটি জাকাত ফান্ড গঠন, ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু, চিকিৎসার জন্য আগত অসহায় ও দরিদ্র ভান্ডারিয়ার বাসিন্দাদের অস্থায়ী আবাসনের জন্য একটি “শেল্টার হোম” নির্মাণ, ছাত্রছাত্রী ও তরম্নণ প্রজন্মের মেধা বিকাশে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন, শিক্ষা সমাপ্তির পর তরম্নণদের এসএমই ব্যবসা,বিদেশ গমন ইত্যাদি কর্মমুখী করে তুলতে একটি স্কিল ডেভেলপমেন্ট সেল গঠনের কথা তুলে ধরে সকলের সহযোগিতা ও সম্পৃক্ততা কামনা করেন।

ধানমন্ডির স্টার কাবাব এ্যন্ড হেটেল এ অনুষ্ঠিত মতাবানময় সভা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল আমিন বিন হাসিম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জনাব আবুয়াল হোসেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব এ টি এম নাছির, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব হায়দার আলী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ আবদুর রহমান সরদার,দৈনিক ইত্তেফাক এর চীফ এ্যাকাউন্টেন্ট গোলাম আক্তার বেলাল,সিনিয়র আইনজীবী জনাব এ বি এম বায়েজিদ হোসেন, চিকিৎসক ডাঃ গোলাম ফারম্নক,সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নাজমুস সাআদাত,ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিজাইন এ্যান্ড সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড.তরিকুল ইসলাম,জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব খলিলুর রহমান খলিল, ভান্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আলিমুজ্জামান হীরম্ন।

ইসলামী কমার্শিয়াল ইন্সুইরেন্স পিএলসি এর এ্যাসিস্টান্ট ম্যানেজিং ডিরেক্টর জনাব কামাল খান,বাংলালিংক এমপ্লইজ ইউনিয়ন সভাপতি গোলাম মাহমুদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদুল আলম, শিক্ষক ও কবি সালমা আহমেদ হীরা ও ঢাকাস্থ ভান্ডারিয়া সোসাইটির (ডিবিএস) এর আহবায়ক সাখাওয়াত হোসেন দুলাল প্রমূখ। সংগঠনের সাবেক সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মরহুম হাবিবুর রহমানসহ বিভিন্ন সময়ে ইšেত্মকাল করা ব্যাক্তিদের রম্নহের মাগফেরাত কামনায় বিশেষ দুআ ও মোনাজাত করা হয়।




রাঙ্গুনিয়ায় সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় হেমন্তকাল কবিতা উৎসব ও পিঠা উৎসব-২০২৫

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ হেমন্তের কোমল রোদ, শীতের আগমনী বার্তা আর সাহিত্যপ্রেমীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী গুমাইবিলে রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় হেমন্তকাল কবিতা উৎসব ও পিঠা উৎসব-২০২৫।
উৎসবে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রজন্মের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা। কবিতা পাঠ, সংগীত, পিঠা উৎসব ও কবিতা প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি কবি পারভীন আক্তার এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহী মুহাম্মদ ইলিয়াছ।
আলোচনা পর্বে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা মাস্টার মুহাম্মদ সেলিম, রহিম উদ্দিন সিকদার, সমিরণ বড়ুয়া, পুষ্প বড়ুয়া,পরিষদের পক্ষে  আব্দুল কাইয়ুম, মোরশেদ আলম, সাংবাদিক মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, শান্ত বড়ুয়া আপন, নাছিমা আক্তার শিল্পী, সাদিয়া সেলিম, সানজিদা আক্তার লিজা, রুমি আক্তার, শেখ রায়হান আকাশ, সুজয় বড়ুয়া, ও জাহেদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সাহিত্য চর্চা একটি সমাজের সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। কবিতা, গান ও গল্পের মাধ্যমে মানুষ নিজেকে ও সমাজকে নতুনভাবে চিনে। রাঙ্গুনিয়ার তরুণ কবি ও লেখকদের মধ্যে এই আয়োজন নব উদ্দীপনা যোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় কবিদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন গ্রামীণ স্বাদের পিঠা প্রদর্শনী দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
হেমন্তকাল কবিতা প্রতিযোগিতায় প্রথম কবি ও শিক্ষক নোমান জাভিদ তালুকদার, দ্বিতীয় কবি নাছিমা আকতার শিল্পী, তৃতীয় কবি সুজয় বড়ুয়া এবং শিশুদের মধ্যে কবিতা পাঠ করে পুরষ্কার পান আয়শা সিদ্দিকা জান্নাত। অতিথিরা বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
স্থানীয় সাহিত্যপ্রেমীদের মতে, এই আয়োজন রাঙ্গুনিয়ার সংস্কৃতি ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে সাহিত্য অনুরাগে উদ্বুদ্ধ করবে।