২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ একদিনের সরকারি সফরে আগামী ২০ এপ্রিল (সোমবার) বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনসহ জেলার বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সফরসূচি অনুযায়ী, ওইদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন তিনি।

এদিন বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুরস্থ চৌকিরদহ খালে খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দুপুরের পর প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় সময় কাটাবেন। বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও বিরতি শেষে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করবেন। এটি একটি পূর্ণাঙ্গ সরকারি সফর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।




হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না

ডেস্ক নিউজঃ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ইরান। দেশটি জানিয়েছে, বাংলাদেশি কোনো জাহাজ আর সেখানে আটকানো হবে না।

রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব যেন দেশের বাজারে না পড়ে, সে জন্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বর্তমানে কোনো সংকট নেই। পাশাপাশি, হরমুজ প্রণালিতে যদি কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকে, সেগুলোও ছেড়ে দেওয়া হবে বলে ইরান আশ্বাস দিয়েছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কূটনৈতিক সংকটের সমাধান অবশ্যই আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। অন্যথায় এর নেতিবাচক প্রভাব বিশ্বব্যাপী পড়বে। বাংলাদেশ চায়, দ্রুত সংলাপের মাধ্যমে একটি কার্যকর সমাধান ও সিদ্ধান্তে পৌঁছানো হোক।

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি জানান, লেবাননে বাংলাদেশ মিশনে কর্মরতদের মধ্যে কিছুজন ঝুঁকির মধ্যে রয়েছেন। সেখানে নিহত এক বাংলাদেশি নারীর মরদেহ দেশে ফেরাতে কিছুটা সময় লাগতে পারে, তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এছাড়া, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানান তিনি এবং এ বিষয়ে গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন।




দেশজুড়ে তাপপ্রবাহের বিস্তৃতি অব্যাহত থাকার আভাস

আবহাওয়া ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বিস্তৃত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিন অর্থাৎ ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার পাশাপাশি নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

তাপপ্রবাহের তীব্রতার মধ্যেই দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আগে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া ১৬ এপ্রিল দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পূর্বাভাসের তৃতীয় দিন থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করতে পারে। বর্তমানে রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ২৯ শতাংশ, যা শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত দেয়। সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। ৫ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস আরও উল্লেখ করেছে যে, তাপপ্রবাহের কারণে জনজীবনে কিছুটা অস্বস্তি দেখা দিতে পারে, বিশেষ করে খুলনা ও রাজশাহী বিভাগে যেখানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ সক্রিয় রয়েছে। তবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের বৃষ্টি কৃষিকাজের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী নতুন সতর্কবার্তা জারি করা হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।




প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তি (৫জি) বিস্তারে কাজ করতে আগ্রহী।

সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।




সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, বরং এটি রাষ্ট্রের এক অমূল্য সম্পদ। 

রোববার (১২ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর এক বিশেষ দরবারে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের বিষয়ে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান এবং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে প্রশাসনিক অচলাবস্থা নিরসনে এই বাহিনী যে অসাধারণ ভূমিকা পালন করেছে, তা দেশপ্রেমিক জনগণকে আশান্বিত করেছে।

তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছিল এবং সেই বিয়োগান্তক ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে তাঁর সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গত দেড় দশকের শাসন ও শোষণের সময় সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার যে অপচেষ্টা চালানো হয়েছে, তার সমালোচনা করে তিনি বাহিনীকে জনআস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা সেনানিবাসের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

দরবারে প্রধানমন্ত্রী গত আগস্ট পরবর্তী সময় থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তি রক্ষায় এই বাহিনীর অবদান বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

পরিশেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে দল-মতের ঊর্ধ্বে থেকে দেশপ্রেমকে ধারণ করার এবং দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি সততা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে জনগণের আস্থা অটুট রেখে কাজ করার জন্য সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই বিশেষ দরবারে ঢাকা সেনানিবাসের সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরের বিভিন্ন সেনানিবাসের সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন।




নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ

ডেস্ক নিউজঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের বাণী সম্বলিত বাংলা নববর্ষের বিশেষ ক্রোড়পত্র বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হবে।

আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও ছায়ানট। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতি বছরের ন্যায় পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’র আয়োজন করবে। শোভাযাত্রায় এ বছরের প্রতিবাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। অনুষ্ঠানগুলো সব সরকারি-বেসরকারি টেলিভিশন, রেডিও, বাণিজ্যিক রেডিও ও কমিউনিটি রেডিওতে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্তৃক বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী নববর্ষের মেলা, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানমালার আয়োজন করা হবে।

সেইসঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ২০ এপ্রিল থেকে ১৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আয়োজন করা হবে।

নববর্ষ উপলক্ষ্যে সব কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী খাবার সরবরাহের ব্যবস্থা ও শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সব জাদুঘর ও প্রত্নস্থান সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে। শিশু-কিশোর, ছাত্রছাত্রী প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ থাকবে। প্রতিটি জেলা ও উপজেলায় পহেলা বৈশাখে ‘বৈশাখী শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

জেলা শহর ও সব উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা ও শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এছাড়া, উপজেলা প্রশাসন প্রতিটি ইউনিয়নে ‘বৈশাখী শোভাযাত্রা’ আয়োজনসহ বাংলা নববর্ষ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সব শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অথবা কেন্দ্র বা অ্যাকাডেমিগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করবে।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন ও ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক সংলগ্ন সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসা সেবাকেন্দ্র, প্রয়োজনীয় সংখ্যক টয়লেট স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবে।

জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানসহ জেলা-উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।




সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিয়ে বসুন্ধরায় ‘আপন হেলথ কেয়ার লিঃ’ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : “স্বাস্থ্য সচেতন হোন- আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য”এই স্লোগানকে ধারণ করে *APON HEALTHCARE LTD*, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ-ব্লকের প্রাইম লোকেশনে যাত্রা শুরু করলো বিশ্বমানের স্বাস্থ্যসেবার আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান “আপন হেলথ কেয়ার লিমিটেড”।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় তিনি আপন হেলথ কেয়ারের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। দেশের স্বনামধন্য চিকিৎসক, খ্যাতনামা ব্যবসায়ী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিনিধিদের উপস্থিতিতে আপন হেলথ কেয়ার লিমিটেড এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহির রায়হান বসুন্ধরা গ্রুপের (টিবিজি) এমডি আহমেদ ইব্রাহিম সোবহান ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কে নিয়ে ‘আপন হেলথ কেয়ার লিমিটেড’ এর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রতিষ্ঠানটির বিস্তারিত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন আপন হেলথ কেয়ার লিমিটেডের উপদেষ্টা এম এম মাসুমুজ্জামান। আপন হেলথ কেয়ারের চেয়ারম্যান তার বক্তব্যে বলেন-

“মানব সেবা এবং সঠিক নির্ভুল রোগ নির্ণয় তথা স্বাস্থ্য সেবার উদ্দেশ্য নিয়ে আজ আপন হেলথ কেয়ার লিমিটেড এর যাত্রা শুরু করতে পেরে আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমার উদ্দেশ্য ব্যবসা নয়। সঠিক রোগ নির্ণয় তথা সুচিকিৎসার ব্যবস্থাসহ সর্ব সাধারণের জন্য সহজ ও নিরাপদ এবং হাতের নাগালে যেন সকল চিকিৎসা সেবা পায় সেই ব্যাবস্থা করা।”

প্রতিষ্ঠানের উপদেষ্টা মাসুমুজ্জান বলেন,

“এখানে স্বল্প মূল্যে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা হবে ইনশাল্লাহ। দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ততায় থাকছে চিকিৎসা ব্যবস্থা পত্র। আমাদের আধুনিক ল্যাবে দুই-লেয়ার মেশিন থাকছে। এতে করে আমরা সঠিক টেস্ট রেজাল্ট নির্ধারণ করতে পারবো। আমাদের এই সেন্টারে দেশের বাইরে যেভাবে চিকিৎসা সেবা দেয়া হয় তাই আমরা সুনিশ্চিত করতে চাচ্ছি। যাতে করে রোগীদের চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাওয়ার প্রবণতা কমে আসে। এবং আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করছি যে,খুব শিগগিরই আমাদের নতুন ইউনিট চালু হবে ইনশাল্লাহ। সেখানে থাকবে ডেন্টাল, আই এস্হেটিক ও ফিজিওথেরাপি ইউনিট। ডে-কেয়ার কেমোথেরাপি সেন্টার এবং ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। আপনারা জেনে আরো খুশি হবেন যে  আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছি এবং বিনামূল্যে হোম স্যাম্পল কালেকশনের সুযোগ থাকবে।”

এমএম মাসুদুজ্জামান আরো বলেন,

“সবার দোয়া ও সহযোগিতা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই ‘আপন হেলথ কেয়ার লিমিটেড’ এর চিকিৎসা সেবার পরিধি আরো সম্প্রসারণ করা হবে। ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা এবং সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল আলাদা সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। আমাদের বিশেষ কিছু পরিকল্পনার মধ্যে ডে-কেয়ার ডায়ালাইসিস সেন্টার এবং সচেতনতা বৃদ্ধিতে ফ্রি-ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে গরিব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ।”

ছবি ক্যাপশন : আপন হেলথ কেয়ার লিমিটেড’ এর কার্যক্রম উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।




যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বড় কোনো অগ্রগতির প্রত্যাশা না থাকলেও কিছু ইতিবাচক দিক সামনে এসেছে, যা ভবিষ্যতের জন্য আশার ইঙ্গিত দিচ্ছে।

ডনের এক সম্পাদকীয়তে বলা হয়েছে, আলোচনার শুরু হওয়াটাই একটি গুরুত্বপূর্ণ সাফল্য। উভয় পক্ষ ইতোমধ্যে লিখিত খসড়া বিনিময় করেছে, যা কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।

খবরে বলা হয়েছে, ইসরায়েল লেবাননে তাদের হামলা কমাতে পারে এবং যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্তির সম্ভাবনাও রয়েছে। তবে হরমুজ প্রণালির মতো জটিল ইস্যুগুলো এখনো অমীমাংসিত থাকায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের টানাপোড়েন চলছে। এই দীর্ঘ সংকট স্বল্প সময়ে সমাধান সম্ভব নয় এবং পারস্পরিক আস্থা তৈরিতে সময় লাগবে।

বিশেষ করে গত ফেব্রুয়ারিতে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে—এমন ধারণা আস্থার সংকটকে আরও গভীর করেছে।

তবে বিশ্লেষণে বলা হয়েছে, গভীর মতপার্থক্য থাকলেও একটি প্রাথমিক চুক্তির সম্ভাবনা রয়েছে। শাসনব্যবস্থা পরিবর্তনের আলোচনা বন্ধ রাখা এবং ইরানের জনগণের ওপর রাজনৈতিক সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের মতো ইস্যুগুলো সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সমাধান হওয়া উচিত বলেও মত দেওয়া হয়েছে।

পারমাণবিক ইস্যুতেও সমাধানের সম্ভাবনা রয়েছে। ওমানের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি হয়েছিল বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র যদি সম্মানজনক অবস্থান নেয়, তবে ইরানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া আসতে পারে।

তবে সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল এবং ওয়াশিংটনের অভ্যন্তরে তাদের প্রভাবশালী লবি। এই প্রভাব কমানো না গেলে সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতোমধ্যে জানিয়েছেন, আলোচনা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থামবে না।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বড় প্রশ্ন—তারা কি ইসরায়েলের প্রভাবিত পথে এগোবে, নাকি ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে।

বিশ্লেষণে সতর্ক করে বলা হয়েছে, প্রথম পথটি অঞ্চলকে আরও একটি বড় সংঘাতে ঠেলে দিতে পারে। তবে ইতোমধ্যে যে কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে, তা এগিয়ে নেওয়ার সুযোগ এখনো রয়েছে।




সপরিবার মঞ্চনাটক দেখলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে মঞ্চনাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে তাঁরা শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মহিলা সমিতিতে অবস্থানকালে আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে এসেছেন। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী এখানে এসেছেন। এখন তাঁরা নাটক দেখছেন।’

এদিকে প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে মিলনায়তনে থাকা শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্ন অনুভূতির সৃষ্টি হয় বলে উল্লেখ করেন অতিরিক্ত প্রেস সচিব।

এর আগে ৩ এপ্রিল মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় সীমান্ত সম্ভার সিনেমা হলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন সন্ধ্যায় প্রজেক্ট হেইল মেরি সিনেমা দেখেন তাঁরা।

এবার বেইলি রোডে মহিলা সমিতির মিলনায়তনে হঠাৎ সরকারপ্রধানের আগমনে শিশুশিল্পীসহ দর্শকদের হকচকিত হতে দেখা যায়। কাছ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দেখে অনেককে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে যখন মঞ্চে ওঠেন, তখন পুরো মিলনায়তনের দর্শকেরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘বিনোদনের জন্য নাটক দেখতে নয়, মূলত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা শিশুশিল্পীদের উৎসাহ দিতেই এখানে এসেছেন। প্রধানমন্ত্রী পরে শিশুশিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।’




টানা ৫ দিন বৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।